২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাক হার্শম্যান: নতুন ফিলিস্তিনের নিগূঢ় আখ্যান

নূর-ই-ফাতিমা মোশাররফ জাহান

Published : 18 Jun 2021, 01:58 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


একদিন ১৯ বছর বয়সী এক তরুণ আর্নেস্ট হেমিংওয়ের কাছ থেকে একটি চিঠি পায়। চিঠিতে হেমিংওয়ে তাকে লিখেছেন, "আমি তোমাকে সাহায্য করতে পারবো না, বাছা। ১৯ বছর বয়সে আমি নিজে যেমন লিখতাম, তার চেয়েও ভালো লেখো তুমি। কিন্তু ব্যাপার হলো যে, তুমি আমার মতো করেই লেখো। এটা কোনো পাপ নয়। তবে এভাবে লিখে তুমি এগোতে পারবে না।" এই চিঠিই পরবর্তীতে "তরুণ লেখকের প্রতি চিঠি" শিরোনামে বিশ্বব্যাপি আলোড়ন তোলে। তখনো কি ছেলেটি জানতো যে জীবন তার জন্য আরো কত চমকপ্রদ অভিজ্ঞতার ঝুলি নিয়ে অপেক্ষা করছে? এই ছেলেটিই একদিন হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর রাজকবি জ্যাক হার্শম্যান।

কবি, প্রাবন্ধিক ও অনুবাদক জ্যাক হার্শম্যানের জন্ম ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। ইংরেজি ও রুশ ভাষায় লিখেছেন অসংখ্য কবিতা। মানবতা আর মানবিকতাকে স্থান দিয়েছেন সবার উপরে। রাজনৈতিক ও মানবিক মতাদর্শের কারণে বহু বিচিত্র পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। এমনকি যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির বিরুদ্ধাচারণ করার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার কাজও হারিয়েছেন এক সময়। নিজে ইহুদি হয়েও লিখেছেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সপক্ষে।

হার্শম্যানের লেখা অসংখ্য দীর্ঘ কবিতার মধ্যে অন্যতম "দ্য নিউ প্যালেস্টাইন আর্কেইন" ১৯৮৮ সালে প্রকাশিত হয় "আমেরিকান পোয়েট্রি রিভিউ" নামের সাময়িকীতে। পরবর্তীতে ইতালিয় প্রকাশনা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া এডিজিওনি থেকে ২০০৬ সালে প্রকাশিত তাঁর "আর্কেইন#১" শিরোনামের বইয়ে স্থান পায় এই কবিতাটি।– অনুবাদক


মূল কবিতার শিরোনাম: The New Palestine Arcane
মূল: জ্যাক হার্শম্যান
অনুবাদ: নূর-ই-ফাতিমা মোশাররফ জাহান

জেরুজালেম থেকে
ঢিল ছোঁড়া দূরত্বেই আছে
জেরুজালেম।

কেবল আরেকটা
ঢিলের দূরত্ব
ভুরু বরাবর
পুরু ভুরু বরাবর
আসুরিক পুরু ফিলিস্তিনি ভুরু বরাবর
আবারো রাবার বুলেট, কাঁদানে গ্যাস
আর উত্তপ্ত গুলি
বর্ষণের আগে

বিতারিত
বিগত
কবি
দাউদের স্মৃতির উদ্দেশ্যে।

*
কে ঐ নারী
নর্দমা ডিঙিয়ে হেঁটে যায়
থমথমে বিরামকালে
অর্ধেক গেলাস ভরা
মোম নিয়ে,
হাতের তালু তার
দমকা হাওয়ায়
সলতে আগলায়?

মোম নিয়ে চলেছে কি
সন্তানদের কাছে,
নাকি কোনো জানালার কাছে
পালন করতে
সন্তানশোক?

কখন ভাঙবে ঈশ্বরের ঘুম?
তার নাক ডাকায় যে
মরে যাচ্ছে
সবাই

*
'ইসরায়েলি বৈষম্যনীতি বন্ধ করো' লেখা
প্ল্যাকার্ডসহ ধর্মঘটে ৫০,০০০ মানুষ
মানে জব্বর এক লক্ষণ যে
অবশেষে জেরুজালেমকে
মানতেই হবে মানব দর্শন।

*
১৭৯/১৮০/১৮১
শবদেহের নাম
– না হয়ে
কেন হয় না
নতুন ফিলিস্তিনের
শহরসমূহের নাম?

*
নিস্তার নেই তাদের হাত থেকে
যারা লাঠি চালায়
কাউকে দৌড়াতে দেখামাত্র
পবিত্র চত্বর পেরিয়ে
পবিত্র চক্করের মাঝে-

মাথার পাশে, গালে,
নাকে, শিরদাঁড়ায়, বাহুতে, হাঁটুর
পেছনে, কব্জিতে,
বিশেষ করে বাঁকানো ঘাড়ে-
যে ঘাড় বাঁকানো নিস্তারের আশায়
যেখানে আদৌ কোনো নিস্তার নেই:

রাষ্ট্রের আঘাত,
রাষ্ট্রের বস্তাপচা লজ্জা,
ফেরাউনি জিন্দা লাশের শরম
ইহুদিবাদী এক রাষ্ট্রের
যে তার তরুণদের করছে খতম
মাথাগরম খুনপিপাসু এলোহিমের
কিড়মিড়ানো দাঁতের ফাঁকে
আঙুল গোঁজার জন্য।

*
ফিলিস্তিনির হাতে থাকা
পল-এর "বিশ্বশিলা, অপসূর"
জবাব ফিরিয়ে দেয়
সেই দেয়ালের হাতে।
জবাব ঠিকরে ফেরে
রাবারের বল নয়
চুমুর নিষ্ঠুর পরিহাস হয়ে,
এ হলো বূহ্যভেদ
আরব-ছায়ার
যার অন্দরে আসা যাওয়া
ইহুদি-ছায়ার সাথেই,
যে আপাদমস্তক
অনেক অনেকখানি
তোমার আমার মতোই।

*
একটা গাছের
অর্ধেকে জ্বলে দাউদাউ শিখা,
বাকি অর্ধেকে সবুজে শোভিত
শাখা প্রশাখা।

আজকাল এমনই ভাবনা আমার
ডান্ডা আর পাথর নিয়ে।

দেয়ালে চিড়
হাড়ের চিড়।

না জানি আমার মরা ছেলেটা
কতখানি ডাগর হলো।

ছ'বছর হতে চলল
গাছ হয়ে আছে সে
গ্যালিলির কাছে।

ডান্ডা-গুলি খেলতে
বড় ভালবাসতাম

বড় ভালবাসতাম
কড়ি আর পাথর ছুঁড়তে

ছুঁড়তে আর ছুঁড়তে
ছুঁড়তে আর ছুঁড়তে।

*

এবার প্রকট হয়েছে
পৃথিবীর চোখে
তোমার ভূমিচোষা রূপ,
নীতিহীন লোভী বছরের
ঘন পাকানো
শোষক শেকড়,
আর এক নিপীড়ক গোলিয়াথ
হয়ে যাওয়া
তুমি।

সেই আখ্যানে বিশ্বাস করে
ঠকেছি আমরা।
নিষ্ঠুরতম পরিহাস হলো
তোমাদের ত্রাসের আতঙ্কে
বুঁদ হয়ে থাকি সবাই।
কিছুতেই হারাতে দেব না তোমাদের!
আরে, আমরা তো নিজেদের
ছোট করতে করতে
একেকটা ধ্বনি হয়ে যাবো
তোমাদের কাছে!
তোমাদের সঙ্কেতের অণু হবো বলে,
তোমাদের অপার্থিব রসায়নের পরমাণু হবো বলে!

গুলিভরা গুলতি
পদ্যগুচ্ছের মতোই প্রকাশ করুক
সেই ঘুঘুটাকে- ভেবেছিলে যাকে দুমড়ে ফেলেছ
তোমাদের বিকিয়ে দেয়া সেই তারার আঘাতে,
ঘুঘু বিপ্লব
একাই ছড়িয়ে পড়ে
আত্মার আকাশ জুড়ে।

হে নিষ্ঠুরতম পরিহাস,
তোমার অন্তরতম নামের
চার অক্ষরের মতোই
তোমর চার রহস্যময় ভুবনের
জীবন্ত চাপা পড়া উচিৎ ছিল
সেসব সত্তার নিচে যাদের আরেক নাম
"মানুষের মধ্যকার ঐশ্বরিক সত্তা"

কারণ প্রত্যেক মহাদেশের
গণকবর আর মলকুন্ডেরা
আওয়াজ তোলে সেই বিভীষিকার বিরুদ্ধে,
চিৎকার ছুঁড়ে দেয়
এমনকি বাকিদের কাছেও
যেখানে তোমাদের
নিজের পূর্বপুরুষদের খুলি
চিরকাল ধরে মরুদাহ করে
চুলের শিখায়।