শেখ আফজালের সাক্ষাতকার: ও তো আমাকে যাচ্ছেতাই রকমে বেইজ্জতি করেছে
তুমি বাংলাদেশ থেকে এসেছো। তোমাকে বাংলাদেশে এমন কিছু নিয়ে যেতে হবে যা এ পর্যন্ত হয়নি..
চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শেখ আফজালের জন্ম ঝিনাইদহ জেলায় ১৯৬০ সালে। এখানেই তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়াশুনা শেষে ঢাকায় এসে ভর্তি হয়েছিলেন ইনস্টিটিউট অব ফাইন আর্টস-এ ১৯৭৬ সালে। জাপানের ইউনিভার্সিটি অব তুসকুবা থেকে মাস্টার্স করেছেন ১৯৯৩ সালে। দেশে বিদেশে তার অসংখ্য একক ও যৌথ প্রদর্শনী হয়েছে।
রাজু আলাউদ্দিন: আপনার জন্ম ১৯৬০ সালে,ঝিনাইদহ জেলা…
শেখ আফজাল: ঝিনাইদহ জেলা, শৈলকূপা উপজেলা, শেরপুর গ্রাম।
রাজু আলাউদ্দিন: পড়াশোনা কোথায় কোথায় করেছেন?
শেখ আফজাল: আমি গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা নিয়েছি। এরপর শেখ পাড়ার নাম শুনেছেন… এখন যেখানে ইসলামিক ইউনিভার্সিটি হয়েছে… তার কাছাকাছি একটা নামকরা হাইস্কুল ছিলো... বসন্তপুর হাইস্কুল… ওই হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। ১৯৭৬ সালে ম্যাট্রিক পাসের পরে আমি ঢাকা আসি। চারুকলায় ভর্তি হই।
রাজু আলাউদ্দিন: চারুকলায় যখন ভর্তি হন, শিক্ষক হিসেবে কাকে কাকে পেলেন?
শেখ আফজাল: ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে আমার শিক্ষক হিসেবে ছিলেন মাহবুবুল আমিন (তিনি মারা গেছেন), শহীদ কবীর স্যার, মাহমুদুল হক স্যার। এই তিনজন ছিলেন। সেখানে মোস্ট সিনিয়র ছিলেন হক স্যার। ভর্তি হলাম ৭৬-এ। ৭৬-৭৭ ফাস্র্ট ইয়ার, ৭৭-৭৮ সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ারে উঠলাম ড্রয়িং অ্যান্ড পেইন্টিং নিয়ে। আগে ফাস্র্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে কমন ক্লাস হতো। থার্ড ইয়ারে বিষয়ভিত্তিক ক্লাস হতো। আগে স্কাল্পচার, গ্রাফিক ডিজাইন, প্রিন্ট মেকিং, সিরামিক-- সব একসাথে ক্লাস হতো। থার্ড ইয়ার থেকে ভাগ ভাগ হয়ে যেতো।
রাজু আলাউদ্দিন: গ্রাফিক্স-এর শিক্ষক কে ছিলেন তখন?
শেখ আফজাল: গ্রাফিক্স ডিজাইনে তখন কাইয়ূম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী।
রাজু আলাউদ্দিন: ড্রয়িং-এর ক্লাস কে করাতেন?
শেখ আফজাল: ড্রয়িং এর ক্লাস করাতেন… আমি থার্ড ইয়ারে উঠে পেলাম নবী স্যার, বাসেত স্যার, আনোয়ার স্যার এবং ফরিদা জামান। আনোয়ার স্যার কিন্তু প্রতিষ্ঠাতাদের একজন।
রাজু আলাউদ্দিন: আনোয়ারুল হক?
শেখ আফজাল: আনোয়ারুল হক স্যার। তিনি তখন আমাদের টিচার ছিলেন।
রাজু আলাউদ্দিন: জয়নুল আবেদিনকে পেয়েছিলেন?
শেখ আফজাল: না, আমি জয়নুল আবেদিন স্যারকে দেখিওনি।… তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, ওই কথাটা না হলে হবে না, সেটা হলো- মুক্তিযুদ্ধের আগে যখন সংগ্রাম দানা বাঁধছে, ১৯৬৯-এ বঙ্গবন্ধু বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা করছেন, আন্দোলন গড়ে তোলার কথা বলছেন, তখন আমি ক্লাস ফোরে পড়ি। তখন আমাদের ওইদিকে… আমাদের ওই পথ দিয়ে বঙ্গবন্ধু যাবেন কুষ্টিয়াতে। তখন তিনি প্রত্যেকটা স্টপেজে ১০-১৫ মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতা দিচ্ছেন। তখন কুষ্টিয়া জেলার হরিনারায়ণপুর নামে একটা জায়গায় তিনি বক্তৃতা দেবেন… সেসময়ে আমার এলাকার যারা ইয়াং ছিলেন, কলেজে পড়েন, আমার চাচা-ভাই-মামা… এরা তখন কলেজে পড়তো। আমি ক্লাস করছি প্রাইমারি স্কুলে… তখন আমাকে দেখি খুঁজছে। আমাকে পেয়ে বললো, তোমাকে বঙ্গবন্ধুর ছবি আঁকতে হবে। আমি তখন অল্প অল্প এটাওটা আঁকি। তবে স্কুলের সবাই মোটামুটি জানে, আমি ছবি আঁকি। তো ওই ভাবে… আমাদের রাইস মামু, এখনও জীবিত আছেন, তিনি মুক্তিযোদ্ধা। আমাকে জিজ্ঞেস করলো, তোমাকে বঙ্গবন্ধুর ছবি আঁকতে হবে, পারবে? আমি বললাম, হ্যাঁ পারবো। তখন না বুঝেই বলেছি পারবো। তার পরেরদিন কিছু ছবি আমাকে দিলেন। বললেন, তুমি প্র্যাকটিস করো। ওমুক দিন তিনি আসবেন। তোমাকে স্টেইজে বসিয়ে দিব। তুমি স্টেইজে ছবি এঁকে ফেলবা। টাইম বেশি না, এই ১০-১৫ মিনিটের ভিতরে। আমি বললাম, ঠিক আছে। আমি প্র্যাকটিস করলাম। আমাকে একদিন ভোরবেলায় নিয়ে গেলো। তখন যানবাহন বলতে তেমন কিছুই ছিলো না। আমাদের গ্রাম থেকে প্রায় ৪-৫ মাইল হবে দূরত্ব। আমরা হেঁটে রওনা দিলাম। পৌঁছে দেখি লাখ লাখ লোক আগে থেকেই জড়ো হয়ে গেছে মাঠে। আমি তো লোক দেখে ভয় পেয়ে গেছি, হায় হায় এতো লোকের ভেতরে আমি কেম্নে কি করবো! তখন তো বুঝতে পারিনি…
রাজু আলাউদ্দিন: বয়স কতো তখন আপনার?
শেখ আফজাল: ১০/১১ হবে, ক্লাস ফোরে পড়ি। তারপরে দেখি যে প্রচুর লোক, ওর ভিতরেই আমাকে উঁচু করে নিয়ে গিয়ে স্টেইজে বসিয়ে দিলো। অনেক লোক… তারপর… আমি তো বসে আছি আর আমাদের ইয়াং যারা তারা স্টেইজের পাশেই ছিলো, আমি যাতে ভয় না পাই। কিছুক্ষণ পরে দেখি যে, সবাই স্লোগান দেয়া শুরু করলো- আমার ভাই, তোমার ভাই, শেখ মুজিব শেখ মুজিব। দেখি যে একহাতে পাইপ আর একহাতে স্টেইজে ওঠার জন্য হাতল ধরে ধরে তিনি উপরে উঠে আসলেন, কাঁচাপাকা চুল গোঁফ তার। আমার এখনও চোখে ভাসে ওই দৃশ্যটা। আমি এক সাইডে বসেছি, বঙ্গবন্ধু অন্য সাইড দিয়ে মঞ্চে উঠে আসলেন। মাইক্রোফোনের সামনে গেলেন। তারপর বক্তৃতা শুরু করলেন। ১০-১৫ মিনিট বক্তৃতা করলেন। এরপর তিনি এগিয়ে আসলেন, বললেন দেখি তুমি কি আঁকছো? আমি তখন বোর্ডসহ ছবিটা এগিয়ে দিলাম।
রাজু আলাউদ্দিন: সেটা কি আপনি বসে বসে তাৎক্ষণিকভাবে আঁকলেন?
শেখ আফজাল: হ্যাঁ, আমি বসে বসে আঁকলাম। জিজ্ঞেস করলেন, তুমি কোন ক্লাসে পড়ো? আমি বললাম, আমি ক্লাস ফোরে পড়ি। তিনি জিজ্ঞেস করলেন, জয়নুল আবেদিনের নাম জানো? আমি বললাম, না জানি না। (হাসি) আসলেই তখন জানি না তো। তারপর বললেন, ঢাকায় আর্ট কলেজ আছে। তুমি ম্যাট্রিক পাস করবা, করে সেই আর্ট কলেজে তুমি ভর্তি হবা। তুমি এসে আমার সঙ্গে দেখা করবা। আমি তোমারে আর্ট কলেজে ভর্তি করায় দেবো। এটা বলার পর তিনি পাঞ্জাবির পকেট থেকে দুইটা দশ টাকার নোট বের করে আমাকে দিলেন। আর আমার যে সিনিয়ররা ছিলেন তাদের বললেন, এই, ওকে নিয়ে তোরা আমার সঙ্গে দেখা করিস। বলে তিনি নেমে গেলেন। এরপর তো হাজার হাজার লোক আমাকে ঘিরে ধরলো। আমার আর কোথাও যাবার পথ নেই। আমি কি আর্ট করলাম সেটা দেখার জন্য, আবার বিশ টাকা গিফট করেছে!
রাজু আলাউদ্দিন: ছবিটা তাকে দেননি সেসময়?
শেখ আফজাল: না, তখন গিফট করা হয়নি। বললেন, পরে দেখা কর। এরপরে মুষলধারে বৃষ্টি। এমন বৃষ্টি শুরু হলো। তিনি বক্তৃতা দিয়ে চলে গেলেন, আর বৃষ্টি শুরু হলো। তিনি তো চলেই গেলেন। তার সঙ্গে আর দেখা হয়নি। এই আমার ছবি আঁকা পুরোদমে শুরু হলো।
রাজু আলাউদ্দিন: এর অর্থ আপনি ছবি আঁকতেন ক্লাস ফোরেরও আগে থেকে…
শেখ আফজাল: ওয়ান থেকেই আঁকতাম। আমার আব্বা দেখিয়ে দিতেন। আমাদের বাড়িতে বোর্ড ছিলো। আমার আব্বা কাঠ দিয়ে পুতুল, গরু ইত্যাদি বানাতে পারতেন। তিনি বোর্ডে এঁকে এঁকে দেখাতেন।
রাজু আলাউদ্দিন: আপনার বাবার মধ্যে তাহলে শিল্পীসত্তা ছিলো…
শেখ আফজাল: তিনি গানবাজনা নিয়ে থাকতেন।
রাজু আলাউদ্দিন: তিনি গান গাইতেন?
শেখ আফজাল: তিনি গান গাইতেন, হারমোনিয়াম বাজাতেন। পাশে হিন্দুদের বাড়ি। প্রত্যেক দিন সেখানে জলসা করতেন। আব্বা ছিলেন ভাইদের মধ্যে সবার ছোট। তিনি বাড়ির কাজটাজ কিছু করতেন না। বল খেলা, গানবাজনা নিয়ে পড়ে থাকতেন। আমার এক ফুফাতো ভাই ছিলো। তার বাবা-মা কেউ ছিলো না। আব্বা-চাচারা তাকে লালন পালন করতেন। তখন থেকেই… তখন উনারা বল খেলতেন। আব্বা ওই গানবাজনা নিয়ে ব্যাস্ত থাকতেন।
রাজু আলাউদ্দিন: তাহলে আপনি আব্বার কাছ থেকেই ছবি আঁকা এবং গান বা সংগীতকলায় বুৎপত্তি পেলেন। আপনি দুটোই পেলেন একসঙ্গে। আপনি হাইস্কুল শেষ করে ঢাকায় এসে ভর্তি হলেন চারুকলায়। সেটা কত সালে?
শেখ আফজাল: সেটা হলো ১৯৭৬ সালে। আমি ওই বছর ম্যাট্রিক পাস করলাম। তার আগের বছর বঙ্গবন্ধু মারা গেলেন। আমার তো মাথায় একেবারে বজ্রপাত। আমি খুব দুশ্চিন্তায় পরে গেলাম। আমার ফ্যামিলি তখন খুব সাপোর্ট করেছে। তাদের কথা ছিলো, আমাকে আর্ট কলেজেই ভর্তি হতে হবে। আমার আব্বা খুব বলতেন অন্য কিছু তোমাকে দিয়ে হবে না। তোমাকে আর্ট কলেজেই ভর্তি হতে হবে।
রাজু আলাউদ্দিন: সেখানে আপনি ড্রয়িং শিখলেন…
শেখ আফজাল: আমি ড্রয়িং, ওয়েল পেইন্টিং, ওয়াটার কালার… এখানে আমি সব মিডিয়ায় কাজ করা শিখলাম… এখানে সাবসিডিয়ারি ক্লাস থাকে, আমি নিয়েছিলাম গ্রাফিক প্রিন্ট। যাইহোক, আমার প্রধান প্রশিক্ষক ছিলেন বাসেত স্যার, নবী স্যার, ফরিদা আপা, মাহাবুবুল আমিন। আর মাহমুদুল হক চেলে গেলেন প্রিন্ট মেকিংয়ে। প্রত্যেক বছর আমাদের অ্যানুয়াল এক্সিবিশিন হতো। প্রতি বছরই আমি পুরষ্কার পেয়েছি। এরপর আমরা যখন ফাইনাল ইয়ারে তখন রশীদ চৌধুরী মারা গেলেন। পোর্ট্রেট করার ব্যাপারটা একটু বলি, একবার প্রতিযোগিতা হলো, জয়নুল আবেদিনের পোর্ট্রেট করতে হবে। কম্পিটিশন কল করা হলো চারুকলার স্টুডেন্টদের মধ্যে থেকে। কেউ আর পার্টিসিপেট করলো না। আমার এক সিনিয়র ভাই, তিনি তখন ভিপি ছিলেন। নাম হলো নাজভি, এখন আমেরিকায় থাকে। নাজভি ভাই আমাকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন আবদুর রাজ্জাক স্যারের সাথে, রাজ্জাক স্যার তখন ডিরেক্টর। আমাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, স্যার, আফজাল ভালো পোর্ট্রেট করে। আবেদিন স্যারের পোর্ট্রেট আফজাল করবে। স্যার বললেন, ঠিক আছে করো দেখি। ওই ছবিটা এখনও ডিন-এর অফিসে ঝুলানো আছি।
তখন এরশাদের সময়। তখন ভাঙচুর, কারফিউ, এটা সেটা, অমুক তমুক, নানা প্রব্লেমে পরেছি আমরা। আমার তো হোস্টেল ছাড়া থাকার জায়গা ছিলো না। এরশাদের সময় একবার শিশু একাডেমিতে গুলি করে একটা শিশুকে মেরে ফেলেছিলো। সেটা বোধহয় একুশে ফেব্রুয়ারির আগের দিন। তো ব্যানার করেছিলাম আমি, নবী স্যার, মুস্তফা মনোয়ার স্যার। আমি তখন জুনিয়র ছিলাম। তখন মেইনলি ব্যানার আঁকতেন রফিকুন্নবী, মনোয়ার স্যার… তারাই আঁকতেন। আমরা রং টং এগিয়ে দিয়ে হেল্প করতাম। মনোয়ার স্যার আমাকে বললেন, তুমি একটা আঁকো। তো আমাকে বললেন যে, আফজাল একটা আঁকো। তখনকার ব্যানারগুলো অনেক বড় বড় ছিলো। প্রায় ২০ বা ১২ ফিটের মতো হতো। তো আমি আঁকলাম--গলা টিপে শিশু হত্যা করেছে, এরকম একটা দৃশ্য। পরের দিন গিয়ে দেখি সত্যি সত্যি এরকম একটা ঘটনা ঘটেছে এবং আমার ছবির বিষয়টি কমন পরেছে। আমি কিন্তু ভীতু টাইপের ছিলাম। মিছিল টিছিলে যেতাম না। কিন্তু পরের দিন আমাদের শিল্পীর কয়েকটি দলে বিভক্ত হয়ে মিছিল বের করে, আমি ওই মিছিলে আমার আঁকা ছবির ব্যানার ধরে এগুতে থাকি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গোলাগুলি। আমরা তখন নজরুলের কবরের পাশ দিয়ে বের হচ্ছি। তখন না আমার হঠাৎ করে কেন জানি একটু ভয় লাগলো। আমি একজনকে বললাম ব্যানার একটু ধরতো। পরে দেখি যে স্টুডেন্টরা দৌড়াদৌড়ি শুরু করে দিলো। গোলাগুলি হয়েছে তো… দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আমিতো ব্যানার ছেড়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে নজরুলের কবরের পাশ দিয়ে চারুকলায় ঢুকেছি… ঢুকে দেখি যে যার যার মতো পালাচ্ছে… আমি দৌড়ে শাহবাগে আসলাম। দেখি যে দোকান সব বন্ধ করে দিচ্ছে। আমি ক্রলিং করে এক দোকানের ভেতরে ঢুকে গেছি। পরে তারা আমাকে বের করে দিলো। ওইদিকে তো যেতে পারছি না, ধোঁয়া উড়ছে… সাইন্সল্যাবের ওইদিকে… ওখান থেকে চলতি একটা বাসে উঠে পরলাম। বাসে উঠে চলে গেলাম ফার্মগেটে। এখন তো হোস্টেলে যেতে পারবো না, কী করি। পরে ভাবলাম দোহা ভাইয়ের বাসায় যাই। দোহা ভাইয়ের বাসা তখন ফিজিক্যাল কলেজের ওইখানে। যাওয়ার পরে দেখি দোহা ভাইয়ের ঘর বন্ধ। চরম বিপদে পরে গেলাম। ওখান থেকে আবার টেম্পু করে গেলাম নিউমার্কেট। উপায় নাই তো, হোস্টেলেই যেতে হবে। গিয়ে দেখি দোহা ভাই হোস্টেলে বসে আছে। দোহা ভাই বললেন, ওই মিয়া, তোমার জন্য বসে আছি। চলো তোমার গাট্টিবোচকা নিয়ে আমার বাসায়। পরে ব্যাগ নিয়ে দোহা ভাইয়ের বাসায় চলে গেলাম। এই রকম সিচুয়েশনে পড়েছিলাম।
রাজু আলাউদ্দিন: আপনি বললেন থার্ড ইয়ার থেকে বিভাগ অনুযায়ী আলাদা হয়ে যায়, তাই তো। আপনি ঢুকলেন কোন বিভাগে?
শেখ আফজাল: আমি ঢুকলাম ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে।
রাজু আলাউদ্দিন: পোর্ট্রেটে আপনার যে পরিচিতি…
শেখ আফজাল: পোর্ট্রেটের কথা বলি… আগের কথাগুলো বলার কারণ আছে। কারণ হলো…
রাজু আলাউদ্দিন: আমাদের পোর্ট্রেট শিল্পী কম। বিখ্যাত ইংলিশ শিল্পী আছেন জোসুয়া রেনল্ডস…
শেখ আফজাল: অনেক আছে…
রাজু আলাউদ্দিন: আমেরিকায় অনেকে বিখ্যাত অবশ্যই আরো আছেন। একটা নাম বললাম আরকি…
শেখ আফজাল: আমাদের রশীদ চৌধুরী মারা গেলেন, তখন নবী স্যার বলেছিলেন রশীদ চৌধুরীর একটা পোর্টে্রট করতে। তার আগে চারুশিল্পী সংসদে জয়নুল আবেদিনের পোর্ট্রেট তো আমি আগেই করেছি। এদিকে আমার থাকার জায়গা নেই। কারণ হলো এরশাদের সময় বিশ্ববিদ্যালয়ে মারামারির ঘটনায় কারফিও দেয়া হয়েছিল। এই কারণে সমস্যায় পড়েছি। নবী স্যার আর তার ছোট ভাই রেজাউন্নবী পাশাপাশি থাকতেন। নবী স্যার বললেন, ওর তো থাকার জায়গা নেই। ওকে গিয়ে নিয়ে আসো। নবী স্যার ডাক দিয়ে নিয়ে যায়। ওখানে থাকতেই আমি আবেদিন স্যারের পোর্ট্রেট করেছি। নবী স্যার আছে যখন… পোর্ট্রেট করি আর নবী স্যারকে দেখাই। স্যার দেখেন কেমন হয়েছে। স্যার বললেন, ঠিক আছে, তুমি চারুকলায় নিয়ে যাও। নিয়ে দেখি সব স্যার মিটিংয়ে বসেছেন… সবাই বললেন ঠিক আছে, খুব ভালো হয়েছে। আর কোন টাচ করবে না।
রাজু আলাউদ্দিন: আচ্ছা, সৈয়দ জাহাঙ্গাীরের সঙ্গে আপনার কিভাবে পরিচয় হয়েছিল?
শেখ আফজাল: জাহাঙ্গীর ভাই শিল্পকলার পরিচালক ছিলেন। তিনি নবী স্যারকে টেলিফোন করে বললেন, নবী, তোমার একজন ছাত্র আছে না আফজাল! তাকে একটু আমার কাছে পাঠাওতো। আমি গেলাম। পরে জাহাঙ্গীর ভাইকে অনেক রকমের কাজ দিতে শুরু করলাম। একদিন তিনি বললেন, আফজাল, কিছু ল্যান্ডস্কেপ করে দাও। আমি করতাম। তাতে কিছু পারিশ্রমিকও পেতাম। পরে একসময় জাহাঙ্গীর ভাই বললেন, তোমার পড়াশুনা শেষ হবে কবে? আমি বললাম, আগামী বছর শেষ হবে। তিনি তখন বললেন, তোমাকে স্কলারশিপ নিয়ে বাইরে যেতে হবে। জাহাঙ্গীর ভাইয়ের বললাম আমি তো এসব প্রক্রিয়া বুঝিনা। তিনি তখন বললেন তোমাকে সেসব চিন্তা করা লাগবে না। আমিই সব ব্যবস্থা করে দিবো। এর ভিতরে নবী স্যার আর বাসেত স্যার একদিন ডেকে বললেন, ওই মিয়া, এই দিক আও, কি খালি ধান্দা করে বেড়াও। মালপানি কামানোর ধান্দা ছাড়ো। রেজাল্ট ভালো করো। তোমাকে নিয়ে আমাদের অন্যরকম চিন্তা আছে। তখন আমার খটকা লেগেছে। স্যার এটা কি বললেন?স্যার বললেন খালি ধান্দা করো না, ভালো রেজাল্ট কর। আমি থিওরিতে অতো ভালো ছিলাম না, আমি খালি প্র্যাকটিক্যালে হাইস্ট নাম্বার পেতাম। থিওরিকে অতোটা গুরুত্ব দিইনি। কিন্তু স্যার যখন ওই কথ বললো, মাথার ভিতর পোঁকা ঢুকে গেলো। ভালো লাগছে না… স্যার কী বললো, এর মানেই তো বুঝতে পারছি না। স্যার একবার উদ্যোগ নিয়েছিলেন আমাকে স্কলারশিপ দিয়ে চিন পাঠাবে। এর ডিসিশনও নিয়েছিলেন, কিন্তু জাহাঙ্গীর ভাই আমার নাম বাদ দিয়ে দেন। তিনি বলেছিলেন ওকে চিন পাঠানো যাবে না, ও যাবে জাপানে। নবী স্যারের বাসায় গেলাম। আমি আর জহির, জহির সবসময় আমার মটর সাইকেলের পেছনে বসতো। চিত্রকর মনির জহির। গেলাম স্যারের ওখানে… স্যার তখন থাকেন লালমাটিয়া। আমি তো বলার সাহস পাচ্ছি না। জহিরই বললো, স্যার, আফজাল ভাইকে না আজ বাসেত স্যার বলেছে, তুমি খালি ধান্দা করো। রেজাল্ট ভালো করো আমাদের মাথায় অন্য চিন্তা আছে। তো স্যার চিন্তা কী? স্যার বললেন, বেকুব, তোমরা তো বোঝ না। ওই বেকুব ভালো করে না পড়লে… আমাদের চিন্তা আছে ওকে আমরা টিচার করবো। আমার তো ঘুম বন্ধ হয়ে গেলো। কি করে কি করি! টাইম নাই। এটা যদি স্যার আগে বলতো! তাহলে আমি আরেকটু ভালো করে পড়াশুনা করতাম। এদিকে পরীক্ষার আছে মাত্র ৩/৪ মাস। ওদিকে ফার্স্ট পার্টে খারাপ হয়েছে। মানে একটু নাম্বার কম। তারা বললেন, এখন থেকেই চেষ্টা করো। তো আমি চেষ্টা করতে শুরু করলাম। পরে রেজাল্ট হলো, কেউ ফার্স্ট ক্লাস পায়নি। আমি সেকেন্ড ক্লাস নিয়ে তৃতীয় বা চতুর্থ হলাম। আমার আগে হলো চম্পা, অমুক তমুক। মেয়েরা থিওরিতে ভালো। তারপর স্যার বললেন, তোমার প্র্যাকটিক্যালে কত নাম্বার? আমি বললাম স্যার এটা। স্যার শুনে বললেন, প্র্যাকটিক্যালে তোমার সব ফার্স্ট ক্লাস নাম্বার। থিওরিতে কম আছে। তখন জাহাঙ্গীর ভাই স্কলারশিপের জন্য চেষ্টা-তদবির করছে। জাহাঙ্গীর ভাই, নবী স্যার দুজনে মিলে। আমি জাপানের স্কলারশিপ পেলাম। জাপানের মনবুশো স্কলারশিপ। ওই দেশের ভাষায় মনবুশো অর্থ সরকারী স্কলারশিপ। আমি সিলেক্ট হয়ে গেলাম। জাপানে চলে গেলাম।
রাজু আলাউদ্দিন: কত সালে গেলেন?
শেখ আফজাল: ১৯৮৯ সালে।
রাজু আলাউদ্দিন: একাই গেলেন? ততোদিনে কি বিয়ে হয়েছিলো আপনার?
শেখ আফজাল: হ্যাঁ, তার অল্প কিছুদিন আগে আমি বিয়ে করেছি। আমার স্ত্রীকে ৩ মাস পর জাপানে নিয়ে গেলাম। আমার কিন্তু আবার ভুতের ভয় খুব। একা থাকা মুস্কিল। ওখানে গিয়ে একটা ডরমিটরিতে ছিলাম। পরে বাসা নিলাম। যাতায়াত করতাম একটা ব্রিজের নিচে দিয়ে। শুনেছি… জাপানি ভাষায় বলে ওবাকে, মাঝে মাঝে ওবাকে দাড়িয়ে থাকে ওখানে।
রাজু আলাউদ্দিন: ওবাকে মানে কী?
শেখ আফজাল: ওবাকে মানে ভূত। আমি তো সাইকেল নিয়ে চলাচল করি। ওই জায়গাটা চোখ বন্ধ করে পার হতাম। চালিয়ে দৌড় দিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে ঢুকি। জায়গাটা ভুলবো না। গত দুই বছর আগে গেছিলাম।
রাজু আলাউদ্দিন: জাপানে আপনি মূলত কী শিখলেন?
শেখ আফজাল: ওয়ের্স্টান স্টাইল পেইন্টিং।
রাজু আলাউদ্দিন: ওয়ের্স্টান স্টাইল? কিন্তু ওরা তো প্রাচ্যের একটা দেশ…
শেখ আফজাল: হ্যাঁ, কিন্তু ওদের ২-৩ টা বিভাগ ছিলো। ওদের ট্র্যাডিশনাল পেইন্টিং যেটা, ওরা বলে ‘নিহোঙ্গা’। ‘নিহোঙ্গা’ আমি শিখিনি, কারণ আমার যিনি প্রফেসর ছিলেন তিনি ওয়ের্স্টান স্টাইল পেইন্টিং করতেন। আমি যখন যে টিচারের আন্ডারে যাই সেই টিচার আমি যাওয়ার বছর খানেকের ভিতর মারা যায়। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। পরে জামাল ভাইয়ের যে অ্যাডভাইজার ছিলো তিনি আমাকে টেকওভার করলেন। তার আন্ডারে আমি শুরু করলাম। তার আন্ডারে পড়েই আমার ধারাটা চেঞ্জ হয়ে গেলো। তিনি সেখানকার সাংঘাতিক প্রভাবশালী ও নামকরা চিত্রশিল্পী। তিনি মূলত মর্ডান রিয়েলিস্টিক পেইন্টার। আমার ধারাটা চেঞ্জ হওয়ার জন্য এর বিরাট একটা অবদান আছে। আমার আগের জন এক্সপ্রেশনিস্টদের মতো ছবি আঁকতেন। আর পরের জন রিয়েলিস্টিক। আমি যখন তার কাছে গেলাম তিনি আমাকে বললেন, তোমার চেঞ্জ হতে হবে। চেঞ্জ করো… তুমি বাংলাদেশ থেকে এসেছো। তোমাকে বাংলাদেশে এমন কিছু নিয়ে যেতে হবে যা এ পর্যন্ত হয়নি বা নতুন কিছু নিয়ে যেতে হবে। তখন আমি আমার মতো করে আবার শুরু করলাম। ওসব করে আমি এনএইচকে পুরষ্কার পেয়েছিলাম সেমি-এবস্ট্রাক্ট পেইন্টিংয়ের জন্য। এনএইচকে হলো জাপানের সরকারী গণমাধ্যম। এরপর নিকি আর্ট এক্সিবিশন নামে জাপানের একটা বড় গ্রুপ আর্ট এক্সিবিশনে পুরষ্কার পেলাম। যাইহোক, আমি সেখানে খুব সাকসেস বা ভালো করলাম। শেষ করে দেশে আসলাম।
রাজু আলাউদ্দিন: আপনি ফিরলেন ১৯৯৩ সালে?
শেখ আফজাল: ৯৩ এর মার্চে।
রাজু আলাউদ্দিন: ৯৩ সালে যে এক্সিবিশনটা করলেন সেখানে আমি দেখতে পাচ্ছি নানারকম প্রবণতার পেইন্টিং আছে— একদিকে আছে প্রাচ্য অন্যদিকে জাপানিজ পরিমণ্ডলের ওইসময়ের ছবিও আছে যেমন, চিল্ড্রেনস ওয়ার। সেটা একেবারেই অন্যরকম। এগুলো আপনি এখানে থাকলে হয়তো বিষয় হিসেবে নির্বাচন করতেন না।
শেখ আফজাল: আমার ওখানে থাকার ফলে ভিউটা চেঞ্জ হয়ে গেলো।
রাজু আলাউদ্দিন: আপনি অয়েলে কাজ করেছেন…
শেখ আফজাল: হ্যাঁ। মর্ডান কনটেম্পরারি আর্ট বলতে আমরা মনে করতাম একটু ভেঙেচুড়ে অ্যাবস্ট্র্যাক্ট টাইপের এঁকে দিলে হয়তো কনটেম্পরারি হয়ে যাবে… কিন্তু আসলে তা না… সবকিছুর ভিতরেই… রিয়েলিস্টিক এঁকেও যে মর্ডান হওয়া যায়… সেটা বুঝলাম। অনেক রকম আর্ট এক্সিবিশন দেখার সুযোগ হলো টোকিওতে-- ইন্টারন্যাশনাল, লোকাল। তাতে হলো কী, এভাবে তো ছবি আঁকা যায়। বা এই ধরনের আমি যেটা আঁকি… সেটাকেই একটু অন্যভাবে যদি আমি কম্পোজ করি বা টেক্সচার দিই তখন এক রকম। জাপানে আমি রিয়েলিস্টিক ছবি আঁকছি এবং ক্যানভাস প্রিপারেশনে… তখন থেকেই কিন্তু আমার ক্যানভাসে গ্রাউন্ড তৈরি করার যে একটা ব্যাপার আছে, ক্যানভাসের যে একটা টেক্সচার সেটা রিপিটেটিভ একটা টেক্সচার। ওই টেক্সচারকে কিছু জায়গায় রেখে বা না রেখে… আমি পুরোটাকেই যদি গ্রাউন্ড করি ফেলি তাহলে কেমন হয়?--এরকম ভাবতাম। যেমন, অন্যরকম একটা টেক্সচার তৈরি করা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে, বিভিন্ন রকমের ইন্সট্রুমেন্ট দিয়ে…
রাজু আলাউদ্দিন: আপনার ছবি দেখে আমার মনে হচ্ছে, আপনি ক্যানভাসে কোনো জায়গা ছাড়েন না।
শেখ আফজাল: হুম। মানে সমস্ত জায়গায় কাজ থাকে, সেই কাজটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার।
রাজু আলাউদ্দিন: অন্য অনেকেই আছেন ক্যানভাসে বেশ জায়গা ছেড়ে দেন…
শেখ আফজাল: এতোটুকু জায়গার ভিতরে হয়তো একটা ফর্ম তৈরি করে বা অবজেক্টটা দেয়…
রাজু আলাউদ্দিন: আপনার ক্যানভাসে সমস্ত জায়গা জুড়েই কাজ থাকে।
শেখ আফজাল: আমি বলি, যেমন— এই যে (‘জলকে ছল’ ছবি দেখিয়ে বলছেন) এই ছবির টেক্সচারটা তৈরি করার… এই টেক্সচার কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। ভিতরে টেক্সচার ইউজ করেছি যাতে সাবজেক্টকে যেন ক্ষুন্ন না করে।
রাজু আলাউদ্দিন: মানে পারস্পেক্টিভকে আপনি কাজ দিয়ে ভরে রাখেন…
শেখ আফজাল: চারিদিকে কাজ থাকলেও ফিগারেটিভ পেইন্টিংয়ের একটা কেন্দ্র থাকে, সেখান থেকে দর্শকের চোখ সরে যায় না। তবে আমার পেইন্টিংয়ে প্রথাগত পারস্পেক্টিভের ধারণাকে আমি ওই ভাবে অনুসরণ করি না।
রাজু আলাউদ্দিন: আপনি ওই সময়ে (১৯৯৩ সালে) অয়েলে কাজ করেছেন। এক্সিবিশনে যেটা দেখলাম। এরপর আপনি মিক্স মিডিয়াতে গেলেন…
শেখ আফজাল: জাপানে থাকতে শুধু ওয়েলে কাজ করেছি। মিক্স মিডিয়াতে গেলাম কেন? মেইনলি আসলে অয়েলে কাজ করেছি। ওয়েলে যে ধরনের সুযোগ থাকে অ্যাক্রেলিকে কিন্তু অতো সুযোগ থাকে না। অ্যাক্রেলি মর্ডান একটা মিডিয়া। কিন্তু অয়েলের তো হাজার বছরের ইতিহাস। কিন্তু অ্যাক্রেলিক হলো সত্যি কথা বলতে অনেক রিসেন্ট, আমি মনে করি অ্যাক্রেলিক যথেস্ট টেকসই। অ্যাক্রেলিকের তো বয়স বেশি না। তবুও অ্যাক্রেলিক যথেস্ট টেকসই। যেমন অয়েলে করলে অনেক মেইন্টেন করতে হয়। অনেক নিয়মকানুন পালন করতে হয়…
রাজু আলাউদ্দিন: ফেটে যায়…
শেখ আফজাল: ফেটে যায়, ফাঙাস পরে…
রাজু আলাউদ্দিন: আমাদের আবহাওয়ায়…
শেখ আফজাল: এসি রুমে বা আলোবাতাস চলাচল করে এরকম জায়গায় রাখতে হয়। কিন্তু অ্যাক্রেলিক আপনি যেমন তেমন জায়গায় রেখে দেবেন কিছুই হবে না। সহজে নষ্ট হবে না।
রাজু আলাউদ্দিন: যাইহোক, অ্যাক্রেলিকের দিকে ঝুঁকলেন। অ্যাক্রেলিকে কি কাজ করে আরাম বেশি অয়েলের তুলনায়?
শেখ আফজাল: এটা আসলে বলা মুস্কিল। একেকজনের অভ্যাস একএক রকম। আগে অতো ভালো লাগতো না। এখন ম্যানেজ করতে পারি। এছাড়া, ওয়েল শুকাতে সময় লাগে। কিন্তু এক্রিলিক দ্রুত শুকিয়ে যায়, ফাঙ্গাস ধরে না। ওয়াটার কালারের মতো কাজ করা যায়, আবার ওয়েল পেইন্টিংয়ের মতো কাজ করা যায়।
রাজু আলাউদ্দিন: ওয়াটার কালার কেমন লাগে আপনার?
শেখ আফজাল: ওয়াটার কালারও ভালো লাগে।
রাজু আলাউদ্দিন: পোর্ট্রেটে আপনার একটা অসামান্য দক্ষতা আছে, এ কারণে আপনার খ্যাতিও তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে গ্রামবাংলা, গ্রামবাংলা আপনার প্রধান বিষয়।
শেখ আফজাল: আমার সাবজেক্ট কিন্তু মূলত বাংলাদেশের লাইফ। ইন জেনারেল… আমি যেটা দেখে আসছি, ধরেন চাষ করা…
রাজু আলাউদ্দিন: বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠির যে জীবন, যে পেশা— সেগুলো আপনার চিত্রকলায় বিষদভাবে উপস্থিত। এর পেছনে আপনার কোন দার্শনিক কারণ আছে?
শেখ আফজাল: দার্শনিক কারণ হচ্ছে… আমার যেটা মনে হয়, আমি আগে মানুষ। মানুষকে ভালোবাসি। এটা হলো সবচেয়ে বড় জিনিস। আসলে মানুষকে ভালোবাসি, ভালোবাসা থেকেই কিন্তু এটা… এরসঙ্গে আনুষঙ্গিক এটাওটা আসছে, কিন্তু আমি সুন্দরভাবে এটার উপস্থাপনা করি। একদম রিয়েল ব্যাপারটা হয়তো থাকলো না। কম্পোজিশনের ক্ষেত্রে ওটা হয়। কিন্তু মেইনলি আমি মানুষ, বিশেষ করে ফিমেল ফিগার… ফিমেল ফিগার আমার ছবিতে আসে। এর একটা কারণ আছে, নারী সৌন্দর্য্যের প্রতীক। আমি কিন্তু ফিগারটা সুন্দরভাবে উপস্থাপন করি মানুষ দেখে যাতে শান্তি বোধ করে। আমার ছবির মতো একটা প্রশান্তি আছে। আমার বাচ্চা হওয়ার পরে কিন্তু প্রচুর বাচ্চাদের ছবি এঁকেছি। বাচ্চাদের ফিগার একটু অন্য রকম। বাচ্চাদের প্রতি ফিলিংসটা একটু অন্যরকম হয় না! ভালো লাগে… আপনি যেকোন বাচ্চা… একটা বিড়ালের বাচ্চা দেখলেও ভালো লাগে। একটা কুকুরের বাচ্চা দেখলেও আদর করতে ইচ্ছা করে না! এটা আমার একটা বদঅভ্যাস ছিলো। এখন চলে গেছে। আমার ছেলেরও ছিলো। বাচ্চা দেখলেই না খালি… একটু খোঁচা দিলাম কিংবা একটু ভয় দেখালাম। জড়িয়ে ধরে চাপ দিলাম। এগুলো করতাম। অনেকসময় বাচ্চারা এতে বিরক্ত হতো। কিন্তু আমার কেন যেন মাথার ভেতর একটু অন্যরকম লাগতো। তার কান্না বা হাসি, হামাগুড়ি দিয়ে হাঁটা, বসা এসবকিছু দেখতে সাংঘাতিক ভালো লাগতো। এখন সে অভ্যাস কমে গেছে কিন্তু ভালো লাগা এখনও আছে। সেজন্য ওই সময়ে আমার অনেক পেইন্টিং ছিলো সব আমার বাচ্চাকে নিয়ে। এবারও কিছু পেইন্টিং আমি করবো আমার নাতনিকে নিয়ে। বাচ্চা এবং ফিমেল ফিগার--এটা একটা দিক। আরেকটা বিষয় হলো মেল ফিগার এসেছে। শ্রমিক বা নারীদেরকে অনেকে ভেঙেচুড়ে এমনভাবে আঁকে যে তাতে করে মানুষকে বিশ্রী দেখায়… অনেকে এটা বাসার ভিতর রাখতে চায় না… আমি এটা মুখে বলতে চাই না… তারা মনে করে যে তারা সাংঘাতিক ব্যাপার একটা ব্যাপার করে ফেলেছি।
রাজু আলাউদ্দিন: মানে যেসব দুঃসহ বাস্তবতা যেই ছবির মধ্যে তুলে ধরা হয়…
শেখ আফজাল: আগে কিন্তু বস্তির ছেলেমেয়েদের নিয়ে আঁকতাম। মানে জীবনের নানান রকম সংকট, ঠিকমতো খাবার পাচ্ছে না… বা ওদের ফিগারটা একটু অন্যরকম… আমরা ভাঙাচুড়া আঁকতে কেন পছন্দ করি… ভাঙাচুড়া মানে কী, ওল্ড হোম… শান্তিনিকেতন গেলে বুঝতে পারবেন… সাঁওতালদের বাড়ি, কি সুন্দর ক্যারেক্টার… একদম ঝুপড়ির মতো, একদিক ভেঙে পরছে, আবার ওর ভেতরে বসবাস করছে। এগুলোতে কিন্তু অন্যরকম ফিলিংস আসে। সাংঘাতিকভাবেই এগুলো বাস্তবতা, তাই না! ঝকঝকে বিল্ডিং আঁকতে ইচ্ছা করে না। যেমন রায়েরবাজারে টিনের ঘর, জং ধরে লালচে হয়ে গেছে কিংবা বেড়া একদিক ভেঙে ট্যাপ খেয়ে কাত হয়ে পড়েছে, ঘরের চাল বাঁকা হয়ে গেছে…
রাজু আলাউদ্দিন: এগুলো ভালো লাগে আঁকার জন্য?
শেখ আফজাল: আঁকার জন্য, ওইটা একটা ক্যারেক্টার… এগুলোতে অনেকরকমের ফিলিংস পাওয়া যাবে। যেমন—এই পেইন্টিংটা আঁকছি (একটা অসমাপ্ত পেইন্টিং দেখিয়ে বলছেন)… ফিগার আঁকছি, ফিগার অবশ্য চেঞ্জ হয়ে যাবে… এটা নবান্নের বিষয়…
রাজু আলাউদ্দিন: সবচেয়ে বড় আয়তনের যে ছবিটা?
শেখ আফজাল: হ্যাঁ…
রাজু আলাউদ্দিন: এটা এখন আঁকছেন, এর নাম কি দেবেন… নবান্ন?
শেখ আফজাল: ধান তুলছে,ওইদিকে ধান উড়াচ্ছে কুলা দিয়ে। যখন নবান্ন হয় ধান পাকে, ধানের গাছ হলুদাভ, হলুদের একটা ভাব থাকে। ব্যস্ত এক জীবন তাদের। হয়তো একটু পরে মেঘ আসবে… তাড়াতাড়ি করে ধান ঘরে উঠাতে হবে--এগুলো আমার ফ্যামিলিতেই আমি দেখেছি। তারপর আবার ওই সাইডে কৃষক গরু দিয়ে ধান মারাই করছে।
রাজু আলাউদ্দিন: আপনার চিত্রকর্মের একটা বিশেষ দিক হলো কার্টুন। আমাদের দেশে এই মাধ্যমে ভালো শিল্পী কম।
শেখ আফজাল: কার্টুনে নবী স্যার, শিশির ভট্টাচার্য আর নজরুল ভাই। আরও অনেকে আছেন।
রাজু আলাউদ্দিন: এদের মধ্যে নবী ভাই তো বিশেষ একটা চরিত্রই সৃষ্টি করেছেন…
শেখ আফজাল: তিনি একটা উচ্চ পর্যায়ে চলে গেছেন।
রাজু আলাউদ্দিন: শিশির ভট্টাচার্যের একটা আলাদা সম্মান আছে। এরপর আমি বলবো আপনার অবস্থান। আমি তো কাজগুলো একসঙ্গে দেখিনি… এই যে আপনার এক্সিবিশন হলো ২০২০ সালের ২১ থেকে ১৭ মার্চে, এখানে অনেকগুলো কাজ… আপনার ড্রয়িংয়ের হাত তো অসামান্য…
শেখ আফজাল: এটা একেবারে সাধারণভাবেই শুরু হয়েছে। আমরা টেবিলে বসলে হয় কি, আমরা একটা না একটা কিছু আঁকছি। হয়তো শিশির একটা কিছু এঁকে একটা খোঁচা দিয়ে দিলো। তার জবাবে আবার আমি হয়তো আরও ৩-৪ টা এঁকে ফেললাম। এসব কিন্তু আমরা করতাম আগে থেকেই। প্রথম আমরা যখন পড়তাম চারুকলায়- তখন শিশিরের আগে আমি কার্টুন আঁকা শুরু করি। তখন শিশির ধরেইনি। নবী স্যার শুধু করতেন।
রাজু আলাউদ্দিন: আপনার কার্টুন কী পত্রিকায় বেরুতো না?
শেখ আফজাল: কিছু কিছু বেরুতো। পরে প্রথম আলোর মতি ভাই আমাকে ডেকে বললো তুমি আমাদের এখানে কার্টুন আঁকো না কেন? আমার সাথে ব্যাটে বলে মেলেনি তাই ওখানে কার্টুন আঁকা হয়নি।
রাজু আলাউদ্দিন: এটা শিশির ভট্টাচার্য (ছবি দেখিয়ে)? তাকে টেনে নিচ্ছে কে?
শেখ আফজাল: এটা ওর গার্লফ্রেন্ড। গলায় দড়ি বেঁধে টানছে।
রাজু আলাউদ্দিন: আর এটা কে (ছবি দেখিয়ে)?
শেখ আফজাল: ওর প্রতি দুর্বলতা ছিলো দোহার। দোহা আবার কানে কানে… একটু ভালোবাসা করছে দোহা। শিশির আবার অন্যদিকে একটু কষ্টের ভিতরে আছে।
রাজু আলাউদ্দিন: এখানে একটা কার্টুন দেখতে পাচ্ছি—নিসার, তার হাতে ঝুড়ির মধ্যে দুইটি বোতল…
শেখ আফজাল: এখানে ডায়নোসর এসেছে…
রাজু আলাউদ্দিন: এখানে দোহা, শিশির…
শেখ আফজাল: এটা হচ্ছে আমি, ওইটা মুস্তাফিজ ভাই, শান্তা মরিয়মের চেয়ারম্যান। এখন সবাই এসেছে… যদি অ্যাটাক করে… নিসারকে যদি অ্যাটাক করে… এগুলোর খাবার হচ্ছে এটা… ওই জন্যে বাটিতে করে খাবার দিয়ে বলছে, ভাই তুমি খাবার নাও।
রাজু আলাউদ্দিন: আপনি কার্টুন অনেকদিন থেকেই আঁকছেন। অনেকসময় আমরা দেখেছি আপনার বন্ধুবান্ধব ঘনিষ্টদের আপনি তির্যকভাবে চিত্রায়িত করেছেন…
শেখ আফজাল: এর কতকগুলো কারণ আছে… বন্ধুদের অনেককিছু পছন্দ না। সরাসরি গালিগালাজও করা যায় না। হয়তো আমার অভিমান করতে হয়।… ও এরকম কথা বললো বা আমার পছন্দ অনুযায়ী কাজ করলো না! চুপ করে থাকলাম। ভিতরে কিন্তু কষ্ট তৈরী হলো। ওই কষ্টকে হাল্কা করার জন্য আমি কার্টুন করি। কষ্ট লাঘবের জন্য এটা করি এবং কার্টুনটা দেখে যেন প্রতিপক্ষ একটু রাগে। ওর শাস্তি কিন্তু এটা।… ইনসাল্টিং করে কিছু একটা করা।
রাজু আলাউদ্দিন: ও আপনাকে কষ্ট দিয়েছে বলে আপনি তার ওপর এভাবে প্রতিশোধ নিলেন!
শেখ আফজাল: প্রতিশোধ… বিশেষ করে শিশিরের ওপর প্রতিশোধ, নিসারের ওপর প্রতিশোধ। মুস্তাফিজ ভাই ওইরকম রাগায় না, তারপরও কতগুলো বিষয় আছে না। একটু এক্সেস করে ফেললেই আমি কার্টুন দিয়ে থামায় বাড়ি মারি। ধরেন আপনি এমন একটা কিছু করে বসলেন, যেটা বলা যাবে না। তুমি কার্টুন দেখে যেন থেমে যাও। এরকমও করেছি…
রাজু আলাউদ্দিন: এতে করে সম্পর্ক নষ্ট হয়নি আপনার?
শেখ আফজাল: সবচেয়ে বড় ব্যপার এখানে, অনেকে বলে যে আফজাল ভাই আমার একটা কার্টুন করেন! অমুকে বলে, তমুকে বলে, একটা কার্টুন করেন আমার। কতো জনে যে বলে… কারো করতে সাহস পাই না। কারণ, সে যদি এটা না জানে, সে যদি এটা গ্রহণ না করতে পারে, তাতে সম্পর্ক শেষ হয়ে যাবে।
রাজু আলাউদ্দিন: এরকম ঘটেছে…
শেখ আফজাল: হুম, ঘটেছে…
রাজু আলাউদ্দিন: কে সে?
শেখ আফজাল: যেমন—আমি কার্টুন করি… সেটা হলো ২০০৭/০৮ সালের দিকে, আমি একটা ইনভাইটেশনে গেলাম বাহরাইনে। বাহরাইন অ্যাম্বাস্যাডার আমার রিলেটিভ ছিলেন, আনোয়ার উল আলম শহীদ। তিনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং রক্ষীবাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তিনি সম্পর্কে আমার ফুপা। বাহরাইনে একটা এক্সিবিশন করেছিলাম। তিনি আমার কার্টুন দেখেছেন। আমাকে ডেকে বললেন, আমার একটা কার্টুন করো। আমি ২/৩ দিন আর কোনও কথা বলিনি। আমাকে ধরে বসলেন, আফজাল আমার কার্টুন করো না কেন? আমি বললাম, না ফুপা থাক এমনিতে আপনার একটা পোর্ট্রেট করে দিবো। না, তিনি নাছোরবান্দা। তার কার্টুনই চাই। বলে, করতেই হবে তোমার। আমার একটা খাতা আছে, যেখানে এক্সিবিশন হয় সেখানে বসে বসে স্টাডি করছি। প্রথমে কিন্তু তার একটা পোর্ট্রেট করতে হয়েছে। বসে বসে তার কোনটায় নাক বড় করি, কান বড় করি। পরে কোনটায় আমি এক্সেজেনারেশন করবো কি না করবো… কোন জায়গায় তার নাক বড় করছি, কোন জায়গায় কান বড় করছি… একটু পিকিউলিয়ার করার চেষ্টা করছি আরকি…
রাজু আলাউদ্দিন: চরিত্র অনুযায়ী, আর আপনি তাকে কীভাবে দেখছেন সে অনুযায়ী…
শেখ আফজাল: তিনি আবার বললেন, কী আফজাল করলে না? আমি বলি, চেষ্টা করছি। কোন সময়ে যেন তিনি গিয়ে আমার খাতা উল্টেপাল্টে দেখে ফেলেছেন। দেখে তার মুখ ভার।… কার্টুন করো কার্টুন করো আর কয় না… তখন আমি বুঝেছি, যে তিনি বিষয়টা পছন্দ করেননি। ওই জন্য বলি সবাই এটা নিতে পারে না। যেমন দোহা ভাইয়ের সঙ্গে যতোবার আমার বিরোধ হয়েছে ততোবার তিনি আমাকে থ্রেট দিয়েছেন— বন্ধ করো এটা।
রাজু আলাউদ্দিন: দেখলাম যে দোহা ভাইয়েরই বেশি কার্টুন করেছেন…
শেখ আফজাল: আমি ভাবলাম--দাঁড়ান, বন্ধ করার কথা বললেন কেন? এই কথা শুনে আমি আরও বেশি বেশি আঁকলাম। নিসার আমাকে একবার বলে কী… আমি লুলা হয়ে গেছি, আমাকে হুইল চেয়ারে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এরকম কিছু একটা বলেছে। আমি বলি দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। ও যে রাগবে, রাগে না কিন্তু। হরেকরকম ওর কার্টুন করেছি।
কার্টুন নবী স্যার করেন, শিশির করে। নবী স্যারের ধারা একরকম, শিশিরের ধারা একরকম, আমারটা আরেকরকম। কিন্তু এর সবকিছুর মূলে কিন্তু ড্রয়িং। ড্রয়িং সম্পর্কে দক্ষতা না থাকলে, কোন অবস্থাতেই এটা সম্ভব না। আপনি কোন জায়গায় কতোটুকু কী করবেন, আপনার যদি দক্ষতা না থাকে এটা করা মুস্কিল।
রাজু আলাউদ্দিন: একদম সত্য কথা বলেছেন। কার্টুনিস্টিক আতিশয্য আছে কিন্তু এক্সপ্রেশনে বিন্দুমাত্র হেরফের হচ্ছে না।
শেখ আফজাল: যেমন নিসারের বা দোহার চেহারা, মুস্তাফিজ ভাইদের আমি এঁকেছি। আমি কিন্তু তাদের চেহারা তৈরি করেছি। দেখলেই বুঝতে পারে এটা নিসার, এটা দোহা, এটা শিশির। এমনকি আমি যদি একটা কুমিরও এঁকে দেই না… আমি যেভাবে আঁকি না কেন সবাই বোঝে এটা শিশির এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিসারের কারণেই কিন্তু আমার এসব কার্টুন আঁকা। আমি নিসারকে যত কৌতুককরভাবেই আঁকি না কেন, সে সবসময়ই তার কদর করে। শিশির অনেক সময় থ্রেট দিয়েছে। শিশির অবশ্য থ্রেট দেয়নি।
রাজু আলাউদ্দিন: দেয়া উচিত ছিলো, আপনি তাকে সবসময় কুমিরের মতো করে এঁকেছেন…
শেখ আফজাল: তিনি আমার পিছে সবসময় লেগে থাকেন, আমি তার ভালো কার্টুন করতে পারবো নাতো। তার জন্মদিন, সবাই মনে করেছে আমি নিশ্চয়ই ভালো একটা কিছু আঁকবো। এমন এঁকেছি যে তা দেখে বললো, এ আফজাল ভাই, এ কী এঁকেছেন! আমি কী এরকম নাকি!
রাজু আলাউদ্দিন: আপনাকে নিয়ে এরকম কেউ করেনি?
শেখ আফজাল: শিশির করেছে… আমার একটা মাইক্রোবাস আছে না! মাইক্রোবাসটাকে আমার আদলে এঁকেছে, সামনের অংশে আমার মাথার মাতো টাক বসিয়েছে।
রাজু আলাউদ্দিন: আপনাকে এঁকে ওই মাইক্রোবাসের আদলে তৈরি করেছে?
শেখ আফজাল: … আবার ওই গাড়ির পিছনে একটা টিকিও বসিয়ে দিয়েছে। আবার নামও লিখে দিয়েছে, এটা হলো আফজাল। ওতো আমাকে যাচ্ছেতাই রকমে বেইজ্জতি করেছে!
রাজু আলাউদ্দিন: আমি হলে লিখতাম আপনার নাম আফজাল না আফযান… এটা তো ‘জাল’ না এটা হচ্ছে ‘যান’…
শেখ আফজাল: (হাসি) নিসার তো তাই করতো, নিসার এমন টাইটেল দেয় না! নিসার আমার কার্টুনের কিছু কিছু প্লট তৈরি করে দেয়… এইটার ওপর কর…
রাজু আলাউদ্দিন: আমিও আপনাকে কিছু প্লট দেবো…
শেখ আফজাল: দিয়েন… দোহা ভাই যে মুরগি মেরে ফেলেছিলো, সেটা কি বলেছি? দোহা ভাইয়ের অনেক ঘটনা নিয়ে এঁকেছি। আরেকটা বিষয় হলো তিনি বাসা চেঞ্জ করছেন, সব মালপত্র ট্রাকে উঠিয়ে দিয়েছে, ট্রাক চলে গেছে। এখন দোহার বউ তো ঝাড়ি দিয়েছে দোহাকে। বলে, তুমি একটা উজবুক। তুমি ট্রাকের সামনে বসে কেন যাওনি। তো এই গল্পের উপরে দোহাকে বসিয়ে দিলাম একটা কার্টুনে।
প্রতিলিপি: চিন্তামন তুষার
