১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে নানা বাধা সৃষ্টির চেষ্টা চলছে: নজরুল

যাদের জেতার সম্ভাবনা কম তারা নানাভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, অভিযোগ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 01:58 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ভোটের আগের দিন প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জোটের ‘অর্থ লেনদেনের’ অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পালাক্রমে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, ‘‘দলের সব নেতাকর্মী এবং দেশের জনগণের প্রতি অনুরোধ জানাবো যে, এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি সেটা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য আপনারা পালাক্রমে কেন্দ্রগুলো পাহারা দেবেন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং ভোটের ফলাফল নিয়ে তারপরে ভোটকেন্দ্র পরিত্যাগ করবেন।

‘‘এর সবটাই আমরা চাই অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, জনগণের সমর্থনে শক্তিশালী একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আগামী দিনে এই জনগণের সমর্থনে দেশ এবং দেশমাত্রিকার কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে।”

সংবাদ সম্মেলনে নজরুল ভোটের আগের দিন ঠাকুরগাঁও, শরিয়তপুর, নোয়াখালী ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের কেন্দ্রে অনুপ্রবেশ, সৈয়দপুর বিমানবন্দরে স্থানীয় জেলা আমীরের কাছ থেকে বড় অঙ্কের টাকা উদ্ধারসহ বিভিন্ন স্থানে অর্থ লেনদেনের অভিযোগের ঘটনাগুলো তুলে ধরেন।

অপরদিকে লক্ষ্ণীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গাড়ি থেকে অর্থ উদ্ধারের ‘মিথ্যা সংবাদ প্রকাশের’ নিন্দার প্রতিবাদ জানান তিনি।

নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, “এই নির্বাচনের জন্য অনেক সাথী জীবন দিয়েছে আমাদের। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এটা চাই এবং জনগণের সমর্থন নিয়েই আল্লাহর মেহেরবানীতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই।”

তার অভিযোগ, নির্বাচনে নানা বাধা নানাভাবে সৃষ্টি করার চেষ্টা চলছে। এই গণতন্ত্র পুনর্বহাল পছন্দ করে না তারা এ চেষ্টা করছে। নির্বাচনে যাদের জেতার সম্ভাবনা কম তারাই এ চেষ্টা করছে।

সংবাদ ব্রিফিঙে নির্বাচন পরিচালনা কমিটির ইসমাইল জবিহউল্লাহ, মাহদী আমীন, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।