ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্বের সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "যারা এ বিশেষ দিবসটি উদযাপন করছেন, তাদের সবাইকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। শুভ নববর্ষ।"
বুধবার বাঙলা নতুন বছর শুরু হচ্ছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হিলারির এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে এ দিনটিতে বাঙালি সংস্কৃতিকে সম্মান জানানোর সুযোগ করে দেয়।
নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় কবিগুরু রবিঠাকুরকেও স্মরণ করেছেন হিলারি।
তিনি বলেন, আসন্ন ১৪১৭ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশ পঞ্চাশতম জন্মজয়ন্তী। বিশ্বকবির লেখা মানবতাকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বব্যাপী বাঙালি জাতির জন্য গৌরব বয়ে এনেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকেও বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হিলারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/১০৫৫ ঘ.
bdnews24