শাহিন রিজভির চারটি কবিতা
আমরা পাখি আমরা স্বাধীন সত্য কণ্ঠস্বর আমরা মরি আমরাই বাঁচি আমরা জাতিস্মর
জাতিস্মর
কিচ্ছা হোনো ভাই
মলম দিয়া চোখে
কান্দনের দরকার নাই
পদ্মা মেঘনার জল যমুনারে কয়
পোয়াতি নারীর নাই কোনো ভয়
জোয়ারের জলে আইবো সময়
চিৎকার দিয়া শিশু জন্ম যখন লয়
কে দিবো বাঁধা কে দিবো আশা
কে করিবে শাসন।
আসন হইবো মাটির পরাণ
পিরান হইবো নদী
সাধ্য থাকে যদি দেখাও দেখি
কোন ক্ষমতায় আনবা বিধান
বিধির পায়ে শিকল দিয়া
ভাতের ঋণ সোধ দিতে যদি চাও
কালেরে সাক্ষী করো কসম তুমি খাও।
কিচ্ছা এখন শোনো
উড়াল দিয়া বাজ পূর্ব থিকা পশ্চিমে বান্ধে ঘর
কাদাজলে ফোড়া হইয়া জাগলো শহর।
কার জমিজমা কে চইষা খায়
কিসের তাড়নায় বাঁধা পড়ে পাখির ভাষায়
কবজিতে আছে জোর কণ্ঠে সমুদ্দুর
নেতাইয়া পরা লাউয়ের ডগায় তবু
বাজে নিয়তির বিরহের সূর।
দিন যায় রাত্রি কাটে কিসের যেনো ভয়
পশ্চিমের বাজ তাই করে মনে যাহা লয়
মহুয়া মলুয়া কমলা সুন্দরী চন্দ্রাবতীর ঘর
কঙ্কাবতী বিলাসমনি বেহুলা লক্ষ্মিন্দর
বিতারিত সমাজপতি নিজদেশে বনবাস
কান্দে বাতাস গাছগাছালি কান্দে নীলাকাশ ।
পাখি তার অদৃশ্য খাঁচা ভাঙতে যখন চায়
বাজের ঠোঁটের রক্ত নেশায় বিদ্যুৎ চমকায়
ওঠে ঝড় পশ্চিমের সূর্য ডোবে যায় ঠিক
হাজার পাখি মরে নারীর উদরে জমে কিট
কেউ করে হাহাকার কেউ আত্মদান
কেউ হয় ঘরহারা কেউ সহে অপমান।
বাতাস হালকা হয় বুক থেকে পাহাড় সরে যায়
ধানের চারা হেসে ওঠে পাখির কণ্ঠে গান পুনরায়।
আজানের ধ্বনি সুমধুর শুনি ঢাক বাজে মন্দিরে
গির্জার ঘন্টা ভরায় মনটা আহা কত সুখ অন্তরে
বুদ্ধের বাণী নিশ্চিন্তে জেগে ওঠে প্যাগোডায়
এক মাটি এক জাতি একই জল দরিয়ায়
পুরানো জমিনে নতুন জীবন দুঃখের অবসান
তবু এ কোন্ ভয়ে বুকের জমিন হয় শুনশান
পাখিদের জীবন করে শাসন পূর্ব কি পশ্চিমায়
ফারাক বিহীন বাজের ধরন কৌশল বদলায়
আমরা পাখি আমরা স্বাধীন সত্য কণ্ঠস্বর
আমরা মরি আমরাই বাঁচি আমরা জাতিস্মর
আমার প্রথম প্রেম
লাল রঙ খুব প্রিয় তার
নখের আঙ্গিনাজুড়ে ওঠে লাল রোদ
কপালে রক্তিম সূর্য
ঠোঁটে লাল নদী খেলা করে।
কোনো এক বর্ষায় তাকে প্রথম দেখি
সে তো নিরব ঝিলে পদ্ম বিলাস
জলের শরীরে মিশে আছে নীলের আকাশ
সেই প্রথম আমার ইচ্ছে হয়েছিল চাঁদ হতে
জোৎস্না চাদরে ঢেকে রাখি তারে
সোনা রঙ মৌনতায় রাত জেগে থাকি
অন্তরে রক্তের কোলাহল
নির্ঘুমে আঁকি স্বপ্নের বেলাভূমি।
সেই আমার প্রথম প্রেম
লিখতে শুরু করি পহেলা প্রেম পদাবলী
যতো স্বচ্ছতায় থাকে জল
যতো কষ্ট থাকে মাটির পাঁজরে
যতো মায়ায় আকাশ কেঁদে ওঠে
যতো দৃঢ়তায় পাহাড়ের গায় হীম নেমে আসে
তার সবটুকু দিয়ে বাগান সাজাই
প্রজাপতি মনে ফোটে ইন্দ্রধনু ফুল।
লালগুলো গাঢ় হতে হতে কালো হয়ে যায়
শ্যামের বাঁশরি বাজে লাল দরিয়ায়
প্রেম পদ্যে ভেসে ওঠে বিরহের গান
আমি জেনে গেছি
বিরহ আমার প্রথম প্রেমের নাম।
ভূমিদাস
চলো একবার ঘুরে আসি
না, সুউচ্চ পাহাড়ের চূড়ায় নয়
সেখানে বারবার আমাকে ছোট হতে হয়
ভীষণ লজ্জায় মিশে যাই রক্তের গহীনে
আহত বর্ষায় সাঁতার কাটে আদিমতার ঢল
সেখানে আমার পৃথিবী ফ্যাকাশে ম্লান।
ওখানে যাবো না আমি
আদিবাসী মেয়েটির নথে দোলে কাল
মহাকাল পেরিয়ে বিভীষিকার দেবতা আমি
কুণ্ডলি পাকিয়ে আছি রাসভারী এক অজগর।
আমি ঘুরে বেড়াতে চাই পৃথিবীর সমস্ত কোনায়
কোজাগরী রাত আর মলিন সন্ধ্যায়
নিস্পাপ সেই কুটিরে যেখানে তন্দ্রায়
কুপির পুরাণ আলোয় আমার জন্ম হয়
কোথায় সেই গ্রাম স্বচ্ছ কুটির
যার গা ঘেঁষে কখনো কোনো নদী ছিলো না
উঠোনে ছিলো না কোনো ধানের উল্লাস
হুতুম আর শেয়ালের ডাকে ভরে নাই রাত
আমার কানে বাজে নাই কোনোদিন বৃষ্টির গান।
কোথায় নিয়ে যাচ্ছো আমাকে
ভেবেছো আমি অন্ধ পথিক বুঝি না দিকবিদিক
পথের অচেনা গন্ধ ঠিক চিনে নিতে পারি
বুকের ভেতর পূর্বপুরুষের খড়মের ধ্বনি বাজে
আমি খুঁজে নিতে চাই জননীর কন্ঠস্বর
পিতা আর প্রপিতামহের বলিষ্ঠ নগর
যেখানে একদিন জন্মেছিলো একটি মাতৃভূমি।
কেউ যদি পারো প্রজন্মের হাতে তুলে দাও
কবিতার বই, পুরাণের পুঁথি, আপন সংস্কৃতি
জলের রঙ দিয়ে পবিত্র করো ইতিহাস
চলো একবার ঘুরে আসি
ঘোরে অঘোরে অবচেতন চেতনার ঘরে
আঁধারের মিছিলে দাঁড়াই নক্ষত্রের সাথে
স্বাক্ষর রেখে বলবো দৃঢ়তায়
আমি দায়বদ্ধহীন স্বপ্নের ভূমিদাস।
সত্যি ভুলে যাবো
কথা ছিলো ভুলে যাবো
তোমাকে ভুলবার অভিনয় করে
ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি
নিঃশ্বাসের গতিবেগ বেড়ে গেছে
ভরেছে স্মৃতির সাদাকালো নোটবুক।
কখনো কোথাও যদি দেখি
বাতাসে উড়ছে কারো শাড়ির আঁচল
নিথর মেঘের কথা মনে পড়ে
গুটিকয় মৌমাছি বসে হলুদ খাঁচায়
মনে পড়ে যায় কাটিয়েছি কতো রাত
শুভ্র চাঁদের আশায়।
ঘনিষ্ঠ থাকার সময়গুলো হাততালি দেয়
অতীতের ঘুণপোকা হাঁটে পথিকের সাথে
তোমাকে ভুলবার সরল পথে রাত নেমে আসে
পেঁচাদের চোখে জেগে থাকে আমার সময়।
কখনো কোথাও যদি গাঢ় বৃষ্টি নামে
জলের উজান স্রোতে ছুটে যায় মন
তোমার আঙুলের অলিগলি খোঁজে
কোনো এক বলিষ্ঠ যুবকের সাদামাটা চোখ।
আমরা কি উদাসীন
প্রেমহীন প্রেমের পাটাতনে শুয়ে
আকাশ দেখিনি কোনদিন
আমাদের প্রতিশ্রুতি ঘিরে যে ভুলের জঞ্জাল
তাকে যতটা চিনে নিতে পেরেছি
তার চেয়ে অধিক অচেনা রয়ে গেছো তুমি।
ভুলে যাবো একদিন ঠিক ভুলে যাবো
ভুলে যাবার অভিনয় করে করে
সিদ্ধহস্তে লিখবো তোমার নাম।
