ঈদে কসাই এর খোঁজ খবর
ঈদুল আযহার অন্যতম অংশ পশু কোরবানি। ঈদের নামাজ শেষে শুরু হয় পশু জবাইয়ের কাজ। অনেকে নিজে নিজেই পশু জবাই ও চামড়া ছাড়ানো বা মাংস কাটার কাজ করে থাকেন। কেউ কেউ ইচ্ছা থাকা সত্ত্বেও তা করতে পারেন না। ঘাবড়ানোর কিছু নেই, ঢাকা মহানগরী বা ঢাকার বাইরে সব জায়গাতেই রয়েছে ভাড়াটে কসাই। আপনি নিশ্চিন্তে এদের সাহায্য নিতে পারেন।
পশু জবাই বা চামড়া ছাড়ানো ও মাংস কাটার কাজ কসাইকে দিয়ে করাতে চাইলে ঈদের আগে থেকেই কসাই ঠিক করে রাখতে হবে। এজন্য আপনার বাড়ির আশেপাশের বাজারে খোঁজ নিন। এখানে মাংসের দোকানে যেসব লোক থাকে তারাই ঈদের দিন কসাই এর কাজ করে।
অতিরিক্ত চাহিদার কারণে অবশ্য ঢাকার বাইরে থেকে আসা কিছু কসাই ঈদের দিন ঢাকায় ভ্রাম্যমান কসাই হিসেবে কাজ করে। সবার সঙ্গেই আগে থেকে পারিশ্রমিক ঠিক করে নেবেন।
শ্যামলী বাজারের কসাই আব্দুল মোনায়েম জানালেন, পশুর আকৃতি ও কসাই ভেদে পারিশ্রমিক কম বেশি হয়। সাধারণত ছাগল এর ক্ষেত্রে ৩০০ থেকে ৫০০ টাকা। আর গরু ৫০০ থেকে ২০০০ টাকা। নামাজের পরপরই কাজ করাতে চাইলে টাকা একটু বেশী লাগবে। আর বিকালের দিকে তুলনামূলকভাবে কম লাগবে।
অন্যদিকে ঢাকার বাইরে থেকে আসা ভ্রাম্যমান কসাইদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম। তাদের সঙ্গে দরদাম ঠিক করে নিন।
পশু জবাই থেকে শুরু করে যাবতীয় কাজে যেসব যন্ত্রপাতি লাগে তা সাধারনত কসাই সাথে করে নিয়ে আসে। এ নিয়ে চিন্তার কিছু নেই। তবে কিছু কিছু যন্ত্রপাতি যেমন ছুরি, চাপাতি, দা, বটি ইত্যাদি বাসায় থাকলে ভালো।
আর একজন সচেতন নাগরিক হিসেবে পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার। তাই কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে অবশ্যই মাটিতে গর্ত করে পুতে রাখবেন অথবা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ফেলবেন।
