অনুভব আহমেদ: একটুখানি আমার হও
কবি অনুভব আহমেদের স্বকন্ঠে স্বরচিত তিনটি কবিতা
যদি কিছু নাই বলো
যদি কিছু নাই বলো সমুদ্র মলিন ঢেউগুলো এসে ভিজিয়ে দেবে কথাগুলো
অনঘ অভিমানে ধরা গলায় বাজবে সেতার
বিকেল হয়ে যাবে পাড়ার মোড়ের চায়ের দোকান...
যদি কিছু নাই বলো শিশুর অসতর্ক হোঁচটের মত ব্যথায় ভাঙবে বুক
বেদনার মৌমাছিগুলো হুল ফোটাবে বোধের শরীরে
রাতের অন্ধকার কেটে কেটে বেড়িয়ে আসবে দীর্ঘশ্বাসের বালুঝড়।
যদি কিছু নাই বলো পথ হারানোর শোকের মত তুমি একা
পথচারীরা না তাকিয়ে, ধাক্কা মেরে চলে যাবে গন্তব্যও
তাই বলো, ফুরিয়ে যাবার আগে মুড়িয়ে যাবার আগে
তাই বলো, বাজে পোড়া গাছের মত অঙ্গার হবার আগে।
জাল
সমস্ত মেঘ নিনাদ আর পলকা অভিমানের দরজা
খুলে দিয়ে দাঁড়িয়ে থাকি,
দাঁড়িয়ে থাকি অস্তিত্বের ক্ষয়াটে লালের ঘেরে
মাছের ঝাঁকের মত নিজের কাছে।
তোমার শরীর,তোমার ঘ্রাণ জালের মত
ঘিরে ফেলে নমনীয় প্রেমে
আমি জল কেটে বেরুতে পারিনা
বৃষ্টিতে ভিজে যায় ঘর-দোর তল্লাট।
একটুখানি আমার হও
একটুখানি আমার হও ,বাকিটা নিজের থেকে
মহুয়ার বনে পাতা হয়ে সুরের সাথে দোলো
নাহয় বহুবার বলা কথাই আবার বলো
একটুখানি আমার হও,বাকিটা নিজের থেকে।
