Published : 05 Feb 2026, 12:56 AM
জামায়েত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট ‘হ্যাকড হওয়ার ঘটনায়’ বঙ্গভবনের কর্মী ছরওয়ারে আলমকে হাতিরঝিল থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তার কর্মকর্তার বিরুদ্ধে 'যথেষ্ট প্রমাণ' পাওয়ার কথাও বলেন ডিবির এ কর্মকর্তা।
তবে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, তার মোবাইল ও কর্মস্থলে ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভ জব্দ করা হয়েছে। এগুলোর ফরেন্সিক পরীক্ষার পর বিষয়টি বিস্তারিত বলতে পারবেন তারা।
এদিকে পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, জামায়াত আমিরের ‘এক্স হ্যাকডের’ ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার নিয়ে পুলিশের কর্মকর্তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়েন। এ কারণে তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, সে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়।
বুধবার রাত পৌনে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে শফিকুল ইসলামের সঙ্গে আর কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান ডিবির ভেতরে দ্বিধা বিভক্তির যে তথ্য ছড়িয়েছে, তা কতখানি সত্যি।
জবাবে ডিবি প্রধান বলেন, “বিষয়টি সত্য নয়। মামলা হওয়ার পর পুলিশ আসামি ধরেছে।”
জামায়াতের আমিরের ‘এক্স’ হ্যান্ডেল থেকে একটি ‘নারী বিদ্বেষী’ পোস্ট আসায় রাজনীতিতে উত্তাপ ছড়ায়।
ওই পোস্টে বলা হয়, “নারী প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা কুণ্ঠাবোধের নয়, বরং নীতিগত। নারীদের নেতৃত্বে আসা উচিত, এটা আমরা বিশ্বাস করি না। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটা অনুমোদন করেননি।
“আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামের নারীদেরকে ঘরের বাইরে ঠেলে দেওয়া হলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটা পতিতাবৃত্তি ছাড়া কিছু নয়।”

এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল ‘হ্যাকড’ করে শনিবার রাতে ওই পোস্ট দেওয়া হয়েছিল।
এর মধ্যে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়।
এরপর মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে মতিঝিল এলাকা থেকে আটক করা হয় ছরওয়ারেকে।
জামায়েত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে হাতিরঝিল থানায় একটি জিডি হয়। তবে ছরওয়ারে আলম আটক হওয়ার পর বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই থানায় কোনো মামলা হয়নি।
তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান সন্ধ্যায় বলেন, “জামায়েত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের ঘটনায়’ হাতিরঝিল থানায় জিডি হলেও কোনো থানায় মামলা হয়নি।”