ডেথ অব এ ট্যাক্সি ড্রাইভার
উপন্যাসের এই বাহ্যিক কাঠামোর ভেতরে যা লুকিয়ে আছে তা হলো বিভিন্ন অভিবাসী গোষ্ঠীর নিজস্ব আচার ও সংস্কৃতির প্রতি উদাসীন কানাডার পারিবারিক আইন।
বাংলাদেশে জন্মে ও বড় হয়ে বিদেশে পাড়ি দেওয়া গুটিকয়েক যারা লেখালেখি করে থাকেন, সাধারণত তারা বাংলা ভাষাতেই লিখে থাকেন। সে ক্ষেত্রে কানাডা প্রবাসী মোহাম্মদ হেলাল এর ইংরেজিতে লেখা ‘ডেথ অব এ টেক্সি ড্রাইভার’ উপন্যাস একটি ব্যতিক্রম। শুধু তাই নয়, বাঙালি অভিবাসীদের ইংরেজি বর্ণনার শব্দ ব্যবহার ও ঢঙে বা স্টাইলে প্রায়ই একটি উপমহাদেশীয় ‘গন্ধ’ থাকে, যা এই বইতে অনুপস্থিত। সর্বোপরি এটি পড়তে গিয়ে অনভ্যাসের ফলে ইংরেজি উপন্যাস পড়ার সময় স্বাভাবিক মনযোগ বিক্ষিপ্ত হবার আমার যে প্রবণতা, তা থেকে মুক্ত ছিলাম। অর্থাৎ লেখার রসগুণে অল্প সময়েই ২২৭ পৃষ্ঠার বইটি প্রায় এক নাগাড়ে পড়ে শেষ করতে পেরেছিলাম।
লেখকের সাথে আমার পরিচয় বছর তিন আগে, ফেসবুকের কল্যাণে, ব্রাহ্মণবাড়িয়ার একই অন্নদা হাই স্কুলের ছাত্র হিসেবে। তিনি আমার থেকে বছর দশেক পরে পাশ করেছিলেন। বাংলাদেশের স্বার্থ-পরিপন্থী কানাডার রাজনীতির প্রতিবাদ করতে দুইবার আমাকে ফোন করেছিলেন, দেখা হয়নি কখনো। কিন্তু তিনি যে লেখালেখি করেন তা জানা ছিল না। ফলে ২০১৩ সালে প্রকাশিত হলেও মাস দেড়েক আগে ফেসবুকে নজরে আসার সাথে সাথেই এমাজন থেকে বইটি কিনেছিলাম।
কানাডার আইন-কানুন যে প্রথম প্রজন্ম অভিবাসীর সামাজিক মূল্যবোধের পরিপন্থী তা এই বইয়ের মূল প্রতিপাদ্য। এই মনোভাব ব্যক্ত হয়েছে উচ্চশিক্ষিত ও স্বদেশে মোটা বেতনে চাকুরি ছেড়ে পাশ্চাত্যের রঙিন জীবনের হাতছানির কাছে আত্মসমর্পন করা এক অভিবাসীর মোহভঙ্গের দৃশ্য বর্ণনায়। কাহিনী হিসেবে এটি খুবই সাদামাটা, পাশ্চাত্যের ঝলমলে জীবনের মোহে পাড়ি দেয়া আরো অনেক বাঙালির বিড়ম্বনাপূর্ণ জীবন যাপনেরই একটি চিত্র। কিন্তু উপন্যাসের চরিত্রগুলোর নাম থেকে এবং পেছনে ফেলে আসা দেশের নামের উল্লেখ না থাকায় এটি তৃতীয় বিশ্বের যে কোনো দেশ থেকে আসা হতভাগ্যের জীবনই হতে পারে। সেই জীবনেরই সুখ ও দুঃখের চিত্র লেখক যে দরদ ও ভাষা দিয়ে ফুটিয়ে তুলেছেন তা কাহিনিকে সাদামাটার যথেষ্ট উপরে নিয়ে গেছে বলে আমার ধারণা।
দেড় বছর বহু চেষ্টা করেও উপন্যাসের মূল চরিত্রটি যোগ্যতা অনুসারে কোনো পেশা জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত ট্যাক্সি ড্রাইভারের চাকুরি গ্রহণ করতে বাধ্য হয়। যথেষ্ট উপার্জনও করে ফেলে। দেশে গিয়ে সেই প্রবাসীর সুন্দরী বৌ জোগাড় করতেও অসুবিধা হয় না। কানাডায় এসে স্বামীর ট্যাক্সি চালানো ব্যাপারটি গোপন না থাকলেও প্রথম যৌবনের উন্মাদনা ও অভ্যর্থনা পার্টির জোয়ারের সাথে বিদেশের গন্ধ মিলেমিশে একাকার হয়ে যাওয়ায় স্ত্রী সানন্দেই তা মেনে নেয়। কিন্তু সংসারের উন্নতিতে অধিক উপার্জনের তাড়নায় স্বামী সারারাত কাজে ব্যস্ত থাকার ফলে সন্দেহের সাথে দাম্পত্য কলহের সূত্রপাত হয়। তা সত্ত্বেও বিভিন্ন চড়াই-উতরাই পার হতে হতে ওরা দুটি সন্তান লাভ এবং একটি বাড়িরও মালিক হয়ে যায়। এক মানসিক বিপর্যস্ত মুহূর্তে ‘টাক্সি ড্রাইভার’ গালি শুনে স্বামীটি স্ত্রীকে আঘাত করে জখম করে ফেলে। মূল সমস্যা শুরু এখান থেকেই।
ঘর ছাড়তে হয় ওকে। স্বামীটি নিজের রাগকে নিয়ন্ত্রণের প্রশিক্ষণ নিল এবং কানাডার স্ত্রীবান্ধব পারিবারিক আইন অনুযায়ী স্ত্রী-সন্তানদের সংস্পর্শ থেকে দূরত্ব বজায় রেখেও তাঁদের ভরণ পোষণের সব খরচ বহন করতে থাকলো। কৃতকর্মের অনুশোচনা, একাকীত্ব এবং স্ত্রী-সন্তান বিরহ যাতনায় ক্ষতবিক্ষত হয়ে সে কোর্টে দাঁড়িয়ে সব দোষ নিজের বলে স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাইলো। কিন্তু অর্থলোভী উকিল এই মর্মে বারবার তা উপেক্ষা করলো যে, নিজে দোষ স্বীকার করলে কোর্ট ওকে জেল-জরিমানা করবে। আর একবার দোষী সাব্যস্ত হলে বা জেল খাটলে সে জীবনেও কোনো ভাল চাকুরি পাবে না। অবস্থাচক্রে গড়ে ওঠা পরনারীর সাথে দৈহিক সম্পর্ক তাকে নিপীড়নমূলক অনুশোচনায় নিপতিত করে।
উপন্যাসের এই বাহ্যিক কাঠামোর ভেতরে যা লুকিয়ে আছে তা হলো বিভিন্ন অভিবাসী গোষ্ঠীর নিজস্ব আচার ও সংস্কৃতির প্রতি উদাসীন কানাডার পারিবারিক আইন। অভিবাসী সমাজের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানের ঐতিহ্য সেখানে পুরোপুরি উপেক্ষিত। স্ত্রীর যতো বড় দোষই থাকুক না কেন, একটি অপরাধের জন্য স্বামীর কাঁধে চাপিয়ে দেয়া শাস্তি বৈষম্যমূলক বলে প্রতীয়মান হয়েছে লেখকের কাছে। আপাতদৃষ্টিতে সহনশীল শ্বেতাঙ্গ আইন-রক্ষাকারী সংস্থার প্রতিনিধিরা অন্তরে যে কী প্রকার অভিবাসী-বিদ্বেষী মনোভাব পোষণ করে থাকে বিশেষ পরিস্থিতিতে তাও প্রকাশ পেয়ে যায়। আবার আইন বাস্তবায়নে সহায়তাকারী বিভিন্ন স্বচ্ছাসেবামূলক সংস্থা, বচনে মধুর হলেও কর্মে মানবিক দিকগুলো না দেখার ভান করে থাকে--সেই দিকটাও উন্মোচিত হয়েছে এই উপন্যাসে। এতে সংসারে যাদের, বিশেষ করে শিশুদের ভবিষ্যৎ নিরাপদ করার চেষ্টা এবং তাদের স্বার্থ আদৌ রক্ষা হচ্ছে কিনা সেদিকে কারো দৃষ্টি নেই।
এক সময় ট্যাক্সি ড্রাইভারের চাকুরিটিও হাতছাড়া হয়ে যায় কিন্তু আইনের শ্যেণদৃষ্টির সামনে পৃথকভাবে বসবাস করা স্ত্রী-সন্তানদের সমস্ত খরচ বহন করার দায়িত্ব থেকে ওর মুক্তি নেই। জরাগ্রস্ত অবস্থায় অনুপস্থিত আদুরে কন্যার সাথে বিড়বিড় করে কানাডার অমানবিক আইনের বিরুদ্ধে ফরিয়াদ জানাতে জানাতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
কানাডিয় আইন ও সমাজ ব্যবস্থার ত্রুটি তুলে ধরলেও ট্যাক্সি চালকের হতাশাগ্রস্ত জীবনে অপ্রাপ্তির বেদনা, লালিত মানবতা, স্ত্রী ও সুহৃদের প্রতারণা, দারিদ্র্য, অবদমিত যৌনাকাঙক্ষা, বার্ধক্য, সন্তান বাৎসল্য, এবং অনুশোচনামূলক পরিণাম চিন্তা--এসবই বইটিতে বারবার দেখা দিয়েছে। ট্যাক্সি চালকের মুখে নিম্ন রুচির খিস্তি-খেউড়, প্রাত্যহিক কাজের বর্ণনা, পারিবারিক ঘটনাসমূহ, কানাডার পুলিশ, আদালত, আইন ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানের কর্মপ্রণালীর বিস্তারিত বর্ণনা এতোটাই বাস্তবসম্মত হয়েছে যে আমি নিশ্চিতভাবেই ধরে নিয়েছিলাম উপন্যাসটি লেখকের নিজস্ব অভিজ্ঞতাপ্রসূত।
একই সাথে মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ও দেউলিয়া ব্যক্তির পক্ষে সমাজ ও জীবনের সূক্ষ্ম দিকগুলোর এতো চমৎকার প্রকাশ কী করে সম্ভব তা নিয়েও ভেবেছি। বিশেষ করে প্রায় কপর্দকহীন অবস্থায় মানুষের সঙ্গ ও খাদ্যের খোঁজে লম্বা লাইনে দাঁড়িয়ে লঙ্গরখানায় প্রবেশ করে গৃহহীন, পাগল ও মাতালদের সাথে দার্শনিক আলোচনাগুলো অভিজ্ঞ লেখক থেকেই আশা করা যায়। অথচ ‘ডেথ অব এ টাক্সি ড্রাইভার’ লেখকের প্রথম বই। এ ধরনের বই লিখতে প্রচুর গবেষণারও প্রয়োজন হয় বলে জানি, যা সচরাচর বাঙালি লেখকদের উপন্যাসে অনুপস্থিত থাকে। কাজেই বইটি লেখার পটভূমি জানতে আমার আগ্রহ হলো।
ফোন করতে লেখক জানালেন অসুস্থ অবস্থায় এক নাগাড়ে কয়েকমাস তাঁকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। নিদ্রাহীন সেই রাতগুলোতে বিভিন্ন দেশের কয়েকজন ট্যাক্সি ড্রাইভার তাঁকে সঙ্গ দিতেন। তাঁদের মুখে শোনা মূলধারা কানাডিয়দের সাথে নিজেদের ভাষা ও সাংস্কৃতিক বৈষম্য, জীবন সংগ্রাম, ও ব্যক্তিগত সুখ-দুঃখের কাহিনীগুলোই এই উপন্যাস লেখায় তাঁকে উৎসাহিত করেছে। বইটি লিখতে গিয়ে তাঁকে কোর্ট-কাছারি এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে লম্বা সময় ধরে মুখোমুখি ও পত্রালাপ করতে হয়েছে। খৃষ্টানদের বড়দিনের সময় পরপর কয়েক বছর লঙ্গরখানায় স্বেচ্ছাসেবকের কাজ করতে হয়েছে এবং গৃহহীন, মাতাল ও মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে এক টেবিলে বসে খাবার খেতে হয়েছে। এতোসব তথ্য জোগাড় করে লেখা পাণ্ডুলিটি কানাডার দুটো প্রকাশনা সংস্থার কাছে পরপর পাঠালে তা ‘কানাডিয়ান আদর্শের পরিপন্থী’ অজুহাতে ফেরত পাঠানো হয় দুই জায়গা থেকেই। লেখক তখন যুক্তরাষ্ট্রের এক্সলিব্রিস (Xlibris Corporation) থেকে বইটি প্রকাশ করেন।
