২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবসর’র প্রকাশক আলমগীর রহমান মারা গেছেন

শুক্রবার সকালে পৌনে ১১টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতলে তিনি মারা যান।

‘অবসর’র প্রকাশক আলমগীর রহমান মারা গেছেন
প্রকাশক আলমগীর রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 01:42 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

চার দশকের পুরনো প্রকাশনা সংস্থা 'অবসর' এর স্বত্বাধিকারী আলমগীর রহমান মারা গেছেন। 

শুক্রবার সকালে পৌনে ১১টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতলে তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার পরিবার জানিয়েছে। 

এই প্রকাশকের ছেলে নূর-ই- মুনতাকিন আলমগীর বলেছেন, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন। আলমগীর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর। 

মুনতাকিন বলেন, "সকালে ঘুম থেকে ওঠার পর বাবা অসুস্থ বোধ করেন। তখন বমি করতে চেয়েও করতে পারছিলেন না। পরে প্রেশার মেপে দেখি, প্রেশার অনেক কমে গেছে। এরপর আমরা ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাই। তখন সেখানকার ডাক্তার সব কিছু চেক করে আমাদের জানান, তিনি আর আমাদের মাঝে নেই।"

জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে এই প্রকাশকের জানাজা হবে।

এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন মুনতাকিন ।

সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় সাংবাদিকতায় যুক্ত ছিলেন আলমগীর রহমান। পরে ১৯৮৫ সালে অবসর প্রকাশনীর গড়ে তোলেন তিনি।

শুরুতে ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল বইয়ের অনুবাদগুলো তিনি পেপার ব্যাকে প্রকাশ করেন৷

অবসর থেকে প্রকাশ হয় হুমায়ূন আহমেদের উপন্যাস 'দেবী'। গত চার দশক ধরে এই প্রকাশনা সংস্থা থেকে সাহিত্যের নানা শাখার বই বের হয়েছে।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্যও ছিলেন আলমাগীর রহমান৷