২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এবার ইসিতে নালিশের সঙ্গে জবাবও দিলেন রুমিন ফারহানা

“আমার প্রচার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 04:39 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সাবেক নেতা ব্রাহ্মবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে সাংবাদিকদের কাছে আচরণবিধি লঙ্ঘন নিয়ে রুমিন ফারহানা বলেন, “(অনুসন্ধান কমিটি ) আমি লিখিত জবাব দিয়েছি৷ আর আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি। আমার প্রচার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি। কারণ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা, ততটা নিরপেক্ষ নয়।”

তিনি বলেন, “আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে। তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। 

“তাই, আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি, যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে।”

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার এক চিঠিতে এই অভিযোগ আনেন।

২২ জানুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে রুমিন ফারহানাকে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত দিনে জবাব দেন তিনি।

ভোটে অনিয়মের বিষয়ে সতর্ক করে সাবেক এই সংসদ সদস্য বলেন, “প্রশাসন যদি এখানে একদম ‘স্ট্রেইট’ নিরপেক্ষ না থাকে তাহলে আরেকটা ৫ অগাস্টের মতো কিংবা ২০১৮ সালের নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয়, বাংলাদেশে তার পরিণতি ভালো হবে না। কারো জন্যই ভালো হবে না। তাই, এই বিষয়গুলো আমি আসলে কমিশনকে অবহিত করেছি।”

ইউরোপীয় ইউনিয়ন-ইইউর পর্যবেক্ষক টিমকেও নালিশ দেওয়ার কথা বলেছেন রুমিন ফারহানা।

তিনি বলেন, “আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজার্ভারদের সাথে আমার বৈঠক আছে। আমি তাদেরকেও বিষয়গুলো অবগত করব এবং আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করবার স্পর্ধা না দেখায়। আমি সকল দলকেই আহ্বান জানাবো।”

নির্বাচনের মাঠে একটা সুষ্ঠ নির্বাচন যাতে হয়, সেই জন্য মানুষ ১৫ বছর লড়াই করেছে বলে তুলে ধরেন বিএনপির সাবেক এই নেতা।

“আমরা যে যেই দলেই ছিলাম, আমরা আমাদের অবস্থান থেকে লড়াই করেছি। সুতরাং, আরেকটা কারচুপির নির্বাচন আরেকটা ‘ম্যানিপুলেটেড ইলেকশন’ বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাল্লাহ।”

আগের খবর:

এক 'অপরাধে' আমাকে তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে: রুমিন