২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এম এন রায়: মেক্সিকো-প্রবাসের স্মৃতি-৭

প্রিসিলা রাজ প্রিসিলা রাজ

Published : 25 Dec 2023, 07:40 PM

Updated : 25 Dec 2023, 07:40 PM

ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার আরবেলিয়া গ্রামে শাক্ত ব্রাহ্মণ ভট্টাচার্য পরিবারে ১৮৮৭ সালে জন্ম নরেন্দ্রনাথের যিনি পরে এম এন রায় হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট বিপ্লবী ও তাত্ত্বিক মানবেন্দ্রনাথ রায়ের সমধিক পরিচিতি উদার মানবতাবাদের (radical humanism) তাত্ত্বিক ও প্রবক্তা হিসেবে। বিপ্লবী জীবনে তাঁকে বহু ছদ্মনাম নিতে হয়েছিল। ১৯৫৪ সালের ২৫শে জানুয়ারি প্রয়াত হন এই মনিষী।

মেক্সিকো সফর তার জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনা। এক অর্থে তার রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে যেমন, তেমনি এই দেশের রাজনৈতিক ইতিহাসেও মানবেন্দ্রনাথের মেক্সিকো-সফর বড় ধরনের বাঁক হিসেবে চিহ্নিত হয়ে আছে। ইংরেজিতে লিখিত তাঁর স্মৃতিকথা Memoirs ১৯৬৪ সালে দিল্লী থেকে প্রকাশিত হয়। ৬২৮ পৃষ্ঠার এই দীর্ঘ স্মৃতিকথার শতাধিক পৃষ্ঠা জুড়ে রয়েছে মেক্সিকো বাসের রোমাঞ্চকর ও ঘটনাবহুল স্মৃতি। মূল গ্রন্থের ৫ম অধ্যায় থেকে ২৯ অধ্যায় পর্যন্ত বিস্তৃত সেই স্মৃতিচারণ। স্মৃতিকথার এই নির্বাচিত অংশ কলামিস্ট অনুবাদক প্রিসিলা রাজ-এর অনুবাদে ধারাবাহিকভাবে বাংলা ভাষায় প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে। আজ থাকছে মেক্সিকো সফরের সপ্তম পর্ব। এই অনুবাদে মূল বইয়ের পর্ব-বিন্যাস অনুসরণ ও উল্লেখ করা হয়েছে।

১১

প্রথম বিশ্বযুদ্ধের সময়

জার্মান বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের পর আরো কয়েকবার দেখা-সাক্ষাৎ হলো। তাঁরা আমাকে জার্মান কূটনীতিক মহল এবং স্থানীয় জার্মান নেতৃবৃন্দ ও নারী-পুরুষদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জার্মানরা অ্যাংলো-স্যাক্সনদের মতো বিচ্ছিন্নতাপ্রিয় নয়। মেক্সিকান সমাজের সঙ্গে তাঁরা অনেক মুক্তভাবে মেশেন। জার্মান সরকারের একটা ভাল নীতি হচ্ছে, অন্য দেশে বাস করতে হলে প্রত্যেক জার্মানকে সেই দেশের ভাষা জানতে হবে। সে কারণে এখানকার সব জার্মান স্প্যানিশে সড়গড়। পাশাপাশি ইংরেজির ওপরও ভাল দখল আছে।

এঁদের মধ্যে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে গেল। তুলনামূলক ভাষাতত্ত্বের বিশেষজ্ঞ, জাপানে কুড়ি বছর একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। কিন্তু জীবনের উদ্দেশ্য তাঁর ভিন্ন। দূরপ্রাচ্যে গেছেন তিনি একটিই উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে, চীনা, জাপানী, জার্মান, ইংরেজি ও ফরাসী ভাষায় একটি অভিধান রচনা। পাহাড়প্রমাণ সেই কাজ তিনি করে চলেছেন এত বছর ধরে এবং আরো অনেক বছর করে যেতে হবে। কিন্তু জাপান মিত্রবাহিনীতে ১ যোগ দেওয়ায় তাঁর মন ভেঙে গেছে। জার্মানরা নিশ্চিত ছিল যে জাপান তার আত্মিক মিত্রের সঙ্গে গাঁটছড়া বাঁধবে। তবে জাপান উল্টোদিকে যোগ দিলেও এই দুই দেশ ছিল স্বাভাবিক মিত্র। ফলে এদের মধ্যে গোপন সমঝোতা একটা ছিলই।

বৃদ্ধ অধ্যাপক ড. গ্রামাটস্কি যুদ্ধ থামার জন্য অধৈর্য্য চিত্তে অপেক্ষা করছিলেন যাতে জাপানে ফিরে গিয়ে আবার কাজে মনোনিবেশ করতে পারেন। দূরপ্রাচ্যে আমার ভ্রমণের কথা শুনে জানতে চাইলেন আমি ওখানকার ভাষা জানি কিনা। জানি না বলতে বাধ্য হলাম। কারণ হিসেবে বললাম চীনা ভাষা বড়ই দুরুহ। কিন্তু বৃদ্ধ বিশ্বকোষ আমাকে অবাক করে দিয়ে বললেন চীনা পৃথিবীর সহজতম ভাষা! তাঁর ভাষার জ্ঞানে মুগ্ধ হয়ে তাঁর কাছে জার্মান ও ফরাসী শিখতে চাইলাম। ভালই শেখাচ্ছিলেন কিন্তু ভাষাবিদ হিসেবে আমি একেবারেই ওঁচা। কেবল স্প্যানিশটাই ভাল শিখতে পেরেছিলাম। প্রথম কয়েক মাসের জ্ঞান দিয়ে জনসমক্ষে প্রথম ভাষণ দিতে পেরেছিলাম। তাছাড়া আমার প্রথম বইও স্প্যনিশেই লিখেছি।

বৃদ্ধ অধ্যাপক বাসা খুঁজছিলেন। স্বল্প রেস্ত দিয়ে থাকার মতো ভদ্রস্থ বাড়ি পাচ্ছিলেন না। চাইলে আমার বাসার একটি অংশ তিনি দখলে নিতে পারেন বলে জানালাম। প্রায় তিরিশ বছরের ছোট স্ত্রীকে নিয়ে তিনি সানন্দে উঠে এলেন। ভদ্রমহিলা সংসার চালাতেন দারুণ। কিন্তু কিছুদিন না যেতেই অধ্যাপকের আচরণ আমার স্নায়ুচাপের কারণ হয়ে দাঁড়াল। আগমার্কা প্রুশীয় অধ্যাপক ছিলেন ভদ্রলোক। প্রতিক্রিয়াশীলের চূড়ান্ত। একদিন ঘোষণা দিলেন জার্মান ভাষা যদি ঠিকভাবে শিখতে চাই তাহলে তার সংস্কৃতির আত্মাকে জানতে হবে আগে। সাংস্কৃতিক জাতীয়তাবাদ থেকে তখনও আমি ঠিক বেরিয়ে আসতে পারিনি। ফলে প্রুশিয়ান অধ্যাপকের জ্ঞানগর্ভ আলোচনা আমার আবেগের সহানুভূতির তারে স্পর্শ করে গেল। কিন্তু তাঁর ভাষণ যে আমাকে এভাবে নাড়া দিল সেটাও ঠিক মানতে পারছিলাম না।

পরদিন অধ্যাপক সেদিনের পাঠ দিতে চাইলেন নিজের বাঁধা একটি পদ্যপাঠের মাধ্যমে। কবিতাটির মধ্যে জার্মান সংস্কৃতির আত্মা নিহিত আছে বলে জানালেন। দারুণ অভিজ্ঞতার আশায় সোৎসাহে বসে গেলাম। কবিতার বিষয়বস্তু জার্মান সম্রাট কাইজারের স্তবস্তুতি এবং তাঁর প্রতি গণতান্ত্রিক বিশ্বের আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। তাদের অপরাধ সম্রাটকে তারা একজন মরণশীল মানুষ হিসেবে জ্ঞান করে তাঁকে সম্রাটের গর্বিত উচ্চাসন থেকে টেনে নামানোর চেষ্টা করছে। কবিতার পংক্তিগুলো মনে নেই। লিখে রাখার চেষ্টাও করিনি। তবে আমার একটা চিত্রকল্প খেয়াল আছে। সেটা হচ্ছে, বালুঢাকা রক্ত স্রোত বিরান ভূমির ওপর শার্লেমান বা অটোর যুদ্ধবাজ উত্তরসূরীর বিরাটকায় ছায়াসম্পাত। আরেকটা ছবিও মনে আছে: বৃদ্ধের কোটর থেকে বেরিয়ে আসা রক্তচক্ষু ও স্ফীত শিরা। আমার ভয় হলো ওখানেই না তাঁর স্ট্রোক হয়ে যায়। কিন্তু ঠিক সময়ে তাঁর স্ত্রী এসে হাজির হলেন। স্বামীকে সোজা নিয়ে বাথটাবে বসিয়ে মাথার ওপর ঠাণ্ডা পানির ধারা ছেড়ে দিলেন। ক্রমশ জানলাম কাইজার এবং যা কিছুর প্রতীক তিনি, তার বিন্দুমাত্র সমালোচনা শুনলেই বৃদ্ধ প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠেন। তখন বরফশীতল পানিতে স্নান ছাড়া কিছুতেই তাঁর মাথা ঠাণ্ডা করা যায় না।

মানসিক অসুস্থ অন্ধবিশ্বাসী কোনো লোকের সঙ্গে দিনের পর দিন একই ছাদের তলায় বাস করা ভয়াবহ ব্যাপার। বিশেষ করে সেই লোক যদি যে কোনো সময় স্ট্রোকে অক্কা পাওয়ার মতো ঝুঁকিতে থাকে। কিন্তু বৃদ্ধকে রাস্তায় বের করে দেওয়াও সম্ভব ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে ইন্দোজার্মান সংস্কৃতির বিরুদ্ধে সংঘটিত আমার আরো সব পাপের কাহিনী বিষয়ে অবগত হলেন তিনি। এর ফলে একটা সময় তাঁর সঙ্গে কথাই বন্ধ হয়ে গেল। এই অবস্থা চলল ১৯১৯ সালের মাঝামাঝি পর্যন্ত। সেই সময়ই রুশ বলশেভিক বাহিনীর কারো সঙ্গে প্রথম দেখা হয় আমার। একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে তিনি মেক্সিকোয় এসে আটকে পড়েছিলেন। তাঁর সাহায্যে এগিয়ে এলাম আমি। বৃদ্ধকে বাসা ছাড়তে বললাম যাতে বলশেভিক অতিথিকে থাকার জায়গা করে দিতে পারি।

মেক্সিকোয় অন্যান্য জার্মানের সঙ্গে আমার অভিজ্ঞতা কিন্তু এত বেদনাদায়ক ছিল না। বরং আমার জন্য এসব যোগাযোগ আরো বেশি শিক্ষণীয় ছিল। শুরুর দিকে উচ্চ শ্রেণীর জার্মান মহিলাগণ আমার প্রতি যে মনোযোগ বর্ষণ করতেন তাতে বেশ আড়ষ্ট বোধ করতাম। ধারণা করি তাঁরা দেশপ্রেম জ্ঞানেই তা করতেন। অপরিচিত পরিবেশে একধরনের জড়ভাব ধারণ করে নিজের আড়ষ্টভাব লুকাতে ক্রমশ শিখে গেলাম। তবে মানসিক অস্ত্র হিসেবে এ ধরনের আচরণ বেশি দিন চলতে পারে না বোধহয়। উপলব্ধিটা এল সম্প্রতি একটা বই পড়ে। বইয়ের লেখক প্রাক্তন এক ব্রিটিশ কমিউনিস্ট। আমরা দুজনেই বিশের দশকের শুরুতে রাশিয়ায় ছিলাম। সেসময় তাঁর সঙ্গে খুব ভাল পরিচয় ছিল। তিনি লিখেছেন, আমার মতো এমন উদ্ধতস্বভাব মানুষ নাকি আর কখনও দেখেননি। সত্যি সত্যি আমি এই সুনামের যোগ্য কিনা জানি না, তবে কথা সত্য যে আমি উদ্ধতস্বভাব যদি না-ও হই, জড়স্বভাববিশিষ্ট তো বটেই। আধুনিক ভাবনা ও সংস্কৃতির সঙ্গে পরিচয়ের প্রথম যুগে এই আচরণ ছিল আসলে আমার হীনম্মন্যতাবোধের প্রকাশক। সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার পরতে যোগ হয়েছে সহিষ্ণুতা ও বিনয়। এর ফলে আমার ব্যক্তিত্বের তীর্যকভাব অনেকখানি মসৃণ হয়ে এসেছে, যদিও এখনও তা অপরিপক্কই রয়ে গেছে।

মেক্সিকোয় নিযুক্ত জার্মান মিনিস্টারের (রাষ্ট্রদূত) কাউন্সেলরের স্ত্রী ছিলেন মার্কিনী। তাঁর পাখনার তলায় আশ্রয় পেলাম। তরুণ এই দম্পতির পরস্পরের সঙ্গে পরিচয় হয় ভদ্রলোক যখন ওয়াশিংটনে জার্মান দূতাবাসের সচিব ছিলেন। অত্যন্ত কর্ষিতচিত্ত এই দম্পতির গৃহে জার্মান ও মেক্সিকান উভয় সমাজের অভিজাতদের মিলনমেলা বসত। একদিন তরুণ দম্পতি, ফ্রেইয়ার ও ফ্রেইফ্রু (ওদেশের অভিজাতদের পদবি) ভন শেন তাঁদের গৃহে চায়ের নেমন্তন্ন জানাতে আমার বাসায় এলেন। গিন্নির নিজেই এসে নেমন্তন্ন করার ব্যতিক্রমী সৌভাগ্যে যারপরনাই আহ্লাদিত হলাম। একইসঙ্গে এত প্রশ্রয়ের হেতু সম্পর্কে মনে প্রশ্নও জাগল। আমি তো আর সত্যি সত্যি এত গুরুত্বপূর্ণ কেউ না। তবে জার্মান কূটনীতিক ও তাঁর মার্কিনী স্ত্রীকে বেশ পছন্দ করতাম। গিন্নি তাঁর প্রতি স্থানীয় ইং-মার্কিন সমাজের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। জার্মানকে বিয়ে করার অপরাধে তাঁকে একঘরে করেছে তারা। কী সাংঘাতিক অন্যায়! তিনি তো কোনো শত্রুকে বিয়ে করেননি। যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেওয়ার আগেই তাঁদের বিয়ে হয়েছিল। এখন জার্মান ডুবোজাহাজ যদি মার্কিন জাহাজকে ডুবিয়ে দেয় তাহলে তো তাঁর পক্ষে ভালবাসার মানুষটিকে বিবাহবিচ্ছেদ করা সম্ভব নয়। ফ্রেইয়ারের মুখে খুশির ঝিলিক খেলে গেল। তিনি সুন্দরীতমা তরুণী স্ত্রীর ক্ষুব্ধ মুখের দিকে কৃতজ্ঞতাভরে চাইলেন। কিন্তু তারপরই তাঁর স্ত্রীর ভ্রূ কুঁচকে গেল এবং ঠোঁটও কামড়ে ধরলেন। মার্কিন সরকার আর কয়েকটা মাস আগে যুদ্ধে যোগ দিলো না কেন? প্রশ্নটা করে উত্তেজিত ভদ্রমহিলা মেঝেতে হিল ঠুকলেন। তাহলেই তো তাঁকে এই হেনস্তা হতে হতো না। স্পষ্ট বুঝতে পারছিলাম প্রাক্তন মার্কিন তরুণীর এহেন কাণ্ডজ্ঞানহীন আচরণ ও কথা তাঁর জার্মান স্বামীর জন্য কতটা বেদনাদায়ক হয়ে উঠেছিল।

বুঝতে পারলাম না কেন এই মেয়েটি সম্পূর্ণ আগন্তুক একজনের সামনে হৃদয়ের দুঃখ উগরে দিচ্ছে। এমন না যে আমি তাকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারব, বা উপযুক্ত কথায় বা আচরণে সান্তনা দিতে পারব। পরিস্থিতি বেশ বিব্রতকর হয়ে উঠছিল। তরুণ স্বামীটির চোখেমুখে দারুণ অস্বস্তি ফুটে উঠেছিল। হঠাৎ করে মেয়েটি হেসে উঠে স্বামীর হাতখানা জড়িয়ে নিয়ে বলে উঠলেন, “প্রতিশোধ নিচ্ছিলাম।” তারপর আমার দিকে তাকিয়ে “মেক্সিকোর সব ভাল মানুষ আমাদের বাসায় আসেন। আপনিও আসুন” বলে দীর্ঘাঙ্গী সুন্দরী হেঁটে বেরিয়ে গেলেন। নিমন্ত্রণকে আরো অপ্রতিরোধ্য করে তোলার ইচ্ছায় যাওয়ার আগে আমার দিকে একটি হাসিও ছুড়ে দিলেন। স্ত্রীর মতো আকর্ষণীয় নয় স্বামীটি। আমার করমর্দন করে তিনিও স্ত্রীর অনুগামী হলেন। পরে জেনেছিলাম একজন আগন্তুকের সামনে স্ত্রীর আচরণের দ্বারা প্রুশীয় অভিজাত পুরুষের মর্যাদাহানির মর্মবেদনা নিয়ে ফিরে গিয়েছিলেন তরুণ স্বামীটি। বিষয়টি তাঁকে কুরেকুরে খাচ্ছিল।

Image

আলোকচিত্র

সেদিনই দুপুরে নিমন্ত্রণ রক্ষায় যখন তাঁদের গৃহে উপস্থিত হলাম তখন প্রথম সুযোগেই ভদ্রলোক স্ত্রীর আচরণের জন্য ক্ষমা চাইলেন। অবাকই হলাম আমি। ক্ষমা চাওয়ার মতো তো কিছু ঘটেনি। বরং আমার মতো সম্পূর্ণ অপরিচিতের কাছে মনের কথা তুলে ধরে তাঁর স্ত্রী আমাকে সম্মানিতই করেছেন। আমার কথায় ভদ্রলোক স্বস্তি ফিরে পেলেন এবং স্ত্রীর গুণপনার ঝাঁপি খুলে বসলেন। তাঁর স্ত্রী ওয়াশিংটনের সবচেয়ে উজ্জ্বল বাতিটি ছিলেন। ঈর্ষনীয় এই অবস্থান তিনি আয়ত্তে নিতে পেরেছিলেন ধনীর দুলালী হিসেবে নয়, বরং সৌন্দর্য্য ও বুদ্ধিমত্তার বলে। মার্কিন রাজধানীতে তাঁর এই সাফল্য ব্যতিক্রমী কেননা সেখানে ধনসম্পত্তিই সকল মূল্য পরিমাপের মাপকাঠি। ধনীর দুলালীরা ওয়াশিংটনে ভীড় জমায় কেবল ইউরোপীয় কুলীন ঘরের কূটনীতিকের খোঁজে। ডলার দিয়ে উপাধি কেনাই তাদের লক্ষ্য। কিন্তু জার্মান সংস্কৃতি তো বিষয়সর্বস্ব নয়, ঠিক যেরকম ইন্দোআর্য সংস্কৃতি। সংস্কৃতিবান প্রুশীয় কুলীন ঘরের ছেলে আভিজাত্য বিক্রি করে না। একইভাবে মিস অমুক (স্ত্রীর কুমারীকালের নাম বললেন) কোনো পুরুষের পদ-পদবী দেখে আকৃষ্ট হওয়ার মেয়ে নয়। ওয়াশিংটনের কূটনীতিক মহলে তাঁর এমনই জনপ্রিয়তা ছিল যে চাইলে তিনি যে কোনো রাষ্ট্রদূতকেই বিয়ে করতে পারতেন। “অবিবাহিত রাষ্ট্রদূত অবশ্য,” তাড়াতাড়ি যোগ করেন তিনি। “প্রেমে পড়লাম আমরা। তারপর বিয়েও হলো।”

আলাপের মাঝখানে দু’জনকে চমকে দিয়ে তাঁর স্ত্রী উদয় হলেন এবং প্রাচ্যের প্রাজ্ঞ ব্যক্তিকে নিজের দখলে রাখার জন্য কষে ধমক লাগালেন স্বামীকে। তরুণীটির মধ্যে স্বভাবসুলভ মার্কিনী প্রাণবন্ত ভাবের সঙ্গে ভিন্ন ধরনের বৈশিষ্ট্য ও আত্মমর্যাদাবোধ যুক্ত হয়ে একটা বিশিষ্টতা দিয়েছে। আমেরিকার একটি খ্যাতনামা মহিলা কলেজে পড়েছেন। বোঝাই যায় ক্যাম্পাসবাসের চার বছর নিছক ফ্লার্ট করে কাটেনি। পেশাদার জীবনই বেছে নিতে চেয়েছিলেন, তবে খুব সম্ভব সৌন্দর্য্যই তাঁকে আরো আরামের জীবনে এনে ফেলেছে। চোখে পড়ার মতোই রূপ বটে। অভিজাত জার্মান ভদ্রলোক রূপ ও সম্পদ দু’টোর জন্য পদবী বিকোতে পারতেন। কিন্তু যে বস্তুটি বেছে নিয়েছেন সেটাই তাঁর পছন্দ নির্দেশ করে দেয়। সুরুচি ও রোমান্টিক আদর্শের মানুষ তিনি। দেখা গেল অসহিষ্ণুতা কেবল এক পক্ষের নয়। জার্মানরা মেয়েটিকে মার্কিন চর হিসেবে সন্দেহ করত। খুব কঠিন ও অবমাননাকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে যা আমাকে নিমন্ত্রণ করতে আসার সময় বলেছিলেন তিনি। ফ্রেইয়ার দৃঢ় হাতে সব মোকাবেলা করে স্থানীয় জার্মানদের বাধ্য করেন স্ত্রীর হৃত সম্মান ফিরিয়ে দিতে। এরপর অবশ্য সেখানকার জার্মান সমাজের রানীর গর্বিত আসনটি দখলে নিতে মেয়েটির কোনো অসুবিধা হয়নি।

ভদ্রমহিলার খেয়ালি আচরণে আবার বিব্রত হয়ে পড়লাম। “আজ সকালে দুষ্টুমি করছিলাম,” আমার দিকে চেয়ে বললেন। “প্লিজ ক্ষমা করবেন আমাকে...” বলে স্বামীর দিকে তাকিয়ে বললেন, “তুমি জানো আমি তোমাকে ভালবাসি।” মর্যাদাবান কূটনীতিকের চোখে প্রায় অশ্রু চলে এল। নিজের চোখে থরো থরো আবেগের প্রকাশ্য উপস্থাপন দেখার অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। তখনও আমি আদিম স্তরে পড়ে আছি। এ ধরনের অভিজ্ঞতা হজম করা আমার পক্ষে কঠিন ছিল। এখন অবশ্য আমার সেই সামর্থ্য হয়েছে। যাই হোক, রানীর আহ্বানে গাত্রোত্থান করে অন্যান্য অতিথির সঙ্গে যুক্ত হলাম আমরা।

ওখানেই পরিচয় হয়েছিল মায়েস্ত্রো কাসাসের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের রেক্টর। পেশায় আইনবিদ, মেজাজ ও শিক্ষার দিক থেকে দার্শনিক। সরবোনের পুরানো ছাত্র কাসাস মিত্রপক্ষের সমর্থক ছিলেন। নিজের সমর্থন তিনি লুকাতেনও না। তারপরও ফ্রেইয়ার ভন শেনের সালোঁর অলঙ্কার ছিলেন বৃদ্ধ। আশেপাশের লোক কী মনে করছে সে বিষয়ে উচ্চমার্গীয় উপেক্ষার আশ্রয় নিয়ে ফরাসীবিমুগ্ধ মায়েস্ত্রো কাসাস বলতেন, কান্টের ক্রিটিক অব পিওর রিজন জার্মান মস্তিষ্কের পক্ষে অনুধাবন করা সম্ভব নয়, কারণ তারা জ্ঞানগর্ভ অধিবিদ্যায় নিমজ্জিত। উপস্থিত অতিথিদের অনেকে কফিসহ বিভিন্ন দ্রব্যের ব্যবসায়ী। অবাক হয়ে দেখলাম কীভাবে তাঁরা একদিকে কফি ও পণ্য কেনাবেচার আলোচনা চালাচ্ছেন, পাশাপাশি পাঁড় অ্যাকাডেমিশিয়ানের সঙ্গে সমানে সমানে লড়েও যাচ্ছেন।

ফ্রেইয়ারের সালোঁতে আসতেন আরেক মেক্সিকান যিনি বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ সাহিত্য পড়াতেন। আমিও নিজের স্প্যানিশ জ্ঞানে শেষের ঝাড়পোঁছটুকুর জন্য ঐ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং তাঁর ছাত্র ছিলাম। একদিন ক্লাসে তিনি কিংবিদন্তীর বীর এল সিদের ২ ওপর রচিত মহাকাব্যিক পদ্যের অংশবিশেষ পড়ে শোনাচ্ছিলেন। অনুপ্রেরণাদায়ী পাঠ ছিল সেটা। পরের বার যখন দেখা হলো তখন আমি তাঁর পাঠ ও এল সিদের কিংবদন্তীর ভূয়সী প্রশংসা করলাম। তিনি উত্তরে প্রাচীন ভারতের অনুপ্রেরণাদায়ী জ্ঞান বিষয়ে কিছু একটা বললেন। তা শুনে মায়েস্ত্রো কাসাস মন্তব্য ছুড়লেন, “ভারত যদি নিজের অতীন্দ্রীয়বাদ ছেড়েছুড়ে ভোলতেয়ারের কাছ থেকে শিখতে যায় তাহলে ভাল কিছু হবে ঘোড়ার ডিম।” পেশাদার দুই বুদ্ধিজীবীর মধ্যে বৌদ্ধিক রসদ্বন্দ্বে খেলা ছিল এটা। আর আমার জন্য এ ছিল সের্বান্তেস ও ভোলতেয়ার পাঠের সুযোগ। তখন পর্যন্ত তাঁরা নিছক নামই ছিলেন আমার কাছে। সের্বান্তেসের নাম তো শুনিইনি তখন পর্যন্ত। আর সিদের কাহিনী আমার তখনকার রুচির পক্ষে একটু বেশিই ধ্রুপদী বলে মনে হলো।

Image

আলোকচিত্র

মেক্সিকোর জার্মান সমাজে সবচেয়ে বয়স্ক, অভিজ্ঞ ও সম্মানী লোকটি ছিলেন এক লোহালক্কড় ব্যবসায়ী। মায়েস্ত্রো কাসাসের কানে ফুট কাটলেন তিনি, “প্রুশিয়ার রাজা ফ্রেডরিক দ্য গ্রেটের ৩ জ্ঞানপ্রেম না থাকলে ভোলতেয়ারের প্রতিভা কারো নজরে আসত কিনা সন্দেহ।” কাসাস জবাব দিলেন, স্যানসাউসি ৪ ভার্সেলিসের ঝাপসা অনুকরণ। ফ্রেইফ্রুর সালোঁয় এসব কথপোকথন ইউরোপের সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে কৌতূহল জাগিয়ে তুলল আমার। বিবলিওতেকা নাসিওনাল অর্থাৎ মেক্সিকোর জাতীয় গ্রন্থাগারে পদচারণার জন্য দিকনির্দেশনা পেলাম এসব আলোচনা থেকে। নিজের অশিক্ষা ও অজ্ঞানতার বহর সম্পর্কে ক্রমশ সচেতন হয়ে উঠলাম। বড়ই বেদনাদায়ক সেই উপলব্ধি।

ধনী লোহালক্কড় ব্যবসায়ীর স্ত্রী ছিলেন শিল্পী। উনি আমার পোর্ট্রেট আঁকতে চাইলেন। তার জন্য আমাকে কী করতে হবে জানতে চাইলাম। জবাবে তিনি বললেন, প্রতিদিন সকালে ওঁদের বাড়িতে গিয়ে কয়েক ঘণ্টা ওনার সামনে হাঁদার মতো বসে থাকতে হবে। জিজ্ঞেস করলাম এত কষ্ট উনি কেন করবেন? মানে, কেন তিনি আমাকে এত কষ্ট করতে বলছেন? তাতে উনি বললেন, আমরা এখন বন্ধু হলেও আগে-পরে কোনো একদিন পরস্পরের কাছে বিদায় নিতে হবে আমাদের। একটি স্মৃতিচিহ্ন রাখতে চান তিনি। একটা আলোকচিত্র হলেই তো চলে, আমার উত্তর। উনি আশ্চর্য হয়ে গেলেন। ছবি আর শিল্পীর হাতের পোর্ট্রেটের তফাৎ কি বুঝি না আমি! শিল্পীর আঁকা পোর্ট্রেট হচ্ছে একটি শিল্পকর্ম। শিল্প কী? ভদ্রমহিলা সংক্ষেপে ব্যাখ্যা করলেন, তারপর প্রতিশ্রুতি দিলেন পোর্ট্রেট আঁকার সময় বিস্তারিত বলবেন। যথারীতি কৌতূহলের জয় হলো। ওঁর বাড়িতে উপস্থিত হয়ে কয়েকদিন হাঁদার মতো সিটিং দিতে রাজী হয়ে গেলাম। ভাল মনের ধনী মহিলা আমার ছবি আঁকবেন, তাঁর সালোঁয় সেই ছবি টাঙানো থাকবে ভাবতেই আহ্লাদ হচ্ছিল।

তবে তাঁর বাড়িতে যখন সিটিং দিতে হাজির হলাম তখন সানন্দচিত্তে লক্ষ করলাম উনি মূর্তির মতো বসে থাকতে বলছেন না আমাকে। পুরো সময়টা আমার সঙ্গে কথা বলে যাচ্ছিলেন এবং আমাকেও কথায় টানতে চেষ্টা করছিলেন। কয়েকদিনের মধ্যে বরফ গলল এবং আমিও তাঁর সঙ্গে কথায় যোগ দিতে শুরু করলাম। আমাদের আলোচনা ছিল শিল্পকেন্দ্রিক। আমার ধ্যানধারণা তাঁকে নিশ্চয়ই স্তম্ভিত করে দিত। সযত্নে প্রতিক্রিয়া লুকিয়ে রাখতেন এবং সংস্কৃতিবান জার্মান সমাজে খ্যাতিপ্রাপ্ত এই অশিক্ষিতকে শিক্ষিত করে তোলার উদ্যোগ নিতেন।

হাতে-কলমে শিক্ষা শুরু হলো সঙ্গীত দিয়ে। পাবলো কাসাল মেক্সিকোতে এসেছেন। তাঁর যন্ত্রসঙ্গীতের কনসার্ট সম্পর্কে কি আমার আগ্রহ আছে? না করে দিলাম, কারণ সঙ্গীত আমার কাছে অসংলগ্ন আওয়াজের সমষ্টি বৈ কিছু না। কণ্ঠসঙ্গীত? এ বিষয়ে অবশ্য ঝাড়া না করতে পারলাম না। কাসালের স্ত্রী সঙ্গীতশিল্পী। তাঁর গান শোনার চেষ্টা করা যেতে পারে। কিন্তু দেখা গেল, প্রথাগত পোশাকে সজ্জিত একজন মহিলার নানা ভঙ্গিতে স্বর খেলিয়ে চলা আমাকে একেবারেই আকৃষ্ট করতে পারল না। তবে কাসালের নিজের চেলো বাদন সঙ্গীতের বিরুদ্ধে আমার সংস্কারের ঢালে প্রথম ছিদ্রটা করতে সক্ষম হলো। কিন্তু তাতে আমার প্রতিরোধে ভাঙল না। অবশেষে এক পোলিশ পিয়ানোবাদকের কাছ থেকে হাতে-কলমে শিক্ষাটা হলো।

প্রথমে তাঁর সঙ্গে আমার বেশ আলোচনা হলো। তিনি বললেন, “বোঝার চেষ্টা বাদ দিন। সঙ্গীতের রস বুদ্ধিবৃত্তিকভাবে বোঝা সম্ভব নয়। অন্তত প্রথমবার তো নয়ই। অনুভবের বিষয় এটা।” পিয়ানোয় বসে তাঁর পাশেই বসতে ইঙ্গিত করলেন। কিবোর্ডের ওপর দুই হাতের আঙুলগুলোকে ছড়িয়ে দিলেন। বিভোর চোখ দু’টো শূন্যদৃষ্টিতে তাকিয়ে। কিছু বোঝার আগেই অসামান্যবিপুল এক নিনাদের মুখোমুখি হলাম আমি। পুরো স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঢেউ খেলতে লাগল যেন। পিয়ানোবাদকের কেশকুন্তল বিপুল বেগে দুলছে, আরেকদিকে দশ আঙুল খেলছে কিবোর্ডে। দুই হাতের চূড়ান্ত ঝঙ্কার দিয়ে অবশেষে থামলেন তিনি। চোখ দু’টো তখন ভাবের গভীরে ডুব দিয়েছে। আমার দিকে তাকিয়ে কেমন লেগেছে জানতে চাইলেন। “চিন্তা করবেন না। কেমন অনুভূতি হয়েছে আপনার সেটাই বলুন?” আমার অবাধ্যতার দেয়াল টুটল। শরীরে প্রতিক্রিয়া হওয়ার কথা বললাম তাঁকে। বিজয়ীর ভঙ্গীতে তিনি বলে উঠলেন, “ওটাই সঙ্গীত!”

এই অভিজ্ঞতা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সংস্কার ভেঙে গিয়েছিল। কিন্তু একটা ভাবনা পেয়ে বসল। কেন সঙ্গীত বোঝার বিষয় না, কেন অনুভবের বিষয় আমাকে বুঝতেই হবে। বুঝেছিলাম, তবে আরো পরে।

জার্মান দম্পতির ওখানে প্রথমদিন চায়ের নেমন্তন্ন শেষ হলো। গৃহকর্ত্রী আদেশ করলেন, “আগামীকাল এখানে রাতের খাবার খাবেন।” ফ্রেইয়ার ভন শেন জানালেন, জার্মান মিনিস্টার ৫ মহোদয় আমার সঙ্গে সাক্ষাতে প্রীত হবেন। আমার কি ডিনারে যোগ দিতে আপত্তি আছে? নিশ্চয়ই না। মহোদয়ের সঙ্গে সাক্ষাতে যারপরনাই আহ্লাদিত হব, উত্তরে জানাই। বিনয় শিখছিলাম আমি। কৌতূহলও ছিল। চীন থেকে অস্ত্র কেনার পরিকল্পনা জার্মানরা কি সত্যি গুরুত্বের সঙ্গে নিয়েছে?

তথ্যসূত্র:

১. মিত্রবাহিনী (Allies of the World War 1 or Entente Powers)। ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়ার মিলিত বাহিনীকে মিত্রবাহিনী বলা হয়। এই বাহিনী প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়ার মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। যুদ্ধে মিত্রবাহিনীর জয় হয়।

২.এল সিদ (El Cid, Rodrigo Díaz de Vivar)। জন্ম ১০৪৩ খ্রী. মৃত্যু ১০৯৯ খ্রী.। রদরিগো দিয়াস দে বিবার ছিলেন মধ্যযুগীয় স্পেনের খ্যাতিমান নাইট ও যুদ্ধজয়ী নেতা। মুরেরা তাঁকে ‘এল সিদ’ নামে ডাকত যা সম্ভবত সম্মানসূচক আরবী পদবী ‘সাইয়িদ’ (সৈয়দ) শব্দটি থেকে এসেছে। স্প্যানিশরা তাঁকে ‘এল কামপিয়াদর’ বলে সম্বোধন করত মধ্যযুগে যার অর্থ ছিল ‘যুদ্ধ ময়দানের ওস্তাদ’। বিবার এল সিদ গ্রামে জন্মগ্রহণ করা দিয়াস দে বিবার খ্রিস্টান ও মুসলমান উভয় বাহিনীর পক্ষে যুদ্ধ করেছিলেন। মৃত্যুর পর এল সিদ স্পেনের জাতীয় বীর হিসেবে বিবেচিত হতে থাকেন। তাঁকে নিয়ে রচিত হয় মধ্যযুগীয় স্পেনের সুবিখ্যাত মহাকাব্যিক পদ্য El Cantar de Mio Cid (এল কান্তার দে মিও সিদ)।

৩. ফ্রেডেরিক দ্য গ্রেট (Frederick the Great)। জন্ম ১৭১২ খ্রী. মৃত্যু ১৭৮৬ খ্রী.। প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডেরিক পরবর্তীকালে ফ্রেডেরিক দ্য গ্রেট হিসেবে পরিচিত হয়েছিলেন। রাজত্ব করেছেন দীর্ঘ ৪৬ বছর, ১৭৪০ খ্রী. থেকে আমৃত্যু। অনেক যুদ্ধ জয় করেছেন, প্রুশিয়ার সেনাবাহিনীর পুনর্গঠন করে শক্তিশালী করেছেন, শিল্প এবং রেনেসাঁর পৃষ্ঠপোষকতা করেছেন, বিখ্যাত “সাত বছরের যুদ্ধে” সাফল্য লাভ করেছেন। তাঁর সময়ই প্রুশিয়া ইউরোপের অন্যতম বৃহৎ শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়। বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/Frederick_the_Great

৪. স্যানসাউসি (Sanssouci)। ফ্রেডেরিক দ্য গ্রেটের গ্রীষ্মকালীন প্রাসাদ। বার্লিনের কাছে পটসডামে অবস্থিত। নির্মাণকাল ১৭৪৫ থেকে ১৭৪৭। এই প্রাসাদকে প্রায় সময়ই ফ্রান্সের ভার্সেলিস প্রাসাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলনা করা হয় যদিও স্যানসাউসি অনেক ছোট এবং স্থাপত্য ভিন্ন ধরনের। ফ্রান্সের ভার্সেলিস প্রাসাদটি প্যারিসের কেন্দ্র থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ১৬৮২ সালে চতুর্দশ লুইয়ের সময় থেকে ১৭৮৯ সালে ফরাসী বিপ্লবের সময় পর্যন্ত এই প্রাসাদ ফরাসী রাজার প্রধান আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়েছিল। বিস্তারিত:https://en.wikipedia.org/wiki/Sanssoucihttps://en.wikipedia.org/wiki/Palace_of_Versailles

৫. মিনিস্টার। কূটনৈতিক দূতের পদ যা রাষ্ট্রদূতের (ambassador or high commissioner) সমমর্যাদার নয়।