২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্য গ্রেট ডিক্টেটর

এই ছবি নির্মাণের আগে চ্যাপলিন ঘোষণা দিয়েছিলেন, "আমার পরবর্তী নতুন ছবিতে এই ভবঘুরেটিকে আর তেমন মজাদার চরিত্রে দেখতে পাবেন না। ”

দ্য গ্রেট ডিক্টেটর

আলোকচিত্র:

সৈয়দ তারিক সৈয়দ তারিক

Published : 16 Apr 2023, 01:19 PM

Updated : 16 Apr 2023, 01:19 PM

চার্লস স্পেন্সার চ্যাপলিন ওরফে চার্লি চ্যাপলিনের ছবি মানেই মজা। হো হো হাসির উল্লাস। কিন্তু এর পরতে পরতে জড়িয়ে থাকে কান্না। মর্মবেদনা। 'সিটি লাইটস'-এর অন্তিম দৃশ্য দেখে কে-বা চোখের পানি না ফেলে থাকতে পারে, যদি সে সংবেদনশীল মানব হয়ে থাকে! 'সার্কাস', 'দ্য কিড', 'গোল্ড রাশ', 'সিটি লাইটস', 'মডার্ন টাইমস' -- সব ছবিতেই ফুটে উঠেছে জীবনের বিপুল বঞ্চনা, দারিদ্র্য, নির্মমতা, অসহায়ত্ব। সব কিছুই পরিবেশিত হয়েছে চ্যাপলিনীয়  ভবঘুরে ভাঁড়ের হাস্যকর ভঙ্গিমা ও ঘটনাবলির মধ্য দিয়ে।

চ্যাপলিন ছবি নির্মাণ শুরু করেছিলেন নির্বাক  সিনেমার যুগে। তার প্রথম সবাক ছবি 'দ্য গ্রেট ডিক্টেটর' (১৯৪০)-এর শুরুতেই দেখা যায়, বিশালকায় যুদ্ধাস্ত্রের সাথে মানুষের হাস্যকর অবস্থান। যন্ত্র ও মানবের এই সাংঘাতিক অবস্থান আমরা আগেই দেখেছি 'মডার্ন টাইমস'-এ। মানুষ সেখানে উৎপাদন যন্ত্রের কাছে অসহায় পুতুলের মতো। এই ছবিতে সেই যন্ত্র হলো মারণাস্ত্র। আরও ভয়াবহ। অনেক মনীষীই নিজের ভাষায় বলেছেন, মানুষ যে-যন্ত্র ব্যবহার করে, সে নিজেই সেই যন্ত্রেরই যন্ত্র অর্থাৎ নিয়ন্ত্রিত হয়ে উঠছে ক্রমে।  চ্যাপলিন সেই সত্যকে হাস্যরসের মধ্য দিয়ে প্রকাশ করলেন।

এই ছবি বিশেষভাবে রাজনৈতিক। এই ছবি নির্মাণের আগে চ্যাপলিন ঘোষণা দিয়েছিলেন, "আমার পরবর্তী নতুন ছবিতে এই ভবঘুরেটিকে আর তেমন মজাদার চরিত্রে দেখতে পাবেন না। আমি তার চরিত্রটিকে ধারালো করে তুলেছি।"-- হ্যাঁ। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে নির্মিত ছবিটিতে স্বৈরশাসক হেঙ্কেলের ভূমিকায় চ্যাপলিন যখন ভূগোলোকটিকে নিয়ে প্রায় পরাবাস্তবতার ব্যঞ্জনায় খেলাধুলা করতে থাকেন, তখন ক্ষমতাবান ও ক্ষমতালিপ্সু সম্প্রদায়ের দম্ভ ও খেয়ালিপনা অবচেতনভাবেই দর্শকের মনে গেঁথে যায়, তাকে নাড়া দেয়। তবে একপর্যায়ে যখন গ্লোবটি ফেটে যায় ও স্বৈরশাসক কান্নায় ভেঙে পড়ে তখন এর মধ্য দিয়ে চ্যাপলিন বার্তা জানালেন : নিরঙ্কুশ ক্ষমতাও অনন্ত সময়ের জন্য নয়। পতন অবশ্যম্ভাবী। তাছাড়া ছবিতে স্বৈরাচার, সামরিক দুরাচার ও ফ্যাসিবাদ কীভাবে মানব সভ্যতাকে বিপর্যস্ত করে তোলে তার উপস্থাপনা দেখতে পাই।

ছবির শেষে একটি আবেগময় বক্তৃতা আছে। নাপিতরূপী চ্যাপলিনকে যখন চেহারার সাযুজ্যের কারণে হেঙ্কেল হিসাবে ধরে নেওয়া হয়, তার মধ্যেও যুগপৎ হাস্যরস ও জীবনের নির্মমতার প্রকাশ আছে। ওই বক্তৃতায় তিনি বললেন : "কোনো দেশের সম্রাট আমি হতে চাই না। পৃথিবীর সব দেশের মানুষই আমার বন্ধু, আমার ভাই। সে ইহুদি হোক, নিগ্রো হোক, সাদা হোক কিংবা কালো -- যাই হোক না কেন। লোভ ও লালসা মানবতার সবচেয়ে বড় শত্রু। মানুষে মানুষে ঘৃণা ও বিদ্বেষ কখনই চিরস্থায়ী নয়। স্বৈরশাসকদের পতন ঘটবেই এবং সমস্ত ক্ষমতা জনগণের হাতে ফিরে যাবেই। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম করতে হবে, আত্মত্যাগ করতে হবে। যন্ত্রের চাইতে মানুষ বড়, যুদ্ধের চাইতে শান্তি বড় এবং ধ্বংসের চাইতে সৃষ্টি আরও বড়।" -- এই বক্তৃতা যুদ্ধোন্মাদ সময়ে শান্তিবাদী মানবের হৃদয়ের আর্তি।

চ্যাপলিন আবেগময় শিল্পী : যেমন অভিনয়ে তেমনি চলচ্চিত্র নির্মাণে। তার আবেগ মানবতাবাদী। তার আবেগ সুন্দরের জন্য, কল্যাণের জন্য, শান্তির জন্য। তার আবেগ আমাদের প্রণোদিত করে। উচ্চকিত হাস্যরসের মধ্য দিয়েও সূক্ষ্ম প্রণোদনা দেওয়া চ্যাপলিনের মতো মহান শিল্পীর পক্ষেই সম্ভব।

১৬ এপ্রিল চার্লি চ্যাপলিনের জন্মদিন। তাকে জানাই জন্মদিনের শ্রদ্ধা ও ভালোবাসা।