২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া: এক আদর্শবাদী মানুষের প্রতিকৃতি

বেবী মওদুদ

Published : 09 Dec 2010, 12:05 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

Image
br2.jpg


মিসেস্‌ আর, এস্‌, হোসেন (রোকেয়া)

এক

বাঙালি নারী জাগরণের জননী রোকেয়া কেমন ছিলেন, তার জীবনযাপন কেমন ছিল–এসব নিয়ে আজকের গবেষকরা তথ্য অনুসন্ধান করে থাকেন। এ সম্পর্কে রোকেয়ার লেখা চিঠিপত্র, রচনাবলী এবং ঘনিষ্ঠজনদের লেখা পড়লে তাঁর সম্পর্কে গভীরভাবে কিছু পাওয়া যায়। তাঁর প্রথম জীবনীকার শামসুন্নাহার মাহমুদের লেখা রোকেয়া জীবনী আমাদের একমাত্র অবলম্বন। রোকেয়ার স্নেহাস্পদ ছিলেন তিনি, রোকেয়াকে খুব ঘনিষ্ঠ ভাবে তিনি জেনেছিলেন বলেই এ গ্রন্থটি লিখতে ও প্রকাশ করতে সমর্থ হন। আজ রোকেয়াকে নিয়ে যে আলাপ-আলোচনা তা প্রতিষ্ঠা করার পেছনে এ গ্রন্থটির অবদান স্মরণীয় হয়ে থাকবে। রোকেয়া জীবিত থাকতেই এ গ্রন্থ রচনার পরিকল্পনা গ্রহণ করেন শামসুন্নাহার মাহমুদ। তিনি রোকেয়ার মুখ থেকেও কিছু তথ্য সংগ্রহ করেন। অক্টোবর ১৯৩৭ সালে এ গ্রন্থটি প্রকাশিত হয়। রোকেয়ার মৃত্যুর ১৬ বছর পর। তবে ১৯৩৬ সালে এটি কলকাতায় বুলবুল পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
—————————————————————–
"শৈশবে বাপের আদর পাইনি, বিবাহিত জীবনে কেবল স্বামীর রোগের সেবা করেছি। প্রত্যহ ইউরিন পরীক্ষা করেছি, পথ্য রেঁধেছি, ডাক্তারকে চিঠি লিখেছি। দু'বার মা হয়েছিলুম-তাদেরও প্রাণভরে কোলে নিতে পারিনি। একজন ৫ মাস বয়সে, অপরটি ৪ মাস বয়সে চলে গেছে। আর এই ২২ বৎসর যাবৎ বৈধব্যের আগুনে পুড়ছি। … আমি আমার ব্যর্থ জীবন নিয়ে হেসে খেলে দিন গুনছি।" (পত্র নং-৯)
—————————————————————-
রোকেয়া জীবিত থাকতেই তাঁর গ্রন্থগুলো প্রকাশিত হয়। পরবর্তীতে বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে প্রকাশিত হয়। পঞ্চাশের দশকে প্রাইমারীর বাংলা পাঠ্য বইয়ে রোকেয়া জীবনীর কিছু অংশ অন্তর্ভুক্ত হলে, তাঁর সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। কিন্তু রোকেয়া জীবনী গ্রন্থটিও দুষ্প্রাপ্য ছিল। তবে মাধ্যমিকের পাঠ্যবইয়ে রোকেয়ার লেখা কবিতা 'চাঁদ' ও কল্পকাহিনী 'নারী স্থান' লেখাটির কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। ১৯৭৩ সালে আবদুল কাদির সম্পাদিত রোকেয়া রচনাবলী প্রথম প্রকাশ করে বাংলা একাডেমী। যদিও ১৯৬৮ সালে বাংলা উন্নয়ন বোর্ডের অধীনে তিনি এটি সম্পাদনার কাজ শুরু করেন। তারপরই রোকেয়ার সমগ্র লেখা একত্রে পাওয়া সম্ভব হয় । এরপরই আমরা দেখি, রোকেয়াচিন্তার চর্চা যেখানে নারীসমাজের হাতে মাত্র ছিল, সেটা বৃহত্তর ক্ষেত্রে বিকশিত হতে থাকে। বিশ্ববিদ্যালয়ে গবেষণার বিষয় হয়ে ওঠেন রোকেয়া। রোকেয়াকে নিয়ে গ্রন্থ প্রকাশিত হয়েছে প্রায় একশ'র কাছাকাছি। দুই বাংলায় রোকেয়া চর্চা এখন বিশেষ মাত্রা ধারণ করেছে। কলকাতায় রচনাসমগ্র প্রকাশিত হয়েছে। রোকেয়ার নামে নানা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাষ্ট্রীয়ভাবেও রোকেয়া দিবস পালনের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়ে থাকে। রোকেয়া বর্তমানে শ্রেষ্ঠ বাঙালির মর্যাদায় অভিষিক্ত। রোকেয়া আজ বাঙালি জাতির গর্ব ও গৌরব। রোকেয়ার আদর্শময় জীবন-যাপন, রোকেয়ার চিন্তা-চেতনা-মননশীলতা তাঁকে বাঙালির আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা এনে দিয়েছে।

১৮৮০ সালে রোকেয়ার জন্ম, তাঁর জন্মতারিখ জানা যায় না। তাঁর আত্মীয়-স্বজনরাও কোনও তথ্য দিতে পারেন না। শুধুমাত্র মৃত্যু তারিখ হিসেবে ৯ ডিসেম্বর ১৯৩২ তথ্য হিসেবে প্রমাণিত হয়ে আছে। বৃটিশ শাসিত বাংলার রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামের এক জমিদার 'সাবের' বংশে তাঁর জন্ম হয়। পিতার নাম জহিরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, মাতার নাম রাহাতুন নেসা, বড়বোনের নাম করিমুন্নেসা খানম, রোকেয়ার বড় তিন ভাই মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবের, খলিলুর রহমান আবু যায়গাম সাবের, মোহাম্মদ ইসরাইল আবু জাফেস সাবের (শৈশবে মৃত্যুবরণ করেন) এবং ছোট বোনের নাম হুমায়রা খাতুন। রোকেয়ার নাম রোকেয়া খাতুন রকু। তিনি কখনও নামের আগে বেগম ব্যবহার করতেন না। তাদের পারিবারিক ভাষা ছিল উর্দু।

বড় দু'ভাই কলকাতা শহরে সেন্ট জেভিয়ার্স কলেজে লেখাপড়া করে উচ্চশিক্ষা লাভ করেন। তাঁর বড় বোন করিমুন্নেসাও ভাইদের কাছে লেখাপড়া শিখেছিলেন। তিনি কবিতা লিখতেন।

রোকেয়া শৈশবে বড় দুভাই এবং বড়বোনের কাছে লেখাপড়া শেখার সুযোগ পান। পিতা ও মাতা দুজনেই ছিলেন শিক্ষাবিরোধী, সংস্কারআচ্ছন্ন ও অবরোধ সমর্থক। বড়বোনের বিয়ে হয়ে যায় টাঙ্গাইলে দেলদুয়ারের জমিদার বাড়িতে। বড় দু'ভাই থাকতেন কলকাতায়। পিতার অপব্যায় বিলাসী জীবনযাপনে জমিদারী অবস্থাও খারাপ হয়ে পড়ে। বাড়িতে রোকেয়ার একাকী নিঃসঙ্গ জীবনে মায়ের কাছে ধর্ম ও গার্হস্থ শিক্ষার সুযোগ ঘটে। কিন্তু জ্ঞানের পিপাসা তাঁর ছিল অপরিসীম যা প্রথম বড় ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ করে। তারা রোকেয়ার শিক্ষা-দীক্ষার কাজটি খুব গোপনে, পিতা-মাতার অগোচরে সমাধা করতে সমর্থ হন। পিতার বাড়িতে অবরুদ্ধ জীবনযাপনেও রোকেয়া ছিলেন অত্যন্ত সহজ সরল এক আদর্শ বালিকা। শৈশব থেকেই তার মনে দাগ কেটে রাখে কয়েকটি বিষয়:

  • কেন এই অবরোধ প্রথা
  • কেন শুধু ধর্ম ও গার্হস্থ শিক্ষা
  • কেন বাংলা ও ইংরেজি ভাষা শেখা যাবে না?

শৈশবে রোকেয়ার সঙ্গী ছিল মা ও বোনরা এবং বাড়ির গৃহপরিচারিকাদের সঙ্গেও তাঁর গল্প করে সময় কাটতো। একটু বড় হয়ে উঠলে বাইরের মহিলা এবং আত্মীয় স্বজনের (মহিলা হলেও) সামনে বের হওয়া নিষেধ ছিল। মাথায় কাপড় দিতে হতো, বোরখা পরতে হতো। পালকী অথবা গরু বা মোষের গাড়িতে যাতায়াত করতে হতো। মাত্র ষোল বছর বয়সে বিয়ে হয়ে যায় চল্লিশ বছর বয়স্ক এক বিপত্নীক বিহারী ম্যাজিস্ট্রেট খান বাহাদুর সৈয়দ সাখাওয়াৎ হোসেনের সঙ্গে। এ বিয়ে ঠিক করেন তাঁর ভাইরা। তাঁর মা রাহাতুন নেসা দুঃখ করে বলেছিলেন, আমার সবচেয়ে সুন্দর মেয়েটার সঙ্গে একটা কুৎসিত লোকের বিয়ে দেয়া হয়েছে। কথাটা সত্য। এ সময়ের একটা ছবিতে আমরা দেখতে পাই রোকেয়ার সৌন্দর্য। এক লাবণ্যময়ী বাঙালি নারী হিসেবে রোকেয়ার তারুণ্যের ব্যক্তিত্বে ছিল বুদ্ধিমত্তার ছাপ, এক সম্ভাবনাময় প্রতিভার দীপ্তি। জন্ম থেকেই রোকেয়া ছিলেন ফুটফুটে, দুধে-আলতায় মেশা রঙের মত ছিল তার গায়ের রঙ, মাথা ভরা কালো চুল। তার উপস্থিত জ্ঞান-বুদ্ধিমতা এবং প্রচন্ড হাস্য রসিকতা সবাইকে আকর্ষণ করতো। সবার আদর-স্নেহ ও ভালোবাসায় সিক্ত হলেও পিতার স্নেহ তার ভাগ্যে জোটেনি। বরং কঠোর শাসনের অবরোধে তিনি লালিত পালিত হন। পিতার জমিদারির ভাঙ্গনের সময়ে রোকেয়ার জন্ম হয়। রোকেয়ার ভাষায়, তাঁর লেখায় প্রথম জীবনের পরিচয় কিছুটা আমরা দেখি:

আমাদের এই অরণ্যবেষ্টিত বাড়ির তুলনা কোথায়! সাড়ে তিনশত বিঘা লাখেরাজ জমির মাঝখানে কেবল আমাদের এই সুবৃহৎ বাটী। বাড়ির চতুর্দিকে ঘোর বন, তাহাতে বাঘ, শূকর, শৃগাল সবই আছে। আমাদের এখানে ঘড়ি নাই, সেজন্য আমাদের কোন কাজ আটকায় না। প্রভাতে আমরা ঘু ঘু, বউ কথা কও 'ও খুকি ও খুকি', 'চোখ গেল' প্রভৃতি পাখির বৈরবী আলাপে শয্যা ত্যাগ করি। সন্ধ্যাকালে শৃগালের 'হুয়া হুয়া ক্যাহুয়া' শব্দ শুনিয়া বুঝিতে পারি নামাজের সময় হইয়াছে। রাত্রিকালে কুরুয়া পাখির 'কা আক কা আক্ কু' ডাক শুনিয়া বুঝিতে পারি এখন রাত্রি তিনটা। আমাদের শৈশব-জীবন পল্লীগ্রামের নিবিড় অরণ্যে পরম সুখে অতিবাহিত হইয়াছে।

বড়বোন করিমুন্নেসা ভাইদের মুখে পড়া শুনে শুনে ফার্সী ও বাংলা ভাষা শিখিছিলেন। তিনি ইংরেজি শেখারও চেষ্টা করেছিলেন। মাত্র চৌদ্ধ বছর বয়সে তার বিয়ে হয়। ৬৭ বছর বয়সে তিনি আরবী ভাষা শেখেন কোরান শরীফ পাঠ করে বোঝার জন্য। তিনি ছোট বোন রোকেয়াকেও ইংরেজী ও বাংলা বর্ণমালা পড়তে শেখান। রোকেয়া নিজেই বলেছেন, "জেষ্ঠ্যা ভগ্নি আমাকে দু' হরফ বাংলা পড়াইবার জন্য সমাজের বহু নিন্দা ও ভ্রুকুটি সহ্য করিয়াছেন।" রোকেয়া তাঁকে উদ্দেশ্য করে বলেছেন:

অপর আত্মীয়গণ আমার উর্দ্দু ও ফারসী পড়ায় তত আপত্তি না করিলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমিই আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। আমার বিবাহের পর তুমিই আশঙ্কা করিয়াছিলে যে আমি বাংলা ভাষা একেবারে ভুলিয়া যাইব। চৌদ্দ বৎসর ভাগলপুরে থাকিয়া, বঙ্গভাষায় কথাবার্তা কহিবার একটি লোক না পাইয়াও বঙ্গভাষা যে ভুলি নাই, তাই কেবল তোমারই আশীর্বাদে।' (রোকেয়া জীবনী)

বড় ভাইয়ের উদ্দেশ্যে তিনি লেখেন:

বালিকা বিদ্যালয় বা স্কুল কলেজ গৃহের অভ্যন্তরে আমি কখনো প্রবেশ করি নাই। কেবল জ্যেষ্ঠ ভ্রাতার অসীম স্নেহ ও অনুগ্রহে যৎসামান্য লেখাপড়া শিখিয়াছি। অপর আত্মীয়স্বজন আমার শিক্ষায় উৎসাহ দান করিবেন দূরে থাকুক, বরং নানাপ্রকার বিদ্রুপ উপহাস করিতেন — কিন্তু তথাপি ঈশ্বর প্রসাদে আমি পশ্চাৎপদ হই নাই এবং ভ্রাতাও কাহারো বিদ্রুপে ভগ্নোৎসাহ হইয়া আমাকে ইংরেজি পড়াইতে ক্ষান্ত হন নাই।" (উৎসর্গ, মতিচুর, প্রথম খণ্ড)

রোকেয়ার জন্ম হয়েছিল গ্রামে। বাংলার সবুজ ঘেরা গ্রামীণ পরিবেশে তিনি বড় হয়ে ওঠেন। প্রকৃতি ঘনিষ্ঠ তো ছিলেন, গ্রামীন জীবন যাপনের সকল ব্যবহার জানতেন এবং নিজের জীবনেও চর্চা করতেন। তার শেখা ও জানার আগ্রহ, নিয়মনিষ্ঠা, আন্তরিকতা ছিল কল্যাণকামী। শৈশব থেকেই তার মধ্যে বড় ভাই-বোনরা সম্ভাবনা দেখেছিলেন বলেই জ্ঞানের চর্চায় উৎসাহিত করেন। রোকেয়া সেইভাবে নিজেকে গড়ে তোলেন। রোকেয়ার লেখার মধ্য দিয়েই আমরা তার একটা সুস্পষ্ট প্রকাশ দেখি। রোকেয়ার জীবনী রচনা যেহেতু রোকেয়া জীবিত থাকতেই শামসুন্নাহার মাহমুদ শুরু করেন, তাই রোকেয়াকে তিনিও গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ পান। রোকেয়ার স্নেহাস্পদ হতে পেরেছিলেন বলেই, রোকেয়া তাঁর কাছে নিজের জীবনের অনেক কথা বলে থাকবেন। 'রোকেয়া জীবনী' পড়ে আমাদের কাছে আরও উজ্জ্বল হয়ে রোকেয়ার সরল সাধারণ প্রতিকৃতি এবং আদর্শময় জীবন-যাপন। একজন বড় মাপের জ্ঞানী মানুষ হয়ে উঠতে হলে শৈশব-কৈশোর থেকে যে সকল লক্ষণ থাকা জরুরী-তার সবকিছু রোকেয়ার মধ্যে ছিল। ঊনিশ শতাব্দির শেষ ভাগে তখনও বাংলার সমাজ ছিল অশিক্ষা-কুসংস্কার ও ধর্মান্ধতার বেড়াজালে আবদ্ধ এবং পুরুষরা মাত্র শিক্ষাগ্রহণে ব্রতী হয়েছেন, জ্ঞানের চর্চা করছেন – উর্দু, ফার্সী, ও আরবী ভাষার প্রচন্ডতার মধ্যে মাতৃভাষা বাংলাকে অবহেলিত রাখতে সচেষ্ট—সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে রোকেয়ার জন্ম, সুতরাং জ্ঞান চর্চা ও সাধনা তাঁকে তখন ভীষণভাবে আলোড়িত করে। রোকেয়া মুসলমান সমাজের পুরুষ ও নারী উভয়কে জাগ্রত করতে কলম ধরেছিলেন। সেই সঙ্গে তাদের বিবেকের প্রতি আহ্বান রেখেছেন—শারীরিক ও মানসিকভাবে প্রকৃত মানুষ হতে, বাঙালি হতেও বলেছেন। আবার অন্য ধর্মের খারাপ দিকটিও আলোচনা করেছেন। তিনি কোনও ধর্ম বিরোধী ছিলেন না। বরং ধর্মকে পালনের মধ্য দিয়ে মানুষের সেবা ও কল্যাণ চেয়েছেন। এখানেই তাঁর জ্ঞানের শুদ্ধতা, প্রতিভার স্বাক্ষর, এখানেই তাঁর শ্রেষ্ঠত্ব। শামসুন্নাহার মাহমুদ লিখেছেন, "মনে হয় রোকেয়ার সাফল্যের প্রধান কারণ তাঁহার কঠিন নিষ্ঠা ও আদর্শের প্রতি তাঁহার বিশ্বস্ততা। 'সত্য প্রিয় হোক, আর অপ্রিয় হোক, সাধারণের গৃহীত হোক আর প্রচলিত মতের বিরোধী হোক, সত্যকে বুঝিব, খুঁজিব ও গ্রহণ করিব' — এই ছিল তাঁহার পণ। শুধু ইহাই নয়। তাঁহার আদর্শ ছিল ইহার চেয়েও উচ্চ। সত্যকে শুধু গ্রহণ করিয়া তাহার তৃপ্তি হয় নাই। সত্যকে প্রচার করিবেন-দেশের হতভাগ্য নারীকে জ্ঞানের পথে টানিয়া লইবেন, এই ছিল তাঁহার জীবনের মূল মন্ত্র। জীবনের শেষ পর্যন্ত কোন প্রকার বাধাবিঘ্ন তাঁহাকে মুহূর্তের জন্যও তাঁহার লৌহের মত দৃঢ় সঙ্কল্প হইতে বিচ্যুত করিতে পারে নাই। সমাজ সেবা করেন অনেকেই। কিন্তু রোকেয়ার মত এমন আপন-ভোলা সমাজসেবা কে কবে দেখিয়াছে। সমাজের জন্য এমন করিয়া নিজের ঘরবাড়ি, আত্মীয়স্বজন, বিত্ত-সম্পত্তি, মানসম্ভ্রম সমস্ত ত্যাগ করিয়া একেবারে রিক্ত হইতে সংসারে কজন লোক পারিয়াছেন, জানি না।" (রোকেয়া জীবনী)

দুই

"বোন, এই ইংরেজি ভাষাটা যদি শিখে নিতে পারিস, তবে পৃথিবীর এক রত্নভান্ডারের দ্বার তোর কাছে খুলে যাবে।–পরম আদরের বালিকা ভগ্নির সম্মুখে একখানা বড় ছবিওয়ালা ইংরেজি বই খুলিয়া ধরিয়া এই কথা কয়টি উচ্চারণ করিয়াছিলেন, আজি হইতে প্রায় পঞ্চাশ বৎসর আগে এক কিশোর যুবক। কি ছিল কথাগুলির মধ্যে জানি না, কিন্তু এক যাদুমন্ত্রের প্রভাবে বালিকার হৃদয় মুগ্ধ হইল। সেদিন সেই মুহূর্তে জ্যেষ্ঠ ভ্রাতার কাছে জ্ঞান সাধনার যে মন্ত্রে তিনি দীক্ষিত হইলেন, তাহাই হইয়াছিল তাঁহার জীবনের মূলমন্ত্র।' (রোকেয়া জীবনী)।

শৈশবে শিশু রোকেয়া খেলার সময়টি আর পাননি। অবরোধের বেড়াজালে আবদ্ধ থাকতে হয়েছে বলেই তিনি স্বাধীনচেতা হবার স্বপ্ন দেখতে শুরু করেন। কেন অবরোধে থাকতে হবে? যেখানে বড় ভাইরা লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত, সেখানে তিনি কেন বঞ্চিত, অবহেলিত থাকবেন। রোকেয়ার জ্ঞানের আগ্রহ ও বুদ্ধিমত্তা দেখে বড় ভাই ইব্রাহিম সাবের ছুটিতে বাড়ি এসে গভীর রাতে, বাড়ির সকলে ঘুমিয়ে গেলে, মোমবাতির আলোয় ছোটবোন আদরের রকুকে লেখাপড়া শেখাতেন। এ যেন রূপকথার এক রাজকন্যা—যিনি জ্ঞানের চর্চায় ব্রতী, যিনি নারীর স্বাধীনতা অর্জনে সংগ্রামী এক সেনাপতি, যিনি পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থার মূলোচ্ছেদ করতে এক সাহসী প্রতিবাদি, যিনি ধর্মান্ধদের বিরুদ্ধে ক্ষুরধার লেখনী চালিয়ে সমাজকে জাগার বাণী শুনিয়েছেন-সর্বশেষে যিনি নারীকে জজ-ম্যাজিস্ট্রেট-ব্যারিস্টার-শাসকের আসনে দেখতে চেয়েছেন এবং নারীর ক্ষমতায়ন চেয়েছেন।

আমরা দেখি, রোকেয়ার এই স্বপ্ন সফল হয়েছে, রোকেয়ার এই সংগ্রাম শেষ হয়নি-আজও চলছে। আর এ সফলতার জন্য অবশ্যই আজকের নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। রোকেয়া যে কাজ করেছেন অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্য দিয়ে-আজকের নারী তো অনেক সুবিধাজনক অবস্থানে, তাহলে কেন তারা বিচ্ছিন্ন দ্বন্দ্বে-ব্যক্তিস্বার্থে অস্থির?

রোকেয়ার জন্মের একাত্তর বছর পূর্বে জন্মগ্রহণ করেন রাসসুন্দরী দেবী (১৮০৯-১৯০০)। তিনি পাবনা জেলার পোতাজিয়া গ্রামের মেয়ে ছিলেন। মাত্র বারো বছর বয়সে বিয়ে হয় ফরিদপুর জেলার রামদিয়া গ্রামে। তাঁর আত্মকথা 'আমার জীবনে' তিনি লিখেছেন,–'আমার অদৃষ্টক্রমে তখন মেয়েছেলেতে লেখাপড়া শিখিত না। তখনকার লোক বলিত, বুঝি কলিকাল উপস্থিত হইয়াছে দেখিতে পাই। এখন বুঝি, মেয়েছেলেতেও পুরুষের কাজ করিবেক।' (অন্তঃপুরের আত্মকথা)।

জ্ঞানের পিপাসা তাঁর মধ্যেও ছিল। " … এমনকি যদি একখানি লেখা কাগজ দেখিতাম, তাহাও লোকের সম্মুখে তাকাইয়া দেখিতাম না, পাছে কেহ বলে যে লেখাপড়া শিখিবার জন্যই দেখিতেছে।… এই পুস্তকের পাতা যদি আমার হাতে কেহ দেখে তাহা হইলে নিন্দার একশেষ হইবেক … ঐ তালপাতাটি একবার দেখি, আবার ঐ পুস্তকের পাতাটিও দেখি, আর আমার মনের অক্ষরের সঙ্গে যোগ করিয়া দেখি, আমার সকল লোকের কথার সঙ্গে যোগ করিয়া মিলাইয়া মিলাইয়া দেখি। … মেয়েছেলে বলিয়া কি এতই দুর্দশা। চোরের মতো যেন বন্দী হইয়াই থাকি, তাই বলিয়া কি বিদ্যা শিক্ষাতেও দোষ?" (অন্তপুরের আত্মকথা)।

রাসমনির সময়ে রানী ভিক্টোরিয়া ছিলেন শাসক। কলকাতা শহরে মেয়েদের স্কুল খুলে শিক্ষার উদ্যোগ নেয়া হলেও পুরুষদের তীব্র ও তীক্ষ্ম ব্যঙ্গোক্তি এবং সমালোচনা পড়লে আজকের নারীর কাছে হাস্যকর মনে হবে। রাসমনি তো গ্রামের ঘরের বউ, ভাইদের মুখে শুনে শুনে অক্ষর শিখছেন, ছেলের লেখা তালপাতা চুরি করে অক্ষর লেখা শিখেছেন। সংসারের হাড়ভাঙ্গা খাটুনির পর গভীর রাতে নিজে নিজেই লেখাপড়া শিখতেন। একটা পুঁথি পড়ার জন্যও তাঁকে সংগ্রাম করতে হয়েছে।

এরপর আমরা দেখতে পাই ঠাকুরবাড়িতে মেয়েদের কী অবস্থা ছিল, "মনুর বিধান এবং মুসলমানী আবরু রক্ষার তাগিদ অনেকদিন থেকেই মেয়েদের একেবারে ঘরের আসবাবপত্রে পরিণত করেছিল। ঠাকুর বাড়িতেও এ নিয়মের ব্যতিক্রম ঘটেনি। অন্দরমহলে নিঃসম্পর্কিত পুরুষ প্রবেশ করতেন না, বাইরে বেরোতে হলে মেয়েরা চাপতেন ঘেরাটোপ ঢাকা পালকি। … ঘেরাটোপের রঙ দেখে শুধু বোঝা যেত কোন বাড়ির পালকি যাচ্ছে। জোড়াসাঁকো-ঠাকুরবাড়ির পালকির ঘেরাটোপ ছিল টকটকে লাল আর পাড়টা ছিল গাঢ হলুদ।… যাক সে কথা, মেয়েরা পালকি তো চাপতেন কিন্তু যেতেন কোথায়? কালে ভদ্রে গঙ্গাস্নানে যাবার অনুমতি পেলে বেহারারা তো একেবারে পালকি শুদ্ধ জলে চুবিয়ে আনত। এঁটাই ছিল সেকেলে দস্তুর। এছাড়া তারা মাঝে মাঝে যেতেন আত্মীয়-কুটুম্বের বাড়িতে বিয়ে-পৈতে-অন্নপ্রাশন-শ্রাদ্ধের মতো সামাজিক অনুষ্ঠানে। তখন পালকি একেবারে উঠোনে গিয়ে দাঁড়াত। জোড়াসাঁকোর পাঁচ নম্বর এবং ছ' নম্বর বাড়ির মধ্যে দুরত্ব আর কতটুকু, তবু সেখানেও এ বাড়ি-ও বাড়ি যেতে হলে মেয়েদের পালকি চাপতে হত।" (ঠাকুর বাড়ির অন্দর মহল)

কলকাতার অভিজাত ঘর ঠাকুর বাড়ির অবস্থা ছিল একরকম। পরবর্তীতে এ অবরোধ ভেঙ্গে দেয় বাড়ির বউ ও মেয়েরা।

রোকেয়ার কথা তাঁর লেখায় পাই "সবে মাত্র পাঁচ বৎসর বয়স হইতে আমাকে স্ত্রীলোকদের হইতেও পর্দ্দা করিতে হইত। পুরুষদের অন্তঃপুরে প্রবেশ নিষেধ, সুতরাং তাহাদের অত্যাচার আমাকে সহিতে হয় নাই; কিন্তু মেয়ে মানুষের অবাধ গতি-অথচ তাহাদের দেখিতে না দেখিতে লুকাইতে হইবে। পাড়ার স্ত্রী লোকেরা হঠাৎ বেড়াইতে আসিত; অমনি বাড়ির কোন লোক চক্ষু ইশারা করিত, আমি যেন প্রাণ ভয়ে যত্র তত্র, কখনও রান্নাঘরের ঝাপের অন্তরালে, কখনও কোন চাকরাণীর গোল করিয়া জড়াইয়া রাখা পাটীর অভ্যন্তরে, কখনও তক্তপোষের নিচে লুকাইতাম। বাচ্চাওয়ালা মুরগী যেমন আকাশে চিল দেখিয়া ইঙ্গিত করিবামাত্র তাহার ছানাগুলি মায়ের পাখার নিচে লুকায়, আমাকেও সেইরূপ লুকাইতে হইত। … আমার খাওয়ার খোঁজ-খবর কেহ নিয়ম মত লইত না।"( অবরোধবাসিনী)

শৈশব-কৈশোরের অভিজ্ঞতা থেকে একজন মানুষের আদর্শময় জীবন গড়ে ওঠে। তার ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য গড়ে ওঠে। রোকেয়া বুদ্ধিমতি ছিলেন বলেই তাঁর পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ ছিল। অবরোধ, নারী-পুরুষের স্বাধীনতা এবং শিক্ষা-এই বিষয়গুলি, তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। বড় ভাই ও বোনের কাছে সাধ্যমত শিক্ষা গ্রহণ করতে সমর্থ হন। তারপর তার পারিপার্শ্বিক অবস্থা ও আশেপাশে যারাই ছিল, বা যা কিছু দেখা ও শোনার সৌভাগ্য হয়েছিল সবকিছু তিনি ধারণ করতে সমর্থ হন। বাঙালি নারীর মানবেতর জীবনযাপনের জন্য তাঁর হৃদয় ব্যথিত হয়েছে, কেঁদেছে-সেই অভিজ্ঞতা নিয়ে তিনি সামনে এগিয়েছেন। তিনি নিজেকে প্রস্তুত করেছেন ভবিষ্যতের প্রতি দৃষ্টি রেখে।

মাত্র ষোলো বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায়। এই বিয়ে ঠিক করেছিলেন বড় ভাই ইব্রাহিম সাবের যিনি রোকেয়ার প্রতিভাকে সম্মান দিয়েছেন। আমাদের সৌভাগ্য রোকেয়ার এমন ঘরে বিয়ে হয়নি, যেখানে রাঁধা আর বাড়ার মধ্যে তার জীবন অতিবাহিত হতে পারতো, স্বামী বা তার পরিবারের কঠোর নির্যাতনে নিষ্পেষিত হত তাঁর প্রতিভা। রোকেয়ার স্বামীর বয়স ৪০ বছর, বিপত্নীক, একটি কন্যা সন্তান ছিল। তিনি শিক্ষিত, চাকুরিজীবী, আদর্শবাদী, সৎ, মিতব্যায়ী এবং উদার মনোভাবাপন্ন ছিলেন। অভিজাত ও স্বচ্ছল ব্যক্তি ছিলেন। ভাগলপুরের একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। রোকেয়ার বড় ভাই তার বন্ধু ছিলেন। সাখাওয়াৎ একজন বাঙালি মেয়ে বিয়ে করার আগ্রহ বন্ধু-বান্ধবদের কাছে প্রকাশ করলে তারা ইব্রাহিম সাবেরকে জানায়। তিনি আর কালবিলম্ব না করে রোকেয়ার সঙ্গে তার বিয়ে সম্পন্ন করেন। রোকেয়ার বুদ্ধিমত্তা, শিক্ষার আগ্রহ ও সংসারধর্ম কর্মে সাখাওয়াৎ মুগ্ধ হন। তিনি হয়ে ওঠেন রোকেয়ার প্রধান পৃষ্ঠপোষক, উৎসাহদাতা। রোকেয়া সাহিত্য চর্চা ও স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন সফলে তিনি সবরকম সহযোগিতা করেছেন। রোকেয়া তাঁর কাছে যতখানি সম্ভব জ্ঞানের সাধনা ও তার কর্মের দীক্ষা নিতে সমর্থ হন। এখানে আমাদের দেখতে আগ্রহ হয়, রোকেয়া কী তার দাম্পত্য জীবনে সুখী ছিলেন ? তিনি নিজেই একটি চিঠিতে লিখেছেন–

"শৈশবে বাপের আদর পাইনি, বিবাহিত জীবনে কেবল স্বামীর রোগের সেবা করেছি। প্রত্যহ ইউরিন পরীক্ষা করেছি, পথ্য রেঁধেছি, ডাক্তারকে চিঠি লিখেছি। দু'বার মা হয়েছিলুম-তাদেরও প্রাণভরে কোলে নিতে পারিনি। একজন ৫ মাস বয়সে, অপরটি ৪ মাস বয়সে চলে গেছে। আর এই ২২ বৎসর যাবৎ বৈধব্যের আগুনে পুড়ছি। … আমি আমার ব্যর্থ জীবন নিয়ে হেসে খেলে দিন গুনছি।"( পত্র নং-৯)

Image
rokeya_swami.jpg


১৮ বছর বয়সে স্বামী সাখাওয়াৎ হোসেনের সঙ্গে রোকেয়া; মাজেদা সাবেরের সৌজন্যে পাওয়া ছবি

কত স্পষ্ট করে নিজের মনের কথাটি তিনি প্রকাশ করছেন। এমন সত্য কথাটি সুন্দর করে একমাত্র রোকেয়াই বলতে পারেন। আরও একটি পত্রে তিনি লিখেছেন,

"আপনি ঘুনাক্ষরেও ভাববেন না যে আমার শ্রদ্ধেয় স্বামীর স্মৃতি রক্ষার জন্যই আমি এ স্কুল আঁকড়ে পড়ে আছি। সরকারের সাথে স্কুল বিষয়ে লিখিত আমার চিঠিপত্রের কথা আপনি মনে করে দেখুন, গভর্ণমেন্ট এই স্কুলের নতুন নামকরণ 'Government H. E. School for Muslim Girls' অর্থাৎ মুসলিম বালিকা উচ্চ ইংরেজী সরকারী বিদ্যালয় করতে চেয়েছেন, তাতে আমি সেই মুহুর্তেই রাজী হয়েছি। মরহুম নওয়াব সৈয়দ নওয়াব আলী ও স্যার গজনবী তাদের ইচ্ছামতই নাম পরিবর্তনে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু আমি নামের কাঙাল নই। কারণ আমি জানি তাঁর সত্যিকার স্মৃতি আমার সাথে রয়েছে ও আমার সাথেই লুপ্ত হয়ে যাবে।" (পত্র নং ১৯)

রোকেয়া যে কতবড় স্পষ্টবাদি এবং ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে যান তা এই চিঠির মধ্য দিয়েই খুঁজে পাওয়া যায়। স্কুলের খরচ চালানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছিল, তিনি সাখাওয়াৎ স্কুলটি সরকারের হাতে তুলে দিতে রাজী হয়েছিলেন। সরকারী স্কুল হলে স্কুলের যেমন অর্থাভাব থাকবে না, তেমনি ছাত্রী ভর্তির দুশ্চিন্তাও থাকবে না। রোকেয়ার মৃত্যুর পর ১৯ ডিসেম্বর ১৯৩৫ সালে স্কুলটি সরকার গ্রহণ করেন এবং নাম 'সাখাওয়াৎ মেমোরিয়াল সরকারি উচ্চা বালিকা বিদ্যালয়' রাখা হয়েছে। কলকাতা শহরে উন্নতমানের স্কুলের মধ্যে এটি অন্যতম এবং এখানে ইংরেজি ও বাংলা মাধ্যম আছে, হিন্দু-মুসলমান মেয়েরা লেখাপড়া করে। ছাত্রী সংখ্যা বর্তমানে ১৩০০। গত ১৬ই মার্চ ২০১০, স্কুলটি শতবর্ষ উদযাপন করে এগিয়ে চলেছে রোকেয়ার কীর্তি হিসেবে।

স্কুল প্রতিষ্ঠা ছিল রোকেয়ার একটি আন্দোলন। কেননা শিক্ষাকে তিনি নারীর শারীরিক ও মানসিক শক্তি হিসেবে উল্লেখ করেছেন। এই শক্তি অর্জন করলে নারীর বিকাশ ঘটবে। পরিবারে, সমাজে ও রাষ্ট্রে তার ক্ষমতায়ন ঘটবে। তাই স্কুলটি গড়ে তোলা, অর্থ সংগ্রহ ও ছাত্রী সংগ্রহের জন্য তিনি তার জীবন উৎসর্গ করে গেছেন। স্কুলটি ভালো করবার জন্য তিনি দ্বারে দ্বারে ঘুরেছেন। মানুষের নিন্দা সহ্য করেছেন, কটুকথাও শুনেছেন শিক্ষিত মানুষের মুখে। তাঁর কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বলে তিনি প্রধানশিক্ষিকা বা প্রশাসনিক পদে থাকতে চাননি সত্য, কিন্তু স্কুলের প্রতিটি কাজ তাঁর নির্দেশ ও পরামর্শে পরিচালিত হতো। তিনি প্রেসে গিয়ে পরীক্ষার প্রশ্নপত্র নিজে প্রুফ দেখে ছাপিয়ে এনেছেন, সরকারি অফিসে গিয়েছেন স্কুলের কাগজপত্র নিয়ে। এসব কাজ কারুর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকেন নি। তিনি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা—সুতরাং সর্বত্র তার যাতায়তে কোন বাধা ছিলো না। তিনি ম্যাট্রিক পরীক্ষা দেবার প্রস্তুতিও নিয়েছিলেন। পরে ব্যস্ততা ও অসুস্থতায় হয়ে ওঠে নি। তিনি পরিহাস করে বলতেন, 'কেয়ামতের পর আমার ম্যাট্রিক পরীক্ষা দেয়া হবে।'

তিনি বিভিন্ন স্কুলের লেখাপড়া ও কার্যক্রম ঘুরে ঘুরে দেখে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। একবার আলীগর বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে গিয়েছিলেন রোকেয়া, পরে তিনি তার আত্মীয় মরিয়ম রশীদকে ৫ জানুয়ারী ১৯২৬ এক চিঠিতে লেখেন, "……… সেখানে কত মুসলমান গ্রাজুয়েট ও আন্ডার গ্রাজুয়েট মহিলা উপস্থিত ছিলেন। তাহাদের সম্মুখে কি আমি মুখ খুলিতে পারি? কেহ তামাসা করিয়া সংবাদপত্রে আমার বক্তৃতার কথা লিখিয়া থাকিবে। আমি শিক্ষিত মহিলাবৃন্দকে দেখিয়া পুণ্য অর্জন করিয়াছি। আমার চক্ষু কর্ণ ধন্য হইয়াছে। … আলীগড়ের মেয়ে কলেজ শীঘ্রই দশ লক্ষ টাকা চাঁদা তুলিয়া নারী বিশ্ববিদ্যালয় স্থাপন করিবে। আর আমাদের বাংলাদেশ-আহারে! সে কথা না বলাই ভালো। আমি যদি কিছু টাকা পাইতাম (ধর, মাত্র দুই লক্ষ) তবে কিছু করিয়া দেখাইতে পারিতাম। কিন্তু খোদা আমাকে টাকা দেন নাই।" (পত্র নং ৩)

চিঠির লেখায় প্রকাশিত হয়েছে রোকেয়ার হৃদয়ের কথা-বিনয়ের প্রকাশ এবং আদর্শ স্বপ্ন। সেই সঙ্গে তার অর্থাভাব। রোকেয়া নারী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন যেখানে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। শুধুমাত্র স্কুল গড়ে তিনি সন্তুষ্ট হননি। আজ একুশ শতকে এসে আমরা রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় দেখতে পাই। তাঁর স্বপ্ন আমরা আরও আগে সফল হতে দেখেছি – যেখানে বিশ্ববিদ্যালয়গুলোয় ছেলেমেয়েরা সমান তালে শিক্ষার্জন করতে সক্ষম হয়েছে এবং মেধা-মননে নারী তাঁর প্রতিভা বিকাশে সমর্থ হয়েছে।

তিন

রোকেয়ার শিক্ষার্জন হয়েছিল বড় ভাই ও বোনের কাছে। বিয়ের পর স্বামীর কাছে। সেই সঙ্গে ছিল তাঁর নিজের আগ্রহ এবং আন্তরিকতা। তিনি ছিলেন স্ব-মেধায় শিক্ষিত। শুধু মাত্র বাংলা নয়, ইংরেজী ভাষাও ছিল তার করায়াত্ত। উর্দু, ফারসী, হিন্দি ও আরবী ভাষা-সাহিত্যের ওপরও ভালো দখল ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কিন্তু তার জ্ঞানের সাধনা ও সাহিত্য রচনা দেখে কি নূন্যতম সন্দেহ জাগে যে, রোকেয়া ছিলেন স্ব-শিক্ষিত। স্ব-শিক্ষা মানুষকে উন্নত করে, তাঁর যদি মেধা থাকে, মননের চর্চা থাকে-তাহলে সে সমাজের বুদ্ধিজীবীর তালিকায় উঠে আসে। তাঁর কল্যাণ ধর্ম, মানবিক চিন্তা-ভাবনা, সংস্কারধর্মী কর্মকান্ড তাকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে বসায়। তিনি হয়ে ওঠেন সমাজের বিবেক, যুগের প্রতিনিধি, কালের কণ্ঠ। বঙ্গবন্ধু শেখ মুজিব, বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুল-শেরে বাংলা ফজলুল হকের মতো মহিয়সী রোকেয়াও বিবিসি শ্রোতা জরীপে শ্রেষ্ট বাঙালির মর্যাদায় অধিষ্টিত হতে পেরেছেন। রোকেয়ার জীবনের অভিজ্ঞতাই তাঁকে সমৃদ্ধ করেছে। সেই অভিজ্ঞতার প্রথম আবেদনটি ছিল নারীর স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য তিনি নিজেকে স্ব-শিক্ষায় শিক্ষিত করেছেন। তারপর লেখনী ধরেছেন। অবরোধবাসিনী হয়েও অবরোধের বেড়াজাল ভাঙতে সমাজকে জাগতে আহ্বান করেছেন, ধর্মের নামে শোষণের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে নারীকেও জাগরণী বাণী শুনিয়েছেন। তার কথাগুলো আমরা দেখি,

  • 'ধর্মই আমাদের দাসত্ব বন্ধন দৃঢ় হইতে দৃঢ়তর করিয়াছে, ধর্মের দোহাই দিয়া পুরুষ রমনীর উপর প্রভুত্ব করিতেছেন।'
  • 'জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিৎ নহে।'
  • 'কন্যা পণ্যদ্রব্য নহে যে, তাহার সঙ্গে মোটরগাড়ি ও তেতলা বাড়ি ফাউ দিতে হইবে'
  • 'আমি সমাজকে দেখাইতে চাই, একমাত্র বিবাহিত জীবনই নারীজন্মের চরম লক্ষ্য নহে, সংসার ধর্মই জীবনের সারধর্ম নহে।'
  • 'যাহা হউক, মাতা, ভগিনী, কন্যে! আর ঘুমাইও না—উঠ, কর্তব্য পথে অগ্রসর হও।' ( রোকেয়া রচনাবলী থেকে)

উপরের উল্লেখিত পবিত্র রোকেয়া পাঠ থেকে আমরা উপলব্ধি করতে পারি রোকেয়ার কঠোরতা। সমাজকে তিনি ঘষে ঘষে জাগাতে চেয়েছেন। নারীর অসহায়ত্বকে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। ধর্মের নামে নারীর ওপর শোষণ, পুরুষশাসিত সমাজ ব্যবস্থার কুফল। নারীর অসহায়ত্ব ও দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ক্রীতদাসী করেছে, তার একাকীত্বের সুযোগে 'পতিতা' করে সমাজচ্যূত করেছে, তার সৌন্দর্য ও শিল্পকলার সুবিধা দিয়ে তাকে ভোগ করেছে এবং কলঙ্কিত করে রেখেছে। নারীকে কখনও মানুষ হিসেবে বিবেচনা করেনি—তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয়নি।

রোকেয়াই প্রথম বলেছেন, নারী মানুষ। নারীরও অধিকার আছে। শারীরিক ও মানসিক শক্তি বিকাশের জন্য তার শিক্ষা অর্জনের অধিকার আছে। চাকরি বা ব্যবসা করে অর্থোপার্জনের অধিকার আছে। সৃজনশীল প্রতিভার বিকাশের অধিকার আছে। সমাজের কাজ করার অধিকার আছে। বাইরে বের হবার, চলাফেরার অধিকার আছে।

আমরা রোকেয়ার জীবনে এই অধিকারগুলো রূপায়িত হতে দেখি। তিনি নিজের জীবনে যা গ্রহণ, যে আদর্শ হিসাবে ধারণ করেছেন সেটাই দেখাতে চেয়েছেন পরিবারে-সমাজে। তাই তাঁর আদর্শের উত্তরাধিকারী হতে সক্ষম হয়েছিলেন শামসুন্নাহার মাহমুদ, সুফিয়া কামালসহ তাঁর স্কুলের ছাত্রীরা। রোকেয়া আদর্শে মুগ্ধ শুধু এরাই নন, ঐ সময়ের শিক্ষিত-সচেতন পুরুষরাও মুগ্ধ হয়েছিলেন বলে তাদের নিজ নিজ ঘরের স্ত্রী ও কন্যাদের অবরোধ ভাঙ্গতে উদ্বুদ্ধ করেন। কন্যাদের শিক্ষা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতা করেছেন। তাদের কারণেই নারীও এগিয়েছে, সমাজ জেগেছে। রাষ্ট্রও নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এটা আমাদের স্বীকার করতেই হবে। তারপরও কিন্তু বাধা-বিপত্তি এসেছে ধর্মান্ধ ও কুসংস্কারবাদী গোষ্ঠীর কাছ থেকে, নারী বিদ্বেষী পুরুষের কাছ থেকে। এমন কি নারীর ভোটে নির্বাচিত স্বৈর শাসকদের কাছ থেকে যারা এই ধর্মান্ধ গোষ্ঠীকে সর্বদা আশ্রয়-প্রশ্রয় দিয়ে প্রতিষ্ঠিত করে থাকে। আমরা এটা পাকিস্তানী শাসকদের মধ্যে দেখেছি এবং বাংলাদেশে দুই স্বৈরশাসকের আমলেও দেখেছি।

বাংলাদেশ স্বাধীতা অর্জনের পর যে পবিত্র সংবিধান দেয়া হয়, সেখানে স্পষ্ট করে বলা আছে নারী-পুরুষের সমান অধিকারের বিষয়টি। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার ধারারও উল্লেখ আছে।

এই অবস্থানে আসতে নারীকেই আন্দোলন করতে হয়েছে, রোকেয়ার কাছ থেকে যারা শিক্ষা-দীক্ষা নিয়েছেন তারাই একটু একটু করে এগিয়ে নিয়ে গেছেন। পরিবারে-সমাজে তাদেরও অনেক কটু কথা শুনতে হয়েছে, রোকেয়া যেভাবে সমাজের কাঠমোল্লাদের কাছ থেকে অভিসম্পাত শুনেছেন।

আমরা দেখেছি নারী স্বাধীনতার জন্য রোকেয়া ধর্মের কঠোর সমালোচনা করেছেন। তিনি শৈশবে তোতাপাখির মত কোরান শরীফ পাঠকে মনে প্রাণে গ্রহণ করতে পারেন নি। তারপরও ধর্মগ্রন্থ প্রতিদিন পাঠ করতেন, তিনি নিজেই চিঠিতে লিখেছেন, "প্রতিদিন ভোরে আমি পাক কোরানের ২/১ পৃষ্টা পড়লে বড় শান্তি পাই। কত সান্তনা রয়েছে এই কথা কয়টিতে "আমি এদুনিয়ায় কিছু চাই না, আমার পুরস্কার জমা রয়েছে সারা দীন দুনিয়ার মালেকের কাছে।" নিয়মিত নামাযও পড়তেন। কোরান শরীফের বাংলা অনুবাদ করে তা ঘরে ঘরে পাঠ করার দাবি করেন। নিয়মিত নামায পড়তেন, হোস্টেলের ছাত্রীদের নামায পড়াতেন এবং স্কুল শুরুর পূর্বে প্রার্থনা করা হতো।

সেই রোকেয়াকে আমরা লিখতে দেখি "আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ঐ ধর্ম্মগ্রন্থ গুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। ….. এই ধর্মগ্রন্থগুলি পুরুষ-রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। মুনিদের বিধানে যে কথা শুনিতে পান, কোন স্ত্রী মুনির বিধানে হয়ত তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন। কিন্তু স্ত্রী লোকদের সেরূপ যোগ্যতা কই যে, মুনি ঋষি হইতে পারিতেন?" (আমাদের অবণতি)।

তিনি ঐ একই প্রবন্ধে আরও স্পষ্টভাবে বলেছেন, "যেখানে ধর্ম্মের বন্ধন অতিশয় দৃঢ় সেইখানে নারীর প্রতি অত্যাচার অধিক। যেখানে ধর্ম্ম বন্ধন শিথিল, সেখানে রমণী প্রায় পুরুষের ন্যায় উন্নত অবস্থায় আছেন।"

ধার্মিক সমাজকে তিনি আঘাত দিতে চাননি সত্য। কিন্তু যুক্তি দ্বারা বোঝাতে চেয়েছেন ধর্মান্ধরা সমাজকে কতখানি পিছিয়ে রাখছে। নারীকে শৃংখলিত করে অবরোধের বেড়াজালে আটকিয়ে রেখেছে। উপলব্ধি করা যায়, রোকেয়া ধর্মের বাইরে আসতে সমর্থ হন শুধুমাত্র নারীর অধিকারের দাবিতে। ধর্মের নামে বাড়াবাড়ি তার পছন্দ ছিল না। ধর্মকে ব্যক্তিগত অনুভূতির আধার ভাবতেন। সেখানে শান্তি অর্জন করতেন। নারী স্বাধীনতা ও পুরুষের সমকক্ষতা অর্জনকে তিনি উর্ধ্বে স্থান দিয়েছেন এবং সে কারণে শিক্ষার কথা বলেছেন। শিক্ষার্জনের মাধ্যমে নারী স্বাধীনতা পাবে ও মর্যাদাপ্রাপ্ত হবে এটাই ছিল তাঁর প্রত্যাশা, তাঁর স্বপ্ন-তাঁর দূরদৃষ্টিসম্পন্ন দৃষ্টিভঙ্গি। তিনি ধর্মবিরোধী ছিলেন না, কিন্তু ধর্মের অপব্যাখ্যা ও ধর্মের নামে জোর করে চাপিয়ে দেবার প্রবল প্রতিবাদী, বলা যায় 'বিদ্রোহী' ছিলেন।

রোকেয়া স্পষ্ট করেই বলেছেন, যখনই নারী মাথা তুলবার চেষ্টা করেছে তখনই পুরুষ ধর্মের ভয় দেখিয়ে তাকে দাবিয়ে রেখেছে এবং তার ওপর প্রভুত্ব প্রতিষ্ঠা করেছে। আমরা তো দেখেছি, ধর্মের নাম করে কীভাবে ফতোয়া দিয়ে দণ্ড দেয়া হয়, ঘরের বাইরে যাবার নিষেধাজ্ঞা দেয়া হয় এবং সর্বশেষ গত ২৯ নভেম্বর ২০১০ তারিখে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি ধর্মীয় সংগঠণের বিবৃতি 'ইভ টিজিং না থাকলে পুরুষ হিজড়া হয়ে যাবে।' এসবই নারীকে শোষণ করার জন্য পুরুষের ষড়যন্ত্র। নারীকে তারা বেশ্যা-পতিতা-ডাইনী-নরকের কীট-মুর্খ নাম দিয়ে ক্রীতদাসী, সেবাদাসী ও মনোরঞ্জনকারী হিসেবে বিবেচনা করে এসেছে।

ধর্মীয় নেতা, ধর্মীয় শাসক এবং তাদের ভাবশিষ্যরা ধর্মীয় রীতিনীতি নিয়ন্ত্রণ করার নামে মানবাধিকারকে অগ্রাহ্য করেছে। আর সে কারণে নারীও যেমন অসহায় ও নিরাপত্তাহীন থেকেছে তেমনি দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছে।

বিশেষ করে পণপ্রথা, বহুবিবাহ, সম্পত্তি থেকে বঞ্চিত রাখা, বৈধব্য জীবন ইত্যাদি কারণেও নারী দরিদ্রতর থেকে গেছে। অশিক্ষা-অসচেতনা-অর্থাভাব-অনাহার ইত্যাদি কারণে তার ভাগ্য অন্ধকারাচ্ছন্ন থেকে গেছে।

আমাদের মনে রাখতে হবে—রোকেয়া নারী স্বাধীনতা চেয়েছিলেন বলেই 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' গঠন করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়েছিলেন। তিনি তৃণমূল থেকেই কাজ শুরু করেন। মধ্যবিত্ত উচ্চবিত্ত সম্ভ্রান্ত ঘরে ঘরে গিয়ে স্কুলের জন্য ছাত্রী সংগ্রহ করেছেন এবং শিক্ষাদানের পাশাপাশি সেলাই রন্ধন স্বাস্থ্য সেবার প্রাথমিক কাজগুলো শিক্ষা দিতেন যাতে মেয়েটি স্বাবলম্বী হতে পারে। ঠিক তেমনি কলকাতার বস্তিতে ঘুরে ঘুরে তিনি মেয়েদের শিক্ষা ও গার্হস্থ কর্মকাণ্ড শেখাতেন। তিনি ঘরে ঘরে গিয়ে নারী জাগরণের কথা বলতেন এবং বিভিন্ন শিক্ষা ও নারী প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তৃতা দিতেন। তাঁর বক্তৃতার প্রধান বিষয়টি ছিল অবরোধ ভাঙ্গতে হবে, নারীকে শিক্ষা দিতে হবে এবং স্বাধীনভাবে চিন্তা-ভাবনা ও চলফেরার অধিকার দিতে হবে। পুরুষের সমকক্ষতা অর্জনের অধিকারী হতে হবে। তিনি বাঙালি নারী জাগরণের গোড়াপত্তন শুরু করেন কলম হাতে নিয়ে তীক্ষ্ম ও যুক্তি সম্পন্ন লেখার মাধ্যমে। তাঁর আবেগ ও ভাবালুতাকে গুরুত্ব না দিলেও তাঁর বহু তীক্ষ্ম ব্যঙ্গোক্তি ও উদাহরণ গুরুত্বের দাবিদার। বিভিন্ন সাহিত্য থেকে উদ্বৃতি এনেছেন, এতে বোঝা যায় তার জ্ঞানের চর্চা ও সাধনার কোন ঘাটতি ছিল না। সেখানে তিনি যথেষ্ট মেধাবী ছিলেন। বিশিষ্ট লেখক ড. আবদুল মান্নান সৈয়দ বলেছেন, "…. চিন্তায়, চেতনায়, কর্মে নারী জাগরণে তথা বাংলার নবজাগরণে তাঁর ভূমিকা দ্বিতীয় রহিত। আধ্যাত্মিকতার স্থলে ঐহিকতা, গড্ডলের স্থলে ব্যক্তিকতা, ভাবালুতার স্থলে ভাবুকতা, আবেগের স্থলে যুক্তিশীলতা, প্রশ্নহীন সমর্থনের স্থলে জিজ্ঞাসু বিবেচনা-পুনর্বিবেচনা, বিমূর্ত কল্পনার স্থলে যুক্তিশীলতা, প্রশ্নহীন সমর্থনের স্থলে মনস্বিতা ও তার সকর্মক প্রয়োগ-বেগম রোকেয়া রেঁনেসাসের এইসব চরিত্রলক্ষণ অসম্ভব উজ্জীবিত।" (বেগম রোকেয়া গ্রন্থ থেকে)

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. সৈয়দ তানভীর নাসরিন লিখেছেন "রোকেয়ার বহুমুখী প্রতিভার বিকাশ ও স্ফুরণ ঘটেছে তাঁর যুক্তিবাদ ও বিজ্ঞানমনস্কতাকে কেন্দ্র করে। সেই চিন্তন তাঁর লেখায় পরিস্ফুট হয়েছে, তেমনই তার জীবনের প্রতিটি পদক্ষেপকেও পরিচালিত করেছে।" (বেগম রোকেয়া: ইতিহাসের পরম্পরা প্রবন্ধ থেকে)

এরপর আর অনুসন্ধানের প্রয়োজন পড়ে না রোকেয়া প্রতিভার সাক্ষর। তাঁর লেখনীর শাণিত ধারা মুসলিম সমাজকে জাগিয়েছে, ঘষে ঘষে বিবেক জাগ্রত করেছে, নারীকে তাঁর শক্তি অর্জনে সাহসী করেছে এবং অবরোধ ভাঙ্গতে সহায়তা করেছে। রোকেয়ার মৃত্যুর প্রায় ৭৮ বছর পার হয়ে আমরা এখন একুশ শতকে চারদিকে অবশ্যই তাঁর স্বপ্ন সম্ভাবনার ছটা দেখতে পাই। কিন্তু তাই বলে নারী দমন, নির্যাতন ও বৈষম্য বিলুপ্ত হয়ে যায়নি। কখনও কখনও ভয়াবহ আকারে ঘটে থাকে। রাষ্ট্রীয় আইন, সামাজিক বিচার, পারিবারিক বন্ধন সবই আছে—আগের চেয়ে অনেক সুবিধা ও উন্নত অবস্থানে রয়েছে, তারপরও নিরাপত্তাহীনতা রয়ে গেছে। ধর্মান্ধ কাঠমোল্লাদের অপপ্রচার আছে, নারী পণ্য হিসাবে উপস্থাপনের ষড়যন্ত্র আছে, নারীকে অপমান ও বিড়ম্বনায় ফেলার অপচেষ্টা আছেই। সুবিধাবাদী নারীর ক্ষমতায়ন হচ্ছে, কিন্তু বৃহত্তর ভাগ্যাহত নারীসমাজ শোষণ ও বঞ্চনার শিকার থেকেই যাচ্ছে। রোকেয়া যে পুরুষের সমকক্ষতা চেয়েছেন তার ধারে কাছেও এরা যেতে পারে নাই। নারীকে সঙ্গী বা মানুষ নয়, মুর্খ-অসচেতন, অবহেলিত ও ক্রীতদাসী হিসেবে পুরুষ অপমান-অমর্যাদা -বঞ্চনা করেই যাচ্ছে।

চার

রোকেয়ার জীবন ও কর্মকান্ড থেকে আমরা খুঁজে পাই একজন মহিয়সী নারীর আদর্শময় প্রতিকৃতি। যে নারী বাঙালির ঘরের, বাঙালির জীবন ঘনিষ্ঠ এবং সে নারী জীবন সংগ্রামী, বিদ্রোহী-বিপ্লবী। সঙ্গে সঙ্গে আপোষহীন, আত্মত্যাগী। কোন প্রকার মোহ, তোষামোদ, হাততালি ও বিলাসিতার ধার ধারেন না। বরং নিজেকে উজার করে দিয়েছেন নারীর স্বাধীনতা অর্জনে। তাঁর শক্তি ছিল স্ব-শিক্ষা, সদিচ্ছা এবং মেধা ও যুক্তিসম্পন্ন লেখনী প্রতিভা। শৈশবে পিতৃস্নেহ বঞ্চিতা, মায়ের কড়া শাসনে অবরোধের বেড়াজালে শিকল বন্দি হয়ে ধর্ম ও গার্হস্থ্য শিক্ষা গ্রহণে বাধ্য হন সত্য। কিন্তু বেড়াজালে বসে রাতের গভীরে মোমবাতি জ্বালিয়ে আপন বড় ভাই-বোনের কাছে শিক্ষার্জন করেন। তাদের আঙ্গুল ধরে হাঁটতে শেখেন এক দুঃসাহসী সৈনিকের মত। তারপর তাঁর বিয়ে হয়ে যায় ছাব্বিশ বছরের বড় এক বিপত্নীক, ভিন্ন ভাষী ব্যক্তির সঙ্গে। আমাদের সৌভাগ্য ভাই-বোনের আঙ্গুল ছেড়ে গেলেও স্বামীর হাতটি তিনি ধরতে সক্ষম হন। উদার, শিক্ষিত স্বামীর হাতটি বেশ শক্তই ছিল বলতে হবে। রোকেয়ার মেধা ও প্রতিভা বিকাশের শ্রেষ্ঠ সময়টিতে তিনিই সহযোগিতা করে গেছেন।

আমার মনে হয়—রোকেয়া তো জমিদার কন্যা ছিলেন, পিতার সাড়ে তিনশত বিঘা জমি ছিল, তিনি এক স্বচ্ছল বিলাসী জীবনের অধিকারিনী হতে পারতেন। কিন্তু পিতার অনৈতিক জীবনের কারণে তাও শেষ হয়ে যেতে বসেছিল। ছিল শুধু কলকাতায় উচ্চশিক্ষিত দুই ভাই ও স্বশিক্ষিত বড়বোন, যিনি কবিতা লিখতেন পত্রিকায়। রোকেয়ার কী দরকার ছিল লুকিয়ে লেখাপড়া শেখার? আবার বিয়ে হলো মাত্র ১৬ বছর বয়সে- কিন্তু তখনই তিনি মেধা ও সাধনায় পরিপুষ্ট অনেকখানি। সব বাদ দিয়ে তিনি তো সংসার ধর্ম পালন করে জীবন কাটাতে পারতেন।

রোকেয়ার কেন কলম ধরারও শখ হয়েছিল? নারী শিক্ষা, নারী স্বাধীনতা, নারী অধিকার প্রতিষ্ঠায় কেন জীবন পণ করে সংগ্রামে নামলেন? কেননা তিনি হৃদয় দিয়ে অনুভব করেছিলেন বলেই দায়িত্ব নিয়ে নেমেছিলেন। তাঁর সঙ্গে বা আশেপাশে খুব কম মানুষই ছিলেন। তাঁর এই আদর্শময় কাজটা অনেক বড় ছিল। তিনি অনুভব করেছিলেন এ কাজের দায়িত্ব তাঁকেই আমৃত্যু টেনে নিয়ে যেতে হবে।

বিয়ের পর স্বামীর কাঁধে একটা হাত রেখে দাঁড়িয়েছেন, পরনে শাড়ি ঠিকই আছে, কিন্তু হায় হায় ঘোমটা নেই, মাথায় কাপড়ও নেই। বরং ব্রচ দিয়ে এমনভাবে শাড়ি পড়েছেন যে একেবারে আধুনিকা বুদ্ধিমনস্ক এক তরুণী। যখনই দেখি ছবিটা আমার কাছে এক দুঃসাহসী নারীর দ্যূতি মনে হয় যেন লেগে আছে তার মধ্যে। রোকেয়া তার কালকে ছাড়িয়া যেতে সমর্থ হন একারণে যে তিনি কুসংস্কারাচ্ছন্ন ছিলেন না, ধর্মান্ধ ছিলেন না, অশিক্ষিত ও অসচেতন ছিলেন না এবং সাম্প্রদায়িক ও পুরুষবিদ্বেষীও ছিলেন না। বিজ্ঞান সম্মত চেতনায় একজন মনীষী ছিলেন। সবচেয়ে বড় কথা তিনি একজন বাঙালি ছিলেন। কথা-বার্তা পোশাক-পরিচ্ছদে, আচার-আচরণে, শিক্ষা-দীক্ষায় সর্বত্র তাঁর মধ্যে একজন শুদ্ধতম বাঙালির পরিচয় পাওয়া যায়। বিয়ের পর বিহারের ভাগলপুরে তাঁর স্বামীর ঘরে পনেরো বছর কাটিয়েছেন। স্বচ্ছল পরিবার, স্বামী ম্যাজিষ্টেট ছিলেন। কিন্তু মিতব্যায়ী ছিলেন এবং কোন প্রকার অহেতুক খরচ ও বিলাসিতা তাঁর ছিল না। রোকেয়া একজন আদর্শ স্ত্রী ও গৃহিনী হিসেবে তাঁর সেবা করেছেন, পথ্য রান্না করেছেন এবং অফিসের ফাইল (ইংরেজিতে লেখা) পড়ে শুনিয়েছেন। এই সময়টা রোকেয়ার জ্ঞানচর্চার শ্রেষ্ট সময়। তিনি প্রবন্ধ লিখতে শুরু করেছেন এবং 'সুলতানার স্বপ্ন' ইংরেজি ভাষায় লিখে ফেলেন। পনেরো বছরের দাম্পত্যজীবনে দুই কন্যার জন্ম দিলেও তাদের মুখে মা ডাক শুনতে পাননি। এটা ছিল ব্যক্তিগত দুঃখ-বেদনা। স্বামী মৃত্যুর পূর্বে তাঁকে স্কুল প্রতিষ্ঠার জন্য দশ হাজার টাকা ও নিজের খরচের জন্য কুড়ি হাজার দিয়ে যান। স্বামীর মৃত্যুর পর সতীনকন্যা তাকে গৃহ ছাড়তে বাধ্য করে। তিনি প্রথমে ভাগলপুরে স্কুল প্রতিষ্ঠা করেও বেশিদিন চালাতে পারেননি। স্বামীর দেয়া অর্থ নিয়ে কলকাতায় চলে আসেন ৩ ডিসেম্বর ১৯১০ সালে এবং ১৬ মার্চ সাখাওয়াৎ স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁর এই কলকাতা চলে আসাটা ছিল সবচেয়ে বড় বুদ্ধিমত্তা ও বিচক্ষনতা। ভাগলপুরে থাকলে তার কদর কেমন হতো জানি না, তবে সাহিত্য সাধনা, স্কুল পরিচালনা ও নারী স্বাধীনতার কাজে বাধা-বিঘ্ন সৃষ্টি হতো। কলকাতা তখন শিক্ষা সংস্কৃতি চর্চার শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছিল।

রোকেয়া শৈশবে খুব আনন্দময়ী, মিশুক ও বুদ্ধিমতি ছিলেন। তাঁর রসিকতাপূর্ণ কথা শুনে সবাই মুগ্ধ হতো। স্বামীর কাছে তাঁর কদর ছিল, স্বামীর বন্ধু-বান্ধব ও বিদগ্ধ সমাজে তার সম্মান ছিল। কলকাতার বাঙালি বিদগ্ধ সমাজ, স্কুলের কাজের জন্য সংশ্লিষ্ট যেখানে যেতেন সবাই তাঁকে মর্যাদা দিত।

তাঁর সম্পর্কে শোনা যায় যারা তাঁকে দেখেছেন, তাঁর সঙ্গে কাজ করেছেন তাদের মুখ থেকে।

  • বাংলা সাহিত্যের বিশিষ্ট সমালোচক মোহিতলাল মজুমদার 'রোকেয়া জীবনী'র ভূমিকায় বলেছেন, "বাঙালি মুসলিম সমাজের আত্মা এবং বিবেক-বুদ্ধি এমনভাবে একটি নারী প্রতিমারূপে প্রকাশ পাইয়াছে। একালে হিন্দুসমাজেও এমন নারী চরিত্র বিরল। কিন্তু একজন হিন্দু আমি বিন্দুমাত্র লজ্জাবোধ করিতেছি না, কারণ বেগম রোকেয়া শুধুই মুসলিম মহিলা নহেন, তাঁহার জীবনবৃত্তান্ত পাঠ করিয়া আমার দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে যে তিনি খাঁটি বাঙালির মেয়ে।
  • রোকেয়ার মৃত্যুর পর তাঁর এক ছাত্রী রওশন আরা বলেছেন, "সেই পূণ্যশীলা মহীয়সী মহিলার প্রতি কথায়, প্রতি কাজে যেন একটা নিবিড় আন্তরিকতা মিশানো থাকিত। যাহারা তাহার সংস্পর্শে আসিয়াছে তাহাতে যেন তাহাদেরও প্রাণে সাড়া না জাগাইয়া পারিত না।" (রোকেয়া জীবনী)
  • শামসুন্নাহার মাহমুদ তাঁর গ্রন্থে লিখেছেন, "…. রোকেয়া ছিলেন অতি পুরাতন এক সম্ভ্রান্ত শরীফ বংশের সন্তান। মান-মর্যাদা ও প্রভাব-প্রতিপত্তিতে বর্তমান বাংলায় যে সকল পরিবার অগ্রগণ্য তাহার অনেকগুলির সঙ্গেই ছিল রোকেয়ার ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু ইহার জন্য তাঁহাকে কখনো গৌরব অনুভব করতে দেখি নাই। বরং সম্ভ্রান্ত অর্থে তিনি বুঝিতেন অভিশপ্ত। …. ঘরের চেয়ে বাহিরকেই তিনি বেশী আপনার বলিয়া জানিয়াছিলেন। তিনি জানিতেন, ঘরের সম্পর্ক দেহের, রক্তের; কিন্তু বাহিরের, সম্পর্ক হৃদয়ের-অন্তরের অন্তরতম জনার।" (রোকেয়া জীবনী)
  • ১৯৩২ সালে প্রথম দেখা রোকেয়ার ছাত্রী ও সাখাওয়াৎ স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ার বাহার চৌধুরী লিখেছেন, "… সেদিন তার পরনে ছিল সাদা সিল্কের শাড়ী, গায়ে ঐ রংয়ের ফুলহাতা ব্লাউজ, মাথার ঘোমটা লেস পিন দিয়ে আঁটা পায়ে কাল রংয়ের পাম্প সু। দেখতে তিনি অপূর্ব সুন্দরী। গায়ের রং মাখনের মত, নমনীয় চেহারা, মাথার চুল খুব কালো। ছোট খাট মানুষটি। প্রথম দেখাতেই ভালো লেগেছিল।" (রোকেয়া সাখাওয়াৎ স্মারক গ্রন্থ)
  • ১৯২৭ সালে রোকেয়ার স্কুলের এক ছাত্রী রাবিয়া খাতুন লিখেছেন, "………. সেই প্রথমদিন থেকেই বেগম রোকেয়াকে আমার ভীষণ আপন মনে হয়েছিল। তিনি দেখতে খুবই ফর্সা ছিলেন, যাকে বলে দুধে আলতা গোলা রং। সবসময় তাঁতের শাড়ি ও ফুলহাতা ব্লাউজ পড়তেন। বেগম রোকেয়া বেশী লম্বা ছিলেন না, কিন্তু তাঁর চুল খুব লম্বা ও ঘন কালো ছিল। তাঁর চেহারা দেখে খুব মায়া লাগত এবং খুবই শ্রদ্ধা করতে ইচ্ছা হতো। তাঁর মতো মনকাড়া মানুষ আমি আর দেখিনি। আমরা হোস্টেলের মেয়েরা তাঁকে 'আম্মা' বলে ডাকতাম।" (রোকেয়া সাখাওয়াৎ স্মারক গ্রন্থ থেকে)

উপরে উল্লেখিত বর্ণনার সঙ্গে রোকেয়ার তিনটি ছবি সামনে রেখে যখন মেলাতে চেষ্টা করি-তখন এই মহিয়সী নারীর আত্মত্যাগ ও আজীবনের সংগ্রামের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এই সঙ্গে তার রচনাবলী যখন পড়ে তাঁর চিন্তা-ভাবনা চেতনাকে উপলব্ধি করি তখন তাঁর আদর্শ ধারণ করা আমাদের জন্য জরুরী হয়ে পড়ে। আমরা তাঁকে চোখে দেখিনি, কাছে যাইনি, স্পর্শ পাইনি এবং মুখের কথাও শুনিনি। আমরা শুধুমাত্র তাঁর তিনটি ছবি, রচনাবলি হাতে পেয়েছি। তিনি সেই অবরোধ ভাঙ্গার জন্য সমাজকে জাগাতে পেরেছিলেন বলেই আজ আমরা শিক্ষার্জন করে নিজ নিজ অবস্থান গড়তে সক্ষম হয়েছি।

তিনি বলেছেন, "কন্যাগুলিকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও-নিজের অন্নবস্ত্র উপার্জন করুক।" এটা ছিল তার নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার যুগান্তকারী আহ্বান। 'সুলতানার স্বপ্ন' তার অসাধারণ চিন্তার প্রকাশ। অনেকে একে কল্প বিজ্ঞান রচনা বলেন কিন্তু এটি আসলে পুরুষের বিরুদ্ধে নারীর যেন চরম চ্যালেঞ্জ।

পদ্মরাগ উপন্যাসে বেশ কিছু কথা আছে যা পড়লে রোকেয়ার আদর্শের কন্যাদের আমরা এখন খুঁজে পাই। রোকেয়া চেয়েছিলেন মেয়েরা স্বাধীনভাবে অর্থোপার্জন করুক, জজ-ব্যারিস্টার, লেডি ভাইসরয় হোক। স্বাধীন ব্যবসা করে অর্থোপার্জন করুক—রোকেয়ার এই স্বপ্ন তো আমরা সফল করেছি শিক্ষা-চেতনা ও কাজের দক্ষতায় পুরুষের সমকক্ষতা লাভ করে।

পদ্মরাগ উপন্যাসের নায়িকা সিদ্দিকাকে তার ভাই বলছে, "তুই জীবন সংগ্রামের জন্য প্রস্তুত হ! মুষ্টিমেয় অন্নের জন্য যাহাতে তোকে কোনও দুরাচার পুরুষের গলগ্রহ না হইতে হয় আমি তোকে সেইরূপ শিক্ষা-দীক্ষা দিয়া প্রস্তুত করিব। তোকে বাল্য বিধবা কিংবা চিরকুমারীর ন্যায় জীবনযাপন করিতে হইবে; তুই সেজন্য আপন পাঁয়ে দৃঢ়ভাবে দাঁড়া।"

এই কথার মধ্য দিয়ে আমরা রোকেয়ার মানসকন্যাকে খুঁজে পাই। তিনি তাঁর কন্যাদের এভাবে দেখতে চেয়েছেন, যারা শক্ত ভিতের ওপর দৃঢ়ভাবে নিজেকে দাঁড় করাবে। রোকেয়া নিজের জীবনের অভিজ্ঞতা থেকে ছায়া হিসেবে এই সিদ্দিকাকে তৈরি করেছেন। রোকেয়ার এই আদর্শিক কন্যারা আমাদের চারপাশে এখন শক্ত হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা শুধুমাত্র দেশে নয় বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নের কথা বলছি। সরকারি উদ্যোগ ও সাহায্যপ্রাপ্ত এনজিওদের সেমিনার মিছিল সমাবেশ দেখে থাকি—এসবই রোকেয়ার আন্দোলনের ফসল। কিন্তু যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে রোকেয়া কাজ শুরু করেছিলেন, সেখান থেকে আমরা যেন সরে না যাই। আমরা যেন ভুলে না যাই, অর্জন হয়তো হয়েছে কিছু, কিন্তু এখনও অনেক পথ বাকি।

রোকেয়ার এই কন্যাদের আজ পরিবারে সমাজে-রাষ্ট্রে দেখতে পাই, গ্রামে-গঞ্জে সর্বস্তরে নানা কাজে দেখতে পাই। তিনিও এভাবে নারীকে বিচরণ করতে দেখতে চেয়েছেন সত্য। কিন্তু তার নারী স্বাধীনতা বা নারী শিক্ষা আন্দোলন শেষ হয়ে যায়নি। কেননা বৈষম্য বঞ্চনা-নির্যাতনের নানা মাত্রা নারীকে অসহায় করে রেখেছে, ভাগ্যহত করে রেখেছে। এসব থেকে আমাদের মুক্তি আনতে হবে একটি মর্যাদা সম্পন্ন অবস্থান অর্জনের মধ্য দিয়ে।

রোকেয়া মাত্র বায়ান্ন বছর বেঁচেছিলেন। আরও দশ বছর বেঁচে থাকলে আমাদের অনেক কিছু দিয়ে যেতে পারতেন। আরও নতুন নতুন লেখার মধ্য দিয়ে দিক-নির্দেশনা দিয়ে যেতে পারতেন। স্বাস্থ্য ভেঙ্গে পড়েছিল একটানা কাজের ব্যস্ততায়। বিশ্রামের কোনও সময় ছিল না। স্কুলের দুশ্চিন্তা তাঁর মধ্যে হতাশা তৈরি করেছিল। তিনি কিডনী ও প্রেসারের চিকিৎসা নিতেন। স্বাস্থ্য ভালো রাখার জন্য কলকাতার বাইরে বেড়াতে যেতেন। ১৯২১ সালে দ্বিতীয় ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে ঢাকায় এসে কিছুদিন কাটিয়ে যান। কিন্তু বিদায় নিয়ে চলে যেতেই হয়েছে। তবে তাঁর আদর্শ ও সংগ্রাম তাঁকে অমর করে রেখেছে। তিনি বাঙালি নারীর জননী হিসেবে আমাদের হৃদয়ে-অস্থি-মজ্জায়-রক্তবিন্দুতে-মননে-সংস্কৃতিতে ভাস্বর হয়ে থাকবেন।

গ্রন্থ সূত্র:

১. রোকেয়া রচনাবলী-আবদুল কাদির সম্পাদিত

২. রোকেয়া জীবনী–শামসুন্নাহার মাহমুদ

৩. অন্তপুরের আত্মকথা-চিত্রা দেব

৪. ঠাকুর বাড়ির অন্দরমহল-চিত্রা দেব

৫. পত্রে রোকেয়া পরিচিতি- মোশফেকা মাহমুদ

৬. রোকেয় রচনা সংগ্রহ-বিশ্বকোষ পরিষদ, কলকাতা

৭. বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন স্মারক গ্রন্থ- সেলিনা বাহার জামান সম্পাদিত

৮. বেগম রোকেয়া- আবদুল মান্নান সৈয়দ

বেবী মওদুদ

baby.maudud@gmail.com
—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts

Image
free counters