সেলিম জাহানের স্মৃতিকথা, রক্তে ফোটা টাটকা জুঁই
তার গদ্যের ভাষা যেন দূর পাহাড়ের ঝিরি, কান পাতলেই আগ্রহীরা তা শুনতে পায়।
বিশ্ববিদ্যালয় জীবনের শেষদিকে আমার একটা সময় কাটতো কেন্দ্রীয় পাঠাগারের পুরনো পত্রিকার আর্কাইভে। শেলফ থেকে কয়েক যুগের ধুলোজমা মলিন পত্রিকার সাহিত্য সাময়িকী বা ম্যাগাজিন টেনে টেনে টেবিলে রেখে মুছে পড়তাম। সেখানেই ১৯৯৭ সালের ১৩ জানুয়ারিতে ছাপানো দৈনিক সংবাদের সাময়িকীতে ‘মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি’ নামে একটা লেখা পড়ি, চারকোলে আঁকা শিরোনামে লেখার সঙ্গে অলঙ্করণ হিসেবে ব্যবহার করা হয়েছে পাবলো পিকাসোর ‘টু উইমেন’ শিল্পকর্মটি। প্রবন্ধের লেখক ‘সেলিম জাহান’।
মানুষটি কে? অনেক আগ্রহ নিয়ে গুগল করি। দেখি তিনি একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। অর্থনীতির ছাত্র হয়ে এমন কৃতি মানুষকে কারও সাহায্য ছাড়া নিজেই খুঁজে পেয়ে বড় আনন্দ হলো। এমন করে আরও পুরনো পত্রিকায় তার আরও লেখা চোখে পড়তে লাগলো- ‘বঙ্গবন্ধুর কৃষি ও সমবায় চিন্তা’, ‘কবিতার ভবিষ্যৎ’ ও ‘রবীন্দ্রনাথের অর্থনীতি-চিন্তা’ ইত্যাদি। আর্কাইভে যখন পড়তাম প্রচুর নোট নিতাম, অনেক লেখা আমি মোবাইল ক্যামেরায় ছবি তুলে নিতাম। শার্সিতে স্বদেশের মুখ কিংবা অর্থনীতির কড়চাসহ অনলাইনে স্যারের বেশকিছু বইয়ের খোঁজ পাই। ফেইসবুকে (স্যারের ভাষায় ‘অবয়বপত্র’) স্যারকে খুঁজে পেলে তিনি আমাকে তার বন্ধু-তালিকায় যুক্ত করে নেন, আর তার স্মৃতিকথাগুলো পড়ার সুযোগ করে দেন। আমি আমার পাঠমুগ্ধতার কথা অকপটে তাকে জানিয়েছি। আজকাল মানুষ সংকোচে, নিজ পেশায় হারিয়ে গিয়ে কিংবা নানা প্রপাগান্ডার ভয়ে প্রশংসাকৃপণ হয়ে যায়। কিন্তু এমন কিছু ব্যাপার আছে প্রশংসা করতে না পারলে দমবন্ধ লাগে। আবার প্রকৃত সারস বাহবা না পেলে সমাজও নিঃশ্বাস নিতে পারে না। স্যারের অনেক বই-ই এখন আমার সংগ্রহে আছে, তেমনই একটি বই বেলা-অবেলার কথা ।
বইটির অনেক লেখার একটা সংস্করণ আমার আগেই ফেইসবুকে পড়া, তারপর সেই লেখাগুলো বই আকারে প্রকাশিত হওয়ার পর একবার পড়েছি। বইটি ব্যাগে নিয়ে কয়েকবার ভ্রমণে গিয়েছি, পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে গেছি। আমার বালিশের কাছে ছিল অনেকদিন। কিন্তু এবার বইটি নিয়ে কিছু লিখবো বলে আরও একবার পুরোটা পড়লাম। প্রতিবারই নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, যেন একই বই ভিন্ন তিনজন পাঠক পড়লো। স্যার লিখেছেন ‘একই পথে দুবার হাঁটা যায় না’, কিন্তু একই বই তো বারবার পাঠ করা যায়! কেন যায়? আজ মূলত সে আলোচনাই করবো। বইয়ের পৃষ্ঠায় পেন্সিলে দাগ দেওয়া এবং মার্জিনের ফাঁকা জায়গায় আমার তাৎক্ষণিক অনুভূতি লেখা ছাড়া আমি বই পড়তে পারি না, সঙ্গে একটা পেন্সিল শার্পনারও থাকে। যে বইয়ে যত বেশি আন্ডারলাইন পড়েছে, বুঝতে হবে সেটা আমার বেশি ভালো লেগেছে। আমার কাছে থাকা বেলা-অবেলার কথা বইটির পৃষ্ঠা উল্টালে বোঝা যাবে শস্যের প্রার্থনায় আমি নবীন কৃষক কতোটা মাটি খুঁড়েছি।
১৮৩ পৃষ্ঠার এ বইটিকে পাঁচটি ভাগে সাজানো হয়েছে- ‘স্মৃতি-কণা’, ‘চিন্তা-ভেতনা’, ‘সময়-সমাজ’, ‘স্বদেশ-বিদেশ’ ও ‘শ্রদ্ধা-তর্পণ’। বুকে ধরা বইটি যেন টিউনড গিটার হয়ে বেজে চলে। কারণ বোধ করি লেখকের সঙ্গে আমার প্রায় অভিন্ন তারুণ্য। তিনি যা-ই লিখেন আমি যেন তার সঙ্গে ঐক্য বোধ করি। একের পর এক তার নৈতিক অখণ্ডতার কিসসা, ব্যক্তিগত স্মৃতির গণ্ডি অতিক্রম করে পরিণত হয় সমাজ-সম্পদে। তার স্ত্রী বেনু, দুই মেয়ে রোদেলা ও মেখলা, শঙ্করমঠ বিদ্যালয় কিংবা বরিশাল জিলা স্কুল, পাড়াতো বোন নাজমা আপা, সহপাঠী রাখালের বোন লুতুদি, ফরাসি সহকর্মী সোফি, মস্কোর ক্যাফেতে বাংলাদেশি তরুণের প্রেমেপড়া নাম না জানা তরুণী, প্রেমিক টমকে হারানো কিশোরী কার্লা, বন্ধু রফিক, বরিশাল শহরে প্রতিবেশী অনিতাদি কিংবা নোয়াখালীর চাচাতো বোন হালিমা বুবুর স্মৃতিকথাগুলো যেন ছোট্ট পাখির খসে পড়া পালকের মতো মনের কোটরে উড়ে চলে, ঝরা পাতা হয়ে মাটিকে ভয়হীন স্পর্শ করে। প্রতিটা গল্প এক নিঃশ্বাসে পড়ে চুপ হয়ে যাই। অনেকক্ষণ নীরবতার পর জীবনের সঙ্গে নিজের বোঝাপড়া শেষে পরের গল্প পড়া শুরু করি। মানব উন্নয়নের সিদ্ধ অর্থনীতিবিদ সেলিম জাহান, তিনি মানুষকে ভালোবাসেন এমন করে যেন কোনদিন আহত হননি। তার গদ্যের ভাষা যেন দূর পাহাড়ের ঝিরি, কান পাতলেই আগ্রহীরা তা শুনতে পায়। ‘স্মৃতি-কণায়’ থাকা ২৭টি স্মৃতিকথার মধ্যে বেশকিছু যেন মৌলিক গল্প হয়ে ওঠার দাবি রাখে। এছাড়া ‘লাঙা বস্তি: এ কোথায় এলাম?’, ‘চিলির মা’ কিংবা ‘আমার সতীর্থ পারুল’ এমন অসংখ্য গল্প তীরের মতো এসে বুকে বিঁধে থাকে।
আমি সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে যা পড়ি তা হচ্ছে পুরনো ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সলিমুল্লাহ হল, অর্থনীতি বিভাগ এবং শিক্ষকদের নিয়ে স্যারের স্মৃতিকথাগুলো। নৈকট্য অনুভব করি। পলাশী থেকে শহীদ মিনার কিংবা বকশিবাজারের দিকে শিরিষগাছে ছাওয়া রাস্তাটা আমাদেরও তো কতো চেনা! আমরাও স্যারের মতো রাতের ঢাকা দেখতে রিকশায় বেরিয়ে পড়তাম, পূর্ণিমা রাতে বুড়িগঙ্গায় নৌকা ভাড়া করে জলে ভেসে ভেসে চাঁদ দেখতে চলে যেতাম সোয়ারীঘাট, তারপর ভোররাতে নাজিরাবাজারে গুর্দা-রুটি ও চা খেয়ে তবেই সার্জেন্ট জহুরুল হক হলে ফিরতাম। সত্যি কথা, স্যারের বইটা পড়ার মাঝেই উতলা হয়ে আমি দুইদিন ক্যাম্পাসে ছুটে গিয়েছি। গিয়েছি সলিমুল্লাহ হলে, স্যার যেখানে থাকতেন সেই ৩৩ নাম্বার রুমের সামনেও।
কলাভবনে সাবেক অর্থনীতি বিভাগের সামনে গিয়ে যেন খুঁজেছি অধ্যাপক মুশাররফ হুসেন, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক ফারুক আখতার চৌধুরী কিংবা অধ্যাপক আজিজুর রহমানকেও। বিভাগের সামনের বারান্দায় ক্লাসের বিরতিতে বন্ধুদের সঙ্গে উচ্চস্বরে মুক্তা ঝরানো হাসিতে দেখা গেলো এক ছাত্রকে। ১৯৬৯ সালে ভর্তি হওয়া ছাত্র সেলিম জাহানও কি এমন করেই হাসতেন? লাইব্রেরির সামনে বারান্দায় আড্ডায়, লেকচার থিয়েটারের সিঁড়িতে, আমাদের সময়ের হাকিম চত্বর, টিএসএসির স্বপন মামার চায়ের দোকানে কিংবা জগন্নাথ হল ও শামসুন্নার হলের মাঝের রাস্তাটা ধরে হেঁটে যাওয়া সেলিম-বেনু যেন আমরাই। বিশ্ববিদ্যালয়ে অনিশ্চয়তার দিনগুলোতে শামসুন্নাহার হলের গেইটে গিয়ে আমি সিলভীর (বর্তমানে আমার স্ত্রী) অপেক্ষায় দাঁড়াতাম, তারপর সেখানে আইল্যান্ডে দুজন বসে থাকতাম। সেলিম স্যারের স্মৃতিকথা পড়ে রাতের নক্ষত্রের দিকে তাকিয়ে থাকা শিশুর মতো আমি তেমনই বিহ্বল হয়ে পড়ি।
বেলা-অবেলার কথা বইটির আরেকটি দিক হলো অল্প বয়সী নারী ও শিশুর বারবার উপস্থিতি, হাসি-কান্নামাখা সংবেদনশীল মনন ও হিউমার। বর্ণনায় ধরা দেয় ‘স্ট্রিম অফ কনসাসনেস’ বা মগ্নচৈতন্য। যেমন- স্যুপ খেতে গিয়ে মহিলার চিবুকে কয়েক ফোঁটা পড়া, কার্লা চলে যাওয়ার পথে দালানের আড়ালে তার নীল স্কার্টের আভাসটুকু দেখা যাওয়া, শিশুকে দুলিয়ে দুলিয়ে তার কান্না থামানোর চেষ্টায় তরুণী মা, বিড়ালের মতো বইয়ের গন্ধ শোঁকা, পুলের ওপর দাঁড়িয়ে জলে থুতু ফেলা, ঢেঁকিশাকের পেঁচানো শুঁড়ে ফড়িঙের উড়ে উড়ে বসা ও সরে যাওয়া, আলো পড়ে চিকচিক করা হালিমা বুবুর নাকের নথ, চলে আসার দিন বাড়ির প্রান্তসীমা পর্যন্ত বুবুর এগিয়ে আসা, লাল জামা পরা লেখককে বিয়ে করতে চাওয়া কোলের শিশু, পলাশী মোড়ে চা খেতে খেতে রিকশাচালকদের আলাপ শোনা কিংবা ট্রেনের সঙ্গে লাফিয়ে লাফিয়ে চলা সোনার থালার মতো সূর্যটা ইত্যাদি।
বইজুড়ে রয়েছেন অসংখ্য কবি-কথাসাহিত্যিক-দার্শনিক-অর্থনীতিবিদ, তাদের বইয়ের নাম ও বাণী। চাইলেই জ্ঞানের যে কোনো দিকে ছুটে যাওয়া যাবে। তাছাড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্যারের প্রবচনগুচ্ছ। যেমন- ‘কাজ দিয়ে সময়কে হনন করার চেষ্টা করো না’, ‘সব গল্প শেষ করা যায় না, সব গল্প শেষ করতে নেই’, ‘যে পথে এসেছি, সে পথে ফিরে যাওয়া যায় না’, ‘ডাকের (সম্বোধন) পেছনে মমতা থাকে, মায়া থাকে, স্মৃতি থাকে, ইতিহাস থাকে’, ‘জীবনের কোন কোন জিনিস আসলে হারিয়ে যায় না, তারা শুধু লুকিয়ে থাকে’, ‘সাপ খোলস বদলায় প্রতিবছর, মানুষ খোলস ধরে রাখে সারা জীবন’, ‘বাস্তবে মানুষের বয়স বাড়ে, কিন্তু ছবির মানুষের বয়সের কোন সীমানা নেই’, ‘মানুষে মানুষে যোগাযোগ বাড়ছে, কিন্তু সংযোগ কমে যাচ্ছে’, ‘যারা হারিয়ে গেছেন, কোন এক বিরাটের মধ্যে সম্ভবত তাদের অবস্থান ও গতি’, ‘গভীর দুঃখে কোন ময়লা নেই’, ‘যে জীবন শুধু নিয়েছে, কিন্তু কিছু দেয়নি, সেটা কি জীবন?’, ‘আমরা জীবিকাকেই জীবন বলে মনে করি। জীবিকা ভোগের, জীবন উপভোগের’, ‘একা থাকা মানেই একলা থাকা নয়’, ‘কীর্তি আর খ্যাতি মানুষকে একা রাখে না, একলা করে দেয়’, ‘প্রতীক্ষা এক জীবনে শেষ না-ও হতে পারে’, ‘প্রতিবাদ, প্রতিরোধ আর সংগ্রামের মাধ্যমেই সময়কে স্বপক্ষে আনতে হবে। আমরা সুস্থ, সুন্দর আর সৎ বোধদের তো বৃথা যেতে দিতে পারি না’, ‘ব্যক্তিগতভাবে আমরা তখনই নিরাপদ, যখন যে সামগ্রিক ব্যবস্থার মধ্যে আমরা আছি, সেটা নিরাপদ’, ‘দরিদ্ররা পা রাখার জায়গা পাচ্ছেন না, কারণ ধনাঢ্যরা গা রেখে দিয়েছেন’, ‘বুদ্ধিকে ব্যবহার করতে হবে নিছক জীবিকার জন্য নয়, বৃহত্তর জীবনের জন্য’, ‘কারও মুখে কোন কথা নেই, শুধু কিন্তু আমি জানি, প্রত্যেকের মনের মধ্যে প্রত্যেকে কথা বলছে’, ‘রাজনীতি একটি বিরাট শক্তি, যা মানুষের মঙ্গলের কাজে লাগানো যেতে পারে’ এবং ‘কবিতার ভবিষ্যৎ শুধু বিমূর্ত সাহিত্যের গতিধারা-নির্ভর হতে পারে না, একটি সমাজের আর্থসামাজিক বিবর্তনও সে ভবিষ্যৎ নির্ধারণের একটি নিয়ামক শক্তি বটে’ ইত্যাদি।
কেবল জন্মেই কি শুরু হয় মানুষের জীবন? জীবন তো প্রতিদিন শুরু নতুন নতুন বোধে। বুদ্ধির জড়তার বিপরীতে এমন জীবন-উদ্বোধনী বোধ বোনা আছে এ বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায়, যেন রক্তে ফোটা টাটকা জুঁই। স্যারের একটা কথা, “সব সময় বলতে শুনি, তরুণেরাই দেশের ভবিষ্যৎ। আমি বলি, তরুণদের জাতির বর্তমান করে দিন। আর যারা তরুণ নন, তারা একটু পেছনে সরে যান। তাহলে দেশের বর্তমানও ভালো হবে, ভবিষ্যৎ ভালো হবে।” কবি নির্ঝর নৈঃশব্দ্যের চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণে এ বইটিতে পাদটীকা এবং নির্ঘন্টের অভাববোধ করেছি। পরবর্তী সংস্করণে এগুলো যুক্ত হলে বিশেষ করে পরবর্তী প্রজন্ম উপকৃত হবে বলে মনে করি। অর্থনীতিবিদ সেলিম জাহান শুধু লেখক নন, আমাদের স্মৃতি ও সংগ্রামের অংশীদার। দীর্ঘদিন পরবাসে থেকেও তিনি পর হননি। আমরা যারা গাঁয়ের গন্ধ মেখে শহরে থাকি তারা অর্থনীতিবিদ সেলিম জাহানকে বিস্মিত দৃষ্টিতেই দেখবো।
