তারিক সুজাতের কবিতা: তবু বেঁচে থেকো আশা
আহত আকাশে এনেছিলে জন্মের জোয়ার
১.
না ছিল রং
না ছিল কথা
তবু থাকা না থাকায়
বেঁচে থাকা
কখনও অন্ধকারে
আলোর গভীরে
মন বদলায় মনের মানুষ
যে জীবন
যুদ্ধের অন্তহীন পিপাসায়
তারও ঠোঁট
শুকিয়ে গেছে
ব্যথার বারুদে
বি স্ফো র ণ
জন্মের সূচনা!
২.
এখনো বাঁধতে পারি
খুলে দিয়ে
সুতোর সীমানা
যতদূর চোখ যায়
অন্তরালের আড়াল
পাখা মেলে--শৈশবের
আলোর উঠোনে
পৃথিবীর
সময় ফুরায়
কোথাও বৃষ্টি নেই
মুখ বুজে শুয়ে আছে
সারস সময়
৩.
পার হচ্ছে
প্রতিটি প্রহর...
পারাপারহীন
নিস্তরঙ্গ নীলে
তুমি মেঘ
তুমি ঢেউ
আশাহীনের আশ্রয়
তুমি বন্ধু
তুমি
মেঘলীন
আহত আকাশে
এনেছিলে
জন্মের জোয়ার
৪.
পৃথিবী ঘুমিয়ে গেছে
জেগে আছি আমি
অদেখা স্বপ্নের সুতো
জ্যোৎস্নার চাদর বুনে
অথৈ আঁধারে!
৫.
পাখি ডাকা
সবুজ সকাল
তোলে ঢেউ
মনে আসমানে
৬.
ও মাঝি
জলসই
ভেড়াও তোমার তরি
হৃদয়-চৌকাঠে
৭.
জল ছলছল
আ
লো
র
আলিঙ্গন
৮.
তোমার আকাশে
আকাশলীন
আনত
মেঘ মেঘ
শূন্যতায় ভাসি
বেলা থেকে বেলা
নীল-নির্জন
অবহেলা
৯.
ভিনদেশি বারান্দায়
সবুজ দিগন্ত আঁকি
নিজেকে লুকিয়ে ফেলি
ছোট্ট এক টবে
কতদিন গত হলো
কয়েক-ফোঁটা বৃষ্টির
অপেক্ষায়
একটুকরো উঠোন
আমার জীবন!
১০.
কী ফুলে
ঢাকবে আমাকে?
অজস্র চোখের ভিড়ে
লজ্জায় আমি
মা টি র
পোশাক পড়েছি
ও মন
ও ঘাসবন ...
