ঈদুল আজহা: আরবের দেশে দেশে
গ্রামের সব মানুষ নাস্তা খাবার জন্য এক জায়গায় জড়ো হয়। প্রত্যেকে কিছু না কিছু তৈরি করে আনে। সবাই মিলে মজা করে সেই খাবার খায়।
বছর ঘুরে আবার এসেছে ঈদুল আজহা। এ উৎসব কেবল আনন্দের নয়, উৎসর্গেরও। স্বপ্নাদেশপ্রাপ্ত হয়ে নিজের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গের উদ্যোগ নিয়েছিলেন ইব্রাহিম (আঃ)। সেই বস্তুটি ছিল পুত্র ইসমাইল (আঃ)। আল্লাহর নির্দেশে ইসমাইলের জায়গায় কুরবানি হয়ে গেল এক দুম্বা। সেই থেকে সারাবিশ্বের মুসলিম খোদার নামে পশু কুরবানি দিয়ে আসছে। দেশে দেশে, কালে কালে নানা আচার-অনুষ্ঠানে পালিত হয় ঈদুল আজহা। ইসলামের জন্মস্থল আরবভূমি নানা দেশে বিভক্ত। প্রতিটি দেশেই ঈদুল আজহা উদযাপনে নিজস্ব সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। একেক দেশের আর্থ-সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য নানারূপে প্রতিভাত হয় ঈদ উদযাপনে।
শুরু করি সভ্যতার পীঠস্থান ইরাককে দিয়ে। ইরাকিদের ঈদুল আজহা উদযাপনের অন্যতম অনুষঙ্গ ‘ক্লাইসা’। খেজুর আর আখরোটসহ নানা ফলের সমন্বয়ে তৈরি এক ধরনের সুস্বাদু বিস্কুট এটি, যা একে অন্যের সঙ্গে ভাগ করে খায় ইরাকিরা। ‘মামুল’ নামে প্রায় একইরকম একটি খাবার প্রচলিত আছে সিরিয়া, জর্ডান, লেবানন আর প্যালেস্টাইনে। ক্লাইসা তৈরির জন্য পরিবারের সবাই একসঙ্গে বসে রাত জেগে ময়দার তাল তৈরি করে। পরদিন সকালে সেই ময়দা আর অন্যান্য উপাদান দিয়ে তৈরি হয় সুস্বাদু ক্লাইসা। কে কার চেয়ে সুন্দর নকশা করা ক্লাইসা বানাতে পারে তা নিয়ে প্রতিযোগিতায় মাতে ইরাকিরা। ঈদের কয়েকদিন ইরাকিদের খাবার টেবিলে ‘কাহি’ আর ‘কায়মাক’ নামে আরো দুটি খাবার শোভা পায়। কাহি একধরনের পেস্ট্রি, আর কায়মাক হচ্ছে চর্বিযুক্ত ননীজাতীয় খাবার।
ঈদ উদযাপনে মিশরীয়রাও কারো চেয়ে কম যায় না। ঈদের পরদিন মৃত আত্মীয়দের কবর জিয়ারত করা মিশরীয় সংস্কৃতির অংশ। এছাড়া কুরবানির পশুর রক্ত আঙ্গুলে মেখে দেয়াল ও গাড়িঘোড়ায় রক্তের ছাপ দেয়া ও নকশা করারও প্রচলন আছে তাদের মধ্যে। নিজ নিজ বাড়ির সামনে পশু কুরবানি দেয় মিশরীয়রা। দেয়ালে পশুর রক্তের ছাপ দিলে অকল্যাণ কামনাকারীদের ঈর্ষা থেকে সুরক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করে তারা। কুরবানির আগে পশুর কপাল মেহেদি দিয়ে রাঙানো এবং পশুর শরীরে সুগন্ধি দেয়ার প্রথাও মিশরে প্রচলিত।
মরক্কোর মানুষ ঈদের দিন সকালে ঐতিহ্যবাহী পোশাক পরে নামাজ পড়ার প্রস্তুতি নেয়। ঈদগাহ বা মসজিদে যাওয়ার আগে শহরকেন্দ্রে বা মোড়ে মোড়ে জমায়েত হয়ে কুশল বিনিময় করে। মরক্কোতে ঈদুল আজহা উদযাপনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ‘বুজলুদ’। একধরনের আনন্দ শোভাযাত্রা এটি। নানারকম মুখোশ এবং ছাগল বা ভেড়ার চামড়ায় তৈরি পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয় মরোক্কানরা। লম্বা লাইন ধরে শহরের রাস্তা দিয়ে হেঁটে যায় কিশোর তরুণের দল। সেইসঙ্গে কান ফাটানো শব্দে বাজতে থাকে ঢাকঢোল। শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণদের মিষ্টি, টাকাপয়সা, এমনকি কুরবানির পশুর মাংসও উপহার হিসেবে দেয় মানুষজন। ঈদুল আজহার উৎসবে যে খাবারটি মরোক্কানরা সবচেয়ে বেশি পছন্দ করে তার নাম ‘কাদিদ’। রোদে শুকানো মাংসের টুকরো দিয়ে তৈরি এই খাবার মরোক্কান চা-এর সঙ্গে খাওয়ার প্রতিযোগিতায় মাতে সেদেশের মানুষ।
ইয়েমেনিদের ঈদুল আজহা উদযাপনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ‘আসাব’। এটি আর কিছু নয়, ঈদ উপলক্ষ্যে পরিবারের নারী ও শিশুদেরকে দেয়া সালামি অথবা অন্য কোনো উপহার। কেবল পরিবারের সদস্যদেরই নয়, পাড়া প্রতিবেশীদেরও উপহার দিয়ে নিজেদের আনন্দকে বাড়িয়ে নেয় ইয়েমেনিরা। ইয়েমেনি তরুণীরা সারা বছর অপেক্ষায় থাকে ঈদুল আজহার। কারণ উপহার হিসেবে প্রাপ্ত অর্থ দিয়ে পছন্দের পোশাক, গয়না ইত্যাদি কেনার সুযোগ করে দেয় আসাব। আসাব হিসেবে প্রাপ্ত অর্থ দিয়ে আসবাবপত্র ও গৃহস্থালী পণ্য কেনারও প্রচলন আছে আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা এই দেশটির মানুষের মধ্যে। ইয়েমেনের কোনো কোনো অঞ্চলে আসাব আওয়াদা বা আঈদাহ নামেও পরিচিত।
সুদানিদের কাছে ঈদুল আজহা হচ্ছে ‘বড় ঈদ’। ঈদের সময় দাদা, দাদি বা পরিবারের কোনো মুরুব্বিকে ঘিরে পরিবারের সবাই একসঙ্গে জড়ো হয়। সাদা আলখেল্লা আর পাগড়ি পরে সুদানি পুরুষেরা ঈদগাহে রওনা হয়। নামাজ থেকে ফিরে পরিবারের সবার সাথে সম্ভাষণ বিনিময় করে, তারপর প্রস্তুত হয় কুরবানির জন্য। ঈদুল আজহার আগের দিন (৯ জিলহজ্ব) শত শত নারী-পুরুষ-শিশু একত্র হয়ে ঈদের আগমন উপলক্ষে আনন্দ উল্লাস করে। আয়োজিত হয় ঐতিহ্যবাহী নৃত্যগীত। রাস্তায় নেমে আসে সবাই। নেচেগেয়ে সময় কাটায়। ঈদের আগের দিনের এই উদযাপন সুদানিদের মধ্যে জেফাত-উল-ঈদ নামে পরিচিত। শরবত পান সুদানিদের ঈদ উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ। খেজুরের সঙ্গে পানি ও নানারকম মশলা মিশিয়ে তৈরি হয় এই শরবত। সুদানিদের মধ্যে শত শত বছর ধরে চলে আসছে শরবত পানের এই ঐতিহ্য।
আরব দেশের ঈদুল আজহা উদযাপনের বয়ান শেষ করি সৌদি আরবকে দিয়ে। সেদেশে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের ধরন মোটামুটি একই। তবে বিশাল এই দেশের বিভিন্ন অঞ্চলে ঈদুল আজহার খাবার বিভিন্ন রকমের হয়। দেশের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ঈদুল আজহা উদযাপনের বিশেষ একটি প্রথা আছে। এটি হলো ঈদের দিন সকলের যৌথ প্রাতঃরাশ। গ্রামের সব মানুষ নাস্তা খাবার জন্য এক জায়গায় জড়ো হয়। প্রত্যেকে কিছু না কিছু তৈরি করে আনে। সবাই মিলে মজা করে সেই খাবার খায়। এটি কুরবানির আগে বা পরেও হতে পারে। লোকনৃত্য ও লোকগানের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগিরও প্রথা আছে সেদেশের কোনো কোনো অঞ্চলে।
