যেখানে শব্দেরা বেদনার মতো বেজে চলেছে
ফারুক ফয়সল লিখেছেন প্রাবন্ধিক আবেদীন কাদেরের সর্বসাম্প্রতিক প্রবন্ধের বই নিয়ে
শেষ বই ‘দ্বীপান্তরের গান’ প্রকাশের দীর্ঘ সাতাশ বছর পর ২০২০ সালে প্রবন্ধ গ্রন্থ ‘বড় বেদনার মতো বেজেছ’ এবং ‘MEDIA POWER AND OTHER ESSAYS’ ‘র প্রকাশ বলে দেয় তিনি নিয়মিত সাহিত্যিক জীবন যাপন করেননি। যদিও যুক্তরাষ্ট্রে তাঁর পড়াশুনার উদ্দেশ্যে আসার, পরবর্তীতে এখানেই জীবিকা স্থির করে বসবাস শুরু করার পূর্বে স্বদেশে নিয়মিত সাহিত্য অধ্যয়ন ও রচনায় সংশ্লিষ্ট থেকেছেন। নিয়মিত লেখা এবং বই প্রকাশ চিন্তা থেকে নিজেকে বিযুক্ত রাখার বিষয়ে আবেদীন কাদের ‘বড়ো বেদনার মতো বেজেছ’ বইয়ের ভূমিকায় যে কারণসমূহ দর্শিয়েছেন, তার কতকটা হয়তো ঠিক বলে অনুমিত হয়। তবে সেসবের চেয়েও বড় কারণ বোধ করি ব্যাপক পড়াশুনার সুযোগ তৈরি করে নেয়ার অনুকূল পরিবেশ তাঁর জ্ঞানতৃষ্ণার পালে হাওয়া লাগিয়েছিল। শিক্ষকতা পেশার কারণে এবং নিজের জ্ঞানতৃষ্ণা নিবারণে তিনি প্রচুর অধ্যয়নের ভিতর দিয়ে নিজের সময়কে এগিয়ে নিয়ে গেছেন। কালি ও কলম, সংবাদ সাময়িকীতে মাঝে মধ্যে লিখেছেন। ক্কচিৎ কখনো নিউইয়র্কের সাপ্তাহিক বাঙালীতে লিখেছেন। সেসবই অপ্রতুল এবং অনিয়মিত। কিংবা হয়তো লিখে রেখে দিয়েছেন, লেখা প্রকাশে ছিলেন অনীহা। বলা যেতে পারে সুদীর্ঘকাল পরে ড. আবেদীন কাদেরের দুটি বই একই সময়ে ( ফেব্রুয়ারী ২০২০ ) প্রকাশ পাওয়া অগ্রসর পাঠকদের জন্যে সুখবর বৈকি ! তাঁর লেখা প্রবন্ধ এক পড়ায়ই শেষ হয়ে যায় না। কেননা, প্রথমতঃ সমাজ বিজ্ঞানের ছাত্র এবং সমাজ বিজ্ঞানের একজন অধ্যাপক হিসাবে তাঁর অধ্যয়ন ও অভিজ্ঞতাকে তাঁর মনীষা দিয়ে যাচাই করে তিনি আলো ফেলেন সমাজ মনস্ক ভাবনায়।
ড. কাদের তাঁর ‘বড়ো বেদনার মতো বেজেছ’ গ্রন্থের ভূমিকায় লিখেছেন আমাদের দেশের প্রবন্ধ সাহিত্য সাধারণত দুধরনের লেখা হয়েছে গত ষাট সত্তর বছরে। একধরণের লেখা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার মাচায় রেখে সাহিত্যকে বিচার করার প্রকৃতি। সেখানে অবধারিতভাবে রাজনীতি ও সমাজের শ্রেণিবিন্যাস মাথায় রেখে লেখকরা প্রবন্ধ লেখার চেষ্টা করেছেন। তিনি এই শ্রেণিভূক্ত কয়েকজন লেখকের নাম উল্লেখ করেছেন। অন্য আরেকটি ধারা সম্পর্কে তিনি কতিপয় লেখকের নাম করে বলেন, তাঁদের লেখায় সাহিত্যকে বিচার করা হয়েছে এর সৌন্দর্যের বিষয় বিবেচনা করে, যেখানে সমাজের শ্রেণিবিন্যাস বড় করে দেখা হয়নি বিচারের ক্ষেত্রে, বা হলেও তা করা হয়েছে পরোক্ষভাবে। লেখক আবেদীন কাদেরকে আমি যতটুকু পড়েছি এবং তাঁকে ব্যক্তিগতভাবে যতোটা জেনেছি, তিনি উপরোক্ত দুই শ্রেণির লেখকদের মধ্যে প্রথম শ্রেণিভুক্ত। তাঁর লেখাও সমাজ ও রাষ্ট্রের মাচায় রেখে লেখা।একজন সমাজবিজ্ঞানী হিসাবেই নয় শুধু, একজন সমাজ চিন্তক আধুনিক রাষ্ট্রের নাগরিক হিসাবে তিনি রাষ্ট্র ও রাজনীতিকে এড়িয়ে চলতে পারেন না। তাছাড়া আমরা তাঁর সমগ্র জীবন অনুসরণে ( তাঁর আত্মকথনে নানা লেখা থেকে আমরা যতোটুকু তাঁকে জানতে পারি ) জানতে পারি বাংলাদেশের আধা সামন্ত কৃষিভিত্তিক সমাজের একজন ভূমিপুত্র হিসাবে তিনি নাগরিক জীবনধারার সকল চিন্তা ও অভ্যাস ধারণ করেও গ্রামীণ জীবন, বাল্য ও কৈশোরকালকে আঁকড়ে ধরে বাঁচেন। তারই ছায়া ও ছবি আমরা দেখতে পাই তাঁর সাহিত্য রচনায়। তাঁর অনুসন্ধিৎসু মনের জিজ্ঞাসার প্রাখর্যই তাঁর লেখার উপজীব্য হতে দেখি।
বইটির ভূমিকা স্বয়ং একটি পূর্ণাঙ্গ ও পরিমিত প্রবন্ধ। নাতিদীর্ঘ এই ভূমিকায় তিনি গ্রন্থভূক্ত প্রবন্ধগুলির একটি প্রাক-পরিচয়, অর্থাৎ কখন, কেন, কোন প্রেক্ষাপটে লেখাগুলি হয়ে উঠেছিল সে বিষয়গুলির সাথে নিজের লেখক জীবনের অনেক কথার আলোকপাত করেছেন। তাঁকে লিখতে দেখি—“কবিতা বিষয়ে অনেক ভেবেছি, যেহেতু এটিই আমার প্রিয়তম শিল্প উচ্চাঙ্গসংগীতের পর।”
কথাটির সত্যতা নিরুপন করতে পারি ‘বড়ো বেদনার মতো বেজেছ’ বইটির ১৭ টি প্রবন্ধের মধ্যে বিষয় হিসাবে কবি ও কবিতা বিষয়ে লেখার সংখ্যা ভারী দেখে। ‘বড় বেদনার মতো বেজেছ’ প্রবন্ধে তিনি ডোম মোরেস সম্পর্কে লিখেছেন— সারাজীবন চেয়েছিলেন একাকী দ্বীপের মতো বাস করতে, সাথিহীন, স্বজনহীন, পরিবারহীন, ঘরহীন উন্মুল এক শিল্পীর মতো। মানসিকভাবে হয়তো তাই ছিলেন, কিন্তু আজন্ম-ক্ষুধার্ত প্রেমিক, নারী ও ভালোবাসাকে নিশ্বাসের সঙ্গে জড়িয়ে রাখতে চেয়েছেন। নিজের কাঙ্ক্ষা ও মনোজাগতিক ঝোঁক বিপরীতমুখী, স্বপ্ন কল্পনা ও আর্তির অস্তিত্ব আড়াআড়ি। ডমিনিক ফ্রান্সিস মোরেস, যিনি সাহিত্যজগতে পরিচিত ছিলেন কবি ডোম মোরেস নামে।
মৃত্যু অনেকটা ঘুমিয়ে পড়ার মতোই
বংশীবাদক কানে কানে বলে ‘চোখ বন্ধ করো’…
মৃত্যুর সাতচল্লিশ বছর আগে অক্সফোর্ডের ছাত্রাবস্থায় উনিশ বছর বয়সে লেখা ‘অটোবায়োগ্রাফি’ কবিতায় নিজের মৃত্যুর যে-ছবি তিনি এঁকেছিলেন তা অনেকটা তাঁর মৃত্যুর মতোই। মৃত্যুর সময় তিনি ছিলেন বাড়িতে একা। ডোম মরিসের কবিতা আবেদীন কাদেরকে টেনেছে। তিনি বার বার আশ্রয় করছেন ডোম মোরেসের বেদনার্ত হৃদয় খোঁড়া উচ্চারণে। মোরেসের বেদনাদীর্ণ ছেলেবেলা তাঁর অসংখ্য কবিতার বিষয়বস্তু। ড. কাদের এই প্রসঙ্গে ‘একটি চিঠি’ কবিতার উদ্ধৃতি দেনঃ
আমি প্রায় স্পষ্ট স্মরণ করতে পারি যেখানে আমি জন্মেছিলাম
তাপদগ্ধ বারান্দায় মোটরচালকরা ঝিমুতো,
পেছনের আঙিনা ছিল কাঁটা ও ঝোপঝাড়ে ভরা।
নামহীন অগণিত ভৃত্যকুল বাবার বাড়িতে
যারা সারাক্ষণ পেছনের আঙিনার আবর্জনার মাঝে
চুপি চুপি কথা বলত
একদিন সেসব কথা আমার জন্য সত্য হয়ে ধরা দেয়;
বাবা আমাকে এত জোরে বুকে চেপে ধরতেন যে
আমি সত্যিই ব্যথা বোধ করতাম
আমার মা ছিলেন মানসিক ব্যাধিতে আক্রান্ত,
সময়ের সাথে আমরা ভেসে যেতাম।
কবি নিকোলাস অ্যালেক্সিওর প্রতিষ্ঠানিক শিক্ষা অর্থনীতিতে । কবিতা লেখেন ছাত্রবেলা থেকে। সমাজ বদলের স্বপ্ন দেখেন। হঠাৎ করেই সমাজবিজ্ঞান পড়তে আসেন নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটিতে। পি এইচ ডি কালে প্রথম কবিতার বই বেরোয়। সমাজবিজ্ঞানের অধ্যাপক সিটি ইউনিভার্সিটির কুইন্স কলেজে। ড. কাদের তাঁর প্রবন্ধ ‘কবি অ্যালেক্সিওর কবিতা’য় আমাদের অবগত করান—-
কবি অ্যালেক্সিওর কবিস্বভাব কেমন, সেটা সহজে অনুমান করা দূরুহ। কখনো তাঁকে মনে হতে পারে তিনি বাস্তবতাবিবর্জিত এক ভিন্ন জগতের ছবি আঁকেন। কিন্তু পরক্ষণেই মনে হতে পারে সমাজ-সমস্যা তাঁকে আলোড়িত করে এবং তিনি সে আলোড়নের ছায়া আঁকেন গ্রিক ভাষায় সংগীত দিয়ে।
অ্যালেক্সিওর তিনটি কবিতাগ্রন্থের অনুবাদ করে একটি সংগ্রহ ‘The garden of Lost Vespees’ নামে প্রকাশ করেছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারেন অ্যামেরিচ। গ্রন্থটি পাঠ করলে অ্যালেক্সিওর কবি জীবনের বাঁক বদলগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।প্রেম, সমাজ বদলের ক্ষুধা, বিষাদ, জীবনের নিরন্তর অর্থানুসন্ধান ইত্যাদি ছাড়াও এই কবি গ্রিক ঐতিহ্য ও ইতিহাস নিয়ে ভাবেন এবং তাঁর ভাবনাকালকে ছবিতে রুপ দেন।
স্প্যানিশ কবি ভ্যায়াহোকে নিয়ে লিখেছেন দীর্ঘ ২৭ পৃষ্ঠার একটি প্রবন্ধ। যুদ্ধ, যুদ্ধোত্তর পৃথিবীর বদলে যাওয়া রূপ, শিল্প বিপ্লব, নতুন ভাষা ভঙ্গি নির্মাণ, নতুন চিন্তার কবিতা নানা বিষয়ের বিশ্লেষণ করেছেন। আলোচনা করেছেন আন্তোনিও মাচাদো, হিমেনিজ, উনামুনো স্প্যানিশ ভাষায় এই তিন সন্ত করির কাব্যসৃষ্টির নতুন পথ, নতুন কাব্য আন্দোলনের সুর ও জায়মান শিখা-নির্দেশের দিকে। ক্রোধ, যন্ত্রণা, কৌতুক, ঘৃণা ও প্রেম কবিতাকে আশ্রয় করে মহৎ শিল্প সৃষ্টির কথা শোনালেন পাঠককে ড. কাদের তাঁর ‘বেদনার ঘূর্ণাবর্তে সৃষ্টির সংরাগে’ প্রবন্ধে।প্রবন্ধটি লেখকের আলাদা মনোযোগ পেয়েছে এটি অগ্রসর পাঠক প্রবন্ধটি পড়লে সহজেই বুঝতে পারবেন। তিনি নানাভাব এই কবির কবিতাকে মেধা ও মনন দ্বারা, কবিতার বোধি দিয়ে বিচারের নিরিখে উপসংহারে বলেছেন— সিজার ভ্যায়াহোর কবিতা এবং তাঁর জীবন অচ্ছেদ্য। নির্বাসন, নির্বাসনের বেদনা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মার্ক্সীয় দর্শনে জীবন উৎসর্গ করে নিরীড়িত মানুষের জন্যে আমৃত্যু সংগ্রাম ও শান্তির গান গেয়ে কাব্য রচনা করেছেন সিজার ভ্যায়াহো। ড. কাদেরের অভিমত— ভ্যায়াহোর কবিতা পাঠককে গভীর অস্থিরতা থেকে প্রশান্তিতে, অমঙ্গল থেকে সত্যে, মৃত্যু থেকে জীবনে ফিরিয়ে আনে, তমসা থেকে আলোতে।
আমাদের বিপ্লবেরা আজ স্বপ্নহীন
মুক্তির আকাঙ্ক্ষাহীন।
কিংবা—-
মাথার উপরে কালো মেঘ, চেঁচামিচি হুল্লোড়
লণ্ডভণ্ড দিনের স্বপ্ন
পায়ে পায়ে মাড়ামাড়ি ধায় যেন ছত্রভঙ্গ
মিছিলের মানুষ ধায় ; পেছনে উদ্যত যেন
কারো কোনো খুনি সঙ্গিন।
কবি কামাল চৌধুরীর কবিতা সম্পর্কে লিখতে গিয়ে এই ছত্রগুলি উদ্ধৃত করেছেন ড. আবেদীন কাদের। ‘এক তরুণ কবি ও তাঁর কবিতা’ প্রবন্ধে বাংলাদেশের কবিতায় যথার্থ রাজনৈতিক স্বর খুঁজেছেন। তিনি লিখছেন— বাংলা কবিতায় অত্যন্ত উল্লেখযোগ্য কিছু সৃষ্টিকর্ম থাকা সত্ত্বেও যদি শুধু বিষয়বস্তু হিসাবে রাজনীতিকে ধরা হয়, তাহলে ষাটের রাজনৈতিক কবিতা পরিশোধিত বিশুদ্ধ আন্তর্জাতিক মানবতার রাজনৈতিক কবিতা নয়। সারা বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের বিপ্লবের, আকাঙ্খার স্বপ্নের এবং যুদ্ধের কাল ছিল সত্তরের দশক জুড়ে। যে কজন বাঙালি কবি সত্তরে দুঃখী মানুষের জীবনের আনন্দ বেদনাকে রাজনৈতিক দর্শনে জারিত করে কাব্য রচনা করেছেন কামাল চৌধুরী তাঁদের একজন।
ড. কাদের লিখেছেন— মানবপ্রেমসহ সকল instinct গুলোর যে নৈয়ায়িক যাতনা কবিকে বিরামহীনভাবে ক্ষয় করে । কবি শরীর ও শরীরের অধিক যন্ত্রণাগ্রস্ত সময় এবং সময়ের সীমান্তরেখার ওপারে মহত্তর কোনো শক্তির কাছে নিজেকে সমর্পণ করেনঃ
শরীরে জমেছে এক জনমের দাহ
আগুনের কাছে যাপিত জীবন— প্রভু
আমাকে নেভাও, আমাকে নেভাও তুমি।
( দহন )
ড. কাদের বলছেন, কামালের এই আর্তি কোনো ব্যক্তির হৃদয় থেকে উৎসারিত আর্তি নয়, এটা মানুষের যন্ত্রণাগ্রস্ত সময়ের, নিস্কৃতির কাঙ্ক্ষায় দোলায়িত সমাজের আর্তি।
‘বড়ো বেদনার মতো বেজেছ’ ড. আবেদীন কাদেরের প্রবন্ধগ্রন্থটি শুধুমাত্র কবি ও কবিতার আলোচনা নিয়ে নয়। তবু গ্রন্থটি আলোচনা নিয়ে আমার লেখা নিবন্ধে কবি ও কবিতা নিয়ে আলোচিত প্রবন্ধগুলিকে একত্রে নিয়ে প্রথমেই আলোকপাত করার উদ্দেশ্য হলো রচনাগুলি যেন কোথাও এক সুরে কথা বলছে। তাদের হৃদয় খুঁড়ে অন্তর্গত বেদনার রক্তক্ষরণ, যা থাকে সাধারণ লোকচক্ষুর অন্তরালে, তাকেই তিনি জাগিয়ে তুলেছেন। আমার আর একটি লক্ষ্য ছিল— ড. আবেদীন কাদের যে তাঁর প্রবন্ধের বিষয়কে সব সময় সমাজ ও রাষ্ট্রব্যবস্থার মাচায় রেখে সাহিত্যকে বিচার করার পক্ষপাতী এবং অবধারিতভাবে রাজনীতি ও সমাজের শ্রেণিবিন্যাস মাথায় রেখে তিনি প্রবন্ধ লিখেছেন এবং কয়েক দশকের বিচ্ছেদ সত্বেও তিনি আজো সেই মতে দৃঢ় আছেন, সেটি উন্মোচন করা। তিনি সাহিত্যের মাঝে শুধু শিল্প সৌন্দর্যকে খোঁজেন নি। বিশ্ব নাগরিক অধ্যাপক আবেদীন নাগরিক বোধ ও বোধিসম্পন্ন আধুনিক নাগরিক প্রিভিলেজড্ শ্রেণীভুক্ত অধ্যাপক ও লেখক হয়েও নগরসভ্যতার যন্ত্রণার ছাপ তাঁর লেখায় । তাঁর মনোবেদনার অন্তর্গত রক্তক্ষরণের ছাপ তাঁর উচ্চারিত শব্দসমূহের শরীরময়, যা তিনি অন্তর্লোকে অনুধাবন করেছেন তাঁর প্রিয় কবিদের জীবনাচার ও তাঁদের লেখায়।
কবিতা ছাড়াও আলোচ্য গ্রন্থে তিনি কবি, সমালোচক ও রবীন্দ্রগবেষক আবু সয়ীদ আইয়ুবকে নিয়ে ২৪ পৃষ্ঠার এক দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। এটি এই গ্রন্থের দ্বিতীয় দীর্ঘতম প্রবন্ধ। কী মেলেনি হিসাব করে দেখতে আইয়ুবের মন রাজিই ছিল— থাকবে না-ই বা কেন ? প্রায় সবারই মন তা-ই থাকে, থাকাই স্বাভাবিক— কিন্তু যে মন শুধু না-পাওয়াটুকুই খোঁজ করে ও না পাওয়াটুকুই স্মৃতিতে ধরে রাখে , তাকে তাঁর শ্রদ্ধেয় মনে হয়নি। আইয়ুব সম্পর্কে যে লেখকের এমন বিশ্বাস তাঁকে নিয়ে তাঁর লেখা প্রবন্ধ ‘আবু সয়ীদ আইয়ুবঃ দার্শনিক-বিজ্ঞানী-প্রেমিক হৃদয় পূজারি কবিতাশিল্পের’ নামক দীর্ঘ এক প্রবন্ধে আইয়ুব ও তাঁর লেখা ও দর্শন নিয়ে নানামাত্রিক আলোচনা থাকবে এবং যা পড়তে পড়তে ড. কাদেরের মতোই পাঠকদের মনে নানা জিজ্ঞাসার জন্ম নেবে এবং জমে রাখা অনেক প্রশ্নের জবাব খুঁজে পাবে।
‘বড়ো বেদনার মতো বেজেছ’ পড়তে পড়তে আমি বিষ্ময় মেনেছি এই ভেবে, ড. কাদের সেই সব চরিত্র নিয়ে কথা বলেছেন, যাঁদের তিনি খুব কাছে থেকে দেখবার ও জানবার সুযোগ পেয়েছেন, অথবা তিনি তাঁদের সম্পর্কে গভীরভাবে অধ্যয়নের মাধ্যমে তাঁদেরকে জেনেছেন, কিংবা তাঁর মনিষীতূল্য জ্ঞানী ও ধেয়ানী শিক্ষকদের কাছে শুনেছেন এবং তাঁর অধীত বিদ্যার মধ্যে তাঁদেরকে ধারণ করেছেন। অমর্ত্য সেনের পাণ্ডিত্য ও তাঁর অর্থনৈতিক দশর্নসমূহ সম্পর্কে তিনি প্রচণ্ড শ্রদ্ধাশীল ছিলেন। তেরোটি প্রবন্ধ নিয়ে লিটল ম্যাগাজিনে পূর্ব প্রকাশিত অধ্যাপক অমর্ত্য সেনের প্রবন্ধ সংকলন নিয়ে ড. কাদের লিখেছেন ‘বিবর্ণ ভারতের অর্থনীতি-সংস্কৃতি দীর্ঘরেখা দিগন্তে’।
‘তুমি যেহেতু দর্শন ও সাহিত্য দুটো বিষয়েই পড়াও এবং চর্চা করো তাই জিজ্ঞাসা করছি, দর্শনের সাথে সাহিত্যের সম্পর্ক কী ?’ অধ্যাপক অ্যাসিমান এ প্রশ্নের উত্তরে বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেয়া সহজ নয়। সাহিত্যের মূল বিষয় রস সৃষ্টি, দর্শনের তা নয়। তবে দুটোর মাঝের বিভাজন রেখা সাংঘাতিক রকম ক্ষীণ, প্রায় অদৃশ্য বলতে পারো। ভালো সাহিত্যের মাঝে দর্শনের উপস্থিতি জরুরী তবে দৃশ্যমান নয়, আর বড় দর্শন নিশ্চয়ই বড় বিজ্ঞান বটে, তবে তার ভাষা উৎকৃষ্ট সাহিত্যও বটে।’
এই অধ্যাপক অ্যাসিমানকে ড. কাদের চিনতেন। তাঁকে জানার সুয়োগ তাঁর হয়েছিল। অধ্যাপক অ্যাসিমানের আত্মজীবনী ‘Out of Egypt’ এবং False papers বই দুটো ড. কাদের লেখকের কাছ থেকেই সংগ্রহ করে পড়েন ও তাঁর সঙ্গে আলোচনা করেন। আবেদীন কাদের লিখেছেন, False papers বইয়ে লেখক তাঁর নিজের ভেতর খোঁড়াখুঁড়ি করে এক ধরনের অন্বেষণ চালিয়েছেন, হারানো আলেকজান্দ্রিয়াকে তিনি কেমন করে ভাবতেন, কতটা অনুভব করেন এবং তাঁর নিজের অন্বেষণরত মনের স্বরুপটাই বা কী, সেটাই ভিন্নভাবে জানতে চেয়েছেন তিনি। অধ্যাপক অ্যাসিমানকে নিয়ে তিনি লিখেছেন ‘তোমার স্মৃতিও জানি সেই মতো হারাবে ধুলায়।
কবিতার সাথে সংগীত ও চিত্রকলার সম্পর্ক নিয়ে কৌতূহল দীর্ঘদিনের। এ বিষয়ে বিস্তর লেখাও হয়ে আসছে দীর্ঘকাল। বড়ো বেদনার মতো বেজেছ’ বইটিতে কাদের অন্তর্ভূক্ত করছেন তাঁর ‘কবিতার সংগীত ও কবিতার চিত্রকলা’। বাংলাদেশের আরো একজন লেখককে নিয়ে লেখা আছে ‘কথাসাহিত্যিক আবু জাফর শীমসুদ্দীনের আত্মস্মৃতি’।আবু জাফর শামসুদ্দীন সম্পর্কে ড. কাদেরের মূল্যায়ন ‘কথা সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন এমন একজন মানুষ, যিনি জীবনের প্রায় পঞ্চাশটি বছর এমনি টালমাটাল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একটি জাতির সময়স্রোতের মধ্য দিয়ে এগিয়েছেন কঠিন প্রতিজ্ঞা নিয়ে—সে প্রতিজ্ঞা শিল্পীর, সত্যসন্ধানী সাংবাদিকের। তিনি দূর থেকে বাঙালি জাতির সমস্যাকে দেখতে চাননি কোন পেশাদার চাকরিজীবী বা সাংবাদিকের মতো।’
আবেদীন কাদেরের ভাষায় আলবেয়ার ক্যামু ছিলেন দারুণভাবে রফাহীন স্বাধীনতাকামী। যে কোন কাল্টের কাছেই আত্মবলি দিতে একেবারেই ছিলেন নারাজ। ভাববাদ বা বস্তুবাদ দুটোই তাঁকে প্রতিপদে আহত করেছিল। একসময় নিজেই উপলব্ধি করলেন যে তাঁর জীবন-জিজ্ঞাসা প্রচলিত সমস্ত জীবন ও মূল্যবোধকে চ্যালেঞ্জ করে বসেছে। যেগুলোকে বাস্তব সত্যের ক্ষুরধার ছেনিতে বিশ্লেষণ করতে প্রয়াসী হলেন তিনি। বিশ্লেষণ করেছেন পশ্চিমা সভ্যতার অবক্ষয়ের কারণগুলিকে। কাদের বলতে চেয়েছেন ক্যামুর সৃষ্ট চরিত্রসূহের মতোই বিদ্রোহী ছিলেন ক্যামু। এই ক্যামুকে তিনি লিখেছেন পরবাসী মার্সেল প্রবন্ধে।
এবং ‘দূরে থাকার বেদনা দূরে থাকতে না পারার রক্তক্ষরণ’।
আলোচিত ‘বড়ো বেদনার মতো বেজেছ’ গ্রন্থের সূচনা প্রবন্ধ এটি। আমার কৈফিয়ৎ এই— ২২৪ পৃষ্ঠার এই গুরুত্বপূর্ণ বইটির ১৭টি গুরুত্বপূর্ণ প্রবন্ধের মূল সুর দূরে থাকার বেদনা দূরে থাকতে না পারার রক্তক্ষরণ। লেখক আবেদীন কাদের আলোচ্য এই প্রবন্ধে লিখছেন, “শিল্পী তাঁর নিজের ছবি, লেখা বা সুর চারদিকে খুঁজে বেড়ান, সর্বত্র একই ঘোষণা শুনতে পান হয়তো, আর তা হলো নির্বাসিত ‘সৃষ্টির’ অকাল মৃত্যুসংবাদ। তাঁর রং, তাঁর শব্দাবলী বা ধ্বনি-হিল্লোল, সবই আছড়ে পড়ে ইতিহাসের বিভিন্ন বাঁকে, যেখানে ছড়ানো থাকে তাঁর ফেলে আসা স্মৃতিচিহ্নগুলো।
তিনি মিলান কুণ্ডেরা, চেশোয়ারা মিউস, সালমান রুশদি, আন্দ্রে অ্যাসিমান এঁদের উদাহরণ টেনেছেন। উদাহরণের তালিকা অনেক দীর্ঘ করা যেতে পারে। তবে আপাতত আমরা লেখক ড. আবেদীন কাদেরকে সে তালিকাভূক্ত করতে পারি। অন্তত ‘বড়ো বেদনার মতো বেজেছ’র অন্তর্ভূক্ত রচনাগুলির অন্তর্লীন বেদনার সুর যখন পাঠকের কানে বেজে ওঠে, তখন পাঠকও তা স্বীকার করে নেবেন। নাগরিক জীবন যন্ত্রণাবিদ্ধ, একাকী একজন আধুনিক মানুষ বড়ো নিঃসঙ্গ। সেই একা মানুষের হৃদয়ক্ষরণ ক্রমাগত বেদনা হয়ে বেজে গেছে এই বইয়ের শব্দের অন্তস্রোতে। বইটি পাঠে পাঠকও সেই স্রোতে ভেসে যান।
বিষয়: গ্রন্থ পর্যালাচনা ।
গ্রন্থ: বড়ো বেদনার মতো বেজেছ।
লেখক: আবেদীন কাদের।
গ্রন্থের ধরণ: প্রবন্ধ।
প্রবন্ধ সংখ্যা: ১৭
পৃষ্ঠা সংখ্যা: ২২৪
প্রচ্ছদ ও বিন্যাস: নির্ঝর নৈঃশব্দ্য।
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ২০২০
প্রকাশকঃ:আবুল খায়ের,
বেঙ্গল পাবলিকেশন্স।
