২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে-দিন মৃত্যু হয়েছিলো তার

মুনযির মুনযির মুনযির মুনযির

Published : 11 Oct 2020, 12:33 PM

Updated : 05 Apr 2024, 09:25 PM


চিত্রকর্ম: কাজী রকিব

যে-দিন মৃত্যু হয়েছিলো তার

যে-দিন মৃত্যু হয়েছিলো তার,
হৃদস্পন্দন খুবই স্বাভাবিক, বুকে হাত রেখে বলেছিলো সেটা বার বার।
জীবনের স্বস্ত্যয়ন ক'রতে কোনও ভগবান আসে নি, এগিয়ে এসেছিলো খোদ শয়তান—
দু'হাতে অপার্থিব লণ্ঠন, কণ্ঠে জাতিঙ্গার প্রবচন : স্বেচ্ছামৃত্যু নাকি অনিচ্ছাকৃত জীবনের একমাত্র সমাধান!

যে-দিন মৃত্যু হয়েছিলো তার,
রিখটার স্কেলে আট মাত্রার কম্পনে চৌচির হয়েছিলো ভূমি।
বেলেল্লাদের বাড়িগুলো টলমলায়মান, তবু দাঁড়িয়ে ছিলো—কী আশ্চর্য!
পাতালে হারিয়ে গিয়েছিলো শুধু তুচ্ছ সকল মৃত্যুর তুচ্ছতর সকল ইশতেহার।

যে-দিন মৃত্যু হয়েছিলো তার,
সে-দিন চুল ও আঙুলের ভালোবাসায় জন্ম নেওয়া স্নিগ্ধ বিদ্যুতের মতো
সুখ হয়েছিলো মুহুর্মুহু প্রবর্তিত, আর
বেচারি দুঃখ হয়েছিলো সরকারি নিবর্তনের শিকার!

যে-দিন মৃত্যু হয়েছিলো তার,
ভোরের রক্তস্রাব হয়েছিলো গোধূলির চাইতেও বেশি।
আত্মরতিতে মুখ ঘষবার সে-অন্ধকার যে কখন চ'লে গেছে কেউ টের পায় নি,
আলগোছে ফেলে গেছে জনৈক লাশ, একটি কী উন্মোচিত অভিলাষ।

যে-দিন মৃত্যু হয়েছিলো তার,
সে-দিন পুরনো পলেস্তারার দেয়ালে তার ফুটেছিলো গহনতম লিপি—
'মানুষ শ্রেষ্ঠ জীব কারণ সে বেঁচে থাকে নিত্য মর্ত্যুকাম।
মানুষ শ্রেষ্ঠ জীব কারণ জিজীবিষাও তার অপর নাম।'

পেঁয়াজের খোসা, হিবাকুশা

পেঁয়াজের খোসা মেঝেতে হাঁটছে গর্ভবতী তেলাপোকার মতো—
প্রাচীন, প্রাজ্ঞ, সে কী বলিষ্ঠ! অপত্যস্নেহে কী অতুলনীয়!
পেঁয়াজের খোসা মেঝেতে হাঁটছে, পেছন ফিরে সে চাইছে না যেন
তৃতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির নিষ্ঠুর সেনাপতি!
আমার দু'চোখে সরোবর, আর দুই হাতে দু'টি শ্বেত পদ্ম—
দেখছি তারই পাপড়ি হাঁটছে মেঝেময়, ফুরফুরে হাওয়ায়
সে হাঁটছে, একবারও সে চায় নি ফিরেও কিংবা দ্যাখে নি আমার
দাঁতে চেপে রাখা গোপন ছুরিটি!
ভালোবাসার এ পদ্ম আমরা বধ করি প্রতিদিন, কুচিকুচি
ক'রে রান্নায় মেশাই কান্না চেপে কষ্টের!
পদ্মপাপড়ি হেঁটে চলে আমাদের হাত গ'লে
তাকে কেউ কেউ হিবাকুশা বলে!


যে-সংলাপ ভালোবাসাকে বাঁচিয়ে দিয়েছিলো

তখন সবে এক-দুইটি কাক আমাকে দেখছে অবাক
হয়ে যখন তুমি বললে, 'তুমি নাকি ঠিক প্লেটোর মতো ভালোবাসো আমায়!'
আমি বললাম না যে, সে প্লেটোকে ভুল বুঝলো—আমাকেও!
ভালোবাসার সিঁড়ি বিদেহ, তবে সেটি দেহ বেয়েই উঠে দিগন্তে হারায়।

তখন কোথাকার মানবীয় গলার পাখিটি নির্বাক হয়ে গেলো যখন
তুমি বললে, 'মানসিক রোগকে কেউ ভালোবাসা বলে না!'
আমি বললাম না যে, মনে পড়ছে না প্রেম আগে এসেছে,
নাকি কথিত উন্মাদনা। বলো, কা কস্য পরিবেদনা!

ভোরের চাঁদ হয়ে তখনও বেঁচে আছে এ-চেতনা, যখন
তুমি বললে, 'আমি ভালোবাসাহীন পৃথিবী দেখতে চাই!'
আমি মুমূর্ষু নিরুপায় হয়ে দেখি
ঘুমন্ত চোখের পাতার মতো থিত্থির করতে করতে স্থির বললাম—

'আস্থা হারিয়ো না ভালোবাসায়, প্রিয়,
বরং আমার থেকেই তুমি আস্থা ঠিক উঠিয়ে নিও!'