২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

রিলকে ও রোদাঁ: গুরুশিষ্যের সম্পর্ক ও শিল্পসাধনা

দেবব্রত চক্রবর্তী দেবব্রত চক্রবর্তী

Published : 24 Oct 2019, 12:24 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


জার্মান কবি রাইনার মারিয়া রিলকে (Rainer Maria Rilke:১৮৭৫-১৯২৬) ওগাস্তি রোদাঁ (Auguste Rodin:১৮৪০-১৯১৭)-র ওপর একটা মনোগ্রাফ লেখবার জন্য তাঁর আতিথ্য নেন৷ তাঁকে এবং তাঁর কাজকে নিবিড় পর্যবেক্ষণের প্রেক্ষিতে বইটি লেখেন৷ একেবারেই ব্যতিক্রমী বই৷ বস্তুত এর ফরাসী অনুবাদ প্রকাশিত হলে রোদাঁ নিজেও এটি পড়ে অভিভূত হন৷ দেবব্রত চক্রবর্তীর এই রচনা আাসলে রিলকে-র সঙ্গে ভাস্করের সম্পর্ক এবং তাঁর ওপর ভাস্করের প্রভাব নিয়ে খুব সহজ সরল একটি প্রতিবেদন৷

"ওগাস্তি রোদাঁ" নামক মনোগ্রাফ-টি খুব শিগগির মূল জার্মান থেকে বাংলা ভাষায় অনূদিত হয়ে কলকাতায় প্রকাশিত হবে৷– বি. স

রোদাঁ-র প্রতি রিলকে-র আগ্রহ তৈরি হয়েছিল ভোর্পসভেডে (Worpswede) গ্রামটির সংস্পর্শে এসে৷ তাঁর বন্ধু হাইনরিশ ফোগেলার (Heinrich Vogeler: ১৮৭২-১৯৪২) তাঁকে এই গ্রামটির কথা বলেন, সেখানে কয়েকজন শিল্পীর একটা উপনিবেশ গড়ে উঠছিল৷ এখানে এসে রিলকে-র পরিচয় হয় ড্যুসেলডর্ফ-এর শিল্প অ্যাকাডেমী-র পুরোনো ছাত্র ফ্রিৎস মাকেনসেন (Fritz Mackensen: ১৮৬৬-১৯৫৩)সহ এখানকার অন্য বাসিন্দাদের সঙ্গে৷ মাকেনসেন ১৮৮৪-তে এই গ্রামেরই একটি মেয়ের পাণিগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে তাঁর নজরে এসেছিল যে গ্রামটি যেন ঠিক আর পাঁচটা গ্রামের মত নয়, একেবারেই অন্য রকম – আলোকোজ্জ্বল, যার ফলে তার সীমারেখাও স্পষ্ট, আবহাওয়াও আর্দ্রতাবিহীন, আর গ্রামের রঙটা – যেন ঠিক ফেটে পড়ছে৷ এই রূপমাধুর্যে সাড়া দিয়ে তাই বেশ কিছু বছর পরেই মাকেনসেন তাঁর বন্ধু হান্স আম এন্ডে (Hans am Ende :১৮৬৪-১৯১৮) ও ওটো মোডারসন (Otto Modersohn :১৮৬৫-১৯৪৩)-কে বগলদাবা ক'রে নিয়ে ফিরে এসেছিলেন এখানে বাসা বাঁধবেন ব'লে, ব্রেমেন-এর ফ্রিৎস ওভারবেক (Fritz Overbeck: ১৮৬৯-১৯০৯) ও হাইনরিশ ফোগেলার, এই দুই শিল্পীও পরে তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন৷ তৈরি হয়েছিল একটা রূপকথার মত সমাজ, যেখানে শিল্প ও জীবন মিথুনীকৃত হয়ে ওঠে৷


এই সব শিল্পীদের সান্নিধ্য পাবার সুযোগ পরে রিলকেও পেলেন – ১৮৯৮-তে ফোগেলার-এর সঙ্গে এই গ্রামে এসে উপস্থিত হলেন এবং ফোগেলার তাঁকে পরিচয় করিয়ে দিলেন এখানকার দুই সখী পাওলা বেকার ও ক্লারা ভেস্টহোফ-এর সঙ্গে – দুজনেই শিল্পী, পাওলা চিত্রশিল্পী, ক্লারা ভাস্কর, বিশেষ ক'রে ক্লারা-র কাজের সময় রিলকে-ও অনেক সময় তাঁর পাশে থাকতেন৷ ক্লারা-ই তাঁকে রোদাঁর কথা বলেন৷ প্যারিসে থাকতে রোদাঁ ক্লারার শিক্ষক ছিলেন৷ অবাক হবার কিছু নেই, এঁদের সঙ্গে থাকতে থাকতে এবং অন্যান্য শিল্পীদের সান্নিধ্য পেতে পেতে রিলকে নিজেও শিল্পের সমঝদার হয়ে উঠতে লাগলেন৷ কবিতা লেখা অবশ্য তাঁর চলছিলই, ইয়াকবসন ও হাউপটমান-এর লেখাও পড়ছিলেন, সিম্বলিস্ট চিত্রশিল্পী ব্যোকলিন (Arnold Böcklin :১৮২৭-১৯০১) ও রোদাঁর কাজ নিয়ে বিচার বিমর্শের আলোতে নিবিষ্টভাবে তাঁদের বুঝতে শিখছিলেন৷ লু সালোম যেমন তাঁকে একদিন রাশিয়া ও টলস্টয়ের রাস্তাটা খুলে দিয়েছিলেন, ক্লারা তেমনি তাঁর জন্য প্যারিসের দরজাটা খুলে দিলেন এবং এই সূত্রে এই প্যারিস শহর তাঁর কাছে রোদাঁ-ময় হয়ে উঠল৷ রিলকে যেহেতু রমণীমোহন, তাই দুই তরুণীর সঙ্গেই তাঁর ঘনিষ্ঠতা চলেছিল সমানে, তবে পাওলা বেকার-এর সঙ্গেই ঈষৎ বেশী৷ কিন্তু যেই শুনলেন যে পাওলা ওটো মোডারসন-এর বাগদত্তা, তখন সে দুঃখ তিনি বোধ হয় আর সইতে পারলেন না৷ চুপচাপ ফিরে গেলেন বার্লিন-এ, সকলকে তাঁর ভাবনাটা জানালেন এই রকম, যে বড্ড বেশী হয়ে যাচ্ছিল এই গ্রামের প্রতি তাঁর টান, একটা ব্যবধান দরকার… আহত হয়েই হয়তো অফুরন্ত চিঠি লিখতে শুরু করলেন ক্লারা-কে৷ পরে এই ক্লারার সঙ্গেই তাঁর বিয়ে হল ১৯০১ সালের ২৮ এপ্রিল, মেয়েও হল ১৯০১-এর ডিসেম্বরে, যার নাম রুথ৷
ভোর্পসভেডে-তে থাকবার সময় ক্লারা-র সঙ্গে তিনি কি কথা বলেছিলেন তা স্মৃতি থেকে লিখে রেখেছেন একদিন তাঁর নোটবইতে৷ লিখেছেন যে গ্রামের ভূপ্রকৃতির মধ্যে তিনি সর্বত্র দেখতে পান একটা চড়া রঙ, রোদ্দুর না থাকলে, এমন কি আলো না থাকলেও এই চড়া রঙটা কিভাবে যেন স্থায়ী হয়ে এঁটে থাকে৷ যেদিন আকাশের অবস্থা ভাল নয়, ঝিরঝিরে বৃষ্টি, সেদিনেও৷ তার মানে বৃষ্টির দিনেও ওই চড়া রঙটা অস্পষ্ট হয় না, বরং রঙ যেন সমান উচ্চকিতই থাকে৷ দূর প্রসারিত জংলা মাঠের মধ্যে বেগুনি রঙের একটা উষ্ণ আভা বিকীর্ণ হচ্ছিল হয়তো, কিন্তু তার মধ্যে হঠাৎ এবার গজদন্তবর্ণের একটা ছাগলের প্রবেশ, পাণ্ডুর আকাশের কোনও প্রভাব না নিয়েই মর্ত্যের ওপর সজীব রঙের খেলা চলছে, অথচ সে দৃশ্যের যে সুদূরতা, তা কিন্তু কুয়াশার মধ্যে মিলিয়ে যায়নি৷ মিল-কলগুলি মেঘের মধ্যে গিয়ে পৌঁছেছে ব'লে মনে হয়, তাদের ছাদ দেখা যাচ্ছে, কালচে ধূসর রঙে দাঁড়িয়ে রয়েছে, বলিষ্ঠ বাহু এঁকে রেখেছে স্পষ্ট ক্রুশ…

বোঝাই যাচ্ছে যে ভোর্পসভেডে-র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফলে রিলকে রঙের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠছেন, তাঁর কল্পনাতেও একটা চড়া রঙ লাগতে শুরু করেছে, আর তাই রোদাঁর প্রতি তাঁর আগ্রহ ক্রমবর্ধমান…

ক্লারা-র সঙ্গে বিয়ের পর বছর দেড়েকের মধ্যে রিলকে-র মনে ক্লারা-র ঘোর কাটল, ব্যবধান তৈরি করতে হল তাই রোদাঁ-র প্রতি তাঁর অদম্য টানের অছিলায়৷ ফরাসী ভাষাটা একটু ঝালিয়ে নেবার জন্যে এর আগেই রিলকে বেয়ার্লিৎস শুলে-তে ঢুকেছেন৷ জার্মানির শিল্প ঐতিহাসিক ও সমালোচক রিশার্ড মুটার (Richard Muther:১৮৬০-১৯০৯)-এর কাছ থেকে দেড়শ মার্ক-এর পৃষ্ঠপোষকতা পেয়ে প্যারিসে রোদাঁর কাছে যাবেন এই ঠিক হল এবং স্ত্রী ক্লারা-ও তাঁর প্রাক্তন শিক্ষকের কাছে রিলকে-কে সুপারিশ ক'রে দিলেন এবং রিলকে নিজেও তাঁর কাছে চিঠি লিখলেন৷ ১৯০২-এর ২৮ আগস্ট-এ কবি এলেন প্যারিস-এ, ১ সেপ্টেম্বর সোমবার দুপুর ৩ টের সময় নির্ধারিত সময়ে রোদাঁর সঙ্গে তাঁর দেখা হল প্যারিসের রুয়ে দ্য উনিভার্সিত্যাত-এর ১৮২ সংখ্যক আতেলিয়ে-তে৷ পরদিনই ক্লারা-কে লিখছেন রিলকে: "…কাজকর্ম সরিয়ে রেখে আমাকে একটা সোফায় বসতে বললেন রোদাঁ, তারপর আমরা কথা বলতে শুরু করলাম, খুব ভাল লোক, মৃদুভাষী৷ আর আমার মনে হল তিনি আমার বরাবরকার চেনা৷…আমাকে ওঁর খুব ভাল লেগেছে৷ আমিও বুঝেছি সেটা৷ কয়েকটি বিষয় নিয়ে কথা হল (অর্থাৎ যতক্ষণ আমার অদ্ভূত ফরাসী ও তাঁর সময়ের প্রশ্রয় ছিল, ততক্ষণ)… তারপর তিনি কাজে লেগে পড়লেন, চাইলেন, আতেলিয়ে-তে যা যা আছে আমি যেন সব ভাল ক'রে দেখে নিই…" এর পর তিনি তাঁকে পরদিন থেকে ম্যোদঁ-তে তাঁর শিল্পসত্রে যেতে বললেন৷ প্যারিস থেকে ট্রেনে মোটে কুড়ি মিনিটের পথ৷ সেখানে বেশ কিছুদিন ধ'রে রিলকে তাঁর কাজ দেখতে লাগলেন৷ খুবই গলদঘর্ম অবস্থা রিলকে-র, কারণ ফরাসী ভাষায় তাঁর জ্ঞান এতই করুণ ও হতশ্রী যে রোদাঁ-র সঙ্গে কথা বলতে কষ্ট হচ্ছে অবিরাম, বলছেন: "এই এক গেরো যে আমার ভাষাটাই বাদ সাধছে৷ চাইছি একটা স্বচ্ছন্দ কথাবার্তার আবর্তে সেঁধিয়ে যাই, কিন্তু হচ্ছে কই? যখন ঝড়ের মত কথা বলছেন তখন তাঁর কথা আমি বুঝি তার সাধ্য নেই৷ আর প্রত্যুৎপন্নমতিত্ব দেখাতে গেলেও ভেতর থেকে সাড়া পাওয়া যাচ্ছে না৷ মন খারাপ হয়ে যাচ্ছে বড়ো, যাক গে দেখা যাক এর পরে হয়তো ভাল বলতে পারব, আশা রাখি অন্তত…"

রোদাঁ-র মনোগ্রাফ রচনার কাল ১৯০২-এর মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর৷ মাত্র একমাসের মধ্যে লেখা শেষ৷ ১৯০৩-এ জুলাই পর্যন্ত অবশ্য তিনি থাকেন প্যারিসে৷ মাঝখানে ইতালী ও ডেনমার্ক বেড়িয়ে এলেন৷


রোদাঁ-ও তো একবর্ণ জার্মান বোঝেন না, সুতরাং তাঁর পক্ষে রিলকে-র কবিতা কি, আর ওই রোদাঁ-খচিত মনোগ্রাফ কি, দুইই সমান৷ কিন্তু ১৯০৫-এ এই মনোগ্রাফটির ফরাসী অনুবাদ যখন বেরোল, তখন রোদাঁ তা প'ড়ে এত আপ্লুত হলেন যে রিলকে-কে তাঁর সচিব হিসাবে বহাল ক'রে ফেললেন অবিলম্বে প্রায়, মাসিক ২০০ ফ্রাঁ-এর বিনিময়ে৷ ১৯০৫-এর সেপ্টেম্বর থেকে ১৯০৬-এর এপ্রিল মাস পর্যন্ত দিব্যি চলছিল, কিন্তু হঠাৎ ১১ মে তারিখে কতকগুলি চিঠির উত্তর দেবার ব্যাপারে তাঁকে কিছু না জানানোর অভিযোগে রিলকে-কে মুহূর্তে বরখাস্ত ক'রে দিলেন রোদাঁ৷ ১৯০৭-এর নভেম্বরে একটা বোঝাপড়া হয়ে সম্পর্কের উন্নতি হয়েছিল বটে, কিন্তু সত্যিকার নৈকট্য এল ১৯০৮-এ এবং চলল ১৯১১ পর্যন্ত৷ পরিশেষে ১৯১৩-তে হল গভীর বন্ধুতা৷ লু সালোম যেমন একসময় রিলকে-র প্রেমিকা, মিউজ ও তাঁর মায়ের স্থান অধিকার করেছিলেন, রোদাঁ হয়ে উঠেছিলেন তাঁর পিতা, এক বটবৃক্ষকল্প মানুষ৷ দেখা গিয়েছিল যে ১৯০২-এ রিলকে রোদাঁর কাজ খুব গভীরভাবে অনুধাবন করতে চেষ্টা করছেন, কারণ এ তাঁর কাজের একটা অংশ, তাঁর নিজেরও তাঁকে বুঝবার আত্যন্তিক তাগিদ কিছু কম ছিল না, কিন্তু রোদাঁ রিলকে সম্পর্কে প্রায় কিছুই জানতেন না, সম্ভবও ছিল না জানবার৷ হয়তো ফরাসী অনুবাদে পড়েছিলেন তাঁর কবিতা – সে অবশ্য অনেক পরে – যে কবিতার প্রতি রোদাঁর একটা গভীর ভালবাসা ছিলই – কিন্তু সত্যি বলতে কি ফরাসী অনুবাদে তাঁকে বোঝা তাঁর পক্ষেও সম্ভব হচ্ছিল না৷ তবে ইয়াসনায়া পোলিয়ানায় রিলকে-র প্রবেশ যেরকম দুঃসহ অভিজ্ঞতায় পরিণত হয়েছিল, ম্যোদঁ-তে তা হয়নি৷ এখানকার গ্রহণযোগ্যতার মধ্যে নাগরিক-সুলভ ভদ্রতার যে স্পর্শ তিনি পেয়েছিলেন – একটা ঘরোয়া অন্তরঙ্গতাও ছিল যেমন তার সঙ্গে – তা রিলকে-র কাছে সুখপ্রদই হয়েছে৷ এই পিতৃতুল্য ব্যক্তিত্বের সংস্পর্শে এসে তিনি যেমন সমাদৃত হলেন, সেইসঙ্গে স্বামীর সঙ্গে রোদাঁ-র স্ত্রী রোয়স ব্যোয়রে (Rose Beuret :১৮৪৪-১৯১৭)-এর গৃহকলহেরও অংশীদারও হয়েছিলেন – একটা হালকা আয়রনি দিয়ে রিলকে আমাদের সেকথা জানিয়েছেন৷

রিলকের লেখা এই মনোগ্রাফ "ওগাস্তি রোদাঁ" পড়লে যেটা প্রথম থেকেই বোঝা যায়, তা হল এই মহান শিক্ষকের প্রতি তাঁর দুর্বলতাটা যেন প্রায় ধর্মীয় ভক্তির সমতুল৷ এটা যে রোদাঁ বুঝতেন না, তা নয়৷ রিলকেও তাঁর কাছে নতজানু ছিলেন কারণ রোদাঁ-ই নিবিড় ও অন্তরঙ্গভাবে তাঁকে "দেখতে" শিখিয়েছেন৷ কিন্তু ব্যবহারের তারতম্য ঘটছিল ব্যক্তিগত স্তরে, তাঁদের মধ্যেকার সম্পর্ক কখনও কখনও যেমন ঝঞ্ঝাবিক্ষুব্ধ, তেমনি শান্ত সমাহিত৷ মাঝে মাঝে দুজনের মধ্যে সহানুভূতি প্রচুর দেখতে পাই, কিন্তু তার সিংহভাগটাই আসে রিলকে-র দিক থেকে৷ কখনও কখনও উতলা ক'রে দেয় এক বিরস বাতাস, প্রতিশ্রুতির অপলাপের সঙ্গে সঙ্গে হৃদয়ভঙ্গ হয় কবির৷
টলস্টয়ের ক্ষেত্রে যেমন, রোদাঁ-র ক্ষেত্রেও তেমনি – রিলকে দেখেছেন, এই সব শিল্পীরা বড় অগোছালো, চারপাশটা তাঁদের খুব সুবিন্যস্ত নয়৷ লক্ষ করেছেন যে শিল্পের কাছে যাঁরা নিজেদের উৎসর্গ করেন, ব্যক্তিগত জীবনটাকে তাঁরা নষ্ট ক'রে দেন৷ "জীবনটা তাঁদের দেহের এমন একটা প্রত্যঙ্গ, যার প্রয়োজন যেন আর তাঁদের কাছে নেই৷" রোদাঁ তাঁর জীবনে কাজকেই শুধু গুরুত্ব দিয়েছেন৷ "তোমাকে কাজ ক'রে যেতে হবে – শুধু কাজ, আর সেই সঙ্গে হতে হবে সহিষ্ণু৷" এই ছিল তাঁর জীবনের মূলমন্ত্র৷ তবে ধৈর্য সহকারে কাজ ক'রে যাবার সঙ্গে জড়িত এই যে অস্তিত্ব তা ব্যক্তিত্ব ও বয়স বিভেদে ভাস্করের পক্ষে বহন ক'রে নিয়ে চলা যত সহজ ছিল, কবির কাছে ততটা নয়৷ রোদাঁ সকালে উঠে তাঁর পাথরখণ্ডের মধ্য থেকে রোজই নতুন কিছু পান, কিন্তু রিলকে জানান যে শুধু কাগজ ও পেন্সিল ছাড়া আর কিছুই অপেক্ষা ক'রে থাকে না তাঁর জন্য৷ আর ওই বাস্তব উপাদান থেকে কোনও নতুন শক্তি এসে ধরা দেয় না তাঁর কাছে৷ তিনি কেবল তাঁর কল্পনাশক্তির দয়ায় ব'সে থাকেন এবং অত্যন্ত ধৈর্য সহকারে ও অভিনিবেশ সহ তার অনুশীলন করেন৷ রোদাঁর দেখবার কলাটাও অন্যরকম৷ তা একবার দুবার কিংবা তিনবার দেখার ওপর নির্ভর করে না, তা দাঁড়িয়ে থাকে অজস্র দর্শনকলার ওপর ভর ক'রে, সংহত অভিব্যক্তির ওপর, অনন্ত উপস্থাপনায়, কালহীন মোহনার উপলব্ধিপ্রসূত নিবেদনে৷ বাস্তবের সঙ্গে বা স্বভাবের সঙ্গে তাঁর সম্পর্ক খুব নিবিড়৷ তাই রিলকে-র সঙ্গে ভাস্করের তফাত দুস্তর, ভাস্করের বিশ্ব যেখানে বস্তুর একটি দৃশ্যমান নৈকট্যের সঙ্গে যুক্ত, কবির চিন্তা তখন একটা মন্ময় ও সংবেদনশীল ক্রম অন্বিত চিন্তার অভিব্যক্তি৷ কিন্তু রোদাঁ-কে এই যে তিনি একজন কর্মী হিসাবে দেখতে পেলেন, এতে শিল্পদ্রব্য সম্পর্কে তাঁর ধারণাতেও একটা বিপ্লব ঘটে গেল৷ রিলকে ভাস্করের ভূমিকায় প্রবেশ করলেন৷ শব্দদের তখন কাজ হয়ে উঠল আকার আকৃতিহীন পাথরকে বাটালি দিয়ে ঘষামাজা করবার৷ কঠিন কাজ৷ এদিক ওদিক নড়াচড়া করবার বা গড়িয়ে যাবার কোনও গল্পই নেই আর, প্রগলভতার সুযোগ নেই৷ আছে শুধু অনুভব, চিন্তার তান বিস্তার কিংবা নিছক নেশার অনুষঙ্গ৷


রিলকে-র লেখা এই বইটির প্রথম অংশের বৈশিষ্ট্য ও তার পারিপার্শ্বিক অনুচিন্তন থেকে একথা স্পষ্ট যে এর মধ্যে রিলকে-র কবিজনোচিত একটা আত্মজিজ্ঞাসা রয়েছে৷ শিল্পীসত্তার আদর্শ কি হতে পারে, এ বই তারই এক দলিল৷ ঠিক এমন আর একটি মনোগ্রাফ "ভোর্পসভেডে" রিলকে লিখেছিলেন – ভোর্পসভেডে-র শিল্পীদের শিল্প ও মনন নিয়ে একটি রচনা – যার মধ্যে অনুরূপ ভাবনা-চিন্তার আভাস পাওয়া যায় ৷ রোদাঁ-র কর্মসংস্কৃতির বৈশিষ্ট্য ও মূল্যবোধ এবং সেই সঙ্গে তাঁর একাকীত্ব অর্জনের অভীপ্সাকে রিলকে অকুন্ঠভাবে তারিফ করেছেন এবং সেইমত তিনি নিজেও নিজের রচনার করণকৌশলকে মেলাতে চেষ্টা করেছেন একটি কারিগরি বিদ্যার নিরিখে৷ ভাস্করের জীবনী ও কর্মের কথা বলতে গিয়ে কবি সত্যি বলতে কি একটা পথহারা প্রজন্মের কাছে এমন একটা অনুকরণীয় আদর্শ নামিয়ে এনেছেন, যাতে মনে হয় নবীন কবি হিসাবে ওই শিল্পীর ব্যক্তিত্ব ও নৈপুণ্যের প্রতি নির্ভরতা তাঁর নিজেরও কোনওভাবেই গোপন থেকে যায়নি৷ এই কারণে একথা পরিষ্কার প্রমাণ করা যায় যে সাহিত্যবিজ্ঞানের দিক থেকে রিলকে-র এই মনোগ্রাফ কবির শিল্পগত ও কাব্যিক আত্মপ্রতিবিম্ব ছাড়া কিছু নয়৷ দুই শিল্পীর সমানধর্মা মনোবৈজ্ঞানিক বিশিষ্টতাও এতে উজ্জ্বল হয়ে উঠেছে, কারণ দুজনেই অদৃশ্যকে দৃশ্যমান ও সজীব ক'রে তোলায় উন্মুখ, যে জিনিসগুলি আমাদের চোখে পড়ে না, যা তুচ্ছ, লুকানো, দুজনেই তাদের মূর্ত ক'রে তুলতে বদ্ধপরিকর৷ কবির কবিত্বের সঙ্গে বিষয়মুখীনতার একটা দিকও আমরা দেখতে পাই – যেখানে ওই ভাবুক মানুষকে তিনি ক্রমশ নামহীনতার দিকে যেতে দেখছেন, বারবার উল্লেখ করছেন, "…রোদাঁ-র কাজ তাঁর নামের সীমা ছাড়িয়ে বহুদূরে গিয়ে বাড় বাড়ন্ত হয়ে উঠেছে, সেখানে তাঁর কোনও নাম নেই, যেমন একটা সমতলভূমির কোনও নাম হয় না, একটা সমুদ্রের নাম থাকে শুধু মানচিত্রে, বইতে আর মানুষের মুখে, আসল কথাটা হল বিশালতা, গতি আর গভীরতা৷"
রিলকে রচিত এই বইটি শিল্প-ইতিহাসের এমন কোনও প্রবন্ধ নয় যার কাজ একটা স্রোতের বা আন্দোলনের মধ্যে বিষয়টাকে ফেলে দিয়ে দফা অনুযায়ী অতীতের শিল্পসম্ভারকে সুবিন্যস্ত করা৷ প্রথম জীবনে রোদাঁ-র সেই সভ্রে-র পোর্সিলিন কারখানায় শ্রমিকের কাজ করা কিংবা তাঁর প্রথম ইতালী ভ্রমণ নামমাত্র উল্লেখিত করেছেন হয়তো এই মনোগ্রাফ-এ, কিন্তু প্রচলিত জীবনীগ্রন্থ সুলভ রচনা তাঁর প্রার্থিত নয়৷ এখানে আমরা পাই এক লেখকের ব্যক্তিগত আত্মকথন, যিনি ভাস্কর না হতে পারেন, কিন্তু সৃজনশীল মানুষ হিসাবে দর্শকের মত রোদাঁ-কে ও তাঁর কাজকে দেখছেন এবং সেই দর্শনের একটা নকশা প্রস্তুত করছেন৷ আর রিলকে-র সৃষ্ট রোদাঁ চেষ্টা করছেন তাঁর নিজেরই বিশ্বছবির মধ্যে টলস্টয়-এর একজন উত্তরসূরী হিসাবে নিজেকে তৈরি ক'রে নিতে, তাই হয়তো তিনি সংহতপ্রাণ, প্রকৃতির সঙ্গে নিবিড় ঘনিষ্ঠ এক মানুষ, মূর্তিমান মৌলিক উপাদান৷
দ্বিতীয় অংশ, অর্থাৎ যে রচনাটি বস্তুতপক্ষে ১৯০৫-এ ড্রেসডেন ও প্রাগ-এ দেওয়া বক্তৃতা, অর্থাৎ যেটি ১৯০৭ সনের সংস্করণে অন্তর্ভুক্ত হল, তার মূল কথাই ছিল তিনি রোদাঁ নামক ব্যক্তিমানুষটিকে আলোয় তুলে ধরলেন৷ পুরোনো ফটোর কথা তুলে ধ'রে, অঙ্কিত চিত্র দেখিয়ে তাঁর কর্মশালায় বিচরণ ক'রে রিলকে দেখালেন রোদাঁ-কে – রোদাঁ দাঁড়িয়ে রয়েছেন তাঁর অর্ধসমাপ্ত কাজগুলির মাঝখানে, যাঁরা সেসব দেখতে এসেছেন, তাঁদের জিজ্ঞেস করছেন তাঁরা ভালভাবে কাজ করেছেন কিনা, -"কি, আপনারা ভালভাবে কাজ করেছেন তো?" কারণ কাজের ওপরই তাঁর বিশ্বাস, প্রেরণার ওপর তত নয়: "কথাবার্তা বলতে গিয়ে অনুপ্রেরণার উল্লেখটাকে তিনি শ্লেষাত্মক হাসিতে অযৌক্তিক ব'লে মাথা নেড়ে উড়িয়ে দিচ্ছেন এবং বলছেন, না, এমন কিছুই আমি দেখি না – কোনও অনুপ্রেরণার ব্যাপার নেই, আমি শুধুই কাজ করি – তখন লোকেও ধ'রে নেয় যে এই সৃষ্টিশীল শিল্পীর ভেতরে অনুপ্রেরণা ব্যাপারটা এমনভাবে গেড়ে ব'সে গেছে, যে সে তার প্রেরণাকে আর আসতে দেখে না; তারা ভাবে যে এই প্রেরণা বোধ হয় তাঁর অন্তর থেকে বাইরেও বেরোয় না, কারণ তাঁর প্রতিভার পেছনে রয়েছে নিত্যস্রোতা উর্বরতা৷" রোদাঁ-র ব্যক্তিত্বের গভীরতা তুলে ধরতে রিলকে রোদাঁর কাজ "নরকের দরজা" (Porte de l'Enfer) দেখতে আসা একজন সাহিত্যিকের দৃষ্টান্ত দিচ্ছেন, শিল্পীর নয়৷ তিনি হলেন অস্কার ওয়াইল্ড, যাঁর ছদ্মনাম সেবাস্টিয়ান মেলমথ – একটা কাল্পনিক কথোপকথনে জড়িয়ে ফেলেছেন তাঁকে, ভাবিয়ে তুলছেন তাঁকে দিয়ে যে একান্তে দেখা হয়ে গেলে তিনি রোদাঁ-কে কী জিজ্ঞেস করবেন, "…জীবনটা কেমন কাটল আপনার?" রোদাঁ হয়তো উত্তর দেবেন, "ভাল৷"
– "শত্রু ছিল?"
– "ওরা আমার কাজে কেউ বাধা দিতে পারেনি৷"
– "আর খ্যাতি?"
– "ওটা আমার কাজকে কর্তব্যে পরিণত ক'রে দিয়েছে৷"
– "আর বন্ধুরা?"
– "আমার কাছ থেকে প্রচুর কাজ প্রত্যাশা করেছে তারা৷"
– "নারীরা?"
– "কাজের মধ্য দিয়ে শিখেছি ওদের তারিফ করতে৷"
– "কিন্তু আপনি তো যুবক ছিলেন?"
"তখন আমি যেমন তেমন একটা ছিলাম৷ বয়স অল্প থাকলে কোনও বোধবু্দ্ধি থাকে না; ওটা আাসে অনেক পরে, ধীরে৷"
"সেবাস্টিয়ান মেলমথ যেটা জিজ্ঞেস করেননি, সেটা হয়তো কেউ কেউ ভেবেছেন, কিন্তু তিনি গুণীর দিকেই বারবার তাকাচ্ছিলেন, বিস্ময়ে হতবাক হচ্ছিলেন এই দেখে যে প্রায় সত্তর বছর বয়সের এই মানুষটার শক্তিমত্তা কত দীর্ঘস্থায়ী, তাঁর মধ্যেকার যৌবন কত উজ্জ্বল, ভাঁড়ারজাত জিনিসের মত নয়, বরং তরতাজা, যেন পৃথিবীর মাটি থেকে অবিশ্রান্ত লহরীতে সেই শক্তিমত্তা তাঁর মধ্যে এসে প্রবাহিত হচ্ছে৷"


১৯০২-এ রিলকে যখন প্যারিসে রোদাঁ-র কাছে এলেন তখন তাঁর একটা বোধোদয় হল যে যা তিনি এ পর্যন্ত করেছেন, অর্থাৎ যা তাঁর সাহিত্যকীর্তি তা সবই অগভীর, অনুভূতিতে অপক্ক এবং সাঙ্গীতিক মাধুর্যেও নিষ্প্রাণ৷ কিন্তু ভাস্করকে রিলকে এই যে আকাশচুম্বী প্রশংসা করলেন, তার মধ্যে অতিরঞ্জনের মাত্রার চেয়ে বাস্তব মূল্যায়ন ছিল নিতান্ত কম, কোথাও কোথাও অতিরেক অলীকতার পর্যায়ে চলে গিয়েছিল৷ কয়েক বছর পর ১৯০৫-এও ক্লারা-র কাছে লেখা চিঠিতে দেখা যায় যে তাঁর সেই মাত্রা-ছাড়া অভিভব বিন্দুমাত্র কমেনি৷ তিনি তখনও বলছেন, রোদাঁ যেন "প্রাচী-র এক দেবতা, রাজাসনে ব'সে আছেন৷" নিবাত নিষ্কম্প, স্বয়ম্ভর তিনি, যেন একাই একশো, আত্মমুগ্ধের আদর্শ আত্মোপলব্ধির কল্পনায় মগ্ন, বলছেন, "তিনি নক্ষত্রগতি, তাঁর পরিমাপ সম্ভব নয়৷" ম্যোদঁ-র শিল্পসত্রে ছোট্ট পাহাড়ের উপর রাখা বুদ্ধমূর্তির দিকেই যেন ইশারা করলেন রিলকে৷ এই বুদ্ধমূর্তিটিই এর পরবর্তী কালে তাঁর "নতুন কবিতা" (Neue Gedichte, ১৯০৭) বইটিতে তিনটি কবিতায় স্থান পেল৷ ভাস্করকে তিনি বললেন, এই মূর্তি যেন রয়েছে পৃথিবীর ঠিক মাঝখানটিতে৷ রোদাঁ নিজেও রিলকে-র নিজস্ব বিশ্বের মাঝখানে অধিষ্ঠিত ছিলেন৷ বুদ্ধ কবিতাটি গভীর চেতনা থেকে এল তাঁর৷ কিন্তু ইঙ্গিতটা কার প্রতি? রোদাঁ-র প্রতি নয়? :
যেন তিনি কান পেতে শুনছেন৷ স্তব্ধতা: একটি সুদূর …
আমরাও থেমে যাই, শুনতে পাই না আর নীরবতা৷
তখন তো নক্ষত্র তিনি৷ অন্য সব বড়ো তারাগুলি
যাদের আমরা চোখে দেখি না মোটেই, তাঁরা তাঁর চারপাশ ঘিরে

আহা, তিনিই তো সব৷ সত্যিই কি তাঁর জন্যে ব'সে আছি এই ভেবে
তিনি আমাদের দেখবেন? তাঁর কি দরকার আছে কোনো?
এইখানে সাষ্টাঙ্গে প্রণিপাত করি যদি তাঁকে, হয়তো বা
থাকবেন পশুদের মতো কোনো মগ্নগভীর স্তরে, উদাসীনতায়

যার জন্যে আমাদের ছিন্ন ক'রে এনেছেন তাঁর ওই পায়ের তলায়
সেই ইচ্ছা তাঁকে ঘিরে আবর্তিত হয়েই চলেছে লক্ষ বছর
আমাদের অভিজ্ঞতা তাঁর মনে থাকে না কখনো
তাঁর অভিজ্ঞতা সব চিরদিন আমাদের ব্রাত্য রেখেছে৷

"নতুন কবিতা" (Neue Gedichte [১৯০৭]) থেকে৷

এমনিতে রিলকে অবশ্য তাঁর জীবনের পরবর্তী সময়ে রোদাঁ-র জীবনাচরণ ও উপদেশ অনুসরণ করতে পারেননি৷ তাঁর জীবনে লেখার স্রোত যখন এসেছিল, একমাত্র সেই সময়গুলিতেই তা অনুসৃত হয়েছে-যেসময় তিনি "নতুন কবিতা"-র কবিতাগুলি লিখছেন, কিংবা "মাল্টে-র স্কেচবই"( (Die Aufzeichnungen des Malte Laurids Brigge, ১৯০৬-১৯১০)রচনা করছেন, তখন৷ জীবনের শেষ ভাগে এক নবীন বন্ধুকে লিখছেন যে রোদাঁ-র প্রভাবে তিনি তাঁর নিজের রচনার লঘুতা সম্পর্কে সচেতন হয়েছেন এবং তা অতিক্রম করতে সক্ষম হয়েছেন৷ বইটির প্রথম অধ্যায়ে বলছেন, রোদাঁ-র পর্যবেক্ষণ শক্তি কি গভীর, কি অপরিসীম সহিষ্ণুতার সঙ্গে তিনি লগ্ন হয়ে থাকেন তাঁর বিষয়ের গভীরে, বলছেন: "রোঁদার অনুমান যে মডেল যখন মনে করে যে কেউ তাকে লক্ষ করছে না, তখন তার আপাত অগোচর ভঙ্গিমার মধ্যে ধরা থাকে তার অভিব্যক্তির শক্তি, যার সারাৎসার গ'ড়ে নিতে পারা আামাদের পক্ষে মুশকিল, কারণ সেরকম নিবিড় ও নিয়ত মনোযোগ দিয়ে আমরা তাকে দেখতে অভ্যস্ত নই৷ কিন্তু রোদাঁ সেখানে তাঁর মডেলকে বিন্দুমাত্র চোখের আড়াল না ক'রে এবং সেই সঙ্গে দক্ষ হাতে ও অতীব ক্ষিপ্রতার সঙ্গে সাধারণ মানুষের না-দেখা অসংখ্য ভাবরূপ রেখায় রেখায় আঁকার কাগজে তুলে নেন, যা সচরাচর আমাদের চোখ এড়িয়ে যায়, আর তার ফলে সেই সমস্ত রেখা থেকে শক্তির যে দ্যুতি বেরিয়ে আসে তা সাংঘাতিক৷ যদি সামগ্রিকতার নিরিখে এই সম্মিলিত ভঙ্গিমাগুলিকে দেখা ও উপলব্ধি করা যায়, তাহলে এই কথাটাই বেরিয়ে আাসে যে রোদাঁ তাঁর কাজের মধ্যে প্রাণীজীবনের অকৃত্রিম শক্তি ও উষ্ণতা ধ'রে ফেলেছেন৷"… কবি অনুভব করছেন, "এইভাবেই একটা নামহীন জীবনের বিস্তার আবার নতুন ক'রে আবিষ্কৃত হয়৷ একটা গভীরতা, যার ওপর দিয়ে সমস্ত প্রতিধ্বনিময় পদক্ষেপ পা ফেলে ফেলে চলে যায়, অথচ তার নীরবিন্দুগুলি শুধু তার কাছেই এই অবিমিশ্র গভীরতা দিয়ে যায় যে লোকটির হাতের জাদুদণ্ড আমাদের কাছে সমস্ত গোপন কথা ফাঁস ক'রে দেবে৷"

রোদাঁ-র মনোগ্রাফটি শেষ হবার এক বছর পর তিনি লু আন্দ্রোস-সালোম-কে লিখেছিলেন যে তার পর থেকে সংশয়াত্মক চিত্তে তিনি তাঁর নিজের হস্তশিল্পের একটা ভিত্তিভূমির খোঁজ করছেন৷ তারের এমন একটা যন্ত্রানুষঙ্গ তাঁর চাই যা দিয়ে তাঁর শিল্প একটা নির্ভরযোগ্য সংহতি খুঁজে পাবে৷ দুটি সম্ভাবনা আছে তাঁর কাছে৷ নতুন যে কারুশিল্পটি তাঁর অন্তর্জীবনকে চিনতে সাহায্য করবে, তা যে "ভাষা"-ই হবে, তা নয়৷ আবার শিক্ষার একটা মানবিকী পথও তিনি দেখাতে চান না৷ তাঁর কাব্যগত কারিগরী বিদ্যার মূল হল "দেখতে শেখা (Sehen lernen)৷" অর্থাৎ এমন একটা ক্ষমতা, যাতে ক'রে ক্রমশই আরও ভাল ক'রে দেখতে পারা যায়, অনেক বেশী ধৈর্য নিয়ে, অনেক বেশী মমতা ও মগ্নতা সহকারে দেখা যায়৷ বস্তুকে দেখবার জন্য যে বস্তুলগ্ন নিবিষ্টতা রোদাঁ নিজেও দেখিয়েছেন, যে কারিগরী সংহতি, যে একাগ্রতা, তাও তাঁর চাই৷ আর্ট-এর আকারবদ্ধতার সঙ্গে সঙ্গে শিল্পদ্রব্যটিকে দর্শনযোগ্য করবার যে প্রকরণ রোদাঁ দেখালেন – যেখানে থাকতে পারে বা হয়তো সারনির্যাসের একটা পূর্বাভাস – বইটিতে কবি তারই একটা রূপরেখা দিয়েছেন, দেখিয়েছেন কিভাবে রোদাঁ ভৌতিক জগৎটির মূল উপাদানগুলি বিশ্লিষ্ট ক'রে তা পুনর্নির্মাণ করেছেন এবং কিভাবেই বা কবি এই ধারণাকে কেন্দ্র ক'রে তাঁর কল্পনাশক্তিকে জারিত করতে পারছেন৷ পরে দেখা যাবে যে রিলকে তাঁর "মাল্টে-র স্কেচবই" বইটিতে কল্পনার বিখণ্ডীকরণকে কিভাবে আমাদের ধরিয়ে দিচ্ছেন, দেখাচ্ছেন যে একজন ভাস্করের মত একজন লেখকও অনেক বিভিন্ন উপাদান থেকে, ক্ষুদ্রাতিক্ষুদ্র উপকরণ থেকে একটি পৃথিবী সৃষ্টি করতে পারেন৷ "নতুন কবিতাগুলি" ও "মাল্টের স্কেচবই" – এই দুটি বইয়ের প্রকাশই তাঁকে স্থায়ীভাবে অগ্রণী কবি সাহিত্যিকদের সঙ্গে একসাথে দাঁড় করিয়ে দেয়৷

সেজান-এর ছবিও তাঁকে প্রভাবিত করেছিল সন্দেহ নেই, যার কথা লিখেছিলেন তাঁর স্ত্রী ক্লারা-কে একটি চিঠিতে, যখন Salon d'Automne –এর প্রদর্শনীতে তাঁর ছবি দেখে ফিরছেন ১৯০৭-এর অক্টোবর-এ৷ ১৯০৭-এ পিকাসো Les Demoiselles d'Avignon ছবিটি এঁকেছেন, ব্রাক ১৯০৮-এ কিউবিস্ট ছবি আঁকতে শুরু করেছেন৷ কিন্তু ১৯০৭ বা ১৯০৮-এই সব ছবি দেখাটা কতখানি তাঁর আয়ত্তে এসেছে তা নিয়ে কোনও প্রামাণ্য তথ্য নেই৷ তবে বলা যেতে পারে তখন তাঁর কতকগুলি ধারণা গড়ে উঠতে শুরু করছে নানান পঠন পাঠনের মধ্য দিয়ে, যার মূল ভিত্তি হল ওই রোদাঁ-রই মূল ধারণা –"দেখতে শেখা" (Sehen lernen)৷ এ এমন একটা সময় যখন বিজ্ঞান ও মনোবিজ্ঞানের অনেক নবলব্ধ ধ্যান ধারণা প্রকৃতি ও মন সম্পর্কে পুরোনো ভাবনা বদলে ফেলছে এবং সেই সূত্রে চিত্রাঙ্কন ও ভাস্কর্যের একটা বিপ্লবকেও প্রেরণা জোগাচ্ছে৷ নতুন নতুন বিষয়, যেমন আপেক্ষিক তত্ত্ব, কোয়ান্টাম পদার্থবিদ্যা, অ-ইউক্লিডীয় জ্যামিতি, অচেতন স্তরের মন সম্পর্কে নতুন তথ্য – পৃথিবী এবং এই "দেখতে শেখা"-টাও এইভাবে সমৃদ্ধ হচ্ছে৷ এই নতুন নতুন ধারণাগুলি সম্পর্কে রিলকে যে মোটে ওয়াকিবহাল ছিলেন না, তা নয়, "মাল্টে-র স্কেচবই" উপন্যাসটিতে এই কথারই একটা আভাস পাওয়া যায় যে খুব সামান্য হলেও এইগুলি সম্পর্কে তাঁর জ্ঞান ছিল, তিনি পদার্থবিদ্যা, অঙ্ক ও মনোবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছেন এই উপন্যাসটি রচনার সময়৷ কিন্তু কোনও চিঠিপত্রে বা কোনও স্মৃতিচারণায় তার লেশমাত্র খবরও পাওয়া যাচ্ছে না৷

রিলকে ও রোদাঁ-র প্রসঙ্গে প্রধানত এই "দেখতে শেখা" বা "দেখা"-র অনুষঙ্গটিই বারবার এসেছে৷ ভাস্কর নিজে তাঁর শিল্পে "দেখবার" এই করণকৌশলটার ওপর জোর দিয়েছেন সবচেয়ে বেশী৷ একবার তিনি বলেছিলেন, "একটা মানুষের মুখের দিকে তাকানো মানে মানুষটির আত্মাকে স্পর্শ করা৷ কোনও বৈশিষ্ট্যই প্রবঞ্চনা করে না৷ কপটতা আন্তরিকতার মতই স্বচ্ছদর্শন: ভুরুর প্রবণতা, দৃষ্টির সামান্যতম কুঞ্চন, হৃদয়ের গোপন কথা ফাঁস ক'রে দেয়৷" হিন্দুধর্মে মানসপূজায় দেবীকে চক্ষুদান করা হয়, তার প্রাণপ্রতিষ্ঠা করা হয়৷ এর উদ্দেশ্য মানুষের রূপকল্পে মৃন্ময়ী দেবীকে চিন্ময়ী হিসাবে প্রতিষ্ঠা করা৷ রোদাঁ-র দেখবার যে চোখ, সেই ইন্দ্রিয়কেও তিনি পাথরের মধ্যে মূর্ত করতে চেয়েছিলেন, যার উদ্দেশ্য জড় প্রস্তরময়তাকে চিত্ররূপময় হিসাবে, জীবনের চিন্ময় গতিশীল প্রবাহ হিসাবে দেখানো৷ রিলকে এই মূল কথাটা ধরতে পেরেছিলেন, যার ফলে এই সময় থেকেই তাঁর কাব্যরচনার ধ্যানধারণার মধ্যে আমূল পরিবর্তন ঘটেছিল৷ চক্ষুরিন্দ্রিয় দিয়ে তিনি যে সমস্ত দৃশ্য দেখতে শুরু করলেন, তাঁর ভাষাও সেই ইন্দ্রিয়স্বরূপ হয়েই জগৎকে আমাদের নতুন ক'রে দেখাতে শুরু করল৷ রবীন্দ্রনাথ যাকে "মানবরস" বলেছেন, রিলকে সেই মানবরসকেই ভাষার মধ্যে মিশিয়ে দিলেন৷ তাই তাঁর সৃষ্ট বিশ্বছবি আমাদের হৃদয়ের কাছে বিশেষ আত্মীয়তা পেল৷ জীবনানন্দ দাশের মধ্যেও অমনি একটা রূপায়ন পেয়েছি আমরা, ওইরকমই গতিশীল একটা চলচ্চিত্র তাঁর কবিতায় দেখতে পাই, যার জন্যে রবীন্দ্রনাথ তাঁর কবিতা সম্পর্কে বলতে পেরেছিলেন, "তোমার কবিতায় তাকিয়ে দেখার আনন্দ আছে৷" ভুলে গেলে চলবে না, রবীন্দ্রনাথ নিজেও চিত্রশিল্পী ছিলেন৷

ঋণস্বীকার:
১৷ Rainer Maria Rilke, August Rodin, 1907
২৷ Rainer Maria Rilke, Worpswede, 1903
৩৷ David Kleinbard, The Beginning of Terror,
A Psychological Study of Rainer Maria Rilke's Life and Work, New York & London, 1993
৪৷ Dominik Brabant, Rodin-Lektüren
Deutungen und Debatten von der Moderne zur Postmoderne, Koln 2017
৫৷ রমেন আচার্য, কবিতার শিল্পকলা, এবং মুশায়েরা, কলকাতা ২০১৩