২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ষোল বছর আগে

aysa_jhorna

Published : 02 Aug 2008, 12:13 AM

Updated : 05 Sep 2022, 11:46 PM


পুত্র, স্ত্রী, কন্যা ও শ্যামল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবিতে সর্ববামে মাহমুদুল হক

সালটা ১৯৯০। এরশাদ পতনের পরের সময়। আমাদের ভেতর থেকে তখনো আন্দোলনের জোয়ার পুরোপুরি যায়নি। আমার বন্ধুরা মার্কসবাদের ঝাণ্ডা নিয়ে তুমুল ব্যস্ত। আমি তখন রাজনীতি থেকে সাহিত্যের দরজায় হাঁটিহাঁটি পাপা। সংবাদ-এর ডেস্ক সেকশনের ইদু মোহাম্মদ কাকা আমাকে ছোটবেলা থেকে চেনেন। তার মেয়ে অনু আমার ছোটবেলার বন্ধু। তার বেশ বইয়ের কালেকশন। আমি এনে পড়তাম। তো ইদু কাকা আমাকে ডেকে বললেন, 'তুমি তো অনেক পড়, মনে হচ্ছে একটু আধটু লেখ! তোমাকে সংবাদ-এর শামীম আখতারের সাথে পরিচয় করিয়ে দেব, তুমি দৈনিক সংবাদ-এ এসো একদিন।'


মাহমুদুল হক, মুহম্মদ খসরু, স্ত্রী, কন্যা, পুত্র ও শ্যামল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অন্যরা

আমি গেলাম সংবাদ-এ, সেই প্রথম কোনো পত্রিকা অফিসে যাওয়া, সংবাদ-এর মেঝে নানারকম মোড়ানো কাগজে ভরে আছে, আমি দুই চোখ মেলে দেখছিলাম সবকিছু, ছোট্ট একটা ঘরে সন্তোষ গুপ্ত বসেছিলেন, আমি তাকে চিনতাম না তখন। যা হোক, বড় একটা লালটিপ দেওয়া, টাঙ্গাইলের শাড়ি পরা শামীম আপা বেরিয়ে এসে আমার সাথে পরিচিত হলেন। ইদু কাকা বললেন, 'দেখবেন মেয়েটাকে একটু।'

শামীম আপা বললেন, আমি তো রেগুলার টাকা দিতে পারব না। তবে লিখতে শুরু করো। আমি টুকটাক লিখতে শুরু করলাম। শামীম আপা এটা-সেটা লিখিয়ে নিতেন তাঁর পাতার জন্য। কখনো ইন্টারভিউয়ের জন্য পাঠাতেন। শামীম আপা নারী পাতায় পারিজাত চৌধুরী নামে লিখতেন। একদিন শামীম আপার বংশালের বাসায় গল্প করছি। টোকনের (সিমুয়েল হক সিরাজী) কথা বললাম। টোকন আমাদের টিএসসির বন্ধু। আমার একটা কাঁচা হাতের ছোটগল্প ছাপা হয়েছিল। তাতে টোকন, আমার আরেক বন্ধু রফিকের কথা আছে। গল্পটা রফিকের কাছ থেকেই শোনা। রফিক আর্ট কলেজে পড়তো। ওর থেকে শোনা একটা গল্প আমি লিখেছি, ছাপাও হয়েছে। টোকন এসে বলল, 'তুই গল্প লিখেছিস! দাঁড়া তোকে এক বড় গল্পকারের সাথে পরিচয় করিয়ে দেব।' বলল, 'মাহমুদুল হক আমার বাবা।' আমি বেশ অবাক হলাম। কারণ টোকন তখন টোফেলের ঘোরে আক্রান্ত। গল্প শুনে শামীম আপা বললেন, 'তাই নাকি, একটা ইন্টারভিউ নিয়ে দিতে পারবে?' তখন আমার মাহমুদুল হকের লেখা জীবন আমার বোন পড়া আছে। শামীম আপার কথায় আগ্রহ বোধ করলাম। শামীম আপা এটাও বললেন, উনি কিন্তু ইন্টারভিউ দিতে চাইবেন না, টেকনিক্যালি রাজি করাতে হবে। আমি বললাম, ঠিক আছে।

টোকনকে বলাতে টোকন বলল, দেখ রাজি করাতে পারিস কিনা? টোকনের সাথে আড্ডা দিয়ে আর্ট কলেজ হয়ে যেতাম ওদের এলিফ্যান্ট রোডের বাসায়। টোকন একদিন পরিচয় করিয়ে দিল ওর বাবা, মানে মাহমুদুল হকের সাথে। প্রথম দিন উনাকে দেখেই অবাক হলাম। দীর্ঘদেহ, একটু লম্বা চুল, বেশির ভাগই পাকা, ভারি ফ্রেমের চশমা, চোখে গভীর দৃষ্টি। টোকন ওর বাবার মতো লম্বা হয়নি, মায়ের মতো খাটো। তবে দেখতে সুন্দর ছিল। স্বভাব ছিল বাবার মতো। তুখোড় আড্ডাবাজ, দিলখোলা।

টোকন বলল, 'বাবা, ও লেখে একটু আধটু।' শুনেই মহাখুশি, 'তাই নাকি! আজকালকার ছেলেমেয়েরা লেখে নাকি! আমার ছেলেমেয়ে দু'টোর কেউ তো বাংলা পড়েই না।' প্রথমেই আক্ষেপ। আমি একটু থতমত খেলাম। আমাকে জিজ্ঞেস করলেন তার বই পড়েছি কিনা! আমি জীবন আমার বোন পড়েছি বললাম। খুব খুশী হলেন। দুপুরে নিজে বসে থেকে ভাত খাওয়ালেন। বেশিরভাগ সময় তিনি রান্নাঘরের পাশে ডাইনিংয়ে কাটাতেন। সবাইকে খাওয়াতে ভালবাসতেন। তারপর তার ঘরভরতি বইয়ের রুমে গিয়ে বসতাম। নানারকম গল্প করতেন।

দেখা যেত টোকন আমাকে রেখে চলে গেছে আর আমি তাঁর গল্প শুনেই যাচ্ছি। এভাবে প্রায়ই তাঁর সাথে গল্প হতো। তখন টোকনের চেয়ে বেশি মাহমুদুল হকের সাথেই গল্প হতো। কত ভাল লেখেন তখনো তুলনা করতে শিখিনি। শামীম আপা তাঁর ভীষণ ভক্ত ছিলেন। কিন্তু অনেকেই তাঁর বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে, আর বটু কাকা নিজেই নিজেকে অন্তরালে নিয়ে গেছেন। আমি ভয়ে কখনো পারসোনাল কিছু জিজ্ঞেস করতাম না কিংবা চাইতাম না যে উনি কষ্ট পান। আমাদের গল্প করাটা কাকি একদম পছন্দ করতেন না। বিরক্ত হতেন।

একদিন টোকনের সাথে বাসায় গেছি। দেখি ওর মা মানে কাকি, বটু কাকার স্ত্রী ক্যাসেট ছেড়ে দিয়ে নাচছেন, একটা জর্জেটের শাড়ি পরনে। টোকন ঘরে ঢুকে ক্যাসেট অফ করে দিয়েছিল। ওনাদের বায়তুল মোকাররমের স্বর্ণের দোকানে উনি তখন তেমন একটা যান না। মাঝেমধ্যে যান। আমি টোকনের মায়ের ও রকম ঢাকাইয়া নাচ দেখে তাড়াতাড়ি বটু কাকার সাথে গিয়ে গল্প করতে বসলাম।


সৈয়দ ইকবাল, মাহমুদুল হক, রফিক আজাদ, সুনীল গঙ্গোপাধ্যায় ও নিচে সাগরময় ঘোষ ও অন্যরা

নানারকম গল্প করতেন। কীভাবে উপন্যাসগুলো লিখলেন, কীভাবে চরিত্রগুলো স্টাডি করতেন, সাথে পরিপার্শ্ব ও তার উৎসস্থল। আমি খুব অবাক হয়ে আর আগ্রহ নিয়ে তাঁর কথা শুনে যেতাম। একবার কোন একটা উপন্যাস লিখতে গিয়ে ঘর ভাড়া করে কোথায় যেন তিনমাস থেকেছিলেন। ঠিক মনে পড়ছে না কোন উপন্যাসটার কথা তিনি বলেছিলেন। সেখানে মিস্ত্রীরা কীভাবে কাঠে রানদা করে তা দেখার জন্য বসে থাকতেন, দেখতেন তাঁর কল্পিত চরিত্রগুলোর প্রেক্ষাপট। প্রতিটি উপন্যাস লেখার আগে প্লট নিয়ে ভাবতেন, তারপর মালমশলা জোগাড় হয়ে গেলে বসে পড়তেন লিখতে।

খুব গল্প করে জমিয়ে নিতেন সব বয়সের লোকের সাথে। অনেক শিল্পী-সাহিত্যিক নিয়ে তাঁর ব্যাক্তিগত ক্ষোভ ছিল, কথায় কথায় তা প্রকাশও করে ফেলতেন। তার গল্প করার স্টাইল দেখেই বোঝা যেত তিনি নিখুঁত গল্পকার; কিন্তু কোথায় যেন আহত যা জীবন দিয়ে শোধ করছেন।

তাঁর লেখালেখি ছেড়ে দেয়ার কারণ আমার একটা মনে হয়েছে তার লেখার প্রতি তার পরিবারের অনাগ্রহ। কোনো রকম সহযোগিতাই পেতেন না। তাঁর সব সাহিত্য আড্ডা ছেড়েছুড়ে ঘরে বসে গিয়েছিলেন। অদ্ভুত রকমের এই স্বেচ্ছা নির্বাসন। তার স্ত্রী কোনো এক পীরের মুরিদ ছিলেন, তিনিও তাতে আস্থা জ্ঞাপন করেছিলেন। এই পীরের গল্প করতেন। পীরের নানারকম কারিশমা, মাজেজা ব্যাখ্যা করতেন। আমি চুপচাপ শুনে যেতাম, কারণ তর্ক করা বৃথা। কিন্তু যখন গল্প করতেন তখন বেরিয়ে আসতো লেখক মাহমুদুল হক। তিনি জানতেন তার লেখার শক্তি, তাই হয়তো নির্বিকার থাকতেন। বলতেন, 'যা লিখেছি তাতেই লোকে আমাকে মনে রাখবে। এখন আর জোর করে লিখতে চাই না কিংবা লিখতেও ইচ্ছে করছে না। কী হইবো লিইখা?' কোনো অনুরোধেও তাকে টলানো যেত না।

বটু কাকা সে সময় আমাকে বেলাল চৌধুরীর কাছে ভারতবিচিত্রায় লেখার জন্য পাঠিয়েছিলেন। বেলাল কাকা তখন ভারতবিচিত্রার দায়িত্বে ছিলেন।

তাঁর বাসায় যখনই যেতাম দেখতাম রান্না ঘরটার পাশে ডাইনিং স্পেসে ব্যস্ত আছেন। কখনো চাল বাছতেন। খুব ব্যাক্তিগত কেউ গেলে গল্প করতেন। এর মধ্যে টোকন হঠাৎ করে অভিনেতা টেলিসামাদের মেয়েকে বিয়ে করে ফেলল। মেয়েটা বয়সে ওর থেকে বেশ ছোট, মাত্র এসএসসি পাস করেছে। আমরা হতভম্ভ হয়ে গেলাম। বটু কাকা খুব ক্ষিপ্ত হলেন। কিন্তু সামলে নিলেন। বললেন, 'জানো টেলিসামাদ এসে বললো, আমিও আট্টিস্ট আপনিও আট্টিস্ট। শুনেই আমার হাসি পেল। বললাম, আপনি হইলেন গিয়া রিকশার পেছনের আট্টিস্ট আর আমি হইলাম মাহমুদুল হক। এইটাই বুঝবার পারলেন না। হাঃ হাঃ হাঃ!'

এর ভেতর রাইসুর (ব্রাত্য রাইসু) সাথে পরিচয়। রাইসু একদিন কিংবা দুইদিন আমার সাথে তাঁর বাসায় গিয়েছিল। উনি না বলে কাউকে নিয়ে আসাটা পছন্দ করতেন না। একদিন রাইসু আমি গেছি, দেখি সেখানে আবদুল্লাহ খালিদ বটু কাকার পায়ের কাছে বসে আছেন। রাইসুকে দেখেই ওর একটা ভাস্কর্য করতে চান বললেন তিনি। অনেকক্ষণ ওর চেহারা দেখলেন। রাইসু নির্বিকার। বটু কাকা বললেন, ছাড়ো তো। পরে রাইসুর সাথে দু একটা কথা বললেন। সেই দিন আমাকে নিজে থেকেই অটোগ্রাফ দিয়ে নিরাপদ তন্দ্রা বইটি দিলেন। তাঁর অন্য বইগুলোর মধ্যে কালো বরফ জোগাড় করতে পেরেছিলাম। তাঁকে গিয়ে বলতাম আপনার বইগুলা তো পাওয়া যায় না। উনি বলতেন, 'কী করবো প্রকাশক কোনো উদ্যোগ না নিলে ভাল্লাগে না।' প্রকাশকের প্রতি তার উষ্মা ছিল। ঠিকমতো রয়ালিটি পাননি। নিজের থেকেও চাইতেন না। কোলকাতাতে তার বেশ পাঠক আছে, এটা তিনি জানতেন।

কোনো ইন্টারভিউয়ের কথা বললে ক্ষেপে যেতেন। শেষপর্যন্ত আমি তাঁর ইন্টারভিউটি নিতে পেরেছিলাম কিনা মনে করতে পারছি না। বর্তমান কারো লেখা সম্পর্কে বলতে বললে উনি বলতেন, 'বেশি পড়ে উঠতে পারি না। আমি কমিউনিকেট করতে পারি না। খেই হারায়া ফেলি। তবে মঞ্জু সরকারের লেখা ভাল লাগে, পড়ে দেখতে পারো।'

মাঝে মাঝে উনি ভীষণ অন্যমনষ্ক হয়ে যেতেন। কী কী সব বলতেন। মরে গেলে কর্মফল অনুযায়ী পুনর্জন্ম নেয় মানুষ এই ছিল তার বিশ্বাস, আর তা আমাদেরও বিশ্বাস করিয়ে ছাড়তেন। অদ্ভুত এক গল্পের আবহ তৈরি করতে পারতেন। প্রখর পর্যবেক্ষণ দৃষ্টি ছিল। ঘণ্টার পর ঘণ্টা গল্পে আটকে রাখতে পারতেন। আমরা উঠতে চাইলে মনোঃক্ষুণ্ন হতেন। কারণ আমরা চলে আসলেই নিঃসঙ্গ হয়ে পড়তেন। বাসায় টবে একটা গাজার গাছ লাগিয়েছিলেন, তার যত্ন করতেন।

টোকন আমেরিকায় চলে যাওয়ার বটু ভাইয়ের মেয়ে মলি (তাহমিনা মাহমুদ) বিয়ে করলো। মলি নিজের ইচ্ছাতেই বিয়ে করেছিল। মলিকে বেরুতে দিতেন না। তবে আমার সাথে বেরুতে দিতেন। মলি একদিন আমার কাছে তার মায়ের পীরের ব্যাপারে কী কী সব বলে কাঁদতে থাকল। আমি মলিকে বাইরের পরিবেশে নিয়ে এসেছিলাম। এতে ওর মা খুব ক্ষিপ্ত হতো। পরে মলি হঠাৎ করে বিয়ে করে ফেলায় আমি একেবারে অপ্রস্তুত হয়ে পড়ি। কী জবাব দেব বটু কাকাকে? শেষে সে বাসায় যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। তখনই শুনেছিলাম বটু কাকারা এলিফ্যান্ট রোডের বাসা পাল্টাচ্ছেন।

আমার আর টোকন, মলি বা বটু কাকা কারো সঙ্গেই কখনো যোগাযোগ হয় নাই।

aysa.jhorna@yahoo.com