১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কাজী নজরুল ইসলামের গল্পে বাঙালি মুসলমান সমাজ

দুর্ভাগ্যবশত, কাজী নজরুল ইসলাম আরো বেশি গল্প লিখলেন না। ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসে অবশ্য তিনি তৎকালীন মুসলমান-সমাজকে তুলে এনেছেন আরো অতল থেকে, বিস্তৃতভাবে। কিন্তু, কাজী নজরুল ইসলাম যদি আরো কিছু ছোট গল্প লিখতেন তাহলে বাংলাসাহিত্যের জন্য সেগুলো কী অমূল্য সম্পদ হতো কল্পনা করা যায়!

কামরুল আহসান কামরুল আহসান

Published : 27 Aug 2026, 03:23 PM

Updated : 16 Sep 2026, 01:01 PM

“ফরিদপুর জেলায় ‘আরিয়ল খাঁ’ নদীর ধারে ছোট্ট গ্রাম। নাম মোহনপুর। অধিকাংশ অধিবাসীই চাষি মুসলমান। গ্রামের একটেরে ঘরকতক কায়স্থ। যেন ছোঁয়াচের ভয়েই ওরা একটেরে গিয়ে ঘর তুলেছে।

তুর্কি ফেজের উপরের কালো ঝাণ্ডিটা যেমন হিন্দুত্বের টিকির সাথে আপস করতে চায়, অথচ হিন্দুর শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না, তেমনই গ্রামের মুসলমানেরা কায়স্থপাড়ার সঙ্গে ভাব করতে গেলেও কায়স্থ-পাড়া কিন্তু ওটাকে ভূতের বন্ধুত্বের মতোই ভয় করে।

গ্রামের মুসলমানদের মধ্যে চুন্নু ব্যাপারী মাতব্বর লোক। কিন্তু মাতব্বর হলেও সে নিজে হাতেই চাষ করে। সাহায্য করে তার সাতটি ছেলে এবং তিনটি বউ। কেন যে সে আর একটি বউ এনে সুন্নত আদায় করেনি, তা সে-ই জানে। লোকে কিন্তু বলে, তার তৃতীয় পক্ষটি একেবারে ‘খর-দজ্জাল’ মেয়ে। এরই শতমুখী অস্ত্রের ভয়ে চতুর্থ পক্ষ নাকি ও-বাড়ি মুখো হতে পারেনি। এর জন্য চুন্নু ব্যাপারীর আপশোশের আর অন্ত ছিল না। সে প্রায়ই লোকের কাছে দুঃখ করে বলত, ‘আরে, এরেই কয়- খোদায় দেয় তো জোলায় দেয় না! আল্লা মিয়াঁ তো হুকুমই দিছেন চারড্যা বিবি আনবার, তা কপালে নাই, ওইব কোহান থ্যা!’ বলেই একটু ঢোক গিলে আবার বলে, ‘ওই বিজাত্যার বেডিরে আন্যাই না এমনডা ওইল!’ বলেই আবার কিন্তু সাবধান করে দেয়, ‘দেহিয়ো বাপু, বারিত গিয়া কইয়্যা দিয়ো না। হে বেডি হুনল্যা এক্কেরে দুপুর‌্যা মাতম লাগাইয়া দিব!’ (জিনের বাদশা, কাজী নজরুল ইসলাম, শিউলিমালা গল্পগ্রন্থ, প্রথম প্রকাশ-১৯৩১)

জিনের বাদশা কাজী নজরুল ইসলামের সবচেয়ে পরিপক্ক গল্প হিসেবে গণ্য করা হয়, এবং এই গল্পে তৎকালীন বাঙালি মুসলমান সমাজের একটা পরিপূর্ণ চিত্র পাওয়া যায়। উদ্ধৃত অংশটুকু একটু মনোযোগ দিয়ে পাঠ করলে আমরা দেখতে পাব গল্পের শুরুতেই নজরুল বাঙালি মুসলমান সমাজের একটা চিত্র উপস্থাপন করেছেন। মোহনপুর গ্রামের ‘অধিকাংশ অধিবাসীই চাষি মুসলমান’। আর কোনো পেশার নাম তিনি উল্লেখ করেননি। এবং এই চাষি মুসলমানেরা চায় কায়স্থপাড়ার সঙ্গে ভাব করতে, কিন্তু, কায়স্থরা মুসলমানের কাছ থেকে দূরত্ব বজায় রাখার জন্য নিজেদের আলাদা করে নিয়েছে। ভাব করতে গেলেও কায়স্থ-পাড়া ওটাকে ভূতের বন্ধুত্বের মতোই ভয় করে।

দেশভাগ তখনো অনেক দেরি। হিন্দু-মুসলমান সমপ্রীতি নিয়ে যারা এখন খুব গান গান, তারা দেখবেন বহু আগে থেকেই উচ্চবর্ণের হিন্দুরা মুসলমানদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলেছে। কায়স্থরা সনাতন ধর্মালম্বীদের তিনটি ’উচ্চজাতি’-র মধ্যে গণ্য হয়। যাদের পেশা ছিল লেখক, প্রশাসক, মন্ত্রী, জমিদার এবং রেকর্ড-রক্ষক হিসেবে। সুতরাং প্রয়োজনের তাগিদেই চাষি মুসলমানেরা তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে চাইবে সেটাই স্বাভাবিক। কিন্তু, যতই তারা তুর্কি ফেজের উপরের কালো ঝাণ্ডিটা উড়িয়ে হিন্দুত্বের টিকির সাথে আপস করতে চাক, হিন্দুর শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না। 

অর্থাৎ, সামাজিকভাবে, ক্ষমতার বিচারে মুসলমান (চাষি সমাজ) অপর। এই অপরায়নের ফলে শিক্ষাদীক্ষায় তারা আর বেশি এগোতে পারেনি। তাদের বাস কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার জগতে। নজরুলের গল্পের মূল বিষয়বস্তু এই অন্ধকারে আলো ফেলা। তিনি সেই আলো ফেলেছেন প্রেমের গল্পের প্রতীকী আলোর মধ্য দিয়ে। প্রেমই জগতের সবচেয়ে জ্যোতির্ময়, সবচেয়ে উজ্জ্বল আলো!

চুন্নু ব্যাপারী গ্রামের মাতব্বর লোক হলেও নিজ হাতেই চাষ করে, সাহায্য করে তার সাতটি ছেলে এবং তিনটি বউ। কৃষিভিত্তিক সমাজে বউ আর ছেলে হালের বলদ আর জমির মতোই মূল্যবান। আরেকটা বিয়ে করে চুন্নু মিয়া সুন্নত আদায় করতে পারতো, কিন্তু, তার তৃতীয় পক্ষটি একেবারে ‘খর-দজ্জাল’ মেয়ে, এরই শতমুখী অস্ত্রের ভয়ে চতুর্থ পক্ষ নাকি ও-বাড়ি মুখো হতে পারেনি। এর জন্য চুন্নু ব্যাপারীর আফসোসের আর সীমা ছিল না, প্রায়ই লোকের কাছে দুঃখ করে বলত, ‘আরে, এরেই কয়- খোদায় দেয় তো জোলায় দেয় না! আল্লা মিয়াঁ তো হুকুমই দিছেন চারড্যা বিবি আনবার, তা কপালে নাই, ওইব কোহান থ্যা!’

এখানে শব্দের ব্যবহার লক্ষণীয়। বিশেষ করে ‘আল্লা মিয়াঁ’। মিয়া তো একটা পদবি, আমরা জানি, একে প্রভু অর্থে অনুবাদ করা যেতে পারে, কিন্তু, চলতিরূপে কথাটা ব্যবহৃত হয় ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, যেমন, আমরা কথায় কথায় বলি, আরে মিয়া, তুমি তো বুঝলাই না ব্যাপারটা। মিয়া এখন সাধারণ একটা সম্বোধন, কিন্তু, নজরুল শব্দটাকে ব্যবহার করেছেন আল্লাকে অনেকটা জীবনযাপনের অংশ করে, তৎকালে অনেকেই নিশ্চয়ই এমন শব্দ ব্যবহার করতেন, তাই নজরুল তার গল্পে শব্দটি তুলে এনেছেন; কিন্তু, এখনও কি এরকম কেউ করে? আল্লাহ এখন মুসলমান সমাজ থেকেই এতটাই দূরে সরে গেছেন যে এখন আর কেউ আল্লাকে মিয়া সম্বোধন করে না। 

এই গল্পের নায়কের নাম ‘আল্লারাখা।’ আল্লারাখা নামের অর্থ আল্লায় যেন একে রাখে। আল্লাহ স্বয়ং যেন এর হেফাজতকারি হয়। নামটি রেখেছে আল্লারাখার মা, চুন্নু মিয়ার তৃতীয় পক্ষের স্ত্রী। আমাদের এই গল্পের নায়িকার নাম ‘চানভানু’। পুথির কেসসা শুনে মায়ের আদর করে রাখা নাম।

এই নামগুলোও খেয়াল রাখা দরকার। নামও একটা সমাজের সংস্কৃতির বাহন। কারো নাম আকাশ থেকে পড়ে না। সাংস্কৃতিক উপাদান থেকেই সেসব সংগ্রহ করা হয়। পুথির কেসসা শুনে মা তার মেয়ের নাম রাখছেন, এতে সেই সময়কার পুথিপাঠের প্রভাবটা বোঝা যায়। আজকাল আর পুথির দিন নেই, কিন্তু গল্প-উপন্যাস পড়েই-বা কজন মা আর এখন নাম রাখেন? ইদানিং বাঙালি মুসলমান ছেলে-মেয়ের নাম কোত্থেকে কীভাবে রাখা হয় সবাই জানেন। গত কয়েক দশক ধরেই বাঙালি মুসলমান ছেলেমেয়েদের নাম ইসলামিকরণ হচ্ছে। আরবি নাম না রাখলে আজকালকার মুসলমান ছেলেমেয়েরা যেন আর প্রকৃত মুসলমান হচ্ছে না। সেখানে শতবছর আগের চানভানু নামের মধ্যে মুসলমানিত্বের চেয়ে বাঙালিত্বেরই পরিচয় বেশি। 

এইসব নাম কাজী নজরুল ইসলাম যে খুব সচেতনভাবে রেখেছেন বোঝা যায় চানভানুর বাবার নামের মধ্য দিয়েও। চানভানুর বাবার নাম নারদ আলী। আমরা জানি, নারদ সাধারণত হিন্দুদের নাম হয়। দেবর্ষি নারদ ব্রহ্মার মানসপুত্র। কিন্তু, নজরুল তার গল্পের মধ্যেই উল্লেখ করছেন, ‘নারদ আলি, শেখ রামচন্দ্র, সীতা বিবি প্রভৃতি নাম এখনও গাঁয়ে দশ-বিশটে পাওয়া যায়।’

তার মানে বাঙালি মুসলমান সমাজের মধ্যে তখন হিন্দুয়ানি নাম রাখার প্রচলন ছিল। এর কারণ উচ্চবর্ণের হিন্দুদের কাছে তারা অপর হলেও অবচেতনভাবেই জানতেন তারা বৃহত্তর ভারতীয় সমাজের অংশ। ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতি তাদের মনে-মস্তিষ্কে কাজ করেছে গত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। সম্ভবত দেশভাগের পর তা কমতে শুরু করে। অর্থাৎ, দেশভাগের পর, পাকিস্তান আমলে বাংলার মুসলমান প্রথম আরবীয় হয়ে উঠতে শুরু করে। বাঙালিত্ব ভুলে প্রকৃত মুসলমান হয়ে উঠতে শুরু করে। নজরুল উল্লেখ করেছেন, ‘হনুমানুল্লা, বিষ্ণু হোসেন প্রভৃতি নামও আছে কিনা জানিনে।’ মানে বাঙালি মুসলমান সমাজে স্বাভাবিকভাবেই হিন্দু-নাম-সংস্কৃতির প্রভাব যেরকম পড়েছে হিন্দু সমাজের ওপর মুসলমান-নাম-সংস্কৃতির প্রভাব তেমন পড়েনি। 

সে-সময় পুথিপাঠের রেওয়াজ এবং মুসলমান সমাজের মানসপটে তার প্রভাব কীরকম ছিল তার আরেকটা নজির আমরা দেখতে পাই গল্পের নায়ক আল্লারাখার মধ্য দিয়েও। নায়ক সম্পর্কে নজরুল মন্তব্য করছেন, ‘এইখানে বলে রাখি, আমাদের আল্লারাখা পুথি পড়ে যতদূর আধুনিক হবার- তা হয়ে উঠেছিল।’

আধুনিক বলতে আল্লারাখার মধ্যে কোনোরকম কুসংস্কার ছিল না। গাঁয়ের লোকদের মতো সে জিন-ভুত-দেও-দানো বিশ্বাস করতো না। অসীম সাহসি আল্লারাখা তার বীরত্বের সদব্যবহার করত মানুষকে ভয় দেখানোর মধ্য দিয়েই। পুথি পড়তে পড়তে আল্লারাখা যে শুধু আধুনিকই হয়েছিল তা নয়, পুথি পড়েই সে চানভানুর প্রেমে পড়েছিল। ‘সোনাভানে’র পুথি পড়তে পড়তে একদিন আল্লারাখার মনে হলো, চানভানুই সোনাভানবিবি এবং সে গাজি হানিফা। তার কারণ, চানভানুর চেয়ে সুন্দরী মেয়ে গাঁয়ে ছিল না। 

আমরা জানি, বাংলার গ্রামে-গঞ্জে এক সময় সোনাভানের পুথি খুব জনপ্রিয় ছিল। পুথির মূল চরিত্র সোনাভানকে কল্পনা করা হয়েছে এক বীর নারীরূপে। তার সাথে হযরত আলীর পুত্র হানিফার কয়েক দফা দ্বন্বযুদ্ধের কাহিনী আর শেষ পরিণতি নিয়েই সোনাভানের পুথি রচিত হয়েছে। জিনের বাদশা গল্পের নায়ক আল্লারাখাও চানভানুকে জয় করতে চায়। নিজের বীরত্বের প্রদর্শনস্বরূপ সে সাজে ‘জিনের বাদশা’।

জিনের বাদশা সাজার পরিকল্পনা অবশ্য আল্লারাখার প্রথমে ছিল না। সে খুব সহজেই চানভানুকে জয় করার আশায় একদিন সরাসরি চানভানুর বাড়িতে গিয়েই হাজির হলো। কিন্তু ঠোঁটকাটা চানভানুর হাতে একরকম অপদস্ত হয়েই সে ফিরে আসে। মোহনপুরের হানিফের এই প্রথম পরাজয়! পরাজয়ের প্রতিশোধ আল্লারাখা অন্যভাবে নেয়, তাতে চানভানু নতুন করে জ্বলে ওঠে। বস্তুত সোনাভান আর হানিফার দ্বন্দ্বদ্ধের মতোই চানভানু আর আল্লারাখার একরকম যুদ্ধ চলতে থাকে। 

এক সময় চানভানুর বিয়ে ঠিক হয়ে যায় পাশের গাঁয়ের ছেরাজ হালদারের ছেলের সঙ্গে। সেই বিয়ে ভাঙতে আল্লারাখাকে সাজতে হয় জিনের বাদশা। কারণ, আল্লারাখা জানে গ্রামের অজ্ঞ মানুষগুলোর জিনের প্রতি কেমন ভয়! জিনের যে-কোনো কথা তারা বিনা প্রশ্নে বিশ্বাস করে। 

আল্লারাখা জিন সেজে প্রথমে ভয় দেখায় নারদ আলীকে। এতে প্রথমে কিছুটা কাজ হয়, কেউ কেউ বলল চানভানুর এত রূপ দেখে ওর ওপর জিনের আশক হয়েছে, ওর ওপর জিনের নজর আছে। আহা, যে বেচারার বিয়ে হবে ওর সাথে, তাকে হয়তো বাসরঘরেই মটকে মারবে! সেদিন সারাদিন মোল্লাজি এসে চানভানুর বাড়িতে কোরান পড়লেন। রাত্রে মউলুদ শরিফ হল। এইসব ব্যাপারে চানভানুর বিয়ের দিন গেল আরও মাসখানিক পিছিয়ে। নানান গ্রামের পিশাচ-সিদ্ধ মন্ত্র-সিদ্ধ গুণীরা এসে নারদ আলির বাড়ির ভূতের উপদ্রব বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেল। চারপাশের গ্রামে একটা হই চই পড়ে গেল।

পশ্চাৎপদ তৎকালীন মুসলমানসমাজের সমাজচিত্র এতে পুরোটাই পাওয়া যায়। দুষ্ট ছেলের কারসাজি সন্দেহ না করে নারদ আলী ঠিকই মোল্লা ডেকে মিলাদ পড়ান, ঝাড়ফুঁকও চলতে থাকে সমান তালে। কিন্তু, বিয়ে ভেঙে দেয়ার কোনো লক্ষণ না দেখে আল্লারাখা কলকাতা থেকে চিঠি ছাপিয়ে এনে চানভানুর বাড়িতে বিলি করে, চিঠির শেষে নাম দেয় জিনের বাদশার, বুঝায় যে এই চিঠি স্বয়ং জিন পাঠিয়েছে। চিঠিতে আল্লারাখা এমনও লিখে  দেয়,  ‘খবরদার খবরদার। খোদাতালার হুকুম হইয়াছে আল্লারাখার কাছে বিবাহ দিতে। আর যদি খোদাতালার হুকুম অমান্য করছ তবে শেষে তোর ম্যাইয়্যা ছেমরি দুস্কু ও জাল্যার মধ্যে পরিবে। খবরদার- হুঁশিয়ার- সাবধান আমার এই পত্রের উপর ইমান না আনিলে কাফের হইয়া যাইবি।’

জিনের কথায় নারদ আলী ফাঁপরে পড়লেও ছেরাজ হালদার ছাড়বার পাত্র নয়। ভূত, জিন, পরি এত রটনা সত্ত্বেও ছেরাজ তার ছেলেকে এই মেয়ের সাথেই বিয়ে দেবে দৃঢ় পণ করে বসেছিল। আসল কথা, ছেরাজ অতিমাত্রায় ধূর্ত ও বুদ্ধিমান। সে বুঝেছিল চানভানু বাপ-মার একমাত্র সন্তান, তার ওপর সুন্দরী বলে কোনো বদমায়েশ লোক সম্পত্তি আর মেয়ের লোভে এই কীর্তি করছে। অবশ্য, ভূত যে ছেরাজ বিশ্বাস করত না, বা তাকে ভয় করত না-- এমন নয়। তবে সে মনে করছিল, যে লোকটা এই কীর্তি করছে, সে নিশ্চয় টাকা দিয়ে কোনো পিশাচ-সিদ্ধ লোককে দিয়ে এই কাজ করাচ্ছে। কাজেই বিয়ে হয়ে গেলে অন্য একজন পিশাচ-সিদ্ধ গুণীকে দিয়ে এ সব ভূত তাড়ানো বিশেষ কষ্টকর হবে না! এত জমির ওয়ারিশ হয়ে আর কোন মেয়ে তার গুণধর পুত্রের জন্য অপেক্ষা করে বসে আছে! ছেরাজের পুত্রও পিতার মতোই সাহসী, চতুর এবং সেয়ানা। সে মনে করেছিল, বিয়েটা হয়ে যাক, তারপর ভূতটুতগুলো ভালো করে গুণী দিয়ে ছাড়িয়ে পরে বউয়ের কাছে ঘেঁষবে।

অর্থাৎ, লোভের কাছে ভয় হার মানছে। এবং চিরকাল এই বাঙালি মুসলমান সমাজের পুঁজি যেন এই দুটোই- লোভ আর ভয়। বাঙালি মুসলমানের ধর্মীয়বোধ, বেহেশত-দুযোখও যেন ওই লোভ ও ভয়ের হাতেই বন্দি। সাধারণ মুসলমান যেখানে ভয়ে কাবু, ধুর্তরা সেখানে লোভী। এই ভয় ও লোভকে কাজে লাগিয়েই একদল ধর্মব্যবসায়ী টিকে আছে যুগ যুগ ধরে এই বাংলায়। 

শেষ পর্যন্ত আল্লরাখার চূড়ান্ত পরাজয় হয়। জিনের বাদশা, তার দৈবী বাণী, যত রকম ভূত ছিল- একানোড়ে, মামদা, সতর চোখির মা, বেহ্মদোত্তি, কন্ধকাটা- সব মিলেও তারা পরাজয় নিবারণ করতে পারলে না! চানভানুর বিয়ে হয়ে যায় ছেরাজের পুত্রের সঙ্গেই। আর তারপর আল্লারাখা সম্পূর্ণ বদলে যায়। আসলে, পরাজয় না, অন্যভাবে ভাবলে আল্লারাখার বড় এক জয়ই হয় বলা যায়। প্রেমবিরহে সে আবিষ্কার করে নিজের ভেতরের মানুষটাকে। 

একদিন নিজের বুক কেটে আল্লারাখা চানভানুকে বলেছিল তার বুকে সাপে কেটেছে, চানভানু আল্লারাখার বুক চুষে রক্ত বের করেছিল, ‘যে দিন চানভানু তার চাঁদমুখ দিয়ে ওর বুকের রক্ত স্পর্শ করেছিল সেই দিন থেকে তার রক্তের সমস্ত বিষ- সমস্ত হিংসা দ্বেষ লোভ ক্ষুধা- সব যেন অমৃত হয়ে উঠেছিল। তার মনের দুষ্ট শয়তান সেই একদিনের সোনার ছোঁওয়ায় যেন মানুষ হয়ে উঠেছিল। পরশমণির ছোঁওয়া লেগে ওর অন্তরলোক সোনার রং-এ রেঙে উঠেছিল। তার মনের ভূত সেই দিনই মরে গেল।’ আহা, কী সুন্দর!

চানভানুর যে রাত্রে বিয়ে হয়ে গেল, তার পরদিন সকালে আল্লারাখার বাপ মা ভাই সকলে আল্লারাখাকে দেখে চমকে উঠল। তার সে বাবরি চুল নেই, ছোটো ছোটো করে চুল ছাঁটা, পরনে একখানা গামছা, হাতে পাঁচনি, কাঁধে লাঙ্গল!

আল্লারাখার নতুন রূপান্তর ঘটল। একটি ছোট গল্পের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম যেন পুরো একটি সমাজের রূপান্তর দেখালেন। মিথ আর লোকগল্পের মিশেলে একটি গল্পের মধ্য দিয়ে অসংখ্য গল্পের পর্দা উন্মোচন করলেন কাজী নজরুল ইসলাম। প্রতিটি চরিত্রেরই যেন এখানে একটি করে গল্প। সব চরিত্রই সমাজের একেকটি বিশেষ শ্রেণির চরিত্র উন্মোচন করছে। তারা সবাই একই গোত্রের, একই ভয়ে কাবু, একই মিথের অংশীদার, কিন্তু; তাদের মানসলোক বহুস্তরবিশিষ্ট। চানভানুও জিনের বাদশার কথা বিশ্বাস করেছিল, কিংবা, সে হয়তো জানত এ-কাজ আল্লারাখারই, আল্লারাখার প্রতি এক গোপন প্রেম তার মনে জেগেছিল, কিন্তু, বাবার বিরুদ্ধে সে যেতে পারেনি, চানভানুর ওপর জিনের আছড় আছে তাই বিয়ের পরপরই তার বর গুণীর সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল। আর চানভানুর দুটি চোখ এখন কেবল চেয়ে থাকে আল্লারাখার কৃষাণ-মূর্তির দিকে, একদিন সে দৌড়ে গিয়ে আল্লারাখার পায়ের কাছে পড়ে কেঁদে উঠল, ‘কে তোমারে এমনডা করল?’ আল্লারাখা শান্ত হাসি হেসে বলে উঠল- ‘জিনের বাদশা!’

আমরা তো জানি, যেমনটা আল্লারাখা ও চানভানুও জানে, জিনের বাদশা বলে কিছু নেই, প্রেমই আল্লারাখার এমন রূপান্তর ঘটিয়েছে। প্রেম এখানে অন্ধকার সমাজের একমাত্র আলো।

২.

পদ্ম- গোখরো’ গল্পেও জিনের প্রসঙ্গ এসেছে। এসেছে ভয়ের প্রতীক হিসেবেই। “সেইদিন সন্ধ্যা-রাত্রিতে বাড়ির একজন দাসী চিৎকার করিয়া উঠিল, ‘ও মা গো, ভূতে ধরলে গো! জিনের বাদশা গো! জিন ভূত!’ বলিয়াই সে প্রায় অজ্ঞান হইয়া পড়িল। বাড়িময় ভীষণ হই চই পড়িয়া গেল।’

একটু পরেই লেখক আমাদের জানিয়ে দেন, ‘জিন-ভূত কিছুই না। সে তো জোহরার বাবা- আরিফের শ্বশুর।’

এর মধ্য দিয়ে লেখক আমাদের জানিয়ে দিতে ভোলেন না যে, জিন-ভূত মূলত অজ্ঞতারই ফল, আর এর ভয়ই এর প্রধান পুঁজি। আর সমাজে জিন-ভূতের কেসসা ছড়ায় অশিক্ষিত লোকের মাধ্যমে। 

পদ্ম-গোখরা দুটি সাপকে কেন্দ্র করে অসামান্য এক প্রাণ- প্রেমের গল্প। এই গল্পের শুরুও হয়েছে জিনের প্রসঙ্গ দিয়েই, ‘রসুলপুরের মির সাহেবদের অবস্থা দেখিতে দেখিতে ফুলিয়া ফাঁপাইয়া উঠিল। লোকে কানাঘুষা করিতে লাগিল, তাহারা জিনের বা যক্ষের ধন পাইয়াছে।’ অর্থাৎ এ-অঞ্চলে মুসলিম-মানসে জিনেই আছড় করে আছে। জিন শুধু এ-জাতির ভয়ের প্রতীক না, যক্ষের ধনেরও প্রতীক। 

আজও যে বাঙালি-মুসলমান এই জিনের আছড় ছেড়ে বেরোতে পেরেছে বলা যাবে না। এখনো দেখা যাবে অনেক শিক্ষিত লোকই, এমন কি, ঢাকার মতিঝিলের কর্পোরেট অফিসে বসে দিন-দুপুরে জিনের আলাপ করে। বাঙালি মুসলমানের মধ্যে আজও এমন বিশ্বাস বিদ্যমান যে, জিন বিশ্বাস না করলে ঈমানই থাকবে না। কারণ, কুরআনে জিনের কথা আছে।  

জিন-ভূতের পশ্চাৎপদ দিক ছাড়া নজরুল তার গল্পে এনেছেন বাঙালি মুসলমান সমাজের শাশ্বত প্রেমের চিত্র। যদি প্রশ্ন করা হয়, নজরুলের গল্পের প্রধান বিষয়বস্ত কী? তাহলে এক শব্দেই বলা যাবে- প্রেম! প্রেমই নজরুলের বেশির ভাগ গল্পের মূল বিষয়। সেই প্রেম বেদনাহত, বিরহের। কিন্তু, প্রেমের গল্পের মধ্য দিয়েই নজরুল তৎকালীন সমাজকে হাজির করেছেন গভীরভাবে। 

যেমন, নজরুলের আরেকটা বিখ্যাত গল্প ‘অগ্নিগিরি’ নিয়ে যদি একটু পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে তৎকালীন মুসলিম সমাজকে তিনি কীভাবে হাজির করেছেন। গল্পের শুরুতেই লেখক জানিয়ে দিচ্ছেন, বীররামপুর গ্রামের আলি নসিব মিয়াঁর সকল দিক দিয়েই আলি নসিব। বাড়ি, গাড়ি ও দাড়ির সমান প্রাচুর্য! ত্রিশাল থানার সমস্ত পাটের পাটোয়ারি তিনি। এঁরই বাড়িতে থেকে ত্রিশালের মাদ্রাসায় পড়ে- সবুর আখন্দ। নামেও সবুর, কাজেও সবুর! শান্তশিষ্ট গো-বেচারা মানুষটি। উনিশ-কুড়ির বেশি বয়স হবে না, গরিব শরিফ ঘরের ছেলে দেখে আলি নসিব মিয়াঁ তাকে বাড়িতে রেখে তার পড়ার সমস্ত খরচ জোগান।

অগ্নিগিরি গল্পের নায়ক সবুরকে লেখক হাজির করেছেন ‘জিনের বাদশা’ গল্পের বিপরীতভাবে। সবুর আখন্দ একেবারেই আল্লারাখার বিপরীত চরিত্র। আল্লারাখা যেখানে দুর্বিনীত, সবুর সেখানে খুব বিনীত। আল্লারাখা চানুভানুকে জয় করতে চায়, কিন্তু, এখানে নূরজাহানই চায় সবুরকে জয় করতে। 

আলি নসিবের একমাত্র মেয়ে নূরজাহান। মেয়েটি আলি নবিসের অতি আদরের। বয়স পনেরো পেরিয়ে গেছে। অথচ বিয়ে দেবার নাম নেই বাপ-মায়ের। কথা উঠলে বলেন, মনের মতো জামাই না পেলে বিয়ে দেওয়া যায় কী করে! মেয়েকে তো হাত-পা বেঁধে জলে ফেলে দেওয়া যায় না! 

ওদিকে পড়ার দুরন্ত ছেলের দল সবুরকে পথে দেখলেই জ্বালাতন করে। পাড়ার ছেলেদের অধিকাংশই স্কুলের পড়ুয়া। কাজেই তারা মাদ্রাসা-পড়ুয়া ছেলেদের বোকা মনে করে। তাদের পাড়াতে কোনো মাদ্রাসার ‘তালবিলিম’ (তালেবে এলম বা ছাত্র) জায়গির থাকত না পাড়ার ছেলেগুলির ভয়ে। সবুরের অসীম ধৈর্য! সে এমনি করে তিনটি বছর কাটিয়ে দিয়েছে। আর একটা বছর কাটিয়ে দিলেই তার মাদ্রাসার পড়া শেষ হয়ে যায়।

অনেক নজরুল-গবেষকের মতে, এই গল্প অনেকটাই নজরুলের বাস্তবজীবনের। এক সময় তিনিও ত্রিশালের দরিরামপুর স্কুলে পড়াশোনার সময় এক বেপারীর বাড়িতে লজিং থাকতেন। নূরজাহান নামের মায়াবতী এক নারীকে পড়াতেন তিনি। নূরজাহানই নজরুলের প্রথম প্রেম। বাস্তবজীবনের মিশেলে নজরুল সে-সময়ের সমাজচিত্র উপস্থাপন করেছেন এভাবে:

“নূরজাহান বাড়িতে থেকে সামান্য লেখাপড়া শিখেছে। এখন সবুরের কাছে উর্দু পড়ে। শরিফ ঘরের এত বড়ো মেয়েকে অনাত্মীয় যুবকের কাছে পড়তে দেওয়া দূরের কথা, কাছেই আসতে দেয় না বাপ মা; কিন্তু এদিক দিয়ে সবুরের এতই সুনাম ছিল যে, সে নূরজাহানকে পড়ায় জেনেও কোনো লোক এতটুকু কথা উত্থাপন করেনি।

...সবুর যতক্ষণ নূরজাহানকে পড়ায় ততক্ষণ একভাবে ঘাড় হেঁট করে বসে থাকে, একটিবারও নূরজাহানের মুখের দিকে ফিরে তাকায় না। বাড়ি ঢোকে মাথা নিচু করে, বেরিয়ে যায় মাথা নিচু করে! নূরজাহান, তার বাবা মা সকলে প্রথম প্রথম হাসত- এখন সয়ে গেছে!

...সত্যসত্যই, এই তিন বছর সবুর এই বাড়িতে আছে, এর মধ্যে সে একদিনের জন্যও নূরজাহানের হাত আর পা ছাড়া মুখ দেখেনি।

...এই তিন বছর সে এই বাড়িতে আছে, কিন্তু কেউ ডেকে জিজ্ঞাসা না করলে সে অন্য লোক তো দূরের কথা- এই বাড়িরই কারুর সাথে কথা কয়নি। নামাজ পড়ে, কোরান তেলাওত করে, মাদ্রাসা যায়, আসে, পড়ে কিংবা ঘুমোয়- এই তার কাজ। কোনোদিন যদি ভুলক্রমে ভিতর থেকে খাবার না আসে, সে না খেয়েই মাদ্রাসা চলে যায়- চেয়ে খায় না। পেট না ভরলেও দ্বিতীয়বার খাবার চেয়ে নেয় না। তেষ্টা পেলে পুকুরঘাটে গিয়ে জল খেয়ে আসে, বাড়ির লোকের কাছে চায় না।”

যারা মোটামটি আশি-নব্বই দশক পর্যন্তও গ্রামবাংলার মুসলিম পরিবার এবং সে-সময়ের মাদ্রাসার ছাত্র দেখেছেন, বিশেষ করে সে-যদি গরিব ঘরের হয়, তাহলে এ-চিত্র তাদের কাছে অকল্পনীয় মনে হবে না। সম্ভ্রান্ত মুসলিম ঘরের মেয়েরা তখন এই শালিনতাটুকু বজায় রাখত, আর মাদ্রাসার ছেলেরাও এই ভদ্রতাটুকু প্রকাশ করত। এখন এই চিত্র অনেকখানিই বদলে গেছে, দুদিক থেকেই। ধারণা করা যায়, ত্রিশালে নজরুলেরও কয়েকটি বছর গেছে এভাবেই। সবুরের মতো তিনিও পাড়ার ছেলেদের হাতে নাজেহালের শিকার হতেন।

অগ্নিগিরি গল্পেও নজরুল নায়কের এক নতুন রূপান্তর সৃষ্টি করেন। আর এই রূপান্তরও ঘটে মূলত প্রেমেরই কারণে। পাড়ার ছেলের কাছে বিদ্রুপের শিকার হতে দেখে নূরজাহানই সবুরের বুকে আগুন জ্বেলে দেয়, ‘আপনি বেডা না? আপনারে লইয়া ইবলিশা পোলাপান যা তা কইব আর আপনি হুইন্যা ল্যাজ গুডাইয়া চইলা আইবেন? আল্লায় আপনারে হাত-মুখ দিছে না।’

সবুর সেই প্রথমবারের মতো নূরজাহানের দিকে চোখ তুলে তাকায়, নূরজাহানের অপরূপ মুখ দেখে ব্যথা-লজ্জা-অপমান ভুলে সহসা তার মুখ দিয়ে বেরিয়ে এলো বিস্ময়ধ্বনি, ‘নূরজাহান’!

লেখকের বর্ণনায় সেই অপূর্ব সুন্দর মুহূর্তের দৃশ্যটুকু পড়া যাক:

“নূরজাহান বিস্ময়-বিমূঢ়ার মতো তার চোখের দিকে চেয়ে ছিল। এ কোন বনের ভীরু হরিণ? অমন হরিণ-চোখ যার, সে কি ভীরু না হয়ে পারে? নূরজাহান কখনও সবুরকে চোখ তুলে চাইতে দেখেনি। সে রাস্তা চলতে কথা কইত- সব সময় চোখ নিচু করে। মানুষের চোখ যে মানুষকে এত সুন্দর করে তুলতে পারে- তা আজ সে প্রথম দেখল।

সবুরের কন্ঠে তার নাম শুনে লজ্জায় তার মুখ লাল হয়ে উঠল। বর্ষারাতের চাঁদকে যেন ইন্দ্রধনুর শোভা ঘিরে ফেলল।

আজ চিরদিনের শান্ত সবুর চঞ্চল মুখর হয়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরে ঝড় উঠেছে। মৌনী পাহাড় কথা কয় না, কিন্তু সে যেদিন কথা কয়, সেদিন সে হয়ে উঠে অগ্নিগিরি।

সবুরের চোখে মুখে পৌরুষের প্রখর দীপ্তি ফুটে উঠল। সে নূরজাহানের দিকে দীপ্ত চোখে চেয়ে বলে উঠল, ‘ওই পোলাপানেরে যদি জওয়াব দিই, তুমি খুশি হও?’ নূরজাহানও চকচকে চোখ তুলে বলে উঠল, কে জওয়াব দিব? আপনি?’ ”

ওই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মৌনী পাহাড় যখন কথা কয় সে অগ্নিগিরি হয়ে ওঠে। প্রতিবাদ করতে গিয়ে নিতান্তই দূর্ঘটনাবশত ওই ছেলেদের দলের একজন সবুরের হাতে খুন হয়ে যায়। সবুরের সাত বছরের জেল হয়। ওই গ্রামে আর বসবাসের উপায় থাকে না আলি নসিব মিয়াঁর। কারণ, মেয়ের নামে কলঙ্ক রটে গেছে। তাহলে এখন উপায়? 

“যেদিন বিচার শেষ হয়ে গেল, সেদিন সপরিবারে আলি নসিব মিয়াঁ ময়মনসিংহে ছিলেন। নূরজাহান তার বাবাকে সেই দিনই ধরে বসে,- তারা সকলে মক্কা যাবে। আলি নসিব মিয়াঁ বহুদিন থেকে হজ করতে যাবেন বলে মনে করে রেখেছিলেন, মাঝে মাঝে বলতেনও সে কথা। নানান কাজে যাওয়া আর হয়ে উঠেনি, মেয়ের কথায় তিনি যেন আশমানের চাঁদ হাতে পেলেন। অত্যন্ত খুশি হয়ে বলে উঠলেন, ‘ঠিক কইছস বেডি, চল আমরা মক্কায় গিয়াই এ সাতটা বছর কাটাইয়া দিই। এ পাপ-পুরীতে আর থাকবাম না! আর আল্লায় যদি বাঁচাইয়া রাহে, ব্যাডা তালবিলিরে কইয়া যাইবাম, হে যেন একডিবার আমাদের দেখা দিয়া আইয়ে।’ ‘ব্যাডা তালবিলি­’ বলেই হো হো করে পাগলের মতো হেসে উঠেই আলি নসিব মিয়াঁ পরক্ষণে শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন।”

গল্পটির অনেকগুলো দিক নিয়েই বিশেষ আলোচনা করা যায়। মুসলমান সমাজে প্রেম যতই অস্বীকৃত বিষয় হোক, আমরা দেখছি মেয়ের প্রেমের স্বীকৃতি দিতে স্বয়ং বাবা-মা-ই এগিয়ে আসছেন অত্যন্ত মানবিক দৃষ্টি নিয়ে। এই যে তাদের উদারমনস্কতার পরিচয়, গরিব একটি ছেলেকে বাড়িতে আশ্রয় দিয়ে মেয়েকে তার কাছে পড়ানো, এবং ছেলেটির বিপদের সময় তাদের সর্বশক্তি নিয়ে এগিয়ে আসা, নূরজাহানের মা সবুরকে জেল থেকে ছাড়াতে দশ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে চেয়েছিলেন, দশ হাজার টাকা তো সে-সময় অনেক টাকা, এবং শেষ পর্যন্ত তারা  গ্রাম ছেড়ে মক্কা চলে যাবারই সিদ্ধান্ত নেন, যাবার আগে তারা এ-খবর সবুরকে জানিয়ে যাবেন, যেন জেল থেকে মুক্তি পাওয়ার পর সবুর তাদের সাথে গিয়ে দেখা করে; মেয়ের বিয়ে না দিয়ে তারা এতদিন সবুরের জন্য অপেক্ষা করবেন- মুসলমান সমাজের পশ্চাৎপদতা দেখানোর পাশাপাশি নজরুল তাদের উদারমনস্কতাও দেখাচ্ছেন, এটাও তো আরেক মুসলমান সমাজ- এ-কথাও আমাদের মনে রাখতে হবে।

কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) সারাজীবনের মাত্র আঠারোটি গল্প লিখেছেন, যা তিনটি গল্পগ্রন্থে সংকলিত হয়ে আমাদের হাতে এসেছে। আমরা জানি গল্পরচনার মধ্য দিয়েই লেখালেখির জগতে কাজী নজরুলের যাত্রা শুরু, পরে তিনি গান-কবিতা রচনা শুরু করেন। ‘বাউন্ডেলের আত্মকাহিনি’ নজরুলের প্রথম রচিত গল্প, যা ১৯১৯ সালে প্রথম সওগাত পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কিন্তু, গ্রন্থভুক্ত হয়েছে তার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘রিক্তের বেদন’ (১৯২৪)-এ। 

একটু মনোযোগ দিয়ে পড়লে নজরুলের গল্পগুলো থেকে সে-সময়ের সমাজচিত্রসহ অনেক মনস্তাত্ত্বিক দিকই আবিষ্কার করা যায়। তাঁর গল্পের বিষয়-আশয়, চরিত্র সবই মুসলমান-সমাজকে ঘিরে। তিনি যে খুব মোটাদাগে কেবল মুসলমান সমাজের ছবি উপস্থাপন করতে চেয়েছেন তা নয়, গল্পের মধ্য দিয়েই সেসব এসেছে। তাঁর দেখার দৃষ্টি অত্যন্ত গভীর ছিল বলে খুঁটিনাটি বিষয়গুলো এড়িয়ে যায়নি। নামদাম থেকে সে-সময় মুসলমান সমাজের আচার-আচরণ অনেককিছুই গল্পগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে, পাঠকদের একটু সচেতনভাবেই সেগুলো আলাদা করে নিতে হবে। আমরা এখানে প্রধানত দুটো গল্প নিয়েই বিস্তৃত আলোচনার সুযোগ পেলাম। অন্য গল্পগুলো বিশ্লেষণ করে পড়লেও নিশ্চয়ই অনেক উপাদান পাওয়া যাবে যা সে-সময় মুসলমান সমাজ বুঝতে আমাদের সাহায্য করবে। 

দুর্ভাগ্যবশত, কাজী নজরুল ইসলাম আরো বেশি গল্প লিখলেন না। ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসে অবশ্য তিনি তৎকালীন মুসলমান-সমাজকে তুলে এনেছেন আরো অতল থেকে, বিস্তৃতভাবে। কিন্তু, কাজী নজরুল ইসলাম যদি আরো কিছু ছোট গল্প লিখতেন তাহলে বাংলাসাহিত্যের জন্য সেগুলো কী অমূল্য সম্পদ হতো কল্পনা করা যায়!