অনুবাদ ও পুরস্কার
অথচ আমাদের দেশে, স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এটা নিয়ে নেই কোনো সুষ্ঠু পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক কর্মতৎপরতা।
ইতোমধ্যে অনেকেই হয়ত জেনে গেছেন এবছর অনুবাদের জন্য আমাকে বাংলা একাডেমি সাহিত্য-পুরস্কার দেওয়া হয়েছে। গত বছরও বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন থেকে অনুবাদের জন্য আমাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছিল। আমি অনুবাদ করছি চল্লিশ বছরেরও অধিককাল ধরে। এপর্যন্ত একক ও সম্পাদনা মিলিয়ে আমার মোট আঠারোটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে আমার অনুবাদকর্ম বিষয়ে সংশ্লিষ্ট মহলে একধরনের আস্থা, গ্রহণযোগ্যতা ও নির্ভরতার বোধ তৈরি হয়েছে এরই মধ্যে। বোদ্ধাজনের এই নিশ্চিন্তি ও নিশ্চয়তার বোধটুকুই আসলে এ পুরস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও মর্যাদার বিষয়টি তো রয়েছেই। সবমিলিয়ে, জাতির বাংলা একাডেমি প্রবর্তিত দেশের সর্বোচ্চ সাহিত্য-পুরস্কার হিসেবে বিবেচিত এই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হতে পারাটা যে গভীরতর এক আনন্দের বিষয় সেকথা বলাই বাহুল্য।
এছাড়া এর একটা সামাজিক দিকও রয়েছে। আমার এই পুরস্কারপ্রাপ্তির পর গত কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে, দূরালাপনীতে ও সামাজিক মাধ্যমে নবীন-প্রবীণ নির্বিশেষে সমাজের সর্বস্তর থেকে যেভাবে আনন্দপ্রকাশ ও অভিনন্দন জ্ঞাপনের পালা চলছে, তাতে করে এর সামাজিক অনুষঙ্গটি সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে আমার সামনে। অর্থাৎ একটি পুরস্কারের সঙ্গে যখন গণমানুষের নিজস্ব মূল্যায়ন, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার জায়গাটি মিলে যায়, তখন সেটি আর নিছক কোনো একটি প্রতিষ্ঠানের স্বীকৃতি কিংবা একজন ব্যক্তিবিশেষের প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেটি তখন সামাজিক উদযাপনের বিষয় হয়ে ওঠে, যা পুরস্কার প্রদান ও প্রাপ্তির মতো একটি পার্থিব ও বৈষয়িক ঘটনার অবয়বে ভিন্নতর এক আত্মিক ও অপার্থিব ঐশ্বর্য যোগ করে। আর সেখানেই নিহিত এই পুরস্কারের আসল মাহাত্ম্য।
আমার ক্ষেত্রে অবশ্য এর একটি ব্যক্তিগত ও পারিবারিক মাত্রাও রয়েছে। আমার পাঠকদের অনেকেই হয়ত জানেন, আমি দেশের সর্বশ্রেষ্ঠ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটের প্রাক্তন ছাত্র। উচ্চশিক্ষা ও প্রকৌশল-পেশায় কর্মসূত্রে দীর্ঘদিন উত্তর আমেরিকায় প্রবাসজীবন যাপন করেছি। তারপর একদিন সব ছেড়েছুড়ে ঘরের ছেলে ঘরে ফিরে এসে, বৈষয়িক জীবনের যাবতীয় মোহ ও আকর্ষণ উপেক্ষা করে পূর্ণকালীন শিল্প-সাহিত্যের সাধনায় নিজেকে নিমগ্ন রেখেছি। এতে করে স্বাভাবিকভাবেই কিছু হতাশা ও বিরূপ প্রতিক্রিয়ার জন্ম হয়েছে ঘরে ও বাইরে। পরিবারের সদস্যরা কষ্ট পেয়েছেন স্বেচ্ছায় এই সাদামাটা, জৌলুসহীন কষ্টসাধ্য জীবন বেছে নেওয়াতে; সমাজে সুপ্রতিষ্ঠিত আমার ক্যাডেট ও প্রকৌশলী বন্ধুরা হয়ত আড়ালে আফসোস করেছেন আমার নির্বুদ্ধিতার জন্য, আর একেবারে অচেনা কিংবা অল্পচেনা মানুষজন তো স্রেফ উন্মাদই ঠাওরেছেন। তবু আমি আমার লক্ষ্য ও স্বপ্ন থেকে বিচ্যুত হইনি বিন্দুমাত্র, অবিচল নিষ্ঠায় দাঁতে দাঁত চেপে বছরের পর বছর ধরে চালিয়ে গেছি সুকঠিন, ও প্রায়শই ধন্যবাদহীন, এই নিরানন্দ অনুবাদের কাজটি। অবশেষে এই পুরস্কার ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিঃসন্দেহে পরিবারের সদস্যদের পরিতাপ লাঘব ও আত্মীয়বন্ধুদের হতাশা দূর করতে কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সে যাক, সবশেষে যে বিষয়টিকে ঘিরে এই আয়োজন আর এত কথা, সেই অনুবাদ বিষয়ে বলি। অনুবাদ, তা সেটা বিদেশি থেকে বাংলা ভাষায় কিংবা বাংলা থেকে বিদেশি ভাষাতেই হোক, একটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশ, তার সৃষ্টিশীলতার উন্মেষ, সার্বিক উন্নয়ন ও ভাবমূর্তি প্রতিষ্ঠার অন্যতম চালিকাশক্তি। অথচ আমাদের দেশে, স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এটা নিয়ে নেই কোনো সুষ্ঠু পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক কর্মতৎপরতা। যতটুকু কাজ হচ্ছে তার প্রায় পুরোটাই ব্যক্তিগত উদ্যোগে ও বেসরকারি পরিসরে। সেখানেও নেই কোনো সুদূরপ্রসারী লক্ষ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের চর্চা। বিশেষ করে বাংলা সাহিত্যকে সুষ্ঠু অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক পাঠক সম্প্রদায়ের কাছে ও বৈশ্বিক বাজারে পৌঁছে দেওয়ার কাজটা তো এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সম্প্রতি লন্ডন থেকে প্রকাশিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশের পঞ্চাশজন নারীকবির কবিতার ইংরেজি অনুবাদ সংকলন Arise out of the Lock সম্পাদনা করতে গিয়ে এই সত্যটি আরও প্রবলভাবে অনুভব করেছি। বিদেশে বাংলাসাহিত্য ও দক্ষিণ এশীয় সাহিত্যের বেশ ভালোরকম চাহিদা ও একটি সম্ভাবনাময় বাজার থাকা সত্ত্বেও আমরা যে সেটাকে কাজে লাগাতে পারছি না কিছুতেই, এটি নিঃসন্দেহে একটি জাতিগত লজ্জার বিষয়। এই ব্যর্থতার অপনোদন আর শূন্যতামোচনে আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক্ষেত্রে যতটা পারি অবদান রাখতে চাই। নিজে সাধ্যমতো বাংলাসাহিত্যের ইংরেজি অনুবাদের পাশাপাশি, অন্যদেরকেও এই কাজে উৎসাহিত করা এবং তাঁদের অনূদিত মানসম্পন্ন রচনাকে দেশেবিদেশে প্রকাশ ও পরিবেশনার ক্ষেত্রে যথাসম্ভব কার্যকর ভূমিকা পালনের ষোলোআনা ইচ্ছা ও আগ্রহ রয়েছে আমার। সব মিলিয়ে, এই স্বীকৃতি ও পুরস্কার আমার ওপর যে বাড়তি দায়িত্ব অর্পণ করেছে, তার পরিপালনে আমি ব্যক্তিগতভাবে যথাসাধ্য সচেষ্ট, সক্রিয় ও অধিকতর তৎপর হবার একটি দুর্মর তাগিদ অনুভব করছি নিজের ভেতরে। তার সর্বোচ্চ বাস্তবায়নে সবার সহযোগিতা ও শুভকামনার প্রত্যাশী আমি।
