২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুষ্কর দাশগুপ্ত: নিঃসঙ্গ নাবিকের প্রস্থান

যে-বুদ্ধদেব বসুকে তার সাহিত্যিক আদর্শের জন্য ভিন্ন শিবিরের বলে মনে করতেন, পুষ্কর দাশগুপ্তের ভূমিকা ও টীকাটিপ্ননী সংযোজনের মধ্যে ছিল তারই নিষ্ঠার প্রতিধ্বনি। অনুবাদ যে নিছক ভাষিক বিলাসিতা বা উদ্দেশ্যহীন চর্চা মাত্র নয়, তা পুষ্কর দাশগুপ্তের ভলতেয়ার অনুবাদে আমরা পূর্ণমাত্রায় দেখতে পাই।

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

Published : 01 Sep 2023, 01:07 AM

Updated : 01 Sep 2023, 10:45 AM

ফরাসি সাহিত্য ও সংস্কৃতির একনিষ্ঠ চর্চাকারী ও অনুবাদক পুস্কর দাশগুপ্ত গত পরশু(২৯ আগস্ট ২০২৩) আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এক অর্থে জীবদ্দশায়ই তিনি বহুদিন থেকেই তিনি অন্তরালে ছিলেন। অথচ এক সময় অন্তরাল নয়, ছিলেন প্রকাশ্য ও মুখর। ষাটের দশকে শ্রুতি নামক সাহিত্য আন্দোলন এবং ‘এই দশক’ নামের সাহিত্য পত্রিকার মাধ্যমে যে-সাহিত্যিক গোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল, তিনি ছিলেন তাদের তাত্ত্বিক নেতৃত্বে। ভিন্ন ধারার গল্পকার রমানাথ রায় ছিলেন সেই সময় তার অন্যতম সারথী। তাদের সেই সময়কার কর্মকাণ্ড সারস্বত-পরিমণ্ডলে কেবল কৌতূহলেরই জন্ম দেয়নি, তারা সত্যিকার অর্থেই সাহিত্যে রুচি বদলের প্রতিভূ হয়ে উঠেছিলেন। এই রুচিবদল প্রসঙ্গে বহু বছর পর, এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন: “বাংলা কবিতা ইংরেজি আর রাবীন্দ্রিক রোমান্টিকতার সীমা আজও পেরোতে পারে নি, শ্রুতি ছিল ওই সীমা পার হওয়ার একটা প্রয়াস।” এই প্রয়াসের অংশ হিসেবেই ইংরেজি ও রবীন্দ্রশাসিত বাংলা সাহিত্যকে মুক্তি দিতে চেয়েছিলেন ফরাসি আলো হাওয়া বইয়ে দেয়ার মাধ্যমে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে হালের শ্রীজাত, সুবোধ পর্যন্ত বাংলা কবিতার যে গড়ন ও বৈশিষ্ট্য দাঁড়িয়ে গেছে এবং এর পেছনে বুদ্ধদেব বসুর যে-প্ররোচনা ইন্ধন যুগিয়েছিলেন, তিনি ছিলেন তার--একমাত্র না হলেও-- স্পষ্ট এবং প্রকাশ্য সমালোচক। রোমান্টিকতার ক্ষেত্রে বুদ্ধদেব বসুর নিরালম্ব ও খণ্ডিত চর্চার কুফল সম্পর্কে স্পষ্টবাক পুস্কর ওই একই সাক্ষাৎকারে এও বলেছিলেন: “সুবোধ সরকার আনন্দবাজারে লিখেছিলেন, কবিতা হাতে নিলে হাত পুড়ে যায়। কবিতা যে তেলেভাজা নয় একথাটা বলা দরকার। বুদ্ধদেব বোদলের-এর কবিতা বইয়ের ভূমিকায় পঁয়ষট্টিবার রোমান্টিক ও তার সঙ্গে সম্পর্কিত শব্দ ব্যবহার করেছেন। কবি কবি ভাব না হলে বাংলা ভাষার কবি হওয়া কঠিন। তরুণরা কেউ প্রবন্ধ লেখে না কেন।”

এটা সত্যি যে পুষ্কর দাশগুপ্ত’র এই সমালোচনা সত্ত্বেও বাংলা কবিতার উল্লেখযোগ্য কোনো রুচিবদল ঘটেনি। কিন্তু বদলে যাওয়ার প্রয়োজনটা তিনি ঠিকই অনুভব করেছিলেন এবং এর জন্য লড়াই করেছিলেন। তার এই লড়াইয়ের অনন্য হাতিয়ার হয়ে উঠেছিল ফরাসি সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ অনুবাদ এবং ফরাসি সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আমৃত্যু চর্চা। এই জায়গাটিতে তিনি নিঃসঙ্গ ছিলেন না বটে, তবে সমসাময়িককালে তার মতো এতটা নিষ্ঠা আর গভীরতায় খুব কম লেখকই নিবেদিত ছিলেন।

বাংলা ভাষায় ফরাসি সাহিত্য সংস্কৃতির চর্চার যে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে তা পুষ্কর দাশগুপ্ত দেখিয়ে না দিলে আমাদের মতো সাধারণ পাঠকদের পক্ষে জানা খুব অসম্ভবই ছিল প্রায়। ইংরেজির পর ফরাসিই সম্ভবত সেই দ্বিতীয় ইউরোপিয় ভাষা যেখান থেকে বাংলায় কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ অনূদিত হয়েছে। তার অনূদিত ভলতের: জাদিগ ও অন্যান্য উপাখ্যান গ্রন্থের মুখবন্ধে বাঙালির ফরাসি-চর্চার হদিস দিতে গিয়ে আমাদেরকে জানাচ্ছেন: “ ১৭৮৪ সালে ‘ক্যালকাটা গেজেট’-এ বিলেত থেকে আসা বইয়ের বিজ্ঞাপনে ভলতের-এর রচনাবলীর নাম দেখা যায়। রামমোহন ভলতের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পাঠ্য-তালিকায় ভলতের-এর রচনা অন্তর্ভুক্ত ছিল। ‘ইয়ং বেঙ্গল’-এর চিন্তা ভলতের-এর রচনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। বঙ্কিম এবং তাঁর সমসাময়িকদের কাছে ভলতের সুপরিচিত ছিলেন। তবে উনিশ শতকের বাঙালীর ভলতের-চর্চার মাধ্যম ছিল ইংরেজি এবং সে যুগের প্রধান আকর্ষণ ছিল ভলতের-এর দার্শনিক রচনা। আমাদের জ্ঞানে, ভলতের রচিত কাহিনী সম্পর্কে বিশেষ মনোযোগের প্রথম স্বাক্ষর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ফরাসি থেকে অনূদিত ‘বাবাবেক ও সাধু-সন্যাসীর দল’( Bababec et Les Fakirs: `ভারতী’, কার্তিক, ১৩৩০)। এর অনেককাল বাদে ভলতের-এর বিখ্যাত উপন্যাস ‘কাঁদিদ’-এর অশোক গুহ কৃত অনুবাদ প্রকাশিত হয় (১৯৫৫)। পরবর্তীকালে প্রকাশিত এই উপন্যাসের আরো কয়েকটি অনুবাদের মাধ্যমে সবচেয়ে উল্লেখযোগ্য হল সরাসরি ফরাসি থেকে অরুণ মিত্রের অনবদ্য তর্জমা (১৯৭০)। ১৯৮২ সালে সুনীলকুমার ঘোষ অনূদিত ‘ভলতের-এর পাঁচটি উপন্যাস’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশিত হয়।” বাংলা ভাষায় ভলতেয়ার যে এত আগে থেকে বাঙালির মনোযোগ ও চর্চার অংশ হয়ে উঠেছিল তা আমাদের কাছে আশ্চর্যের হলেও, দুঃখজনকভাবেই সত্যি যে ভলতেয়ার নিয়ে ব্যাপকভাবে চর্চা পরবর্তী লেখকদের মধ্যে আর সেভাবে দেখা যায়নি। অরুণ মিত্রের পরে সম্ভবত পুষ্কর দাশগুপ্তই একমাত্র লেখক-অনুবাদক যিনি এককভাবে ভলতেয়ারের বহু লেখা অনুবাদ তো করেছেনই, এমনকি ভলতেয়ার নিয়ে লিখেছেনও প্রচুর। ভলতেয়ারের ছোটবড় ছয়টি উপন্যাসিকা( ‘জাদিগ’, ‘বিশ্বসংসার যেমন চলছে’, ‘মেমনোঁ’, ‘মিক্রোমেগাস’ ‘ আমাবেদের পত্র ইত্যাদি’, এবং ‘সাদা আর কালো’) অনুবাদের পাশাপাশি ‘ভলতের ও ভারত’ নামে লিখেছেন পাণ্ডিত্যপূর্ণ একটি গবেষণাগ্রন্থ। এছাড়া, যখনই ভলতেয়ারের যে-কোনো বই অনুবাদ করেছেন তাতে থাকতো দীর্ঘ ভূমিকা এবং প্রচুর টীপাটিপ্পনী। অর্থাৎ তিনি নিছক অনুবাদই ছিলেন না, সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে অনূদিত রচনাটির সত্যিকারের তাৎপর্য তুলে ধরে পরিশ্রমী মৌমাছির মতো নানা উৎস থেকে তথ্য জড়ো করে পাঠকের জ্ঞানের বিস্তার ঘটাতেন। যে-বুদ্ধদেব বসুকে তার সাহিত্যিক আদর্শের জন্য ভিন্ন শিবিরের বলে মনে করতেন, পুষ্কর দাশগুপ্তের ভূমিকা ও টীকাটিপ্ননী সংযোজনের মধ্যে ছিল তারই নিষ্ঠার প্রতিধ্বনি। অনুবাদ যে নিছক ভাষিক বিলাসিতা বা উদ্দেশ্যহীন চর্চা মাত্র নয়, তা পুস্কর দাশগুপ্তের ভলতেয়ার অনুবাদে আমরা পূর্ণমাত্রায় দেখতে পাই।

শুধু ভলতেয়ারেই নয়, তার অন্যান্য অনুবাদের ক্ষেত্রেও তাই ঘটেছে। ১৯৮৪ সালে যখন বিশ শতকের ফরাসি কবিতা: আটজন কবি বইটি বেরুলো সেখানেও ফরাসি আধুনিক কবিতার উন্মেষ ও বিবর্তন সম্পর্কে তার পাণ্ডিত্যপূর্ণ দীর্ঘ ভূমিকা তো ছিলই, বইয়ের শেষের দিকে যুক্তি করেছিলেন প্রত্যেক কবি সম্পর্কে দীর্ঘ পরিচিতিও। গিয়োম আপলিনের কবিতা শীর্ষক বইটিও তার আরেক অবিস্মরণীয় অনুবাদ-কৃতি। ভূমিকা, টীকাটিপ্পনী ও অনুবাদসমেত এটি কবিতার পাঠকদের কাছে এখনও বিস্ময়জাগানিয়া একটি গ্রন্থ। অর্থাৎ, অনুবাদ ও সম্পাদনা যে এক দায়িত্বশীল ও পরিশ্রমী কাজ এটা তিনি তার পাঠকদেরকে সবসময়ই মনে করিয়ে দেন। কবিতার অনুবাদ ও আরো দুটি প্রবন্ধ নামে ২০০১ সালে যে বইটি বেরিয়েছিল তাতে ছিল মোট তিনটি প্রবন্ধ: ‘কবিতার অনুবাদ,’ ‘মধুসূদনের ফরাসি-চর্চা,’ এবং ‘সাহিত্য-অনুবাদক অরুণ মিত্র’। তিনটি প্রবন্ধই আলোচনা, বিশ্লেষণ, সমান্তরাল পাঠ, পুঙ্খানুপুঙ্খ ব্যাবচ্ছেদকলা পাঠককে বিরাট এক পাঠ-পরিসরের অভিযাত্রী করে তোলে। তার বিশ্লেষণ-ক্ষমতার এক চূড়ান্ত নজির হচ্ছে এই বইটি।

কিন্তু শ্রুতি আন্দোলনের কেন্দ্রীয় এক ব্যক্তিত্ব কেবল ফরাসি ভাষা ও জ্ঞানভাণ্ডারেরই অনুরাগী ছিলেন না, আগ্রহ ও কৌতূহল ছড়িয়ে ছিল স্প্যানিশ ও গ্রীক সাহিত্যের প্রতিও। সম্ভত স্প্যানিশ তিনি জানতেন, হিমেনেসের বহু কবিতা তিনি অনুবাদ করেছেন। ইংরেজি তো জানতেনই। কিন্তু আশ্চর্য হয়েছি গ্রীক ভাষায় তার দলখের কথা শুনে। তার গ্রীক স্ত্রী কালিয়োপি ব্লেৎসার সাথে যৌথভাবে কনস্তান্তিস কাভাফি: কবিতা একটি বইয়ের কথা যখন শুনলাম, তখন কৌতূহল ও আগ্রহ নিয়ে বহু খোঁজখবর নেয়ার পরও বইটি পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশে, সম্ভবত কোলকাতাতেও বইটি খুঁজে না পেয়ে হঠাৎ একদিন ২০১৬ সালে ফেসবুকে তাকে ম্যাসেজ পাঠালাম বইটি সম্পর্কে তথ্য জানার জন্য। তিনি কিছুক্ষণ পরেই সাড়া দিলেন। জানতে চেয়েছিলাম কাভাফির কবিতার বইটি কবে এবং কোন প্রকাশনী থেকে বেরিয়েছিল। তিনি জানালেন ১৯৯৭ সালে রক্তকরবী প্রকাশনী থেকে বইটি বেরিয়েছিল। বইটি এখন আর নেই জানিয়ে আমাকে মেইল এড্রেস পাঠাতে বললেন। আমি সঙ্গে তাকে আমার মেইল এড্রেস পাঠালাম। কিছুক্ষণ পরেই এক মেইলে বইটির পিডিএফ এসে হাজির। একই মেইলে তিনি তার আরও ‍দুটি বই, আপলিনের ও ফরাসি কবিদের বইটিও পাঠালেন। এরপর, বেশ অনেক বছর পর, কৌতূহল থেকেই ম্যাসেঞ্জারে কয়েকবার কল দিয়েও তার কোনো সাড়া পাইনি। শুনেছিলাম তিনি স্থায়ীভাবে গ্রীসে আছেন। এবং শারীরিকভাবে খুব একটা সুস্থ্য অবস্থায়ও নেই। গতকাল সেই অসুস্থতার পরিসমাপ্তি ঘটলো দেশ থেকে দূর দেশে মৃত্যুর মাধ্যমে।

ষাটের দশকের সাহিত্যিক আন্দোলনের সময় তিনি যতটা মুখর ও প্রকাশ্য ছিলেন, তা ধীরে ধীরে এতটাই কমে গিয়েছিল যে প্রকাশ, প্রচার ও প্রতিষ্ঠার কোন প্রলোভনেই তাকে আর দেখা যায়নি। কেবল ভৌগোলিকভাবেই তিনি দূরবর্তী ছিলেন না, গোটা সাহিত্যিক পরিমণ্ডল থেকেই তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কোনো অভিমান, বিতৃষ্ণা কিংবা বীতরাগ কি তৈরি হয়েছিল কোলকাতার সাংস্কৃতিক প্রতিনিধিদের প্রতি? তার সেই সাক্ষাতকারের মধ্যেই কি ওইসব প্রতিনিধিদের প্রতি একটা উষ্মা প্রকাশিত হয়নি? তাদের কাছ থেকে দূরে থাকার জন্যই কি প্রবাসের একাকীত্বকে বেছে নিয়েছিলেন সাহিত্যের নিঃসঙ্গ নাবিক পুষ্কর দাশগুপ্ত? কোলকাতার মুলধারার পত্রপত্রিকা বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো তার প্রতি খুব যে আগ্রহ দেখিয়েছে বা কদর করেছে এমন নজির খুক একটা নেই। গুরুত্বপূর্ণ সব সাহিত্যকীর্তির জন্য তিনি কোনো স্বীকৃতি বা পুরস্কার পেয়েছেন বলেও শুনিনি। কোলকাতার কোনো প্রতিষ্ঠিত পত্রিকা, এমনকি লিটল ম্যাগাজিনও কি তার প্রতি কোনো আগ্রহ দেখিয়েছিল? উভয় বঙ্গ থেকে কত না পত্রপত্রিকা বের হচ্ছে, এদের কোন পত্রিকাই কি তাকে নিয়ে কোনো সংখ্যা করেছে কখনো? অথচ এই কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অতুলনীয় নিষ্ঠায় অন্য জাতি ও সংস্কৃতির সঙ্গে আমাদের মধ্যে পাঠের যে-বন্ধন গড়ে দিয়ে গেলেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বরূপ কী করেছি? এই দেশে এবং ওই দেশেও ফরাসি ভাষা তো অনেকেই জানেন, কিন্তু, এক চিন্ময় গুহ ছাড়া, কজন তার মতো এই গভীর অভিনিবেশ ও মননের বিস্তার নিয়ে আমাদেরকে বিশ্বমনীষার দরবারে প্রবেশের ছাড়পত্র জোগার করে দিয়েছেন? অনুবাদ যে নিছক অনুবাদ মাত্র নয়, প্রবন্ধ রচনা যে কেবলই কথার পিঠে কথার নিরুদ্দেশ নির্মাণ নয়, তা যে রুচি, মনন ও মুক্তির বোধ নিয়ে এক শিল্পিত জীবনের আয়োজন ও যাপন--এই সত্যেরই এক নিভৃত ও নিঃসঙ্গ প্রবক্তা ছিলেন পুষ্কর দাশগুপ্ত। তাকে আমার প্রণতি জানাই।