২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তসলিমা নাসরিনের মৃত্যুহীন মেয়ে

আমাকে ধর্ষণ করতে এসো না, আমি রক্তাক্ত হবো না।

তসলিমা নাসরিনের মৃত্যুহীন মেয়ে

চিত্রকর্ম

তসলিমা নাসরিন তসলিমা নাসরিন

Published : 01 Nov 2023, 05:28 PM

Updated : 01 Nov 2023, 06:30 PM

মৃত্যুহীন মেয়ে

ত্রিপোলির  যে মেয়েটি বোরখা পরেনি বলে রাস্তায় মার খেলো, 

সে আমি, 

ঢাকার যে মেয়েটি জার্সি পরে ফুটবল খেলেছে  বলে হেনস্থা হলো, 

সে আমি, 

রিয়াদের যে মেয়েটি  দেশের বাইরে একা যেতে চেয়েছিল বলে জেলে গেল, 

সে আমি,

কাবুলের যে মেয়েটিকে প্রেম করার অপরাধে পাথর ছুঁড়ে মারা হলো,

সে আমি। 

দামেস্কের  যে  মেয়েটিকে পিটিয়ে হত্যা করলো তার স্বামী

সে আমি,

কায়রোর যে মেয়েটিকে খুন করা হলো  বিয়েতে রাজি হয়নি বলে, 

সে আমি, 

মগাদিশুর যে মেয়েটি শান্তির জন্য পথে নেমেছিল বলে খুন হলো, 

সে আমি, 

তেহরানের যে মেয়েটিকে  হিজাব পরেনি বলে হত্যা করা হলো,

সে আমি। 

আমার দোষ একটিই, আমি মেয়ে। 

মেয়ে বলে আমাকে 

ঘরবন্দি করা হয়, 

আমার নাক চোখ মুখ ঢেকে রাখা হয়, 

আড়াল করা হয় আমার ত্বক, আমার চুল, 

আমার সর্বাঙ্গ, আমার শরীর,

যেন  শরীর নয়, এ পাপের আড়ত। 

আমার দোষ  আমি মেয়ে, 

মেয়ে বলে পৃথিবীর রূপ রস গন্ধ  থেকে সরিয়ে রাখা হয় আমাকে, 

আমাকে দেখতে দেওয়া হয় না আলো, 

আমাকে দাঁড়াতে দেওয়া হয় না দু’পায়ে, 

যেন আমি পক্ষাঘাতগ্রস্থ হয়ে জন্মেছি। 

অধিকার পেতে চাইলে আমার টুঁটি টিপে ধরা হয়, 

অধিকার পেতে চাইলে ধর্মের যাঁতাকলে আমাকে পেষা হয়, 

অধিকার পেতে চাইলে আমাকে বেশ্যা বলে গালি দেওয়া হয়, 

অধিকার পেতে চাইলে আমার গায়ে পায়ে শেকল পরানো হয়, 

অধিকার পেতে চাইলে আমাকে হত্যা করা হয়। 

আমাকে আগুনে পোড়ানো হয়। 

পুড়ে পুড়ে আমি অঙ্গার হইনি, ইস্পাত হয়েছি। 

আমাকে লাথি কষাতে এসো না, চুরমার হয়ে যাবে। 

আমার ওপর চাবুক চালাতে এসো না, একটিও কালসিটে দাগ পড়বে না গায়ে, 

আমাকে ধর্ষণ করতে এসো না, আমি রক্তাক্ত হবো না। 

আমাকে কোপাতে এসো  না, আমার মৃত্যু হবে না।