২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কিস্তি ৮ ছফামৃত

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 13 Jun 2010, 01:24 PM

Updated : 23 Jun 2022, 04:09 PM

শুরুর কিস্তি


ঢাকার বাংলামোটরের চিলেকোঠায় আহমদ ছফা

(কিস্তি ৭-এর পর)

প্রসঙ্গ না পাল্টিয়ে উপায় নেই। পঁচানব্বই সালে ছফা কাকার গাভী বিত্তান্ত উপন্যাসটি সাপ্তাহিক রোববারে ধারাবাহিকভাবে ছাপা হয়। পরে সন্দেশ থেকে বই আকারে প্রকাশিত হয়েছিল।

এ বছরের মাঝামাঝি সময়ে ফারজানার সঙ্গে ছফা কাকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের পরিচিতিটা হয়েছিল কাজের সূত্রে। ফারজানা তখন 'বাংলা-জার্মান সম্প্রীতি'র কম্পিউটার সেন্টারে কর্মরত ছিলেন। পরিচিত হবার কিছুদিন পর তিনি বন্ধু-বান্ধবকে ঘোষণা দিয়ে বসেন, ফারজানাকে বিয়ে করবেন। ফারজানাও হয়ত রাজি ছিলেন। তখন ছফা কাকা ফারজানার পছন্দের জামা-কাপড় ছাড়া পরতেন না। নিরানব্বই সালের প্রথম দিকে ফারজানা বিয়ে করে আমেরিকাতে চলে যান। বিয়ের পরও তাঁরা দু'জন চিঠির মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন। ফারজানা কাকাকে 'স্যার' সম্বোধন করতেন।
—————————————————————–
কখনো কখনো শিশুর মত হেসে হেসে গাছগুলোর সঙ্গে কথা বলতেন। বড় বড় গাছগুলো জড়িয়ে ধরে আলিঙ্গন করতেন। সেটা এক দেখার মত ব্যাপার ছিল। তারপর সুশীল যখন একটা শালিক এনে দিল তখন ছফা কাকার আনন্দ আর দেখে কে! 'বাবু পাখি', 'শালিক পাখি', 'পরান পাখি', 'হলুদিয়া পাখি' কত নামে যে পাখিটিকে সম্বোধন করতেন তার কোন লেখাজোকা ছিল না।… একদিন দেখি ছফা কাকা লিখছেন আর লিখছেন। গাছপালা এবং তাঁর অনুগত পাখিগুলোর প্রতিও বিশেষ লক্ষ নেই। তিনি যখন লিখতেন মিটিমিটি হাসতেন। আজও দেখলাম তাঁর হাসি থামতে চাইছে না।
—————————————————————–
ফারজানাকে উপলক্ষ করে ছফা কাকা অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী উপন্যাসটি লিখেছিলেন। তখন ফারজানা ঢাকায় ছিলেন। এই উপন্যাসটিও সাপ্তাহিক রোববারে ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল। প্রথম এক কিস্তি অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী নামে ছাপা হয়েছিল। প্রথম কিস্তি ছাপার পর ছফা কাকা কয়েক মাস আর লেখেননি। পরে পুনরায় যখন লেখাটি তিনি শুরু করেন নামটি পাল্টে দিয়ে লেখেন 'প্রাণ পূর্ণিমার চান'। কিন্তু ছিয়ানব্বই সালে যখন বই আকারে উপন্যাসটি মাওলা ব্রাদার্স থেকে বের হয় পুনরায় অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী নামটি ছাপা হয়। মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হকের 'প্রাণ পূর্ণিমার চান' নামটি পছন্দ হয়নি বলে সাবেক নামে বইটিকে নামাঙ্কিত করা হয়। বইটি উৎসর্গ করা হয়েছিল স্বয়ং ফারজানাকে এবং মলাটের ওপর তাঁর ছবির একটি জলছাপও ব্যবহার করা হয়েছিল।

অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরীর আরও একটি খণ্ড লেখার কথা ছিল। আয়ুতে কুলোয়নি বলে সেটি সম্ভব হয়নি। দ্বিতীয় খণ্ড লেখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নিরানব্বই সালের ২০ মে এক চিঠিতে ফারজানাকে ছফা কাকা লিখেছেন:

"নানারকমের মানসিক বিচ্ছিন্নতা থেকে এখন আমার মন অনেক মুক্ত। এখন আমি 'অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী'কে একটি মহান শিল্পকর্মে রূপ দেয়ার মানসিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমি তোমাকে নিয়ে একটি মামুলি বই লিখব না, লিখতে পারব না। মানুষ জীবনে একবারই জন্মায়।" (ছফা, চি. পৃ. ২১০)

নব্বই-র দশকে, খুব সম্ভব চুরানব্বই সালের দিকে হবে, বাংলা একাডেমীর একুশে বইমেলায় ছফা কাকা বুকে পোস্টার সেঁটে ভারতীয় বই বিক্রির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। অনেক তরুণ লেখক-পাঠক তাঁর সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে মেলায় নেমেছিলেন। বইমেলায় তখন ভারতীয় বই নিষিদ্ধ থাকলেও এক শ্রেণীর প্রকাশক অসদুপায় অবলম্বন করে বই বিক্রি করতেন। এই নিয়ে পত্রিকায় বেশ লেখালেখিও হয়েছিল, কিন্তু ওগুলো তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। ফলে ছফা কাকা বাধ্য হয়েছিলেন এরকম একটি কর্মসূচি গ্রহণ করতে। তাঁর এ পদক্ষেপের ফলে মেলা কর্তৃপক্ষের টনক নড়ে। পরের বছর বাংলা একাডেমী বইমেলা ভারতীয় বইমুক্ত মেলায় পরিণত হয়। পরবর্তীতে ছফা কাকা তাঁর এক সাক্ষাৎকারে বলেছেন:

"সব ধরনের ভারতীয় বইয়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করিনি। সব ভারতীয় প্রকাশনা তো আমাদের কোন ক্ষতি করছে না। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিষয়ক যেসব বই ভারত থেকে ধরুন দশ ডলারে পাই, ওসব বই ইংল্যান্ড আমেরিকা থেকে এক শ' ডলারে কিনতে হয়। সুতরাং ভারতীয় বই আমাদের লাভজনক। জ্ঞান-বিদ্যার রাজ্যে তো দুর্বৃত্তপণার কোন স্থান থাকা উচিত নয়। আমি বইমেলায় আনন্দবাজার প্রকাশনার বই বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এই প্রকাশন গোষ্ঠী বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আনন্দগোষ্ঠীকে প্রতিরোধ করা আমি জাতীয় কর্তব্য বলে মনে করি।" (ছফা, সা. পৃ. ৬২)

পঁচানব্বই সালে মাগুরার উপনির্বাচনে ভোট কারচুপিকে উপলক্ষ করে গোটা দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। তখন দেশে জানমালের কোনো নিরাপত্তা ছিল না। সরকারি এবং বিরোধীদল এমনভাবে মুখোমুখি হয়েছিল যে যেন একটা মার মার কাট কাট অবস্থা। এই অরাজক অবস্থা থেকে নিষ্কৃতি পাবার লক্ষে 'দেশ শান্তি চায়', 'সন্ত্রাসের পথ পরিহার করে সমঝোতার পথ তৈরি করুন' এবং 'নাগরিক শক্তি বিকশিত হোক' এই সমস্ত শিরোনামে ছফা কাকা, ড. হোসেন জিল্লুর রহমান, ড. আহমেদ কামাল, কবি ফরহাদ মজহার প্রমুখের প্রচেষ্টায় 'নাগরিক শক্তি'র ব্যানারে কয়েকটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। মূলত সুষ্ঠু গণতান্ত্রিক ভাবমূর্তি প্রতিষ্ঠা করাই ছিল তাঁদের লক্ষ। ছফা কাকা ছিলেন এসকল কর্মসূচির প্রাণ-পুরুষ।

পঁচানব্বই-ছিয়ানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড তুমুল আকার ধারণ করেছিল। সব ছাত্র যে সন্ত্রাসের পক্ষে ছিল তা নয়। তারপরেও সন্ত্রাসী কর্মকাণ্ড এত গুণে বৃদ্ধি পেয়েছিল যে সমাজের কোনো বিবেকবান ব্যক্তির পক্ষে চোখ বুঁজে বসে থাকা সম্ভব ছিল না। ছফা কাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা গ্রুপের হয়ে কাজ করতে বাধ্য হয়েছিলেন, যারা সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চিন্ময় হাওলাদার, সমীর সমদ্দারসহ আরও গুটিকয় ছাত্র ছফা কাকার সহযোগী ছিলেন। তিনি মূলত তাদের পরামর্শকের ভূমিকা পালন করতেন। সে সময় তাঁকে বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধনও করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়কে তিনি আরেক মা হিসেবে জানতেন। তাঁর এক লেখায় উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ের যে হাল অবস্থা তাঁকে দেখতে হচ্ছে তাঁর সামনে তাঁর গর্ভধারিনী মাকে যদি কেউ উলঙ্গ করে ধর্ষণ করত তিনি তত কষ্ট পেতেন না। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিতেও তিনি লজ্জাবোধ করেছিলেন। ফলে তিনি পত্রিকায় ঘোষণা দিয়ে বসেছিলেন, বিশ্ববিদ্যালয়ে যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত সব সার্টিফিকেট ফেরত দেবেন। সুখের কথা হল তাঁকে সার্টিফিকেট ফেরত দিতে হয়নি।

ঊনিশ শ' ছিয়ানব্বই সালে 'বাংলা-জার্মান সম্প্রীতি'র সঙ্গে সম্পর্কচ্ছেদ হলে ছফা কাকা এক রকম অসহায় হয়ে পড়েন। তখন তাঁর আয়ের পথও বন্ধ হয়ে যায়। খাওয়া-দাওয়া, ঘরভাড়া পরিশোধ কীভাবে করবেন তা নিয়ে তাঁকে ভীষণ রকম দুশ্চিন্তাগ্রস্থ থাকতে হত। কিন্তু এ মনোভাব তিনি কাউকে বুঝতে দিতে চাইতেন না। মনে মনে সান্ত্বনা খুঁজতেন লেখালেখি করলে তিনি তার চেয়ে বেশি রোজগার করতে পারবেন। ওই সময় তিনি বিভিন্ন পত্রিকায় অধিক মাত্রায় কলাম লিখতে আরম্ভ করেন। ওই বছর নতুন পুরাতন মিলিয়ে প্রায় আটটার মত বই প্রকাশিত হয়। কবি ব্রাত্য রাইসু, কবি সাজ্জাদ শরিফ, কবি রাজু আলাউদ্দিন আরও অনেকে তখন বাসায় এসে ছফা কাকার সঙ্গে আড্ডা দিতেন। প্রায়ই আসতেন সেলিনা শিরীন সিকদার। আমরা যখন মিরপুরের বাসায় থাকতাম ওই সময়েও তাঁর যাতায়াত নিয়মিত ছিল। তখন সেলিনার বয়স ছিল অল্প। বোধহয় ইন্টারমিডিয়েটের ছাত্রী। ধান শালিকের দেশে নামের একটি পত্রিকায় তাঁর একটি রূপকথার গল্প ছাপা হয়েছিল। গল্পটির নাম ছিল 'অরুণালোক'। ছফা কাকা গল্পটি আমাকে পড়তে দিয়েছিলেন। গল্পটি আমার এত ভাল লেগেছিল আমি কয়েকবার পড়েছিলাম। এখনও গল্পটি আমি বাচ্চাদের শুনিয়ে থাকি। শুনতে পাই, ছফা কাকা এই গল্পটি পড়ে মুগ্ধ হয়ে সেলিনাকে পাঁচ শ' টাকা উপহার দিয়েছিলেন। তিনি ছফা কাকাকে গুরু মানতেন। ছফা কাকা যতদিন বেঁচেছিলেন সেলিনার সঙ্গে তাঁর স্নেহের সম্পর্ক অটুট ছিল। ছফা কাকা তাঁকে সঙ্গে করে নানা জায়গায় নিয়ে যেতেন।

ওই সময় ব্রাত্য রাইসু, সাজ্জাদ শরিফ, রাজু আলাউদ্দিন ছফা কাকার কিছু অসাধারণ সাক্ষাৎকারও গ্রহণ করেছিলেন। তার সব কটি পরে বই আকারে প্রকাশিত হয়। তখন রাইসু এবং তাঁর কয়েক বন্ধু মিলে শাহবাগের আজিজ সুপার মার্কেটে একটি ঘর ভাড়া নিয়ে কীসব কাজকর্ম করতেন। তাঁদের দেখাদেখি ছফা কাকাও একটি ঘর ভাড়া নেন। ঘর ভাড়া কেন নিলেন তাঁর উদ্দেশ্য পরিষ্কার নয়। একবার বলেন কাপড়ের দোকান দেবেন। আবার বলেন অফিস করবেন। এক পর্যায়ে সেখানে যাওয়া-আসা শুরু করে দিলেন। তাঁর সঙ্গে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রত্নেশ্বর দেবনাথ নামের একজন ছাত্র। ছফা কাকা তাঁর সহায়তায় ঢাকা কলেজের সামনে থেকে কম দামের দু'টি চেয়ার-টেবিল এনে ঘরটিতে পেতে দিলেন। তারপর শুরু হয়ে গেল স্থায়ীভাবে সেখানে বসা। কোনো কাজ নেই। আড্ডাই একমাত্র কাজ, অর্থাৎ শিল্প-সাহিত্য নিয়ে আলোচনা। পরে সেখানেই গড়ে তোলেন বস্তির বাচ্চাদের পড়ানোর স্কুল—'শিল্পী সুলতান পাঠশালা'। এই সম্পর্কে আগে আলোকপাত করা হয়েছে। সুতরাং দ্বিতীয়বার লিখে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না।

পাঠশালা চলাকালীন সময়ে রাইসু সাহেবদের ঘরটি ছেড়ে দেয়ার কথা ওঠে। ছফা কাকা ওই ঘরটিও ভাড়াতে নিয়ে নিলেন। হয়ে গেল তাঁর অফিস ঘর। ড. হোসেন জিল্লুর রহমানের সৌজন্যে পিপিআরসি থেকে কিছু পুরনো চেয়ার-টেবিল পেয়েছিলেন। ফলে লোকজন এলে যে বসার সমস্যা হতো সেটা থাকল না। স্থির করলেন এখান থেকে পত্রিকা প্রকাশ করবেন। পত্রিকার নামও ঠিক হয়ে গেল, উত্থানপর্ব। সাতানব্বইয়ের মার্চে উত্থানপর্ব একটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। এ পত্রিকার সম্পাদক ছিলেন ছফা কাকা স্বয়ং। ড. হোসেন জিল্লুর রহমানের নাম প্রকাশক হিসেবে ছাপা হয়। সম্পাদকীয় উপদেষ্টা হিসেবে ছিলেন ড. আহমেদ কামাল, জনাব নাজমুল করিম, জনাব হাসান তারিক, অধ্যাপক ফেরদৌস হোসেন এবং ড. সরদার আবদুস সাত্তার। সম্পাদনা সহকারী হিসেবে আমার এবং রতন বাঙালির নাম ছাপা হয়। সহযোগী সম্পাদক হিসেবে যাঁদের নাম ছাপা হয়েছিল সেলিনা শিরীন সিকদার, সাদাতউল্লাহ খান এবং আবুল বাশার খান। উত্থানপর্বের দ্বিতীয় সংখ্যা বের করারও সব লেখাজোকা হয়ে গিয়েছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে এই প্রকাশনা তাঁকে বন্ধ রাখতে হল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি উত্থানপর্ব বের করার স্বপ্নে বিভোর ছিলেন। তখন অর্থ, স্বাস্থ্য কোনোটাই তাঁর অনুকূলে ছিল না।

সাতানব্বই-এ তিনি বঙ্কিমচন্দ্রের ওপর একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। প্রাচ্যবিদ্যা প্রকাশনীর ড. লেলিন আজাদ সেটি বই আকারে প্রকাশ করেছিলেন। তারও আগে অর্থাৎ ছিয়ানব্বই সালে ছফা কাকা তাঁর বিখ্যাত উপন্যাস পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বইটি লেখেন। আমি বলব এই উপন্যাসটি একটি গবেষণাধর্মী বই। পুষ্প, বৃক্ষ, বিহঙ্গ এবং মানবকুলের সমন্বয় ঘটিয়ে তিনি উপন্যাসটি রচনা করেছিলেন। তখন তিনি বাংলামটরের ১২/১ ময়মনসিংহ রোডের একটি বাড়ির চিলেকোঠায় থাকতেন। তাঁর সঙ্গে আমি, তাঁর পালকপুত্র সুশীল, সেবক ইদ্রিস আলী থাকতাম। মাঝে মাঝে আরও লোকজনের সমাগম ঘটত। তখন তাঁর পরিবারের পরিধি আরও বৃদ্ধি পেত। এই বাড়িতে ছফা কাকা একটা নতুন জগত তৈরি করে ফেলেছিলেন।

……
সমুদ্রপাড়ে আহমদ ছফা
……
সুশীল আমি মিলে তখন চিলেকোঠার সামনের খোলা ছাদটিতে অনেকগুলো টবে গাছ লাগিয়েছিলাম। গোলাপ, লালজবা, সাদাজবা, নয়নতারা, তুলসি, পাথরকুচি, নানাজাতের পাতাবাহার, একটি অশ্বত্থ বৃক্ষের চারাও আমরা লাগিয়েছিলাম। তখন আমি ঢাকা কলেজে পড়তাম। বাড়ি ফেরার পথে কলেজের সামনে থেকে চারা কিনে আমি বাসায় আসতাম। টব কিনে আনতে হত কারওয়ান বাজার থেকে। ওখানে মাটিও কিনতে পাওয়া যেত। গাছগুলো আমাদের যত্ন পেয়ে তরতরিয়ে বড় হয়ে যেত। তখন দেখতাম ছফা কাকা সকালবেলা ছাদে এসে ছোট শিশুদের যেভাবে আদর করা হয় ওভাবে হাত বুলিয়ে বুলিয়ে তাদের আদর করতেন। কখনো কখনো শিশুর মত হেসে হেসে গাছগুলোর সঙ্গে কথা বলতেন। বড় বড় গাছগুলো জড়িয়ে ধরে আলিঙ্গন করতেন। সেটা এক দেখার মত ব্যাপার ছিল। তারপর সুশীল যখন একটা শালিক এনে দিল তখন ছফা কাকার আনন্দ আর দেখে কে! 'বাবু পাখি', 'শালিক পাখি', 'পরান পাখি', 'হলুদিয়া পাখি' কত নামে যে পাখিটিকে সম্বোধন করতেন তার কোন লেখাজোকা ছিল না। প্রতিদিন তাঁর খাবারের একটা অংশ পাখির জন্য বরাদ্দ থাকত। কাককে ডাকতেন 'কাকমণ্ডলী'। এই 'মণ্ডলী' শব্দটা ধার করেছিলেন কমল কুমার মজুমদারের লেখা থেকে। খাবার ছড়িয়ে দিলে কাক আসত, চড়ুই পাখি আসত। তারা খাবার শেষ করলে ছফা কাকা ঘণ্টা বাজিয়ে দিতেন। ঘণ্টার শব্দ শুনে তারা আবার চলে যেত। এদের নিয়ে তাঁর দিনগুলো বেশ ভালভাবেই কাটছিল তখন।

একদিন দেখি ছফা কাকা লিখছেন আর লিখছেন। গাছপালা এবং তাঁর অনুগত পাখিগুলোর প্রতিও বিশেষ লক্ষ নেই। তিনি যখন লিখতেন মিটিমিটি হাসতেন। আজও দেখলাম তাঁর হাসি থামতে চাইছে না। আমি তাঁকে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি লিখতে বসলে হাসেন কেন? তিনি শিশুর মত হেসে জবাব দিলেন, লেখালেখিটা হল মনের ব্যাপার। মনকে উৎফুল্ল না রাখলে হাত দিয়ে ভাল লেখা বের হয় না। সাক্ষাৎকারের এক জায়গায় তিনি তো বলেই ফেলেছেন, একটা উৎকৃষ্ট লেখার আনন্দ নন-স্টপ যৌন-সঙ্গমের মত।

ছফা কাকা যখন গোসল করার জন্য বাথরুমে ঢুকলেন আমি গিয়ে তাঁর লেখা পাণ্ডুলিপিটি পড়া শুরু করে দিলাম। যতদূর আমি পড়েছি মনে হয়েছে এক চুলও মিথ্যা নয়। এতদিন পাখি গাছপালা নিয়ে যা যা করেছেন তাঁর হুবহু একটা বাস্তব চিত্র তিনি এঁকে চলেছেন। আশ্চর্য স্মরণশক্তি, এই নইলে কি লেখক!

পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বিশ্বমানের সাহিত্য তো বটেই, তা নিয়ে তিনি নোবেল পুরস্কারের স্বপ্ন দেখতেন। ফলে উপন্যাসটি প্রকাশিত হওয়ার অল্পদিনের মধ্যে তিনি ইংরেজি অনুবাদে হাত দেন। এই অনুবাদের অনুলিখনের কাজ করেছিলেন প্রিসিলা রাজ। পরে মার্কিন নাগরিক মেরি ড্যানহাম ছফা কাকার সঙ্গে বসে অনুবাদটি ঘষামাজা করেছিলেন। তারও পরে শুনতে পাই, মেরি ড্যানহাম যখন আমেরিকা চলে যান সেখানে ড. সলিমুল্লাহ খানও এই কাজে যুক্ত হন। কিন্তু পরবর্তীতে ড. সলিমুল্লাহ খানের মুখে শুনেছি, তিনি মেরি ডানহ্যামের সঙ্গে যুক্ত হয়ে কাজটি করেছেন কথাটি ঠিক নয়। ড. খানের মতে, যে অনুবাদটি আহমদ ছফাসহ মেরি ড্যানহাম করেছেন সেটি সঠিক ছিল না। ফলে পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ উপন্যাসটি অনুবাদে তিনি এককভাবে শ্রম নিয়োগ করেছিলেন। এই অনুবাদকর্মটি অদ্যাবধি আলোর মুখ দেখেনি। আটানব্বই সালে উপন্যাসটি জাপান ভাষায় অনূদিত হয়। এটি অনুবাদ করেছিলেন তাকায়েশি ইতো। উপন্যাসটি জার্মান এবং হিন্দি ভাষায় অনুবাদেরও কথা ছিল। ছফা কাকার অকাল মৃত্যুতে সেটি আর হয়ে ওঠেনি।

ছিয়ানব্বইতে কাকা একটি রাজনৈতিক দল গঠনে সচেষ্ট হয়েছিলেন। তিনি তাঁর রাজনৈতিক দলের নাম দিয়েছিলেন 'জনসমাজ'। প্রচলিত রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি 'জনসমাজ' গড়তে তৎপর হয়েছিলেন। তার ওপর ভিত্তি করে তিনি একটি বুকলেটও ছেপেছিলেন। এতে তিনি সতেরটি প্রাথমিক কর্মসূচির কথা উল্লেখ করেন, যেগুলোর ভিত্তিতে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। তাঁর রাজনৈতিক কর্মসূচিগুলো ছিল :

• সন্ত্রাসকে অসম্ভব করে তুলতে হবে
• সকলকে সম্পদের প্রকাশ্য হিসাব দিতে হবে
• কৃষককে বাঁচাতে হবে
• চোরাচালান রোধের বাস্তব কর্মসূচি চাই
• ভূমি সংস্কার ও ভূমি উদ্ধারের জরুরি কর্মসূচি চাই
• পানির নিশ্চিত সরবরাহ চাই
• ক্ষুদ্র শিল্পের ব্যাপক প্রসার চাই
• সার্থক শিল্পায়নের স্বার্থে জাতীয় উন্নয়ন কৌশল চাই
• গ্রামীণ অবকাঠামোর পরিবেশ সম্মত চাই
• শিক্ষানীতির আমূল পরিবর্তন চাই
• স্থানীয় সরকারের ক্ষমতায়ন চাই
• গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা চাই
• সর্বস্তরে মনুষ্য-মর্যাদার স্বীকৃতি চাই
• জনস্বাস্থ্যের অর্থবহ ব্যবস্থা চাই
• নারীর প্রকৃত ক্ষমতায়ন চাই
• দূরদৃষ্টিসম্পন্ন গতিশীল পররাষ্ট্রনীতি চাই
• পথ আগলে চাঁদাবাজি ভিক্ষাবৃত্তি মাহফিল চলবে না

এই কর্মসূচিগুলোর ভিত্তিতে 'জনসমাজে'র ব্যানারে ধানমণ্ডি-মোহাম্মদপুর এলাকা থেকে নির্বাচন করার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বন্ধু-বান্ধবদের চাপের মুখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। বন্ধু-বান্ধবেরা তাঁর মঙ্গল চেয়েছিলেন তাতে কোন সন্দেহ নেই। আমার ধারণা, তিনি নির্বাচন করলে নিশ্চিত হারতেন। কারণ, নির্বাচন করার জন্য যে ধরনের ছল-ছাতুরি, কলাকৌশল অবলম্বন করতে হয় এবং যে পরিমাণ অর্থের দরকার কোনোটাই তাঁর ছিল না। খুব সম্ভব ঊনিশ শ' বাহাত্তর তিয়াত্তর সালের দিকে হবে, ছফা কাকা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে সরকার বিরোধী প্যানেল থেকে নির্বাচন করেছিলেন। এই নির্বাচনে তিনি হেরেছিলেন এবং গো-হারা হেরেছিলেন। এই সম্পর্কে যদ্যপি আমার গুরু বইতে ছফা কাকা রাখ ঢাক না রেখে বলেছেন:

"আমার সন-তারিখের ঠিক থাকে না। আর ডায়েরি লেখার অভ্যাসও আমার নেই। স্মৃতির গভীর থেকে এই বিষয়গুলো টেনে টেনে বার করছি। কোনটা আগে কোনটা পরে পারম্পর্য রক্ষা করা হচ্ছে না। আমি একবার বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমরা তৎকালীন সরকারবিরোধী একটা প্যানেল দিয়েছিলাম। একজন ছাড়া অন্য প্রার্থীদের নাম মনে পড়ছে না। তিনি মির্জা গোলাম হাফিজ। নামকরা উকিল এবং বিএনপি সরকারের প্রাক্তন মন্ত্রী। রাজ্জাক সাহেবকে আমি ভোট দিতে অনুরোধ করেছিলাম। তিনি চোখ কপালে তুলে বলেছিলেন, আপনে আবার ওইগুলার মধ্যে গেছেন ক্যান?

আমি বললাম, স্যার, সকলে ধরে বসলেন, আমি না করতে পারলাম না। স্যার হুঁকা টানতে টানতে বললেন, ঠিক আছে, আপনে যখন এক্কেরে খাড়াইয়া গেছেন, একটা ভোট আপনেরে দিমুনি।

স্যার আমাকে সত্যি সত্যি আমাকে ভোট দিয়েছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। ওই নির্বাচনে আমি হেরেছিলাম। একজন ছাড়া আমাদের প্যানেলে কেউ জিততে পারেনি। তিনি মীর্জা গোলাম হাফিজ। হাফিজ সাহেব তলায় তলায় আমাদের বিরোধী প্যানেলের সঙ্গেও বোঝাপড়া করে ফেলেছিলেন। এই এক মজার লোক! যে কথা তিনি শুনতে চান না, কেউ যদি বলেন, তিনি হাত-পা নেড়ে জানিয়ে দেন, তুমি কী বলছ আমি শুনতে পাচ্ছি না। কারণ আমি কানে কম শুনি। যে কথা তিনি পছন্দ করেন, ঠিকই শুনে ফেলেন। এক বর্ণও বাদ পড়ে না। নির্বাচনে আমার অবস্থাটা হয়েছিল সবচাইতে করুণ। আমাদের এজেন্ট ড. আহমেদ কামাল জানিয়েছিলেন, আমার নিজের ভোটটাও বাতিল হয়ে গিয়েছিল। কোথায় টিক চিহ্ন দিতে কোথায় দিয়ে ফেলেছি।" (ছফা, য. আ. গু., পৃ. ৩৬)

'বাংলা-জার্মান সম্প্রীতি'র মত একটা প্রতিষ্ঠানেও নির্বাচন করতে গিয়ে তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে নির্বাচনে হেরেছিলেন সেকথা তো আগে লিখেছি। সুতরাং জাতীয় পর্যায়ের মত বড় পরিসরে নির্বাচন করে ছফা কাকা হারবেন এক প্রকার নিশ্চিত ছিল। তবে তিনি জেতার জন্য নির্বাচন করতে চেয়েছিলেন একথা সত্য নয়। হারের বিষয়টা তাঁর মাথায় ছিল। রাজনীতিতে সৎ এবং মেধাশালী লোকজন এগিয়ে আসুক—এ সূচনাটা হয়ত তিনি করতে চেয়েছিলেন।

ছফা কাকা নানারকম সংগঠন করে বেড়াতেন। নতুন লেখক সৃষ্টি করা যেমন তাঁর নেশায় পরিণত হয়েছিল তেমনি মনযোগী হতেন নতুন নতুন প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে। তিনি পুরনো প্রকাশকদের চেয়ে নতুন প্রকাশকদের বেশি গুরুত্ব দিয়ে দেখতেন। দেশে ভাল প্রকশনা শিল্প গড়ে না উঠলে আমাদের সাহিত্য-সংস্কৃতি কোনভাবে পুষ্টি লাভ করতে পারবে না তিনি তা বিশ্বাস করতেন। এক সময় আমাদের শিল্প-সংস্কৃতি কোলকাতা বলয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কোলকাতার প্রকাশকরা বই প্রকাশ করে এখানে অর্থাৎ বাংলাদেশে বিক্রি করতেন। এখনও এই সংকট কেটে গেছে সেটি বলা যাবে না। ছফা কাকা এই ব্যাপারে খুবই সচেতন ছিলেন। 'আনন্দবাজার' যেভাবে বাংলাদেশের বাজার দখল করে নিতে বসেছিল সেটা কাকার মতে ছিল ভয়ানক আতঙ্কের। ছফা কাকা এ ব্যাপারে সব সময় সোচ্চার ছিলেন। ফলে বাংলা একাডেমির মেলায় আমরা তাঁকে দেখেছিলাম একজন প্রতিবাদী হিসেবে বুকে পোস্টার সেঁটে ঘুরে বেড়াতে। আনন্দবাজার যখন এখানে আস্তানা গাড়তে আসতে চেয়েছিল ছফা কাকাকে তখনও দেখেছিলাম পত্রিকায় হুঙ্কার দিতে। কাকার এসব পদক্ষেপ যে একেবারে ধুলোয় মিশে গেছে সেই কথা আমরা বলতে পারি না।

কোলকাতার আগ্রাসন থেকে ঢাকা মুক্ত হোক, পাশাপাশি ঢাকা কেন্দ্রিক ভাল ভাল নতুন প্রকাশনা সংস্থা গড়ে উঠুক তিনি মনে-প্রাণে চাইতেন। ছফা কাকার জাগ্রত বাংলাদেশ দিয়ে মুক্তধারার হাতেখড়ি হয়েছিল সেই কথা আগে বলেছি। মুক্তধারা এক সময়ে নামজাদা প্রকাশনা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তাঁর অনেক বইও এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। তার আগে ও পরে বাংলাদেশে আরও অনেক বড় প্রকাশনা প্রতিষ্ঠান ছিল। ওই সকল প্রকাশনা প্রতিষ্ঠান থেকেও ছফা কাকার বই প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে দেখি ছফা কাকাকে এই সকল প্রতিষ্ঠান থেকে নিজের মুখ ঘুরিয়ে নিয়ে নতুন ছোট প্রকাশকদের দিকে ঝুঁকে পড়তে। তাঁর উদ্দেশ্য পরিষ্কার, দেশে প্রকাশনা শিল্পের বিপ্লব ঘটুক। গড়ে উঠুক নতুন প্রকাশনা।


সেবক ইদ্রিস আলীর সঙ্গে

ছফা কাকা তাঁর কবিতার সংকলন আহমদ ছফার গান কবিতা ইত্যাদি বইটি ছাপতে দিয়েছিলেন তাঁর তরুণ বন্ধু আবুল বাশারকে। প্রকাশনাটির নাম ছিল জেমিনি প্রিন্টার্স। বন্ধু অধ্যাপক তৌহিদুল আনোয়ারকে ঠেলে নামিয়ে দিয়েছিলেন প্রকাশনা জগতে। তাঁর প্রকাশনার নাম দিয়েছিলেন ইনফো পাবলিকেশন। এই প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল ছফা কাকার শান্তিচুক্তি ও অন্যান্য নিবন্ধ। আরেক বন্ধু শিবনারায়ণ দাশকেও তাঁর বই ছাপতে দিয়ে প্রকাশক বানিয়েছিলেন। শিববাবুর প্রকাশনা প্রতিষ্ঠান শ্রী প্রকাশ থেকে ছফা কাকার আহমদ ছফার কবিতা, উপলক্ষের লেখা, বাংলাদেশ রাষ্ট্র ও বাঙালি জাতি বইগুলো প্রকাশিত হয়েছিল। ছফা কাকার অনুরোধে ড. হোসেন জিল্লুর রহমান এই প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। এই প্রতিষ্ঠানগুলো আজ একটাও বেঁচে নেই। এই সকল প্রতিষ্ঠান কেবল ছফা কাকার বই ছাপার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ড. লেনিন আজাদের প্রাচ্যবিদ্যা নামের প্রকাশনা প্রতিষ্ঠানটি শুরুর বছর ছফা কাকার শতবর্ষের ফেরারি: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বইটি ছেপেছিল। প্রতিষ্ঠানটি দু' বছরের মাথায় আত্মহত্যা করেছে ড. আজাদের ইচ্ছায়।

অনেকে নতুন প্রকাশনা আরম্ভ করলে ছফা কাকার কাছে এসে ধন্না দিতেন। তিনি কাউকে নিরাশ করতেন না। জাগৃতি, বার্ড পাবলিকেশন, সন্দেশ, র‌্যামন পাবলিকেশন, দেশ প্রকাশনী প্রথম যখন ব্যবসা শুরু করে ছফা কাকা প্রতিটি প্রকাশনাকে বই প্রকাশ করতে দিয়ে সহায়তা করেছেন, যদিও প্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটি আঁতুড়ঘরে মৃত্যুবরণ করেছে।

ছফা কাকা প্রকাশকদের স্বার্থ দেখতেন। আমি দেখেছি তিনি কোন কোন প্রকাশনা প্রতিষ্ঠানকে কাগজ কিনে দিতেন নিজের বই প্রকাশের জন্য। স্টুডেন্ট ওয়েজের মত এতবড় প্রতিষ্ঠানকেও ছফা কাকা কাগজের টাকা দিয়ে বই ছাপতে দিয়েছেন যেটি আমি নিজের চোখে দেখেছি। কিন্তু অনেকে তাঁকে রয়্যালিটি পরিশোধ করতেন না। অনেক প্রকাশক তাঁকে কৌশলে ঠকাতেন। শাহবাগের সন্দেশ থেকে তাঁর বিখ্যাত উপন্যাস পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ প্রকাশিত হলে পাঠকমহলে দারুণ সাড়া জাগে। নিঃসন্দেহে এটি একটি বাজার সফল বই ছিল। ছফা কাকাও এই বইয়ের অনেক কপি নিজের হাতে কিনে বন্ধু-বান্ধবের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু বছরের পর বছর যায় বইটির সংস্করণ শেষ হয় না। ছফা কাকার সন্দেহ জাগে। তিনি একটি পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ কিনে এনে দেখেন আগের বইয়ের সঙ্গে এই বইয়ের ছাপার কোনো মিল নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে লৎফর সাহেবের উদ্দেশে বলেছিলেন, মোষের শিং থেকে দুধ বের করা যত সহজ, এসব লোকের কাছ থেকে সততা আশা করা তত সহজ নয়।

তারপরেও, পরবর্তীতে ছফা কাকা লুৎফর সাহেবকে তাঁর রচনাবলি ছাপতে অনুমতি দিয়েছিলেন। কিন্তু তিনি এমন কিছু আচরণ করেছিলেন ছফা কাকা তার প্রতি ভীষণ রকম রুষ্ট হয়েছিলেন। ছফা কাকার মৃত্যুর দু' মাস আগে ঊনত্রিশ মে লুৎফর সাহেবকে লেখা একখানা চিঠি থেকে তার কিঞ্চিৎ অনুমান করা যায়—কী পরিমাণ মনোবেদনা জাগ্রত হলে এরকম একটি চিঠি লেখা সম্ভব। আমি কাকার চিঠিখানা হুবহু উদ্ধৃতি করছি:

"জনাব লুৎফর রহমান চৌধুরী
ডিরেক্টর সন্দেশ
শাহবাগ, ঢাকা।

জনাব লুৎফর,
আপনি এ পর্যন্ত আমার তিনটি বই প্রকাশ করেছেন। বই তিনটির নাম : (১) গাভী বিত্তান্ত, (২) পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ, (৩) রচনাবলি-১। তাছাড়া রচনাবলির আরো একটি দু'টি খণ্ড প্রকাশ করতে যাচ্ছেন। লেখক হিসেবে আপনার বিরুদ্ধে আমি নিম্নলিখিত অভিযোগসমূহ উত্থাপন করছি।

গাভী বিত্তান্ত বইটি প্রকাশ করেছেন ১৯৯৫ সালে। এ পর্যন্ত আপনি আমাকে মাত্র এক হাজার বইয়ের রয়্যালিটি পরিশোধ করেছেন। এই পাঁচ ছ' বছর সময়ের মধ্যে বইটির আর কোন সংস্করণ প্রকাশিত হয়নি। সাধারণত এক বছরের মধ্যে আমার বই এক হাজার কপি বিক্রি হয়। অন্যান্য প্রকাশকেরা, যাঁরা আমার বই ছেপেছেন তাঁদের অভিজ্ঞতা থেকেই একথা বলছি।

পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ প্রকাশ পেয়েছিল ১৯৯৬ সালে। এই বইটার এক হাজার কপির রয়্যালিটি পরিশোধ করেছেন। আমাকে আপনি জানিয়েছেন এখনও প্রথম সংস্করণের ছাপানো পুস্তক নিঃশেষিত হয়নি। এটা আমার পক্ষে বিশ্বাস করা খুবই কষ্টকর। আমি আপনার সঙ্গে কোন বাদ-প্রতিবাদে যেতে চাইনে। এই বই দুটোর অবিক্রিত কপিগুলো ৩৫% কমিশনে নগদ মূল্যে আমি কিনে নিতে চাই। আমি অন্য প্রকাশকের মাধ্যমে বই দুটোর নতুন সংস্করণ প্রকাশ করতে চাই। আপনাকে আমি রচনাবলি-১ প্রকাশ করার সময় নগদ আটাশ হাজার টাকা দিয়েছিলাম ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে কথা ছিল বইটি প্রকাশ পেলেই ওই টাকা শোধ করে দেবেন। এখন দু' বছরের অধিক সময় পার হয়ে গেছে। আপনি আপনার হিসেবে এখনও ছ' হাজার টাকা শোধ করেননি।

(৩) শাহবাগের আজিজ মার্কেটে একটি সমৃদ্ধ প্রকাশনা শিল্প গড়ে উঠুক এই স্বার্থে আপনাকে আমি তারপরেও আমার 'রচনাবলি দ্বিতীয় খণ্ড' এবং 'তৃতীয় খণ্ড' প্রকাশ করার অনুমতি দিয়েছি। এই দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডের প্রুফ সংশোধন করার বেলায় যে ঘটনা আপনি ঘটালেন, তাতে আমার আপনার প্রতি বিশ্বাস এবং আস্থার সর্বশেষ রেশটুকুর অবসান ঘটে গেল। যে ভদ্রলোক এই অপ্রকাশিত গ্রন্থসমূহের প্রুফ দেখেছেন, তার প্রাপ্য পারিশ্রমিক শোধ না করে তার সঙ্গে একরকম প্রতারণা করেছেন। প্রতারণা একটি ভাল জিনিস নয়। তথাপি এটাকে প্রতারণা ছাড়া আর কিছু বলা যাবে না। প্রুফ রিডার ভদ্রলোক আপনাকে টেলিফোন করলেন। আপনি তাকে বেলা এগারটার সময় আপনার বাড়িতে যেতে বললেন। তিনি যখন পারিশ্রমিক আদায় করার জন্য আপনার বাড়িতে গেলেন, আপনি বাড়িতে থেকেও লোক মারফত বলে দিয়েছেন, আপনি বাড়িতে নেই। ওপরে যেসব কারণ বয়ান করলাম, সেগুলো আমার মেজাজের প্রশান্তি এবং মনের শান্তি নষ্ট করে ফেলেছে। তারপর আমার এবং আপনার সঙ্গে লেখক-প্রকাশক সম্পর্ক টিকিয়ে রাখা আমি অসম্ভব মনে করছি। সুতরাং আমার রচনাবলির পরবর্তী খণ্ড বা খণ্ডগুলো আর ছাপবেন না। যেহেতু আপনার সঙ্গে লিখিত দলিল হয়নি, তাই আমার কোন বই ছেপে প্রকাশ করার অধিকার আপনার নেই। সরকারের তরফ থেকে আমার দুই বা ততধিক রচনাবলি ক্রয় করার একটি গুজব আমার কানে এসেছে। এটা সত্যি কি না আমি জানিনে। এটা যদি সত্যি হয়ে থাকে জাতীয় গ্রন্থকেন্দ্রে এই চিঠিটাসহ আরো একটি চিঠি লিখে জানিয়ে দিচ্ছি। রয়্যালিটি পরিশোধ না করে আমার অনুমোদন ব্যতিরেকে কোন অসাধু প্রকাশক যদি বিক্রির জন্য আমার বই জমা দিয়ে থাকেন, সেটি যেন বাতিল করেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক বরাবরে প্রেরিতব্য চিঠিটাও সংযোজন করে দেয়া হল।
ইতি
বিনীত
আহমদ ছফা
(ছফা, চি., পৃ. ১৮৬)

ছফা কাকা বেঁচে থাকা পর্যন্ত লুৎফর সাহেব তাঁর আর কোনো বই প্রকাশ করেননি। দুঃখের ব্যাপার হল, কাকা মারা যাবার পর কোনো অনুমতি ব্যতিরেকে লুৎফর সাহেব পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ, গাভী বিত্তান্তসহ রচনাবলির আরও তিন খণ্ড প্রকাশ করেন। আমি লিখিতভাবে দু' দু'বার নোটিশ দিয়েও তাকে থামাতে পারিনি। ছফা কাকা মারা গেলেন আট বছর হতে চলেছে, এখনও পর্যন্ত তিনি একটা টাকাও রয়্যালিটি প্রদান করেননি। জানি না ভবিষ্যতে তার সঙ্গে সম্পর্কটি কোথায় গিয়ে গড়ায়।

স্টুডেন্ট ওয়েজ, খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি, মাওলা ব্রাদার্স ইত্যাদি প্রকাশনাগুলোর সঙ্গে ছফা কাকার একটা হৃদ্যতার সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত বহাল ছিল। স্টুডেন্ট ওয়েজ কাকার প্রথম বই সূর্য তুমি সাথী প্রকাশ করেছিল। তাঁর অনুরোধে আমার প্রথম বইটিও এই প্রতিষ্ঠান থেকে প্রকাশ পেয়েছিল। মাওলা ব্রাদার্স থেকে ছফা কাকার লেখক জীবনের প্রথমদিকের কোনো বই প্রকাশিত হয়নি। শেষ জীবনে এসে ছফা কাকা বেশ কটি ভাল বই প্রকাশ করতে দিয়েছিলেন। খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানির সঙ্গে ছফা কাকার সম্পর্ক লেখক জীবনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত বজায় ছিল। সময়ে অসময়ে তিনি খান সাহেবের ওপর চড়াও হতেন। একবার তিনি খান সাহেবের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন মাত্র দু' শ' টাকার জন্য। শিল্পী সুলতানকে গাঁজা কিনে দিতে হবে এজন্য টাকা তাঁর বড় বেশি প্রয়োজন হয়ে পড়েছিল। এই প্রতিষ্ঠানের প্রকাশক কে. এম. ফিরোজ খানকে লেখা একখানা চিঠির নমুনা থেকে বোঝা যায় এ প্রতিষ্ঠানের সঙ্গে কাকার সম্পর্কের ধরন। তিনি লিখেছেন:

"প্রিয় ফিরোজ,

ভালবাসা নিয়ো। তোমার কাছে একখানা চিঠি লিখে রেখে এসেছিলাম। আমি আগামীকাল চট্টগ্রাম যাচ্ছি। আমার এক বড় বোন মারা গেছেন।

আমার চিঠিটি পেয়ে কি তুমি রাগ করেছ? সত্যি সত্যি টাকাটা প্রয়োজন। এই বোনের ছেলেমেয়েদের জন্য কিছু একটা করতে হবে। তারা খুব অসহায়।

আরেকটা কথা জানিয়ে রাখি। আমাদের প্রতিষ্ঠানকে রাজি করাতে চেষ্টা করছি যেন তারা সৃষ্টিশীল প্রকাশকদের স্বল্পমেয়াদে বিনা সুদে ঋণ দেয়ার একটা কর্মসূচি গ্রহণ করে। লিয়াকতকে জানিয়েছি, তোমাকেও জানাচ্ছি। কথাটা পাঁচকান করবে না। আমি পরশুদিন ফিরব।

ইতি
তোমাদের
শুভাকাঙ্ক্ষী
আহমদ ছফা
(ছফা, চি., পৃ. ১৮৫)

কাকার সঙ্গে এ প্রতিষ্ঠানের যে সম্পর্ক ছিল সেটি কখনও ক্ষয় হবার নয়। এ প্রতিষ্ঠানের অন্যতম স্বত্তাধিকারী কে. এম. ফিরোজ খান তাঁকে শ্রদ্ধার চোখে দেখতেন। ছফা কাকার মৃত্যুর পর আমি তাঁকে অনুরোধ করলে আহমদ ছফা রচনাবলি প্রকাশের মত ব্যয়সাধ্য কাজটি করতে তিনি রাজি হয়েছিলেন, যেটি অন্য কোনো প্রকাশককে দিয়ে সম্ভব হয়নি। আমার মনে হয়েছে, আহমদ ছফা রচনাবলি প্রকাশের কাজটি করতে গিয়ে যত না তাঁর মধ্যে ব্যবসায়িক চিন্তা কাজ করেছে, তার চেয়ে ছফা কাকার প্রতি শ্রদ্ধাবোধের ব্যাপারটি তিনি বড় করে দেখেছিলেন।

কাকা শত্রুর সঙ্গে শত্রুতা করে জয়ী হতে হবে এমন ভাবধারায় বিশ্বাসী ছিলেন না। তাঁর সঙ্গে যারা শত্রুতায় লিপ্ত হত তিনি তাদের বন্ধু হিসেবে গ্রহণ করতেন। একবার তিনি একটা মামলায় জড়িয়েছিলেন। বোধহয় সাতানব্বই সালের দিকে হবে। ওই মামলায় আমিসহ আমাদের পরিবারের আরও কয়েকজনকে আসামি হতে হয়েছিল। আমাদের এলাকায় খলিল নামের একজন দুষ্ট প্রকৃতির লোক ছিল। তার জীবনে ভাল কাজ করেছে এমন নজির বোধহয় কেউ দিতে পারবে না। মানুষের জায়গাজমি আত্মসাৎ এবং সুদে টাকা খাটিয়ে মানুষকে এক রকম ঠকানো ছিল তার পেশা। এই খলিলের কার্যকলাপকে অবলম্বন করে কাকা সূর্য তুমি সাথীর খলু মাতাব্বর চরিত্রটি সৃষ্টি করেছিলেন। খলিলই আমাদের পরিবারকে জড়িয়ে জমি সংক্রান্ত কোর্টে একটি মামলা ঠুঁকে দিয়েছিল। অনেকদিন ধরে সে জমিটুকু দখল করে রেখেছিল। যখন কাকা জমিটুকু অন্যজনের কাছে বিক্রি করতে গেলেন তখনই খলিল এই অপকর্মটি করে বসে। স্বাভাবিক কারণে আমরা সবাই তার ওপরে খেপে গিয়েছিলাম। ছফা কাকাও খেপেছিলেন। কিন্তু কিছু দিন পরে দেখলাম কাকা খলিলের জন্য একখানা লুঙ্গি, একটা পাঞ্জাবি এবং একখানা চাদর কিনে লোক মারফতে পাঠিয়ে দিলেন। তাঁর এমন আচরণে আমি অনেকটা ক্ষুব্ধ হয়েছিলাম। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এমন কাজ করতে গেলেন কেন? সে কি আপনার উদারতার মূল্য দেবে?

শিশুরা অপরাধ করার পর ধরা পড়লে যেভাবে মুখমণ্ডল কাঁচুমাচু করে হাসে তাঁকেও দেখলাম সে রকম শিশুসুলভ হাসতে। তারপর তিনি কিছুক্ষণের জন্য গম্ভীর হয়ে গেলেন। বোধহয় তিনি কিছু একটা ভাবছিলেন। আমি যখন তাঁর সামনে থেকে সরে যেতে চাইলাম তখন তিনি বললেন, তুমি কি আমার আচরণে কষ্ট পেয়েছ? খলিল যদি আমার উদারতাকে দুর্বলতা মনে করে করুক। আমরা তো খলিলের মত এত নিচে নামতে পারব না। তিনি আমাকে এক চিঠিতে লিখেছিলেন:

"আমি আমার জীবন এবং কর্মকে এমনভাবে গঠন করতে চাই লোকে ভাত, রুটি যেমন খায় তেমনিভাবে তাদের প্রয়োজনে লাগতে পারি। আমি আমার আপন লোকদের ভালবাসি, কিন্তু শত্রুদের ঘৃণা করিনে। এইখানে আমার সঙ্গে অনেক মানুষের তফাৎ। আমার মধ্যে আপন-পর কোন ভেদ নেই। এটা আমার দুর্বল দিক, কিন্তু এটা আমার মহত্ত্বও বটে।" (ছফা, চি., পৃ. ৯৯)

কাকা খলিলের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিলেও মামলাটা আমাদের চালাতে হয়েছিল এবং সেই মামলায় আমরা জিতেওছিলাম। খলিলের ব্যাপার নিয়ে কাকা আমাকে অনেক চিঠি লিখেছিলেন। তার বেশ কিছু চিঠি আহমদ ছফার চিঠি বইতে স্থান পেয়েছে।

সাতানব্বই সালে ছফা কাকা একটা নাটক লেখায় হাত দিয়েছিলেন। একদিন শাহবাগের উত্থানপর্বের অফিসে বসে আমি কম্পিউটারে তাঁর একটা লেখা কম্পোজ করছিলাম। হঠাৎ তিনি ঘরে ঢুকে আমাকে পনের বিশ পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি ধরিয়ে দিয়ে বললেন, আগে এটা কম্পোজ করে ফেল। আমি জিজ্ঞেস করলাম, এটা কী? তিনি ঠোঁট বাঁকিয়ে জবাব দিলেন, নাটক। এ পর্যন্ত আমি কোনো নাটক লিখিনি। এবার না লিখে পারলাম না। বেটা পেয়েছেটা কী? এটা আমি টিএসসিতে মঞ্চস্থ করাব।

আমি ছফা কাকার কথার কোনো আগা-মাথা অনুমান করতে পারলাম না। তারপরেও তাঁর কথামত আমি কাজটি করেছিলাম। পরে জেনেছিলাম একজন লেখককে ব্যঙ্গ করে তিনি নাটকটি লিখছেন। কাউকে বিব্রতকর অবস্থার মধ্যে ঠেলে দেয়া ঠিক হবে না। সুতরাং যে লেখককে নিয়ে এই নাটকটি লিখছিলেন তাঁর নামটি আমি এখানে উল্লেখ করতে চাই না।

ছফা কাকার নাটকটির নাম ছিল 'গুরু-শিষ্য'। এই নাটকের প্রথমদিকটার কিছু অংশ আমি এখনও মনে করতে পারি। তিনি লিখেছিলেন (ভাষার হেরফের হতে পারে):

"শিষ্য: গুরু, একটা উপন্যাস লিখতে চাই। আপনি আমাকে কিছু নিয়ম বাতলে দিন।

গুরু: ভারি উত্তম প্রস্তাব। কিন্তু তোমার তো বাপু উপন্যাস লেখার মত তেমন ঘিলু আছে বলে মনে হয় না।

শিষ্য: ওভাবে বলবেন না। আমার ধারণা, আপনি আশীর্বাদ করলে আমি পারব।

গুরু: বৎস, তোমার ওপর আমার আশীর্বাদ সব সময়ই থাকবে।

শিষ্য: গুরু তাই যেন হয়।

গুরু: বেটা, উপন্যাস লেখা খুব একটা সহজ কর্ম নয়। তবে চেষ্টা করে দেখতে পার। আজই একটা 'আনোয়ারা-মনোয়ারা' উপন্যাস কিনে ফেল?

শিষ্য: ওগুলো দিয়ে কী হবে গুরু?

গুরু: উপন্যাসের কালা-কানুন শিখতে হবে না?

শিষ্য: গুরু, আমাকে আর বুঝিয়ে বলতে হবে না।

গুরু: এই নইলে কি তুমি আমার শিষ্য? শোন বৎস, তোমাকে একটা মোকছুদুল মোমীন কিনতে হবে।

শিষ্য: গুরু, আপনার কথার অন্যথা হবে না। কিন্তু উপন্যাসের সঙ্গে এই ধরনের বইয়ের সম্পর্ক কী?

গুরু: বেশি বুঝতে যেও না। ধর্ম সম্পর্কে তুমি বিশেষ কিছু জান বলে মনে হয় না। উপন্যাসের ফাঁক-ফোকরে দু' চারটি ধর্মীয় কথা না থাকলে তোমার লেখা পাঠক পড়বে কেন? আমার মনে হয় বইটি তোমার খুব কাজে দেবে।

শিষ্য: ঠিকই ধরেছেন। আমাকে আর কী করতে হবে গুরু?

গুরু: বাজারে বাণী চিরন্তনী নামে বই পাওয়া যায়। ওখান থেকে একটা বই কিনতে হবে। নায়ক-নায়িকাদের মুখে দু' চারটি নীতিকথা শোভা না পেলে উপন্যাস কখনও মূল্যবান হয়ে ওঠে না।

শিষ্য: গুরু সেটা আমি জানি। ইতোমধ্যে এই সংক্রান্ত দু'টি বই আমার পড়া হয়ে গেছে।

গুরু: উত্তম কথা। রবিঠাকুর হলেন সাহিত্য সম্রাট। তাঁর গীতবিতান না পড়লে তুমি বড় বেকায়দায় পড়ে যাবে যে!

শিষ্য: গুরু, এতক্ষণ যতগুলো বইয়ের কথা বললেন কোনোটার প্রতি আমার দ্বিমত নেই। কিন্তু উপন্যাস লেখার জন্য আমাকে রবীন্দ্রনাথের গানের বই পড়তে হবে কেন?

গুরু: বৎস, প্রশ্ন কর না। রবিঠাকুরের দুয়েকটি রোমান্টিক গান যদি নায়ক-নায়িকার ঠোঁটে তুলে দিতে পার তাহলে উপন্যাসটি রসভারে উত্তীর্ণ হয়ে ওঠবে, সেকথা তোমাকে কী করে বোঝাই।

শিষ্য: গুরু, যদি অনুমতি দিতেন তাহলে আপনার চরণধূলি মাথায় নিতাম।

গুরু: সেটা আপাতত থাকুক। হাতের কাছে সঞ্চয়িতা থাকে তো ভাল, নইলে এটিও তোমাকে কিনতে হবে।

শিষ্য: গুরু এটার ফজিলতটা কী খুলে বলবেন?

গুরু: আমি কখনও অনাবশ্যক কথা বলি না।

শিষ্য: সেই বিশ্বাস আমার আছে।

গুরু: সঞ্চয়িতার কবিতাগুলো তোমার পড়া চাই। উপন্যাসের যোগ্য নাম তুমি কোথায় পাবে? কবিতাগুলো পড়া থাকলে ওখান থেকে কোন একটা লাইন উপন্যাসের নাম হিসেবে ব্যবহার করতে তোমার কোন কষ্ট হবে না।

শিষ্য: তাই হবে গুরু। তবে একটা জিনিস মাথায় আসছে না, উপন্যাসের নায়ক-নায়িকার বয়স কত হতে হবে?

গুরু: নায়িকার বয়স ষোল। নায়কের বয়স বিশের অধিক নয়। তবে নায়কটাকে একটু গোবেচারা ধরনের হতে হবে।

শিষ্য: গুরু, উপন্যাসে কি নায়ক-নায়িকার কোন যৌন-সঙ্গমের বিষয় থাকবে?

গুরু: নাউজুবিল্লাহ! নায়ক কেবল নায়িকার গা ঘেঁষাঘেষি করবে। সুযোগ পেলে গায়ে হাত দেবে—এটুকু, তার বেশি নয়।"

ছফা কাকা নাটকটি শেষ করেননি। একদিন দেখলাম, তাঁকে পাণ্ডুলিপিটি নিয়ে বেশ কবার নাড়াচাড়া করতে। কেন জানি না, তাঁর চোখে মুখে রাগ ফেটে পড়ছে। এক পর্যায়ে তিনি পাণ্ডুলিপিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ময়লার বাক্সে ফেলে দিলেন।

(কিস্তি ৯)

nurulanwar1@gmail.com