অচেনা ও অগ্রন্থিত অন্য ওয়ালীউল্লাহ
দেশে ও বিদেশে অবস্থানকালীন আলোকচিত্র যেমন ওয়ালীউল্লাহর জীবনের সামগ্রিক আলেখ্য তুলে ধরেছে, তেমনি ইতিপূর্বে অপ্রকাশিত ও অগ্রন্থিত লেখাচূর্ণ, সরকারী ও ব্যক্তিগত চিঠিপত্র, সম্পাদকীয় নমুনা, নিজের লেখার অনুবাদের নমুনা, নিজের আঁকা চিত্রকর্ম, তার ও অন্যদের তোলা আলোকচিত্রসহ আরও নানান বিষয়ও যুক্ত হয়েছে এই এলবামে।
সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন বাংলা ভাষার প্রধানতম লেখকদের মধ্যে স্বপ্লপ্রজ কিন্তু অসামান্য অন্তর্দৃষ্টিসম্পন্ন ও প্রভাবশালী। একটি জাতি ও তার সাংস্কৃতিক স্বভাবচরিত্রকে যতটা নির্ভুল ও শৈল্পিক সাফল্যে তিনি তুলে ধরেছেন ততটা সমসাময়িক, এমনকি পরের প্রজন্মের লেখকরাও করতে পেরেছেন কিনা সন্দেহ। বিশেষ করে এই ভূখণ্ডের বাঙালি মুসলমান সমাজের চরিত্র ও তাদের মনোজগতকে যতটা গভীরভাবে চিনেছিলেন, ততটা আর কোনো মুসলমান লেখকই তা পারেননি। তার এই চেনার মধ্যে বিন্দুমাত্র গলদ ছিল না। বরং দ্রষ্টা ও স্রষ্টার এক সফল ভূমিকায় তিনি আবির্ভূত হয়েছিলেন তার কথাসাহিত্যে। দস্তয়েভস্কি সম্পর্কে কোনো এক লেখায় হোর্হে লুইস বোর্হেস বলেছিলেন: “ স্লাভ আত্মার গোলকধাঁধার মাঝে ওর মতো আর কেউই প্রবেশ করতে পারেনি।” মুসলিম জনগোষ্ঠীর আত্মার গোলকধাঁধায় প্রবেশের ক্ষেত্রেও সৈয়দ ওয়ালীউল্লাহর সাফল্যও ছিল দস্তয়েভস্কির মতোই। একথা মোটেই অত্যুক্তি হবে না যে তিনিই মুসলমান লেখকদের মধ্যে সত্যিকার অর্থে প্রথম আন্তর্জাতিক মানের কথাসাহিত্যিক। তবে ওয়ালীউল্লাহর মনোযোগ কেবল মুসলমান সমাজেই নিবদ্ধ ছিল না, হিন্দু মুসলিম নির্বিশেষে গোটা বাংলার অভিন্ন আত্মার সন্ধানেও তার সফল ভূমিকা ছিল চোখে পড়ার মতোই। তার লেখায় পাশ্চাত্যের আধুনিক শিল্পপ্রকরণের আত্মীকরণ যেমন ফলপ্রসূ হয়ে উঠেছিল, তেমনি উপন্যাস ও ছোটগল্পে বিষয়বস্তুর নির্বাচনেও ছিল অভিনবত্ব।
গত বছর ছিল বাংলা ভাষার মহান লেখকের জন্মশতবর্ষ। আর গতকালই ছিল তার জন্মদিন। তাকে নিয়ে ইতিমধ্যে অসংখ্য প্রবন্ধ আর গবেষণা হলেও, তার গোটা জীবনের প্রামাণ্য চিত্রসম্বলিত কোনো গ্রন্থ ছিল না। গত বছরের ফেব্রুয়ারিতে অধ্যাপক, প্রাবন্ধিক ও অনুবাদক সামসাদ মর্তূজার তত্ত্বাবধানে সেই অভাবটি পূরণ হয়েছে Syed Waliullah: My Husband as I Saw Him নামক অসাধারণ এক গ্রন্থ প্রকাশের মাধ্যমে। শিরোনাম দেখে বুঝা যাচ্ছে বইটি তার স্ত্রী এ্যান মারি ওয়ালীউল্লাহ কর্তৃক রচিত। তবে এর সম্পাদনায় যুক্ত আছেন তাদেরই দুই সন্তান সিমিন এবং ইরাজ ওয়ালীউল্লাহ। বইটির চরিত্র সম্পর্কে আভাস দিতে গিয়ে মুখবন্ধে সম্পাদকদ্বয় জানিয়েছেন: “ তার মৃত্যুর অর্ধশতক পেরিয়ে যাওয়ার পর এই এলবামের প্রকাশে শেষ পর্যন্ত লেখকের জীবনের অদৃশ্য ও অন্তরঙ্গ এক উন্মোচন ঘটলো। আর এটা ঘটেছে আলোকচিত্র, পাণ্ডুলিপি, চিত্রশিল্প এবং চিঠিপত্রের মাধ্যমে।” তবে এটি কেবল উল্লেখিত জিনিসগুলোর সমন্বয়ে এক নির্বাক এলবাম নয়, এতে প্রতিটি ছবির সূত্রে যুক্ত হয়েছে ওয়ালীউল্লাহর বিদুষী স্ত্রী এ্যান মারির ভাষ্য। আমাদের নিশ্চয়ই মনে পড়বে যে এ্যান মারি এর আগে তার স্বামীকে নিয়ে আমার স্বামী ওয়ালি বলে একটি বই ইংরেজিতে লিখেছিলেন যার বাংলা তর্জমা করেছিলেন শিবব্রত বর্মণ। মনে হতে পারে এই এলবামের ভাষ্য হয়তো সেই বইয়েরই প্রতিধ্বনি। মোটেই তা নয়। এই বইয়ের নতুনত্ব তার আলোকচিত্রে এবং তাদের ভাষ্যে। বইটিকে আকর্ষণীয় করে তুলেছে সিমিনের শৈল্পিক নির্দেশনা। ছবি নির্বাচন ও তার বিন্যাসে সিমিনের শিল্পবোধ যেমন এই বইটিতে প্রস্ফূটিত, তেমনি এক লেখকের গোটা জীবনের প্রবাহকে তিনি যত্নের সাথে তুলে ধরেছেন।
দেশে ও বিদেশে অবস্থানকালীন আলোকচিত্র যেমন ওয়ালীউল্লাহর জীবনের সামগ্রিক আলেখ্য তুলে ধরেছে, তেমনি ইতিপূর্বে অপ্রকাশিত ও অগ্রন্থিত লেখাচূর্ণ, সরকারী ও ব্যক্তিগত চিঠিপত্র, সম্পাদকীয় নমুনা, নিজের লেখার অনুবাদের নমুনা, নিজের আঁকা চিত্রকর্ম, তার ও অন্যদের তোলা আলোকচিত্রসহ আরও নানান বিষয়ও যুক্ত হয়েছে এই এলবামে।
এক কথায়, এই বইটি অন্তরঙ্গভাবে অন্তরালের অন্য এক ওয়ালীউল্লাহকে জানতে সাহায্য করবে। বইটিতে লেখকের জীবনপঞ্জী এবং গ্রন্থপঞ্জী যুক্ত হওয়ায় এর আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে।
এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় হচ্ছে অধ্যাপক ও অনুবাদ সামসাদ মর্তূজার সুলিখিত ভূমিকা। চার পৃষ্ঠার দীর্ঘ ভূমিকায় সামসাদ ওয়ালীউল্লাহ ও তার স্ত্রীর সাথে পরিচয় থেকে শুরু করে লেখকের জীবনের সামগ্রিক কর্মকাণ্ড ও সাংসারিক জীবনের চিত্রটিকে সংক্ষেপে কিন্তু ভাষিক ও বর্ণনার মুন্সিয়ানায় তুলে ধরেছেন। তাদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার পাশাপাশি লেখক ওয়ালীউল্লাহর সাহিত্যিক এবং চাকুরী জীবনের ঘটনাগুলো এমনভাবে বিনুনির সুষমায় বুনে দিয়েছেন যে লেখাটি সৈয়দ ওয়ালীউল্লাহকে এক নজরে পাঠকের কাছে অন্তরঙ্গ করে তুলবে। ওয়ালীউল্লাহকে তার সামগ্রিক গুরুত্বে তুলে ধরতে গিয়ে তিনি বিশ্ব এবং ভারতীয় রাজনৈতিক ও ঐতিহাসিক পটভূমিকে অনিবার্য ধরে নিয়ে এগিয়েছেন। বর্ণনা কখনো কখনো হয়ে উঠেছে উপমামধুর। একটা ছোট্ট উদাহরণ দেয়া যাক তার ভূমিকা থেকে। আলোচ্য বইটির চারিত্র নির্দেশ করতে গিয়ে তিনি বলেছেন: "My Husband as I Saw Him is woven together like a pearl necklace: each pearl is conditioned by the juice of life and love before being contained in shells of memory." সামসাদ মর্তূজা ভাষিক সৌকর্যে এই ভূমিকাটিকেও একটি মুক্তা করে তুলেছেন। এই এলবাম বাংলা ভাষার প্রভাবশালী এক লেখকের অমূল্য দলিল হয়ে উঠেছে। যদি কখনো ওয়ালীউল্লাহর পূর্ণাঙ্গ জীবনী রচিত হয়, তখন এই বইটি হয়ে উঠবে প্রধান এক উৎস।
সৈয়দ ওয়ালীউল্লাহকে নিয়ে এরকম একটি গুরুত্বপূর্ণ বই আমাদেরকে উপহার দিয়েছে নিম্ফিয়া পাবলিকেন্স প্রকাশনী। বইটির একটি বাংলা সংস্করণ হলে এটি আরও বেশি পাঠকের কাছে পৌঁছুতে পারবে। এই বইয়ের প্রস্তুতি ও শৈল্পিক বিন্যাসের জন্য লেখকের দুই সন্তান সিমিন ও ইরাজকে কৃতজ্ঞতা জানাই। ওয়ালীউল্লাহর প্রয়াত স্ত্রী এ্যান মারির কাছেও আমাদের ঋণ ও কৃতজ্ঞতা কম নয় এই বইয়ে ব্যবহৃত প্রতিটি আলোকচিত্রের ভাষ্য তৈরি করার জন্য। বইটির সুন্দর প্রচ্ছদ পরিকল্পনা করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। সুমুদ্রিত এই বইটির মূল্য ১৫০০ টাকা।
