২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোস্তাফিজ কারিগরের পাঁচটি কবিতা

বীজের বেদনায় বিষনীল, মুখ বুঝে আড়তে তুলে দেয় আবহমান ফসল;

মোস্তাফিজ কারিগর মোস্তাফিজ কারিগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 01:57 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

বাইসনের শিঙ

আভোলা চাঁদের রেণু পড়ে সাইকেলের হাতল বাইসনের শিঙ

অশীতিপর সাঁকো পেরিয়ে যাচ্ছি বহুদূর,

আমার কোনো গীর্বাণ নেই;

মায়ের আঁচলের মতো প্রণময়ী পথের কপালে

সূর্যমুখীর ক্ষেত আঁকবো বলে হাতের মুঠোতে এই কল্লাচ পাথর

কন্যারঙের চালতাগাছ পিছু ডাকে

বাবার কবরের অগাধ ছায়া চুঁইলতার মতো জড়িয়ে ধরেছে সাইকেল;

সন্ধ্যার কানাগলির পেটে বসে থাকা ভিখারীর চোখের মেঘে

আকাশের ওজন চৌদিশে অন্ধকার, তবুও পথ প্রবাহিত

মাকড়াপাথর মাড়িয়ে মাড়িয়ে

অনন্ত চিকন একটা ঝরনা থেকে

যূথভঙ্গ হরিণীর মুদ্রায় একটু জল খেতে হবে;

সম্মূখে প্রভূত মরুপথ, ফণিমনসার ঝোপে অস্তনির্জন সূর্য

ভুলে যাচ্ছে গীতস্মৃতি-- তার স্বেদাক্ত মুকুর মুছে

নির্জন স্বরলিপির বুরুজ জাগানোর এই যাত্রা;

প্রচণ্ড সৈনিক কখনো নই, জয়-পরাজয়ের হীরণ্ময় মুকুট

স্বেদজলমোছা কাগজের মতো ছুঁড়ে ফেলে

আলোর বিলগ্ন রেখার দিকে ধাবমান আমি বাইসনের শিঙ

জানালা শেখো

বড়ইগাছের সন্ধ্যার ভিতরে উড়তে উড়তে লুকিয়ে পড়ছে পৃথিবী

পিছু পিছু চিৎকৃত ঘেঁও, বিকট পার্থিবেরা, আর ঐ প্রবল করাত

প্রলম্বিত দালানদৈত্যের ছায়ার ভিতরে সকল সৌরকলা

তাড়া খাওয়া বিড়ালের চোখ নিভে যাচ্ছে, বিগত পিলসুজ

চুঁইয়ে নামছে জবাই হওয়া পশুর রক্তান্ধকার

সময়-- ফেল করা ছাত্র, বন্ধ স্কুলের মাঠে নীলডাউন

ছড়ি হাতে স্থাপত্যকলা এগিয়ে আসছে চারিদিকে বেভুল গণিত

পড়ো-- রাখা ছিলো উদ্যান, ক্রমশ দাহ করে পুরোহিত তোমরা নও

সমিৎকাঠের পাশে এই যে ভুল যজ্ঞমন্ত্র, এই অসুরগান;

ফলস্বরূপ তোমাদের জন্যেও রয়েছে আগুন, তার ক্ষীপ্ত জিহ্বা।

বরং ঘুমের পাশে নদীটিকে আরেকটু আদর করো

ব্রহ্মকালে যেনো সন্তানকে চুমু খেতে খেতে জাগিয়ে তুলছো

দালান আঁকার বদলে জানালা শেখো, সূর্যের সিসেম

শব্দরা

অন্ধঘড়ির কাছে কারা যেনো চকচকে সূর্যপ্রার্থনা

একটা ভেড়ুয়া রাস্তার কাছে গন্তব্য

মুখথুবড়ানো আকাসকুসুমযানে

আর আমি শকাব্দ প্রাচীন কূর্মছায়ায় বসে

দেবনাগরী ভাষার অভিধানে অবলুপ্ত শব্দকে চুমু খায়

লুতুপুতু শব্দখুখিরা কুই কুই করে এসে

আমাকে ঘিরে খেলনা-বাটি সাজিয়ে বসেছে সৌরতলায়;

ওদের মায়ের সাথে আমার প্রেমভাব ভালো

চুঁইঝালে থানকুনি পাতায় স্বর্ণকচুলতি রেঁধে

আশিবার চাবিয়ে খেয়ে সুখ সুখ খেলা, কচি শীতরোদে

হজমিবড়ির বিজ্ঞাপন টেনে সাদাকালো ছায়াছবি দেখি

সবুর করি, শব্দদের বিভোর খেলা শেষ হলে

বুকের উপরে ঘুমিয়ে পড়তে দিয়ে আমিও ঘুম হই--

আর ভয় করি চারিদিকের শকট-চিৎকার;

স্বপ্নের ভিতরে শব্দদের স্বপ্নগুলো

বিষাদকর্পূর হয়ে উড়ে যাওয়ার আগে

অগাধ নৈঃশব্দ্যে ধরি

কুয়োর গভীর অভিধান-- আদুরে আমার শব্দখুকিদের মুখ

মায়াপর্যটন

নিরংশু সূর্যছায়ায় এই প্রত্যুদ্গমন, মায়াপর্যটন  

ফ্রি কাটা অনন্ত সাইকেলে,  হ্রস্বগতি, অব্যস্ত

ভূমি ও ভূমার কাছে, অরূপের ক্ষেতে

ভূমি আনত চিরদিন, অনশ্রুত, বাসনারহিত গভীরে আব ও আতস

বুক পেতে শুয়ে থাকে, স্থৈর্যচূড়ায় ভারি শকট, সাপদন্ত

                      পারমানবিক

বীজের বেদনায় বিষনীল,  মুখ বুঝে আড়তে

            তুলে দেয় আবহমান ফসল;

অকৃপণ অগাধ হস্ত উজার করে

সংসারে প্রবীণ পুঁইলতার ডগা, নিতি বনঢেঁড়শ, ব্যাঙচাপাটি

টুকটুকে পেঁপে গাছটিতে মগ্নমধুপ

চাঁদে লাগা সাইকেল,  ফ্রি কাটা বুড়ো ছায়াপথে

ভূমি ও ভূমার সুড়ঙ্গ শেষে আকাশ অতল

পরীদের খেলনা

অধর জ্যোৎস্নার হীরাধোয়া ছায়া সেলাই করে এই পথ

সমুদ্রবর্ণ নিরুপাধিক সাইকেলের ঘন্টা টুংটাং

বাজাতে বাজাতে চাঁদের উজ্জ্বল ফুসফুসের পাহাড়ে উঠে

ঘুমিয়ে পড়েছিলাম মমির নিশ্চিন্ত মেজাজে

ঘুমের মখমলের ভিতরে পরীরা আমার লোমধৃত বুকে

প্রমাণ আপেলগোলাপ জাগ্রত স্তন রেখে গেছে

কন্যারা চুষে নিয়ে সূর্যের আয়ুর আরক

বেলুনের বিহ্বলতায় উড়ে উড়ে পরীদের মেধাবী মুকুট পড়ে

খেলনাবাটি সাজিয়ে বসেছে সোনার মাদুরে

সজনে পাতার ঝির ঝির অলঙ্কার ঢুকছে ঘরে

অমৃতলোকের নৃত্যশব্দে ঘরের দেয়ালেরা এখন জানালা

পরীদের খেলনাবাটিতে রাঙা রাজপুত্তুর হয়ে

আকাশ আকাশ মাতমে পিতৃপুতুল উড়ে বেড়াচ্ছে