২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধাঞ্জলি: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

হামীম কামরুল হক

Published : 06 Aug 2020, 06:04 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


তিনজন 'মানবেন্দ্র' বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। একজনকে আমরা চিনি এম.এন.রায় হিসেবে বা মানবেন্দ্রনাথ রায়, বিপ্লবী, রাজনীতিবিদ ও শেষত র‌্যাডিক্যাল হিউম্যানিজমের প্রবক্তা; আরেকজন হলেন সংগীতশিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর একজন হলেন কবি কথাসাহিত্যিক অনুবাদক প্রাবন্ধিক ও অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু সব কিছু ছাপিয়ে শেষোক্ত মানবেন্দ্র আমাদের কাছে অনুবাদক হিসেবেই খ্যাতিমান। এটা বলতেই হয় যে, বইয়ের দোকানে কোনো বইয়ের অনুবাদক হিসেবে যদি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম দেখা যায়, তাহলে পাঠক আস্থার সঙ্গে সেই বইটি কেনেন। সেই তুলনায় কবি ও কথাসাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পড়ে থাকেন আড়ালে। আমরা বেশ উপাধি-প্রিয় জাতি। জানি না এটা রাজাবাদশাদের খেতাব দেওয়া থেকে এ প্রবণতা এসেছে কিনা। কারো নামের আগে কিছু যোগ না করলে লোকটিকে ঠিক চিনতে আমাদের বেগ পেতে হয়। ফলে নাম নয়, নামের চেয়ে উপাধি প্রায় ক্ষেত্রেই পরিচয় হয়ে ওঠে। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তা-ই ঘটেছে। যদিও জানি না কবি পরিচয় আড়ালে পড়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল কিনা। তদুপরি তিনি যে কবিতা লিখেছেন, লিখেছেন অনেকের চেয়ে ভালো, তবু তাঁকে সেই অর্থে কবি হিসেবে গণ্য করা হয় না, এ নিয়ে তাঁর মনে আক্ষেপ থাকতেই পারে। কথা হলো, তাঁর মনের কোনো আক্ষেপ আমাদের বর্তমানের বিষয় নয়। তিনি নিবিড়ভাবে সাহিত্যের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন। ফলে তিনি সাহিত্যের ক্ষেত্রে কে ও কী– এসব জানার ব্যাপারে তার কোনো কৌতূহলও ছিলো না। একটির পর একটি কাজ করে গেছেন। কেবল সমাকালীন বিশ্বসাহিত্যই নয়, ক্ল্যাসিক লেখকদের হাজির করেছেন আমাদের পড়ার টেবিলে, স্টাডিরুমে। লা ফঁতেন থেকে জুল ভার্ন, বরিস পাস্তেরনাক থেকে ভিস্ওয়াভা সিম্বোর্সকা। বাঙালি কোনো আধুনিক পাঠকের ঘরে মানবেন্দ্র বন্দ্যোধ্যায় অনূদিত হুয়ান রুলফো, আলেহো কার্পেন্তিয়ের, গাবরিয়েল গার্সিয়া মার্কেসের গল্প উপন্যাস কি চেসোয়াব মিউস, নিকানোর পাররা, মিরোস্লাব হলুব, ভাসকো পপা থেকে পেটার হান্টকে নেই– এটা ভাবা যায় না। ভাবা যায় না এমে সেজায়ারের 'দেশে ফেরার খাতা' তাঁর হাতে অনূদিত না হলে আমরা কবে তা পেতাম?

এমন বহু কিছু আছে তাঁর হাত ধরে পাওয়া হয়েছে আমাদের। কেবল তাঁকেই পেতে চাইনি তেমন। তাঁর নিজের কাজের খোঁজ মিলিছে সবচেয়ে কম। তাঁর 'কবিতাসংগ্রহে'র দেখা মিলবে না তাঁরই করা নানান লেখক কবিদের অনুবাদ নিয়ে মাত হয়ে থাকা পাঠকদের টেবিলে। নিজের কবিসত্তাকে আগে রাখার বা এগিয়ে রাখার উদ্যোগও মনে হয় না তার তেমন ছিল। হয়ত বিশ্বসাহিত্যের বিপুলপাঠ তাঁর কবির অহংকার অর্জন করার পথে বাধা ছিল। বলতে গেলে সবার আগে তিনি ছিলেন পাঠক। তারপর অনুবাদক এবং শেষটায় কবি ও লেখক। তাই শেষটাকে সামনে নিয়ে আসতেও চাননি।


এখানে একটু বলে রাখা দরকার। কারণ মানবেন্দ্র মানুষটা হারিয়ে গেছেন অনুবাদকসত্তার আড়ালে যে তাঁর সম্পর্কে একেবারে ভিত্তিগত তথ্যগুলি আমাদের অজানা রয়ে গেছে। তিনি জন্মেছিলেন অবিভক্ত বাংলার শ্রীহট্টে (বর্তমান বাংলাদেশের সিলেট জেলার সদরে) ১২ বৈশাখ ১৩৪৫ সালে; প্রয়াণ ঘটল ২০ শ্রাবণ ১৪২৭ পশ্চিমবঙ্গের কলকাতায়। অন্য হিসেবে আয়ুষ্কাল ২৫ এপ্রিল ১৯৩৮ থেকে ৪ আগস্ট ২০২০ পর্যন্ত। প্রায় ৮২ বছরের জীবন। কলকাতার প্রেসিডেন্সি কলেজের স্নাতক হওয়ার পর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে পড়াশোনা করেন। ভারতীয় নন্দনতত্ত্ব নিয়ে কানাডার টরেন্টো ও শিল্পের ইতিহাস নিয়ে অধ্যয়ন করেছেন পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবনের শুরুতে পড়িয়েছিলেন সেই সময়ের বার্মার রেঙ্গুনে। খেলাধূলার ওপর বই লিখেছেন, একাধিক বই আছে ক্রিকেট নিয়ে। ঘুরে বেড়িয়েছেন দুনিয়ার নানান দেশে। স্ত্রীর নাম হিমানী বন্দ্যোপাধ্যায় এবং তাঁরা এক কন্যা সন্তান কৌশল্যা বন্দ্যোপাধ্যায়ের পিতামাতা। সবমিলিয়ে তাঁর নিজের ও অনূদিত গ্রন্থসংখ্যা একশোর মতো।


তিনি অনুবাদের কাজ শুরু করেছিলে গতশতকের পঞ্চাশের শুরুর দিকে। তখন ছাত্র তিনি। শুরু হলো জুল ভার্ন অনুবাদ। প্রেসিডেন্সি কলেজের লাইব্রেরিতে জুল ভার্নের অসংখ্য বইপত্র ছিল। মূল ফরাসিতে পড়েছিলেন সেই লেখাগুলি। বলতে গেলে সমগ্র জুল ভার্নই অনূদিত হয়ে গেছে তাঁর হাতে। ছয় খণ্ডে, এক একটা মোটা মোটা ভলিউম। সমীহজাগানিয়া। এই অনুবাদ তাঁকে পরিচিতি এনে দেয়। আমরা বুঝতেই পারি পাঠের আনন্দ থেকে সাহিত্যের মাঠে তিনি নেমেছিলেন। আবার মজার ব্যাপার হলো, তাঁর খুব প্রিয় লেখক টমাস মান, তাঁর সাহিত্যের তেমন কিছু তিনি অনুবাদ করেননি বলা যায়।
তিনি এম.এ. পাশ করে প্রথম চাকরি নিয়ে বার্মার রেঙ্গুনে গিয়েছিলেন, বর্তমানের মায়ানমারের ইয়াঙ্গুন যাকে বলে। সেখানকার ইন্ডিয়ান ইউনিভার্সিটি ম্যাট্রিক কোর্স কলেজে তাঁকে দিনে ও সন্ধ্যায় পড়াতে হতো। সেই প্রতিষ্ঠানের পাশেই রামকৃষ্ণ মিশনের একটি অফিস ছিল। আর তাদের ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি লাইব্রেরি। রেঙ্গুনের সেই প্রতিষ্ঠানে তিনি ছেলেমেয়েদের নিয়ে নাটক করিয়েছিলেন। সেখানে পড়িয়েছিলেন একবছরের মতো। তারপর বুদ্ধদেব বসু যাদবপুরে তুলনামূলক সাহিত্য বিভাগ চালু করলে তিনি চলে আসেন যাদবপুরে। সেখানে আসবার আগে বুদ্ধদেব তাঁকে দেন বরিস পাস্তেরনাকের 'ডক্টর জিভাগো' অনুবাদ করতে। তিনি করলেন এক খণ্ড, মীনাক্ষী দত্ত করলেন আরেক খণ্ড, আর বুদ্ধদেব বসু করলেন কবিতাগুলির অনুবাদ। বুদ্ধদেব বসু সন্তুষ্টি প্রকাশ করেছিলেন মানবেন্দ্রের অনুবাদের এ কাজটিতে।
এদিকে বাংলা সাহিত্যের কজন গুরুত্বপূর্ণ লেখক ও কবির হাতে শুরু হয়েছিল রুশ সাহিত্যের অনুবাদ। বিশেষ করে ননী ভৌমিক, সমর সেন, কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়, রাধামোহন ভট্টাচার্যদের হাতে বাংলা অনুবাদের নতুন দুয়ার খুলে গেল। সেই সময় মানবেন্দ্র মনোযোগ দিলেন তৃতীয় বিশ্বের সাহিত্য বিশেষ করে লাতিন আমেরিকা ও আফ্রিকার সাহিত্যের দিকে। গেলেন মেক্সিকো। থাকলেন কিছুদিন পোল্যান্ডে। পরিচয় হয় স্তানিসোয়াভ লেমের সঙ্গে। সাইন্স ফিকশন লিখলেও লেম ভাষার খেলায় খেলাতেন নিজের সেই লেখাকে। মানবেন্দ্র পোল্যান্ড ও হাঙ্গেরিতে পরিচিত হলেন অনেক লেখকের লেখার সঙ্গে যাঁদের নাম বাঙালিদের সেসময় তেমন জানা ছিল না। পোলিশ কবি, প্রাবন্ধিক ও নিজেও অনুবাদক ভিস্ওয়াভা সিম্বোর্সকার লেখার সঙ্গে পরিচয় ঘটে। সিম্বোর্সকার ১২৭টি কবিতা অনূদিত হলো তাঁর হাতে। ১৯৯৬ সালে সাহিত্যে নোবেল পান এই সিম্বোর্সকা। হাঙ্গেরিতে দানিয়ুব নদীর তীরে বুদাপেস্তে রবীন্দ্রনাথের একটি মূর্তি আছে– এটা যেমন তাঁর কাছে স্মরণীয় ছিল, সেই সঙ্গে স্মরণীয় ছিল কবি ইয়ানোস পিলিনস্কি।


১৯৬৫-৬৬ সালে শুরু হলো মানবেন্দ্রের লাতিন আমেরিকা সফর। দুদিক থেকেই। সরাসরি সেখানে গিয়ে এবং আরেকটি হলো সাহিত্যিক-সফর। ততদিনে নেরুদা পড়া শুরু হয়েছিল যাদবপুরে। অন্যদিকে মানবেন্দ্র পেলেন মার্কেসের খোঁজ। ভালো লেগে যাওয়ায় ভাবলেন অনুবাদের কথা। আর সেই মার্কেস দিয়ে বাঙালি পাঠকের কাছে নতুন এক কথাসাহিত্যের জগৎ খুলে গেল মানবেন্দ্রের হাতে।

আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার শুরুতেই তাঁকে প্রথম পাই মার্কেসের 'কর্নেলকে কেউ চিঠি লেখে না' অনুবাদের মাধ্যমে। এরপর একটির পর একটি বই, অনুবাদের, কবিতার, গদ্যের। বন্ধু শামীম রেজার তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট করার পেছনে দেশেবিদেশে যেকজন মানুষের প্রেরণা পরামর্শ ছিল তাদের মধ্যে প্রধানতম বলা যায় তাঁকে। তিনি নিজেও ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের শিক্ষক, অধ্যাপক। শঙ্খ ঘোষের মতো মানুষদের অনেকেই মনে করতেন, মানবেন্দ্র তাঁদের শিক্ষিত করেছিলেন। কিন্নর রায়ের কাছে শুনেছিলাম, বইপত্র কে কেমন পড়ে বলতে পারব না নিশ্চিত করে, কিন্তু পাঠক হিসেবে মানবদার কোনো তুলনা নেই। তাঁর ধারে কাছেও কেউ নেই।
সাহিত্যের সেবা মানে কেবল নিজের লেখা নিয়ে পড়ে থাকা নয়, সাধ্যমতো দেশের সাহিত্যের দরকারি কাজগুলি করা, সেজন্য দেখতে পাই তিনি ভারতের বিভিন্ন ভাষার গল্প অনুবাদ করতে লাগলেন। মধ্যযুগের ভারতীয় সাহিত্যের সংস্কৃত ও পালির নানান সাহিত্যকৃতির সঙ্গে পরিচয় ঘটার ভেতর দিয়েই এই আধুনিক ভারতীয় সাহিত্যের অনুবাদে নজর পড়েছিল তাঁর। ফলে সেখানে হাত দেন। পরবর্তীকালে আমরা দেখি একে একে প্রকাশিত হয় 'আধুনিক ভারতীয় গল্প'। ৫টি খণ্ডে প্রকাশিত হলো তাঁর সেই উদ্যোগ। সেইসঙ্গে দাঙ্গা দেশভাগ ও সাম্প্রদায়িকতা বিরোধী গল্পসংকলন সম্পাদনা করলেন তিনি। সেটি 'ভেদ-বিভেদ' নামে দু খণ্ডে প্রকাশিত হলো। আমাদের ছাত্রজীবনে তাঁর এই দুটো উদ্যোগের স্বাদ পাওয়া হয়েছিল।
মানবেন্দ্রর ধাতের ভেতরেই পাঠক ধাতটি প্রধান ছিল বলেই স্বদেশ ও বিশ্বের নানান লেখা ও লেখকের ভেতরে হানা দিয়েছিলেন তিনি। বিশ্বের নানান ভাষার সাহিত্য থেকে রত্নরাজি খুঁজে বের করা হয়ে উঠেছিল এই প্রবণতার প্রধান দিক। তায়েব সালেহ-এর 'সিজন অব মাইগ্রেশন টু দ্যা নর্থ'-এর মতো উপন্যাসের সন্ধানও বোধ করি তাঁর কাছে পাওয়া। অসম্ভব সব ভালো ভালো সাহিত্যকীর্তির সঙ্গে বার বার সংযোগ ঘটিয়েছেন তিনি। ভৈকম মুহম্মদ বশীরের ছোটগল্পের অনুবাদের জন্য পেয়েছেন ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কার ১৯৯৩সালে। তাঁর মাধ্যমেই ' ভৈকম মুহম্মদ বশীরের শ্রেষ্ঠগল্প' বইটি আমাদের পাঠ্যতালিকায় যোগ হয়, আর চিরদিনের জন্য এক অবশ্যপাঠ্য লেখক হয়ে যান মালায়ালাম সাহিত্যের এই অসামান্য গল্পকার।


আমরা হোসে সারামাগের একটি কথা জানি, তিনি বলেছিলেন, ''রাইটার্স মেক ন্যাশানাল লিটারেচার, হোয়াইল ট্রান্সলেটরস মেক ইউনিভার্সেল লিটারেচার।'' ফলে বিশ্বসাহিত্যের ভিতই তৈরি করে দেন অনুবাদকেরা। তাঁদের গুরুত্ব কতটা তা বিশ্বসাহিত্যের পাঠকমাত্রই জানেন। প্রতুল মুখোপাধ্যায়ের ''আমি বাংলায় গান গাই''-তে আছে,''আমি বাংলায় ভালোবাসি,/ আমি বাংলাকে ভালোবাসি, /আমি তারই হাত ধরে/ সারা পৃথিবীর মানুষের কাছে আসি,/ আমি যা কিছু মহান/ বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়,/ মেশে তেরো নদী/ সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়।'' এই যে সারাবিশ্বের মানুষের কাছে যাওয়ার সেতু যে-বিশ্বসাহিত্য তা যদি আমরা আমাদের বাংলা ভাষার মধ্যে দিয়ে না পাই তাহলে তৃষ্ণা মেটে না। প্রতুল তাঁর গানে এ-ও বলেন,''বাংলা আমার তৃষ্ণার জল/ তৃপ্ত শেষ চুমুক/ আমি একবার দেখি/ বার বার দেখি দেখি বাংলার মুখ।'' একজন অনুবাদক বিশ্বের সমস্ত সাহিত্যের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়ে নিজের ভাষার প্রতি এক নিবিড় গভীর প্রেমেই এই কাজ করেন, মানবেন্দ্র তাই নিজেকে বিশ্বের মাঝে খুঁজে পেয়ে তাকে যোগ করে দেন বাংলা ভাষার সঙ্গে। সমস্ত বন্ধ মুক্ত হয়ে যায়, আমরা যুক্ত হই সবার সঙ্গে। আর নিজে স্বয়ং একজন কবি ও কথাসাহিত্যক ছিলেন বলেই, বাংলা ভাষাকে ভেতর থেকে জানতেন বলেই তার করা অনুবাদের স্বাদই ছিল আলাদা। জুল ভার্নের অনুবাদ দিয়ে শুরু করে শার্লক হোমস নিয়ে রহস্য গল্পের অনুবাদ থেকে শুরু করে কত কত কাজ যে তিনি করেছেন! বিশ্বের নানান কেন্দ্রের ও প্রান্তের কবিদের কবিতা, নাট্যকারদের নাটক আমাদের হাতে এনে দিয়েছেন, তা বলে শেষ করা যাবে না। তাঁর নিজের লেখা প্রবন্ধগুলিও দিগন্ত-উন্মোচনী। বিশেষ করে তার প্রবন্ধ সংকলন ''আত্মহত্যার অধিকার ও অন্যান্য সনদ''-এর পাঠকেরা জানেন সে কথা। যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে– এই বিপুল পরিমাণ অনুবাদ ও সম্পাদনা করেও তিনি অনুবাদতত্ত্ব ও সম্পাদনা নিয়ে তত্ত্বীয় কোনো কিছু লেখেননি; এই নিয়ে একজন অধ্যাপক হিসেবে তাঁর কাজ করার দরকার ছিল, কিন্তু তিনি তাঁর নানান অনূদিত বইতে যে সব অসামান্য ভূমিকা ও পরিশিষ্টে যেসব কথা লিখেছেন তা থেকে অনুবাদ ও সম্পাদনার নানান সূত্র পাওয়া যাবে। তাঁর কাজ বিপুল। বিদ্যায়তনিক বা প্রাতিষ্ঠানিক কাজ হিসেবে তিনি যে যে অনুবাদের কাজ করেছেন সেখানে থেকে বরং আমরা অনুবাদতত্ত্ব ও সম্পাদনা নিয়ে বাংলায় কিছু বইপত্র লেখার চিন্তা করি না কেন? এক মানবেন্দ্র আর কত করবেন, যদিও বার বার মনে করতেই হয়, একজীবনে কম কাজ করেননি তিনি– কি অনুবাদে, কি সম্পাদনায় আর নিজের কবিতা ও কথাসাহিত্যে। অনুবাদক মানবেন্দ্র আমাদের সামনে আছেন, পেছনে পড়ে রইলেন কবি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাঁর সেই সত্তার উন্মোচন আগামীতে হবে কোনো নিষ্ঠাবান লেখক-গবেষকের হাতে। সেই প্রত্যাশা রইল।

সাহিত্যের এক মহানসাধককে আমরা হারালাম। বেদনার শেষ নেই, কিন্তু তাঁর সাধনার দিকে যদি লক্ষ করি, সাহিত্যে পথে থাকতে তাঁর কাজ আমাদের নিয়ত প্রেরণা দিয়ে যাবে। জয়তু মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।