আবদুল মান্নান সৈয়দের নাটক: আঙ্গিকের বৈচিত্র্যে জীবনের সন্ধান
আমার তো মনে হয় আমাদের দেশের থিয়েটার অঙ্গনের মঞ্চায়ন-সংস্কৃতি এখনও আধুনিকতায় এতটা সূক্ষ্মবিস্তৃত হয়ে উঠতে পারেনি যে তা আবদুল মান্নান সৈয়দের নাট্যবৈশিষ্ট্যকে ধারণ করতে পারবে।
সাহিত্যে জাতীয় রাজনীতির প্রভাব এবং সাহিত্যের রাজনীতি বাংলাদেশের সাহিত্যে আবদুল মান্নান সৈয়দের অবস্থানকে সাম্প্রতিক কালে কিছুটা পেছনে ঠেলে দিয়েছে। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত সাহিত্যিকতার বাস্তবতা ও তাঁর সাহিত্য সৃষ্টির প্রভা এতটা প্রোজ্জ্বল ছিল যে সমকালীন বাম রাজনীতি ও জাতীয়তাবাদের প্রাবল্য সত্ত্বেও তাঁর রচনাসমষ্টিকে আমলে না এনে পারা যায়নি; স্বল্পকালের মধ্যেই সৃষ্টির স্বাতন্ত্র্য, বহুপ্রজতা ও সাহিত্যিক মননশীলতা তাঁকে অগ্রগণ্য করে রেখেছে। সমান্তরালে উচ্ছ্রিত হয়েছে তাঁর কবিতা, গল্প-উপন্যাস, নাটক ও প্রবন্ধ-গবেষণা। জীবনের অন্তিম পর্বে গবেষণাধর্মী রচনা ও স্মৃতিময় মুক্ত গদ্য পরিমাণে বেশি লেখায় সাহিত্য-সমাজ হয়তো তাঁকে সামগ্রিক বিবেচনায় প্রাবন্ধিক-গবেষক অভিধায় চিহ্নিত করে দিতে চেয়েছে। সব্যসাচী শব্দটি ব্যবহার সৈয়দ শামসুল হকের সঙ্গে নির্দিষ্ট করে দেয়ার ধরনটিতেও রয়েছে সমকালীন সাহিত্য-রাজনীতির চাল। কখনো কখনো এই পরিস্থিতি তাঁকে বিষণ্নও যে করেনি তা নয়, তাঁর দিনলিপিতে এর আভাসও আছে, কিন্তু তিনি যেমন স্তব্ধ হননি কখনো তেমনি আত্মচেতন অবস্থা থেকে সরে যাননি। সাহিত্যে নিবেদিত তাঁর ব্যক্তিসত্তা তথা প্রতিকূল পরিস্থিতিতে নিজের অন্তরাত্মা বা আত্মবোধ তাঁকে পথ দেখিয়েছে! সম্ভবত সংরূপে বৈচিত্র্যপিয়াসী অর্থাৎ নানা মাধ্যমবিহারী হওয়ায় লেখকীয় স্তব্ধতা তাঁকে গ্রাস করতে পারেনি।
২.
নাট্যসৃষ্টিরও সূচনা তাঁর সাহিত্য যাত্রার প্রথম দিকেই! দ্বিতীয় কাব্য 'জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা' কবিতাসংকলনেই অন্তর্ভূত হয়েছে তাঁর কাব্যনাটক 'জ্যোৎস্না-রৌদ্রের চিকিৎসা' ও 'বিশ্বাসের তরু'। পরিণত বয়সেও লিখে চলেছেন কাব্য নাটক। নাট্য সংরূপেরও আবার বিচিত্র ধারায় মুক্তি পেয়েছে তাঁর প্রতিভা; প্রকাশিত হয়েছেন নাট্যমাধ্যমেরই নানা সংরূপে। প্রহসন, কাব্যনাট্য, একাঙ্ক, শ্রুতি নাটক, পূর্ণাঙ্গ নাটক এবং অনুবাদ-একাঙ্ক–এই সব ধরনের নাটকই রয়েছে তাঁর। এসব নাট্যকর্ম আকারে ছোট হলেও এগুলোর সাহিত্যিক অভিঘাত সুদূরপ্রসারী।
আবদুল মান্নান সৈয়দের নাটকগুলোতে তীক্ষ্ণ বক্তব্য রয়েছে; তা ছাড়া নাটকে একটা দ্বন্দ্বময়তা থাকতেই হয়, যা সূক্ষ্মভাবে তাঁর নাটকেও আছে; তবে তা প্রকাশের জন্য যে চরিত্র ও সংলাপ দরকারী তা বৈশিষ্ট্যপূর্ণ ভাবে কাব্য গুণে গুণান্বিত তথা সাহিত্যিকতায় উৎকৃষ্ট। সামগ্রিক অর্থে বলা যায়, সংখ্যায় কম হলেও তাঁর নাটক সাহিত্যগুণসম্পন্ন ও ঐশ্বর্যমণ্ডিত। যদিও বাংলাদেশের নাট্য প্রাসঙ্গিক আলোচনায় আবদুল মান্নান সৈয়দ সাধারণত অনুল্লেখিত বা খুব কম উল্লেখিত নাম। বাংলাদেশের নাট্য আলোচনায় নাট্যপ্রয়োগ তথা থিয়েটারীয় দৃষ্টভঙ্গির সঙ্গে নাট্যসাহিত্যকে গুলিয়ে ফেলা হয় বলে মনে হয়! ফলে আবদুল মান্নান সৈয়দের সাহিত্যকর্ম হিসেবে আলাদাভাবে বিবেচনা করে তাঁর নাট্যসামর্থ্য পর্যালোচিত না হওয়ার এটাও একটা কারণ হতে পারে।
নাটকের প্রসঙ্গে বলা হয়, যে-নাটক মঞ্চে আনা যায় না সেগুলো ভালো নাটক হিসেবে বিবেচিত হওয়ার কথা নয়! এই দৃষ্টিকোণ থেকে দেখলে আবদুল মান্নান সৈয়দের নাটক বাংলাদেশের থিয়েটার অঙ্গনে প্রায় সমাদৃতই হয়নি। কিন্তু তাঁর বেলায় কি বলা যাবে যে তিনি নাট্যকার হিসেবে সফল নন! বরং বাংলাদেশে কাব্যনাট্যের লেখক হিসাবে তাঁকে পথিকৃৎ নাট্যকারদেরই একজন বলতে হবে। আমাদের খ্যাতিমান নাট্যকার হিসাবে যাঁরা পরিচিত তাঁদের কারো সৃষ্টিসামগ্র্যে তাঁর মতো এত আঙ্গিকবৈচিত্র্য পাওয়া যাবে কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে। ১৯৯২ সালে বাংলা একাডেমী থেক তাঁর নাট্যসংকলন নাট্যগুচ্ছ প্রকাশিত হলে তাঁর নাট্যপ্রতিভাসামগ্র্য পাঠক হিসেবে আমার বিবেচনায় আসে! কিন্তু এ যাবৎ কালের মধ্যে বাংলাদেশের নাট্যসাহিত্যে আবদুল মান্নান সৈয়দের স্থান কোথায় তা নিরূপণের প্রয়াস দেখা যায়নি। এমনকি ২০০৯ সালে তাঁর সকল নাট্যমাধর্মীয় রচনার সংকলন নাট্যসমগ্র প্রকাশিত হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
৩.
কাব্যনাট্যকার হিসেবে আবদুল মান্নান সৈয়দ যে পথিকৃৎ স্থানীয় তার উল্লেখ দেখা যায় না। 'বিশ্বাসের তরু', 'জ্যোৎস্না-রৌদ্রের চিকিৎসা', 'ঈশ্বরপ্রাপ্তির ছোট্ট গাঁথা', 'চাকা', 'কবি ও অন্যেরা' এবং 'আটতলার ওপরে'–তাঁর এইসব কাব্যনাট্য পাঠ করলে সহজেই অনুভব করা যায় যে, কাব্যনাট্যকার হিসাবে তিনি কতটা আধুনিক ও স্বতন্ত্র। আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে থিয়েটার নিয়ে যতটা অনুশীলন হয়েছে নাট্য রচনা নিয়ে তার সিকিভাগও হয়নি। নাটক বলে যা রচিত হয়েছে তার অধিকাংশই মঞ্চরূপানুকূল স্ক্রিপ্ট, নাটক নয়! আমার তো মনে হয় আমাদের দেশের থিয়েটার অঙ্গনের মঞ্চায়ন-সংস্কৃতি এখনও আধুনিকতায় এতটা সূক্ষ্মবিস্তৃত হয়ে উঠতে পারেনি যে তা আবদুল মান্নান সৈয়দের নাট্যবৈশিষ্ট্যকে ধারণ করতে পারবে। আরো স্মরণীয়, বাংলাদেশের সাহিত্য মোটা দাগে আত্মস্বাতন্ত্র্য লাভ করতে শুরু করে ষাটের দশকে। আবদুল মান্নান সৈয়দের মধ্যেও লক্ষ্যণীয় সাহিত্য উৎসারণের শুরু ওই সময়েই। ষাটের দশকে, তাঁর প্রথম উত্থানের দিনগুলিতে, তাঁর নিজের ভাষায় সাহিত্যের সব রাস্তায় ঘোড়া ছুটিয়েছিলেন তখনই। বাংলাদেশের সামগ্রিক পরিপ্রেক্ষিতে নাট্যকার হিসেবে, বিশেষত কাব্যনাট্যকার হিসেবে তিনি যে আলাদাভাবেই তখনই বিবেচ্য তা কারো মনে আসেনি।
৪.
সঙ্গত কারণেই বাংলাদেশে কাব্যনাট্য রচয়িতার প্রসঙ্গ উঠলে সৈয়দ শামসুল হকের নাম চটজলদি মনে আসে। আরো আগে মনে আসে ফররুখ আহমদের 'নৌফেল ও হাতেম' নাটকটির কথা। এ ছাড়াও আরো কেউ কেউ লিখলেও সেসব এমন উল্লেখযোগ্য বা মানসম্পন্ন হয়ে ওঠেনি যে তাঁদের কথা মনে পড়বে। সৈয়দ শামসুল হকের কাব্য নাটকের থিয়েটারীয় প্রযোজনা সফল হওয়ায় সামগ্রিক ভাবে তাঁর স্বীকৃতি এসেছে। তাঁর রচিত 'পায়ের আওয়াজ পাওয়া যায়' বা 'নূরলদীনের সারাজীবন' একই সঙ্গে সাহিত্য মানের দিক থেকে ও মঞ্চসাফল্যে উজ্জ্বল। সৈয়দ হকের কাব্যনাট্যকের মঞ্চায়ন ও গণমাধ্যমসমাদর তাঁর নাট্যকার সত্তাকে যতটা স্মরণীয় করে তুলেছিল সে তুলনায় আবদুল মান্নান সৈয়দের পরিচিতি না থাকলেও আমাদের মনে রাখা জরুরি যে সৈয়দ শামসুল হকেরও অনেক আগেই কাব্যনাটক লিখেছিলেন তিনি। যদিও আবদুল মান্নান সৈয়দের নাটকের মঞ্চায়িত হবার খবর নেই তা সত্ত্বেও আবদুল মান্নান সৈয়দকে কাব্যনাট্যকার হিসেবে শ্রদ্ধা জানাতে হবে সামগ্রিক ভাবে তাঁর নাট্যস্বাতন্ত্র্যের জন্যই।
'নাট্যসংগ্রহ' সংকলনে অন্তর্ভুক্ত আবদুল মান্নান সৈয়দের প্রকাশিত কাব্যনাট্যের সংখ্যা ছয়টি–'বিশ্বাসের তরু', 'জ্যোৎস্না-রৌদ্রের চিকিৎসা', 'ঈশ্বরপ্রাপ্তির ছোট্ট গাথা', 'চাকা', 'কবি ও অন্যেরা', এবং 'আটতলার ওপরে'। আরো একটি কাব্যনাট্য রয়েছে তাঁর 'একজন রাজা একজন ক্রীতদাস' নামে। খুঁজে পাওয়া যায়নি বলে 'নাট্যসমগ্র'তে সেটা অন্তর্ভুক্ত হতে পারেনি। এটি প্রকাশিত হয়েছিল ১৯৭০ সালের অক্টোবরে (কার্তিক ১৩৭৭) ছাত্রলীগের সংকলন 'নিরন্তর স্বর' নামীয় সংকলনে! [আবদুল মোহিত, 'আবদুল মান্নান সৈয়দের একটি অগ্রন্থিত কাব্যনাটক', 'নান্দীপাঠ', সম্পাদক: সাজ্জাদ আরেফিন, সংখ্যা: নয়, ফেব্রুয়রি, ২০২০, ঢাকা] বিষয়গুণ ও আধুনিক সাহিত্যের কাব্যিক প্রকাশে এসব কাব্যনাট্যের রচনাসামর্থ্য স্বতন্ত্র মর্যাদা প্রাপ্য। রচিত নাটকের সংখ্যা বিবেচনায় তাঁকে হয়তো নাট্যকার হিসেবে মূলত কাব্যনাট্যকারই বলা যেতে পারে।
৫.
কাব্যনাট্যকার হিসেবে আবদুল মান্নান সৈয়দ তাঁর দ্বিতীয় কাব্য 'জ্যোৎস্না-রৌদ্রের চিকিৎসা'য় (১৯৬৯) আবির্ভূত হন অন্তর্ভুক্ত দুটি কাব্যনাট্য উপস্থাপনের মধ্য দিয়ে। কাব্যনাট্য দুটিকে ঐ সংকলনে এমন ভাবে সংস্থাপন করা হয়েছে যে, কবিতা হিসেবে তা সেখানে যতটা আস্বাদনীয় বিবেচিত সম্ভবত নাটক হিসেবে ততটা নয়! এ ছাড়া বিবদমান যে দুই দৃষ্টিভঙ্গির সংঘাত নাট্য-আঙ্গিকের কেন্দ্রবৈশিষ্ট্য তা ঐ নাটকদুটিতে বাহ্যত দৃশ্যমান নয়, বরং তা অন্তর্লোকে অনুভবনীয়। কবিসামর্থ্যে, বিশেষ করে উপমা ও রূপক সৃষ্টিতে এবং চূর্ণিত কবিবৈশিষ্ট্যে আবদুল মান্নান সৈয়দের নাট্যমুহূর্ত সৃষ্টির পারঙ্গমতায় তাঁর রচনা আনন্দদায়ক। মঞ্চায়িত না হলেও 'বিশ্বাসের তরু' বেতারে প্রচারিত হয়েছিল।
কবি বলেই হয়তো নাট্যকার সত্তার বিবেচনায়ও আবদুল মান্নান সৈয়দ ব্যক্তিক, আর্থসামাজিক কিংবা রাষ্ট্রিক সমস্যাকে ক্ষুদ্র দৃষ্টিতে নয়, দেখতে পারেন বড় পটভূমিতে। সেজন্যেই কি তিনি নাট্যিক চরিত্রসমূহের নামকরণ করেন নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে নয়, করেন তাদের পেশা বা পদবির সূত্র অবলম্বন করে! যেমন, 'বিশ্বাসের তরু' কাব্যনাট্যের (১৯৬৯) চরিত্র-বিন্যস্ত হয়েছে তিন কাঠুরে, এক মেয়ে কাঠকুড়ুনি, চৌকিদার ও দেবদূতে। এ-নাটকের ঘটনা সংগঠিত হয়েছে এমন তিনজন কাঠুরেকে নিয়ে যারা সারাদিন বন থেকে কাঠ কেটে এনে সন্ধ্যায় বাজারে বিক্রির মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করে। বন পাহারায় আছে একজন চৌকিদার, নেপথ্যে আছেন বনের মালিক। তাই কাঠুরেদের কাঠ কাটতে হয় ভয়ে ভয়ে। এ তাদের পৈতৃক ও নিত্যদিনের কর্মপেশা।
নাট্যদৃশ্যে ক্ষণিকের জন্যে দেবদূত এসে কাঠুরেদের বিশ্বাসের মূলে আঘাত হানেন, প্রশ্ন তোলেন তাদের পেশা নিয়ে। তবে নাটকের কেন্দ্র দ্বন্দ্ব ধ্বনিময় ব্যঞ্জনায় জীবন্ত হয়ে ওঠে উন্মত্ত কাঠুরেদের উদ্দাম সক্রিয়তায়; নাটকীয়তার প্রকাশ ঘটে বনভূমির আর্তনাদ ও বৃক্ষের বিশাল পতনের!
৭.
যে-কবির যাপিত জীবন অন্ধকারে, জ্যোৎস্না ও রৌদ্র এনে দেয় তার বোধের পরিবর্তন দরকার। কাব্যনাটক 'জ্যোৎস্না-রৌদ্রের চিকিৎসা' (১৯৬৯) এই ভাবনা ও প্রেরণায় রচিত।
এ-নাটকের চরিত্র কবি, কবি-প্রেমিক, কয়েকজন পুরুষ ও কয়েকটি মেয়ে। কবি তাঁর ঘরের দরজা-জানালা বন্ধ রেখে, বাইরের কোলাহল থেকে নিজেকে মুক্ত রেখে কবিতা রচনা করেন। এক সময় কবির হাতে ঝাঁকে ঝাঁকে কবিতা আসত, তাঁর এখন মন্দাভাব চলছে, কবিতা ধরা দিচ্ছে না। কয়েকজন পুরুষ ও মেয়ে এবং এক কবি-প্রেমিক এসে কবির সঙ্গে ভাব জমায় আর দরজা-জানালা খুলে দিয়ে বাইরে যাওয়ার আহ্বান জানায়। আগতদের কথা ও পরামর্শে কবি কল্পনার জগৎ থেকে ক্রমশ বাস্তবতার পরিমণ্ডলে ফিরে আসেন। কবি বলেন,
‘তেজি আরবি ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে উঠছে কল্পনা, কিছুতেই তাকে বাগ মানানো যাচ্ছে না। ঝড়ে তার কেশর উড়ছে। বাস্তবের ক্ষুরের দাপটে উড়ছে স্বপ্নের ধূলো–'
…কবিতা আসছে, ছোট্ট কিন্তু অসীম এক কবিতার টুকরো—এই মানুষ আর যন্ত্রের হ্রেষা-আর-ক্রেংকার-ভরা পথের মধ্যে—ছোট্ট ও অসীম এক কবিতার টুকরো:
নারী!
তুমি স্বর্গবিজয়ের তরবারি!'
এভাবেই আবদুল মান্নান সৈয়দের কাবিসত্তা আর নাট্যকার সত্তা একাকার হয়ে যায়। 'ঈশ্বরপ্রাপ্তির ছোট্ট গাথা' নাটকটির কথাও প্রসঙ্গত এখানে উল্লেখ করা যায় যেখানে কবিতা ও নাটক একাকার হয়ে গেছে।
৮.
আবদুল মান্নান সৈয়দের রচিত তিন দৃশ্য ও তিন চরিত্রের কাব্যনাট্য 'চাকা' (১৯৮৫)–একটি ব্যর্থ প্রেমের গাথা। চাকা নাটকে হাসান ভালোবাসে মীরাকে, রিনা হাসানকে। মীরা হাসানকে ভালোবাসলেও তার সঙ্গে সংসার বাঁধতে চায়নি। কারণ, মীরার সংলাপেই তা পরিষ্কার—
‘হাসান, বিশ্বাস করো : আমি তোমাকেই ভালোবাসি।
কিন্তু তুমি বড় মৃদু, কোমল, কাতর, স্বপ্নাক্রান্ত, সংবেদনশীল–
সামান্য কম্পনে তুমি বেজে ওঠো শততলে।
হীরককে আমার চাই। সে অবিচলিত থাকে সব-কিছুতেই,
সে কঠিন হীরকের মতো দ্যুতিমান।’
মানুষের জীবনে প্রেম তো সরলরৈখিক নয়, চাকার মতো আবর্তনময়। মূলত প্রেমের, ব্যর্থতার এ এক প্রতীকী রূপায়ণ কাব্যনাট্য 'চাকা'। হাসানের সংলাপে ব্যর্থতার বেদনার প্রকাশ ঘটে এভাবে,
'দিনরাত্রী-ব্যাপী একদিন বেজেছিল যে ব্যাপক গভীর পিয়ানো
পৃথিবীতে এসে সেই জন্ম ভরে গেছে তারই তীব্র-মৃদু ঝনন-রণনে।।…আমাদের ছোট নদী মিশে গেছে অগাধ সাগরে।'
আরেক কাব্যনাট্যকার মুস্তফা আনোয়ার সম্পাদিত 'কুঁড়েঘর' পত্রিকায় আবদুল মান্নান সৈয়দের 'চাকা' কাব্যনাট্যটি প্রথম প্রকাশিত হয়েছিল। প্রচারিতও হয়েছিল রেডিও বাংলাদেশ থেকে দিলওয়ার হাসানের প্রযোজনায়। নাটকটি পুস্তিকাকারে প্রকাশিতও হয়েছিল পৃথক ভাবে। তাঁর কাছ থেকে উপহার হিসেবেও পেয়েছিলাম 'চাকা' পুস্তিকাটি যা আমার সংগ্রহে সম্ভবত এখনো আছে।
৯.
আবদুল মান্নান সৈয়দের আরেক কাব্যনাট্য 'কবি ও অন্যেরা'রও (১৯৯৬) পৃথক মু্দ্রিত সংস্করণ বেরিয়েছিল। এই নাটকেরও প্রধান চরিত্র কবি; অন্যান্য চরিত্রগুলো হলো, পুলিশ, রাখাল-বালক, সার্জেন্ট, ডাক্তার, ঔপন্যাসিক, তরুণী প্রেমিকা (নিনা) ও কবির বউ। প্রধান চরিত্র কবির বিকাশের প্রয়োজনেই যেন এসেছে অন্য চরিত্রগুলো। এই নাটকে আঞ্চলিক ভাষার প্রয়োগ আছে, যা অন্য নাটকগুলো থেকে ব্যতিক্রম। রাখালের কণ্ঠে আঞ্চলিক ভাষা ব্যবহৃগ হয়েছে। জনতার কৌতূহল, প্রচণ্ড ভিড় ও ট্রাফিক-পুলিশের সজাগ দায়িত্ব পালন দেখিয়ে পার্থক্য সৃষ্টি করা হয়েছে গ্রাম-শহরের মধ্যে। জনতার ভিড়ে অতিষ্ঠ রাখাল-বালক বলে, ‘স্বপ্ন আমাগো গ্রামের নাম। বেহেশতের লাহান সুন্দর।’
আবদুল মান্নান সৈয়দের নাটকে আপাতদৃষ্টে দ্বন্দ্ব সহজদৃশ্য থাকে না। এই নাটকে তা আরো কম। তবে সংলাপ রচনায় তাঁর কবিসত্তা দারুণ বাঙ্ময় হয়েছে। একটা সংলাপ উদ্ধৃত করা যায়। কবি তাঁর প্রেমিকাকে বলছেন,
‘এত অপরূপ চোখ–
আমি ঐ চোখের ভিতর দিয়ে
চলে যাচ্ছি মিশরের সূর্যাস্তবেলায়–গ্রিসের প্রাসাদে।
ঐ অপরূপ নাসা, ঐ অপরূপ ঠোঁট–যা ক্রমশ খুলে যাচ্ছে
সোনার কৌটার মতো, আমি ওর ভিতর প্রবেশ করব।’
১০.
শেষের দিকে রচিত তাঁর কাব্যনাটকগুলোর মধ্য আমার সবচেয়ে প্রিয় 'আটতলার ওপরে' (১৯৯৭)। আটতলার ওপরে এক রেস্তোরাঁয় বসেছেন নাটকের দুই চরিত্র শাহেদ ও রূপা। পঞ্চাশোর্ধ্ব বয়স তাঁদের। বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে পড়তেন; বসতেন একই ক্লাসে, হাঁটতেন একই করিডর দিয়ে। কিন্তু কথা হতো না। দুজনেরই পরস্পরকে প্রেম নিবেদনের ইচ্ছে থাকলেও সাহস হয়নি। পরিবেশ ছিল প্রতিকূল। শাহেদ ছিলেন মেধাবী, অন্য দিকে রূপা অপরূপ রূপবতী। এখন দুজনেরই নিজেদের সংসার আছে, ছেলেমেয়ে, এমনকি আছে নাতি-নাতনিও। বহু বছর পর তাদের দেখা ও কথা হলো আটতলার ওপরে রেস্তোরাঁর খোলা ছাদে। কত স্বতঃস্ফূর্ত ভাবে যাপন করলেন স্মৃতি জাগানিয়া সময়! রোমান্টিক প্রেমের পটভূমিতে আবদুল মান্নান সৈয়দ এখানে উপজীব্য করেছেন সেকাল আর একালের জীবনদৃষ্টির পার্থক্য। বলা যায় দুই কালের জীবনদৃষ্টির দ্বন্দ্বই এই নাটকের বিষয়বস্তু! নাটকের শেষ দৃশ্যের শাহেদের সংলাপে তাঁদের উপলব্ধি আর অনুভব ফুটে ওঠে:
'আমরা বসে আছি সমতল থেকে
একটু দূরে –
আটতলার ওপরে। এই একটা দিন
আমাদের প্রাত্যহিক জীবন থেকে
অন্য জায়গায় চলে এসেছে।
সমতল থেকে একটু ওপরে।
তুমি ফিরে যাবে তোমার সংসারে,
আমি ঘুরব আমার চাকায়।
আবার যে-কে-সেই।
তবু এই একটা দিন জেগে থাকবে আমার ভিতরে।
এই একটা দিন বলে দিচ্ছে :
কোথাও-না-কোথাও পলাশ ফুটছে আজো,
জ্বলছে কৃষ্ণচূড়া।
কাব্যনাটকগুলোর মধ্যে সর্বশেষ রচনা ছিল এটি। এই নাটকের নামেই কবিতা-সংকলনেরও নামকরণ করা হয়েছিল। আবদুল্লাহ আবু সায়ীদ তাঁর প্রথম দিকের কাব্যনাটকের সমালচনা করতে গিয়ে জীবনবোধের গভীরতার অভাবের দিকে ইঙ্গিত দিয়েছিলেন। আমার মনে হয় 'আটতলার ওপরে'র সম্পদ আবদুল মান্নান সৈয়দের কবিত্বের গভীরতার পাশাপাশি জীবনবোধও সমপর্যায়ের।
১১.
একাঙ্কও আবদুল মান্নান সৈয়দের অন্যতম প্রধান নাট্য মাধ্যম। আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলেছিলেনও সে-কথা! পশ্চিবঙ্গ থেকে প্রকাশিত সরোজমোহন মিত্র 'একাঙ্ক নাটকের রূপরেখা' (১৯৮৬) বইয়ে একাঙ্ক সম্পর্কিত আলোচনায় তাঁর 'বিশ্বাসের তরু' একাঙ্ক নাটকের উল্লেখ প্রসঙ্গে আবদুল মান্নান সৈয়দ আনন্দিত কণ্ঠে আমাকে এ-কথা বলেছিলেনও! এখানেও তিনি ব্যতিক্রম। সমসাময়িক অন্য নাট্যকারদের তুলনায় তাঁর একাঙ্ক নাটক যদিও আয়তনে হ্রস্ব। তাঁর অন্যতম একাঙ্ক নাটক 'সংসার'। স্বামী-স্ত্রীর রাগ-অনুরাগ, সুখ-দুঃখ, অম্লমধুর সম্পর্কের ভিত্তিতে 'সংসার' নাটক রচিত। ইংগিতে নাট্যকার বুঝিয়েছেন স্বামী-স্ত্রীর বিবাহিত জীবন বেশিদিনের নয়। এখনো সংসারে নেই বাচ্চাকাচ্চার উপস্থিতি। স্বামী চাকরিজীবী, স্ত্রী গৃহিণী। রাতশেষে সকালে স্ত্রী শয্যা ছেড়ে উঠে যান সংসারকর্মের জন্য। স্বামী আরো কিছুক্ষণ স্ত্রী-সান্নিধ্য পাওয়ার জন্য আকুতি জানান। একপর্যায়ে স্ত্রী জানান, কাজের মেয়েকে বাদ দেওয়া হয়েছে। দুজনের সংসার, তিনি নিজেই সব কাজ করে উঠতে পারবেন। স্বামী কিছুটা ক্ষুব্ধ হন। স্ত্রী বলেন, মেয়েটির স্বভাব-চরিত্র ভালো না। তাই তাকে কাজে আসতে নিষেধ করা হয়েছে। স্বামী রাগান্বিত হলেও পরে শান্ত হন। বিকেলে স্ত্রীকে তৈরি থাকতে বলেন, নিউমার্কেটে গিয়ে তার জন্য কিছু কেনাকাটা করবেন বলে।
'সংসার' নাটকের সংলাপে যেমন রয়েছে নাটকীয়তা তেমনি আছে দ্বান্দ্বিকতাও! দ্বন্দ্ব রয়েছে চরিত্রেও। আবার বিপরীতে আছে মিলনের দৃষ্টান্তও। নাটকীয় দ্বন্দ্বের একটু স্বাদ নেয়া যায়,
'স্বামী : তোমার মন এত ছোট তা জানতাম না।
স্ত্রী : তোমার বেশি বেশি দরদ আর অত্যন্ত উদারতা দেখেই আমার মন ছোট করতে হয়েছে।
স্বামী : যে-ঘরের মেয়ে সে-রকম হবে তো –
স্ত্রী : খবদ্দার! আমাকে যা বলবে বলো, আমার ঘর-বাড়ির কথা বলবে না–
স্বামী : যাও-যাও! বেশি কথা বোলো না।
স্ত্রী : তোমার মনে কু। তা না হলে এত বেশি কথা বলছ কেন? তোমার মনে পাপ। সেজন্যেই তো ওকে বিদায় করে দিয়েছি। জেনেশুনে তো আমি আমার সংসারে আগুন লাগাতে পারি না।'
১২.
'যুক্তিহীন যুগ' আবদুল মান্নান সৈয়দের তিন চরিত্রের আরেকটি একাঙ্ক নাটক। পঞ্চাশ বছর বয়সী খালেদ আহমদ, তার স্ত্রী আয়েশা ও নাতি টুলুকে নিয়ে গড়ে উঠেছে নাটকটি। সংসারজীবনের শুরুতে তাদের পদমর্যাদা ও আর্থিক সচ্ছলতা সন্তোষজনক ছিল না। ছোট চাকরি থেকে খালেদ ক্রমশ পদস্থ কর্মকর্তা হয়েছেন। অর্জন করেছেন গাড়ি-বাড়ি ও বিত্ত। ছেলেমেয়েদের ভালো চাকরি ও সংসার হয়েছে। এক সকালে খালেদ বসেছেন সহধর্মিণী আয়েশার সঙ্গে ফেলে-আসা দিনগুলোর স্মৃতি রোমন্থনে। কর্মনিষ্ঠা, একাগ্রতা ও সততার বলেই খালেদ আজ বিত্তবান। অন্যদিকে সময়ের থাবায় তাদের শারীরিক ও জৈবিক ক্ষমতা হারিয়েছে। এই যৌবনশক্তি এখন তার ছেলেমেয়ে ও জামাইয়ের। অনিবার্য প্রকৃতির এই সত্য। নিয়মের চাকা মানুষের বাড়ায়, আবার কমায়। যুগ-যুগান্তর ধরে এ-ধারা জীবজগতে প্রবহমান। তাকে খণ্ডিত করে দেখার সুযোগ নেই। এই সত্যই আবদুল মান্নান সৈয়দের 'যুক্তিহীন যুগ' একাঙ্ক নাটকের উপজীব্য!
আবদুল মান্নান সৈয়দের অপর একাঙ্ক নাটকের শিরোনাম 'সুখ-অসুখ'। দুই বন্ধু ফরিদ ও রশিদের নানা ভাবনা আর সুখ-দুঃখের খণ্ডচিত্রের সমন্বয়ে গড়ে উঠেছে এই নাটক। রশিদ চেয়েছিল লেখক হতে। বাস্তবে তা হয়নি। একটা চাকরির জন্য নিরন্তর চেষ্টা তাদের। ফরিদ তা পেয়েছে। সুখেই আছে সে চাকরি নিয়ে। রশিদ বন্ধু ফরিদকে ব্যঙ্গ করে তেলের ব্যবসা করতে বলে। কারণ তেল দেওয়ায় ফরিদ বেশ পারদর্শী। স্নেহময়ী মা ছেলে ফরিদকে পরামর্শ দেন, সে যেন খামোকা দুঃখ না করে। ছেলের শেষ উক্তি, ‘দুঃখ আমার নেই। তুমি জানো না মা, এমন অসুখে আমি কত সুখী।’
স্বগতোক্তি কিংবা যাত্রার বিবেক এই নাটকের চরিত্র নয়, ছায়ারশিদ, ছায়ামামী চরিত্রায়ণের মধ্য দিয়ে আবদুল মান্নান সৈয়দ এখানেও স্বতন্ত্র রুচির পরিচয় রেখেছেন।
১৩.
তাঁর আরেক একাঙ্ক নাটক 'খেলা'তে দেখা যায়, আশরাফ চৌধুরী তাঁর পরিবারের সদস্য বাবলু, পিন্টু ও মুক্তাকে নিয়ে এক বিয়ের অনুষ্ঠানে গেছেন। গৃহভৃত্য ইদ্রিস ও অল্পবয়স্ক এক ছোকরা রমিজ গৃহকর্তার অনুপস্থিতিতে চৌধুরী-ভৃত্য অভিনয় খেলায় নিমগ্ন হয়। মানুষ বাস্তবে যা নয়, কল্পনা বা অভিনয়-অনুকরণের মাধ্যমে তা পুষিয়ে নিতে চায়। কিন্তু সেটা খুব সাময়িক সময়ের জন্যে। বাস্তবতা হচ্ছে চরম সত্য। যে যার অবস্থান থেকে উত্তরণের পথ হচ্ছে শিক্ষাদীক্ষা ও কর্মসাধনা।
১৪.
আবদুল মান্নান সৈয়দের আরেক একাঙ্ক নাটক 'এসো অসম্ভব, এসো'। নাটকটির প্রধান চরিত্র কামরান। কবি বলেই হয়তো বা তাঁর নাট্যরচনায় প্রতীকী কল্পনা থাকেই! যেমন এই নাটকে কার্যকরণ ও তাৎপর্য খুঁটিয়ে দেখতে গেলে কামরানকে অবাস্তব চরিত্র বলেই মনে হয়। সে অধ্যাপনার চাকরি ছেড়ে ঘরে অলস সময় কাটায়। সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন—সবার সঙ্গেই সম্পর্ক ছেদ করে। বন্ধু শামিম বাসায় এসে তাকে বিভিন্নভাবে বোঝায় যেন কর্ম ও স্বাভাবিক জীবনে ফিরে আসে সে।
আকবর নামের এক লম্পট ব্যক্তি সবার সামনে দিয়ে, দিনের আলোয় কামরানের স্ত্রী আইভির কাছে যায়। টাকার বিনিময়ে ফুর্তি করে। কামরান তা জানে। এ নিয়ে উচ্চবাচ্য করে না। বরং আকবর এলে কামরান বেডরুম ছেড়ে বাইরের ঘরে চলে যায়। কখনো-বা আকবরের সঙ্গেও কথা হয়। আকবর বলে, ‘আপনার নার্ভ খুব শক্ত।’ আইভিও চায় না আকবর নামের ওই কুৎসিত লোকটা তার কাছে আসুক—ফষ্টিনষ্টি করুক। এ-ব্যাপারে সে স্বামী কামরানকে দোষারোপ করে বলে, ‘ছি-ছি, তুমি এত ছোট, এত নীচ! তুমি কি একটা মানুষ যে, তোমার চোখের সামনে বাইরের লোক আসে। তুমি একজনের স্বামী— তোমার স্ত্রী আরেকজনের সঙ্গে শুচ্ছে—এতে তোমার যায়-আসে না! বাপ-মা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব সব ছেড়েছি আমি তোমার জন্যে।’
আপাতভাবে যা অসম্ভব, জীবনের দাবি তাকেই সম্ভব করা। 'এসো অসম্ভব, এসো' নাটকে জীবনের এই দাবির চ্যালেঞ্জের অভিমুখে কামরানকে প্রতীকী ভাবে দেখেছেন। এই প্রতীকিতা অন্য দিকে তাঁর কবিসত্তারই মূর্তরূপ।
১৫.
পূর্ণাঙ্গ নাটক বলতে যা বোঝায় আবদুল মান্নান সৈয়দের তেমন নাটক মাত্র একটিই—'না ফেরেশতা না শয়তান'। এটির রচনাকাল ১৯৬৯। নাট্যকারের অভিমত, ‘এই নাটক পাঠকের জন্যেই রচিত। তবে অভিনীত হলে ভালো।’ নাটকে প্রধান চরিত্র জামিল। পারিপার্শ্বিক চরিত্রগুলো তাদের স্বকীয়তা নিয়েও জামিল চরিত্রকে সম্পন্ন করে তুলেছে। অন্য নাটকগুলোর মতো এখানেও আবদুল মান্নান সৈয়দের সাহিত্য-ভাবনা চারানো আছে। প্রয়াস আছে নাট্যকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সাহিত্যের স্বরূপ নির্ণয়ের! সাহিত্যলগ্নতার দিক থেকে তাঁর শ্রুতিনাটক 'মৃত্যু একটি দরোজা'ও এর ব্যতিক্রম নয়। ভালোমন্দের মিশেলে রচিত জামিল চরিত্রটি। অবিবাহিত; সে খারাপ পথে যায়নি। নেশা-টেশার ধারেও ঘেঁষেনি। কিন্তু মানুষের সব দিন সমান যায় না। তাই একদিন দেখা যায়, জোহরা নামের এক বেশ্যাকে নিয়ে রাত কাটাচ্ছে সে। আবার এই জামিলই বিবেকের দংশনে কাতর হয়। বলে, ‘ইশ কি-সাংঘাতিক কি বিচ্ছিরি স্বপ্ন দেখলাম, হ্যাঁ ছি-ছি, বিয়ে দিতে পারছি না যে-বোনটিকে সে কিনা এল আমার বিছানায়, আর আববার মুখ কি রকম দৈত্যের মুখে বদলে গেল—ইশ, বেশ্যাকে বুকে জড়িয়ে বোনের স্বপ্ন দেখলুম! ছি-ছি : কি ঘেন্নে!’
নাটকের শেষ দৃশ্যে জামিল এসে দাঁড়ায় পথের এক মাথায়, যেখানে পথ দুদিকে চলে গেছে। জামিল ভাবে এখন কোন রাস্তায় যাবে? একপর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়—সে না ফেরেশতা না শয়তান। অতএব সে মঞ্চের সামনে দিয়ে সিঁড়ি বেয়ে দর্শকের মধ্যে নেমে আসে। এভাবেই নাট্যকার আবদুল মান্নান সৈয়দ নাটকে তাঁর জীবনদৃষ্টির পরিচয় রাখেন।
১৬.
লক্ষ্যণীয়, আধুনিকবাদের যে ধারা বিশ শতকের তৃতীয় দশক থেকে ক্রমশ প্রবল হয়ে উঠেছে সে ধারা তো নাট্য আঙ্গিকগুলোর মধ্যে প্রহসনকে এক রকম বর্জনই করেছে বলা চলে। এদিকে সত্তরের দশক পর্যন্ত আবদুল মান্নান সৈয়দ প্রধানত আধুনিকবাদেরই অগ্রসর অনুসারী বলে পরিচিত। অথচ সেই সময়ই তিনি প্রহসন রচনা করলেন যখন আধুনিক নাট্য আঙ্গিক হিসেবে প্রহসন প্রায় বর্জিত মাধ্যম হয়ে পড়েছে!
সত্যকে সাধারণ ও সোজাভাবে না বলে একটু বক্রার্থে বলা, ব্যঙ্গ-বিদ্রূপের আড়ালে সেই সত্যকে প্রকাশ করার মাধ্যমই প্রহসন নাট্য আঙ্গিকের মূলসূত্র। আবদুল মান্নান সৈয়দ একজন আধুনিকবাদী কবি বলেই একেও ব্যাঞ্জনার্থে অতিরঞ্জন করেছেন; তাঁর রচিত একমাত্র প্রহসনের নাম দিয়েছেন 'প্রচণ্ড প্রহসন'। আধুনিক কালেও যে প্রহসন মাধ্যমটির প্রয়োজন একেবারে ফুরিয়ে যায়নি আবদুল মান্নান সৈয়দ 'প্রচণ্ড প্রহসন' লিখে তার দৃষ্টান্ত রাখলেন।
'প্রচণ্ড প্রহসনে'র বিষয়বস্তু সমাজে নেতৃস্থানীয় সাহিত্যসেবীদের ভণ্ডামি। প্রহসনের চরিত্রগুলোর নামকরণ আমাদের মনে করিয়ে দেয়, এদের সাহিত্যলগ্নতা কোন স্তরের। প্রচণ্ড প্রহসনের চরিত্র পরিচিতি এমন: সভাপতি: মোহাম্মদ আপনি-রাজা, সহসভাপতি: তোৎলা তালুকদার, কবি: কবুতরউল্লাহ, ঔপন্যাসিক: চৌরবিদ্যাপারদর্শী, পণ্ডিত: চালাক চাটুয্যে, সমালোচক :ভুঁইফোঁড় ভূঁইয়া, ঘোষক: খোন্দকার খয়ের খাঁ।
প্রহসনটির অবলম্বিত স্থান একটি সাহিত্যসভার মঞ্চ। কাল ষাটের দশকের বাংলাদেশ। পাত্র-পাত্রীরা সে কালের সাহিত্যসেবীরা। সাহিত্যের বিকাশে লেখক-সমালোচক ও পাঠক-শ্রোতাকে পথ চলতে হয় একসঙ্গে। কিন্তু কপট ও চর্চাহীন সাহিত্যিক নামধারী ব্যক্তিদের ভণ্ডামির কারণে তা সম্ভব হয়ে ওঠে না। নাটকের সংলাপে উল্লেখ আছে, আগের বছর সাহিত্যসভা শেষে ভূরিভোজের ব্যবস্থা ছিল না বলে মাত্র এগারোজন শ্রোতা উপস্থিত ছিলেন। আর এ-বছর আমন্ত্রণপত্রে ভূরিভোজের আয়োজন আছে উল্লেখ করায় দুশোর বেশি শ্রোতা উপস্থিত হয়েছেন। এদিকে এই সংখ্যাবৃদ্ধিকেই সাহিত্যের অগ্রগতি বা সাহিত্যপ্রীতি হিসেবে সমাজের মাথায় বসে-থাকা লোকেরা চিহ্নিত করেন। কবি কবুতরউল্লাহ চরিত্রের সংলাপ এমন, ‘আমার দুঃখ, কবিতা কেউ পড়ে না। পরের কথা আর কী বলবো, আমার স্ত্রী, আমার নিজের স্ত্রী পর্যন্ত আমাদের কবিতার কাগজ দিয়ে আমার ছেলের দুধ গরম করেন।’ আরেক জায়গায় সমালোচক চালাক চাটুয্যে চরিত্রটি সম্পর্কে অনুষ্ঠানের ঘোষক চরিত্রের সংলাপ এমন– ‘তিনি বিশ্বাস করেন, পৃথিবীতে কোনো সত্যিকার পণ্ডিত বই লেখেন না, কারণ বই লেখা মানেই নিজেকে ধরা দেওয়া। চোর কি কখনো জেলখানায় এসে ধরা দ্যায়?’
প্রহসনে হাস্যরস থাকাই রীতি। প্রহসনে বিদ্রূপাত্মক হাসি থাকতে হয়। এই নাটকে তা সার্থক ভাবে আছে। এখানে বিদ্রূপের আড়ালেই রয়েছে চিরায়ত সত্য তথা বাস্তবতার প্রকাশ। সত্যটি এই: মেধাবী, শ্রমনিষ্ঠ, বস্তবাদী, মানবপ্রেমিক সাহিত্যিকবৃন্দই প্রকৃত সাহিত্যের বিকাশসাধন করতে পারেন। আবদুল মান্নান সৈয়দের 'প্রচণ্ড প্রহসন' এই অর্থেই সার্থক এক সৃষ্টি। প্রহসনটির সংলাপ পড়তে পড়তে মনে হচ্ছিল বর্তমান সময়ের সাহিত্যের বিভিন্ন দলবদ্ধ কেন্দ্রগুলোতে এখনও তো এ অবস্থাই বিরাজ করছে। বিশেষ করে উত্তর আমেরিকার বাংলাদেশি জনসমাজের ক্ষেত্রে তো এ কথা আরো বেশি করে মনে পড়ে যায়।
একটিমাত্র প্রহসন রচয়িতা বলে হয়তো আবদুল মান্নান সৈয়দ আধুনিক প্রহসনের কোনো ধারা সৃষ্টি করতে পারেননি। আবার নিজেও প্রহসন-মাধ্যমের কোনো স্বতন্ত্র জগতের স্রষ্টাও নন। কিন্তু তাঁর নাট্যপ্রতিভাও যে বিচিত্রতল সে পরিচয় আমরা অন্তত তাঁর রচিত এই একটি মাত্র প্রহসন থেকেও পাই!
১৭.
আবদুল মান্নান সৈয়দের অগ্রজ নাট্যকার আবদুল হক নাটককে দেখেছিলেন সাহিত্য হিসেবে। মঞ্চরূপের কল্পনা নাটকের আঙ্গিক হতে পারে, কিন্তু তা যদি সাহিত্যের শর্ত পূরণ না করে তাহলে নাটক পাঠ্য হিসেবে রিক্ত সামগ্রী। আবদুল মান্নান সৈয়দ কোথাও এ কথা স্পষ্টভাবে উল্লেখ না করলেও নাটক রচনায় তাঁর লক্ষ্যও সাহিত্য সৃষ্টি। আবদুল মান্নান সৈয়দের নাটকের পটভূমি মূলত কবির বা সাহিত্যিকের জীবন। প্রতিটি নাটকে তাঁর কবিমানস, শিল্পীসত্তা, মানবতাবোধ ও আধুনিক চেতনার প্রতিফলন রয়েছে। নাটকগুলো আকারে ছোট হলেও ভাবগাম্ভীর্যে, শৈল্পিক-ঐশ্বর্যে ভরপুর।
লক্ষ্যণীয়, পরিপ্রেক্ষিত ভিন্ন ভিন্ন হলেও আবদুল মান্নান সৈয়দের নাটকের কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে কবি চরিত্র বার বার এসেছে। সবগুলো নাটক পড়তে পড়তে মনে হয়েছে একজন সৃষ্টিশীল সাহিত্যিক হিসেবে নিজে যেভাবে জীবনবাস্তবতার সঙ্গে যুঝে যুঝে এগিয়েছেন তেমনি ভাবে তাঁর চরিত্রগুলোও! অর্থাৎ সাহিত্যিকের জীবনবাস্তবতার বিন্দুতে দাঁড়িয়ে তিনি জীবনসামগ্র্যকেই পর্যবেক্ষণ করেছেন। অন্যদিকে থিয়েটারীয় অনুশীলিতরা হয়তো বাংলাদেশে তাঁর নাটকগুলোকে মঞ্চায়নের কথা ভাববেন না। তাঁদের হয়তো বলতে হবে তাঁর নাটকগুলো যতটা না মঞ্চায়নতৃষ্ণ, তার চেয়ে অধিক পঠন-উপযোগী এবং সাহিত্যগুণে সমৃদ্ধ। নাট্যসংলাপ, বিষয়বস্তুর অন্তঃশীল নাটকীয়তা ও যথাযথ হিউমার সৃষ্টিতে আবদুল মান্নান সৈয়দ যে সৃষ্টিশীল রূপকার তা অনুসন্ধানে আমাদের আরো কৌতূহলী হবার অবকাশ রয়েছে। সেজন্যই আবদুল মান্নান সৈয়দের নাটক নিয়ে গভীরতর পাঠ ও পর্যালোচনা দরকার।
[প্রবন্ধে উদ্ধৃত বিভিন্ন নাটকের সংলাপগুলো আবদুল মান্নান সৈয়দের 'নাট্যসমগ্র' (২০০৯) থেকে নেয়া হয়েছে]
