পশ্চিমবঙ্গে ভাগ বসাতে রাহুল-মোদি ‘মরিয়া’
রাজ্যে দলের শক্ত অবস্থান না থাকলেও নিজেদের পাল্লা ভারী করার শেষ সুযোগ হিসেবে লোকসভা নির্বাচনের শেষ পর্বে পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছেন কংগ্রেস ও বিজেপির নেতারা।
চব্বিশ ঘণ্টার নোটিশে বৃহস্পতিবার কলকাতায় নির্বাচনী সভা করে ভোট চাইলেন কংগ্রেসের ভাইস চেয়ারম্যান রাহুল গান্ধী।
এর আগের বুধবার একদিনের সফরে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরসহ তিনটি নির্বাচনী সভায় বক্তব্য রেখে গেছেন।
ফাইল ছবি
২০০৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে কংগ্রেস ছয়টি এবং বিজেপি মাত্র একটি আসন পায়।
ওই নির্বাচনে তৃণমূল ১৯টি আসন পায়। সিপিএমের ঘরে আসে নয়টি আসন, আর সিপিআই, ফরোয়ার্ড ব্লক ও আরএসপি দুটি করে মোট ছয়টি আসন পায়।
এবারো তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যেই আসল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
লোকসভা নির্বাচনের নবম ও শেষ পর্বে আগামী ১২ মে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে ৪১টি আসনে ভোট হবে। গত ৭ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম পর্বে ভোটগ্রহণ হয়। আগামী ১৬ মে রাজধানী নয়াদিল্লি থেকে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কলকাতা শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে স্থানীয় কংগ্রেসের নির্বাচনী জনসভায় পৌঁছান রাহুল গান্ধী।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে নিহতদের স্মরণে নির্মিত ওই শহীদ মিনারে দাঁড়িয়ে ভারতে দারিদ্র্য দূর, কৃষকের উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতে দেশকে এগিয়ে নেয়ার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন রাহুল।
ফাইল ছবি
মোদির গুজরাটের মডেলেরও কঠোর সমালোচনা করেন রাহুল গান্ধী।
“ওই মডেল হচ্ছে- গরীব-মজুর-শ্রমিকদের পকেট থেকে পয়সা নিয়ে বড়লোকদের দেয়ার মডেল। এক বড় লোক একাই ৪৫ হাজার একর জমি পেয়েছে। অথচ এই গুজরাট মডেল নিয়ে মোদিজী একবারে নিশ্চুপ। শুধু আমরা মিডিয়াতে শুনছি- গুজরাট মডেল, গুজরাট মডেল, গুজরাট মডেল।’’
এ সময় পশ্চিমবঙ্গের উন্নয়ন না করায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট নেতাদের সমালোচনা করেন রাহুল।
ফাইল ছবি
সুষ্ঠু ভোট হলে কংগ্রেস গতবারের চেয়ে এবার ভালো করবে বলে আশাবাদী তিনি।
উত্তর কলকাতা থেকে আসা অনীক ব্যানার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কংগ্রেস পশ্চিমবঙ্গে আসন পেতে তার সব চেষ্টা করছে। তবে তৃণমূল নেত্রী ও বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী যেভাবে গান্ধী পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন তা গ্রহণযোগ্য নয়।”
(লোকসভা নির্বাচনের খবর জানাতে ভারতে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদ ও রিয়াজুল বাশার)
