মেলার এককোণে লিটল ম্যাগাজিন চত্বর, কেউ যায় না
বাংলাসাহিত্যের অনেক বড় বড় লেখকের জন্ম, বেড়ে ওঠা ছোট কাগজ বা লিটল ম্যাগাজিনের হাত ধরে। একটা সময় ছিল যখন ছোট কাগজের লেখক মানেই তিনি বিশিষ্ট। পরে অবশ্য ছোট কাগজের সাথে জড়িত কতিপয় লেখক সম্পাদকদের নানারকম উৎকেন্দ্রিক আচরণ এবং প্রতিষ্ঠানবিরোধিতা, উত্তরাধুনিকতার নামে কিছু ছোট কাগজে যাচ্ছেতাই লেখালেখি ছোট কাগজের ভুমিকাকে অনেকখানি খাটো করে ফেললেও এখনো এর গুরুত্ব যে একেবারে শেষ হয়নি সেটা বাংলা একাডেমীতে তার বিশেষ উপস্থিতি দেখেই বোঝা যায়। তবে এখানেও তার অবস্থান মূলধারার প্রকাশকসমাজের বাইরে, মেলার এক কোণে, বৃষ্টি হলে যেখানে সবচেয়ে বেশি পানি জমে সেই বয়রা চত্তরে।
৯টা স্টল নিয়ে এখানে লিটল ম্যাগাজিন প্রকাশকদের আসর। এদের সবারই মন খারাপ। অবস্থানের কারণে এখানে সবসময়ই দর্শণার্থীদের সমাগম কম। ‘কিষাণ’ এর শাকিল হাসান বললেন, “গতবার পরিসর একটু বেশি ছিল। এবার কমেছে।” লিটল ম্যাগাজিনের বিক্রি এবার গতবারের তুলনায় কম বলেও তিনি আক্ষেপ করলেন। ‘শুদ্ধস্বর’ এর আবু তাহের সরফরাজ অবশ্য বিষয়টাকে একটু অন্যভাবে দেখেন। তার ভাষ্য, “ অন্য বইয়ের মতো সবাই এসে লিটল ম্যাগাজিন কিনবে এটা আমরা আশা করি না। তবে বিক্রি আরেকটু বেশি হলে ভালো হতো।”
অন্য বিষয়ে ভিন্নমত থাকলেও এরা সবাই একযোগে লিটল ম্যাগ চত্তরকে গ্রামীণ ফোনের নামে ঢেকে দেয়ার সমালোচনা করলেন। একাডেমী কর্তৃপক্ষ মেলার এই অংশটুকুর নামকরণ করেছে রফিক চত্তর। কিন্তু সব স্টলের নামের সঙ্গে সঙ্গে রফিকের ছবির নিচেও জুড়ে দিয়েছে গ্রামীন ফোনের লোগো ও নাম। “একাডেমী এভাবে মেলার বানিজ্যিকীকরণ না করলেও পারতো।” আক্ষেপের সঙ্গে বললেন তারা।
লিটল ম্যাগ চত্তরের সাথেই নাট্যদল থিয়েটারের স্টল। অন্য সব স্টল থেকে একটু আলাদা এটি। স্টলে বসেছিলেন নাট্যদলের অন্যতম সদস্য রামেন্দু মজুমদার। জানালেন, “গত ৪ বছর আমরা মেলায় আসিনি। অনেকদিন পরে এসেও দেখছি পাঠকরা আমাদের ভোলেননি। বিশেষ করে গত কয়েক বছরে নাটকের প্রতি নানাকারণে তরুন প্রজন্মের আগ্রহ বেড়েছে। এটা আমাদের জন্য আশার কথা।”
মেলায় এসেছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ রাশেদ খান মেনন। কথা প্রসঙ্গে বললেন, “ মেলায় অনেক তরুনের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে। এদের অনেকেই হয়তো বই কিনছে না। কিন্তু এই যে মেলায় এসে বই দেখছে এটাও আশার কথা।” তার বক্তব্যের সাথে কণ্ঠ মেলালেন কবি আসাদ চৌধুরী, সহমত পোষন করে মাথা নাড়লেন শিক্ষাবিদ আনিসুজ্জামান।
সোমবার এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মেলায় বই এসেছে ৪৭টি। এর মধ্যে রয়েছে আবদুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ গল্প। প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। আবদুল্লাহ আবু সায়ীদের শিশুতোষ গল্পগ্রন্থ ‘ব্রাক্ষ্মণের বাড়ি কাকাতুয়া’ বের করেছে প্রীতম। জাগৃতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আহসান হাবীবের ‘অফিস টাইম’।
মোড়ক উন্মোচন হয়েছে ৬টি বইয়ের যার মধ্যে রয়েছে শাহীন আখতারের ‘সতী ও সন্ত্রাসীরা’। দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেছেন অধ্যাপক আনিসুজ্জামান। কাওসার আহমেদ এর ‘বাংলাদেশের অর্থনীতির সংকট সম্ভাবনা সমৃদ্ধি’র মোড়ক উন্মোচন করেছেন রাশেদ খান মেনন। প্রকাশক মৃদুল প্রকাশনী।
