ফরিদা ইয়াসমিন সুমি’র রেশমপোকা
ভরপুর শীতে দেহ- সঙ্গীতে ঘন বরিষণে হৃদ্য যাপনে
যদি ভালো না-পাও
রেখে যেতে চাও
যদি রেখে যাও-
অরণ্যে নিয়ো
আঁধার দিয়ো
গহীনে নিয়ে,
ফেলে রেখে যেও।
রয়ে যাবো,
সয়ে যাবো
বাক্যবিহীন,
অভিযোগহীন,
ফ্যালফ্যাল চেয়ে
রবো চলে যাওয়া
পথে অনিত্যের রথে
সময়-লাটিমে ঘুরে
শাসনের দিগ্ জুড়ে
অনন্ত অচিনপুরে
দূর থেকে দূরে-
যদি রেখে যাও
যদি ভুলে যাও
ভুল করে যদি
বুকে ব্যথা পাও
ভুলে যাওয়া নদী
যদি বহে নিরবধি
ভুল করে যদি
মনে পড়ে যায়
ভরপুর শীতে
ওম সন্ধ্যায়
যদি কখনো
মনে পড়ে যায়
ভেজা চোখে খোঁজো
যদি আমার দুচোখ
বুকে ক্ষত করে
স্মারকের নোখ
হৃদয় যদি ছাড়ে
কড়া মাপজোখ
আবার যদি মন করে
ভালো পেতে কাছে
যেতে নত হতে
নিয়ে যেও ফিরে
নিও ভালো পেও
ভরপুর শীতে
দেহ- সঙ্গীতে
ঘন বরিষণে
হৃদ্য যাপনে
শিল্প অঙ্গনে
ছলনাকে ছেড়ে
ডুবো ডুবো তীরে
নতুনের সুরে
পথে-প্রান্তরে
ছড়িয়ে দেয়া
ঠোকরের ভীড়ে
বিযুক্ত করে
মেশাও সাথে,
মিশ্রণ জুড়ে
রেশমপোকা হয়ে
খাও কুরে কুরে!
