ফারুক ফয়সলের কবিতা: তবুও আবাসহীন, ঠিকানাবিহীন
পাখির মতো ঠোঁটে ধরে খড়কুটো নয়,
মানুষের হাত বয়ে আনে টুকরো-টাকরা কাঠ,
বাঁশের কঞ্চি
নগদে কিনে আনে কয়েক গজ নীল পলিথিন।
উপকরণ বলতে আর লাগে—
খানকতক আধলা ভাঙা, ঘন-পোড়া ইট
দলিল পর্চা ছাড়াই পথের পাশে গড়ে নেয় আবাস
রাজমিস্ত্রী লাগেনি, ছুতারকে ডাকেনি,তবু ঝুপড়ি খাড়া হয়
সিডর-আম্ফান আসে, সব ভেসে যায়,
তবু আশার বসত থাকে বছর ভরে।
নিত্যদিন অভাব আছে পাতিল ও হেঁসেলে, বিছানা ও বালিশে
ভালোবেসে রবির কিরণ আসে যায়, রাতে জোৎস্নার হেলান আলিসে।
মানুষেরই সমগোত্রীয়, তবু মানুষের মতো
খাট পালঙ, ড্রেসার সৌখিনতায় হয় না প্রয়োজন
পুরুষ কামায় না দাড়ি, নারীর ব্যস্ততা নেই রূপচর্চায়
ওদের পোশাকী প্রেম প্রণয় নেই, তাই কোন ডেটিং নেই
আহার, নিদ্রা, প্রজনন আছে!
কেবল আড়াল নেই, দিন রাত আব্রু ছাড়া।
খোলা আকাশের নিচে ঠাঁই আছে, ডাকটিকেট আঁটা ঠিকানা নেই।
মানুষ হয়েও মানুষের জীবন নেই,
আদম শুমারির গুনতিতে অনুপস্থিত তারা!
