২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কিস্তি ৯ ছফামৃত

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 18 Sep 2010, 08:08 PM

Updated : 23 Jun 2022, 04:09 PM

শুরুর কিস্তি

কিস্তি ৮-এর পর

হুমায়ুন আজাদের সঙ্গে কাকার একটা কলমযুদ্ধ মানবজমিনে দীর্ঘদিন ধরে চলেছিল। ঘটনাটি ঘটেছিল আটানব্বই সালের জানুয়ারিতে। হুমায়ুন আজাদ দৈনিক মানবজমিনে একটি সাক্ষাৎকার প্রদান করেছিলেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন কবি রাজু আলাউদ্দিন। ওই সাক্ষাৎকারে বাংলা-সাহিত্যের এমন কোন কবি-সাহিত্যিক ছিলেন না যাঁদেরকে হুমায়ুন আজাদ আক্রমণ করেননি। তিনি রবিঠাকুরকে বলেছিলেন সাম্প্রদায়িক, নজরুলকে মৌলবাদী, লালন ফকিরকে পাগল, আহমদ ছফাকে শাহবাগের উন্মাদ। এভাবে তিনি নানাজনকে নানা অভিধায় অভিহিত করেছিলেন। ছফা কাকা সাক্ষাৎকারটি পড়ে খুব খেপেছিলেন এবং মানবজমিনে প্রতিবাদ করে একটি দীর্ঘ লেখা তিনি লিখেছিলেন। ফলে শুরু হয়েছিল দু'জনের মধ্যে বিরতিহীন কলমযুদ্ধ। তাঁদের এই কলমযুদ্ধ শালীনতার পর্যায় ছাড়িয়ে গিয়েছিল।


এস. এম. সুলতান ও শামসুর রাহমানের সঙ্গে আহমদ ছফা

অনেকে বুঝতে পেরেছিলেন হুমায়ুন আজাদ পত্রিকার শিরোনাম হওয়ার জন্য এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। কিন্তু ছফা কাকা তাঁকে এভাবে আক্রমণ করে বসবেন সেটা তিনি বুঝে উঠতে পারেননি। হুমায়ুন আজাদকে কথার বাণে জর্জরিত করার কারণে কেউ কেউ খুশি হলেও অনেকে তাঁর ওপর নাখোশ হয়েছিলেন। ছফা কাকার মত মানুষকে এ পর্যায়ে নেমে আসাটাকে অনেকে পছন্দ করেননি। পরে পরে বিষয়টি তিনিও অনুমান করতে পেরেছিলেন এবং অনুতপ্ত হয়েছিলেন। ফলে তাঁকে লিখতে হয়েছিল:

"আমি 'মানবজমিনে'র পাঠক-পাঠিকা ভাইবোনদের কাছে প্রথমে ক্ষমা চাইব। ক্ষমা চাইব একারণে যে, একজন লেখকের কাছে সুরুচিসম্পন্ন পাঠক যে ধরনের শোভন আচরণ প্রত্যাশা করেন, আমার আশঙ্কা হুমায়ুন আজাদের সঙ্গে আমার যে একটি অনিশেষ বাহাস চলছে, তাতে শালীনতার মাত্রাটি পুরোপুরি রক্ষা করা সম্ভব হবে না। বিশেষ করে তরুণ-তরুণীদের কাছে দুই গুণ বেশি ক্ষমা চেয়ে নেবার তাগিদ ভেতর থেকে অনুভব করছি। আমাদের যাদের বয়স হচ্ছে, পরিস্থিতির চাপে অনেক সময় আমাদের উজ্জ্বল অংশ তুলে ধরার বদলে কদর্য অংশ প্রদর্শন করতেই বাধ্য হচ্ছি। আর সে কারণে তরুণ-তরুণীরা আমাদের টিটকারি করেন এবং অনুকম্পা প্রদর্শন করেন। আমি মনে করছি সে জিনিসগুলো ইতোমধ্যে আমাদের প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে। (ছফা, খ. ৮, পৃ. ৪০২)

এ লেখাটি লিখে ছফা কাকা হুমায়ুন আজাদের সঙ্গে কলমযুদ্ধের ইতি ঘটিয়েছিলেন। এক সময় হুমায়ুন আজাদের সঙ্গে তাঁর সুন্দর সম্পর্ক ছিল। একটা সাক্ষাৎকারের কারণে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। মৃত্যুর আগ পর্যন্ত ছফা কাকা হুমায়ুন আজাদের সঙ্গে আগের সে সম্পর্কে ফিরে যেতে পারেননি। তবে ছফা কাকার লাশ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে রাখা হয়েছিল সেখানে হুমায়ুন আজাদকে দেখেছিলাম মলিন মুখে দাঁড়িয়ে থাকতে। তিনি বলেছিলেন, আমার ঝগড়া করার মানুষটিও থাকল না।

কবি শামসুর রাহমানের সঙ্গেও কাকা একটি বিতর্কে জড়িয়েছিলেন। ছিয়ানব্বই সালে শামসুর রাহমান বাংলাবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন ব্রাত্য রাইসু এবং রাজু আলাউদ্দিন। ওই সাক্ষাৎকারে তিনি আহমদ ছফাকে একজন 'ধান্ধাবাজ' হিসেবে অভিহিত করেছিলেন। শামসুর রাহমান সাহেবের এমন মন্তব্যে ছফা কাকা খুবই ক্ষিপ্ত হয়েছিলেন।

কবি শামসুর রাহমানের সঙ্গে ছফা কাকার এক সময় খুবই ভাল সম্পর্ক ছিল। তাঁদের লেখায় দেখা যায়, তাঁরা এক সময় একসঙ্গে অতি সুন্দর সম্পর্ক রক্ষা করে চলতেন। একসঙ্গে চলাফেরা, একসঙ্গে ওঠাবসা, একসঙ্গে আড্ডা দেয়ার মধ্য দিয়ে তাঁদের দিনগুলো অতিবাহিত হত । ছফা কাকা তো বলতেন আমি এক সময় শামসুর রাহমান এবং তাঁর কবিতার প্রেমে পড়েছিলাম। তিনি শামসুর রাহমানকে এক সময়কার গুরু হিসেবে অভিহিত করতেন। তিনি এ-ও দাবি করতেন, শামসুর রাহমানের অনেক কবিতা তিনি মুখস্ত বলতে পারেন। কালক্রমে শামসুর রাহমান রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লে ছফা কাকার সঙ্গে তাঁর মতের পার্থক্য দেখা দেয়। ফলে দু'জনের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। শামসুর রাহমানের প্রতি কাকার একটা সুপ্ত অভিমান কাজ করত, যে কারণে তিনি শামসুর রাহমানের রাজনীতি এবং কবিতার মান নিয়ে নানাভাবে সমালোচনা করতে পিছপা হতেন না। তবে সেটা শালীনতা ছাড়িয়ে যেত না। শামসুর রাহমান যখন তাঁকে 'ধান্ধাবাজ' বললেন তখন ছফা কাকা তাঁর পুরনো অনেক ঘটনার অবতারণা করে পত্রিকায় একটি লেখা লিখে বসলেন, যেটি তাঁকে মারাত্মকভাবে আহত করে। লেখাটির একটি অংশ:

"কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ মারা যাওয়ার পরে আমরা লিচুতলায় একটি শোকসভার আয়োজন করি এবং তাতে শামসুর রাহমান এবং তাঁর বলয়ের কতিপয় ব্যক্তির কঠোর নিন্দা করি। কারণটা বুঝিয়ে বলি। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ যখন অকালে প্রাণ হারাল, ক্ষিপ্ত তরুণ কবিদের অনেকেই প্রকারান্তরে কবি শামসুর রাহমান এবং তাঁর মত মানুষদের রুদ্রের মৃত্যুর জন্যে আংশিক দায়ী করলেন। যাঁরা দাবিটি উত্থাপন করেছিলেন তাঁদের মধ্যে অসীম সাহাও একজন ছিলেন। শামসুর রাহমান সাহেব কবিতা পরিষদের সভাপতি ছিলেন। স্বৈরাচারী এরশাদ যখন এশীয় কবিতা উৎসবের আয়োজন করছিলেন তার প্রতিবাদে জাতীয় কবিতা উৎসবটি করার উদ্যোগ নেয়া হয়। এই কবিতা পরিষদের পেছনে রুদ্র অনেক সময় ব্যয় করেছিলেন এবং কবিতা পরিষদের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। এক সময় শামসুর রাহমান এবং তাঁর চ্যালারা রুদ্রকে ওই কবিতা পরিষদ থেকে তাড়িয়ে দেন। তারপরে রুদ্র সঙ্গীত পরিষদ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে উঠে পড়ে লেগে যায়। বেদনার কথা হল, সেখান থেকেও রুদ্র বিতাড়িত হয়। অনেকেই মনে করেন এই মানসিক আঘাতগুলো রুদ্রের মৃত্যু ত্বরান্বিত করেছে। এর পেছনে হয়ত সত্য নেই, তথাপি তরুণ মনের কাউকে না কাউকে দায়ী করার প্রবণতার ব্যাপারটি একেবারে উড়িয়ে দেয়া যায় না। হয়ত শামসুর রাহমান সাহেবরা দায়ী ছিলেন না, কিন্তু রুদ্রের প্রতি অবিচার করেছিলেন। আমি সেটা এক শ' ভাগ মনে করি। সেজন্যে সভা করে আমি শামসুর রাহমান এবং অন্যদের নিন্দা করেছিলাম। (ছফা, খ. ৫ পৃ. ৩৪৮)

তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসটি যখন প্রকাশিত হয়েছিল তখন তার পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে। কোলকাতার আনন্দবাজার গোষ্ঠী লজ্জা নিয়ে এত মাতামাতি করেছিল যে বিশ্বের বুকে বাংলাদেশকে অনেকটা খাটো করে ফেলেছিল। কবি শামসুর রাহমান এবং তাঁর বলয়ের মানুষেরা আনন্দবাজারের সঙ্গে একজোট হয়ে তসলিমাকে সমর্থন জুগিয়েছিলেন। ফলে শামসুর রাহমানদের ওপর ছফা কাকা খেপেছিলেন। তিনি লিখেছেন:

"দ্বিতীয়বার তার প্রতি নিন্দা জানানোর জন্য আর একটি সভার উদ্যোগ আমি নিয়েছিলাম। লোকজন বিশেষ পাওয়া যায়নি বলে পরিকল্পনাটা বাদ দিতে হয়। আমি শামসুর রাহমান সাহেবকে নিন্দা করার উদ্যোগ নিয়েছিলাম একটি বিশেষ কারণে। কোলকাতার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী তসলিমার 'লজ্জা' পুস্তককে উপলক্ষ করে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তিকে খাটো করার যে কাল্পনিক চেষ্টায় মেতে উঠেছিল শামসুর রাহমান এবং তাঁর মত মানুষেরা সেটা সমর্থন করেছিলেন। শামসুর রাহমান সাহেবরা ঠিক করেছিলেন কিনা সেটা সকলের বিবেচনার ওপর ছেড়ে দিলাম। মাঝখানে তসলিমা সংবাদপত্রে যে বিবৃতিটি দিয়েছেন তার সংবাদপত্র শিরোনাম ছিল, 'Indians have destroyed me' অর্থাৎ ভারত আমার সর্বনাশ করেছে। তসলিমা তাঁর বিবৃতিতে আরও বলেছেন, ভারতীয়রা উস্কানী দিয়ে আমাকে ইসলামের বিরুদ্ধে লিখিয়েছে।

শুরুর দিকে ভারত সারা পৃথিবীতে তসলিমার বিষয়টি তুলে ধরলেও পরে তাঁরা তসলিমাকে ভারতে আসার ভিসা দিতে অস্বীকার করেছে। তসলিমা বেচারি 'আনন্দবাজারের' কাছ থেকে প্রাপ্য বিপুল পরিমাণ টাকাও আদায় করতে পারেনি। এখন শামসুর রাহমান সাহেব নিজেও তসলিমার নিন্দা করছেন।" (ছফা, খ. ৫ পৃ. ৩৫০)

কবি শামসুর রাহমান আওয়ামী লীগের শাসনামলে এমনভাবে সরব হয়ে উঠেছিলেন যে প্রায় প্রতিদিনই তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা যেত। তখন বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি বলতে গেলে তিনিই নিয়ন্ত্রণ করতেন। হয়ত শাসক মহল তাঁকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। শামসুর রাহমান সাহেবের যেখানে সেখানে এমন উপস্থিতি ছফা কাকা পছন্দ করতে পারতেন না। ফলে তিনি শামসুর রাহমানকে 'রাজকবি' হিসেবে সম্বোধন করতেন। তিনি তাঁর প্রতি এত ক্ষিপ্ত হয়েছিলেন এরকম কথাও তিনি লিখেছিলেন :

'আমার খুব সাধ জাগে, হাতে যদি টাকা-পয়সা আসে আমার এককালীন গুরুকে একখানি চকচকে আয়না কিনে দেব, যাতে নিজের চেহারাটি তিনি ভালমত অবলোকন করতে পারেন। (ছফা, খ. ৫. পৃ. ৩৫০)

শামসুর রাহমানের সাক্ষাৎকারের বিপরীতে ছফা কাকা যখন পত্রিকায় লেখাটি লিখেছিলেন, শামসুর রাহমানও ওইদিন তাঁর প্রতিক্রিয়া পত্রিকায় জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন:

"এটা সাক্ষাৎকারের অংশ ছিল না। তবু এটিকে কেন সাক্ষাৎকারগ্রহণকারীরা প্রকাশ করলেন, আমি বুঝতে অক্ষম। আহমদ ছফার সঙ্গে আমার মতের অমিল থাকতে পারে, কিন্তু সেজন্য উদ্যোগী হয়ে বিবাদ করার মত সময়, মানসিকতা ও বয়স কোনটাই এখন আমার নেই। তাছাড়া ছফার লেখা সম্পর্কে এক জায়গায় আমার মন্তব্য থেকেই বোঝা যাবে, আমি সিরিয়াসলি এ ধরনের নির্দয় মন্তব্য করতে পারি না।

… সবশেষে বলি, অনভিপ্রেত এবং অনিচ্ছাকৃত এই মন্তব্যের জন্যে আমি দুঃখিত। লেখক আহমদ ছফা আমার অত্যন্ত প্রীতিভাজন। তাকে আঘাত করার বাসনা কখনও আমার ছিল না। তিনি আমার স্বীকারোক্তির পরে সেটা অবশ্যই অনুধাবন করতে পারবেন। (ছফা, খ. ৫. পৃ. ৩৫১)

আমার ধারণা, কবি শামসুর রাহমান ইচ্ছাকৃতভাবে এ মন্তব্য করেননি। অনেক আগের তাঁর একটি লেখা পড়লে বোঝা যায় তিনি ছফা কাকাকে ভীষণ পছন্দ করতেন। তাঁর লেখাটি পড়ে আমার মনে হয়েছে তিনি বড় মাপের উদার প্রকৃতির মানুষ ছিলেন। ওই লেখার একটি খণ্ডিত অংশ এখানে তুলে ধরছি:

"আহমদ ছফা বলা নেই, কওয়া নেই, গোড়াতেই আমাকে আক্রমণ করে বসলেন। তাঁর বাক্যবাণে জর্জরিত আমি কোন জবাব খুঁজে পেলাম না। তাঁর কথা শুনে আমার খারাপ লাগার কথা, কিন্তু কী আশ্চর্য, তাঁকে আমার ভাল লাগল। ইনি পিছন থেকে ঠোকর মারেন না, মুখোমুখি বসেই হামলা করেন। অনেকের অভ্যাস হল পিছন থেকে কামড়ানো। তিনি সেই অভ্যাস থেকে মুক্ত ছিলেন বলেই তাঁকে আমার ভাল লেগেছিল। যা বলার তা তিনি মুখের উপরেই বলতে পারেন নির্দ্বিধায়। এ ধরনের আচরণ অধিকাংশ ব্যক্তির পক্ষে বরদাশত করা মুশকিল। আমার ভাল লাগে তাঁর মতামতের সততার জন্য। আমাদের লেখক সমাজে বৌদ্ধিক অসাধুতা এতই প্রকটা যে এর মধ্যে কারও কারও বৌদ্ধিক সততা, তাঁরা ঠোঁটকাটা হওয়া সত্ত্বেও প্রশংসনীয় ও শ্রদ্ধেয়। (ছফা, স্মা. পৃ. ১৬)

কবি শামসুর রাহমানের মত কবি আল মাহমুদও ছফা কাকার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং একটা ঘনিষ্ট সম্পর্কও তাঁদের মধ্যে বিদ্যমান ছিল। আল মাহমুদকে আহমদ ছফা 'কাকা' বলে সম্বোধন করতেন। এক সময় তাঁরা একই মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং একই রাজনীতির অঙ্গনে বিচরণ করতেন। পঁচানব্বই সালে আল মাহমুদও বাংলাবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার প্রদান করেন। এতে তিনি নিজেকে একমাত্র মুক্তিযোদ্ধা লেখক হিসেবে দাবি করেছিলেন। তাঁর এই দাবিকে ছফা কাকা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। ওই সময় এমনিতেই তিনি শামসুর রাহমান এবং আল মাহমুদকে মেনে নিতে পারছিলেন না। তিনি মনে করতেন, একজন রাজনীতির লাঠি এবং আরেকজন ধর্মের লাঠি নিয়ে সাহিত্যাঙ্গনে যুদ্ধ করতে নেমেছেন। এমতাবস্থায় আল মাহমুদের সাক্ষাৎকারটি তাঁকে নিয়ে লেখার পথটি প্রশস্ত করে দিল। তবে এ লেখায় তিনি শালীনতা বজায় রেখেছিলেন। লিখেছেন:

"আল মাহমুদের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে এবং আমি তাঁর কবিতার একজন অনুরাগী পাঠকও। এক সাথে একই প্লাটফর্ম থেকে রাজনীতিও আমরা করেছি। আল মাহমুদ যে রকম উত্তেজিতভাবে নিজেকে একমেবাদ্বিতীয়ম প্রমাণ করতে চেয়েছেন—এই মনোভঙ্গিটির মধ্যে কি একটা মানসিক ভারসাম্যহীনতা নেই? অথবা এমনও হতে পারে তিনি একটা কোণঠাসা অবস্থান থেকে আত্মপক্ষ সমর্থনের উদ্দেশে এই কথাগুলো এমনভাবে বলেছেন।

যা-হোক, আল মাহমুদ তাঁর নিজের কথা বলেছেন। কারও ভাল লাগতে পারে, কারও মন্দ লাগতে পারে। কিন্তু অস্বীকার করার উপায় নেই যে, এগুলো আল মাহমুদের মতামত। আমি শুধু একটি ছোট্ট বিষয়ে প্রতিবাদ নয় চ্যালেঞ্জ করতে চাই। তিনি মুক্তিযোদ্ধা লেখক এবং মুক্তিযুদ্ধের একমাত্র লেখক হিসেবে নিজেকে দাবি করেছেন। কথাটা যদি তিনি উত্তেজনার বশে বলে থাকেন তাহলে আমার বলার কিছু নেই। কিন্তু প্রকৃত সত্য এই যে, তিনি ছাড়া আরও অনেক লেখক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং লিখেছেন। প্রতিভা এবং ক্ষমতা সবার সমান নয়। তবে কমিটমেন্ট তথা অঙ্গীকার হল আসল কথা। অন্যকোন লেখক মুক্তিযুদ্ধ সম্পর্কে কমিটেড ছিলেন না—এটা আল মাহমুদের বলা উচিত হয়নি। আমি আশা করছি, ঠাণ্ডা মাথায় চিন্তা করলে তিনি নিজেও তাঁর এই ভুলটি স্বীকার করে নেবেন। আমার বলতে দ্বিধা এবং সংকোচ হচ্ছে, তথাপি সত্যের খাতিরে কথাটা বলা উচিত, আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং লিখেছি। সে সময়ে সে লেখাগুলো মানুষ পছন্দও করেছিল। যেহেতু আমরা আল মাহমুদের মত দৃঢ়চিত্ত এবং মনোবলসম্পন্ন লেখক নই, সেজন্য ঘোষণা দিতে পারিনি। মেনে নিলাম আল মাহমুদ বড় লেখক এবং আমরা নিতান্ত তুচ্ছ লেখক। কিন্তু একজন বড় লেখকের একটি বড় গুণ হল এই যে তুচ্ছ লোকের তুচ্ছতা এবং অকিঞ্চিৎকরতার মধ্যেও কিছু যে মূল্য থাকে সেটা তারা চিনে নিতে পারেন। এখন আমার যেটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে—আল মাহমুদ অন্য সবাইকে তুচ্ছ করে নিজেকে কোন উচ্চতায় স্থাপন করলেন?" (ছফা, খ. ৭, পৃ. ৩৬২)

আল মাহমুদের কথা এখানে থাক। ডক্টর হুমায়ূন আহমেদের ব্যাপারে দু' চারটি কথা না বললে এই লেখাটি অসম্পূর্ণ থেকে যাবে। কারণ হুমায়ূন আহমেদের সঙ্গে ছফা কাকার একটা অন্তরঙ্গতার সম্পর্ক বিদ্যমান ছিল। কেবল হুমায়ূন আহমেদের কথা বললে হবে না, সেই সঙ্গে আনিস সাবেত নামের একজনের কথাও এখানে আসতে বাধ্য। নানাজনের লেখা পড়ে বুঝতে বাকি নেই যে, এই তিন ব্যক্তিত্ব এককালে একসঙ্গে খুব সুন্দর সময় পার করেছিলেন। আমার মনে হয়েছে, এঁরা তিনজন তরুণ বয়সে একে অপরের সুখ-দুঃখের ভাগীদার ছিলেন।

অনেকে মনে করেন, হুমায়ূন আহমেদের আজকে যে উত্থান ঘটেছে সেটির বীজটি রোপণ করেছিলেন ছফা কাকা। শুনতে পাই, ঊনিশ শ' বাহাত্তর সালে হুমায়ূন আহমেদ তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে লিখেন। ছফা কাকা বইটি প্রকাশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি হুমায়ূন আহমেদকে সঙ্গে নিয়ে প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরছিলেন। তখন কোন প্রকাশকই তাঁর লেখাটি ছাপার যোগ্য মনে করেননি, এমনকি নতুন লেখক বলে হুমায়ূন আহমেদকে কেউ পাত্তাও দিতে চাননি। মুক্তধারার মত আরও অনেক বড় প্রকাশনা প্রতিষ্ঠান এ উপন্যাসের সাহিত্যমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে এধরনের একটা লেখা কেন ছাপতে হবে। বর্তমানে যাঁরা সাহিত্যের বিচার-বিশ্লেষণ করেন ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাঁদের অনেকে ছিলেন। তাঁরাই সাহিত্য হয়েছে কিনা তার সার্টিফিকেট দিতেন। নন্দিত নরকে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রত্যাখ্যাত হলে ছফা কাকা এটি নিয়ে খান ব্রাদার্স এন্ড কোম্পানি নামক একটি প্রকাশনা প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছিলেন এবং বইটি প্রকাশ করার জন্য প্রকাশককে বাধ্য করেছিলেন। তিনি কেবল একজন প্রকাশক যোগাড় করে দিয়ে দায় সারেননি, বইটির প্রচার প্রসারের দায়িত্বও অনেকটা কাঁধে তুলে নিয়েছিলেন। ডক্টর আহমদ শরীফ এই বইটির জন্য একটি ভূমিকা লিখে দিয়েছিলেন কাকার অনুরোধে। কাকাও বইটির একটা আলোচনা পত্রিকায় লিখেছিলেন বলে জানতে পারি।

হুমায়ূন আহমেদের উপন্যাসের সংখ্যা কত আমার জানা নেই। হয়ত কয়েক শ' হবে। এখনও পর্যন্ত নন্দিত নরকে উপন্যাসটিকে অনেকে শ্রেষ্ঠ বই হিসেবে দাবি করেন। ছফা কাকাকে তাঁর পছন্দের বইয়ের নাম করতে বললে নন্দিত নরকের কথা তিনি তাঁর তালিকায় রাখতেন। পরে অবশ্য এপিটাফ বলে একটা বইয়ের গুণগান তিনি করেছিলেন। হুমায়ূন আহমেদের প্রতি ছফা কাকার যে উচ্ছ্বাস ছিল সেটি পরবর্তীতে হ্রাস পেয়েছিল। কেউ হুমায়ূনের কথা জিজ্ঞেস করলে তিনি খেপে যেতেন। এক সাক্ষাৎকারে তাঁকে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার কারণ কী জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন:

"হুমায়ূনের সঙ্গে আমার সম্পর্কের ইতিহাস যাঁরা জানেন, তাঁদের অনেকেই তাঁর এই উন্নতি বা অবনতির জন্য অংশত আমাকেই দায়ী করতে চান। তাঁর প্রথম বই যখন বেরিয়েছিল, আমিই সবচাইতে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছি। তখন আমার মনে হয়েছিল হয়ত হুমায়ূনের মধ্যে কালে কালে আমরা চেখভের মত একজন প্রতিভার সন্ধান পাব। তিনি তো সে পথে গেলেন না। উপর্যুপরি সামরিক শাসন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরাজয় সব মিলিয়ে এখানে যে চিন্তাহীন অরাজক পরিস্থিতি—হুমায়ূন সেই সময়ের প্রোডাক্ট। অবশ্য হুমায়ূনের ব্যক্তিগত কামালিয়াত এটুকু যে তিনি পাঠকদের মধ্যে স্থান করে নিয়েছেন। আমার প্রশ্ন, এটা কি স্থান? হুমায়ূনের পরবর্তী সময়ের রচনা চানাচুরের মত। খেতে মজা লাগে, কিন্তু পেট ভরে না এবং সার পদার্থও বিশেষ নেই। (ছফা, স্মা., পৃ. ৬০)

হুমায়ূন আহমেদ, আনিস সাবেত এবং ছফা কাকা সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে। তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন জীবনে বিয়ে করবেন না। একথাটা হুমায়ূন আহমেদ নাকি তাঁর এক সাক্ষাৎকারে বয়ান করেছেন। কিন্তু ছফা কাকা হুমায়ূন আহমেদের সঙ্গে একমত ছিলেন না। আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্রে দেখতে পাই:

"হুমায়ূন কথাটা কিভাবে বলেছে জানি না। তবে সে অনেক সময় অনেক কথা কল্পনা করে বলে। বলতে ভাল লাগে, এ জন্য বলে। (ছফা, সা., পৃ. ১০২)

হুমায়ূন আহমেদের এক লেখা থেকে জানা যায়, স্বাধীনতাত্তোর সময়ে তাঁরা বাবর রোডে একটি পরিত্যক্ত বাড়িতে থাকতেন। এক রাতে রক্ষীবাহিনী তাঁদেরকে ওই ঘর থেকে বের করে দেয়। ওই রাতে পরিবারের সকলে রাস্তায় নির্ঘুম কাটিয়েছিলেন। খবরটা ছফা কাকা কোন না কোনভাবে পেয়েছিলেন এবং সকাল হতে না হতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। তাঁর হাতে ছিল একটি কেরোসিনের টিন। উদ্দেশ্য গণভবনে গিয়ে তিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মাহুতি দেবেন। তখন তিনি একটি শহীদ পরিবারের অপমানের যন্ত্রণায় ছটফট করছিলেন। সিকান্দার আবু জাফর ছুটে এসে ছফা কাকাকে থামিয়েছিলেন এবং হুমায়ূন আহমেদ মা-ভাই বোন নিয়ে পুনরায় একই বাড়িতে থাকার সুযোগ পেয়েছিলেন।

আরও একটা ঘটনার কথা হুমায়ূন আহমেদ বয়ান করেছেন। তাঁরা আনিস সাবেতের বোনের বিয়েতে কুমিল্লা গিয়েছিলেন। সেখানে আনিস সাবেত ছফা কাকার কোন একটি লেখার সমালোচনা করলে তিনি ভীষণ রকম খেপে যান। আনিস সাবেত তাঁর মতে অটল থাকার কারণে ছফা কাকা রাতের বেলা ওঁদের ঘর থেকে বেরিয়ে পড়েন। তখন রাত এত গড়িয়েছিল যে রাস্তায় কোন গাড়ি ছিল না। ফলে ছফা কাকা কুমিল্লা থেকে হেঁটে ঢাকা চলে এসেছিলেন। তাতে ছফা কাকার পা ফুলে গিয়েছিল। তাঁর জ্বর এসে গিয়েছিল। পরদিন আনিস সাবেত ছফা কাকার কাছে ক্ষমা চাইতে গেলে তিনি বলেছিলেন, সারা রাস্তা হেঁটে আসার কারণে তাঁর মাথায় একটি উপন্যাসের ধারণা মাথায় এসে গিয়েছে। রাগ করে না এলে এ ধারণাটা আসত না। হুমায়ূন আহমেদের কথায় যে উপন্যাসের গল্পটি তাঁর মাথায় এসেছিল তার নাম 'ওঙ্কার'।


শিল্পী সুলতান কর্ম ও শিক্ষাকেন্দ্রের সামনে সুলতান ও ছফা

আমি হুমায়ূন আহমেদের কথার দ্বিমত করব না। আমিও একটি ঘটনার কথা জানি। 'ওঙ্কার'-এর যখন চিত্রায়ন হয় মুক্তিযুদ্ধ যাদুঘরে সাংবাদিকেরা ছফা কাকাকে ঘিরে ধরেছিলেন কোন প্রেক্ষাপটে এমন একটি উপন্যাস তিনি লিখেছেন সেটি জানার জন্য। আমার স্পষ্ট মনে আসছে না, আবদুল্লাহ আবু সায়ীদ কিংবা অন্যকোন বন্ধুর বাড়িতে হবে। ওই বাড়িতে বেড়াতে গিয়ে তিনি দেখেন যে তাঁদের এক বছরের ছোট্ট মেয়েটি কিছু একটা বলতে চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে কোন কথা স্পষ্ট করে বলতে পারছে না। ব্যাপারটি ছফা কাকাকে ভীষণভাবে ভাবনায় ফেলে দিয়েছিল এবং সেই ভাবনা থেকে তিনি ওঙ্কার উপন্যাসটি লিখতে কলম ধরেছিলেন।

হুমায়ূন আহমেদ কাকা সম্পর্কে অনেক জানেন আমি স্বীকার করি এবং এটাই স্বাভাবিক। তিনি তাঁর আত্মজীবনী 'বলপয়েন্টে' ছফা কাকা সম্পর্কে কিছু কথা বলেছেন। আমার ধারণা তিনি স্মৃতি থেকে লেখার কারণে কাকা সম্পর্কে কিছু ভুল তথ্য দিয়েছেন। 'বলপয়েন্ট' যখন সাপ্তাহিক ২০০০-এ ধারাবাহিকভাবে ছাপছিল আমি তাঁর দেয়া কিছু তথ্যের প্রতিবাদ করেছিলাম। আমার প্রতিবাদটি হুমায়ূন আহমেদের দৃষ্টিগোচর হয়েছিল। তিনি বই আকারে ছাপার সময় ভ্রান্তিগুলো শুধরে নেবেন বলে কথা দিয়েছিলেন। লেখক মাত্রই ভাবুক মানুষ। সুতরাং সব কথা মনে রাখা অনেক লেখকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। হুমায়ূন আহমেদেরও তাই হয়েছে।

হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে কাকার একটা সুসম্পর্ক ছিল। তিনি মারা যাবার আগেও হুমায়ূন আহমেদের মা-বোনকে আমি কাকার সঙ্গে দেখা করতে আসতে দেখেছি। তাঁরা পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করতেন। হুমায়ূন আহমেদের অনুজ মুহম্মদ জাফর ইকবালের সঙ্গেও ছফা কাকার একটা সুন্দর সম্পর্ক ছিল। মুহম্মদ জাফর ইকবালও সেটা অস্বীকার করেননি। তাঁর লেখায় দেখতে পাই:

"ঠিক কী কারণে জানি না ছফা ভাই আমাকে বিশেষ স্নেহ করতেন। আমার সঙ্গে দেখা হলেই তিনি আমাকে নানা জায়গায় নিয়ে যেতেন। তাঁর সঙ্গে ঘোরাঘুরি করার আমার একটা বিশেষ আকর্ষণ ছিল। তাঁর কথা বলার ঢংটা আমার কাছে অসম্ভব চিত্তাকর্ষক মনে হত। পৃথিবীর সবকিছু নিয়ে কৌতুক না হয় বিদ্রূপ করতে পারতেন। সহজ একটা জিনিস নিয়ে এমন বিচিত্র উপমা টেনে আনতেন যে আমি হাঁ করে তাঁর কথা শুনতাম। দেশের সকল বড় বড় কবি-সাহিত্যিক-শিল্পী এবং বেশ কিছু রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর পরিচয় ছিল। তাঁদের সঙ্গে দেখা করে তিনি তাঁর নিজের ঢঙে কথা বলতেন, না হয় ঝগড়াঝাঁটি করতেন। সাহিত্য, সংস্কৃতি, সমাজনীতি বা রাজনীতির মত বড় বড় ব্যাপার নিয়ে তখন আমার কোন মাথাব্যথা ছিল না—আমি ছফা ভাইকে দেখে মুগ্ধ। (ছফা, স্মা., পৃ. ১২৪)

হুমায়ূন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবালের লেখা ব্যাখ্যা-বিশ্লেষণ করে লিখলে অনেক কথা জমা হবে। সব কথা তো আর টেনে আনা সম্ভব নয়। এ পরিবারের প্রসঙ্গটি এখানেই ইস্তফা দিলাম।

কাকার কাছের মানুষ হিসেবে আরেকজনের নাম উল্লেখ করতে হয়, তিনি হলেন কবি ফরহাদ মজহার। ফরহাদ মজহার কাকার অনেক ভাল কাজের সঙ্গী ছিলেন। ছফা কাকার জীবনী যদি লিখতে হয় ফরহাদ মজহারকে বাদ দিলে সেটি স্বয়ংসম্পূর্ণ হবে না। জীবনের অনেক উৎকৃষ্ট সময় তাঁরা এক সঙ্গে কাটিয়েছেন শিল্প-সাহিত্য-সংগঠন করে। বাংলামটরের বাসায় আমি ছফা কাকার সঙ্গে থাকতাম, তখন দেখতাম কাকা খুব ভোরে ফরহাদ মজহারকে ফোন করতেন। তখনও হয়ত তাঁর ঘুম ভাঙেনি। জেগে থাকলে তিনি ফোন ধরতেন, নইলে ফরিদা আখতার। ফরহাদ মজহারকে সম্বোধন করতেন 'হযরত', আর ফরিদা আখতারকে বলতেন ডক্টর ফরিদা। ফরিদা আখতার মাঝে মাঝে আপত্তি করতেন 'ডক্টর' বলার জন্য। তখন ছফা কাকা বলতেন, আমার কাছে এক ডজন ডক্টরেট ডিগ্রি আছে। সব দিয়ে-টিয়ে কয়েকটা বাকি আছে। আপনাকে একটা দিলাম।

ছফা কাকার যাঁরা কাছের মানুষ ছিলেন তাঁদের তিনি নানা নামে সম্বোধন করতেন। ফরহাদ মজহারকে 'হযরত', ফরিদা আখতারকে 'ডক্টর', ডক্টর হোসেন জিল্লুর রহমানকে 'লিডার', চট্টগ্রামের নিপ্পন একাডেমির প্রধান নুরুল ইসলামকে বলতেন 'বদ্দা', ডক্টর সরদার আবদুস সাত্তারকে 'বাবা'। দর্শন বিভাগের প্রসেসর ডক্টর আনিসুজ্জামানকেও 'বাবা' সম্বোধন করতেন। ডক্টর মফিজ চৌধুরীকে তো আগে থেকেই। কবি আল মাহমুদকে 'কাকা', কবি আসাদ চৌধুরীকে 'পিতাজি', কবি শামসুর রাহমানকে 'সভাকবি', ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীকে 'কালাচান', কবি ব্রাত্য রাইসুকে বলতেন 'রাইসু মণ্ডলী' অথবা 'রাইসু কোম্পানি' ইত্যাদি নামে।

বলছিলাম কবি ফরহাদ মজহারের কথা। সারা রাত ছফা কাকার মাথায় যত কথা জমা হত ভোর হলেই তিনি ফরহাদ মজহারকে শোনাতেন। তাঁদের মধ্যে এ ফোনালাপ দীর্ঘ সময় ধরে চলত। কোন কোনদিন সন্ধ্যার সময় ফরহাদ মজহার ছুটে আসতেন। সঙ্গে থাকতেন ফরিদা আখতার। দু'জনের মধ্যে খুব তর্কবিতর্ক হত। কখনও শীতল, কখনও উত্তপ্ত। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন এমন অবস্থাও হত।

ফরহাদ মজহার কাকার খুব কাছের বন্ধু। তাঁদের মনের কথা একে অপরকে ভাগ করতে না পারলে দু'জনের পেটের ভাত হজম হত না। তবে তাঁদের বন্ধুত্ব সব সময় টিকেছিল সেই কথা আমি বলব না। তাঁদের দু'জনের মধ্যে মান-অভিমান খুব কাজ করত। মাঝে মাঝে দেখা যেত তাঁদের যাওয়া-আসা, ফোনালাপ একেবারেই বন্ধ হয়ে গেছে। আবার কীভাবে কীভাবে তাঁদের সম্পর্ক প্রতিস্থাপনও হত। সেই ভাঙন ধরা সম্পর্ক যে দীর্ঘস্থায়ী রূপ নিত তা-ও কিন্তু নয়।

ছফা কাকা যখন পুষ্প বৃক্ষ এবং পুরাণ লিখেন ওই সময় ফরহাদ মজহারের সঙ্গে তাঁর সম্পর্কটা অনেক দূরে চলে গিয়েছিল। তখন শেখ হাসিনার সরকার ক্ষমতায়। ছফা কাকা পত্রপত্রিকায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করে অনেক কলাম লিখেছিলেন, যেগুলো কিছুটা বিএনপির পক্ষে কাজ করছিল বলে অনুমেয়। তিনি বিএনপিকে ভালবেসে লিখছিলেন তা কিন্তু নয়। সত্য কথা কোন না কোন পক্ষে যেতে বাধ্য। সঙ্গত কারণে তখন সেটা হয়ত হয়ে গিয়েছিল। এজন্য ছফা কাকাকে অনেকে দোষারোপ করতে পিছপা হননি। আমার ধারণা, কবি ফরহাদ মজহারও তাঁদের একজন ছিলেন।

পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ যখন বাজারে আসে ছফা কাকা একটা কপি আমাকে দিয়ে ফরহাদ মজহারের কাছে পাঠিয়েছিলেন। বইয়ের পাতায় বন্ধু ফরহাদকে খোঁচা দিয়ে কাকা কিছু কথা লিখে দিয়েছিলেন, যেগুলো কবি ফরহাদ মজহারকে আহত করে। কথাগুলো কী লিখেছিলেন এ মুহূর্তে আমার মনে নেই। ফরহাদ মজহার কাকার লেখা পড়ে বিদ্যুতের শক খাওয়া পাখির মত ফেটে পড়েছিলেন এবং সঙ্গে সঙ্গে বইটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তিনি কাকাকে খুব কঠিন ভাষায় কিছু কথা বলেছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ছফা বিএনপির দালাল হয়ে গেছে। আমি বইটা কুড়িয়ে নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে কাকাকে পুরো ঘটনাটা বয়ান করলে তিনি হেসে বললেন, ছেড়ে দাও।

তার কিছুদিন পর দেখলাম ফরহাদ মজহারকে ছফা কাকার বাসায় নানা বিষয় নিয়ে কথা বলতে, যেন তাঁদের মধ্যে কিছুই হয়নি। কী অদ্ভুত সম্পর্ক! ছফা কাকা আজ বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে কী বলতেন জানি না—কবি ফরহাদ মজহার খালেদা জিয়ার সঙ্গে চীন সফর করেছেন। তিনি ওই দলের নানা সভা-সমিতিতে অংশগ্রহণ করছেন। বন্ধু বলেই তো কথা! তাই ছফা কাকা জবাবটা হয়ত এভাবেই দিতেন, বন্ধু, আমি কিছুই দেখিনি!

কথাগুলো একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল।

এই লেখায় আমি আরেকজন মানুষকে জীবন্ত করে রাখতে চাই তিনি হলেন ডক্টর আহমেদ কামাল। তিনি ছিলেন কাকার খুব কাছের মানুষ। কাকা প্রতিদিন সকালে তাঁকে ফোন করতেন। নানা বিষয় নিয়ে তিনি তাঁর সঙ্গে শলা-পরামর্শ করতেন। এ মানুষটির সঙ্গে ছফা কাকার সম্পর্কের কখনও চিড় ধরতে দেখিনি।

আরও একজন মানুষকে কাকা খুব পছন্দ করতেন তিনি ডক্টর হোসেন জিল্লুর রহমান। কাকার শেষ বয়সে এক দশকেরও বেশি সময় ধরে যত কাজ করেছেন তার প্রায় প্রতিটি কাজের সঙ্গে ডক্টর জিল্লুর জড়িত ছিলেন। আমি দেখেছি অনেক আর্থিক সংকটেও হোসেন জিল্লুর রহমানকে ছফা কাকার পাশে এসে দাঁড়াতে। হোসেন জিল্লুর রহমানও কম নির্ভরশীল ছিলেন না। কাকা ডক্টর জিল্লুরের প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। সেই সুবাদে হোক কিংবা হোসেন জিল্লুর রহমানের সঙ্গে সুসম্পর্কের কারণে হোক কাকা প্রায় সময় পিপিআরসিতে যাতায়াত করতেন। নব্বইয়ের দশকে কাকার অনেক ভাল কাজের পরিকল্পনা পিপিআরসিতে বসে হয়েছিল বলে আমার ধারণা। হোসেন জিল্লুর রহমান কাকার এতটুকু স্নেহভাজন হতে পেরেছিলেন যে তিনি তাঁকে তাঁর লেখা একাধিক বই উৎসর্গ করেছিলেন। এক খোলা চিঠিতে ডক্টর জিল্লুর লিখেছেন:

"আপনার চলে যাওয়া কিভাবে সামলাব জানি না। সামলাতে হবেই; কঠোর, কঠিন সংগ্রামের পথে পিছপা হবার কোন অবকাশ নেই। এটা জেনেও এই মূহূর্তে অসহায়ত্বের একটি বোধ আচ্ছন্ন করে রেখেছে।

আপনার সঙ্গে পরিচয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে থাকার সময় থেকে। বহু আঙ্গিকে আপনাকে দেখার সুযোগ হয়েছিল সত্তরের দশক, আশির দশক, নব্বইয়ের দশক জুড়ে। ছোট ভাইয়ের মর্যাদা আমাকে দিয়েছিলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আশির দশকে মনে হয়েছিল আপনি পথ খুঁজে পাচ্ছেন না। অনেক কিছু করছিলেন, কিন্তু গন্তব্য এলোমেলো ছিল। এখন মনে হচ্ছে প্রস্তুত হচ্ছিলেন, একানব্বইয়ের ঘূর্ণিঝড়ের পর এক নতুন কর্মজগত, তারও পরে আজিজ মার্কেটে সাহিত্য সৃষ্টির এক মহাস্ফূরণ, সবশেষে রচনাবলি তৈরির মধ্যদিয়ে শৈল্পিক উত্তরাধিকার সংরক্ষণের নিঃশব্দ প্রয়াস, যে-সব মোহে মধ্যবিত্ত সর্বদা পথভ্রান্ত—কী আশ্চর্যজনক সফলতায় আপনি ওদিক থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। অনেকে আপনাকে দেখতে পছন্দ করত বোহেমিয়ান হিসেবে, কিন্তু আমি তো দেখেছি কি কঠোর শৃঙ্খলায় আপনি আজিজ মার্কেট পর্বে আপনার সময়কে ব্যবহার করেছিলেন।" (ছফা, স্মা., পৃ. ১৮০)

আটানব্বই সালের ঘটনা। ঢাকার শাঁখারিপট্টির পগোজ স্কুলে বন্যা-উপদ্রুত শিশুদের জন্য 'নাগরিক শক্তি'র ব্যানারে একটি 'ত্রাণশিবির' এবং 'আপদকালীন স্কুল' নামে একটি অস্থায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এই কার্যক্রমের প্রাণ-পুরুষ ছফা কাকা হলেও পুরো ব্যাপারটির নেতৃত্বে ছিলেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। স্কুলটি প্রায় দু' মাস স্থায়ী ছিল, সেই সঙ্গে ত্রাণকার্যক্রমও। উপলক্ষ, আটানব্বই সালে বাংলাদেশে শতাব্দীর সবচে' ভয়াবহতম বন্যা দেখা দিয়েছিল এবং এই বন্যা দীর্ঘদিন স্থায়ী হওয়ার কারণে দেশের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছিল, যেটি কোন মানুষের পক্ষে এককভাবে মোকাবেলা করা সম্ভব ছিল না। এই দুর্যোগ মোকাবেলায় অনেক দেশী-বিদেশী সংস্থা কাজ করেছিল। তখন কয়েকটি সংগঠন একত্রিত হয়ে 'নাগরিক শক্তি'র ব্যানারে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে এসেছিল। ছফা কাকার ভাষায়:

"এইবারের বন্যার সময়ে অনেকের মত 'নাগরিক শক্তি'র পক্ষ থেকে যখন দুর্গত মানুষদের পাশে আমাদের সীমিত ক্ষমতা নিয়ে দাঁড়াবার সিদ্ধান্ত নিলাম, আমাদেরকেও অন্যান্য ত্রাণ বিতরণকারী সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহের মত খাদ্যবস্তু এবং পানীয় জল, শিশুখাদ্য এগুলো বিতরণ করার কথা অগ্রাধিকারের ভিত্তিতে চিন্তা করতে হল। ত্রাণকর্ম শুরুর দিকে 'নাগরিক শক্তি'র ব্যানারে চারটি প্রতিষ্ঠান 'পিপিআরসি', 'শিল্পী সুলতান ফাউন্ডেশন', গ্রামীণ ট্রাস্ট', 'হকস্ বে' মিলে স্থির করলাম আমাদের প্রাথমিক কর্তব্য হবে আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করে, যেখানে ঠিকমত ত্রাণ পাচ্ছে না, সে সমস্ত জায়গায় ত্রাণসামগ্রী নিয়ে হাজির হওয়া। যদিও আমরা চারটি প্রতিষ্ঠান মিলে প্রাথমিক উদ্দেশ্যটা গ্রহণ করেছিলাম, আমাদের নানাস্তরের মানুষ আমাদের এই প্রচেষ্টাকে ফলবতী করে তোলার জন্য প্রয়োজনীয় অর্থ এবং আরও দয়াল হাতে আমাদের সহায়তা দিয়েছেন।

… শিশুরা আমাদের দেশ-জাতির ভবিষ্যতের সম্পদ। এই বন্যা শিশুদের চিত্তবৃত্তির ওপর মানবেতর জীবনযাপনের অনপনেয় ছাপ রেখে যাচ্ছে, তার প্রভাব আমাদের সমাজজীবনে অনেক দীর্ঘস্থায়ী হতে বাধ্য। যে শিশুরা স্কুলে যেত, খোলা হাওয়ায় খেলাধুলো করত, উন্মুক্ত মাঠে বিচরণ করত, তাদেরকে একেকটি বদ্ধ জায়গায় দিনের পর দিন বদ্ধ থাকতে হচ্ছে। কাড়াকাড়ি করে খাবার সংগ্রহ করতে হচ্ছে, খাবারের সময় লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা মা-বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে, সবগুলো খোলা চোখে দেখতে হচ্ছে। ওইসব অভিজ্ঞতা চেতনায় গেঁথে নিয়ে একদিন তাদের আশ্রয়কেন্দ্র থেকে ফেরত যেতে হবে। আমরা স্থির করলাম, পরীক্ষামূলকভাবে একটা 'আপদকালীন স্কুল' আমরা চালু করব। আমরা লেখাপড়া বিশেষ শেখাতে পারব না, একথা ঠিক। তবে তাদের কিছু দরকারি জিনিস শেখাতে সক্ষম হব।" (ছফা, খ. ৮, পৃ. ৩৭৮)

আপদকালীন স্কুলকে ঘিরে ওই সময়ে ছোট্ট একটা প্রামাণ্য চিত্রও তৈরি হয়েছিল। ওই প্রামাণ্য চিত্রের জন্য ছফা কাকা লিখেছিলেন একটি দীর্ঘ অসাধারণ কবিতা। এতে আটানব্বই সালের বন্যার এক জীবন্ত করুণ চিত্র ফুটে উঠেছিল। তাছাড়া এতে তিনি হতাশা কাটিয়ে আশার বাণীও শুনিয়েছিলেন। কবিতাটির নাম ছিল 'মানুষ দাঁড়াবে তবু'। প্রামাণ্যচিত্রে পুরো কবিতাটি স্থান পেয়েছিল। তার কয়েকটি স্তবক:

"খল খল ছল ছল জলের তস্কর
তরল থাবায় গিয়ে খায় বাড়ি-ঘর
হাট-বাট, গ্রাম-গঞ্জ, দোকান-বাজার
সোনার ফসল মাঠে সব ছারখার।
ইসকুল, কারখানা আর মন্দির, মসজিদ
প্রহারে জর্জর করে জলের এজিদ।
জীবনবিনাশী জল থই থই ফণা তুলে নাচে
পালিয়ে মানুষজন মরে মরে বাঁচে।
গৃহচ্যুত নর-নারী, শিশু-বুড়ো কোথায় পালাবে
পরিচিত ডাঙ্গা ছেড়ে কতদূর যাবে?
কতদূর যেতে পারে, মানুষ কী জলে ভাসা প্রাণী?
ক্ষুধায় কে অন্ন দ্যায় পিপাসায় পানি?"
(ছফা, খ. ৮., পৃ. ৪৪৮)

চুল টানলে যেমন মাথা আসে, তেমনি ছফা কাকার কথা বলতে গেলে আরও অনেকের কথা আসবে। আসবে ডক্টর সলিমুল্লাহ খানের কথা। সলিমুল্লাহ খানের সঙ্গে কাকার পরিচয় কবে থেকে আমার জানা নেই। ডক্টর খানকে আমি প্রথম দেখেছিলাম মিরপুরের বাসায় উনিশ শ' চুরাশি সালের দিকে। তখন তিনি ডক্টর নন। ছিলেন টগবগে যুবক। প্রায় সময় বাসায় আসতেন। আসতেন তাঁর ভাই-বোন সাদাতউল্লাহ খান ও শাওয়াল খান। আমি যে ঘরটিতে থাকতাম ওই ঘরে মাঝে মধ্যে তিনিও থাকতেন। তখনও তিনি বইয়ের পোকা ছিলেন। বই ছাড়া তাঁকে আমি কোনদিন দেখিনি। এই যুবককে ছফা কাকা খুব পছন্দ করতেন। ওই সময় আমি ছফা কাকার মুখে তাঁর মেধার প্রশংসা শুনতে পেয়েছিলাম। তিনি যখন পিএইচ-ডি করার জন্য দেশের বাইরে চলে যান তখন আমাকে চট্টগ্রামে থাকতে হয়েছিল। তাঁর বিদেশ যাত্রার সংবাদটি আমি কাকার লেখা চিঠির মাধ্যমে পেয়েছিলাম। চিঠিটা আমার সংগ্রহে নেই, থাকলে তাঁর কথাগুলো হুবহু উদ্ধৃত করতে পারতাম। তিনি লিখেছিলেন, সলিমুল্লাহ পিএইচ-ডি করার জন্য আমেরিকা চলে গেল। মনের অবস্থাটা তেমন ভাল নেই। এটুকু শান্তি যে যাওয়ার ব্যাপারটি ভাল ভালভাবে ঘটে গেছে। মনের মধ্যে একটা সংশয় ছিল সেই যেতে পারবে কিনা। কারও জন্য কিছু করতে পারার মধ্যে অপার আনন্দ। আমি এখন সেই আনন্দটা উপভোগ করছি।

সলিমুল্লাহ খানের পরিবারকে ছফা কাকা নিজের মনে করতেন। সলিমুল্লাহ খান বিদেশ চলে গেলে কাকা তাঁর ভাই-বোনের প্রতি নানাভাবে কর্তব্য করতেন। ১৮ পরীবাগের বাসা থেকে ছফা কাকা বাংলামটরে চলে আসার সময় ওই বাড়ির বেশ কিছু জিনিসপত্র তিনি শাওয়াল খানকে দিয়ে এসেছিলেন। বিরানব্বই সালের দিকে ঢাকায় আমার থাকার সমস্যা হলে আমি কদিনের জন্য তাঁদের সঙ্গে ছিলাম এবং এই ক'টা দিনে আমি আমার প্রথম উপন্যাস আত্মচরিত-এর পুনর্লিখন করেছিলাম ছফা কাকার তদারকিতে।

(কিস্তি ১০)

nurulanwar1@gmail.com