২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শিবনারায়ণ রায়: বাঙলার রেনেসাঁসের সর্বশেষ দীপ

md_saiful_islam

Published : 29 Mar 2008, 05:54 PM

Updated : 05 Sep 2022, 11:27 PM


শিবনারায়ণ রায় (২০/১/১৯২১-২৬/২/২০০৮); ছবি: ফয়জুল লতিফ চৌধুরী ২০০৬

বাঙলার রেনেসাঁসের সর্বশেষ প্রদীপ ছিলেন তিনি। দীপটি নিভে গেল ২৬ ফেব্রুয়ারি ২০০৮-এ। যথার্থ রেনেসাঁস-সাধক ছিলেন শিবনারায়ণ রায়। নানা ক্রটি-বিচ্যুতি থাকা সত্ত্বেও তিনি বাঙলার রেনেসাসের উত্তরাধিকারকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখতেন। এই দেখাটা একজন বিবেকী ভাবুকের, দায়িত্বশীল চিন্তকের। তিনি মনে করেতেন, যে মহৎ কর্মে অপূর্ণতা থাকে, তাকে পূর্ণতা দেবার গুরুদায়িত্ব উত্তর-প্রজন্মের। এতে কোনো সন্দেহ নেই যে শিবনারায়ণ রায় সেই অসামান্য দায়িত্ব বলা চলে সারা জীবনই পালন করবার চেষ্টা করে গেছেন। তিনি বরাবরই একথা বলেছেন যে, পশ্চিমের মানসমুক্তির ক্ষেত্রে সেখানকার রেনেসাঁসই ছিল প্রধান ভূমিকা স্বরুপ। বাঙলার ক্ষেত্রেও তাই ঘটেছিল।

উনিশ শতকের বাঙলার রেনেসাঁসের যাঁরা মহৎ প্রতিনিধি ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন অক্ষয়কুমার দাত্ত। শিবনারায়ণ রায় ও-শতকের যেসব মহৎ পুরুষদের প্রভাব তাঁর জীবনে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছেন, এই অক্ষয়কুমার দত্ত তাঁদের একজন। শিবনারায়ণ রায় অক্ষয়কুমার দত্তকে র‌্যাডিক্যাল হিউম্যানিস্ট বলে মান্য করতেন।

বাঙলার বিদ্বৎসমাজ অক্ষয়কুমার দত্তের সংবাদ রাখতেন না। শিবনারায়ণ রায়ের মনে এ নিয়ে আক্ষেপ ছিল। আমার সম্পাদনায় সম্প্রতি পরপর তিনটি গ্রন্থ–অক্ষয়কুমার দত্তের শ্রেষ্ঠ প্রবন্ধ (২০০৫), বিজ্ঞান বুদ্ধিচর্চার অগ্রপথিক অক্ষয়কুমার দত্ত ও বাঙালি সমাজ (২০০৬) এবং অক্ষয়কুমার দত্তের শিক্ষাবিষয়ক প্রবন্ধাবলী (২০০৭) প্রকাশিত হলে তিনি খুবই আনন্দিত হন। তিনি এই কাজগুলোর যে ভূয়সী প্রশংসা করেন এবং এর গুরুত্ব আমাকে বোঝান, সে ছিল আমার আশার অতীত এবং এইসব কাজের জন্যেই আমি তাঁর মতো অগ্রগণ্য মনীষীর প্রশ্রয় পেয়েছিলাম। আমি যে তাঁর সান্নিধ্য পেতে পারি এ আমার পক্ষে ছিল দুরাশা মাত্র। কারণ এমনিতেই অক্ষয়কুমার দত্তের নাম এদেশের মানুষ ভুলে গেছে, তার উপর আমি এক অখ্যাত তরুণ। এই দুই অন্ধকার ভেদ করে শিবনারায়ণ রায়ের দৃষ্টিতে পড়েবো–এরকম আমার মনে হয়নি। কিন্তু সেটা ঘটে গেল। সেটাও আমার কারণে নয়–তাঁরই মহৎ গুণের আলোয়। তাঁর অনুসন্ধানী দৃষ্টি ছিল অতুলনীয়।

আমার প্রথম কাজটি দেখার পর তিনি আমাকে যে পরম স্নেহে বিপুল ভাবে উৎসাহিত করেন, পরবর্তী দুটি কাজ তাঁরই প্রেরণায় করা। তিনি অক্ষয়কুমার দত্ত সম্পর্কে আরো কতকগুলো কাজের নির্দেশ আমাকে দিয়েছেন। কিছু কাজ মাঝপথে আটকে আছে। আমার দুর্ভাগ্য–তিনি যেসব কাজ সম্পন্ন অবস্থায় দেখে যেতে পারলেন না। একটা কথা এবার বিবেচনায় আনা যাক। উনিশ শতকের চিন্তাভাবনা থেকে বিশ একুশ শতকের চিন্তাভাবনায় মৌখিক প্রভেদ ঘটে গেছে। কিন্তু শিবনারায়ণ রায়ের মতো আধুনিক মানুষ উনিশ শতকের ভাবুক অক্ষয়কুমার দত্তকে এতটা গুরুত্বপূর্ণ মনে করতেন কেন? প্রশ্নটা সঙ্গত হলেও উত্তরটা কঠিন নয়। অতীত পুরাতন হলেই ফেলনা হয়না–আবার বর্তমান নতুন হলেই সুন্দর হয় না। মূল ভাবনাটা প্রাসঙ্গিকতার। এমন কতকগুলো চিন্তা থাকে যা কালের ধুলায় পিষ্ট হয়েও অমলিন থাকে। যথার্থ চিন্তকের অনুসন্ধানের ফলে সেই চিন্তাটাই বর্তমানের কাজে অমূল্য হয়ে ওঠে। অক্ষয়কুমার দত্তের চিন্তা তেমনি একটা ব্যাপার। তিনি সর্বার্থে ছিলেন আধুনিক মানুষ। শিবনারায়ণ রায় এই আধুনিকত্বকে জীবনে পরম মূল্যে স্বীকার করতেন। এবং এই কারণে তিনি নিজেকে কোনো-একটা ভূগোলের মধ্যে সীমাবদ্ধ হতে অস্বীকার করেন। কেননা আধুনিক মানুষ মানেই বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত মানুষ–কোনো একটা জাতপাতের মানুষ নন। এমন কি কোনো একটা ভাষাগোষ্ঠীর মানুষও নন তিনি। শিবনারায়ণ রায় নিজেকে র‌্যাডিক্যাল হিউম্যানিস্ট মনে করতেন। এটা মিথ্যে নয় কিন্তু কথাটা ব্যাখ্যা করে নিতে পারলে বুঝতে সুবিধা হয়।

'হিউম্যানিস্ট কথাটির বাংলা প্রতিশব্দ সকলেই জানেন–মানবিকবাদ। কিন্তু র‌্যাডিক্যাল-এর প্রতিশব্দ বাংলা ভাষায় নেই। মৌল করা গেলেও তা মৌলবাদীদের সঙ্গে গুলিয়ে যাবার সম্ভাবনা। অথচ র‌্যাডিক্যাল হিউম্যানিস্ট এমন হিউম্যানিস্ট যিনি উদার মানবতাবাদীদের থেকে কিছু বেশি উদার। রিভোলিউশনারি হিউম্যানিস্টদের কাছাকাছি মানুষ এঁরা।

আমাদের দেশেও এক প্রকার হিউম্যানিজম ছিল। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই মানুষের সন্ধানে ফিরেছেন বাউলরা। তাঁরা মনে করেন 'এই মানুষে আছে সেই মানুষ।' তাঁদের মত–'এই মানুৃষই কৃষ্ণ, এই মানুষই কংস।' বাউলরা এই মানুষের সঙ্গে ঈশ্বরকে পৃথক করে দেখতে পান না। কিন্তু এই মানবিকবাদের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। অপরদিকে পাশ্চাত্য মানবিকবাদ বিজ্ঞানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পাশ্চাত্য হিউম্যানিস্টরা বৈজ্ঞানিকভাবে চিন্তা করেন। আমাদের দেশে এই চিন্তা-পদ্ধতির পরাকাষ্ঠা লক্ষ করা যায় অক্ষয়কুমার দত্তের মধ্যে। তাঁর এ পথের অনুসারীর সংখ্যা নিতান্তই কম। শিবনারায়ণ রায় এই অল্পসংখ্যকদের একজন। এজন্য শিবনারায়ণ রায় নিজেকে কেবল বাঙালি মনে করেননি। নিজেকে তিনি বিশ্বনাগরিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। তিনি মনে করতেন, যেখানেই তিনি থাকবেন সেটাই তাঁর স্বদেশ–সেখানেই তিনি তাঁর চিন্তার খোরাক এবং হৃদয়ের সম্পর্ক গড়ে তুলতে সক্ষম। পৃথিবীর সকল মানুষের মধ্যে আলোকায়ন ঘটানোই তাঁর লক্ষ্য–মানস-মুক্তি এবং আর্থিক সাম্য তাঁর চিন্তার মৌল অভিপ্রায়।

শিবনারায়ণ রায়ের মানস জগতটাকে বুঝতে এইসব ভাবনা মূল্যবান। অন্যদিকে তাঁর মনের গোপন-গহনের অপর একটি সংবাদও বিবেচনাযোগ্য। সেখানে তিনি চিন্তার একটা বিশেষ পরিধির মধ্যে এসে পড়েছেন। 'বিশ্বনাগরিক' হয়েও তিনি যে বিশেষভাবে ভারতবর্ষের–বাঙালি হৃদয়কে তিনি যে কোনোভাবেই ভুলতে পারেননি–এই ব্যাপারটা লক্ষ করবার মতো।

অনেকেরই জানা আছে শিবনারায়ণ রায় আঠারো বছর মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন সেখানকার ভারতবিদ্যা বিভাগে। সেখানে তিনি হাতে গোনা অল্পসংখ্যক ছাত্রছাত্রীনিয়ে অধ্যয়ন-অধ্যাপনার কাজ শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি সেটাকে অসাধারণ দক্ষতায় উন্নীত করেন একটি গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে। সেখানে তিনি যাঁর নির্দেশে গিয়েছিলেন তাঁরই অনুরোধে নির্ধারিত সময়ের আগেই ফিরে এসেছেন। যাঁর নির্দেশ ও অনুরোধে শিবনারায়ণ রায় সেখানে গিয়েছিলেন এবং ফিরে এসেছেন তিনি বাংলা ভাষা ও সাহিত্য-সংস্কৃতির একজন মহাজন–আবু সয়ীদ আইয়ুব। শিবনারায়ণ রায় তাঁর জীবনে এই অবাঙালি মহাজনের প্রভাব অকুণ্ঠিতচিত্তে স্বীকার করেছেন। কলকাতার দেজ পাবলিশিং থেকে সদ্যপ্রকাশিত আমার সম্পাদিত আইয়ুব: স্মরণগ্রন্থ-এ সঙ্কলিত শিবনারায়ণ রায় লিখিত 'আবু সয়ীদ আইয়ুব: সৌম্যপ্রমিথিউস' প্রবন্ধে তিনি লিখেছেন–"বছর তিনেক আগে তৎকালীন উপাচার্য সুরজিৎ সিংহের আমন্ত্রণে মাস চারেকের জন্য বিশ্বভারতীর অতিথি হয়ে মেলবোর্ন থেকে শান্তিনিকেতনে যখন আসি আইয়ুব তাঁর সঙ্গে দেখা করবার জন্য আমাকে খবর পাঠান। অন্যবারের মতো এবারও নানা তাত্ত্বিক প্রশ্ন, দেশের অবস্থা, প্রবন্ধ পত্রিকা ইত্যাদি নিয়ে কথা হয়। চলে আসার সময় তিনি তাঁর শীর্ণ হাতে আমার হাত ধরে বলেন, 'বাইরে তো অনেক দিন হয়ে গেল, এবার ফিরে আসুন, এখানে আপনার বিশেষ দরকার আছে।' এতদিনের বন্ধুত্ব সত্ত্ব্ওে আইয়ুবকে আগে কখনো আবেগ প্রকাশ করতে দেখিনি। আমাকে কী-হেতু দরকার সেটি স্পষ্ট করে না বললেও তাঁর এই প্রগাঢ় অনুরোধ আমার অন্তস্তল স্পর্শ করে। নিয়ম অনুযায়ী আরো ছ-বছর আমার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াবার কথা। কিন্তু বছর খানেকের মধ্যে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিই, এবং নিতান্ত অনিচ্ছাসত্ত্বেও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে-সিদ্ধান্ত মেনে নেন। আমার ফেরার পেছনে অন্য বিবেচনাও কাজ করেছিল, কিন্তু আমি জানি আইয়ুবের সেই ব্যাকুল বন্ধুবৎসল ডাক না শুনলে আমার ফিরে আসা বেশ কিছুকাল পিছিয়ে যেত। গাড়ি বাড়ি মোটা মাইনে এবং প্রতিষ্ঠার টান কম নয়; তাকে কাটাতে হলে উলটো টানও প্রবল হওয়া দরকার। আইয়ুবের ক্ষীণদেহ, স্মিতমুখ, মার্জিত ভাষা এবং শালীন আচরণের পেছনে একটা আশ্চর্য জোর ছিল–বুদ্ধির জোর, ঔচিত্যবোধের জোর, ভালোবাসার জোর, সেই ঘোষণাহীন জোরের কাছে হার মানাও গৌরবের।"

ব্যক্তি শিবনারায়ণ রায়কে জানবার পক্ষে এই কথাগুলো গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তিনি নিজেকে যত বড় বিশ্বনাগরিকই ভাবুন, হৃদয়ের চাপা দুর্বলতা গোপন রাখতে পারেননি। আবু সয়ীদ আইয়ুবের সঙ্গে আলাপকালে তাঁরা যে দেশের অবস্থা নিয়ে আলোচনা করেছেন সেই দেশটা কোন দেশ? অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি, ফ্রান্স যে নয়, সে তো বোঝাই যাচ্ছে। এসব দেশকে আইয়ুব বাইরের দেশ বলেই জানেন। শিবনারায়ণ রায়ও তাই জেনেছেন। এ না হলে তিনি আইয়ুবের ঘোষণাহীন জোরের কাছে কোনোদিনই হার মানতেন না। কোনো অবিবেকী অসত্যের কাছে হার মানার লোক শিবনারায়ণ রায় ছিলেন না। অনেকেরই জানা–তিনি আকৈশোর বিপরীত স্রোতের লোক। কিন্তু আইয়ুবের ঘোষণাহীন জোরের কাছে হার মেনে তিনি যে 'গৌরব' বোধ করেছেন তার মূল কারণ কী? মূল কারণ তাঁর দেশ। এই দেশ, আবু সয়ীদ আইয়ুবের ও শিবনারায়ণ রায়ের স্বদেশ। আইয়ুব ইঙ্গিত করেছেন এই স্বদেশের প্রতি শিবনারায়ণ রায়ের কর্তব্য আছে। এটা ভুলে গেলে চলে না। এই স্বদেশের কাজে তাঁর দরকার। স্বদেশের প্রতি দুর্বলতা শিবনারায়ণ রায়েরও ছিল। তাঁর বক্তব্য সাক্ষ্য দেয়, স্বদেশের প্রতি কেবল তাঁর দুর্বলতা নয়–একটা আন্তরিক মমত্ববোধ ও আসক্তিও ছিল। এটা মিথ্যে হলে 'গাড়ি, বাড়ি, মোটা মাইনে এবং প্রতিষ্ঠার টান'কে কিছুতেই ছিঁড়ে কেলা যায় না। আসলে এদেশের সাধকদের কথাই ঠিক– সম্পূর্ণভাবে নিরাসক্ত না হলে আসক্তির মর্মে পৌঁছনো যায় না। আত্মত্যাগই আত্ম-উপলব্ধির অনন্য পন্থা।

বাইরে থেকে ফিরে এসে শিবনারায়ণ রায় কী কাজ করেছিলেন এই উপস্থিত প্রশ্নটার প্রতি কৌতূহল হওয়া স্বাভাবিক। এ প্রশ্নের উত্তর খোঁজার আগে আসল প্রসঙ্গটা আর একটু খোলাসা করা দরকার।

স্বদেশপ্রেম জিনিশটা আমাদের তরুণ সমাজ থেকে অত্যন্ত কৌশলে কেড়ে নেয়া হয়েছে। আজকাল অনেকে স্বদেশপ্রেম বলতে বুঝে থাকেন স্বদেশের প্রতি অন্ধতা। অথচ এই স্বদেশপ্রীতিই যে শিবনারায়ণ রায়কে বিশ্বনাগরিক বানিয়েছে– এই অতি সহজ সত্যটা একটু ঠাণ্ডা মাথায় আমরা বুৃঝতে চাই না। অন্ধ হলে স্বদেশপ্রেম কেন–কোনো প্রেমই মনুষ্য-মনে ঠাঁই পায় না। কারণ সেক্ষেত্রে মানুষ তার মনের সমস্ত গুণ হারিযে ফেলে। বিচারহীন মনই অন্ধ, অন্ধপ্রেম মনুষ্যত্ববিরোধী। বিচারনিষ্ঠাই সকল প্রেমের উৎস। যে বাঙালিকে বঙ্গদেশ মানুষ করেনি শিবনারায়ণ রায়ের স্বদেশপ্রেম সেই বাঙালির নয়। রবীন্দ্রনাথ-কথিত বাঙালি সম্পর্কে শিবনারায়ণ রায় সম্যক সচেতন ছিলেন। এ বাঙালির স্বাধীনতার বোধ মিথ্যা অহঙ্কারের উপর প্রতিষ্ঠিত–এ বাঙালির আত্মমর্যাদাবোধ দুর্মরভাবে ক্লেদাক্ত। শিবনারায়ণ বলেন, "স্বাধীনতার ন্যূনতম শর্ত হল সত্যনিষ্ঠা, বাক্যে এবং আচরণে সততা। কিন্তু অধিকাংশ শিক্ষিত বাঙালি এই মডেল গ্রহণ করেননি। একদিকে ভূমার গদগদ ব্যাখ্যান আর অন্যদিকে সবরকম সুযোগ-সুবিধা অর্জনের ফন্দিফিকির আঁটা বানোয়াট অধ্যাত্মতত্ত্বের আড়ালে সবরকম ঝুকি এড়িয়ে প্রতিষ্ঠিত ব্যবস্থা, লোকাচার, শাস্ত্র ইত্যাদির সঙ্গে রফা করে চলা–এটিই মোটামুটি তাঁদের মডেল রয়ে গেল। এরজন্য শুধু ঔপনিবেশিক ব্যবস্থাকে দায়ী করা স্রেফ আত্মপ্রতারণা।" মনে পড়ে যায় অক্ষয়কুমার দত্তের বিখ্যাত বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার গ্রন্থের অমূল্য কথাটি–যেখানে তিনি এক প্রসঙ্গে বলেছেনম, "পরাধীন লোকের অধর্ম্ম না থাকিলে, স্বাধীনত্ব নষ্ট হয় না। আপনাদিগের শারীরিক ক্ষীণতা এবং বুদ্ধি ও ধর্ম্মপ্রবৃত্তির হীনতাই তাহাদিগের এরূপ দুর্ঘটনার মূল কারণ।"

বৃহদারণ্যক উপনিষদ-এর চতুর্থ অধ্যায়ের সূচনায় পাওয়া যাচ্ছে, বিদেহরাজ জনক ঋষি যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করেন: 'আপনি সহস্র গাভী ও স্বর্ণের উদ্দেশ্যে রাজসভায় এসেছেন না সূক্ষ্ম তত্ত্ববিচারের প্রত্যাশায় এসেছেন? যাজ্ঞবল্ক্যের দ্বিধাহীন উত্তর: 'দুই-এর উদ্দেশ্যেই এখানে এসেছি।' তৃতীয় অধ্যায়ে দেখা যায়, যাজ্ঞবল্ক্য দাবি করেছেন, তিনি সকলের চাইতে জ্ঞানী, কাজেই স্বর্ণসমেত সহস্র গাভী তাঁরই প্রাপ্য। কিন্তু বিদুষী গাভী যখন তাঁকে জিজ্ঞাসা করেন যে, ব্রাহ্মণ কী উপাদানে তৈরি–তখন যাজ্ঞবল্ক্য তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন এবং বলেন অত বেশি প্রশ্ন করো না, তোমার মুণ্ডুটি খসে পড়বে। 'তারপরে বাচক্লবী গার্গী চুপ করে গেলেন।' যাজ্ঞবল্ক্যের বহুখ্যাত এই সুবিধাবাদী চারিত্র্যনীতি উল্লেখ করে শিবনারায়ণ রায় লিখেছেন–"যাজ্ঞবল্ক্যের মডেলটিই এদেশের গড়পরতা বুদ্ধিজীবীর পছন্দ। একদিকে সর্বজ্ঞতার দাবি, অন্যদিকে সঙ্গত প্রশ্নকেও ভয় দেখিয়ে স্তব্ধ করা; একদিকে অমর্ত্যরে ঘোষণা, অন্যদিকে সহস্র গাভীর জন্য লোভ; একদিকে বাকসর্বস্বতা, অন্যদিকে রাজসমর্থন যাচনা। সারাজীবন প্রেসিডেন্সি কলেজের নিশ্চিন্ত সরকারি চাকরির সঙ্গে মার্কসীয় বিপ্লববাদ ও শ্রেণীসংগ্রামতত্ত্বের সুপটু সমাবেশ; গাড়ি-বাড়ি পুরস্কারের জন্য সরকারি-বেসরকারি কর্তাদের কাছে ধরাধরির সঙ্গে রামকৃষ্ণ-সারদামণির ফটোপূজার এবং নেতাজির মাহাত্ম্য সংকীর্তনের সমন্বয়।" বলাবাহুল্য শিবনারায়ণ রায় পশ্চিমবঙ্গ তথা ভারতের পরিপ্রেক্ষিতকে সামনে রেখে কথাগুলো বলেছেন। এ বক্তব্য বাংলাদেশের সমাজ-ব্যবস্থাকে সামনে রেখে বিচার করলেও প্রায় একই সিদ্ধান্ত করা যেতে পারে। ভাষার সঙ্গে ভাবনার, মুখের কথার সঙ্গে প্রাত্যহিক আচরণের এবং অভিজ্ঞতার সঙ্গে তত্ত্বের অনুশীলিত বিষঙ্গ স্বদেশপ্রেমের লক্ষণ নয়। এই অন্ধকার শিবনারায়ণ রায়কে বেদনাবিদ্ধ করেছে। এজন্য আমি যখন অক্ষয়কুমার দত্তের চিন্তা ও জীবনচর্যার পুনরাবিষ্কারের চেষ্টা করছি, সে সংবাদ প্রফেসর অম্লান দত্তের মুখে শুনে তিনি অসম্ভব রকম ক্ষিপ্র আগ্রহে এবং গভীর মমতায় আমাকে লিখেছেন আমি যেন তাঁর সঙ্গে দেখা করি। এমন অপ্রত্যাশিত এবং অনাকাক্সিক্ষত স্নেহসিক্ত আহবান ছিল আমার কাছে পরম গৌরবের।

আগেই বলেছি, বাঙলার রেনেসাঁস ছিলতাঁর চিন্তাজগতের একটি প্রধান এবং প্রিয় বিষয়। আমার সম্পাদিত বিজ্ঞান-বুদ্ধিচর্চার অগ্রপথিক অক্ষয়কুমার দত্ত ও বাঙালি সমাজ প্রকাশিত হলে তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে একটি মূল্যবান ভূমিকা লিখে দিয়েছিলেন। তাতে এক জায়গায় তিনি লিখেছেন–"আমরা বর্তমানে যে অন্ধকার অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি সেখানে মুক্তবুদ্ধির আলো ফিরিয়ে আনতে হলে অক্ষয়কুমারের উত্তরাধিকারকে নতুন করে আবিষ্কার করবার বিশেষ প্রয়োজন আছে। জীবনে মুক্তবুদ্ধির প্রতিষ্ঠা চাই, চাই যুক্তিনিষ্ঠ নৈতিকতার প্রত্যাবর্তন।"

শিবনারায়ণ রায় বিশেষভাবে অক্ষয়কুমার দত্তেÍর উত্তরাধিকারকে নতুন করে আবিষ্কার করবার কথা ভেবেছেন কেন–এই জিজ্ঞাসার উত্তর তিনি নিজেই দিয়েছেন অন্যত্র। সেখানে তিনি বলেন—

"উনিশ শতকের মানসজাগরণ নিয়ে সঙ্গত কারণেই বাঙালি শিক্ষিতজন গর্ববোধ করেন। তার ইতিহাসেও কিন্তু খাঁটি যুক্তিবাদী ভাবুক খুব দুর্লভ। রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ সকলেই কম বেশি শাস্ত্রকে বা ধর্মকে বিশেষ প্রাধিকার দিয়েছিলেন। এদিক থেকে অক্ষয়কুমার দত্ত বিস্ময়কর ব্যতিক্রম। তাঁর যুক্তিশীল জীবনদর্শন ব্যাধি ও বার্ধক্যের চাপে স্তিমিত না হয়ে ক্রমেই আরো দৃঢ়তা এবং স্পষ্টতা অর্জন করে। দেবেন্দ্রনাথের বিরাগ, রাজনারায়ণের অশিষ্ট আক্রমণ, কেশবচন্দ্রের ভক্তিবাদী পরিণতি তাঁর জিজ্ঞাসায় ছায়াপাত করেনি। যে সময়ে যুক্তিবিমুখ অলৌকিক ধর্মীয় প্রতিন্যাস আবার কলকাতার বুদ্ধিজীবীদের একটা বড় অংশকে আচ্ছন্ন করতে শুরু করেছিল সেই সময়েও এই বিজ্ঞানমনস্ক বিবেকী পুরুষ তাঁর চিন্তায় ও আচরণে একেবারেই রফাহীন।"

অক্ষয়কুমার দত্তের চিন্তা এবং আচরণ দুইই ছিল উনিশ শতকীয় সমাজ-স্রোতের বিরুদ্ধে। এমন মানবসর্বস্ব মানুষের পক্ষে ক্লেদাক্ত সমাজ-ব্যবস্থার সঙ্গে রফা করে চলা সম্ভব ছিল না। এই উত্তরাধিকার শিবনারায়ণ রায়ের মধ্যে সুপ্রত্যক্ষ। অক্ষয়কুমার দত্তই প্রথম বাঙালি জাতিকে চিন্তা করতে শিখিয়েছেন। এ জাতির জীবন তৈরি করতে তিনি যে ত্যাগ স্বীকার করেছিলেন শিবনারায়ণ রায় সেই ত্যাগের সূর্যকরোজ্জ্বল আলোর পথটা প্রায় সারা জীবনই অনুসরণ করবার চেষ্টা করে গেছেন। এজন্য দেখা যায়, চিন্তায় ও আচরণে শিবনারায়ণ রায়ের মধ্যে একটা আশ্চর্য সামঞ্জস্য, যেটা তাঁর সমসাময়িক অনেক বিবুধান ব্যক্তির মধ্যে অনুপস্থিত। বাঙালির চিন্তার নিঃস্বতা শিবনারায়ণ রায়কে ক্ষতলাঞ্ছিত করেছিল। এই বেদনা তাঁকে জিজ্ঞাসার মতো একটি অভিজাত পত্রিকা সম্পাদনায় প্রাণিত করে।

একথা আজ আমাদের না-মেনে উপায় নেই যে, চিন্তাহীনতার এক নিচ্ছিদ্র অন্ধকারে যে বাঙালি মনীষীরা চিন্তার দীপ-শিখাকে অণির্বাণ রাখতে নিরন্তর প্রয়াসী ছিলেন, শিবনারায়ণ সেই স্বল্প সংখ্যক মনীষীদেরই পথ অনুসরণ করেছেন। জিজ্ঞাসা পত্রিকা সম্পাদনায় তিনি যে মেধা-মনন-শ্রম-অর্থ ব্যয় করেছেন আমাদের মতো চিন্তাহীন আত্মতৎপর ক্ষুদ্র লোকের পক্ষে সেটা বোঝা সহজ নয়। আমার সৌভাগ্য, বাংলাভাষার শ্রেষ্ঠ পাঁচ-ছয়টি সাময়িক পত্রিকার পুরো ফাইল ঘেঁটে দেখার সুযোগ ঘটেছে। এই সাময়িক পত্রিকাগুলোই বাংলা ভাষা, সাহিত্য সংস্কৃতি এবং চিন্তার সুউচ্চ অমেয় আকাশকে স্পর্শ করেছিল। তত্ত্ববোধিনী (১৮৪৩), বঙ্গদর্শন (১৮৭২), সবুজপত্র (১৯১৪), পরিচয় (১৯৩১), শিখা (১৩৩৩), চতুরঙ্গ (১৯৩৯) প্রভৃতি বাঙলার রেনেসাঁসেরই মুখপত্র। পরিচয় কিংবা চতুরঙ্গ-এর পর জিজ্ঞাসার মতো উচ্চমানসম্পন্ন সাময়িকপত্র বাংলা ভাষায় আর দ্বিতীয়টি দেখা যায়নি। বিশ শতকের প্রথম পর্বে প্রকাশিত সবুজপত্র, পরিচয়, চতুরঙ্গ প্রভৃতি পত্রিকার যে উচ্চমান বাঙালি সংস্কৃতির নানা পটপরিবর্তনের সঙ্গে সকল স্তরের পাঠকদের সম্ভ্রম উদ্রেক করছিল–শতকের দ্বিতীয় পর্বে এসে সেই আলোকোজ্জ্বলতা ক্রমে ক্ষীয়মাণ হতে থাকে। বলা চলে, ও-সব পত্রিকাগুলোর এক-একটা স্বর্ণোজ্জ্বল রেখা ষাট-সত্তর দশকে এসে নিষ্প্রভ হয়ে যায়। শিবনারায়ণ রায় সেই ধারাটির সঙ্গে জিজ্ঞাসার একটি অসাধারণ সেতু নির্মাণ করতে আগ্রহী হয়ে উঠেছিলেন।

জিজ্ঞাসা
র প্রথম ও প্রধান বৈশিষ্ট্য চিন্তাচর্চা। দর্শন, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, সমাজতত্ত্ব এবং সমকালীন নানা সমস্যার বিবেকী আলোচনায় জিজ্ঞাসা পূর্ণ হয়ে উঠেছিল। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালেই শিবনারায়ণ রায় জিজ্ঞাসা সম্পাদনা শুরু করেন। কলকাতায় ফিরে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে সঙ্গে এই পত্রিকা সম্পাদনাই প্রধানভাবে তাঁর মনোযোগের বিষয় হয়। তিনি একটানা ১৯৮০ থেকে ২০০২ পর্যন্ত বাইশ বছর এই পত্রিকা সম্পাদনা করেন। এ পত্রিকা সম্পাদনা প্রসঙ্গে তিনি তাঁর বেদনার কথা গোপন রাখেননি। প্রথম বর্ষ, তৃতীয় সংখ্যার সম্পাদকীয় প্রবন্ধে তিনি বলেন–"এই পত্রিকা প্রকাশের পিছনে যেমন একটি উজ্জ্বল প্রত্যাশা তেমনি একটি গভীর বেদনা সক্রিয়। প্রত্যাশার কথা প্রথম সংখ্যায় পত্রসূচনায় জানিয়েছি। বেদনার কথা এবারে সংক্ষেপে বলি।

এই বেদনার উৎস অভাববোধ। বাংলা ভাষাকে ভালবাসি, বাংলা সাহিত্য নিয়ে গর্ববোধ করি; কিন্তু গত একশো/সোয়াশো বছরে আধুনিক বাংলা কবিতা, গল্প, এমনকি উপন্যাস যেমন বিকাশ লাভ করেছে তার তুলনায় বাংলা প্রবন্ধের অস্পষ্টতা এবং দারিদ্র্য প্রায় একেবারেই ঘোচেনি। যাঁদের ভাষাজ্ঞান বাংলাতেই সীমাবদ্ধ তাঁদের কাছে এই অভাব হয়তো খুব স্পষ্ট নয়; কিন্তু যাঁরা বাংলা ছাড়াও আধুনিক কোন-একটি প্রধান পশ্চিমী ভাষা চর্চা করেছেন তাঁদের পক্ষে স্বীকার না করে উপায় নেই যে বাংলা প্রবন্ধসাহিত্য নিতান্তই অপরিণত। দার্শনিকতা প্রবন্ধের প্রাণ; তথ্য থেকে তত্ত্বে, বিবরণ থেকে বিশ্লেষণে, টীকাভাষ্য থেকে মৌলিক চিন্তায় উত্তরণের সামর্থই প্রবন্ধকে পুষ্ট করে। অপর পক্ষে বাংলাভাষায় প্রবন্ধ নামে যা রচিত হয়ে থাকে তার মধ্যে অধিকাংশই বর্ণনাধিক্য, গ্রাম্যতা, ঐকাহিকতা এবং পরতন্ত্রতার দ্বারা চিহ্নিত। বাংলা ভাষায় দার্শনিক নিতান্ত দুর্লভ। ইংরেজিতে কীটস, ডিকেন্স অথবা জয়েসের পাশাপাশি হিউম, অ্যাডাম স্মিথ অথবা রাসেল, জার্মানে গোয়েটে, রিলকে, টমাস মানের পাশাপাশি কান্ট, মার্কস অথবা হ্বেবার বিদ্যমান। কিন্তু বাংলার রসসাহিত্যের পাশাপাশি মননশীল সাহিত্যের বিকাশ কতটুকু?"

একটা সভ্যতার প্রাণ-ঐশ্বর্যের মূলে তার চিন্তার ঐতিহ্য। এই চিন্তার দুর্বলতা তার নিঃস্বতার প্রমাণ। শিবনারায়ণ রায় এই নিঃস্বতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কীভাবে? তাঁর বক্তব্য: "মহৎ শিল্পীদের মতই মহৎ ভাবুকদেরও ফরমাস দিলেই পাওয়া যায় না। কিন্তু যেটি আমাদের দায়িত্ব এবং হয়তো আমাদের অসাধ্য নয় সেটি হোল অভাবকে অভাব বলে চিনতে শেখা, এবং সেই অভাব নিরাকরণে উদ্যোগী হওয়া। বাংলাসাহিত্যে মননশীলতার অভাব অনস্বীকার্য। এই অভাবের একটি কারণ হয়তো আমাদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য–যে ঐতিহ্যে বিদ্রোহ এবং প্রশ্নশীলতার পরিবর্তে দাস্য এবং ভক্তিকেই প্রধান মূল্য দেওয়া হয়েছে। আরেকটি সম্ভবত আমাদের শিক্ষাব্যবস্থা, যে ব্যবস্থায় মুখস্থবিদ্যা ও রোমন্থনই শিক্ষক ও ছাত্রের প্রধান নির্ভর এবং যে ব্যবস্থায় মৌলিকতা ও অপরতন্ত্রতা অপাঙ্ক্তেয়। আরেকটি কারণও লক্ষণীয়। বাঙালিদের মধ্যে যাঁরা ভাবুক ও কৃতবিদ্য তাঁরা অনেকেই শুধু ইংরেজিতে লিখে থাকেন; যদিবা তাঁরা বাংলাতে লেখেন, সে লেখা সম্ভাব্য পাঠকপাঠিকাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধার ভাব নিয়ে ক্বচিৎ রচিত হয়। তাঁদের বাংলা প্রবন্ধে প্রচুর জল মেশানো থাকে। এই মনোভাব এবং আচরণের জন্য বাঙালি পাঠকপাঠিকারাও কম দায়ী নন। মৌলিক এবং মননশীল রচনা বিদগ্ধ এবং নিবিষ্ট পাঠক দাবি করে। জ্ঞানচর্চার জন্য যে অধ্যবসায় ও পরিশ্রম প্রয়োজন অধিকাংশ পাঠকপাঠিকা বাংলা ভাষায় লেখা কোন কিছু পড়বার জন্য সেই পরিমাণ অধ্যবসায় এবং পরিশ্রম দিতে গররাজী। লেখক এবং পাঠক উভয়েই যদি বিবেকী এবং দায়িত্বশীল না হন, তাহলে এই আত্মঘাতী বৃত্ত থেকে উদ্ধারের উপায় দেখি না।"

লেখক এবং পাঠক দুজনেই যদি বিবেকী এবং দায়িত্বশীল না হন, তবে নতুন চিন্তার উদ্ভব-বিকাশ যে সম্ভব নয়, সেটা বাংলাদেশের গত সাড়ে তিন দশকের দিকে তাকালেই বোঝা যায়। এখানে চিন্তার ক্ষেত্রে যে নিষ্পত্রতা লক্ষ করা যায়, তা অতীতের সমস্ত দৃষ্টান্তকে হার মানিয়েছে। পাকিস্তান আমলেও সিকানদার আবু জাফর সম্পাদিত সমকাল (১৯৫৪) পত্রিকার যে অসাধারণ ভূমিকা ছিল, সেই ভূমিকার সেতুবন্ধন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রক্ষিত হয় নি। স্বাধীনতা-উত্তরকালের সাহিত্য-শিল্পের মান যাই হোক, চিন্তার দৈন্যের কথা মনে করলে লোম শিউরে উঠে।

জ্ঞান উপার্জনের একটাই পথ–প্রশ্ন করা এবং তার উত্তর খোঁজা। বাংলাদেশে এ দুয়েরই পথ প্রায় রুদ্ধ। এ রুদ্ধ দুয়ার ভাঙার জন্য যে বিবেকীতা, সাহস ও শক্তি দরকার–আমাদের দুর্ভাগ্যবশত তার কোনো নজির এখানে দেখা যায় না।

শিবনারায়ণ রায়ের প্রধান পরিচয় তিনি দায়িত্বশীল, বিবেকী ও নির্ভীক চিন্তাবিদ। তাঁর অন্যান্য বহু কাজের মধ্যে যেমন, তেমনি জিজ্ঞাসা পত্রিকা সম্পাদনাতেও এইসব অসাধারণ গুণের পরিচয় পাওয়া যায়। জিজ্ঞাসাকে তিনি চিন্তাচর্চার কাগজ করলেও সাহিত্যের অন্যান্য শাখার প্রতিও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তাঁর বাইশ বছরের সম্পাদিত জিজ্ঞাসায় অন্তত ছ'শো প্রবন্ধ প্রকাশ হয়েছে। অপরদিকে প্রায় আটশো কবিতাও বিশেষ যত্নের সঙ্গে ছাপা হয়েছে। এরমধ্যে গল্পের সংখ্যাও নিতান্ত কম নয়।

শিবনারায়ণ রায় জিজ্ঞাসার বেশ বিছু 'বিশেষ সংখ্যা' করেছিলেন। 'ডিরোজিও', 'রবীন্দ্রনাথ', 'নজরুল' ছাড়াও 'বাংলাদেশ সংখ্যা' এবং আফ্রিকার সাহিত্য-শিল্প, সমাজ নিয়ে একটি সংখ্যা প্রকাশিত হয়। 'বাংলার রেনেসাঁস' নামেও একটি সংখ্যা করা হয়েছিল–যা পরে ঐ নামেই গ্রন্থাকারে বেরোয়। রেনেসাঁস যে শিবনারায়ণ রায়ের কাছে কত গুরুত্বপূর্ণ বিষয় ছিল–তার একটা উজ্জ্বল প্রমাণ পাওয়া যায়–তিনি তাঁর সম্পাদিত পত্রিকাটির নামই 'রেনেসাঁস' রাখতে চেয়েছিলেন। মানবেন্দ্রনাথ রায়ের শিষ্য সুশীল ভদ্র ও-নামে পত্রিকা থাকার আশঙ্কা করায় শিবনারায়ণ রায় পত্রিকার নামকরণ করেন 'জিজ্ঞাসা'। জিজ্ঞাসা আসলে রেনেসাঁসেরই অপর নাম। কারণ জিজ্ঞাসা ছাড়া রেনেসাঁস সম্ভব নয়। শিবনারায়ণ রায়ের জীবন অবসানের মধ্য দিয়ে এই রেনেসাঁস-সাধনার একটা মহৎ মৃত্যু ঘটল।

ঢাকা, মার্চ ২০০৮

ওয়েব লিংক
উইকিপিডিয়া