বইমেলায় সিসিমপুর বাহিনী
ফাল্গুন, ভ্যালেন্টাইন’স ডে আর হুমায়ূন আহমেদের কল্যানে গত কয়েকটা দিন মেলা ছিল তরুনদের দখলে। আজ সে জায়গাটা দখল করে নিয়েছে শিশু-কিশোররা।
শিল্পী মোস্তফা মনোয়ার ‘সিসিমপুর’ নামে একটা পাপেট শো’র শুটিং করছিলেন বেশ কিছুদিন ধরে। সেখানে ভাষা আন্দোলনের একটা অংশ আছে যার সাথে জড়িয়ে আছে বইমেলার প্রসঙ্গটি। তিনি ভাবলেন, এই তো সুযোগ। বইমেলা থাকতে থাকতেই যদি শুটিংটা সেরে ফেলা যায়, তাহলে তো অনুষ্ঠানটা খুব প্রানবন্ত হয়। যেই ভাবা সেই কাজ। চলে এলেন তার পাপেট আর পাত্রপাত্রীদের নিয়ে মেলায়। রংদার পাপেট আর ক্ষুদে অভিনেতাদের দেখে হৈ চৈ করে ছুটে এলো বাচ্চা কাচ্চারা। ব্যস, জমে ওঠা মেলা জম্পেশ হয়ে উঠলো আরো।
‘মোদের গরব’ ভাষ্কর্যের পাশে শুটিংয়ের সময় নফহবংি২৪.পড়স এর প্রশ্নের জবাবে মুস্তফা মনোয়ার বললেন, “স্থির ছবি দেখিয়ে বোঝানোর চেয়ে এভাবে সরাসরি শ্যুটিং করে নিয়ে দেখালে বাচ্চারা বেশি মজা পাবে । বইমেলার ব্যাপারেও তাদের আগ্রহ বাড়বে। সেজন্যই একটু ঝামেলা স্বীকার করে হলেও কাজটা করছি।”
একটু পরে অন্বেষা প্রকাশনের সামনেও দেখা গেলো সিসিমপুরের শ্যুটিং চলছে। বাচ্চা কাচ্চারা তো বটেই, প্রাপ্তবয়ষ্ক অনেকে আছেন যাদের মনে শিশুদের মতোই কৌতুহল বিরাজ করে সর্বদা, তারাও শুটিংয়ের চারপাশে উৎসুক চোখে দেখছেন পাপেটদের কাজ কারবার।
মেলায় আজকে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হলো চিত্রকরদের পুনঃপ্রতিষ্ঠা। মেলা শুরুর দিন থেকে তারা মসজিদের পাশে বসে ছবি আঁকা শুরু করেছিলেন। ধর্মীয় আবেগ থেকে নয়, মেলা যেহেতু বইয়ের মেলা, যেহেতু কোন খাবার দাবার বা অন্য কিছুর দোকানও এখানে থাকবে না, সেহেতু এখানে ছবি আঁকাআঁকিও চলবে না -- এরকম যুক্তি থেকেই কর্তৃপক্ষ ক’দিন আগে চিত্রকরদের উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এখানে যারা তাৎক্ষনিকভাবে মেলায় আগত দর্শনার্থীদের ছবি আঁকতেন সম্মানীর বিনিময়ে তাদের মধ্যে অগ্রগণ্য মঞ্জুরুল হক বাবু, চারুকলা থেকে পাশ করেছেন, একাডেমী কর্তৃপক্ষের কাছে গিয়ে জানালেন, এখানে কাজ করে তারা যা পান সেটাই তাদের ক্ষুনিবৃত্তির অন্যতম নিদান। সুতরাং তাদের ক্ষেত্রে যেন ছাড় দেয়া হয়। এ অনুরোধ মেলা কর্তৃপক্ষ বিবেচনা করেছেন বলেই আজ বাবুর সাথে আবদুল গনি, রাজু, রতন, শুভ্র এরাও বসে আঁকতে পারছেন।
মূলত পেনসিল স্কেচই করেন এই শিল্পীরা। একেকটা ছবি আঁকতে সময় নেন ১৫ মিনিট। ছবি প্রতি ৩০০ টাকা করে নেন। দিনে ১০টা থেকে ১৫টা ছবি আঁকার অর্ডার পান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেলায় বই এসেছে ৬৩টি। এর মধ্যে আছে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের ‘বাংলার সূর্য আজ আর অস্ত যায় না’, প্রকাশক মাওলা ব্রাদার্স। রাবেয়া খাতুনের ‘সমুদ্র বন ও প্রণয় পুরুষ’ বের করেছে অন্যপ্রকাশ। অজয় দাশগুপ্তের ‘দূরবীণে দেখা স্বদেশ’ প্রকাশ করেছে শ্রাবণ। একুশে বাংলা প্রকাশন বের করেছে ‘আসাদ চৌধুরীর ‘সোনার খড়ম’।
এছাড়াও মোড়ক উন্মোচন করা হয়েছে ৬টি বইয়ের।
বিকেল নাগাদ আজ মেলায় হাজির হয়েছেন সৈয়দ শামসুল হক, রামেন্দ্র মজুমদার, মোহাম্মদ জাহাঙ্গীরসহ আরো কিছু তারকা লেখক।
