২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আমি শোক করছি না তারেক ভাই, আপনি দেখুন…

প্রসূন রহমান

Published : 20 Aug 2011, 02:22 PM

Updated : 23 Jun 2022, 04:08 PM


তারেক মাসুদ

কাগজের ফুল নির্মাণে দেরী হয়ে যাওয়া আর জীবনের আয়ু কমে আসা নিয়ে তারেক ভাই প্রায়ই ঠাট্টার ছলে বলতেন–দেখেছো, বাংলাদেশের গড় আয়ু বেড়েছে! ৫৪ থেকে ৬৭ হয়েছে! আমরা নিশ্চয়ই কাগজের ফুল শেষ করে মরতে পারবো। কথাটা বলেই অন্যদিকে তাকিয়ে ম্লান হাসতেন। বুঝতে পারতাম, তাকে মৃত্যুচিন্তা পেয়ে বসেছে বেশ ভালো করেই। পুত্র নিষাদের জন্ম হওয়ার পর জীবনের প্রতি মায়াটাও বেড়ে গিয়েছিল স্বাভাবিক কারণেই। এই আরিচা রোডকে তিনি অসম্ভব রকম ভয় পেতেন, কিন্তু পছন্দের লোকেশন পেয়ে যাওয়ায় আর কোনো বিকল্প ছিল না। গত ৩ বছরে শতাধিকবার যাতায়াত করতে হয়েছে আমাদের। এই পথে যাতায়াত করবার সময় তিনি অতিরিক্ত সাবধান থাকতেন। এমনকি তাঁর দেশের বাইরে অবস্থানকালীন সময়ে আমাদের লোকেশন পরিদর্শনে যেতে হলে আলাদা করে ড্রাইভারকে ফোন করে সাবধান করে দিতেন। কিন্তু এইবার কোনো সাবধানবাণীতে আর কাজ হলো না, অন্যদের অসাবধানতার কারণে! পর পর দুইবার কাগজের ফুল নির্মাণ প্রক্রিয়া স্থগিত হয়েছিল। এবার স্থবির হয়ে গেল নির্মাতার জীবনটাই। হারিয়ে গেল স্বপ্ন দেখার মানুষটা।

………
লিয়ার লেভিনের সঙ্গে তারেক মাসুদ
…….
এতদিনে আমরা সবাই জানি, নির্মানাধীন কাগজের ফুল ছিল মাটির ময়নার প্রিক্যুয়াল বা, প্রাকগল্প। অফিসে, কাজের ফাঁকে একদিন জিজ্ঞেস করেছিলাম, যদি মাটির ময়নার সিক্যুয়াল নির্মাণ করেন–তাহলে কোন গল্পটা বেছে নেবেন? উনি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়েছিলেন। আক্ষেপের সুরে বলেছিলেন, এতদিন কি আমি বাঁচবো? আমি নাছোড়বান্দা, প্রশ্নের উত্তরের জন্যে লেগেছিলাম। যদি বেঁচে থাকেন, তাহলে? উনি উত্তর দিয়েছিলেন, সেটা হবে আমার যৌবনের গল্প। মাটির ময়নার আনুর চলচ্চিত্রকার হয়ে ওঠার গল্প।

অনেক গল্প করেছিলেন শেষ সময়টায়। অনেক কথা তার বলবার ছিল। যেহেতু লিখতেন কম, আর নিজে লিখতে গেলে সময় নিতেন অনেক বেশি সেজন্যে কিছু দায়িত্ব দিতে চেয়েছিলেন আমাদের উপর। মাটির ময়নার ১০ বছর পূর্তি হবে আগামী বছর। ভেবেছিলেন, আগামী বছর ছবিটি দেশব্যাপী পুনঃমুক্তি দেবেন। আর ওেই সময় একটা প্রকাশনা সম্পাদনা করতে হবে ছবির মূল পাণ্ডুলিপিসহ দেশ-বিদেশে প্রকাশিত নির্বাচিত কিছু রিভিউ নিয়ে। তবে তার জীবন ও কর্মের উপর সাক্ষাৎকারভিত্তিক একটা বই লেখার কাজ এগিয়ে চলছিল ২০০৯ থেকেই। বইটি অর্ধসমাপ্ত রয়ে যায় নিষাদের জন্মকালীন সময়ে তাঁর একটু বেশি সময় বিদেশে অবস্থান করায়। বইটির সাথে প্যাকেজ হিসেবে দেয়ার জন্যে তার উপর একটা প্রামাণ্যচিত্র ধারণের সুযোগ হয়েছিল। তাঁর গ্রামের বাড়িতে ভ্রমণ এবং যাওয়া-আসার পথে তাঁর ছেলেবেলা, তাঁর চলচ্চিত্রভাবনা, তাঁর পরিবার, তাঁর জীবন ও কর্ম নিয়ে কথামালানির্ভর নির্মীয়মাণ এই প্রামাণ্যচিত্রটির সম্পাদনার কাজ এখন হয়ত শেষ করতে হবে।

তাঁর নিজের কাজের মধ্যে খানিক অসমাপ্ত রয়ে গেছে 'প্রজন্ম একুশে' নামে ভাষা আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র। অর্ধসমাপ্ত রয়ে গেছে দেশব্যাপী সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া এবং হলের দুরবস্থার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। পরিকল্পনা ছিল এ বছরের শেষভাগে আদম সুরত-এর ডিভিডি প্রকাশ করবার। এবং আরো দূরবর্তী পরিকল্পনা ছিল–'ওরা ৭জন' নামে মুক্তিযুদ্ধভিত্তিক আরেকটি কাহিনীচিত্র নির্মাণের।

………
রানওয়ে ছবির শুটিং বিরতিতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
…….
আমাদের চলিচ্চত্র আন্দোলনেকে দ্বিধাবিভক্ত দেখে সবাইকে একসাথে করবার জন্যে ভাবতেন একটা অনলাইন ভিত্তিক ভার্চুয়াল সংগঠনের কথা। যেখানে পদ আর ভাবনার বৈরীতা নিয়ে কোনো বিদ্বেষ থাকবে না। কিন্তু এসবের কিছুই হলো না। রানওয়ে নির্মাণ করে জেলায় জেলায ফেরি করতেই সময় চলে গেল অনেকটা। পরিবেশক না পাওয়ায় কাজটা তিনি বাধ্য হয়েই করতে গেছেন। তিনি থেমে থাকেননি, কারণ তিনি থামতে জানতেন না। নিজের পথ নিজেই তৈরি করে নিতেন। তবু কখনো কখনো চাপা কষ্ট নিয়ে বলতেন–একজন সৃজনশীল নির্মাতার কাজ কি ছবি দেখিয়ে বেড়ানো? তাহলে সে ছবি নির্মাণ করবে কখন? এসবের উত্তর আমরা জানি না। তবু তিনি আশায় বুক বেঁধেছিলেন, ঢাকার সিনেমা হলে এ বছরের শেষভাগে হলেও রানওয়ে রিলিজ হবে। যদি পরিবেশক/প্রদর্শক না পাওয়া যায় তাহলে পাবলিক লাইব্রেরী আর ছায়ানট মিলনায়তন ভাড়া করে হলেও ঢাকার দর্শকদের রানওয়ে দেখাবেন। ঢাকার দর্শক এখনো রানওয়ে দেখেননি এটা তাঁর জন্যে যথেষ্ট কষ্টের কারণ ছিল।

……..
তারেক মাসুদের ঠিক করা কাগজের ফুলছবির লোকেশন ১
……..
মনে পড়ছে, মিরপুরে তাঁর একটুকরো জমি ছিল। রানওয়ে নির্মাণ করতে গিয়ে সেটাও বিক্রি করেছিলেন। তাঁর পরিকল্পনা ছিল–কাগজের ফুল শেষ করে মানিকগঞ্জের কোনো একটা এলাকায় জমি কিনে মাটির বাড়ি নির্মাণ করে শেষ জীবনটা সেখানে কাটাবেন। সাথে থাকবে গ্রামবাসীর জন্যে বিনামূল্যে আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থা। সেই মানিকগঞ্জের মাটিতেই তিনি প্রাণত্যাগ করলেন। কিন্তু সেখানে বাস করা তাঁর হলো না।

……..
কাগজের ফুলছবির লোকেশন ২
……..
আমি জানি না ক্যাথরিনের আগামী পরিকল্পনা কী হবে! আমি ভাবতে পারছি না কোন মাটিতে নিষাদের ভবিষ্যত শেকড় প্রোথিত হবে! কিন্তু চলচ্চিত্রকার তারেক মাসুদের একজন অনুসারী হিসেবে, তাঁর নিঃশর্ত স্নেহের ভাগ পাওয়া চলচ্চিত্রের ছাত্র হিসেবে তাঁর অসমাপ্ত স্বপ্নগুলো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করতে চাই দৃঢ়তার সাথেই।

আমি শোক করছি না তারেক ভাই, আপনি দেখুন! আপনি আমাকে শিখিয়েছিলেন–একজন চলচ্চিত্রকার হতে হলে দেহের পেশীর সাথে সাথে মনের পেশীটাও শক্ত করতে হবে। পেশী বোধহয় শক্ত হচ্ছে না তেমন, শুধু অনুভূতিগুলো ভোঁতা হয়ে পড়ছে ক্রমশঃ এটা বুঝতে পারছি।

আরো বুঝতে পারছি, যা করতে হবে রাষ্ট্রযন্ত্রের সহায়তাহীন অমানবিক অবকাঠামোর অভ্যন্তরে থেকেই করতে হবে। যেমনটা আপনি করে যাচ্ছিলেন–মৃত্যুপূরীতে বাস করেও জীবনের গান গাওয়া।

লেখকের আর্টস প্রোফাইল: প্রসূন রহমান
ইমেইল: proshoon.rahmaan@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts


Free counters