২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল লোকসভা নির্বাচনের প্রচারণা

বিশ্বের সবচেয়ে বড় সাধারণ নির্বাচন হিসেবে পরিচিত ভারতের লোকসভা নির্বাচনের ম্যারাথন প্রচারণা শেষ হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 12:07 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

নয় পর্বে বিভক্ত নির্বাচনের নবম তথা শেষ পর্ব ভোটের দুইদিন আগে শনিবার নির্বাচনী প্রচারণা শেষ হয়, জানিয়েছে বিবিসি।

এদিন এ নির্বাচনে শেষ বারের মতো ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে প্রচারণা চালিয়েছে প্রায় সবগুলো বড়দল। তবে উত্তর প্রদেশের দিকেই ছিল সবার মনোযোগ।

ক্ষমতাসীন কংগ্রেসের নেতা রাহুল গান্ধি উত্তর প্রদেশের বারানসিতে একটি খোলা গাড়িতে শোভাযাত্রা করে শেষদিনের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বারানসির শোভাযাত্রায় রাহুল দেশবাসীকে হুঁশিয়ার করে বলেছেন, মোদি প্রধানমন্ত্রী হলে এর শেষ হবে ভারতের বিভক্তির মাধ্যমে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী, লোকসভার বারানসি আসনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী নরেন্দ্র মোদি এদিন বারানসির নিকটবর্তী রবার্টসগঞ্জে এক জনসভায় ভাষণ দিয়েছেন।

৭ এপ্রিল ভারতের পূর্বাঞ্চলীয় দুটি রাজ্য আসাম ও ত্রিপুরার ছয়টি আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে বিশাল এই নির্বাচন যজ্ঞ শুরু হয়েছিল। ১২ এপ্রিল উত্তর প্রদেশের ১৮টি আসন, পশ্চিমবঙ্গের ১৭টি ও বিহারের ৬টি আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে এই যজ্ঞ শেষ হবে।

লোকসভার এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৮১ কোটি ৪০ লাখ। ১৬ মে ভোট গণনার পর ফলাফল ঘোষণার কথা রয়েছে।

নির্বাচনে বর্তমান বিরেধীদল বিজেপি লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আভির্ভূত হবে বলে সবগুলো নির্বাচন পূর্ব জরিপে আভাস পাওয়া গেছে। আভাস অনুযায়ী ফলাফল হলে মোদি হতে যাচ্ছেন ভারতের পরবর্তী সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী।

নির্বাচনী প্রচারণায় মোদি দক্ষ সরকার ও অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দিলেও বিরোধীরা তার হিন্দু জাতীয়তাবাদী চেতনাকে ভারতের জন্য অশনি সংকেত বলে চিহ্নিত করেছেন। এ ধরনের নেতৃত্ব ধর্মনিরপেক্ষ ভারতের ভাবমূর্তির সঙ্গে যায় না বলে দাবী করেছেন তারা।

বিশাল সংখ্যক ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠির দেশ ভারতের অনেক নেতৃস্থানীয় ব্যক্তিত্বই মোদির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভবনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

মোদি তার নির্বাচনী প্রচারণাও শুরু করেছিলেন হিন্দুদের পবিত্র তীর্থ বারানসির গঙ্গার তীর থেকে।

এর আগে শুক্রবার বারানসির আরেক আলোচিত প্রার্থী দুর্নীতি বিরোধী নতুন দল আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও বারানসিতে নির্বাচনী প্রচারণা চালান।