সাতক্ষীরা-৪: ভোটে অনিয়মের আশঙ্কা বিএনপি প্রার্থীর
“অবৈধ অর্থের প্রভাব নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
তবে সাতক্ষীরা-৪ আসনের বিএনপি প্রার্থী মনিরুজ্জামান অবৈধ অর্থ ও সম্ভাব্য অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও এ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুষ্ঠু ভোটের আশা ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ শঙ্কার কথা জানিয়েছেন।
ভোটে অবৈধ অর্থ ছড়ানোর বিষয় তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন মনিরুজ্জামান। তিনি বলেন, “অবৈধ অর্থের প্রভাব নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”
একই সঙ্গে তিনি কালো টাকা ও অনিয়ম-বিশৃঙ্খলা রোধে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন।
তবে অভিযোগ থাকলেও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী মনিরুজ্জামান।
অন্যদিকে একই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী গাজী নজরুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে।”
ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কাজ করছেন।
