২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার সরস্বতী পূজা

বিদ্যার দেবী সরস্বতীর পূজা শনিবার। শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞান লাভের জন্য দেবীকে আরাধনা করে থাকেন সনাতন ধর্মাম্বলী শিক্ষার্থীরা। স্বরস্বতী বিদ্যার দেবী বলে ঐতিহ্যগতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যেই এ দিনটি ভক্তি ও উৎসবের অন্যরকম আমেজ এনে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুযারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিদ্যার দেবী সরস্বতীর পূজা শনিবার। শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞান লাভের জন্য দেবীকে আরাধনা করে থাকেন সনাতন ধর্মাম্বলী শিক্ষার্থীরা। স্বরস্বতী বিদ্যার দেবী বলে ঐতিহ্যগতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যেই এ দিনটি ভক্তি ও উৎসবের অন্যরকম আমেজ এনে দেয়। শিক্ষার্থী ছাড়াও সব বয়সের মানুষই এতে কমবেশি অংশ নিয়ে থাকেন। সরস্বতী পূজা উপলক্ষে শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অন্যান্য বছরের মত এ বছরও সারাদেশে সরস্বতী পূজার আয়োজন শেষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টায় প্রতিমা স্থাপনের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। শনিবার সকালে হবে দেবীর অর্চনা আর সন্ধ্যায় হবে আরতি। এছাড়াও সারাদিন প্রসাদ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মত এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সাড়ম্বরে পালিত হবে বাণী অর্চনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্ররা বিভাগভিত্তিক পূজামণ্ডপ স্থাপন করেছেন। ভক্ত ও দর্শনার্থীদের চলাচলের সুবিধার জন্য গতবারের মত হলমাঠে পূজার আয়োজন করা হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে প্রায় অর্ধশতাধিক পূজামণ্ডপ। জগন্নাথ হল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হল, ইডেন কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যা দেবীর পূজা হবে। এছাড়া ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবারের মতো উদযাপিত হবে সরস্বতী পূজা। বাংলাদেশ সচিবালয় পূজা উদ্যাপন ও কল্যাণ পরিষদের উদ্যোগে সচিবালয়ের পাশে মুক্তাঙ্গনে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী এ পূজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৩৪ঘ.