কবি চিতি মাচিয়া-এর কবিতা
চীনা ভাষার এ সময়ের অন্যতম প্রধান আলোচিত কবি চিতি মাচিয়া-এর জন্ম সিচুয়ান প্রদেশে। য়ি জনগোষ্ঠীর একজন হিসেবে পরিচয় দিতে গর্বিত বোধ করেন তিনি। য়ি জনগোষ্ঠীসহ চীনা জনসমাজের নানা রূপকথা-উপকথা, দেব-দেবীর বিচরণ, পূর্বপুরুষের গৌরবগাথা, সংগীত-বাদ্যযন্ত্র, আচার-উৎসব, পাহাড়ের পাদদেশ, নদী-ঝর্না ও উচুঁ-নিচু টিলার সবুজ বনানীর আলো-অন্ধকারে মানব-মানবীর চিরন্তন প্রেম, জন্ম-মৃত্যু আর আনন্দ-বেদনায় ভরপুর কবি চিতি মাচিয়া-এর কবিতা। চিতি মাচিয়া-এর কবিতা পড়লে মনে হয় এ যেন বাংলাদেশেরই যাপিত জীবনের গল্প। ইংরেজি, ফরাসি, জাপানি, হিস্পানি, বুলগেরিয়ান, সার্বিয়ো-ক্রোয়েশিয়ান, রুমানিয়ান, মেসিডোনিয়ান, মঙ্গোলিয়ানসহ অনেক ভাষায় অনুদিত হয়ে বিশ্বের কবিতানুরাগীদের নজর কেড়েছে মাচিয়ার কবিতা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ দ্যা সঙস অব দ্যা ফার্স্ট লাভ (১৯৮৫), দ্যা ড্রিম অব অ্যা য়ি ন্যাটিভ (১৯৯০), সিলেক্টেড পোয়েমস বাই চিতি মাচিয়া, দ্যা বারিড ওয়ার্ডস প্রভৃতি। লেখালেখির পাশপাশি বর্তমানে চায়নিজ রাইটারস এসোসিয়েশন সচিবালয়ের সম্পাদক, চায়নিজ পোয়েট্রি সোসাইটি ও অল চায়না ইয়ুথ ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট-এর দায়িত্ব পালন করছেন কবি চিতি মাচিয়া।
চীনা ভাষার আরেক কবি-অনুবাদক ইয়াঙ জোঙজি-এর সুবাদে বাঙালি পাঠকদের জন্যে কবি চিতি মাচিয়ার ইংরেজি অনুবাদ থেকে কয়েকটি কবিতা বাংলায় ভাষান্তর করা হয়েছে। ইয়াঙ জোঙজি কবি চিতি মাচিয়ার ইংরেজি অনুবাদক।
আত্মপ্রতিকৃতি
Self-Portrait
যে শিশুর জন্মনাড়ীর বন্ধন ছিন্ন করা অসম্ভব
আমি সে-ই য়ি ভাষায় খঁচিত ভূমির ইতিহাস।
শতাব্দির পর শতাব্দি পেরিয়ে
চরকায় সূতাকাটারত এক অনন্য নারীর
গর্ভজাত শিশু আমি।
বেদনাবিধুর, আশা জাগানিয়া
আমার অপূর্ব সুন্দর নামটি– এক কবিতা-পুরুষ!
আমার পরম পিতৃদেব
ঐতিহ্যবহনকারী এক অনন্য পুরুষ–
যিনি বিখ্যাত ঝিশিয়া য়ালু বলে;
আমার চিরনবীনা পরমাসুন্দরী মাতৃদেবী
এক অতল গভীর নদী; এই মাটির মধুর কণ্ঠস্বর–
যাকে ডাকা হয় শিয়ামা আনিউ বলে।
আমি এক পুরুষ যে মরেছে হাজার বার
তবে সর্বদা ঘুমিয়ে থাকে বাম কাতে
আমি এক নারী যার মৃত্যু হয়েছে হাজার বার
তবে সর্বদা ঘুমিয়ে থাকে ডান কাতে।
আমার চিতার আগুন হাজার বার জ্বললেও
আমি সুদূরের বন্ধু;
আমার চিতার আগুন হাজার বার অন্তিমে চড়লে
আমি হই আমার মায়ের কণ্ঠে আবেগকম্পিত সংগীত।
শতাব্দির পর শতাব্দি পেরিয়ে
আমি অশুভের বিরুদ্ধে শুভের প্রতীক;
শতাব্দির পর শতাব্দি পেরিয়ে
আমি প্রেম ও স্বপ্নের উত্তরাধিকার;
শতাব্দির পর শতাব্দি পেরিয়ে
আমি মহা মিলনোৎসব;
শতাব্দির পর শতাব্দি পেরিয়ে
আমি নিকৃষ্ট ছলনা;
শতাব্দির পর শতাব্দি পেরিয়ে
আমি নিঃশর্ত আনুগত্য;
আমি জীবন ও মৃত্যু।
হে পৃথিবী, শুধু এইটুকু মনে রেখো:
আমি য়ি জাতির সন্তান।
নকসীকাঁথার সুঁই
Answer
এক মধুর সন্ধ্যায় সে আমাকে বলে:
তোমার কি মনে আছে
ঐ পথ লিয়াঙ শান পর্বতের দিকে চলে গেছে?
আমি নকসীকাঁথার সুঁই হারিয়ে ফেলেছি–
আমাকে একটু খুঁজে দেবে?
(আমি তন্নতন্ন করে সারাপথ সুঁই খুঁজলাম)।
ঘন অন্ধকারে আমি তাকে বললাম:
প্রিয়তমা, তোমার নকসীকাঁথার সুঁইটি
আমার নরম হৃদপিণ্ডের গভীরে বিঁধে আছে
(সে অঝোরে কাঁদতে লাগলো)!
লোকসংগীত
Folk Song
পাড়ার সবাই কেনা-কাটা সেরে
গাঁয়ের বাজার থেকে ফিরে এলো;
কিন্তু আমার কবিতা এখনো এলো না।
গোধুলিতে প্রতিবেশীর বাড়ির সামনের
রাস্তা ধরে ভারাক্রান্ত হৃদয়ে সোনালি বাঁশি
বাজাতে বাজাতে সে মাতাল অবস্থায়
ওপরে-নিচে পা ফেলে ফেলে চলছিলো।
ভেড়ারা সবাই পাহাড়ের ঢাল থেকে ফিরে এলো;
কিন্তু আমার কবিতা তখনো এলো না ফিরে!
সূর্যাস্তের সময় গলায় ঘন্টা বাঁধা ভেড়ার পালের
নেতাটিকে দেখা গেলো;
আমার কবিতা কান্না চেপে ভগ্ন-হৃদয়ে দাঁড়িয়ে
রক্তাভ টিলার শোভা দেখতে লাগলো।
পাড়া-প্রতিবেশীরা সবাই নিদ্রামগ্ন
কিন্তু আমার কবিতা এখনো ফেরে নি।
আমি দরোজার কাছে তার প্রতিক্ষায় বসে আছি;
এমন একটি রাত আমি কী করে ভুলবো?
চিঠি
Letter
তোমার যা আকুল আকাঙ্ক্ষা
তেমনটি আমারও ইচ্ছে;
তারাভরা উজ্জল আকাশে
আমি একটি প্রতীক মাত্র;
আমার জীবন খুব ছোটো
যেন চকিতে একটি আলোর ঝলক;
তবু, কোনো একটি সুযোগে আমাকে তাকাতে হয়
ঠিক মায়াবী নদীর মতো যার বালুকারাশি আবৃত
আমাদের হাসি ও কান্নায়।
আমি একদা বিশ্বাস করতাম– পৃথিবী অনেক বড়ো
আসলে তা ছিলো ভুল;
হে সময়ের সমুদ্র, তুমি কি বলতে পারবে
মৃতদের অবয়বগুলো এখন কোথায়?
য়ি জাতির অগ্নিবন্দনা
The Yi Speak of Fire
তুমি মানুষের ইতিহাসের চেয়েও অধিক প্রাচীন
তুমি আমাদের রক্ত আর ভূমি দান করো
তুমি আমাদের উৎসাহ প্রণোদনা এবং উষ্ণতা দাও
তুমি উত্তরসূরীদের দেখাও পূর্বপুরুষের নিষ্প্রভ মুখমণ্ডল
তুমি জীবনকে অনুপম আদরে ভরিয়ে দাও
যাতে আমরা অন্যের সমব্যথী হই;
তুমি আমাদের আত্মসম্মানবোধকে সুমহান করো
ফলে, আমরা দুষ্টের আঘাত এড়িয়ে যেতে পারি;
তুমি সংযম, আহ্বান ও স্বপ্ন; তুমি আমাদের
অবারিত আনন্দে ভাসাও;
চলো, আমরা কণ্ঠে তুলে নিই হৃদয়ের গান।
আমাদের কেউ যখন পৃথিবী ছেড়ে চলে যায়
তোমার মুখমণ্ডলে মর্মযাতনার কোনো চিহ্ন লুকোতে দেখি না;
তবু, তুমি আমাদের আত্মাকে পরাও অনন্তের কাফন–
তা সে ধনবান অথবা দুর্ভাগা যেই হোক।
আমার জন্মস্থানের দেবতারা
Gods in My Native Place
তুমি ধীরে আর শান্তভাবে পা ফেলো
এবং অতিক্রম করো এই মুক্ত বনভূমি;
চলো, জীব-জন্তুদের সঙ্গে একত্রে এগিয়ে যাই
এবং আমরা ডুবে যাই আদিম রহস্যে;
অই নীল মেষ, চিত্রল হরিণ আর চিতাবাঘদের
তুমি ভয়ে চমকে দিয়ো না;
ওরা সকলেই শুভ্র কুয়াশার সরল সন্তান
তারা মৃদু আলোয় নিরবে-নিঃশব্দে মিলিয়ে যায়।
দেবতাদের নিঃশ্বাসে ভরপুর
এই চিরন্তন নিস্তব্দতা শান্তিময়।
আমাদের মৃত পূর্বপুরুষেরা এইখানে সমবেত হচ্ছে;
তারা সব অচেনা ছায়াকে ভয় পায়!
তুমি অতি ধীরে আর শান্তভাবে পা ফেলে এগোও।
যদিও ভাগ্যের চোখগুলো সবুজ পাতায় ঢাকা–
এই একাকিত্বের মুহূর্তে স্বভাবতই আমরা
অন্য পৃথিবীর বাণী শ্রবণ করবো।
