২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শাহেদ সোহরাওয়ার্দীর লেখা: অক্সফোর্ডে রবীন্দ্রনাথ ঠাকুর

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 08 May 2014, 01:15 AM

Updated : 23 Jun 2022, 04:05 PM


শাহেদ সোহরাওয়ার্দীর লেখা 'Tagore at Oxford' নামে মূল প্রবন্ধটি The Calcutta Municipal Gazette-এর Tagore Memorial Special Supplement-এ ১৩ সেপ্টেম্বর ১৯৪১ সালে প্রকাশিত হয়। লেখাটি বিডিনিউজের পাঠকদের জন্য বাংলায় অনূদিত হলো। অনুবাদ করেছেন কবি বিনয় বর্মন।

১৯১৩ সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন, আমি তখন অক্সফোর্ডের ছাত্র। সে-সময় আমরা খুব বেশি সংখ্যক ভারতীয় ছিলাম না, কিন্তু আমাদের মধ্যে ছিলো একদল টগবগে তরুণ, যারা তীব্র দেশপ্রেম ও চরম জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এবং সকল প্রকার আধুনিক মতবাদের প্রতি অসহিষ্ণু। আধুনিক অক্সফোর্ডের দর্শন হিসেবে বৈজ্ঞানিক মার্ক্সবাদ আমাদের কাছে অপরিচিত ছিলো, যদিও আমরা নিজেদেরকে সমাজবাদী বলতাম। সমসাময়িক অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের মতো, আমরা সমাজবাদ বলতে বুঝতাম মাতৃভূমির প্রতি একপ্রকার উদার মরমী নিবেদন। ১৯১২ সালে আমাদের দলটি অক্সফোর্ড ইন্ডিয়ান ক্লাবের দায়িত্ব গ্রহণ করে। হরদয়াল কর্তৃক প্রতিষ্ঠিত এই ক্লাবটি ছিলো রবিবার বিকালে চা-বিস্কুট খাওয়ার জায়গা। দলটি দায়িত্ব নিয়ে একে অক্সফোর্ড মজলিশে পরিণত করে। এটি তখন অক্সফোর্ডে কেবল সকল বিপ্লবী বিতর্কের কেন্দ্রবিন্দুই হয়ে ওঠেনি, এটি এমন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হলো যার ওপর নির্ভর করতো অক্সফোর্ড ইউনিয়নের সভাপতি নির্বাচনের ফলাফল। এর কারণ আমাদের কঠিনভাবে ভোটাধিকার প্রয়োগের অভ্যাস। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে যতো বিখ্যাত বাগ্মী ছিলো তারা সবাই আমাদের সভায় আসতো। তারা ভারত সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করে আমাদের অনুমোদন ও সমর্থন চাইতো। আমরা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একটি শক্তিতে পরিণত হয়েছিলাম। অক্সফোর্ডে ভারতীয়রা তাদের অবস্থান সম্পর্কে খুব সচেতন ছিলো এবং রাস্তা দিয়ে হাঁটার সময় ইংরেজ ছাত্রদের সঙ্গে অপ্রীতিকর বাক্য বিনিময় করতো। এমনকি হাতাহাতি পর্যন্ত হতো। ইংরেজ ছাত্ররা ব্রিটিশবিরোধী স্লোগান শুনে ক্ষেপে গিয়ে ভারতীয়দেরকে নিজেদের দেশে ফিরে যেতে বলতো। আমাদের মধ্যে আত্মশ্লাঘা যে কতোটা বেড়ে গিয়েছিলো তা ভাবা যায় না। ঠিক এ সময়েই খবর ছড়িয়ে পড়ে যে সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কারটি এবার পেয়েছেন এমন একজন যিনি আমাদের লোক। সে সময়ের আনন্দ-উল্লাসের অনুভূতি বর্ণনা করা কঠিন। আমার এখনো স্পষ্ট মনে আছে, বাড়িওয়ালী যখন সকালের খবরের কাগজসহ নাস্তা নিয়ে আসলেন তখন তার চোখদুটো কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছিলো। সেই বিশেষ সংবাদটি পত্রিকায় এসেছে যা আমরা মল্লিকদার কাছে থেকে আগেই শুনেছি। লন্ডনে রবীন্দ্রনাথের সঙ্গে মল্লিকদার দেখা হয়েছিলো। প্রকাশ্যভাবে আমাদের মর্যাদার এই হঠাৎ উত্থানকে আমরা স্বতঃসিদ্ধ বলেই ধরে নিয়েছি। কতো শতাব্দী পর ভারত তার অতীত গৌরব ফিরে পেয়েছে এবং বিশ্বমানচিত্রে নিজেকে মর্যাদা সহকারে তুলে ধরেছে। এটা ভেবে বেশ ভালো লাগছে, যদিও একথা স্বীকার করতে হয়, ভারতের ইতিহাস বিষয়ে আমার পড়াশোনো একেবারেই কম। আমাদের অপমান করা হতো এই বলে যে ভারতীয়রা বৈদিক শ্লোক রচয়িতাদের নিকৃষ্ট বংশধর (ম্যাক্সমুলারের অনুবাদ অনুসারে), অথবা সাপুড়ে, অথবা দৈবতাত্ত্বিক, অথবা গঙ্গাতীরের সন্ত্রাসী।

আমি লজ্জিত যে আমার ত্রুটিপূর্ণভাবে বেড়ে ওঠার কারণে বাঙালির ভালো বিষয়গুলো সম্পর্কে আমি অজ্ঞ। কাজেই কিছুটা সন্দেহ নিয়ে গ্রামবাংলার ঘরে ঘরে রবীন্দ্রনাথের গানের জনপ্রিয়তার ব্যাপারটি শুনেছি। তাকে অনুবাদের মাধ্যমে যারা জেনেছে তাদের মতো আমার কাছেও তার কবিতার ইংরেজি অনুবাদ শুধু নতুনত্বে ভরাই মনে হয়নি, উচ্চ সাহিত্যগুণসম্পন্ন বলেও মনে হয়েছে। আমাকে স্বীকার করতে হবে যে তার কবিতার সীমাহীন প্রশংসা রথেনস্টাইন, স্টার্জ মুর এবং বিশেষত ইয়েটসের (যার নাম যাদুটোনা চর্চার জন্য সুবিদিত) সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের জন্য হয়নি, হয়েছে সাহিত্যগুণের জন্য। শান্তিনিকেতন সম্পর্কে আমি একটু বেশি জানতাম। সে-বছর অক্সফোর্ডে সম্মোহনী ক্ষমতাসম্পন্ন গোলগাল গড়নের এক তরুণের আগমন ঘটে যে ওখানে বড় হয়েছে। সে আমাদেরকে শান্তিনিকেতন সম্পর্কে বর্ণিল বর্ণনা দিয়েছে। তার নাম অপূর্ব চন্দ। শান্তিনিকেতনের পাট চুকিয়ে সে বেনারসের সেন্ট্রাল হিন্দু কলেজে গিয়েছে এবং তার সঙ্গে সেখানকার অনেক তরুণ নিয়ে অক্সফোর্ডে এসেছে। তারা সবাই ছিলো নিরামিষভোজী, ধর্মপ্রাণ, লম্বাচুলো এবং কোমলভাষী। বন্ধের সময়ে ক্যামব্রিজ থেকে একই ধরনের তরুণদের আগমনের কারণে তাদের সংখ্যা বেড়ে যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলো শ্রীপ্রকাশ, যার সঙ্গে অবশ্য আমার পরে পরিচয় হয়েছে। তারা নাকি সকাল বেলা উঠে গাছের নিচে জড়ো হয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করে। তাদের সম্পর্কে সব কথা আমি বিশ্বাস করিনি। আমি জানতাম তারা ওয়েলিংটন স্কয়ারে একটি বাড়িতে থাকে। তাদের রেলিংঘেরা চত্বরে একটি গাছ আছে বলেও শুনেছি। সেই অযাচিত দায়িত্বহীনতা, যা ছিলো অক্সফোর্ড আন্ডারগ্রাজুয়েটের সবচেয়ে বিরক্তিকর ও মজার গুণ, সত্ত্বেও আমি এই গালগল্প ছড়াতে সাহায্য করলাম। অপূর্বর একটি প্রীতিকর অভ্যাস ছিলো। সে মাঝে মাঝে রবীন্দ্রনাথের গানের দু'একটি কলি আওড়াতো। সেগুলোর মধ্যে আমরা আমাদের জ্বলজ্বলে কল্পনার কল্যাণে এমন সৌন্দর্য খুঁজে পেতাম যা ভূমিতে কিংবা সাগরে কোথাও ছিলো না। অপূর্বর গান গাওয়া আমাদের আপ্লুত করতো। আমাদের উৎসাহ ছাড়া আর কোনো যোগ্যতা নেই। এরকম উৎসাহ নিয়ে অবশ্য ফিলিপ হেসেলটাইন নামে এক ছাত্র পরবর্তীকালে ইংরেজি সঙ্গীতে বেশ নাম করেছিলো এবং নতুন নাম নিয়েছিলো পিটার ওয়ারলক।

যে সকল বিখ্যাত ভারতীয় রাজনীতিক ইংলন্ড-এ যেতেন, অক্সফোর্ড মজলিশ তাদেরকে আমন্ত্রণ জানাতো। ভারত সম্পর্কে আগ্রহী অনেক ইংরেজ পণ্ডিতকেও আমন্ত্রণ জানানো হতো। আমাদের একটি প্রিয় খেলা ছিলো সুপরিচিত ভারতীয় রাজনৈতিক নেতাদের তোষামোদ ও আপ্যায়ন করা। কিন্তু আমাদের সভায় উপস্থিত হলে তিনি মজা টের পেতেন। তাকে কথার মাধ্যমে জীবন্ত ছিলে ফেলা হতো। আমরা প্রমাণ করে ছাড়তাম তিনি একটা মূল্যহীন কীট। তাকে খোঁচা দিয়ে বলা হতো তিনি মেকি জাতীয়তাবাদী এবং সারাজীবন ব্রিটিশ সাম্রাজ্য তথা ইংরেজদের বুটজুতা চাটা ছাড়া আর কিছুই করেননি। সেই দিনগুলোতে সবকিছুর ওপরে আমরা যে জিনিসটিকে ঘৃণা করতাম, তা হলো অভিজ্ঞতা। আমাদের দুর্নাম ছিলো এবং স্বাভাবিকভাবে ইংলন্ড-এ ভারতীয় লোকজন আমাদেরকে অপছন্দ করতো। তথাপি গণ্যমান্য লোকজন আসতেন। কেউ কেউ আসতেন দাওয়াত প্রত্যাখ্যান করলে আমরা আবার চটে না যাই সেই ভয়ে। ক্ষেপাটে উক্তি করার দায়িত্ব ছিলো আমার ওপর, কারণ লোকজনকে অপমানের অসাধারণ ক্ষমতা ছিলো আমার। সম্মানের ভণিতা করে আমি তাদের মধ্যে আমাদের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতাম। এমন ভাব দেখাতাম যে মনে হতো আমরা তাদের নিকট থেকে শেখার জন্য তৃষ্ণার্ত হয়ে আছি, যদিও জানতাম আমাদের আসরে আসলে তার ভাগ্যে কী আছে। আমি বিশিষ্ট ভারতীয়দের এক লম্বা তালিকা দিতে পারি যাদেরকে আমি অক্সফোর্ডে এনেছিলাম। একমাত্র একজন ব্যক্তি আমাদের পোষ মানিয়ে ফেলছিলেন। তিনি হলেন সরোজিনী নাইডু। আরেকজন একগুঁয়ে ছিলেন – জিন্নাহ। এমনকি সে-সময়েও তিনি ছিলেন এক কঠিন লোক। কাজেই সঙ্গত কারণে আমাদের মনে হচ্ছিলো কবি হয়তো আমাদের আমন্ত্রণ গ্রহণ করবেন না। আমাকে অনুরোধ করা হলো আমি যেনো লন্ডনে গিয়ে তাকে বুঝিয়ে আসি যে আমাদের মজলিশটি আসলে একদল গৃহপালিত শিঙেল হরিণের সমাহার মাত্র। এখানে ভয়ের কিছু নেই। আমি আমার বক্তব্য তৈরি করছিলাম এবং নিকট বন্ধুদেরকে তা পড়ে শুনাচ্ছিলাম। দুটি বিষয় আমার কাজকে সহজ করে দিয়েছিলো। প্রথমত, আমরা শুনেছি যে কবি ইতোমধ্যে একটি বক্তৃতা দেওয়ার জন্য ম্যানচেস্টার কলেজ কর্তৃক আমন্ত্রিত হয়েছেন এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। কাজেই আমার কাজ হলো তাকে অনুরোধ করা যাতে তিনি এখানে আসলে আমাদের জন্যও কিছুটা সময় বরাদ্ধ রাখেন। দ্বিতীয়ত, কবির পুত্র ও পুত্রবধূ অক্সফোর্ডে আসছেন এবং মল্লিকদা তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য আমাদের কয়েকজনকে মধ্যাহ্নভোজে দাওয়াত করেছেন।

মল্লিকদা ভারতীয় ছাত্রসমাজে শুধু বছরের হিসেবে নয়, অর্থের দিক থেকেও এগিয়ে ছিলেন। তিনি আমাদের মতো মেসে থাকতেন না। তিনি থাকতেন উডস্টক সড়কে একটি বিশাল বোর্ডিং-হাউসে, যেখানে নির্দয়ভাবে তার গলা কাটা হতো বলে শুনেছি। সে ছিলো সরলসোজা প্রকৃতির ভালো মানুষ, আমাদের সবার প্রতি অত্যন্ত সদয়। তিনি আমাদের দেনা পরিশোধ করে দিতেন এবং আমাদেরকে নানা উপহার পাঠাতেন। তারপরও তার মধ্যাহ্নভোজগুলো হতো নীরস, কারণ সেখানে টেবিলভর্তি ভিন্ন রুচির নানা কিছিমের লোকজন থাকতো। তার একটি নিজস্ব দার্শনিক মতবাদ ছিলো এবং আপ্যায়িত লোকদের মাঝে তিনি তা প্রচার করতেন। বিশাল অবকাশের শহরে তিনি নানা পদের লোকজনকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। তার প্রতি আমাদের ভালোবাসা সত্ত্বেও, তার আমন্ত্রণ গ্রহণ করতে হলো একটু নেতানো মন নিয়ে। আমার আশঙ্কা হলো এবারও আমাকে হয়তো আমার আত্মাকে বাঁচাতে উদ্যত পাসি হাউসের এক ক্ষীণকায় যাজক এবং এক প্রয়াত অধ্যাপকের বিগতযৌবনা পত্নীর মধ্যে পড়ে হাঁসফাঁস করতে হবে। মধ্যাহ্নভোজ এক আনন্দপূর্ণ বিস্ময়। বেমিল লোকের ভিড়ে জায়গাটি ভরে উঠেছিলো, কিন্তু প্রতিমা দেবীর সৌন্দর্য এবং রথি বাবুর সাবলীল ভব্যতা সকলকে এক সমতলে নামিয়ে এনেছে। আমরা বাঙালি গৃহের এক আনন্দঘন পরিবেশে মিশে গেলাম। আমি মল্লিকদাকে ধন্যবাদ জানাই যে তিনি এই মহৎ লোকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাদের প্রতি আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। তাদের দয়া ও ভালোত্বের যেমন আমি প্রশংসা করি, তেমনি প্রশংসা করি তাদের রুচির। সেই বাড়িটি সাজানো ছিলো চমৎকার সব শিল্পকর্ম দ্বারা। আর সেইসব শিল্পকর্মের মধ্যে প্রতিমা দেবীকে অপরূপ লাগছিলো।

প্যাডিংটন স্ট্যাশনে পৌঁছে আমি চেলসিতে যাওয়ার জন্য একটি ট্যাক্সি নিলাম, সেখানে একটি বাড়িতে কবি উঠেছেন। আমাকে একটি বড় কক্ষে নিয়ে যাওয়া হলো এবং সেখানেই আমি কবির দেখা পেলাম। তিনি একটি ডিভানের ওপর বসে ছিলেন এবং দেয়াল ঘেঁষে সারিবদ্ধ চেয়ারে অনেক নরনারী উপবিষ্ট। উপস্থিত ভারতীয়, ব্রিটিশ ও উপমহাদেশীয় লোকজন এমনভাবে নীরব হয়ে বসেছিলেন যে মনে হলো প্রার্থনায় রত। এক কোণে এক ইংরেজ মহিলা কাদামাটি দিয়ে কবির একটি মডেল তৈরি করছিলেন। আরেক কোণে এক ভদ্রলোক, পোশাকআশাক দেখে মনে হলো পোলিশ, কবির ছবি স্কেচ করছিলেন। জানালাগুলো হাট করে খোলা যার মধ্যে দিয়ে বাঁধ পর্যন্ত দৃষ্টি যায়। এখন আমি মনে করতে পারছি না ঘরে ধূপ জ্বলছিলো কিনা। কিন্তু ঘরে ছিলো প্রশংসা ও শ্রদ্ধার এক জমাট পরিবেশ। আমার যাওয়া ছিলো আনুষ্ঠানিক। রথি বাবু অক্সফোর্ডের প্রোগ্রাম ঠিকঠাক করে ফেলেছেন। সেই ভয়ঙ্কর নীরবতার মধ্যে মনে হলো আমার নিমন্ত্রণের কথা গমগম করে উঠবে। শিল্পীদের সাহায্য করার জন্য কবি স্থির হয়ে চোখ বন্ধ করে বসে ছিলেন। আমি বুঝতে পারছিলাম ভিড়ের মধ্যে থেকেও তিনি নিজের মধ্যে সম্মোহিত হতে পারেন। এ এক বিরল গুণ। ভিড়ের মধ্যে একা, অন্যের সঙ্গে কথা বলার ফাঁকে নিজের সঙ্গে কথা বলা, আশেপাশের পরিবেশ থেকে নিজেকে পৃথক করে নেওয়া– এ সমস্ত দিক থেকে তিনি নবী ও দ্রষ্টাদের মতো। এ ধরনের মানুষদের ভালোভাবে জানা যায়, কিন্তু কখনোই পুরোপুরি চেনা যায় না। পরে প্যারিসে একবার তার সঙ্গে আমার দেখা হয়েছিলো। তখন তাকে দেখেছিলাম অন্যরূপে, প্রাণ খুলে কথা বলছেন, হাসিঠাট্টা করছেন। শিশুর মতো সরল, কোমল। আমি ভাবছিলাম গ্রীসের কোনো শিল্পী যদি হাম্মুরাব্বির মডেল করতো, তবে সেই ব্যাবিলনীয় আইনজ্ঞকে কেমন দেখাতো। সে-সময় প্যারিসে কোঁতেস নোয়ে (Comtesse Noailles)-কে দেখেছিলাম যিনি কবির আঁকা চিত্রগুলো প্যারিসে প্রদর্শনের ব্যবস্থা করেছেন। তিনি উপস্থিত শিল্পী ও লেখকদের সামনে এমন আচরণ করছিলেন যেনো কবি তার নিজস্ব সম্পদ।

আমি খুব নিশ্চিত নই, সে-বছর মজলিশের সভাপতি কে ছিলো– শহীদ নাকি কিরণ শঙ্কর রায়। যে-ই হয়ে থাক, সে ছিলো বেঁটেখাটো। মনে পড়ে, কবি যখন অক্সফোর্ড স্টেশনে ট্রেন থেকে নামলেন, তার গায়ে ছিলো আলখাল্লাজাতীয় পোশাক। তিনি মজলিশের সভাপতি্র ঘাড় ছাড়িয়ে অনেক ওপরে উঠেছেন। প্ল্যাটফর্ম ভরা ভারতীয়রা। এছাড়া এসেছেন এস্টলিন কার্পেন্টারের নেতৃত্বে একদল ইংরেজ। শ্মশ্রুমণ্ডিত বিশালদেহী কার্পেন্টার কবির হোস্ট। ঠিক করা হয়েছিলো, অতিথি রানডলফ হোটেলে মজলিশ কমিটির সঙ্গে নৈশভোজ করবেন, পরের দিন সকালে আমার রুমে নাস্তা করবেন, বিকেলে ম্যানচেস্টার কলেজে বক্তৃতা করবেন, তারপর শহরের একটি ভাড়া করা হলঘরে মজলিশের বিশাল সম্বর্ধনায় যোগদান করবেন। সারা সকাল আমরা নানা খুঁটিনাটি নিয়ে ব্যস্ত ছিলাম। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কবি যখন ট্রেন থেকে নামবেন, তাকে মালা পরিয়ে দেওয়া। অক্সফোর্ডের সবচেয়ে ভালো ফুলের দোকানের সঙ্গে কথা বললাম। তাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম, যাতে ফুলের মধ্যে কোনো কাঁটা বা তীক্ষ্ণ জিনিস না থাকে। এতে অনেক সময় বুকের চামড়া ছিলে যায়। পূর্বে অনেক ভারতীয় এভাবে আহত হয়েছেন। ফুলবিক্রেতা আমাদের প্রতিশ্রুতি দিলো সময়মত আমাদেরকে স্টেশনে একটি উপযুক্ত জিনিস সরবরাহ করবেন। আমাদের সভাপতি যখন অস্থির হয়ে উঠেছে, তখন ফুলবিক্রেতার সহকারী হন্তদন্ত হয়ে এসে টিসু খুলে জিনিসটি হস্তান্তর করলো। কবি আমাদের সম্মান গ্রহণ করার জন্য মাথা নিচু করলেন, আর সভাপতি তার গলায় পরিয়ে দিলো মালাটি। অন্ত্যেষ্টিক্রিয়ার উপযোগী এক ফুলের তোড়া! বড় বড় সাদা ফুল শক্ত করে গাঁথা। আমাদের রাগক্ষোভ রাখি কোথায়? ফুলবিক্রেতার নিকুচি করি।

সেদিন সন্ধ্যায় রানডলফ হোটেলে প্রাইভেট কক্ষে একদল সুখী তরুণ। কবি খোশমেজাজে ছিলেন। তিনি সারাক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন। তার পূর্ববর্তী ইউরোপ ভ্রমণের সময় থেকে কী কী পরিবর্তন হয়েছে সে ব্যাপারে মন্তব্য করছিলেন। ভারত নিয়েও কথা বলছিলেন, কখনো গম্ভীরভাবে, কখনো হালকাভাবে (ভারত সম্পর্কে বলার সময় তার ভাবভঙ্গি বেশ উপভোগ করছিলাম)। তারপর, শুরু হলো আমাদের উন্মত্ত আলোচনা। তিনি অল্প খাবার খেলেন। অনেক সতর্ক চিন্তার পরে আমি খাবারের মেনুটি ঠিক করেছিলাম। আমি আনন্দের সঙ্গে প্রত্যক্ষ করলাম, তিনি শাকসব্জি জাতীয় খাবারগুলো একটা একটা করে খাচ্ছেন। রবীন্দ্রনাথ জীবনের সূক্ষ্ম বিষয়ের মহা সমঝদার। ভালো খাবার কী তাও জানতেন। ঐতিহ্যের কৃচ্ছ্রতা দিয়ে তিনি পেটের গোলমাল ব্যাখ্যা করতেন না। খাবার নির্বাচনের জন্য আমি তার প্রশংসা পেয়েছি। আমার মনে পড়ে, একবার শান্তিনিকেতনে তিনি নিচু আরামকেদারায় বসে ছিলেন আর আমি আমার ভোজনবিলাসিতার কথা বললে তিনি হেসে উঠেছিলেন। তিনি আমাদের সভায় মজে গেছেন এবং বললেন যে সান্ধ্য প্রার্থনার সময়েও (সান্ধ্য প্রার্থনা এখানকার রীতি) বিরতিহীনভাবে আলোচনা চলবে।

পরদিন সকালে কবি একটু দেরি করে আমার বাসস্থানে নাস্তা করতে এলেন। অক্সফোর্ডে আমোদের ঘোরে তিনি ক্রাইস্ট চার্চের মাঠে পথ হারিয়ে ফেলেছিলেন। তখন ছিলো গ্রীষ্মকাল এবং লেবারনাম ও আইভি গাছ ফুলে ফুলে ভরা। হলুদ, লাল। সরু গলিপথে এবং প্রশস্ত রাজপথে তার সঙ্গে হাঁটা এক আনন্দের ব্যাপার। প্রকৃতির অপার সৌন্দর্যে তিনি উচ্ছ্বাস প্রকাশ করতেন। তিনি যখন হাঁটতেন তার বেশভূষা দেখে আশেপাশের অনেক লোক এসে জুটতো। সেই সন্ধ্যায় বাড়িওয়ালীর ছোট মেয়েটি আমাকে জানায়, সে আমাকে রাস্তায় ফাদার ক্রিসমাসের সঙ্গে হাঁটতে দেখেছে। মেয়েটি জানতো না সে-বছর রবীন্দ্রনাথ আমাদের মধ্যে কী উদ্দীপনা তৈরি করেছেন। নাস্তার পূর্বে তিনি পান্টের ওপর উজ্জ্বল কুশনে হেলান দিয়ে বসেছেন। আমরা তাকে নদীর ধারে নিয়ে গেলাম যেখানে গাছের ডাল জল পর্যন্ত নুয়ে পড়েছে। তিনি সাদা আলখাল্লা গায়ে সেখানে পাথরের মতো স্থির হয়ে বসে থাকলেন। দুপুর রোদে আমার মনে হচ্ছিলো তিনি যেনো হেলেনিক নৌকার ওপর অর্ফিয়ুসের ভাস্কর্য, যার প্রতিবিম্ব পড়েছে আয়োনিয়ান সাগরের জলে।

অক্সফোর্ড কলেজের বিশাল হলঘর দর্শকশ্রোতায় পরিপূর্ণ। সেখানে এসেছেন বড় বড় সব অধ্যাপক, ছাত্র ও উৎসুক ভদ্রলোক। কবির কণ্ঠ এরকম বিশাল জনসমাগমের জন্য উপযুক্ত ছিলো না। তার সঙ্গে ব্যক্তিগত কথাবার্তার সময়ও আমার মনে হয়েছে, প্রকৃতি তাকে তার শরীরে মর্যাদাকর সৌন্দর্য দিয়েছে কিন্তু কণ্ঠটি সে তুলনায় বেমানান। সুরেলা প্রকাশোচ্ছল এমন কণ্ঠ যে কারো হতে পারে। কণ্ঠনাদ আছে, কিন্তু তা স্বরমাত্রাহীন। তার পরিবারের লোকজনদের আমি জিজ্ঞেস করতে চেয়েছি আলোচনার সময় তিরস্কার করতে তিনি তার কণ্ঠটি উচু করেন কিনা। আমার মনে হয় তিনি কথায় রঙ্গব্যঙ্গ দিয়ে সূক্ষ্মভাবে সেই কাজ সারেন। আমি আশা করি কবির নব্য ভক্তকুল আমার বক্তব্যকে তার প্রতি অশ্রদ্ধা হিসেবে নিবেন না। সেটা খুব অন্যায় হবে, কারণ তার সঙ্গে সাক্ষাতের পর থেকে তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা ভক্তিতে রূপ নিয়েছে। এখানে তার সঙ্গে সাক্ষাতের প্রথম প্রতিক্রিয়াটি আমি প্রকাশ করেছি মাত্র। পরে ঘন ঘন সাক্ষাতের ফলে তার নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে আমি অভ্যস্ত হয়ে উঠেছি।

কবি কী বক্তৃতা করেছিলেন তা আমার ঠিক মনে নেই। আমি তার ব্যক্তিত্বের যাদুকরী প্রভাববলয়ে বন্দি ছিলাম। তিনি যখন উঁচু চেয়ারে একটু ঝুঁকে কুলপতির মতো গম্ভীর হয়ে পাণ্ডুলিপি পাঠ করলেন, তখন তা মনোযোগ দিয়ে শুনলাম। আমার কানের চেয়ে চোখ বেশি আনন্দ পেয়েছে। সেই সন্ধ্যায় জমায়েত শেষ করে দ্রুত চলে যাওয়ার সময় আমি অপার শান্তি অনুভব করছিলাম। আমি রবার্ট ব্রিজকে ধরার চেষ্টা করছিলাম, যিনি পুরো অ্যাকাডেমিক পরিচ্ছদে ভারতীয় কবিকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। তিনি কিছুটা পথ কবির সঙ্গে হেঁটেছেন। কিন্তু ব্রিজ কথা বললেন না, কবির ব্যাপারে তার অনুভূতিও ব্যক্ত করলেন না। তিনি এক কৌতুহলি বৃদ্ধ, মাঝে মাঝে প্রচুর কথা বলেন, মাঝে মাঝে একেবারে নিশ্চুপ। বিদায় নেওয়ার সময় তিনি ভদ্রভাবে চা-চক্রে যেতে অনুরোধ করলেন। পরদিন বিকালের সেই চা-চক্র রবীন্দ্রনাথের সম্মানে আয়োজিত।

রবার্ট ব্রিজ অক্সফোর্ড থেকে ছয় মাইল দূরে পাহাড়ের ওপরে এক বিশাল বাড়িতে থাকেন। সে-সময় ওই জায়গায় যাওয়াটা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য ছিলো। মাঠ ও খামার পেরিয়ে বনের মধ্য দিয়ে ওপরে উঠতে হয়। সেখানে গেলে তীর্থযাত্রার মতো মনে হয়। তার জীবৎকালেই তিনি কিংবদন্তীতে পরিণত হয়েছেন। তার উদ্ভট কাজকারবার নিয়ে অনেক গল্প আছে। তিনি ছিলেন অত্যন্ত দয়ালূ। অন্ততঃ আমরা কয়েকজন ভারতীয় তাকে সেভাবেই জানতাম। তিনি হঠাৎ হঠাৎ ক্ষেপে যেতেন। তিনি যিশু খ্রীস্টের শিষ্যদের মতো জ্ঞানী ও নিরীহ ছিলেন। মাঝে মাঝে তাকে দেখা যেতো বিশাল পাখির মতো মাথায় ছড়ানো টুপি দিয়ে পাহাড়প্রান্তে বসে আছেন, তার গায়ের ঢিলাঢিলা কালো ক্লোকটি পেছনে বাতাসে উড়ছে। তিনি কদাচিৎ অক্সফোর্ডে আসতেন। কিন্তু যখন আসতেন লোকজন তাকিয়ে তাকিয়ে দেখতো কিভাবে একটি লম্বা দেহ বড় রাস্তা পার হয়ে শান্ত গলিতে হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে তিনি রাস্তায় বইয়ের দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন। তিনি নিবিষ্টচিত্তে বই পড়ে যাচ্ছেন, তার আশেপাশে যে মানুষের ভিড় জমে উঠেছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। তিনি এবং রবীন্দ্রনাথ আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর দুইজন বৃদ্ধ। কিন্তু সেই বিকালে যখন তাদের একসঙ্গে দেখলাম, তখন মনে হলো আকর্ষণীয়তার বিবেচনায় তারা কতোই না পৃথক। ব্রিজের মধ্যে কোনো সন্তভাব ছিলো না, বরং তাকে দেখাচ্ছিলো বয়স্ক স্কুল বালকের মতো। চামড়ায় চমৎকার ভাঁজসহ তার মুখমণ্ডলটি যেনো শরতের নিখুঁত পাতা। তার গায়ের রঙ ও গঠনে মনে হবে তিনি চিরকাল মাঠেঘাটে পশুপাখিদের সংস্পর্শে কাটিয়েছেন। তার বিশাল বপু, এমনকি তার অগোছালো চুল পর্যন্ত, পৌরুষে পরিপূর্ণ। তার তুলনায় রবীন্দ্রনাথ ছিলেন বিপরীত। ঘরের মধ্যে একবার আমার মনে হয়েছে, শারীরিকভাবে পূর্ব-পশ্চিমের সাক্ষাৎ ঘটেছে। ইংল্যান্ডের কোনো কবি ব্রিজের মতো এতো আঞ্চলিক নন, প্রাচ্যের স্পর্শ থেকে পুরোপুরি মুক্ত। আর আমার দৃষ্টিতে রবীন্দ্রনাথ ছিলেন প্রাচ্যের বিভা ও প্রাচুর্যের সুরসঙ্গীত। রবীন্দ্রনাথ সৌন্দর্য অবলোকন করেছেন নদীর তরঙ্গে, বাতাসে আন্দোলিত শস্যক্ষেত্রে। সৌন্দর্য তার কাছে ধরা দিয়েছে প্রকৃতিপ্রণয়ীর মতো। অন্যদিকে ব্রিজের কাছে সৌন্দর্য একটা বোঝা। তার মতে, ভাষা ও ভাবের মধ্যে নিয়ত সংঘাত এমন একটা শৃঙ্খলায় এসে দাঁড়ায় যখন সুর ও ছন্দের মধ্যে সৌন্দর্য আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে। বিষয়টি ব্যাখ্যা করা কঠিন। সম্ভবত পূর্ব ও পশ্চিমের মধ্যে কোনো গভীর ব্যবধান নেই। এটা সত্য যে প্রতিটি ছাঁচের মধ্যে তার নিজস্ব নান্দনিক সৌন্দর্য লুকিয়ে থাকে। যাই হোক, সৌন্দর্যের নানা ভেদ আছে। সৌন্দর্য তার কাছেই ধরা দেয় যে এর জন্য সংগ্রাম করে এবং যে এর কাছে আত্মসমর্পণ করে।

আমি রবীন্দ্রনাথকে চিলসওয়েলে ব্রিজের বাড়িতে দু'বার দেখেছি। তখন একবার এবং প্রায় বারো বছর পর আরেকবার। আমি স্মৃতির মধ্যে দুই ঘটনাকে আলাদা করতে পারি না। আমার মনে পড়ে, এক সন্ধ্যায় বাগানের এক কোণে দু'জন একটা টিলার মতো জায়গায় বসে ছিলেন। সেই বাগানটি ছিলো অক্সফোর্ডের এক মনোরম দৃশ্য। ১৯১৪ সালে ব্রিজ একবার মন্তব্য করেছিলেন যে জার্মানরা যদি তার বাড়িটি দখল করে ফেলে, তারা কী এক আশ্চর্য ঘাঁটিই না এখানে তৈরি করতে পারবে। তারা কামানের এক গোলার আঘাতে চিরন্তন সৌন্দর্য ধ্বংস করে দিবে। বেঞ্চের ওপর বসে দুই কবি বলাবলি করছিলেন, উঁচুভূমি সমতল করে আধুনিক অক্সফোর্ডে নির্মাণ করা হয়েছে উঁচু দালানকোঠা ও চূড়া, সূর্যাস্তের সময়ে যেগুলো দিগন্তে চোখে পড়ে। ইরাসমাস যখন দূর থেকে এই অপরূপ শহরটিকে দেখেছেন, তিনি এর মধ্যে খুঁজে পেয়েছিলেন যুক্তির সঙ্গে বিশ্বাসের মিশ্রণজাত সান্ত্বনা।

রবীন্দ্রনাথ হ্যানসম-ক্যাবে (ঘোড়ার গাড়িবিশেষ) চড়ে বসেছেন। আমি পায়ে হেঁটে অক্সফোর্ডে ফিরে যাচ্ছিলাম। রবীন্দ্রনাথ চলে যাওয়ার পর, ব্রিজ উত্তেজিত হয়ে সন্ধ্যায় আমার সঙ্গে কথা বললেন। তিনি রবীন্দ্রনাথের প্রজ্ঞা ও লেখার উচ্ছ্বসিত প্রশংসা করলেন। হঠাৎ একটু ঘুরে তিনি যোগ করলেন: রবীন্দ্রনাথ একজন অসাধারণ সুদর্শন ব্যক্তি। কিছুটা অবাস্তব, আসিরিয় বা প্রাচীন এসিয়াটিকের মতো। তুমি কি জানো তিনি দাড়িতে সোনা পরেন? আমি বললাম, অস্তগামী সূর্যের আলো তার মুখে পড়ায় ওরকম মনে হচ্ছিলো। তিনি স্কুলছাত্রের মতো হো-হো করে হেসে উঠলেন এবং বললেন: তুমি কবিদের অহংকার সম্পর্কে অজ্ঞ। তিনি পড়ার ঘরের দেয়ালে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন এবং পরম যত্নে আঙুল দিয়ে বাতাসে এলোমেলো হয়ে পড়া তার চুল ও দাড়ি আঁচড়াতে লাগলেন।