২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্রস্ত জর্নাল : আবদুল্লাহ আবু সায়ীদ-এর ‘আত্মার লবণ’

আমাদের দেশে ভালো মানুষেরা আজ বিচ্ছিন্ন, যোগাযোগহীন-- যে- যার আলাদা ঘরে শুয়ে একা একা কাঁদছে। পরস্পরকে খুঁজে পাচ্ছে না।

কামরুল আহসান কামরুল আহসান

Published : 25 Jul 2023, 11:12 AM

Updated : 25 Jul 2023, 11:16 AM

আবদুল্লাহ আবু সায়ীদ জন্মেছিলেন ১৯৪০ সালের ২৫ জুলাই। আজ ২৫ জুলাই তিনি ৮৪ বছরে পদার্পণ করলেন। দীর্ঘজীবনে তিনি বিপুল কর্মযজ্ঞ সাধন করেছেন। তাঁর কর্মজীবনের একেকটি অধ্যায় ও বিষয় নিয়ে রচনা করেছেন একেকটি বিশাল বই। শিক্ষকজীবন নিয়ে লিখেছেন ‘নিষ্ফলা মাঠের কৃষক’ (১৯৯৯)। বিশ্বসাহিত্য কেন্দ্র নিয়ে লিখেছেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্র ও আমি’ (১৯৯৯)। এক সময় টেলিভিশনে নিয়মিত উপস্থাপনা করতেন। সেখানেও পেয়েছিলেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। সেই অভিজ্ঞতা নিয়ে লিখেছেন, ‘আমার উপস্থাপক জীবন’ (২০০৫)। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের শুরুর দিনগুলো নিয়ে রচনা করেছেন আত্মজীবনীমূলক গ্রন্থ, ‘সুফলা ধরিত্রী’ (২০১৮)। এ-ছাড়া বিবিধ বিষয় নিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৫০টি। লিখেছেন কিছু প্রবন্ধ, নাটক, ছোটগল্প। সম্পাদনা করেছেন অসংখ্য গ্রন্থ। দুখণ্ডে বেরিয়েছে তাঁর বক্তৃতামালা। দুই খণ্ডে প্রকাশিত হয়েছে তাঁর ভ্রমণগদ্য-- ওড়াউড়ির দিন। আত্মকথারও দুটি খণ্ড প্রকাশিত হয়েছে-- বহে জলবতী ধারা। সম্ভবত তাঁর সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ ‘সংগঠন ও বাঙালি’ (২০০৩)। আলোকিত মানুষের সন্ধানে ‘কিশোর আনন্দ’ সিরিজ সম্পাদনা তাঁর একটি উল্লেখযোগ্য কর্ম। বিশ্বসাহিত্যের বিখ্যাত সব ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ এর মধ্য দিয়ে তিনি কিশোর-কিশোরীদের জন্য হাজির করছেন।

শিক্ষাবিদ, সংগঠক, উপস্থাপক হিসেবে বিখ্যাত হলেও তিনি মূলত একজন কবি। যদিও কবিতা লিখেন না অনেক বছর। দীর্ঘজীবনের তুলনায় তাঁর রচনার পরিমাণ অল্পই। এ-নিয়ে খেদ রয়েছে মনে। নানা কাজে জড়িয়ে গিয়ে নিজের লেখালেখি হলো না। লেখালেখি করেননি বললেও তাঁর রচনাসমগ্র বেরিয়েছে ৯ খণ্ডে।

জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে আজ তাঁর একটি অনন্য, কিন্তু, তুলনায় কম জনপ্রিয় একটি বই নিয়ে আলোচনা করব। বইটির নাম ‘বিস্রস্ত জর্নাল’। মোট চারটি পর্বে বইয়ের জর্নালগুলো বিভক্ত। রচনাকাল ১৯৮৪ থেকে ২০১১ পর্যন্ত। এ-বইটির মধ্যে আবদুল্লাহ আবু সায়ীদ-এর আত্মাকে খুঁজে পাওয়া যাবে। নিজের আত্মাকে তিনি খোলাখুলি উন্মোচন করে দিয়েছেন এই টুকরো টুকরো রচনাগুলোর মধ্যে। নাম জর্নাল হলেও এর ধরন ঠিক রোজনামচার মতো নয়। বরং, ক্ষণিকের অনুভূতি, মুহূর্তের চিন্তা, তাৎক্ষণিক আবেগকেই তিনি এর মধ্য দিয়ে ধরতে চেয়েছেন। কিছু কথা বাণীধর্মী বা প্রবচনধর্মী মনে হতে পারে। এক-দুই বাক্যের মাঝখানে মাঝখানেই আবার বেশ আধপৃষ্ঠা একপৃষ্ঠার একটুকরো গল্প আছে। সব মিলিয়ে এটি তাঁর সমগ্রজীবনের নির্যাস বলা যেতে পারে। পাঠক হিসেবে আমার কাছে মনে হয়েছে এটি আবদুল্লাহ আবু সায়ীদকে জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। তাঁর রচিত অন্য বইগুলো দরকারি, সেগুলো তাঁর জীবনের তথ্যনির্ভর, কিন্তু, এ-বইটি কাব্যগ্রন্থের মতো বারবার পড়ার মতো। এ-বইটিতে প্রকাশিত হয়েছে তাঁর সারাজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞার দ্যুতি। কিছু কথা তো বাণীচিরন্তনীতে ঠাঁই পেতে পারে। এসব জর্নালে তিনি দিন-তারিখ উল্লেখ করেননি। নাম্বার অনুযায়ী সাজিয়েছেন।

প্রথম পর্বের রচনাকাল ১৯৮৪ থেকে ১৯৯০। প্রথম পর্বের কিছু জর্নাল উপস্থাপন করা যাক। বইয়ের ক্রম অনুসরণ না করে আমরা আমাদের বাছাইকৃত নাম্বার অনুযায়ী সেগুলো প্রকাশ করছি:

১. মহৎ লেখকদের শ্রেষ্ঠত্ব বুঝতে হলে তাদের ‘রচনাসমগ্র’ পড়তে হয়; সাধারণ লেখকদের বুঝতে তাদের ‘শ্রেষ্ঠ রচনা’।

২. যৌবন অত্যাচার করে হৃদয়ের ওপর, বার্ধক্য শরীরের ওপর।

৩. শিক্ষা বিনোদনের চেয়ে বড়। আমরা সারাক্ষণ নাচি না, কিন্তু, সারাক্ষণ ভাবি।

৪. চোখের সামনে সারাদেশের প্রশাসন কী দুঃখজনক ধ্বংসস্তূপ হয়ে গেল। কোথাও একজনও উজ্জ্বল সিদ্ধান্তকারী নেই। কেউ কাউকে বিশ্বাস করছে না।

আতঙ্কিত সামরিক একনায়কতন্ত্র নিজের রক্তমাখা নখরগুলো ছাড়া কাকেই-বা বিশ্বাস করবে?

সমস্ত কিছুর ওপর দিয়ে দানবের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে এক অশুভ সর্বগ্রাসী অবিশ্বাস!

সমস্ত প্রশাসন জুড়ে শুধু ভীতি, নিরাপত্তাহীনতা আর সন্দেহ।

উপসচিব তার সহকারী সচিবকে বিশ্বাস করছে না, যুগ্ম সচিব উপসচিবকে না, অতিরিক্ত সচিব বিশ্বাস করছে না যুগ্ম সচিবকে, সচিব অতিরিক্ত সচিবকে, মন্ত্রী সচিবকে না, রাষ্ট্রপতি মন্ত্রীকে না-- জনগণ রাষ্ট্রপতিকে না।

৫. নিজের আত্মার সামনে আমরা সবাই সমান বিবস্ত্র।

৬. সেদিন সন্ধ্যার একটু আগে কেন্দ্রে যাচ্ছিলাম। রিকশার গতি অনুভবহীনরকমে মৃদু। শরৎকাল-- আকাশ উজ্জ্বল। সকালে বৃষ্টি হয়ে গেছে। সন্ধ্যার পশ্চিম আকাশটায় আশ্চর্য সোনালি আভা ঝলমল করছে। হঠাৎ দেখি সামনে দুটো ইউক্যলিপটাস গাছ সন্ধ্যার সেই স্বর্ণাভ আকাশের ওপর আশ্চর্য রেখায় ফুটে আছে। তাদের সূক্ষ্ণ চিকন ডালপালাগুলো লাবণ্য-রেখার মতো জ্বলন্ত আকাশের গায়ে ছড়ানো।

মনে হলো: বেঁচে আছি বলেই তো এমন অপার্থিব দৃশ্যটা দেখা হল।

কী অবিশ্বাস্য এই জীবন! অবলীলায় পেয়ে যাই বলে মূল্য দেওয়া হয় না।

৭. রসুল হতে হলে আগে ‘আল-আমীন’ হতে হয়।

৮. এত বেশি কেন দাও যে দেবার পরে নিজের জন্যে কিছুই থাকে না।

৯. মেয়েরা প্রেমে পড়ে সন্তানের জন্যে, ছেলেরা মেয়েদের জন্যে।

১০. ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম। সে যুদ্ধ ছিল বহিঃশত্রুর বিরুদ্ধে। তাতে আমরা জয়ী।

যুদ্ধের অনেকে ভেবেছিলেন, যুদ্ধ চিরকালের মতো শেষ।

অল্পদিনেই তাঁদের ভুল ধরা পড়েছিল। আমরা জেনেছিলাম, আগের যুদ্ধটা আসলে ছিল একটা ছোট্ট সংগ্রাম, একটা সম্পূর্ণ যুদ্ধের প্রথম গোলাবর্ষণের ধূরাগত ধ্বনি-মূর্ছনা মাত্র। আমাদের প্রকৃত যুদ্ধ আরম্ভ হয়েছে এর পরে।

এই যুদ্ধ রক্তাক্ত এবং নিষ্ঠুর, সর্বাত্মক ও দীর্ঘস্থায়ী-- একটা জাতির অস্তিত্বগত যোগ্যতার প্রকৃত পরীক্ষা এটি।

আজকে যুদ্ধ আমাদের নিজেদেরই বিরুদ্ধে। আমাদেরই পাপ ও মূঢ়তার বিরুদ্ধে এই যুদ্ধ-- আমাদের ক্লেদ ও অযোগ্যতার বিরুদ্ধে। আমাদের ভীরুতা, লোভ, ক্ষুদ্রতা এবং নিঃস্বতা এবার আমাদের প্রতিপক্ষ।

১১. অজ্ঞানতার চেয়ে ধর্মহীনতা আর কীসে? অশিক্ষিত মানুষের আল্লাহও অশিক্ষিত।

১২. ধর্মের জন্যে যা সবচেয়ে বিপজ্জনক, তা, আমার মতে, নাস্তিকতা নয়, অজ্ঞেয়বাদ। নাস্তিকতার সঙ্গে ধর্মের অন্তত একটা বীরোচিত শত্রুতা আছে-- এক ধরনের গৌরবের যুদ্ধ।

নাস্তিকতা নিজেও একটা ‘ধর্ম’-- হয়ত সমষ্টিপ্রবণ নয়, ব্যক্তিগত; আনুগত্যপ্রবণ নয়, বিশ্লেষণ-ঋজু।

কিন্তু অজ্ঞেয়বাদ নিঃশব্দ ঘাতক। প্রতিবাদ করে না, শুধু নীরবে পোড়ায়, গোপনে ধ্বংস করে।

১৩. নৈরাশ্যবাদী আর আশাবাদীর পার্থক্য হল, আশাবাদী দুর্ভাগ্যকে সাময়িক ব্যাপার বলে মনে করে, নৈরাশ্যবাদী চিরস্থায়ী ব্যাপার বলে।

১৪. সাধারণ মানুষ ঝগড়া করে ব্যক্তিগত পর্যায়ে, আলোকিত মানুষ মতবাদের স্তরে।

১৫. কাল ‘শ’ বলছিল: আপনার গদ্যে একটা আলাদা ধরনের বৈশিষ্ট্য ছিল। লিখলে ভালো হত।

কেন লিখিনি সারাজীবন? রক্তের মধ্যে শব্দের এমন জ্বলন্ত অগ্নিকাণ্ড নিয়ে কীভাবে এমন নীরক্ত শীতল হয়ে থাকলাম? একটা কবি অপরিণত মাথার খাঁজে হাজার হাজার শব্দের উন্মত্ত দংশন নিয়ে বেঁচে থাকতে হল আর্তচিৎকারের মতো। কোথায় সেই ফলভারনম্র দ্রাক্ষাকুঞ্জ! সারাজীবন মাথার কোটরে কোটি কোটি বোলতার নিদ্রাহীন উন্মত্ততা! শব্দের একটা উদগ্র সাম্রাজ্যকে মগজের ভেতর প্রজ্বলন্ত রেখে কী দুঃখময় নিষ্পত্রতা?

কিছুদিনের মধ্যেই তোমাদের চেনা এই লোকটি পৃথিবী থেকে বিদায় নেবে। তবু মনে রেখো, যেদিন তার মৃত্যু হবে সেদিন তোমাদের পরিচিত এই অক্ষম নির্বীজ লোকটির মুত্যু হবে না-- মৃত্যু হবে হাজার হাজার অলিখিত শব্দাবলির এক জাগ্রত জগতের।

অথচ যা-কিছু নিয়ে এতগুলো দিন মাতাল হয়ে কাটিয়েছি-- সেই সম্পাদনা, সংগঠন, টিভি-- এসব কোনোকিছুই হয়ত আমার রক্তের আসল ব্যাপার ছিল না। হয়ত শুধু বিবেক, শুধু পরিত্রাণহীন বিবেকের নির্যাতন আর কাল ভূগোলের অবধারিত দাবির সাধ্যমতো প্রত্যুত্তর ছিল সেগুলো। সাফল্য একেবারে জোটেনি এমন নয়। কিন্তু অবাঞ্ছিত ব্যাপারে সাফল্য মানুষের পৃথিবীতে এটাই প্রথম নয়।

তবু লেখা ছিল আমার স্বর্গীয় তৃপ্তি-- ‘আত্মার লবণ’। লেখার সময় শরীরের প্রতিটা প্রাণকোষ যেভাবে ঝনঝন করে বেজে উঠেছে-- প্রতিধ্বনিময় সেই রমণীয় পৃথিবীর তুলনা কীসে? লেখাগুলো হয়ত সবই নিষ্ফল ছিল, কিন্তু, মানুষের শ্রেষ্ঠ আনন্দ কি সব সময় তার শ্রেষ্ঠ সাফল্যে?

আমার ধারণা এই ১৫টি উদ্ধৃতি, বানী, প্রবচন, জর্নাল, অনুভূতির টুকরো কথা-- যা-ই বলি, এর মধ্য দিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ-এর চিন্তা-ভাবনা-আবেগ-অনুভূতির একটা সামগ্রিক ধারণা পাওয়া গেছে। ধর্ম, নৈতিকতা, প্রেম, রাজনীতি, দেশ, মানুষ, মৃত্যুচিন্তা, সৌন্দর্যদর্শন, নন্দনতত্ত্ব সবই এসেছে এই জর্নালগুলোর মধ্যে। প্রথম পর্বে জর্নালের সংখ্যা ১৩৬টি। প্রথম পর্বের দ্বিতীয় খণ্ডে আছে ৪৮টি জর্নাল। সেখানে কিছু আত্মকথা বা স্মৃতিকথার উল্লেখ আছে, টুকরো অনুভূতি হিসেবে। এমন বাকি তিনটি পর্বে এভাবেই তিনি নিজেকে প্রকাশ করেছেন। সময়ের সাথে সাথে তাঁর অনুভূতি বদলেছে। ১৯৯২ থেকে ১৯৯৮ সালের জর্নালে (দ্বিতীয় পর্ব) লিখেছেন, প্রতিক্রিয়াশীতার সমস্যা দুটো: তার সামনে যাবার জায়গা নেই, পেছনে যাবার দরকার নেই।

একটি কথারই বিশদ ব্যাখ্যা দেয়া সম্ভব। একটা ছোট্ট কথা, একটা ছোট্ট বিন্দুর মতো সিন্ধু ধারণ করে আছে।

দ্বিতীয় পর্বে জর্নাল সংখ্যা ৭১টি। তৃতীয় পর্ব (২০০২-২০০৪) জর্নাল সংখ্যা ৫০টি। চতুর্থ পর্ব (২০০৭- ২০১১) জর্নাল সংখ্যা ১৩৭টি। চতুর্থ পর্বের বিশ্বসাহিত্য কেন্দ্র বিভাগে আরো কিছু বাড়তি জর্নাল আছে, যার বিষয় শুধু কেন্দ্র নিয়েই। এখানে জর্নাল সংখ্যা ২০টি। একটা জর্নাল উল্লেখ না করলেই নয়।

১. বিশ্বসাহিত্য কেন্দ্রের আসল লক্ষ্য কী, এ নিয়ে নানান লোকের কাছে নানান কথা বলি। কিন্তু আমি তো জানি এই কেন্দ্রের সামনে আজ যদি সত্যিকার করণীয় কিছু থাকে তা হচ্ছে দুটো: এক, আজকের তরুণদের অর্থাৎ আগমীদিনের মানুষদের বড় করে তোলা; দুই, তাদের সংঘবদ্ধ জাতীয় শক্তিতে পরিণত করা।

ভালো সময় বলতে কী বুঝি আমরা? ভালো সময় মানে সেই সময়-- যখন ভালো মানুষেরা সংঘবদ্ধ আর খারাপেরা বিভক্ত এবং পরাজিত। এর উল্টোটা হলেই তাকে আমরা বলি দুঃসময়।

আমাদের দেশে সব জায়গায় আজ শুধু অশুভের সংঘবদ্ধতা। কোথাও একটা দুর্বৃত্ত হেঁকে উঠলে মুহূর্তে সব দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে যায়।

আমাদের দেশে ভালো মানুষেরা আজ বিচ্ছিন্ন, যোগাযোগহীন-- যে- যার আলাদা ঘরে শুয়ে একা একা কাঁদছে। পরস্পরকে খুঁজে পাচ্ছে না।

তারা পরস্পরের কাছে অপরিচিত আগুন্তক এবং প্রত্যেকের মাঝখানে একরাশ অন্ধকার। তাদের মাঝখানকার এই বিচ্ছিন্নতার দেয়াল ভাঙতে হবে।

তাদের সকলকে একত্রিত করতে হবে-- ‘একত্রিত, সমবেত, আয়োজিত’।

এতগুলো বছর তাদের একত্রিত করার উপায় বের করতেই শেষ হয়েছে। এখন পথ জানা হয়েছে। এখন সংগ্রাম গন্তব্যের জন্যে।

কাজ এখন একটা: প্রদীপ উঁচিয়ে রাখা। ‘ভাই হে, তোমাদের মশালগুলো যেন পলকের জন্যেও না- নেভে।’