প্রয়াণের অভিন্ন দিনে গ্রাস ও গালেয়ানো
১৩ এপ্রিল সোমবার, বিশ্ব সাহিত্যের জন্য একটি বিষাদের দিন। এই দিনে দক্ষিণ গোলার্ধে, উরুগুয়ের সাংবাদিক এবং লাতিন আমেরিকার অন্যতম প্রধান লেখক এদুয়ার্দো গালেয়ানো ৭৫ বছর বয়সে মারা যান। ঠিক এই দিনেই, এক সমুদ্র দূরে, জার্মান নোবেলবিজয়ী লেখক গুন্টার গ্রাস, ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তারা দুজনেই কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন।
এই দুই প্রবাদপুরুষ সাহিত্যের এক বিশাল ভান্ডার রেখে গেছেন আমাদের জন্য। তাদের উভয়ের লেখা স্থানীয় পরিসর ছাড়িয়ে বিশ্ব পরিমন্ডলে লক্ষ লক্ষ পাঠকের মনকে আপ্লুত করেছে। তারা দুজনেই ছিলেন প্রতিরোধের সন্তান এবং যাদের কেউ নেই, হয়ে উঠেছিলেন তাদের কন্ঠস্বর।
তাদের প্রয়াণ উপলক্ষে আজকের এই লেখা।
এদুয়ার্দো গালেয়ানো (১৯৪০-২০১৫)
২০০৬ সালে অরুন্ধতী রায় এবং এদুয়ার্দো গালেয়ানো নিউইয়র্ক সিটির টাউন হলে মিলিত হয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল, পরস্পরের সাথে আলোচনা আর উভয়ের বইয়ের নির্যাস আহরণ করা। অরুন্ধতী সে সময় গালেয়ানোকে তার “টুইন ফ্রম আক্রস দ্য ওয়ার্ল্ড” অর্থাৎ যমজ হিসেবে পরিচয় করিয়ে দেন। এভাবে অভিহিতকরণটা ছিল ন্যয়সঙ্গত। যদিও গালেয়ানোর প্রথম লেখাটি প্রকাশিত হয় অরুন্ধতী রায়ের জন্মের দুই বছর পর, তবুও তাদের মধ্যে মিল ছিল দারুণ, কেননা তারা উভয়ই ছিলেন নব্য-উদারতাবাদী বিশ্ব ব্যবস্থার কঠোর সমালোচক। তারা দু’জনেই কথাসাহিত্যের লেখক হিসেবে শুরু করেছিলেন, কিন্তু প্রায় একইসাথে তারা ভাবাবেগময় অথচ জ্বালাময়ী রাজনৈতিক লেখায়ও শাখা-প্রশাখা বিস্তারে মগ্ন হয়েছিলেন।
গালেয়ানোর মৃত্যুর পর, তার উপর বর্ষিত প্রশংসার প্রতিটি শব্দই তার বিখ্যাত সব লেখাগুলির প্রতি আলোকপাত করে: দ্য ওপেন ভেইনস অব লাতিন আমেরিকাঃ ফাইভ সেঞ্চুরি অব দ্য পিলেজ অব আ কন্টিনেন্ট (১৯৭১), মেমরি অব ফায়ার (১৯৮২-৮৬) এবং সকার ইন সান এন্ড শ্যাডো (১৯৯৫)।
এই বইগুলির মধ্যে, ওপেন ভেইনস অব লাতিন আমেরিকা বইটি উপনিবেশবাদ এবং বৈশ্বিক পুঁজির যমজ শক্তি কীভাবে গোটা মহাদেশটাকেই পাল্টে দিয়েছে, তা বোঝার জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে। উরুগুয়ে, ব্রাজিল, চিলি এবং আর্জেন্টিনার ডানপন্থি সরকার বইটি প্রকাশের সাথে সাথে তা নিষিদ্ধ করে। ২০০৯ সালে, ঘটে আরেকটি বিখ্যাত ঘটনা। এই সময় হুগো শ্যাভেজ তার দেশ সফরকালে বারাক ওবামার হাতে ওপেন ভেইনস অব লাতিন আমেরিকা বইটির একটি কপি তুলে দেন। ঠিক তার পরের দিন, এতো বেশি লোক বইটি কিনেছিল যে এটি অ্যামাজনের বেস্টসেলার তালিকায় দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল।
দুর্দান্ত সাফল্য পাওয়া সত্ত্বেও, অনেক প্রসিদ্ধ লেখকের মতো গালোয়ানোও শেষ পর্যন্ত বইটির শ্রেষ্ঠত্ব মেনে নেননি। তিনি বলেছিলেন, এটি ভালোভাবে লেখার জন্য রাজনৈতিক-অর্থতত্ত্ব সম্পর্কে যে জ্ঞান থাকা উচিত ছিল, তা তার ছিল না। আর তার শৈলীটিও ছিল বেশ রাশভারী। যদিও এটি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ছিল। তবে শুধুমাত্র এই বইটির জন্য তাকে মনে রাখলে, সেটিও কিন্তু ভুল হবে। গত চার দশকে তিনি আরও অনেক অমূল্য লেখা আমাদের উপহার দিয়েছেন। ‘দ্য নো-বডিস’-এর মতো অসাধারণ কবিতা কিংবা লাতিন আমেরিকান লোককাহিনী, বিশ্বইতিহাস অথবা ফুটবল, সবক্ষেত্রেই গালেয়ানো ছিলেন অবিশ্বাস্য সাহিত্যিক দক্ষতাসম্পন্ন একজন মানুষ।
চিলড্রেন অফ দ্য ডেজ: এ ক্যালেন্ডার অফ হিউম্যান হিস্ট্রি (২০১৩, মার্ক ফ্রাইড অনূদিত), বইটিতে বছরের প্রতিটি দিনের জন্য এবং প্রতিটি পৃষ্ঠার জন্য একটি করে গল্প রয়েছে। তাদের প্রত্যেকটিই হল সেই নির্দিষ্ট দিনের সাথে সম্পর্কিত কোন ঐতিহাসিক তাৎপর্যের গল্প। এই প্রক্রিয়ার মাধ্যমে গালেয়ানো তার রচিত মানচিত্রে অখ্যাত কিংবা ভুলে যাওয়া নানা ধরণের গল্প এবং তার নায়কদের ফিরিয়ে নিয়ে আসেন। সবগুলি গল্পই প্রগতিশীল রাজনীতির প্রচার এবং হতভাগ্যদের বিজয়ী করার অভিপ্রায়ে লেখা হয়েছে। বইটির প্রশংসা করতে গিয়ে আমেরিকান লেখিকা জুলিয়া আলভারেজ বলেছেন, “আমাদের প্রিয় লেখককে কোন ক্যাটাগরিতে রাখব: ইতিহাসের-কবি নাকি ঐতিহাসিক-কবি? গালেয়ানো আসলেই একজন সত্যিকারের শেহেরজাদে। তিনি সবসময়ই আমাকে নৈতিকভাবে জাগ্রত করে রাখেন, সেই সাথে আমার কর্মশক্তিকেও শানিত করে..."।
মিররস: স্টোরিস অফ অ্যালমোস্ট এভরিওয়ান (২০০৯, মার্ক ফ্রাইড অনূদিত) গালেয়ানোর অন্যতম সেরা বই মিররস্-এর মাধ্যমে মানব ইতিহাসকে বলতে গেলে একটি ক্যাপসুলের মধ্যে পুরে পাঠকের সামনে নিয়ে এসেছেন। প্রায় ৬০০টি সংক্ষিপ্ত ভুক্তির মাধ্যমে তিনি প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান অবধি ঘুরে বেড়িয়েছেন। ইতিহাস জুড়ে মানুষ দারিদ্র, ধর্ম, বর্ণ, যৌন পরিচয় ইত্যাদি নানা কারণে নিগৃহীত হয়েছে। তারা ছিল অসহায়। এ সব কিছুর মূলে ছিল ক্ষমতা। মিররস্-এর প্রতিটি ঘটনায় গালেয়ানো সেই ক্ষমতাকে চূর্ণ করেছেন। মাটিতে নামিয়ে এনেছেন। সত্য যখন বিদ্যমান কর্তৃত্ব দ্বারা নির্ধারিত হয়, সেই ভুলকে তিনি ছোট দুর্ঘটনা বলে অবহিত করেন।
আপসাইড ডাউন: অ্যা প্রাইমার ফর দ্য লুকিং গ্লাস ওয়ার্ল্ড (২০০১, মার্ক ফ্রাইড অনূদিত) বইটিতে গালেয়ানো “উত্তর” (কেবলমাত্র, উন্নত আর ধনী দেশেরই নয় বরং উন্নয়নশীল রাষ্ট্রের অভিজাত ও উচ্চশ্রেণিরও একটি লঘুলিপি বটে) এবং “দক্ষিণ” (অনুন্নত দেশ তথা মানুষ)-এর প্রভাব, ক্ষমতা এবং সম্পদের তুলনা করেছেন। এটি ভোক্তা সংস্কৃতি এবং পুঁজিবাদের এমন একটি অভিযোগপত্র, যা চলমান পদ্ধতি এবং ক্ষমতার ধরন কীভাবে বিশ্বজুড়ে বৃহত্তর বৈষম্য, দারিদ্র এবং অবিচারে অবদান রাখে, তারই যেন এক অনুসন্ধান। যদিও বইটি লাতিন আমেরিকাভিত্তিক, কিন্তু গালেয়ানোর অন্যান্য কাজের মতোই এটিরও পরিধি বিশ্বব্যাপী।
ওয়াকিং ওয়ার্ডস (১৯৯৫, মার্ক ফ্রাইড অনূদিত) বইতে গালেয়ানো ইতিহাসকে পুনরুদ্ধার করতে ভিগনেট বা চরিত্রচিত্র ব্যবহার করেছেন। তবে সেগুলি ছিল কল্পিত, জীবন্ত ইতিহাস নয়। গালেয়ানো তার গল্প লেখার জন্য প্রাচীন এবং সমসাময়িক লাতিন আমেরিকান মিথ ও লোককাহিনী অনুসরণ করেছেন। ব্রাজিলিয়ান শিল্পী হোসে ফ্রান্সিককো বোর্হেস তার বইয়ের চিত্রায়ণের কাজটি করেন। বইটিতে গালেয়ানোর ভিন্ন আরেকটি দিক প্রকাশিত হয়েছে। আর তা হলো, তিনি একজন মহান কল্পবিজ্ঞানীও বটে।
দ্য বুক অফ এমব্রেসেস (১৯৯১, সেড্রিক বেলফ্রেজ অনূদিত) বইটিতে গালেয়ানোর নিজের জীবনকাহিনীর আভাস মেলে। উরুগুয়ে থেকে নির্বাসনে থাকার সময় এবং তিনি ও তার স্ত্রীর সন্তান হারানোর কথা বইটিতে পাওয়া যায়। তা সত্ত্বেও বইটিতে ঠিকই গালেয়ানোর নিজস্ব মদিরার সন্ধান মেলে, বিশেষ করে ঐ সময়ের রাজনীতির তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণে। এটি একটি নির্দিষ্ট ধারায় সরল শ্রেণিবিন্যাসকে উপেক্ষা করে, যার মধ্যে গালেয়ানোর অনবদ্য শৈলীর উপাখ্যান থেকে স্বপ্ন পর্যন্ত, সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে।
গুন্টার গ্রাস (১৯২৭-২০১৫)
দ্রুত, অথচ ভয়ানক এক অসুস্থতার কারণে গুন্টার গ্রাসের মৃত্যু হয়। তার জীবন ছিল দীর্ঘ, পূর্ণ দৈর্ঘ্য এক জীবন তিনি যাপন করেছিলেন। এটি ছিল এমন এক জীবন, যা বিতর্ক আর দ্বন্দ্ব থেকে মুক্ত ছিল না।
তার সর্বশ্রেষ্ঠ সাফল্য ছিল তার প্রথম উপন্যাস, দ্য টিন ড্রাম। বইটির প্রথমে অশ্লীল হিসেবে চিহ্নিত হয়েছিল, কিন্তু পরে বিংশ শতাব্দির পশ্চিমা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃতি লাভ করে। তবে সমালোচক এবং পাঠক, যারা টিন ড্রাম-এর ভূয়সী প্রশংসা করেছেন, তারা কিন্তু তার পরবর্তী লেখার ক্ষেত্রে তেমনটি করেননি। তবে পরবর্তীকালে প্রকাশিত তার ক্র্যাবওয়াক বইটিও বেশ আলোচিত ছিল।
টিন ড্রাম-এর পর কেন গুন্টার গ্রাসের অন্যান্য বইগুলি তেমন সফলতা পায়নি? তার একটি যুক্তি হিসেবে ধরা হয় যে, মানুষ আশা করেছিল যে সেগুলি হয়তো টিন ড্রাম-এর কেও ছাড়িয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, বইগুলির কোনটাই তা পারেনি! তবুও, তার বেশ কিছু বইই কিন্তু নিজস্ব স্বকীয়তায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং সেগুলি সাহিত্য জগতে একটি দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে।
গুন্টার গ্রাস তার লেখার ক্যারিয়ারের সাফল্যের চেয়ে গোপনে অনেক বেশী পরিণতিমূলক এবং গোলমেলে কিছু একটা নিয়ে ব্যস্ত ছিলেন। তার সাহিত্য ও জনজীবনের নাৎসিবাদের অভিযোগ এবং জার্মান রাজনীতির কঠোর সমালোচনার মাধ্যমে তিনি তার দেশের নৈতিক বিবেক হিসেবে পরিচিত লাভ করেছিলেন। তার কাছে, লেখার শিল্পটি ক্ষমতা, রাজনীতি এবং ন্যায়বিচারের প্রশ্নের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত ছিল। বিতর্ক আর সক্রিয়তা পরবর্তীকালে তার প্রতিভাকে আরও বিধ্বংসী করে তুলেছিল। কয়েক বছর ধরে গোপনীয়তা অবলম্বনের পর, তিনি ২০০৬ সালে প্রকাশ করেন যে তিনি ১৯৪৩ সালে কিশোর বয়সে নাৎসি ওয়াফেন এসএস-এর সদস্য ছিলেন। এ সম্পর্কে তিনি বলেছিলেন, তাকে তারা প্রলুব্ধ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার দেশ দখল করা হয়েছিল। যুদ্ধের পর তার লেখায় বেদনায়ক উত্তাল সেই বছরগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
১৯৯৯ সালে তাকে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে ভূষিত করে। তারা বলেছিলেন, গুন্টার গ্রাস জার্মান সাহিত্যকে “দশকের পর দশক ধরে ভাষাগত ও নৈতিক ধ্বংসের পর একটি নব সূচনা” এনে দিয়েছেন। তার রহস্যময় উপন্যাসগুলি জার্মান ইতিহাসকে পাশবিকভাবে জেরা করেছিল। এবং তিনি নাৎসিবাদের ভয়াবহতা ও এর সাথে সম্পর্কিত সবকিছুকে পুনরূজ্জীবিত করেছিলেন। গুন্টার গ্রাস জার্মানিকে মনে রাখতে বাধ্য করার জন্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক কন্ঠস্বর হিসেবে রয়ে গেছেন এবং সেই সাথে তিনি একটি স্থায়ী উত্তরাধিকারও রেখে গেছেন।
আপনি যদি সেসবের সাক্ষাৎ পেতে চান কিংবা প্রথমবারের মতো সেগুলির মুখোমুখি হতে চান, তাহলে গ্রাসের দীর্ঘ বৈশিষ্টময় কর্মজীবনের জটিলতা বোঝার জন্য নিচের বইগুলি পড়তে পারেন।
দ্য টিন ড্রাম গুন্টার গ্রাসের অসাধারণ একটি উপন্যাস। নাৎসি জার্মানির উত্থান ও পতনের মাঝে বেঁচে থাকা এক বামনের আত্মজীবনী। ১৯৫৯ সালে ডাই ব্লেচট্রোমেল নামে এটি প্রকাশিত হয়।
উপন্যাসটির প্রধান চরিত্র অস্কার মাতজারথ একটি পাগলা গারদ থেকে গল্পের বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, যৌবনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তিন বছর বয়সে (তৃতীয় জন্মদিনে) সচেতনভাবে বেড়ে ওঠা বন্ধ করে দিয়েছেন। বুদ্ধিবৃত্তিকভাবে তিনি স্বাভাবিক থাকলেও তার শারিরীক বিকাশ ও বৃদ্ধি থেমে যায়। তিনি বামন বনে যান। অস্কারের কন্ঠস্বর কাঁচকে টুকরো টুকরো করে দেবার মতো তীক্ষ্ণ এবং তার আবেগ টিনের ঢাকের মতো বাজে; আর সেগুলি দিয়ে তিনি অতীতের স্মৃতি আঁকেন এবং বর্তমানের ত্রুটি-বিচ্যুতি নিয়ে অভিযোগ করেন। মানুষ এবং ঘটনা থেকে বিচ্ছিন্ন থেকে, তিনি যে ভয়াবহতা, অবিচার এবং উদ্ভটতা দেখেন সে সম্পর্কে মন্তব্য করেন। অস্কার তার মায়ের অদ্ভুত মৃত্যু এবং একইভাবে অভিযুক্ত বাবারও অস্বাভাবিক মৃত্যু, এই দুইয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকেন।
অস্কার একটি কাটা আঙুল আবিস্কার করে, খুন না করেও দোষী সাব্যস্ত হন এবং তাকে কারারুদ্ধ করা হয়। সেখান থেকে আবার পাগলা গারদে। ত্রিশ বছর বয়সী অস্কার এক সময় পাগলা গারদ থেকে মুক্তি পেতে চলে, মৃত্যু তাকে সর্বত্র অনুসরণ করে, কীভাবে করে, তা সে অনুভব করতে পারে এবং সে কীভাবে বেঁচে থাকবে তা নিয়ে ভাবে।
উপন্যাসটিতে নাৎসি যুগের দীর্ঘ দুঃস্বপ্ন থেকে শুরু করে যুদ্ধোত্তর জার্মানির নৈরাজ্যের চিত্র পাওয়া যায়।
ক্যাট এন্ড মাউস উপন্যাসটি দ্য টিন ড্রাম-এর সিক্যুয়েল। গল্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও নাৎসী শাসনের সময়কে আবর্তন করে রচিত হয়েছে। উপন্যাসটিতে গ্রাস রূপক অর্থে “বিড়াল আর ইঁদুর” শব্দ দু’টি ব্যবহার করেছেন। বিড়াল প্রধানত নিপীড়ক, দমনকারীকে প্রতিনিধিত্ব করে (নাৎসী) আর ইঁদুর শিকারের (দখলকৃত এবং অপমানিত পোল্যান্ডের) প্রতিনিধিত্ব করে ।
জোয়াকিম মাহল্কে, একজন জার্মান কিশোর। সে ক্লাউন বা জোকার হবার এক উদ্ভট ইচ্ছা নিয়ে বড় হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেড়ে ওঠা নিঃসঙ্গ ও বীতরাগী এক বন্ধু পিলেনজ, জোয়াকিমের গল্প বলে। জোয়াকিম ও তার বন্ধুরা ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের মাঝে গুপ্তধনের সন্ধান করতে সমুদ্রে ডুব দিত। একদিন এক জার্মান সাবমেরিন ক্যাপ্টেন তার স্কুল পরিদর্শন করেন এবং যুদ্ধের গৌরব আর মহিমা নিয়ে বক্তব্য দেন। সেটি ছিল সেই সময়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতাস ইউরোপ জুড়ে বইতে শুরু করেছিল। জোয়াকিম মাহল্কে শৈশব থেকেই দুষ্টু প্রকৃতির ছিল। সে সেই ক্যাপ্টেনের লোহার ক্রুসটি (নাইট ক্রসটি) চুরি করে। যদিও পরে সে ধরা পড়ে এবং চুরির অপরাধে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। যাইহোক, পরে সে একটি জার্মান সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। পরবর্তীকালে, যুদ্ধ ক্ষেত্রে ট্যাঙ্ক যোদ্ধা হিসেবে শত্রুর অনেক ট্যাঙ্ক ধ্বংস করে ও অসীম সাহসিকতার পুরস্কারস্বরূপ একটি লোহার ক্রুশ অর্জন করে। একসময় জোয়াকিম মাহল্কে তার শৈশবের স্কুল দেখতে আসে, কিন্তু অতীতের চুরি কান্ডের কথা মাথায় রেখে প্রিন্সিপাল তাকে ছাত্রদের সাথে যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেননি। ঘটনাটি তাকে বিচলিত করে। সে সামরিক চাকুরি ছেড়ে দেয়। উপন্যাসটি শেষ হয় জোয়াকিম মাহল্কে আবারও জাহাজের ধ্বংসাবশেষ খুঁজতে সমুদ্রে ডুব দেয় কিন্তু আর সে ফিরে আসে না। সিস্টেম দ্বারা একটি মানুষ কীভাবে ক্ষয়ে যায়, গুন্টার গ্রাস তার ক্যাট এন্ড মাউস উপন্যাসটি সেটিই তুলে ধরেছেন।
পিলিং দ্য অনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মাসগুলিতে ওয়াফেন-এসএস-এ থাকাকালে গুন্টার গ্রাসের স্মৃতিচারণের বিবরণ জার্মান সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল।
বইটিতে, গ্রাস একে একে পেঁয়াজের খোসার মতো তার স্মৃতির খোসা ফেলে দেয়। তিনি প্রকাশ করেন, ১৭ বছর বয়সে তার নৌবাহিনীতে যোগ দেবার ইচ্ছা থাকলেও কীভাবে তাকে এসএস-এতে ভর্তি করানো হয়। পরবর্তীকালে তিনি আমেরিকান একটি শিবিরে যুদ্ধবন্দী ছিলেন। যুদ্ধের পরে, গ্রাস একজন শিল্পী হবার সংকল্প করেন এবং তার প্রথম স্ত্রীর সাথে প্যারিসে চলে যান।
যৌবনের সাহসিকতা, যুদ্ধোত্তর জার্মানির ধ্বংসস্তূপ, বন্য প্রেমের রোমাঞ্চ এবং পঞ্চাশের দশকের গোড়ার দিকে প্যারিসের উচ্ছ্বাসে ভরা পিলিং দ্য অনিয়ন গ্রাসের সবচেয়ে একান্ত বিষয়গুলি সকলের সামনে নিয়ে আসে। তার ঘটনাগুলি একটি সরল বিবরণের চেয়েও, পেঁয়াজের খোসা ছাড়িয়ে- স্মৃতি, সত্য এবং ইতিহাসের বিপরীতে একটি বহুস্তরবিশিষ্ট জিজ্ঞাসাবাদ হয়ে ওঠে।
ডগ ইয়ারস গ্রাস তার ট্রিলজির শেষ এই বইটিতে ড্যানজিগ শহরের বাসিন্দা এবং তাদের বৈশিষ্ট্যগুলিকে আরও গভীরভাবে চিত্রিত করেছেন। আরও একবার, ঐতিহাসিক ও কিংবদন্তি ঘটনাগুলি অন্ধকার জাদুবাস্তবতায় ভরা থাকে। বইটি তিনভাগে বিভক্ত হয়ে ১৯২০ থেকে ১৯৫০ দশক পর্যন্ত বিস্তৃত হয়েছে।
১৯২০ দশকের গোড়ার দিকে, দুই বন্ধু ওয়াল্টার মেটার্ন (জার্মান)এবং এডুয়ার্ড অ্যামসেলের (আধা ইহুদী) মধ্যে বন্ধুত্বের মধ্য দিয়ে ডগ ইয়ারস উপন্যাসটির গল্প শুরু হয়। বইটি নাৎসিবাদের নৃশংসতা চিত্রিত করে এবং সেটি যুদ্ধের সীমানা অতিক্রম করে ১৯৫০ দশকে চলে যায়, যেখানে দেখা যায় পশ্চিম জার্মানীর বিকাশমান অর্থনীতি ভয়ঙ্করভাবে জালিয়াতি আর ভন্ডামিতে ভরা।
দ্য ফ্লাউন্ডার গুন্টার গ্রাস ক্লাসিক রূপকথার প্রতি নিজের ঝোঁককে তুলে ধরেন । দ্য ফ্লাউন্ডার তার প্রথম উপন্যাস, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত নয়। এটি “দ্য ফিশারম্যান অ্যান্ড হিজ ওয়াইফ” রূপকথার গল্প অবলম্বনে সৃষ্টি।
দ্য ফ্লাউন্ডার শুরু প্রস্তর যুগের একজন জেলেকে নিয়ে, যিনি একটি ‘কথক’(ফ্লাউন্ডার) মাছ ধরেন। তারা উভয়েই অমর, যুগে যুগে একসাথে চলে এবং খাদ্য, নারী এবং যুদ্ধকে উপজীব্য করে গল্পের সন্ধান করে। উপন্যাসে একটি নারীবাদী গোষ্ঠী ইতিহাস জুড়ে পুরুষের আধিপত্য নিশ্চিত করতে সাহায্য করার জন্য ফ্লাউন্ডারকে বিচারের মুখোমুখি করতে চায়।
উপন্যাসটিতে গুন্টার গ্রাস, ১৯৭০ দশকে পশ্চিম জার্মানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নারীবাদের তরঙ্গকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। বইটি ধারাবাহিকভাবে এগারটি নারী চরিত্র এবং তাদের সাথে আন্তঃসম্পর্কিত (আপতদৃষ্টিতে অমর) পুরুষ বর্ণনাকারীর মাধ্যমে, লৈঙ্গিক বা নারী ও পুরুষতান্ত্রিক যুদ্ধের পরিপ্রেক্ষিতে সমগ্র ইতিহাসকেই যেন অন্বেষণ করে।
বিদেশী জার্নাল এবং লেখকদ্বয়ের বই অবলম্বনে।
