রাষ্ট্র চুরি হয়ে যায়
চারিদিকে ধর্ম অর্থ কাম কলরব
আঁকাবাঁকা পথ, ভাঙা হাট
বিষণ্ণ স্থবির বিষণ্ণ পৃথিবী
ঠান্ডা কঙ্কালের সাথে
গুড়ি শুড়শুড়ি মেরে শুয়ে আছে
পোকাকাটা পার্লামেন্টের ভেতরে।
এইতো এইমাত্র একটা রাষ্ট্র চুরি হয়ে গেল,
'শূকরের চিৎকার, শূকরির প্রসব বেদনার আড়ম্বড়'
রাষ্ট্র শব্দটি এখন কেবলই রেখার হিসাব- নিকাশ-
বাকিটা আর কিছু নয়।
সকালে ঘুম থেকে উঠে দেখি
একটা রাষ্ট্র চুরি হয়ে গেল,
চোখের নিমেষেই চুরি হয়ে গেল।
এখন আমি এ'সবের পেছনের
এমন কাউকে খুঁজছি
যার নাম আমি জানি না।
একটা কাল্পনিক ভূ-রেখা ধরে
আমাকে এখন ধরে নিতে হবে এটাই আমার রাষ্ট্র,
এটাই আমি, এটাই আমার জাতিসত্তা
আমার রাষ্ট্র।
এখন একটা ভয়ংকর ভয়াবহ কাল্পনিক রাষ্ট্র
আমার করোটির ভেতরে ঘোরাফেরা করছে, ছুটোছুটি করছে
হিচককের ম্যাকগুফিন হয়ে।
কেবলই অস্তিত্বহীন কাল্পনিক এক রাষ্ট্র,
যেখানে কোনো মানুষের বসতি নেই,
কেবলই শুকরের চিৎকার।
'বীজগণিতের শেষ পাতা শেষ করতে না করতেই
সমস্ত মিথ্যা প্রমাণিত হয়ে গেল',
একটা রাষ্ট্র চুরি হয়ে গেল,
এবং তারপর আরো একটা, আরো একটা,
আরো একটা রাষ্ট্র প্রায় চুরি চুরি হয়ে যায়।
কাফকার গ্রেগরেরা এখন কেবলই পোকা,
অথবা ধরে নেওয়া যাক
কোটি কোটি পোকামাকড়েরা।
চারিদিকে ধর্ম অর্থ কাম কলরব
রাষ্ট্র ভুলে যায়-
নরনারী নায়ক সাধক সমাজ পুরাণ গণমানুষ
মানুষের কথা নারীপুরুষ ধ্বনি ধোন যোনি হিজড়া সমকামী
বেশ্যা সঙ্গম আদিবাসীদের নীরব-চিৎকার।
মানবতা এবং আমার সকল মুক্তি,
আমার স্বাধীনতার উপাখ্যান,
আমার সত্তা,
এইসব এখন কেবলই অর্থহীন বিপ্লব বলে মনে হয়।
হিজিবিজি পেন্সিলের রেখায় আঁকাঝোঁকা
অসংখ্য ক্যানভাসের
এইসব অসংখ্য বিপ্লব অর্থহীন মনে হয়।
শতাব্দীর অন্তহীন আগুনের ভেতর দাঁড়িয়ে মনে হয়
বাজার দরের চেয়ে বেশি বেশি
কালো টাকা ঘুষ দিয়ে এইসব হয়,
রাষ্ট্র চুরি হয় আরকি।
