২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসমত চুঘতাইয়ের গল্প: পাথর

মূল থেকে ভাষান্তর করেছেন কাউসার মাহমুদ

ইসমত চুঘতাইয়ের গল্প: পাথর

চিত্রকর্ম:

কাউসার মাহমুদ কাউসার মাহমুদ

Published : 02 Apr 2023, 11:25 PM

Updated : 02 Apr 2023, 11:27 PM

ভাবি যখন আমাদের বাড়ি বৌ হয়ে আসে তখন তার বয়স পনেরোর বেশি নয়। তখনও সে বেড়ে উঠছিল। এই যেমন, ভাইয়ার উপস্থিতিতে সে এমনভাবে কাঁপত, যেন জবাইয়ের জন্য প্রস্তুতকৃত গাভি। কিন্তু এরপর এক বছরের মধ্যেই সে স্ফুটনোন্মুখ কুঁড়ি থেকে রূপান্তরিত হলো প্রস্ফুটিত ফুলে। তার শরীর ভরে এলো, কেশদাম আরো উজ্জ্বল হলো এবং দু চোখে হরিণীর যে আতঙ্ক ছিল তা দুষ্টুমি ও আত্মপ্রত্যয়ে ভরে গেল।

ভাবি এসেছে স্বাধীনচেতা পরিবার থেকে। পড়াশোনাও হয়েছে মিশনারি স্কুলে। গত বছর তার বোন এক খ্রিস্টানের সঙ্গে পালিয়ে গেলে বাবা-মা তাকে নিয়েও চিন্তিত হয়ে ওঠেন যে, সে-ও হয়তো বোনের মতো একই কাজ করবে। ফলে অতিসত্বর তাকে তারা স্কুল থেকে নিয়ে আসেন এবং চটপট বিয়ে দিয়ে দেন।আধুনিক পরিবারে বেড়ে উঠায় সে ছিল লম্ফঝম্প করা আনন্দ উচ্ছল। তবে এখন পরিবার ও শাশুড়ি দুইয়ে মিলে সর্বদা তার উপর কড়া নজর রাখে। ভাইয়াও যত দ্রুত সম্ভব তাকে পুরোদস্তুর গৃহিণী করতে উদ্বিগ্ন। কেননা তার ভয় ছিল, যদিও বিয়ে হয়েছে, তবু সে হয়তো তার বোনের পদাঙ্ক অনুসরণ করতে পারে। ফলে আন্তরিকভাবেই তিনি তাকে গৃহিণীর ছাঁচে গড়তে নিযুক্ত হলেন।

অতএব চার পাঁচ বছরের মধ্যেই সকলের ঘষামাজায় সে একজন পুরোদস্তুর গৃহিণী হয়ে উঠল। তিন সন্তানের জননী হওয়ায় বেশ ওজনও বেড় গেল তার। দেখতেও অনিপুণ লাগছিল। তদুপরি আম্মা তাকে নিয়মিত চিকেন স্যুপ আর মিষ্টি খাওয়ান আর ভাইয়া পান করাতেন বলবর্ধক টনিক। ফলে প্রতিটি সন্তানের সঙ্গে সঙ্গে দশ থেকে পনেরো পাউন্ড ওজনও অর্জন হচ্ছিল তার।ধীরেধীরে সাজসজ্জা ছেড়েই দিয়েছিল সে। কারণ, ভাইয়া লিপস্টিক ঘৃণা করেন এবং চোখে কাজল কিংবা মাসকারার সামান্য প্রলেপও তাকে বিক্ষুব্ধ করে তোলে। কিন্তু গোলাপি ও লাল রং পছন্দ ছিল তার। তাই ভাবি সাধারণত গোলাপি ও লাল রঙের জামাকাপড়ই পরত। যেমন, লাল শাড়ির ওপর গোলাপি রঙের ব্লাউজ কিংবা গোলাপি ব্লাউজের সাথে গাঢ় লাল রঙের শাড়ি।

বিয়ের সময় তার চুল ছিল ছোট করে কাটা। কিন্তু বধূ সাজাবার সময় তাতে এমনভাবে তেল জবজব করে খোঁপা বাঁধা হয়েছিল যে, বোঝাই যাচ্ছিলো না ডানা কাটা মেম সাহেব সে। এখন তার চুল যদিও দীর্ঘ, কিন্তু ঘনঘন গর্ভাবস্থার কারণে তা বেশ পাতলাই হয়ে গিয়েছে। সাধারণত ময়লা, পুরোনো একখণ্ড কাপড় দিয়ে যা বেঁধে রাখত সে। আর তার স্বামীরও তার এ অগোছালো-নোংরা অবস্থায় থাকা বেশ প্রিয় লাগত। এমনকি এই সরলতা ও সাধাসিধে যাপন দেখে পিতামাতা ও শাশুড়িও তার প্রশংসা করত। নিঃসন্দেহে ভাবি ছিল ভারি সুন্দরী, আদরণীয়। তার ছিল সুন্দর অঙ্গসৌষ্ঠব, সাদা মাখনের মত ধবধবে গায়ের রং আর নিটোল হাত-পা। কিন্তু বিয়ের পর ক্রমশই সে নিজের ব্যাপারে উদাসীন হলো আর তার শরীর হয়ে গেল রেখে দেওয়া খামিরার আটার মত।

ভাইয়া--ভাবির ন’ বছরের বড় ছিল। কিন্তু তার সামনে যথেষ্ট তরুণ মনে হয় তাকে। সুঠাম দেহের অধিকারী তিনি এখনও পুরোপুরি অসুস্থ। রোজ ব্যায়াম করেন। কঠোরভাবে নিজের খানাখাদ্যের প্রতি খেয়াল রেখে ডায়েট করেন। হিসেব করে ধূমপান করেন এবং কখনো এক পেগ বিয়ার কিংবা হুইস্কি চেখে নেন। এখনও তার চেহারায় বালকসুলভ আভা বিদ্যমান। যদিও বয়স ত্রিশ-একত্রিশ, কিন্তু দেখতে তাকে চব্বিশ-পঁচিশ বছরের মতোই লাগে।

উফ! জিন্স আর স্কার্ট কী অপছন্দই না করতেন ভাইয়া। এছাড়াও শরীর চেপে রাখা নতুন ফ্যাশনের টাইট জামাতে ভীষণ ঘেন্না ছিল তার। বিশেষত পায়ের কাছে আঁটসাঁট করে থাকা পাজামা দেখলে তো তিনি এভাবে জ্বলতেন যে, তওবা তওবা! তাই ভাবি বেচারি সালোয়ারকামিজ পরতে পারতেন না বিধায়, সাধারণত একটি ব্লাউজ ও পেটিকোটের ওপর আলখাল্লার মত মেক্সি জামা চড়িয়েই বাড়ির চারপাশে আসা-যাওয়া করত। যদি পরিচিত অতিথি আসত তাহলেও সে কষ্ট করে সবসবময় যেভাবে থাকে সেভাবেই থাকত। কিন্তু অপ্রত্যাশিতভাবে যদি কোনো বিশেষ অতিথি চলে আসতেন, তবে সন্তানদের নিয়ে সে তার ঘরের ভেতর থাকতেই পছন্দ করত। এরপরও যখন বাধ্য হয়ে সাক্ষাতের জন্য উপস্থিত হতে হত, তখন কুঁচকানো, বহুদিনের রেখে দেওয়া সাদামাটা একটা শাড়ি কোন রকম জড়িয়ে নিত। কেননা সে ছিল একজন গৃহিণী, একজন পুত্রবধূ এবং ছিল সকলেরই প্রিতম। তাহলে কেন তার বেশ্যার মত সাজগোজ করে অন্যের মনোরঞ্জন করার প্রয়োজন পড়বে? এবং এ একপ্রকার সম্ভাব্যই ছিল যে, ভাবি তার এই অগোছালো,এলোপাতাড়ি জীবনেই বেঁচে থাকবে যতদিন না সে মধ্য বয়স্কা হয়ে যাবে, তারপর বৃদ্ধা। তখন সে-ও তার পুত্রবধূ ঘরে আনবে, প্রত্যহ ভোরে যে কাছে এসে বিনীতভাবে তাকে সালাম করবে এবং নাতিকে তার সঙ্গে খেলা করতে কোলে দেবে। কিন্তু হায়! উপরওয়ালার পরিকল্পনা ছিল অন্যরকম।

তখন সন্ধ্যা। আমরা সবাই লনে বসে চা পান করছিলাম। ভাবি পাঁপড় ভাঁজতে রান্নাঘরে গিয়েছে। মূলত পাচক ব্যাটা পাঁপড় বেশি ভেঁজে ফেলেছে, অথচ ভাইয়ার পছন্দ হালকা বাদামি। সুতরাং প্রেমময় দৃষ্টিতে একবার ভাবির দিকে তাকালেন শুধু, অমনি সে আরো কিছু ভাঁজতে ঝট করে উঠে রান্নাঘরে চলে যায়। আমরা যথারীতি আরামে চা পান করছিলাম। আহ! ভাবি একটা সাক্ষাৎ দেবদূত। কলেজ থেকে ফেরার পর কখনোই আমার রসুইঘরে যাওয়ার চাপ নেই। সান্ধ্য-পোষাকও রান্নার উপযুক্ত নয় আমার। তদুপরি জানিও না যে, কীভাবে পাঁপড় ভাঁজতে হয়। অন্যদিকে আমার বোনেরাও আমার মত একই নৌকার মাঝি। ফরিদা তার বাগদত্তার সঙ্গে খোশগল্প করছে, হঠাৎ যে আজ সাক্ষাৎ করতে এসেছে। রাজিয়া ও শামীম তাদের বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে এবং নিশ্চিতভাবেই তাদের কাছে পাঁপড় ভাঁজা আশা করা যায় না। মোটকথা, আমরা সবাই তো ছিলাম মা-বাবার উঠোনে থাকা ছোট ছোট পাখি; উড়ার জন্য যারা তাদের পাখা পরীক্ষা করছিল।

‘বুমমম।’ হঠাৎ ফুটবলটি এসে একেবারে ভাইয়ার চায়ের কাপে। সবাই লাফিয়ে উঠি আমরা। ভাইয়া রাগে দাঁত কিড়মিড় করে বলেন, ‘পাজিটা কে?’ যেদিক থেকে বলটা উড়ে এসেছে সেদিকেই কটমট করে তাকিয়ে ছিলেন তিনি।

সেখানে একটা কোঁকড়া কেশিক মাথা এবং একজোড়া বড়ো বড়ো চোখ দেয়ালের ওপাশ থেকে ঝুঁকলো মাত্র; অমনি এক লাফে ভাইয়া দেয়াল পেরিয়ে যান আর অপরাধীর চুল তার মুষ্টিতে।

‘উহ!’ একটা চিৎকার গুঞ্জিত হলো এবং পরমুহূর্তেই ভাইয়া তড়িৎ এভাবে সরে যান, যেন কোনো বিষাক্ত বিছার হুলে হাত রেখেছেন কিংবা একখণ্ড জ্বলন্ত অঙ্গারে হাত দিয়েছেন।

‘স্যরি...আই অ্যাম ভেরি স্যরি।’ তোতলাচ্ছিলেন তিনি।

আমরাও তখন কী ঘটছে তা দেখার জন্য দৌড়ে আসি। দেখি, দেয়ালের অপর পার্শ্বে পাতলা গড়ন, উজ্জ্বল বর্ণের একটি মেয়ে সাদা জামা ও লেমন রঙের ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। সে তার সরু আঙ্গুলগুলো নিজের মার্লিন মনরো স্টাইলে খাটো করে ছাটা চুলের ভেতর চালনা করছে আর হাসছে। তার সঙ্গে আমরাও হেসে উঠি।

ইতোমধ্যে ভাবিও পাঁপড়ের থালা হাতে আসে এবং ধারণা করে যে, হাসির কিছু ঘটেছে ওখানে! ফলে কী ঘটেছে তা জিজ্ঞেস না করেই আমাদের সঙ্গে হাসিতে যোগ দেয় সে। হাসির গমকে তার ঢিলেঢালা পেট-টা লাফাচ্ছিল এবং এরপর যখন সে আবিষ্কার করে যে, ভাইয়া ভুল করে শবনমকে একটা ছেলে ভেবেছে এবং তার চুল মুঠি করে ধরেছে--তখন তো সে এমন হো হো করে হেসে ওঠে যে, কয়েকটি পাঁপড় থালা থেকে উড়ে গিয়ে ঘাসের ওপরই পড়ে। যাহোক, শবনম জানায়, আজ ভোরেই সে তার চাচা শাহীদ জামিলের বাড়িতে এসেছে এবং দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় বসে থেকে বিরক্ত হয়ে শেষতক এই ফুটবল নিয়ে বেরিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলটি এসে ভাইয়ার চায়ের পেয়ালায় অধঃপতিত হয়েছে।

শবনম তার মাসকারামাখা তীক্ষ্ণ চোখে ভাইয়াকে দেখছিল। জাদুকরী এক নিস্তব্ধতায় স্তম্ভিত হয়ে ভাইয়াও তার দিকে তাকিয়েছিলেন। সেখানে তাদের দুজনের মাঝে একটি বর্তমান উড়ে যাচ্ছিল। এই বর্তমান থেকে বিচ্ছিন্ন হয়ে, ভাবিকে মনে হল, তাদের থেকে বহু ক্রোশ দূরে দাঁড়িয়ে আছে। সেখানে তার লাফানো পেটটি ভীত হয়ে থেমে যায় তখন। হাসি তার ঠোঁটে হোঁচট খেয়ে পড়ে এবং ম্লান হয়ে যায়। তার হাত নিস্তেজ হয়ে আসে, থালাটি একপাশে হেলে, পাপড়গুলো নিচে ঘাসের ওপর গড়িয়ে পড়ে। এরপর হঠাৎ ভাইয়া আর শবনম জেগে ওঠে এবং তারা তাদের স্বপ্নের জগৎ থেকে ফিরে আসে।‘আসুন, চা পান করুন।’ স্তব্ধ আবহাওয়াকে সামান্য স্বাভাবিক করতে বলে উঠি আমি।

সঙ্গে সঙ্গেই লীলায়িত এক লাফে দেয়ালের ওপাশ থেকে শবনম আমাদের এ পাশে। যেন সাদা ছোট ছোট পা দুটি সবুজ ঘাসের ওপর একজোড়া ঘুঘুর মত বিশেষ ভঙ্গিতে হেলেদুলে হেঁটে আসে। গলিত সোনার মত তার রূপ জ্বলজ্বল করে। তার চুল পিচকারি কালো কিন্তু চোখ দুটো মধুপূর্ণ ছোট্ট পেয়ালার কথা মনে করিয়ে দেয়। তার লেমন রঙের ব্লাউজের গলাটি ছিল খুব ঢোলা। ঠোঁট ছিল তরমুজের মত সবুজ রঙের এবং একই রঙের নখ পালিশ লাগানোর কারণে তাকে ঠিক কোনো এক আমেরিকান বিজ্ঞাপনের মডেলের মত লাগছিল। যদিও ভাবির থেকে বেশ ক’ফুট লম্বা লাগছিল তাকে। কিন্তু তাদের মাঝে উচ্চতার ব্যবধান কোনোক্রমেই দুই ইঞ্চির বেশি নয়। ছিল পলকা হাড়ের গঠন; যার ফলে তার কোমরটা সার্কাসের রিঙে ফিট হবে বলে মনে হয়।

 ভাইয়া নিশ্চুপ নীরবতায় বসে ছিলেন। ভাবি তাকে এমনভাবে দেখছিল, যেমন কোনো বিড়াল শিকারের আগে পতঙ্গকে দেখে, যেন ডানা ঝাপটানোর আগেই সেটিকে ছোঁ মারার অপেক্ষা করে। তার চেহারা থমথম করছিল। দু ঠোঁট একসাথে লাগান আর নাসারন্ধ্র ক্রোধে জলে উঠেছিল।

ততক্ষণে কোনোরূপ পূর্বাভাস ছাড়াই কোথা থেকে যেন মুন্না দৌড়ে এসে ধপাস করে তার পিঠে ঝাপিয়ে পড়ে। সবসময়ই এভাবে সে তার মায়ের পিঠের ওপর ঝাঁপ দেয়, যেন একটা নরম বালিশ সে। আর ভাবিও সর্বদা ছেলের প্রতি বাৎসল্যপনায় খুব হাসেন। কিন্তু আজ কী যে হলো! ঠাস ঠাস করে তার মুখে দু চারটে থাপ্পড় বসিয়ে দিল সে।শবনম পেরেশান হয়ে ওঠে।

‘আরে,আরে--থামাও না।’ ভাইয়ার হাত স্পর্শ করে বলে সে।

তারপর আমার দিকে ফিরে বলে, ‘তোমার মা তো অনেক রাগী!’

আসলে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপারটি তো আমাদের সোসাইটিতে বেশ বিরল ছিল। তার ওপর ভাবিকে কারো সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটাও কেমন অদ্ভুত লাগে! কেননা তার চেহারা নিঃসন্দেহে এ বাড়ির পুত্রবধূর মতই ছিল। সুতরাং আমরা সবাই শবনমের অমন মন্তব্যে হা হা করে হেসে উঠি। ভাবি তখন মুন্নার হাত ধরে তাকে টেনে-হিঁচড়ে হনহন করে বাড়ির ভেতরে চলে যায়।

‘আরে তিনি তো আমাদের ভাবি।’ --ভাবিকে অমন ধমধম করে যেতে দেখতে দেখতে বলি আমি।

‘ভাবি?’ বিস্মিত হয়ে বলে শবনম।

‘ভাইয়ার স্ত্রী।’

‘ওহ।’ গম্ভীরভাবে তার চোখ নীচু করে বলে, ‘আচ্ছা! আমি, আমি ভেবেছিলাম।’ এটুকু বলে বাক্যের মাঝেই থামে সে। ‘ভাবির বয়স মাত্র তেইশ।’ স্পষ্ট করে বলি আমি।

‘কিন্তু...ডোন্ট বি সিলি’--শবনম হাসে। ভাইয়া তখন উঠে দাঁড়ায় এবং চলে যায়।

‘খোদার কসম।’

‘ওহ, আচ্ছা! শিক্ষার অভাব।’

‘না।’--পনেরো বছর বয়সে ভাবি সেন্ট ম্যারী থেকে গ্রাজুয়েশন করেছে ।’

‘মানে তুমি বলছ, আমার চেয়ে তিন বছরের ছোট সে! আমার বয়স ছাব্বিশ।’

‘তাহলে তো অবশ্যই ছোট।’

‘ওহ গড! আর আমি কি-না ভেবেছিলাম সে তোমার মা। আসলে আমার চোখে না সমস্যা, জানো! অথচ চশমা পরতে একদম বিরক্ত লাগে। আচ্ছা! তোমার কি মনে হয় সে মন খারাপ করেছে?’

‘না, ভাবি কখনো মন খারাপ করে না।’

‘আহা, বেচারি!’

‘কে? ভাবি?’ জানি না কেন অমনটা বললাম!

‘ভাইয়া তার স্ত্রীর ওপর জান দিয়ে রাখে।’ সাফিয়া পুরোদস্তুর ভাবির পক্ষে উকালতি করে বলে।

‘ওহ, বেচারাকে নিশ্চয়ই অল্প বয়সে বিয়ে করিয়ে দেয়া হয়েছে!’

‘তখন তার বয়স ছিল পঁচিশ-ছাব্বিশ।’

‘কিন্তু আমি তো জানতামই না যে, এই বিংশ শতাব্দীতে এসেও পরস্পর কেউ কাউকে না দেখে বিয়ে করতে পারে!’--উপহাস করে বলে শবনম।

‘আপনার সমস্ত অনুমান ভুল মনে হচ্ছে। ভাইয়া বিয়ের আগে ভাবিকে দেখে ভীষণ পছন্দ করেছিলেন এবং তারপরই তাদের বিয়ে হয়। কিন্তু তখন সে পদ্মফুলের মত কমনীয় ও মনোহর ছিল।’

‘তো বিয়ের পর তার এ কী অবস্থা হলো? ’

‘কীই-বা হতে পারে--ভাবি তার নিজ ঘরের মালকিন, তার সন্তানদের মাঝে রানি, কোনো সিনেমার অভিনেত্রী তো নয় নিশ্চয়। তাছাড়া যেকোনো কারণেই হোক, পলকা, রোগা শরীরের মেয়েদের ভীষণ ঘেন্না করেন ভাইয়া।’ সূক্ষ্মভাবে শবনমকে একটা খোঁচা দিই আমি। আর সে-ও নিশ্চয় বোকা নয়। তাই বলে :

‘তা ভাই! কেউ আমাকে ভালোবাসুক বা না বাসুক ওতে আমার মাথাব্যথা নেই। কাউকে খুশি করতে নিশ্চয় কখনো নিজেকে হাতির ছানা হয়ে যেতে দেব ন আমি। উহ, মাফ করবে, তোমার ভাবি হয়ত একসময় রূপসি ছিল। কিন্তু এখন...।’

‘উঁহুঁ। আপনার দৃষ্টিভঙ্গি ভাইয়ার দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ আলাদ।’--তার কথা কেটে বলি আমি। এরপর আমাদের কথোপকথন শেষে যখন সে ছোট ছোট পদক্ষেপে প্রাচীরের দিকে যাচ্ছিল তার কৃশতনু শরীরটা আন্দোলিত হচ্ছিল। ভাইয়া তখন বারান্দায় দাঁড়িয়ে। তার সমস্ত মুখ পাংশুবর্ণ এবং বারবার তিনি হাতের পিঠ দিয়ে তার ঘাড় ডলছিলেন--যেন ওখানে জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে কেউ। শবনম সেখানে পাখির মত লাফিয়ে দেয়াল পেরিয়ে গেল। তারপর মুহূর্তে ঘুরে ভাইয়ার দিকে মধুময় এক দৃষ্টি নিক্ষেপ করে চোখের পলকে প্রেতাত্মার মতো বাংলোর ভেতর অদৃশ্য হয়ে যায়।

ভাবি তখন লনে উবু হয়ে চায়ের সরঞ্জামাদি উঠিয়ে নিচ্ছিলেন ঠিক, কিন্তু তিনি ছিলেন অদৃশ্য এক সূত্র; ভাইয়া ও শবনমের দৃষ্টির মাঝে যা ফুঁসে উঠেছিল।

এরপর একদিন জানালা দিয়ে শবনমকে দেখি আমি। লাল চমৎকার একটি ফুঁয়োফুঁয়ো স্কার্ট আর গলার কাছে খোলা সাদা একটি ব্লাউজ পরে, চাচাতো ভাই পাপ্পুর সঙ্গে সাম্বা ডান্স করছিল। তার ছোট্ট চীনা কুকুরটি পায়ে-পায়ে ঘুরছিল, জোরে জোরে হাসছিল সে। তার স্বেচ্ছাধীন সুডৌল সোনালি পা জোড়া সবুজ ঘাসের ওপর নৃত্য করছিল আর তার কালো রেশমি চুল বাতাসে উড়ছিল। পাঁচ বছর বয়সী পাপ্পু যদিও বাঁদরের মত এদিকওদিক তার পা ছুঁড়ছিল, কিন্তু ঠিকই উন্মাদ নারী সাপের মত দুলছিল সে। তখন নাচতে নাচতে নাকের ওপর বৃদ্ধাঙ্গুলি রেখে আমার দিকে ব্যঙ্গ করলে আমি তাকে ঘুষি দেখাই। কিন্তু তৎক্ষণাৎই তার চোখের দৃষ্টিপাত দেখে বুঝে যাই, তার অঙ্গবিক্ষেপ ও ইশারা আমার দিকে উদ্দেশ্য করে নয়। ভাইয়া যথারীতি তখন আহাম্মকের মত বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়ে তার ঘাড় মলছিল, আর বিভিন্নভাবে মুখে ভেংচি কেটে শবনম তাকে জ্বালাচ্ছিল। তার কোমর চক্রাকারে ঘুরছিল, নিতম্ব এপাশ-ওপাশ দুলছিল, দু বাহু প্রসারিত, মুখ খোলা আর ঠোঁট দুটি কাঁপছিল। মাঝেমাঝে সাপের মত লকলকে জিহ্বা বের করে ওই দিয়ে ঠোঁট দুটি চাটছিল। এতে ভাইয়ার চোখ জ্বলজ্বল করে, দাঁত বের করে ভেংচি কাটেন তিনি। কিন্তু আমার হৃদয়টা কেঁপে উঠে। ভাবি তখন রসুইঘরে রান্নার জন্য রোজকার জিনিসপত্র ভাগ করছেন।

‘শবনম, তুমি একটা বদ!’ আপনমনে ভাবি আমি। তবে সাথেসাথে ভাইয়ার ওপরও বেজায় রাগ হয় যে,‘অমন দাঁত কেলানোর কি দরকার ছিল তার!’ শবনমের মত মেয়েদের প্রতি অনীহা ছিল তার, ইংরেজি নাচও ছিল অপছন্দ। তাহলে কেন তার দিকে শ্বাস আটকে দাঁড়িয়ে ছিলেন তিনি? কেনইবা এতোটাই কাবু হয়েছিলেন যে, অজান্তেই তার শরীর সাম্বার তালে নড়ছিল? এসময় কাজের ছেলেটা চা নিয়ে লনে আসে। ভাইয়া আমাদের সবাইকে ডাকে এবং তাকে ভাবিকে এখানে পাঠাতে বলে।

ফলে ভদ্রতা রক্ষার্থে শবনমকে আমাদের সঙ্গে যুক্ত হতে ডাকতে হয়। যদিও আমার ইচ্ছে করছিল তার থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসি। কিন্তু যখনই সে মুন্নাকে কাঁধে নিয়ে দেয়াল পার হয়ে আসে, তখন কে জানে কেন আমার নিষ্পাপ মনে হয় তাকে। মুন্না তার স্কার্ফের সাথে লাগামের মতো ঝুলেছিল এবং তাকে নিয়ে লন জুড়ে ঘোড়ার মতো দৌড়াচ্ছিল সে। ভাইয়া মুন্নাকে তার পিঠ থেকে নেওয়ার চেষ্টা করছে ঠিক, কিন্তু একগুঁয়ে মুন্না তার সঙ্গে আরো লেপ্টে যায়।

‘আরেকটু ঘোড়া ঘোড়া খেলি, আন্টি।’

‘না, বাবা। আন্টি খুব ক্লান্ত।’--শবনম চিৎকার করে।

অবশেষে বেশ জোরজবরদস্তির পর ভাইয়া-মুন্নাকে নামিয়ে আনেন এবং সশব্দে তার মুখে আঘাত করেন। তার অমন কাণ্ডে তড়পে গিয়ে শবনম মুন্নাকে নিজের কোলে উঠিয়ে নেয় এবং ভাইয়ার হাতে থাপ্পড় বসিয়ে দেয়।

‘লজ্জা করে না? উটের মত এমন বড় মানুষ হয়ে বাচ্চা একটা ছেলেকে আঘাত করছো?’ এসময় ভাবিকে আসতে দেখে মুন্নাকে তার কাছে দিয়ে দেয় সে। আর ভাইয়া শবনমের পক্ষ থেকে আহরিত থাপ্পড়ের দিকে তাকিয়ে হাসতে থাকে।

‘দেখো, কী ভীষণ জোরে বাবুটাকে থাপ্পড় মেরেছে! কেউ যদি আমার সন্তানকে আঘাত করার চেষ্টাও করে আমি তার হাত ভেঙে রেখে দিতাম।’ মধুপূর্ণ চোখে বিষ গুলিয়ে ভাইয়ার দিকে দেখে সে--‘আবার হাসছে দেখো, নির্লজ্জ।’

‘হুহ, হাত ভাঙার শক্তি আছে?’ বলেই ভাইয়া তার কবজিতে মোচড় দেয়। এতে ঘুরে সে এমন এক চিৎকার দেয় যে, ভাইয়া উদ্বিগ্ন হয়ে দ্রুত তাকে ছেড়ে দেয়। কিন্তু ভাইয়াকে অমন বেকুব বানিয়ে ঘাসের ওপর হাসতে হাসতে লুটিয়ে পড়ে সে। শবনমের এ রঙ্গভঙ্গ চা-পান পর্ব জুড়েও চলতে থাকে। কেমন কমবয়সী দুষ্ট মেয়েছেলের মত আচরণ করছিল সে। ভাবি নিশ্চুপ নিস্তব্ধতা নিয়ে বসে ছিল। আপনার মনে হতে পারে, শবনমের উপস্থিতিতে যে দৃশ্যমান হুমকি, তাতে হয়তো ভীত হয়ে নিজের দিকে মনোযোগ দেবে সে! কিন্তু! আসলে ব্যাপারটা একদমই তেমন না। এমতাবস্থায় সে বরং আরো লাজুক হয়ে উঠে এবং নিঃশব্দে আরো বেশি করে খেতে থাকে। আমরা সবাই সেখানে হাসিতে ব্যস্ত, কিন্তু যথাবৎ মাথা নীচু করে ততোধিক মনোযোগে কেক গলাধঃকরণ করছিল সে। বুভুক্ষুের মত আচারের ভেতর ভাজা আলু ডোবাচ্ছিল এবং চটপট মাখনমাখা টোস্ট নিচ্ছিল। ভাইয়া আর শবনম আমাদের জন্য শঙ্কার কারণ হয়ে উঠেছিল, ভাবিও চিন্তিত নিশ্চয়ই। কিন্তু সে তার ভয়কে সুস্বাদু খাবারের ভেতরেই মাটি চাপা দিচ্ছিল। ধারাবাহিক গ্যাসট্রিক ব্যাধিতে ভোগার পরও খুব স্বাচ্ছন্দ্যেই পোলাও কোরমা হজম করে ফেলছিল সে। আর শবনম ও ভাইয়ার দিকে নিরবিচ্ছিন্নভাবে তার অস্থির দৃষ্টি পড়েছিল, যখন তারা হাসছিল এবং কথা বলছিল।

ভাইয়াকে আজকাল দেখতে আগের চেয়ে আরো বেশি তরুণ লাগে। রোজ সকাল-সন্ধ্যায় শবনমের সঙ্গে সমুদ্রে সাঁতার কাটতে যান তিনি। ভাবি যদিও বেশ চমৎকার সাঁতার কাটতে পারে, কিন্তু নারীদের সাঁতারের পোষাকে দেখতে ভীষণ ঘেন্না করেন ভাইয়া। একদিন আমরা সবাই সমুদ্রে সাঁতার কাটছিলাম। সেদিন কেবল দু খণ্ড ক্ষুদ্রকায় বস্ত্র পরিধান করে জলের ভেতর নাগিনের মত আঁকাবাঁকা নড়ছিল শবনম। তখন দীর্ঘক্ষণ ধরে মুন্নাকে ডাকতে ডাকতে ভাবি এমনিতেই এসেছে মাত্র, ভাইয়াও ছিলেন ঠাট্টাপূর্ণ মেজাজে--ফলে তিনি তাকে জড়িয়ে ধরেন এবং আমরা সকলে মিলে তাকে জলে টেনে নিই। মূলত যবে থেকে শবনম এসেছে, ভাইয়া কিছুটা বদমাশ গোছের হয়ে গেছে। যাহোক, একদম দাঁতে দাঁত ঘষে তিনি ভাবিকে আমাদের সামনে জড়িয়ে ধরেন। জলের ভেতর মাঝেসাঝে তার দু বাহুতে নিয়ে উপরে তুলতে চাইছিলেন, কিন্তু তাকে কিছুটা বোকা বানিয়ে বোয়াল মাছের মত ভাবি তার হাত থেকে পিছলে যাচ্ছিল। হয়তো ভাইয়া যাকে তার দু বাহুতে উত্তোলিত কল্পনা করছিলেন সে ছিল শবনম এবং জবাই করা গরুর মতো লজ্জিত হয়ে পুডিং বা অন্য কোন সুস্বাদু মিষ্টান্ন তৈরির পরিকল্পনা শুরু করার জন্য তৎক্ষণাৎ ঘর ছেড়ে চলে যাবে ভাবি। তা সেদিন যখন তাকে টান মেরে জলে ফেলা হয়, তখন সে যেন আমাদের হাত থেকে ভারি একটি গাঁটরির মত পিছলে গিয়েছিল। ভেজা কাপড় তার শরীরের সঙ্গে লেগেছিল এবং তার শ্রীহীন গঠন দেখা যাচ্ছিল। ভীতিকর এক দৃশ্য! যেন এমন যে, কেউ একজন তার কোমরের চারপাশে একটা কমফোর্টার পেঁচিয়ে দিয়েছে। অথচ, যখন সে সাধারণ স্বাভাবিক পোষাকে থাকে তখন তাকে এমন ভয়ানক অপ্রীতিকর লাগে না।

‘উফ! কত মোটা তুমি?’ তার নিতম্বের এক প্রস্থ মাংসে চাপ দিয়ে ভাইয়া বলেন, ‘উফ! পেট তো দেখো! ঠিক গামা পালোয়ানের মত লাগছে তোমায়।’

‘হাহ! চার বাচ্চা হওয়ার পর আমার আর কোমর...!’

‘কিন্তু আমারও তো চার সন্তান আছে, তাই বলে আমার কোমর কিন্তু ডানলোপ টায়ার হয়ে যায়নি।’ বলেই নিজের অটুট, মেদহীন শরীরে হাত বোলান তিনি। ভাবি তখন বিষণ্ন মুখে ভেজা মুরগি মত ঝুরঝুরে বালিতে গভীর গভীর গর্ত বানাতে বানাতে মুন্নাকে ধরে দূরে হেঁটে চলে যায়। তাকে বিলকুল উপেক্ষা করে ভাইয়া শবনমের দিকে অগ্রসর হয়। কিন্তু শবনম কী আর অত সহজে তার হাতে আসে! বরং সে তাকে এমন এক ধাক্কা দেয় যে, চারপাশে জল ছিটিয়ে সে উল্টে পড়ে।

 যখন তারা সাঁতার থেকে ফেরে, দেখে, ভাবি খুবানি জামের ওপর ক্রিম মাখছে। তার মাথা ছিল নীচু, চোখ লাল, ঠোঁট সাদা আর পুতুলের মত নিটোল গাল দুটো স্বাভাবিকের চেয়ে বেশি স্ফীত।

মধ্যাহ্নভোজনে ভাবি ভীষণ মনমরা হয়ে ছিল। প্রবল ব্যগ্রতায় ক্রিম মাখা সেই খোবানি ফল ও মিষ্টি গ্রাসের প্রস্তুতি নিচ্ছিল সে। শবনম তখন তার ডিশের দিকে তাকায় এবং এমনভাবে কেঁপে উঠে, যেন তাতে মিষ্টি কিংবা ক্রিম নয় বরং সাপ আর বিছা রয়েছে।

‘বিষ, নিরেট বিষ এগুলো।’ এক খণ্ড শসা কামড়াতে কামড়াতে বলে সে। ভাইয়া তখন ভাবির দিকে কটমট করে তাকান। কিন্তু সশব্দে মিষ্টি খেতে থাকে সে।

‘যথেষ্ট হয়েছে।’ ভাইয়া বিড়বিড় করেন, তার নাক কাঁপে।

কিন্তু ভাবি তার দিকে কোনোরূপ ভ্রূক্ষেপ না করে প্রায় পুরো মিষ্টির থালাটিই তার পেটে চালান করে দেয়। অমনভাবে তাকে মিষ্টি খেতে দেখলে, আপনি ভাবতেন, হয়তো হিংসা ও ঈর্ষা থামাতে একটি দৃঢ় দেয়াল নির্মাণ করছিল সে। যাতে এক রকম দৃঢ়তায় রূপান্তরিত হয়েছিল এবং সেই দুর্গ বানিয়েছিল যা ছিল তার অপরাজেয় শরীর। তাছাড়া সম্ভবত এ-ও হতে পারে, এরপর হয়তো তার হৃদয় আর ব্যথিত হবে না। এবং প্রতিবার যখন ভাইয়ার চোখ শবনমের চোখের সঙ্গে দৃষ্টিবিনিময় করে, তখন যে শিখা সহসা নির্গত হয় তা সেই দৃঢ় দেয়ালগুলোকে দ্রবীভূত করার শক্তি হারাবে।

‘থামো,আল্লাহর ওয়াস্তে। ডাক্তারও তোমায় এসব খেতে নিষেধ করেছেন। তাছাড়া কোন ধরণেরই-বা মুখরোচক খাবার এগুলো?’ অবশেষে ভাইয়া সশব্দেই বলে ওঠেন। আর তখনই ভাবি যেন একেবারে মোমের দেয়ালের মত বিলীন হয়ে যায়। যেন ভাইয়ার এ মন্তব্য তার শরীরের মোটা আস্তরণ ভেদ করে সরাসরি তার হৃদয়ে গিয়ে বিদ্ধ হয়। তার নিটোল গাল বেয়ে পুরু অশ্রুধার নেমে আসে। কান্নার ফোঁপানি তার স্তুপের মত শরীরে আঘাত করে এবং ভ‚মিকম্পের মত শব্দ হয়। যদিও পাতলা, কৃশকায় মেয়েরা যখন কাঁদে, তখন ভীষণ আকর্ষিক মনে হয় তাদের। কিন্তু ভাবিকে কাঁদতে দেখে দুঃখের বদলে হাসিই পায় কারো। তাকে দেখতে তখন বিরাট এক তুলোর স্তুপের মত লাগছিল, লাঠি দিয়ে যা গাঁদা করা হয়েছে।

অগত্যা নাক মুছে উঠে যেতে চাইছিল সে। কিন্তু আমরা সবাই মিলে ভাইয়াকে তিরস্কার করি এবং মিষ্টি কথা বলে বসিয়ে দিই তাকে। আহা, বেচারি! নাক টেনে আবার বসে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্য যখনই সে তার কফিতে তিন চামচ চিনি দিয়ে ক্রিম নিতে এক হাত বাড়ায়--অমনি নিস্তেজ হয়ে পড়ে। চোখে-মুখে ভীতভাব নিয়ে ভাইয়া ও শবনমের দিকে তাকায়। শবনম বহুকষ্টে হাসি চেপে রাখে আর ভাইয়া গোস্বার চোটে ফুঁসে ওঠেন। রাগে গড়গড় করে সেখান থেকে উঠে গিয়ে সোজা বারান্দায় গিয়ে বসেন।

এরপর সবকিছু দিনদিন শুধু খারাপই হতে থাকে। ভাবি প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে। একটা সময় ছিল যখন সহজেই তার পাঠান রক্ত গরম হয়ে যেত এবং সামান্য বিষয়েই হাতাহাতি পর্যায়ে চলে আসত সে। যখন ভাইয়ার ওপর রাগ করত তখন মুখ গোমড়া করে রাখার পরিবর্তে হিংস্র বিড়ালির মত তাকে আক্রমণ করে বসত। মুখে খামচির আঁচড় বসাত, দাঁত দিয়ে তার শার্টের সম্মুখভাগ চিড়ে ফেলত। ভাইয়া তখন তাকে শান্ত করতে দু বাহুতে নিষ্পিষ্ট করে নিতেন। আর সে-ও তার অসহায়ত্ব হ্রাস করে মাথাটি তার বুকে চেপে ধরে ছোট্ট ভীত তৃষার্ত পাখিটির মত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। এবং এর কিছুক্ষণ পরেই আবার সবকিছু নিজেদের ভেতর সমাধান করে ফেলত। লজ্জিত অনুভব করে প্রেমাদ্র হয়ে স্বামীর মুখে আঁচড়ের দাগগুলোর ওপর আঙুল বুলিয়ে দিত সে। শার্টের ছেঁড়া জায়গাগুলো সেলাই করে দিত এবং যথারীতি কৃতজ্ঞতাভরে মিষ্টি মিষ্টি দৃষ্টিতে তাকে দেখতে থাকত।

এসব তখনকার কথা যখন ভাবি ছিল প্রজাপতির মত পলকা। যখন ঝগড়া করত ছোট্ট পশমি বিড়ালের মত মনে হত তাকে। তখন ক্রোধের পরিবর্তে ভাইয়া তার প্রতি পরম মমতা প্রকাশ করতেন। কিন্তু সেইদিন গত হয়েছে। শরীরে গোশতের আক্রমণে এখন তার রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল, ফলে খুব কমই মেজাজ হারাত সে। আর যদি কখনো রাগতও তখন দ্রুত নিজেকে যেকোনোভাবে সামলে নিত এবং অতিসত্বর ব্যাপারটি সম্বন্ধে সম্পূর্ণ ভুলে যেত।

তবে সেদিন সে তার ভারি মোটা শরীর উপেক্ষা করে সজোরে ভাইয়ার ওপর আক্রমণ করে বসে। তার ওজন সহজেই ভাইয়াকে দেয়ালের সঙ্গে পিষে ফেলার জন্য যথেষ্ট। সুতরাং থলথলে চর্বি দ্বারা ভাইয়া প্রতিহত হন। কিন্তু একটুও রাগ করেন না, কিংবা বিব্রত বা দুঃখিত হয়ে একটি শব্দও করেন নি। বরং মাথা নীচু করে নিঃশব্দে কামরা থেকে বেরিয়ে যান। আর ভাবি সেখানেই ধপাস করে পড়ে কান্না শুরু করে।

এরপর সবকিছু কেমন অধিকতর ভাঙতে শুরু করে এবং একদিন ভাইয়ার শ্যালক ভাবিকে নিতে আসেন। তুফায়েল ভাবির চাচাতো ভাই। তাকে দেখামাত্রই শিশুর মত তার গলা জড়িয়ে কাঁদতে শুরু করে ভাবি। ভাবিকে তিনি পাঁচ বছর পর দেখেছিলেন। তার অমন গম্বুজের মত শরীর দেখে মুহূর্তের জন্য চমকে গিয়েছিলেন ঠিক, কিন্তু এরপর তিনি ভাবিকে তার বুকের সঙ্গে ছোট্ট মেয়ের মতো জড়িয়ে রাখেন। সেদিন ভাইয়া শবনমের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন। তুফায়েল ভাই সন্ধ্যা অবধি তার জন্য অপেক্ষা করেন। তবু যখন ভাইয়ার টিকিটির খোঁজ নেই তখন তিনি ভাবিকে তার জিনিসপত্র গোছগাছ করে বাচ্চাদের রেডি করতে বলেন।

অবশেষে তারা চলে যাবে এর কয়েক মিনিট আগে ভাইয়া এসে উপস্থিত হন।

‘দিল্লিতে আমার ঐ বাড়িটা আমি তাকে মোহর হিসেবে দিয়ে দিচ্ছি।--বিষণ্ন স্বরে তুফায়েলকে বলেন ভাইয়া।

‘মোহর!’ ভাবি থরথর করে কাঁপতে থাকেন।

‘হ্যাঁ, আর তালাকের কাগজপত্রও উকিলের মাধ্যমে পৌঁছে যাবে।’

‘কিন্তু তালাক, তালাকের কথা কেন?’

‘সব সমস্যা সমাধানের এটাই উত্তম উপায়।’

‘কিন্তু, এই বাচ্চারা?’

‘চাইলে তাদেরকে সে তার সঙ্গে রাখতে পারে, অন্যথায় বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব তাদের। সবকিছুর বন্দোবস্ত করে রেখেছি আমি।’

এক চিৎকার দিয়ে ভাইয়ার সম্মুখে ঝাঁপিয়ে পড়েন ভাবি, কিন্তু সে সাহস আর নেই যে, তাকে আঁচড়ে দেবে। বরং ভীত সে আচমকা স্থবির হয়ে যায়। এরপর নিজের সর্বশেষ নারীত্বের সম্মানটুকুও পরিত্যাগ করে তার পায়ে পড়ে, করুণা প্রার্থনা করে।

‘তুমি তাকে বিয়ে করে নাও, কিচ্ছুটি বলবো না আমি। কিন্তু আল্লাহর ওয়াস্তে তালাক দিয়ো না আমায়। এভাবেই আমি আমার বাকি জীবন কাটিয়ে দেব, কোনো অভিযোগ করব না।’

জবাবে ভাইয়া-ভাবির থলথলে শরীরের দিকে ঘৃণাভরে একবার তাকান শুধু তারপর অন্য দিকে মুখ ফিরিয়ে নেন।

‘তালাক দিয়ে দিয়েছি--এখন আর কিছুই করার নেই।’

কিন্তু ভাবিকে বোঝাবে কে? অনবরত কেঁদেই যাচ্ছিল সে।

‘বেকুব’--তুফাইল ভাই এক ঝটকায় ভাবিকে মাটি থেকে টেনে তোলেন।

‘গাধি কোথাকার, ওঠ।’ বলেই তাকে টেনে হিঁচড়ে দূরে নিয়ে যান তিনি।

আহ কী নিদারুণ দৃশ্য ছিল সেটি! বাচ্চাগুলো ফুট ফুট করে কেঁদে ভাবির সঙ্গে ঝুলে ছিল। আম্মা উদাস চোখে সকলের দিকে দেখছিলেন। আব্বার মৃত্যুর পর এ বাড়িতে তার কোনো অবস্থাই ছিল না আর। ফলে প্রকৃতপক্ষে ভাইয়াই ছিলেন তার নিজের মোক্তার এবং আমাদের সবার অভিভাবক। যদিও আম্মা তাকে বোঝাতে তার সমস্ত চেষ্টাই করেছিলেন। আর এরকম কিছু যে ঘটবে তা তিনি আগেই বুঝতেই পেরেছিলেন। কিন্তু কীই-বা করতে পারেন তিনি?

যাহোক ভাবি চলে যান। তার চলে যাওয়ার পর সমস্ত বাড়িতে যেন বিষণ্নতা ছেয়ে যায়। তদুপরি ভাইয়া আর শবনমও তাদের বিয়ের পরে হিল-স্টেশনে চলে যায়।

সাত-আট বছর গত হয়েছে। এদ্দিনে আমরা সবাই ঘরকন্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। আম্মা তিরোধান করেছেন। আব্বার মৃত্যুর পর এমনিতেই তিনি একবারে নির্জীব হয়ে গিয়েছিলেন। কিন্ত ভাবির তালাকের সময় চিৎকার করে কেঁদেছিলেন। যদিও তিনি তার ছেলেকে ভালোভাবেই চিনতেন যে, পিতার কথায়ও কখনো মনোযোগ দেয়নি সে। আসলে যে ছেলে তার জীবিকা উপার্জন শুরু করে সে তার নিজেরই মালিক হয়ে যায়।

আমাদের সুখি পাখির বাসাটি ভেঙে গিয়েছিল। যে বাড়িটি ছিল একদা জীবন্ত তা এখন পরিত্যক্ত, জনশূন্য। সবাই বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল। সাত আটটি বছর মনে হয় চোখের পলকে চলে গেল। কখনো বছর-দু’বছর পরপর ভাইয়ার কিছু সংবাদ পেতাম আমরা। প্রচুর ভ্রমণ করছিলেন তিনি, সাধারণত ইন্ডিয়ার বাইরে। কিন্তু সেবার যখনই তার কাছ থেকে একটা চিঠি এসে পৌঁছল যে, বোম্বেতে আসছেন তিনি। তখন শৈশবের বিস্মৃত স্মৃতিরা পুনর্জীবিত হয়ে উঠল। এরপর ভাইয়া এলে যখনই তিনি ট্রেন থেকে নামেন, অমনি তার দিকে দৌড়ে যাই আমি এবং দুজন দুজনকে শিশুদের মত জড়িয়ে ধরি। শবনমকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। তার আসবাবপত্র নামানো হচ্ছিল। ফলে ভাইয়াকে তার কথা জিজ্ঞেস করতে না করতেই প্রবল ভারি একটি হাত এসে ঠাস করে আমার কাঁধে পড়ল এবং উঞ্চ মাংসের একটি পর্বত আমাকে গ্রাস করে নিল।

‘ভাবি!’ যেন প্লাটফর্মে পড়ে না যাই তাই ট্রেনের গ্রিল ধরে বলি আমি।

ইতঃপূর্বে জীবনে কখনোই শবনমকে ভাবি বলে সম্বোধন করিনি আমি। সবসময় তাকে শবনমের মতোই লাগতো। কিন্তু আজ ‘ভাবি’ শব্দটা আচমকাই আমরা মুখ ফসকে বেরিয়ে গেল। ভাবছিলাম, কীভাবে শিশিরের ছেঁটা কয়েক বছরের মধ্যে একটা মাংসের স্তূপ হয়ে গেল? তাই ভাইয়ার দিকে তাকালাম। তিনি একদম আগের মতোই। তেমনই মেদহীন, অস্থূল। শরীরের প্রতিটি অঙ্গে জায়গার বাইরে এক আউন্স বাড়তি মেদ নেই। চুল এখনও সে বালকদের মতোই পাতলা। শুধু কেবল দু-তিনটি উজ্জ্বল চুল তার ললাট থেকে উঁকি দিয়েছিল; যা তাকে আরো ব্যক্তিত্বপূর্ণ ও আকর্ষণীয় করে তুলেছিল। তিনি ছিলেন পাথরের মত অটুট। ঢেউয়েরা পাথরের দিকে ঝাঁপিয়ে যায়, তার পায়ে আছড়ে পড়ে, তারপর ছিন্নভিন্ন ও বিচ্ছিন্ন, দুর্বল ও ক্লান্ত হয়ে সমুদ্রে ফিরে আসে। সেখানে কেউ কেউ পাথরের পদচারণে মারা যায়, যখন নতুন ঢেউ আত্মত্যাগের আকাঙ্ক্ষা পুষ্ট করে নিজেদের অপ্রতিরোধ্যভাবে এর প্রতি আকৃষ্ট করে।

আর সে পাথর?--ঐ পূজাঅর্চনা থেকে দূরে বসে তাচ্ছিল্যের সঙ্গে অনবরত হাসতে থাকে। অনড়, অনুকম্পা ও উদ্বেগহীন। ভাইয়া যখন শবনমকে বিয়ে করেছিলেন, তখন আমরা বলেছিলাম যে ভাবী, শেহনাজ (সবসময় আমি তাকে ভাবি বলেই ডেকেছি) যেহেতু তার বিয়ের সময় খুব ছোট এবং সাদাসিধে ছিল তাই খুব সহজেই ভাইয়ার দ্বারা নিরুদ্ধ হয়েছিল। কিন্তু শবনম! সে ছিল পরিপক্ব ও পার্থিব জ্ঞানী। নারী সাপের মত ভাইয়াকে কামড়ে, বিষ ঢেলে তাকে ঝিমুনিতে ছেড়ে যেত সে। নিশ্চয়ই মজা বোঝাবে তাকে। কিন্তু! শুধুমাত্র পাথরই যে তরঙ্গকে ভোগাতে (মজা বোঝাতে) পারে।

‘বাচ্চারা বোর্ডিং স্কুলে। তাদের কোনো ছুটি ছিল না।’ শবনম তার দুর্গন্ধযুক্ত অস্বাভাবিক আকস্মিক প্রশ্বাস আমার চেহারায় প্রবাহিত করে। আর আমি মাংসের এই স্তূপের মাঝে খুঁজছিলাম শিশিরের ছেঁটা, সেই শবনমকে, শেহনাজের প্রেমের আগুন নিভিয়ে ভাইয়ার হৃদয়ে নতুন শিখা জ্বালিয়েছিল যে। কিন্তু এ কী? তার সে ভালোবাসার আগুনে পুড়ে যাওয়ার পরিবর্তে, ভাইয়া আগের চেয়ে আরও বেশি ঝা-চকচকে হয়ে বেরিয়ে এসেছিল। আর সোনার মত সে আগুনে নিজেই পুড়ে ছাই হয়েছিল শবনম। ভাবী ছিল মাখনের ঢিবির মত। কিন্তু শবনম তো ঝলসানো কাদামাখা ছাই; তার গাঢ়, চকচকে বর্ণ এখন টিকটিকির পেটের মত হলুদ। জলবৎ চোখ দুটো অস্পষ্ট ও প্রাণহীন। আর সেই সর্পিল পাতলা কোমরটিও দেখা যাচ্ছিল না কোথাও, বরং অতীতের সে শবনমকে এখন স্থায়ী গর্ভবতী মনে হচ্ছিল। এমনকি একটি বৃক্ষের সূক্ষ্ণ, চকচকে শাখার মত তার উজ্জ্বল গোলাকার বাহুদ্বয় এখন পুরু, অশোভন এবং একজোড়া ডাম্বেলের মতো দেখায়। তার সমস্ত মুখে মেকআপের প্লাস্টার করা, চোখে মাসকারা মাখা আর সম্ভবত ভ্রুগুলো বেশিই উপড়ে ফেলেছিল; যার ফলে তাতে গাঢ় আইভ্রো ব্যবহার করেছিল সে।

যাহোক, ভাইয়া রিটযে অবস্থান করছিলেন। নৈশভোজে আমরা উপস্থিত হলাম সেখানে। সরাইখানা নিজের হৈহল্লার চরমে। মিশরীয় সৌন্দর্য (নর্তকী) তার চ্যাপ্টা পেটে মুচড়িয়ে উঠছিল, নিতম্বদ্বয় বৃত্তে ঘোরাচ্ছিল, স্বেচ্ছাচারী দু বাহু যেন বাতাসে উড়ছিল আর তার সোনালি পা জোড়া সিল্কের মসৃণ পাতলা ঘোমটার আড়ালে গজদন্ত স্তম্ভের মতো কাঁপছিল। অন্যদিকে ভাইয়ার ক্ষুধার্ত চক্ষুও তার শরীরের ওপর বিছার মত হামাগুড়ি দিয়ে চলছিল। বারবার তিনি তার ঘাড়ের পেছনে একটি গোপন ক্ষতে হাত মলছিলেন।

ভাবী, কখনো যে শবনম ছিল, যে মিশরীয় নৃত্যশিল্পীর মতো একসময় বৈদ্যুতিক স্রোত ছিল; যাতে জ্বলে ভাইয়া এখন বালির পাহাড়ের মতো অচল হয়ে বসে আছে। অন্যদিকে অনিয়মিত ডায়েট এবং রক্তাল্পতা সেই শবনমের পুরু গালকে একটি মমির মতো হলুদ-সবুজ চেহারা দিয়েছে। নিয়ন আলোর নিচে তার গাত্রবর্ণ কোবরার বিষাক্ত ছোবলে নীল হওয়া আক্রান্ত ব্যক্তির মত মনে হয়। যেখানে মিশরীয় সৌন্দর্যের নিতম্ব প্রচণ্ড এক ঝড় সৃষ্টি করছিল আর ভাইয়ার হৃদয়টা তখন উপকূল থেকে অদূরে সেই প্রলয়ঙ্কারী ঝড়ের ভেতর একটি ক্ষুদ্র নৌকার মত অসহায় দুলছিল। শবনম, যে এখন ভাবি এবং পাঁচ সন্তানের জননী সে তাদের দুজনকেই ভয়ার্ত চোখে দেখছিল। ফলে নিজেকে সেই দৃশ্য থেকে বিভ্রান্ত করতে দ্রুত মুরগির বড় একটা গ্রাস নিয়ে মুখে পুরে দিল সে।

বাদকদল গভীর এক শ্বাস নেয়, যন্ত্রগুলি কাঁপে, ড্রামের হৃৎস্পন্দন কম্পিত হয়, শেষবারের মত মিশরীয় নর্তকীর কোমর ঘুরপাক খায় এবং ক্লান্তিতে মার্বেল পাথরের মেঝেতে পিছলে পড়ে।

সমস্ত হলঘর হাততালির শব্দে প্রতিধ্বনিত হয়ে ওঠে। শবনমের চোখ ভাইয়াকে খোঁজে। সেসময় ভৃত্য থালাভর্তি টাটকা রাজ্বরি ফল ও এক জগ ক্রিম নিয়ে এসে হাজির হয়। কোনোপ্রকার চিন্তাভাবনা ছাড়াই শবনম থালা ভরে রাজ্বরি ফল নেয়। তার হাত কাঁপছিল। একজোড়া আহত হরিণের মতো তার অস্থির চোখ দুটো সব দিকে উড়ছিল।

ভিড় থেকে দূরে--অন্ধকার এক বেলকনিতে দাঁড়িয়ে ভাইয়া মিশরীয় নৃত্যশিল্পীর সিগারেটে লাইটার ধরিয়ে দিচ্ছিলেন। তার আবেগঘন দৃষ্টি নৃত্যশিল্পীর আনন্দ-ভরা চোখের সাথে জড়িয়ে ছিল। অন্যদিকে শবনমের চেহারা ছিল নিষ্প্রভ, বর্ণহীন। প্রকাণ্ড একটি স্তুপের মত আনমনা বসে ছিল সে। তখন তাদের দিকে তাকে তাকিয়ে থাকতে দেখে, ভাইয়া-নর্তকীকে কনুই দিয়ে ধরে আমরা যেখানে বসা ছিলাম সেখানে নিয়ে আসেন এবং আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

‘আমার বোন।’ আমার দিকে ইশারা করে বলেন তিনি। নর্তকীটি আন্দোলিত হয়ে আমার উপস্থিতির কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ‘আচ্ছা, ইনি আমার স্ত্রী।’ কথাটি এমন নাটকীয় এক স্বরে বলেন, যেন তিনি নর্তকীটিকে যুদ্ধের ময়দানে আহত তার কোনো ক্ষত দেখাচ্ছেন। নর্তকী বিস্মিত হয়। যেন ভাইয়ার জীবনসঙ্গিনীকে নয় বরং তার নিজের লাশকেই রক্তের ভেতর নিষিক্ত হতে দেখে সে। তাই ভয়ার্ত চোখে শবনমের দিকে তাকায়। তারপর মাতৃস্নেহের প্রতিটি বিন্দু নিজের চোখে জড়ো করে ভাইয়ার দিকে এমন এক বিশেষ দৃষ্টিতে দেখে, হাজার গল্প লুকানো ছিল যেখানে।

‘উফ! এই হিন্দুস্থান! যেখানে প্রথার বেদিতে এমন সুন্দর মানুষদের বলি দেয়া হয়! এসব মানুষ, যারা এ ধরনের শাস্তির কাছে বশ্যতা স্বীকার করে তাদের দয়া করা উচিত, তারাই উপাসনার যোগ্য।’

শবনম, আমার ভাবি, নর্তকীর চোখে ভেসে ওঠা এই সমস্ত কিছুই পড়ছিল। তার হাত কাঁপে এবং নিদারুণ সেই যন্ত্রণা আড়াল করতে তড়িৎ সে ক্রিমের জগটি নিয়ে প্লেটে থাকা ফলগুলোর ওপর ঢেলে দেয়। তারপর ভীষণ ব্যগ্রতাসহকারে সেগুলো খেতে থাকে।

আহ, বেচারা ভাইয়া! সুদর্শন ও সকরুণ! সূর্যদেবের মতো সুন্দর, রোমান্টিক, মধুময় চোখের ভাইয়া আমার! পাথরের মতো অনড়, অমর শহিদের ভ‚মিকায় সহাস্য বদনে বসেছিলেন যিনি।

একটি পুরোনো, বৃদ্ধ ঢেউ ক্লান্ত ও ভঙ্গুর হয়ে তার পায়ের কাছে মৃত পরে আছে।

আরেকটি নতুন উজ্জ্বল পুরোনো ঢেউ ঊর্ধ্বশ্বাসে, অস্থির হয়ে তার বাহুর ভেতর পরিবেষ্টিত হওয়ার অপেক্ষা করছে।