মোহাম্মদ নাসেরের চলে যাওয়া
এ যেন বিনা মেঘে বজ্রাঘাত। সকালের কুয়াশা কেটে রোদ ফুটতে শুরু করেছে। গতানুগতিক নানা বিষয় ছড়িয়ে-ছিটিয়ে মনে জাগছে। আবার একই রকমভাবে মিলিয়ে যাচ্ছে। তেমন কোনো বাড়তি উদ্বেগ নেই। যা আছে, তা বেঁচে থাকার খেসারত। এমন সময় ফোন বেজে উঠলো। এটাও অস্বাভাবিক কিছু নয়। মাঝে-সাঝে বাজে। কোনো কিছু না ভেবেই ফোন ধরি। আর তখনই উল্টো দিক থেকে দুঃসংবাদ আছড়ে পড়ে। এক পরিচিত জন জানালেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসের আর নেই। মাত্র কিছুক্ষণ আগে তাঁর পরিসংখ্যান বিভাগে নিজের ঘরটিতেই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি করে এ্যাম্বুলেন্স ডেকে মেডিক্যাল-কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে সব শেষ। চিকিৎসায় সান্তনার চেষ্টাটুকুরও তর সইলো না। সেদিন বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি। তখন বেলা প্রায় এগারোটা।
আকস্মিক এই খবর পেয়ে আমি একরকম হতবাক। কী করবো, কিছুই ভেবে পাই না। নাসের বয়সে আমার চেয়ে কত ছোট, যাঁর দিকে আমরা তাকিয়ে থাকি ছেলেমেয়েদের সামনে চলার পথ দেখাবে বলে― সে-ই এমন কথা নেই, বার্তা নেই, কাউকে কোনো প্রস্তুতির সুযোগ না দিয়ে দুম করে চলে গেল! নাজনিনের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। নাসেরের স্ত্রী। একই রকম সাধাসিধে। সমাজবিজ্ঞানের ছাত্রী ছিল। ডক্টরেট। তবু কোনো জাঁক নেই। তাঁর সামনে গিয়ে কী করে দাঁড়াবো? সত্যি সত্যি 'নত হয় মন'। তাঁদের এক মেয়ে, নমি, সেও তো ঢাকায়। কুয়েটে পড়তো, এখন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। বড় দিশেহারা লাগে।
তবু যাই। যেতে হয়। দেখি হাসান আজিজুল হক আগেই এসেছেন। অধ্যাপক সৌভিক রেজা, স্বরোচিষ সরকার, তাপস মজুমদার― এঁরাও আছেন। আছেন প্রতিবেশীরাও। আমাকে দেখে নাজনিন ডুকরে ওঠে। আমি কিছু বলতে পারি না। শুধু ওর মাথাটা বুকের ওপর চেপে ধরে রাখি কিছুক্ষণ। আমরা জানতাম, নাসেরের হাঁপানির টান আছে। মাঝে মাঝে শ্বাসকষ্ট বাড়ে। এটাই তাঁকে বেশি জ্বালাতো। এ নিয়ে ও সজাগও ছিল। ওষুধপত্র নিয়মিত খেতো। কিন্তু পাশাপাশি রক্তচাপের সমস্যাও যে তুমুল হয়ে উঠছে, এদিকে তেমন গা করতো না। নাজনিন কাঁদতে কাঁদতে জানালো, রক্তচাপ বেড়ে ওপরেরটা প্রায়ই ১৬০/১৭০-এ উঠতো। এ নিয়েই যাবতীয় কাজকর্ম করে যেতো। কিছু বললে বলতো, পারছি তো! নাজনিনের আক্ষেপ, ও কেন তখন জবরদস্তি করেনি। শনি ঢোকে এই পথেই। হৃদরোগের মারণ ছোবল মুহূর্তে নাসেরকে ধরাশায়ী করে। নিস্তব্ধ, নির্বাক― সে আর ওঠে না।
ক্ষতি যা হয়ে গেল, তা আমাদের সবার। নৈর্ব্যক্তিকভাবে দেখার চেষ্টা করি। সেটাও কষ্টের। তবু। নাসেরের মতো মননপ্রতিভা আমাদের দেশে নিতান্তই দুর্লভ। বোধ হয়, যে কোনো দেশেই। তাঁর ডক্টরেট কিংবদন্তি-অধ্যাপক জামাল নজরুল ইসলামের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উচ্চতর অঙ্কশাস্ত্র ও পদার্থবিদ্যা গবেষণাকেন্দ্র থেকে। বিষয় নির্বাচনেই ধরা পড়ে মেধার কর্ষণায় তাঁর উচ্চাশার ছাপ। পরিসংখ্যানের তাত্ত্বিকভূমিতে তাঁর নজর। ফলে অঙ্কশাস্ত্রে মৌলিক ভাবনার দূরূহ কল্পনাকে সে মেলায় প্রায়োগিক পদ্ধতির নির্মাণে। বাইরে থেকে আমরা এর মহিমা কিছুই বুঝতে পারি না। তবে তাঁর অভিসন্দর্ভের একজন পরীক্ষক, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অঙ্কশাস্ত্রের ইউজিসি প্রফেসর, সুব্রত মজুমদারের সঙ্গে কথা বলে তার একটা আন্দাজ পাই। এ নিয়ে সে কখনো জাঁক করে বেড়ায়নি। তবে তাঁর বিভাগে প্রফেসর হয়ে সভাপতি থাকাকালে সেখানে গবেষণার সুস্থ ও উচ্চাভিলাষী এক বাতাবরণ সে গড়ে তুলেছে। আগে এই বিভাগ এদিকে একটু পিছিয়েই ছিল। কিন্তু নাসের একে সক্রিয়, সচল ও প্রাগ্রসর করে সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। গবেষণার মান বাড়ছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলেও তা স্বীকৃতি পাচ্ছে। তাঁর চর্চার বিষয়ে আমার কোনো অধিকার নেই। তবু এই কথাগুলো শুনে তখন মনে দারুণ উৎসাহ জাগে। আজ হঠাৎ দেখি, সে নেই। শূন্যতার পরিমাপ আমার সাধ্যের বাইরে।
বিদ্যাচর্চায় নাসের কখনো পক্ষপাতদুষ্ট হয়েছে বলে শুনিনি। তাঁর নিজের সামাজিক-রাজনৈতিক আদর্শ একটা ছিল। তা সে কখনো গোপন করেনি। প্রকাশ্যেই সে তার জায়গা চিনিয়ে দিয়েছে। কোনো লুকোচুরির আশ্রয় নেয়নি। যদিও তা ছিল 'আমি রব নিষ্ফলের হতাশের দলে'-র মতো। কিন্তু এই মতাদর্শ তাঁর বিদ্যা-শৃঙ্খলায় বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। সেখানে মেধাকেই সে কেবল বিবেচনায় রেখেছে। বিপরীত মতাদর্শের হলেও যদি কেউ শুদ্ধজ্ঞানের চর্চায় প্রতিশ্রুতির স্বাক্ষর রাখে, তবে সেই উঠতি-মেধাকে উৎসাহ জোগাতে সে কখনো কার্পণ্য করেনি। এতে আপনা থেকেই সে তাঁর চারপাশে একটা আস্থার পরিবেশ গড়ে তুলতে পারে। যদিও এ নিয়ে কোনো বড়াই তাঁর ছিলো না। কোনো অনুশোচনাও না। সহজে হাততালি পাবার প্রলোভন সে জয় করেছিল।
অবশ্য কোনো বিড়ম্বনায় যে তাঁকে পড়তে হয়নি, তা বোধহয় নয়। মতাদর্শ তাঁর অবশ্যই শ্রদ্ধেয়। অতীতে যাঁরা এ পথে এসেছেন, তাঁরা অনেকেই অনুসরণের যোগ্য―এমনকি প্রাতঃস্মরণীয়ও। কারো কারো ত্যাগের মহিমা কিংবদন্তিতুল্য। কিন্তু ওই পথের সাইনবোর্ড টাঙিয়ে এখন যাঁরা নেতৃত্বে সমাসীন, তাঁরা গণমানুষের মনে কোনো আস্থা জাগাতে পারেন বলে মনে হয় না। একালের এনজিও-সংস্কৃতির কুশলী আকর্ষণেই বুঝি তাঁরা ভেসে যান। অথবা শূন্যকুম্ভের বাজনা বেশি― এই আপ্তবাক্যটি জাহির করেন। নাসের তাঁদের সঙ্গী হলেও তাঁদের মতো হয় না। বরং অতীতের পূর্বসূরিদের অনুসরণ করে। ব্যক্তি হিসেবে সে তাই নিজের আন্তরিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে। এবং তা দলীয় অবস্থানের দায়িত্ব স্বীকার করেও। 'একা কুম্ভ রক্ষা করে নকল বুঁদির গড়'― নাসেরকে দেখে কখনো কখনো এমনও মনে হতো। অবশ্য ভরসার কিঞ্চিৎ অবশিষ্ট থাকতো, ও যে আছে। আজ এই ভরসার জায়গাটুকুও শূন্য হলো। বড় অসহায় লাগে। এবং তা সামষ্টিক। কেউ অভিযোগ করতে পারেন, আমি বাড়িয়ে বলছি। পরার্থপর সত্যিকার মানুষ আরো আছে। তা নইলে আমাদের পায়ের তলায় যেটুকু মাটি আছে সেটুকুও কি থাকতো? আকাশের সীমানা নাসের যতটা দেখতে পেরেছে, ততটা কি পারতো? আমি এ অভিযোগ মাথা পেতে নিই। শুধু বলি, নাসেরের আকস্মিক চিরবিদায়ের প্রেক্ষাপটে যতটুকু দেখি, তার ওপর দাঁড়িয়েই আমার কষ্টের কথাটুকু বলা। তাতে খাদ নেই।
নাসেরের বড় ভাই কবি মোহাম্মদ রফিকের আমি গুণগ্রাহী। এদেশের প্রধান কবিদের তিনি একজন। কবিতায় অনৃতভাষণ তিনি করেন না। অর্থাৎ তাঁর বোধের জগতে যা সত্য, তিনি কেবল তারই কবিতা-রূপ রচনা করেন। এখানে কোনো আপোষ তাঁর নেই। আর এক ভাই, ডক্টর মোহাম্মদ তারেক বাংলাদেশ সরকারের প্রথম সারির কর্মকর্তা। পরিচয় হয়েছে তাঁর সঙ্গেও। মোটমাট আট ভাইবোন-ই কৃতী। গ্রামে তাঁদের মা ছিলেন সন্তান-গৌরবে বিশিষ্টা। ছেলেমেয়েদের কাছেও তিনি ছিলেন সব কিছুর ওপরে, আরাধ্যা। বছরখানেক আগে পরিপূর্ণ বার্ধক্যে তাঁর জীবনাবসান ঘটে। তখন লেখা রফিকের শোকগাথাগুলো আমাদের হৃদয়েও আঘাত হানে। স্বল্পবাক নাসেরকে দেখেও মনে হয়েছে ওগুলো তাঁরও মনের কথা। মাতৃশোকের বেদনা তাঁর চোখে-মুখে ফুটে উঠতে দেখেছি। কিন্তু এখন মনে হচ্ছে, নিষ্ঠুর শোনালেও, ওই সময়ে প্রশান্তচিত্তে তিনি যে চলে যেতে পেরেছেন, সেইটিই বোধহয় তুলনায় ভালো হয়েছে। এত বড় পুত্রশোক তাঁকে সইতে হয়নি। নশ্বর জীবনের পাত্র তিনি পূর্ণই দেখে গেছেন।
এখন আমার চিন্তা নাজনিনকে নিয়ে। নাসের নেই। সে একা। কী করে থাকবে? কেমন করে সব সামলাবে? মনের শূন্যতা। এও অপূরণীয়। আমি কিছু আর ভাবতে পারছি না।
