২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বামদের ‘দুর্বলতা’ বাড়াল সর্বভারতীয়দের আনাগোনা

তিন দশকের বাম শাসনের অবসানের পর এবার ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ হয়ে উঠে সর্বভারতীয় প্রধান দুটি রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপির অন্যতম প্রচার লক্ষ্য, যেখান থেকে আসন বাগাতে বারবার ছুটে আসেন দল দুটির শীর্ষ নেতারা।

রিয়াজুল বাশার

কলকাতা থেকে, বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 05:32 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

শেষ হল লোকসভা নির্বাচনের প্রচারণা
লোকসভা নির্বাচন: মোদি ঢেউয়ে তলিয়ে যাচ্ছে কংগ্রেস
পশ্চিমবঙ্গে ভাগ বসাতে রাহুল-মোদি ‘মরিয়া’
ভোটের ফল দেখে কৌশল ঠিক করবে বামফ্রন্ট

সংসদীয় আসনে ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থান ধরে রাখতে চেষ্টা চালায় তৃণমূল কংগ্রেস, পুরনো অবস্থান ফিরে পাওয়ার লড়াইয়ে দৌড়ঝাপ চালান বামফ্রন্ট নেতারাও।

রাহুল গান্ধী-নরেন্দ্র মোদির সহায়তার আশ্বাস আর তৃণমূল ও বামফ্রন্ট নেতাদের উন্নয়নের প্রতিশ্রুতি-কার ওপর আস্থা রাখছেন পশ্চিমবঙ্গের ভোটাররা; সেই প্রশ্নের উত্তর মিলবে সোমবার।

এদিন পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও বিহারের ৪১ আসনে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে ভারতের নয় পর্বের লোকসভা নির্বাচন। চারদিন পর ১৬ মে নয়াদিল্লি থেকে একযোগে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

নির্বাচনে প্রচারণার সময় এরইমধ্যে শেষ হয়েছে। প্রচারে বেশি গুরুত্ব পাওয়ার সেই হিসাবও রয়েছে পশ্চিমবঙ্গের ভোটারদের মনে।

“প্রধানমন্ত্রী পদপ্রার্থী ভোটের আগে পশ্চিবাংলায় বারবার আসছেন- এটা আগে কখনো দেখা যায়নি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে দক্ষিণ কলকাতার বাসিন্দা রঞ্জিত বিশ্বাস।

নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে একথা বললেও পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে পিছিয়ে থাকেননি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

ভোটের হাওয়া শুরু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে একাধিকবার প্রচারে এসেছেন দুই দলের শীর্ষ পর্যায়ের এই দুই নেতা। কলকাতা ও বিভিন্ন জেলায় সভা-সমাবেশ করেছেন তারা।

ছিল আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট নেতাকর্মীদের ভোটারদের কাছে যাওয়া।

তাই ভোটারদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের চতুর্মুখী প্রচার-প্রচারণা এর আগে কখনো দেখেনি পশ্চিমবঙ্গ, যেখানে আসন বাড়িয়ে কেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করতে যারপরনাই চেষ্টা চালান প্রতিটি দলের নেতাকর্মীরা।  

৪২টি সংসদীয় আসনের পশ্চিমবঙ্গে ১৯৪৭ সালের পর থেকে মূলত কংগ্রেস ও ভারতের কমিউনিস্ট পার্টি –মার্ক্সবাদী (সিপিএম) মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হতো। কংগ্রেস থেকে বেরিয়ে ১৯৯৭ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেন মমতা বন্দ্যোপ্যাধ্যায়।

এরপর থেকে পশ্চিমবঙ্গে ভোটের লড়াই হয় মূলত দুটি জোটের মধ্যে। কখনো একদিকে থেকেছে বামফ্রন্ট এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট, আবার কখনো বামফ্রন্ট এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি জোট।

প্রায় ৩০ বছর পর ২০১১ সালে বামফ্রন্টকে হারিয়ে রাজ্য ক্ষমতায় এসে কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দেয় তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক বিশ্লেষক আশিষ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিন দশক ধরে পশ্চিমবাংলায় বামফ্রন্ট ক্ষমতায় থাকায় একটা ধারণা তৈরি হয়েছিল যে, পশ্চিমবাংলা মানেই বামফ্রন্ট। তাই এখানে অন্য রাজনৈতিক দলগুলো তেমন গুরুত্ব দেয়নি।

“কিন্তু গত নির্বাচনে বামফ্রন্ট্রের পরাজয়ের পর এবার পশ্চিমবাংলা নিয়েও আগ্রহী হয়ে উঠেছে সর্বভারতীয় দলগুলো।”

ভারতে কংগ্রেসের একক আধিপত্য শেষ হওয়ার পর ১৯৯০ সালের পর থেকে ভারতে যখন আঞ্চলিক দলগুলোর সহযোগিতায় সরকার গঠন শুরু হয় তখন সে প্রক্রিয়ার বারবারই বড় ভূমিকা রেখেছে পশ্চিমবঙ্গ।

১৯৯৬ সালে তৃতীয় ফ্রন্টের সরকার গঠনের সময় পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেয়া হয়েছিল, যদিও সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব মত না দেয়ায় দেবগৌড়া প্রধানমন্ত্রী হন।

এর পরেও কেন্দ্রে প্রতিটি সরকার গঠনেই কখনো বামফ্রন্ট, কখনো মমতা বন্দ্যোপ্যাধায়ের তৃণমূল কংগ্রেস ভূমিকা রেখছে।

আশিষ বিশ্বাস বলেন, “একারণেই পশ্চিমবাংলাকে গুরুত্ব দেয়া হচ্ছে। এখানে যারা আসন বাড়াতে পারবে তারাই কেন্দ্রীয় রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন।”

আর সংসদীয় আসন বাড়ানোর মরিয়া প্রচারে অন্য তিনটি দলের লক্ষ্যবস্তু এবার মমতা বন্দোপ্যাধ্যায়। বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি- তিন দলের নেতাদেরই আক্রমণে জেরবার মমতাও পাল্টা আক্রমণ চালিয়ে গেছেন।

সারদা কেলেঙ্কারি, রাজ্যে বিনিয়োগ না আসা, বাংলাদেশি ইস্যু, ধর্মীয় ইস্যু সব বিষয়েই ভোটের মাঠে সমালোচনায় পড়েছেন মমতা।

কলকাতার জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুখরঞ্জন দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে সবগুলো দল মমতাকে আক্রমণ করার প্রধান কারণ হলো- বিভিন্ন ক্ষেত্রে মমতার যে দুর্বলতা চলে এসেছে তার সুযোগ সবাই নেয়ার চেষ্টা করছে।”

পশ্চিম ও উত্তর ভারতে বিজেপির শক্ত অবস্থান থাকলেও দক্ষিণ ও পূর্ব ভারতে অবস্থান তেমন একটা নেই। পূর্ব ভারতে শক্তি বাড়াতে পশ্চিমবঙ্গকে গুরুত্ব সহকারে দেখেছে বিজেপি।

আবার একসময় এ রাজ্যে শক্ত অবস্থানে থাকা কংগ্রেসও চায় এখানে আসন বাড়িয়ে কেন্দ্রে সরকার গঠনে নিজেদের পাল্লা ভারী করতে।

পশ্চিমবঙ্গ থেকে বেশ আসন পাবেন- এমন আশায় ভর করে কেন্দ্রীয় সরকারে যেতে ফেডারেল ফ্রন্ট গঠনের প্রস্তাব তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বামপন্থীরাও যে থার্ড ফ্রন্ট গঠনের প্রস্তাব দিয়েছেন, তা বাস্তবায়ন হবে পশ্চিমবঙ্গে আসন বাড়লে।

সর্বশেষ ২০০৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে বামফ্রন্ট ১৫টি, তৃণমূল কংগ্রেস ১৯টি, কংগ্রেস ৬টি ও বিজেপি একটি আসন পায়। 

(লোকসভা নির্বাচনের খবর জানাতে ভারতে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার)