২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৈশোর মনে করিয়ে দেয় সেবা প্রকাশনী

পাঠ্যবইয়ের বাইরে অনেকেরই বই পড়তে শেখা সেবার হাত ধরে। বাংলাদেশের কয়েকটা প্রজন্মের কাছে সেবা প্রকাশনী যেন কৈশোরের গন্ধ মাখা হারিয়ে ফেলা দূরন্ত দিন। বইমেলায় প্রকাশনীটির স্টলের সামনে রোজই ছোটখাট ভিড় লেগেই থাকে। অনেক স্মৃতিকাতর মানুষ সেখানে এসে কী যেন খোঁজেন। ভিড়ের মধ্যে সবসময়ই কিছু শিশু--কিশোরেরও দেখা মেলে। আতœজাদের চিনিয়ে দিতে চান অনেকেই তাদের পাঠাভ্যাসের শেকড়কে। এ রকম কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে শনিবারের বইমেলার চিত্র তুলে ধরেছেন সিমু নাসের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ক্লাস সেভেন পড়–য়া অনুসূয়া মেলায় এসেছে তার মামার সঙ্গে। মামা ‘অনেক বই কিনে দেব’ এমন চুক্তিতে আবদ্ধ হয়ে ভাগনিকে মেলায় নিয়ে এসেছেন। চারদিকে এত বইয়ের মাঝখানে অনুসূয়ার খাবি খাওয়ার অবস্থা। একবার এ স্টলে দৌঁড়ায় তো আরেকবার অন্য স্টলে। মামা বেচারা তার পিছু পিছু দৌঁড়াতে গিয়ে হাপিয়ে উঠেছেন। এতকিছুর পরেও একটু পরপর তিনি অনুসূয়ার কাছে ঝাড়ি খাচ্ছেন, “মামা তুমি কিন্তু আমাকে এখনো অনেক বই কিনে দেওনি। এক্ষুনি অনেক বই কিনে দাও আমাকে। চলো ওই দিকে যাই।”

ওদিকে যেতেই মামার মুখ উজ্জ্বল হয়ে উঠলো। সামনেই সেবা প্রকাশনীর স্টল। একসময় তিন গোয়েন্দা আর ওয়েস্টার্নের কী ভক্ত ছিলেন সেই কথা ভাবতে ভাবতে দাঁড়ালেন স্টলের সামনে। চারদিকে কিশোর কিশোরীদের ভীড়। সবাই ক্যাটালগ দেখে দেখে বই বাছাই করছে। সেখানেই দেখা হলো অনুসূয়া আর তার মামা ফয়সালের সঙ্গে।

নস্টালজিয়ায় ভুগতে ভুগতে মামাও একটা ক্যাটালগ তুলে নিলেন। তারপর তার প্রথম জীবনে পড়া বইগুলো একে একে অর্ডার দিতে লাগলেন। এ বইগুলো পড়েই তিনি অনুসূয়ার বয়সে ব্যাপকভাবে আলোড়িত হয়েছিলেন। দশ মিনিটের মাথাতেই তাদের সামনে হাজির হলো আঠারোটি বই। অনুসূয়া চুপচাপ দাঁড়িয়ে। সে কোন কথা বলছে না। মামার পছন্দের উপর তার যথেষ্ট আস্থা আছে। কিন্তু বই যখন ছাব্বিশটি ছাড়িয়ে গেলো তখন অনুসূয়া আর চুপ থাকতে পারলো না। ক্ষীণ স্বরে একবার শুধু বললো, “মামা, আর কিনো না। এত বই আমরা নেব কিভাবে?”

কথা হলো মামা ফয়সালের সঙ্গে, “যে বইগুলো কিনেছি তার সবগুলোই আমার পড়া। দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বইই আর পড়া হয় না। দু’মাসের জন্য দেশে এসেছি। ভাগনির জন্য যেগুলো কিনলাম সেগুলো আমি আবারও পড়বো এই ক’দিনে।”

বইমেলায় ফয়সালের মতো অনেকেই সেবা প্রকাশনীর সামনে এসে নস্টালজিক হয়ে পড়েন। মনে পড়ে কৈশোরে টিফিনের টাকা বাঁচিয়ে বই কেনার কথা। “বইমেলা উপলক্ষে যারা বই কেনে তাদের সবাই কিন্তু পাঠক না। অনেকেই বই কিনে এই ভেবে যে এলামই যখন বইমেলায় তখন একটা বই কিনে নিয়ে যাই। আর সত্যিকারের যারা পাঠক তারা সেবা প্রকাশনীর সামনে এসে নস্টালজিক না হয়ে পারবেই না। কারণ বাংলাদেশে পাঠক তৈরীতে সেবা প্রকাশনীর অবদান অসামান্য। সেবার বই না পড়ে কেউ সত্যিকারের পাঠক হতে পারে না।” আবেগ জড়ানো গলায় জানালেন এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আহমেদ রুমি।

শুধু সেবা প্রকাশনীর সামনে নয় শনিবার মেলা জুড়েই ছিলো শিশু- কিশোরদের আধিপত্য। অনন্যা প্রকাশের স্টলে লেখক আনিসুল হক একটানা অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন তার বাচ্চাদের বই ‘ছোটরা যেদিন বাড়ির কর্তা’ তে। তিনি জানালেন, “আজ মেলায় বাচ্চারা এসেছে প্রচুর। তাদের অনেকেই বাড়ির কর্তা হওয়ার ইচ্ছা পোষণ করে বইটা কিনছে মানে বাবা মা কে দিয়ে কেনাচ্ছে।”

এক দম্পতি গত কয়েকদিনের ভিড়ের কথা ভেবে তাদের বাচ্চাকে শনিবার মেলায় আনেননি। কিন্তু অনন্যার সামনে দাঁড়ানো সবাই আনিসুল হকের বইটা কিনছে দেখে স্ত্রী তার স্বামীকে খোঁচাতে লাগলেন, “পদ্যকে মেলায় আনলাম না, ওর জন্য খারাপই লাগছে। ওর জন্য বইটা কিনে নাওনা। ও খুব খুশি হবে।”

মেলার ভেতরের দিকের স্টলের সামনে দিয়ে হাঁটছিলেন এক নব দম্পতি। তাদের হাঁটার স্টাইল দেখে বোঝা যায় বই কিনতে তারা আসেননি। এসেছেন এমনিতেই বিকেলবেলা একটু ঘুরতে। অনেক্ষণ থেকেই স্বামী বেচারা একটা বই কিনে দিতে চাইছে স্ত্রীকে। কিন্তু সে কিনবেই না। অবশেষে অনেক স্টল ঘুরে স্ত্রী একটি বই পছন্দ করলেন। বইটির নাম ‘মা ও শিশু’। লিখেছেন অধ্যাপক এম আর খান, ডা. এ এফ এম সেলিম ও ডা. সুমন চৌধুরী। স্বামী হাসতে হাসতে বইটির দাম পরিশোধ করলেন। স্ত্রী বেচারী ততক্ষণে লজ্জায় লাল।

মেলায় শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো লালন সংগীত পরিবেশনা। শিল্পীদের দরদভরা কন্ঠের লালন শুনতে বেশ ভিড় জমে গিয়েছিলো সেখানে। অনেকেই তাদের সুরে সুর মেলালেন ‘বাড়ির পাশে আরশি নগর....।’  সেই সুরে চাপা পড়ে যায় নজরুল মঞ্চের কবিতা পাঠের আসর।

মেলায় একটা উল্লেখযোগ্য পরিবর্তন ছিলো চিত্রকরদের পুনঃপ্রতিষ্ঠা। মেলা শুরুর দিন থেকে তারা মসজিদের পাশে বসে ছবি আঁকা শুরু করেছিলেন। ধর্মীয় আবেগ থেকে নয়, মেলা যেহেতু বইয়ের মেলা, যেহেতু কোন খাবার দাবার বা অন্য কিছুর দোকানও এখানে থাকবে না, সেহেতু এখানে ছবি আঁকাআঁকিও চলবে না  -- এরকম যুক্তি থেকেই কর্তৃপক্ষ ক’দিন আগে চিত্রকরদের উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এখানে যারা তাৎক্ষনিকভাবে মেলায় আগত দর্শনার্থীদের ছবি আঁকতেন সম্মানীর বিনিময়ে তাদের মধ্যে অগ্রগণ্য মঞ্জুরুল হক বাবু, চারুকলা থেকে পাশ করেছেন, একাডেমী কর্তৃপক্ষের কাছে গিয়ে জানালেন, এখানে কাজ করে তারা যা পান সেটাই তাদের ক্ষুন্নিবৃত্তির অন্যতম নিদান। সুতরাং তাদের ক্ষেত্রে যেন ছাড় দেয়া হয়। এ অনুরোধ মেলা কর্তৃপক্ষ বিবেচনা করেছেন বলেই বাবুর সাথে আবদুল গনি, রাজু, রতন, শুভ্র এরাও বসে আঁকতে পারছেন।

মূলত পেনসিল স্কেচই করেন এই শিল্পীরা। একেকটা ছবি আঁকতে সময় নেন ১৫ মিনিট। ছবি প্রতি ৩০০ টাকা করে নেন। দিনে ১০টা থেকে ১৫টা ছবি আঁকার অর্ডার পান।

মেলায় নতুন বই এসেছে ৬৩টি। এর মধ্যে আছে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের ‘বাংলার সূর্য আজ আর অস্ত যায় না’, প্রকাশক মাওলা ব্রাদার্স। রাবেয়া খাতুনের ‘সমুদ্র বন ও প্রণয় পুরুষ’ বের করেছে অন্যপ্রকাশ। অজয় দাশগুপ্তের ‘দূরবীণে দেখা স্বদেশ’ প্রকাশ করেছে শ্রাবণ। একুশে বাংলা প্রকাশন বের করেছে আসাদ চৌধুরীর ‘সোনার খড়ম’।

দন্তস্য রওশনের ‘ভালবাসা হয় না বাসি’ এনেছে বিদ্যা প্রকাশ। পীযুষ বন্দোপাধ্যায়ের ‘জীবনের বাঁকে বাঁকে’ প্রকাশ করেছে বিজয় প্রকাশ। অন্যপ্রকাশ এনেছে আনোয়ারা সৈয়দ হকের ‘দুই রমণী’। আহসান করীরের ‘হোজ্জার পলায়ন’ প্রকাশ করেছে ডেফোডিল পাবলিকেশন্স। ড. আশরাফ সিদ্দিকী ও ড. হালিমা খাতুনের ছোটদের গল্পের বই ‘পরীর মেলা’ এনেছে জ্ঞান বিতরণী।

এছাড়াও মোড়ক উন্মোচন করা হয়েছে ৯টি বইয়ের। এর ভেতর উল্লেখযোগ্য হলো ঝিঙেফুল প্রকাশিত তাহমিনা খলিলের ‘বাড়ির নাম সন্ধ্যাতারা’। বইটির মোড়ক উন্মোচন করেন বিচারপতি হাবিবুর রহমান খান।